#এক_প্রেমিক_পুরুষের_ইতিবৃত্ত
|৩|
#সানজিদা_খানম_স্বর্ণা
মেঘবরণ চুল মেয়েটার, তেমন তার গোছা। লম্বা চুলগুলো কোমর ছাড়িয়েছে অনায়েসে। স্ত্রীর ঘন কেশগুচ্ছ ভারী পছন্দ করে মুহিব। ছুটির দিনে ছাদে বসে অনভ্যস্ত হাতে তেল দিয়ে দেয় চুলে। চিরুনি দিয়ে আঁচড়াতে গিয়ে প্রায় সময়ই আরও এলোমেলো, অগোছালো করে ফেলে। তবুও এই চুল নিয়ে খেলা করার এই শখটা ছাড়তে পারে না। মেয়েটাকে ইচ্ছেমতো সাজাতে পারলেই নিজেকে বড় সুখী সুখী লাগে মুহিবের। তার ধারণা স্ত্রীকে ভালোবাসা, ভালো রাখা অনেকটা প্রার্থনার মতো, গভীর ধ্যানে নিমগ্ন না হয়ে থাকলে প্রার্থনা ছুটে যায়।
আজকাল মাথা আঁচড়ানোর সময় বড় যত্নের চুলগুলো যখন উঠে আসে চিরুনি ভরে, তখন মেয়েটা প্রবল যন্ত্রণায় ছটফটায়। স্বামীর প্রিয় চুলগুলোর এমন করুণ দশা দেখে বড় কষ্ট হয়। যদিও মুহিব বলে, এই সৌন্দর্য অর্থহীন। শুধু তোমার বেঁচে থাকাটাই আমার কাছে অর্থবহ। কিন্তু রূপার মন মানে না। রূপার মনে হয় এসব সান্ত্বনা বাক্য। প্রিয় বস্তুকে হঠাৎ বিবর্ণ হয়ে যেতে দেখা, ধীরে ধীরে নিঃশেষ হয়ে যেতে দেখা বড্ড যন্ত্রণার। পৃথিবীর কে যন্ত্রণাটুকু সাদরে গ্রহণ করে নেয়?
মুহিব নিয়েছে। মাথার চুল ঝরে যাওয়া, ক্রমশ চেহারার লাবণ্য হারিয়ে ফেলা মেয়েটাকে মুহিব গ্রহণ করেছে, ভালোবেসেছে। এখনো বাসে। বোধহয় ভালোবাসার মাত্রাটা ক্রমশ বাড়ছে। আজকাল অকারণে, অন্যমনস্কতায় বারবার ভেসে ওঠে রূপার আশ্চর্য সুন্দর মুখটা। কী ভীষণ মায়াবী!
কাজের ফাঁকে যখনই সুযোগ পায় স্ত্রীকে ফোন করে ব্যতিব্যস্ত কণ্ঠে মুহিব প্রশ্ন করে,
“এই যে ম্যাডাম, কেমন আছেন?”
অসুস্থতায় শরীর ভেঙে আসলেও মেয়েটা একবার কাতর কণ্ঠে নিজের ভালো না থাকার কথাটা ব্যক্ত করে না। সহাস্যে বলে,
“ভালো আছি। আপনি কেমন আছেন?”
পুরুষ অবশ্য রমণীর প্রশ্নের উত্তর দেয় না। সারাদিন কাজের মাঝে ডুবে থাকাকে কি ভালো থাকা বলে? কে জানে। নিজের ভালো থাকা মন্দ থাকা নিয়ে ভাবার এত অবকাশ আছে নাকি মুহিবের।
বরং ব্যাকুল হয়ে স্ত্রীকে ভেবে—
“তা কেমন ভালো আছেন, সেটা শুনি? দুপুরের খাওয়া-দাওয়া হয়েছে?”
দুপুরের কিছু খায়নি রূপা। ইচ্ছে করেনি। নিজের হাতে খাওয়া ব্যাপারটা বড্ড বোরিং। বিয়ের পর থেকে অতিরিক্ত যত্ন করে লোকটা তার অভ্যাস খারাপ করে দিয়েছে। হ্যাঁ, নিজের সমস্ত বাজে স্বভাবের দায় স্বামীর কাঁধেই চাপায় মেয়ে।
বিনা দ্বিধায় বলে,
“কিভাবে হবে? স্বামী না খাইলে দিলে আমি কখনো খাই না। স্বামীকে বড্ড ভালোবাসি কিনা!”
মুহিব বিরক্ত হলো,
“দেখো, একদম ডং করবে না। খাওয়া-দাওয়া না করলে চলবে? তুমি অসুস্থ কেন ভুলে যাচ্ছো, রূপা?”
সামান্য কঠিন স্বরেই গাল ফুলাল রমণী। অভিমান জমল সুন্দর চোখ দুটোতে। মিথ্যে মিথ্যে কান্নার মতো শব্দ করে ঠোঁট বাঁকিয়ে জবাব দিল,
“তুমি আমায় বকলে? এত পাষাণ তোমার হৃদয়? একমাত্র বউকে যেই স্বামী ধমক দেয়, আজকের পর থেকে আমি তার সাথে কথা বলব না।”
হতাশ হলো মুহিব। ‘হাহ’ শব্দ করে কেটে দিল অডিও কল। হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিতে লাগল অনবরত। অভিমানী মেয়ে ধরল না সেটা। বড্ড আহ্লাদী ধরনের মেয়ে রূপা। ইদানীং আহ্লাদটা বেড়েছে কয়েক গুণ। কেন যেন সামান্য কারণেই মন খারাপ হয়। কারণে-অকারণে চোখ ভরে যায় জলে। সুখ ও দুঃখের অনুভূতি বড় তীব্র হয়ে বুকে বাজে। অনেকগুলো কল কেটে যাবার পর বেচারা মুহিব টেক্সট করতে লাগল স্ত্রীকে। স্বামীর মেসেজ দেখে মিটিমিটি হাসল মেয়ে। তারপর মুখটাকে যথাসম্ভব করুণ করে কল লাগাল প্রিয়তমকে।
সঙ্গে সঙ্গে কল রিসিভ করে আবার মৃদু স্বরে ধমকে উঠল মুহিব,
“কী শুরু করলে বলো তো? এমন বাচ্চামো কেউ করে? তুমি কল না ধরলে আমার চিন্তা হয়, অস্থির অস্থির লাগে জানো না তুমি?”
নিচের ঠোঁট বাড়িয়ে দিয়ে ফুঁপানোর ভঙ্গি করল মেয়ে। নাক টেনে বলল,
“তুমি আমায় আবার বকলে?”
মুহিব কান ধরল সঙ্গে সঙ্গে। অপরাধীর ভঙ্গিতে নতজানু হয়ে এল মুখটা। কাতর গলায় বলল,
“সরি, সরি বউ। এবার একটু হাসো, প্লিজ হাসো…”
রূপা ঠোঁট জোড়া প্রসারিত করে হাসল। এরপর কথার ফুলঝুরি বয়ে গেল মেয়েটার কণ্ঠে। কে বলবে এই মেয়েটার শরীরে বইছে ভয়ানক এক দুর্যোগ? বরং চব্বিশ বছর বয়সী একটা মেয়ের এমন আহ্লাদ দেখলে যে কেউ বিরক্ত হবে। রাগ লাগবে শরীরে। অথচ মুহিব বিরক্ত হয় না। আহ্লাদী মেয়েটাকে আহ্লাদেই মুড়িয়ে রাখে সে। যেমন রাখত বিয়ের প্রথম প্রথম। তখন লোকটার অতি যত্নে বিরক্ত হয়েছিল রূপা। ভেবেছিল— সময়ের সাথে সাথে অতিরিক্ত ভালোবাসায় ভাটা পড়বে, ফিকে হয়ে যাবে অনুভূতি।
কিন্তু সত্যিই কি তা হয়েছে? আগের চেয়েও আরও গাঢ়তর হয়নি অনুভূতিরা? মুহিব কি এখনো স্ত্রীর রাগ ভাঙানোর উদ্দেশ্যে অফিস শেষে ফেরার পথে বেলি ফুলের মালা কিনে আনে না? আনে বৈকি। হাসপাতালের অসহ্য গন্ধের মাঝে বসে রূপা ফুলের মালার সুবাস শুষে নেয় তীব্রভাবে। সাত বছর আগে যেমন নিতো।
বিয়ের পর থেকেই রোজ রাতে অফিস থেকে ফেরার পথে একটা করে বেলি ফুলের মালা নিয়ে আসত মুহিব। একদিন কীভাবে যেন সেটা টের পেল রূপার শাশুড়ি। ছেলে-বউয়ের এই মধুর দাম্পত্য বিধবা শাশুড়ির সহ্য হলো না। টাকা খরচ করে বউকে প্রতিদিন ফুল এনে দেওয়ার কী মানে? বিশেষ কোনো দিন হলে ভিন্ন কথা। তা বলে রোজ রোজ? একদিন তিনি মুখ কালো করে মুহিবকে বললেন,
“প্রতিদিন ফুল কিনে টাকা খরচ করার মানে কী মুহিব?”
মুহিব হেসে জবাব দিয়েছিল,
“রূপা ফুল ভালোবাসে মা।”
“ভালোবাসে বলেই প্রতিদিন আনতে হবে। নাটকের আর শেষ নেই।”
তীব্র রাগে ঝংকার দিয়ে উঠেছিলেন ভদ্রমহিলা। এরপর রূপাকে উদ্দেশ্য করে উচ্চস্বরে বললেন,
“মেয়ে মানুষের এমন বিবেকহীন হলে চলে না। সংসারের আয়-ব্যয়ের দিকে নজর রেখে চলতে হয়।”
মাকে নিবৃত্ত করতে ব্যর্থ হয়েছিল মুহিব। আর ঘরে এসে স্ত্রীর কান্না দেখে নিজেকে অসহায় লেগেছিল খুব। রূপা কাঁদতে কাঁদতে অভিযোগ করেছিল,
“আমি তোমাকে কখনো ফুল আনতে বলেছি মুহিব? তুমি নিজেই তো রোজ রোজ ফুল নিয়ে আসো। তোমার মা আমাকে শুধু শুধু কেন কথা শোনাল? ইউ নো, শাশুড়ি হিসেবে তোমার মা খুব খারাপ, বড্ড বাজে।”
মুহিব আধপাগলি মেয়েটাকে জানে। মাথায় রক্ত চেপে গেলে সে যা খুশি বলে। অকারণে অর্থহীন সব বকবক করে। ঝাপটে ধরে রাগান্বিতর মুখখানা বুকের মাঝে পুরেছিল মুহিব। মাথায় হাত বুলিয়ে দিয়েছিল যত্ন করে। এরপর সেদিনই স্ত্রীকে শান্ত করে বাজারে গিয়েছিল মুহিব। খুঁজে খুঁজে দশটা ফুল ভর্তি বেলি ফুলের চারা কিনে নিয়ে এসেছিল সঙ্গে করে। গাছগুলো নিজের হাতে রোপণ করেছিল বাড়ির সামনে। এরপর ফুলযুক্ত বেলি ফুলের গাছগুলোর দিকে ইশারা করে স্ত্রীর কানে কানে বলেছিল,
“তুমি ফুল ভালোবাসো বলে, তোমাকে একটা ফুলের বাগান উপহার দিলাম রূপাঞ্জনা।”
ছলছল চোখে রূপা তাকিয়েছিল স্বামীর মুখপানে। ছাঁ-পোষা ধরনের এক ছাগল গোঁছের ভদ্রলোককে প্রেমিক পুরুষ ভাবতে এরপর আর কখনো অসুবিধা হয়নি তার। শুভ্রর জন্যও মন কেমন করেনি। যে ব্যক্তি তার মুখে হাসি ফুটানোর জন্য বলতে পারে—
“প্রিয়তমা এবার তুমি করুণা করে হলেও একটু হাসো। একটুখানি হেসে তাকাও আমার দিকে।”
তাকে ছেড়ে রূপা নিজের মনকে অন্য কারও ভাবনায় কাতর করবে কোন যুক্তিতে?
°
ঠা ঠা করছে রোদ, ধূ ধূ করছে বাড়ির ছায়াহীন উঠোন। গ্রীষ্মের এমন দুপুরে গেরস্ত বাড়ির মানুষগুলো ভাতঘুম দেয়। নাজমা বেগমের শ্বশুরবাড়ি শহর থেকে বেশ অনেকখানি দূরে। গ্রামাঞ্চল বলা যায় অনায়েসে। স্কুল শিক্ষক স্বামী যথেষ্ট ভদ্রলোক। শাশুড়ি গত হয়েছেন অনেক বছর আগে। বৃদ্ধ শ্বশুরমশাই সংসারের কর্তৃত্ব আগলে বসে আছেন এখনো। বেশ শক্তিসামর্থ্য আছে বলেই এখনো টুকটাক চাষবাস করেন। অতিরিক্ত বাপের বাড়ি প্রীতির জন্য পুত্রবধূকে মাঝে মাঝে দু'চোখে দেখতে পারেন না। বিশেষ করে ইদানীং অসহ্যের মাত্রাটা বেশ বেড়েছে। বিবেকহীনের মতো ভাইয়ের ছেলেকে এনে এই সংসারে আদরে আহ্লাদে খাওয়াচ্ছে এতোগুলো দিন। এই বয়সে এসে পুত্রবধূর সাথে যথেষ্ট খ্যাঁচখ্যাচ করা যায় না। তা বলে এই উটকো ঝামেলাটাকে বুকের উপর নৃত্য করতে দেবেন? অসম্ভব। তাই নাজমা বেগমের আড়ালে ছেলেটাকে বেশ করে তিরস্কার করেন আতর আলী। বলেন,
“তোর বাপের পয়সা নেই? আমাদের বাড়িতে ফকিরের মতো পড়ে আছিস কেন? শয়তান ছেলে…”
বলেন আর রাগে অগ্নিশর্মা হয়ে ফেটে পড়েন। ছেলেটার মা অসুস্থ, শয্যাশায়ী এসব ভেবেই করুণা জন্মায় না উনার মনে। জগতের নিষ্ঠুরতা সম্পর্কে কোনো ধারণা নেই বাচ্চা ছেলেটার। তাই তো শয়তান নামক বিশেষণ শুনে চোখ পিটপিট করে সে। সারাটা দিন হৃৎপিণ্ডের ওপর দমাস দমাস করে আছড়ে পড়ে এই শব্দের হাতুড়ি। পৃথিবীর সমস্ত কোলাহল ছাপিয়ে তার কানে কেবল একটা কথাই বাজে—শয়তান। প্রতিনিয়ত তাকে এই নামে ডাকা হয় কেন? তার নামটাও বেশ ভালো, সুন্দর। মা-বাবা সকলেই ভারী মিষ্টি করে নাম ধরে ডাকে তাকে। শুধুমাত্র দাদাজান এমন করে। অবশ্য করারই কথা। লোকটা তো আর তার নিজের দাদা নয়। তার দাদা-দাদী কেউ বেঁচে নেই।
একদিন আয়াতের কাছে কাঁদোকাঁদো মুখে প্রশ্ন করেছিল আদিল,
“আচ্ছা, দাদাজান আমাকে এত বকে কেন রে? তোকে তো বকে না।”
প্রশ্ন শুনে আয়াত হেসেছিল খিলখিল করে। ছেলেমানুষের তুলনায় মেয়েদের বুদ্ধি বেশ প্রখর হয়। গঠনেও তারা বেড়ে ওঠে বেশ দ্রুত। বেশ বিজ্ঞের ভঙ্গিমায় আয়াত প্রত্যুত্তর করল,
“আরে বোকা, আমার দাদা তো আর তোর আপন দাদা নয়।”
“আপন দাদা নয়?”
—বিস্মিত প্রশ্ন করেছিল আদিল। আপন-পরের পার্থক্য বুঝে ওঠার বয়সও যে হয়নি ঠিক করে। দাদা মানে দাদা, সেখানে আপন-পর আসল কেমন করে? বাচ্চাটার অজ্ঞানতা দূর করেছিল বালিকা—
“শোন, তোর আব্বুর আব্বুর হচ্ছে তোর আসল দাদা।”
মাথা চুলকে প্রশ্ন করে আদিল,
“তবে কি তোর দাদা আমার নকল দাদা?”
“হ্যাঁ।”
“এজন্যই আমাকে সারাক্ষণ বকে?”
খুব মন খারাপ করে প্রশ্ন করেছিল আদিল। আয়াত এত জটিলতা বোঝে না। দাদা সারাদিন আদিলকে কেন তীব্র গঞ্জনা দেয় সেটাও মাথায় ঢুকে না তার। সারাক্ষণ অসন্তোষের একটা ছাপ লেপ্টেই থাকে বৃদ্ধের মুখে। অথচ আদিলকে পেয়ে আয়াত মহাখুশি। দুজনে মিলে সারাদিন কত খেলাধুলা করে!
মুখ ভার করে জবাব দেয় বালিকা,
“হুঁ।”
উত্তর শুনে চুপ করে থাকে আদিল। অবিরত ভেবে চলে, তার আপন দাদা এত তাড়াতাড়ি মরে গেল কেন? আরেকটু দেরিতে মরলে কী এমন ক্ষতি হতো? আয়াতের দাদার মতো তার দাদাও নিশ্চয়ই চকলেট এনে দিত। হাঁটের দিনে হাত ধরে বাজারে নিয়ে যেত। দাদা থাকলে বেশ উত্তেজনাময় একটা ব্যাপার হতো। ইস, দাদাটা কেন যে মরে গেল?
খেলার সাথীর মন ভার হয়েছে বুঝে অনেকখানি সময় পরে মৃদুস্বরে ডাকে আয়াত,
“ভাইয়া…”
চোখ তুলে তাকায় আদিল। নাজমা বেগম একে অপরকে ভাইয়া-আপু ডাকার কথা শিখিয়ে দিয়েছে। কিন্তু বেশিরভাগ সময়ই তাদের মাঝে নাম ধরে ডাকাডাকি চলে। মাঝে মাঝে ব্যতিক্রম ঘটিয়ে একে অপরকে ভাইয়া-আপু জাতীয় সম্বোধন করে।
আয়াত বলল,
“শোন, মন খারাপ করিস না। একদিন আমরা দাদাকে খুব কঠিন একটা শাস্তি দেব।”
“কী শাস্তি?”
কৌতূহলী চোখে তাকায় বালকটি। চোখে-মুখে গোপনীয়তা বজায়ে রাখার একটা ভাব ফুটিয়ে হাসে আয়াত। সুতরাং পরিকল্পনাটি চুপিসারে কর্ণগোচর করতে হবে। তাই ফিসফিস করে বলল,
“আয়, কানে কানে বলি।”
নিজের কানটা আয়াতের মুখের কাছে এগিয়ে দিল আদিল। কানের লতিতে টেনে আরও একটু কাছে নিয়ে এল বালিকা। ফিসফিসিয়ে বলল কী যেন। মুহূর্তেই আনন্দে উজ্জ্বল হয়ে উঠল আদিলের মুখ। আসন্ন শাস্তির উত্তেজনায় উৎফুল্ল হয়ে উঠল দুটো বাচ্চা। এরপর দুটো দিন ধরে দুজনে বেশ সচেতনভাবে খেয়াল রাখছিল আতর আলীর প্রতি। উত্তম সময় এলেই শাস্তির প্রক্রিয়া শুরু করবে। তা এল সেই মাহেন্দ্রক্ষণ।
উঠোনের এককোণায় বড় একটি বড়ই গাছ ছায়া ছড়ায় আপন মায়ায়। তার নিচে বাঁশের মাচায় উদোম গায়ে শুয়ে থাকেন আতর আলী। গ্রীষ্মের দুপুরগুলোতে প্রায়ই বিদ্যুৎ থাকে না গ্রামে। চোখ বন্ধ করে শুয়ে শুয়ে তাই তালপাতার পাখা দিয়ে বাতাস করেন নিজেকে। তারপর একসময় ঘুমিয়ে যান। তালপাতার পাখাটা নিস্তেজ হয়ে পড়ে থাকে বুকের ওপর। বড়ইগাছের পাতার ফাঁক গলে এক টুকরো রোদ এসে পড়ে বৃদ্ধের মুখে। অলস দুপুরে দূরে কোথাও ঘুঘুর ডাকের সাথে শোনা যায় দুই বালক-বালিকার চাপা ফিসফিসানি। চোখে চোখে খেলে যায় দুষ্টুমির ইশারা। তারপর চুপিসারে এসে আলগোছে আগলা করে দেয় আতর আলীর পরনের লুঙ্গির গিঁট। নিজেদের কর্ম সম্পূর্ণ করে দৌড়ে সরে যায় বাচ্চাদুটো। ঘুমন্ত আতর আলী টের পান না কিছুই।
এরপর নিদারুণ অপেক্ষায় সময় ব্যয় করে দুটো দুষ্টু বাচ্চা। দুপুর গড়িয়ে বিকেল হয়। বিকেলবেলা গ্রামের নারীরা একে অপরের বাড়িতে বসে আড্ডা দেয়। খোশগল্প করে। তেমনই কয়েকজন মহিলা নাজমা বেগমের সাথে অপ্রয়োজনীয় আলোচনায় সময় ব্যয় করছিলেন। নাজমা তখন উঠোনের এক কোণায় মাটির চুলায় রাতের রান্না চড়িয়েছে। আতর আলী ঘুম থেকে উঠে মাচা থেকে নামতেই ঘটল অঘটন। পুত্রবধূসহ কতগুলো মহিলার সামনে লুঙ্গি খুলে গেল উনার। লজ্জায় রাঙা হয়ে চোখ বন্ধ করে ফেলল মহিলাকুল। আতর আলী তড়িঘড়ি দু’হাতে লুঙ্গি সামলে কেঁশে উঠলেন খুঁকখুঁক করে। তীব্র লজ্জা আর অপমানে রাঙা হয়ে উঠল উনার চামড়া কুঁচকে যাওয়া মুখটা। উনার লজ্জা বাড়িয়ে দিতে দুটো বাচ্চা হাততালি দিতে লাগল উচ্ছ্বসিত ভঙ্গিতে।
আয়াত বলতে লাগল,
“ল্যাংটা, ল্যাংটা। দাদাজান ল্যাংটা…”
আদিল খিলখিল হাসির সঙ্গে বলতে লাগল,
“দাদাজান, আপনার কালো পুটকি দেখে ফেলছি।”
—চলমান—