#এক_প্রেমিক_পুরুষের_ইতিবৃত্ত
|৪|
#সানজিদা_খানম_স্বর্ণা
চেতনার প্রারম্ভ থেকে একটা প্রশ্ন অনবরত ক্ষতবিক্ষত করে চলেছে রূপাকে। প্রশ্নটি সর্বক্ষণ মাথার ভেতর ঘুনে পোকার মতো অদ্ভুত শব্দ করে যন্ত্রণা দিতে থাকে। তখন আর মুহিবকে ভালো লাগে না রূপার। ভালো লাগে না প্রিয় পুরুষটির সঙ্গ। এ প্রশ্নকে মন থেকে তাড়ানোর অনেক চেষ্টা করেছে রূপা, কিন্তু পারেনি। কিছুতেই এই অদ্ভুত প্রশ্নের জটিল জালকে মন থেকে উচ্ছেদ করতে পারছে না। ভবিষ্যতের একটা ঝাপসা ছবি চোখের সামনে ভেসে ওঠে মনটাকে উন্মনা করে দেয়। জীবনে বহুবার প্রিয়তম স্বামীকে এই প্রশ্নটা করেছে রূপা, প্রিয় পুরুষটি কখনো ভালোবেসে, কখনো বিরক্তিতে, কখনো শান্ত মুখে, কখনো আবারও ক্রুদ্ধ মূর্তিতে জবাব দিয়েছে,
“না, কখনোই না। তুমি আমার জীবনের প্রথম এবং শেষ নারী। এই পৃথিবীর সবটুকু ভালোবাসা আমি শুধু তোমাকেই বাসি। বিশ্বাস করো…”
তবুও সংশয় ঘুচে না মেয়ের। অবশ্য যেই মেয়ে বাচ্চা হবার ঠিক আগের মুহূর্তে স্বামীর হাত চেপে ধরে বলে,
“আচ্ছা মুহিব, আমি মরে গেলে তুমি আবার বিয়ে করবে?”
ভাবী মাতা প্রসবের তীব্র যন্ত্রণায় হাঁপিয়ে উঠেছে তখন। ব্যথায় নীল হয়েচে মুখশ্রী। স্ত্রীর এমন ছেলেমানুষী দেখে কাতর বচনে মুহিব বলেছিল,
“তোমার মতো এমন তারছিড়া জীবনে দুটো দেখিনি। এই মুহূর্তে এমন আজব প্রশ্ন করছো কেন?”
নাছোড়বান্দা মেয়ে যন্ত্রণায় কাতরায়। ব্যথায় বিবর্ণ হয়ে যায় তার সুশ্রী মুখখানা। বড় বড় শ্বাস ফেলে ফের হাঁপাতে হাঁপাতে শুধালো,
“বলো, তুমি বলো…”
“না ভাই, একবার বিয়ে করেই আমার শিক্ষা হয়েছে। ন্যাড়া বারবার বেলতলায় যায় না।”
মুহিব বেশ হতাশার সঙ্গেই জবাব দিয়েছিল। কিন্তু অনাগত সন্তানের ভবিষ্যত চিন্তায় আরও অস্থির হয় মেয়ে। অন্তরে ভয়ের দামামা বাজে। যদি সে মরে যায়। যদি পৃথিবীর বুক থেকে হারিয়ে যায় রূপা নামক অত্যন্ত ভালো এক তরুণীর অস্তিত্ব! তখন যদি বাচ্চাটা বেঁচে থাকে তখন মুহিবের নতুন বউ এসে কি রূপার বাচ্চাকে মেনে নেবে? ছোট বেলায় ছড়া শুনেছিল,
“মা মরছে ছোটবেলা —বাপে করছে বিয়া,
সৎ মা ভাত দেয়, তিনটা ঠোকর দিয়া।”
রূপা মরে গেলে রূপার অনাগত বাচ্চাটারও কি এমন পরিণতি হবে? প্রচণ্ড যন্ত্রণায় থরথরিয়ে কাঁপে রূপা। শীর্ণ দেহটার মধ্যে ঘটে যায় প্রলয়কাণ্ড। বুকচাপা কান্নারা এসে জমে থাকে কণ্ঠনালীতে। তবুও স্বামীর হাত খামচে ধরে যন্ত্রণা চাপা ভারী কণ্ঠে আর্তনাদ করে উঠে মেয়ে,
“শয়তানের বাচ্চা তুই একবার খোলাখুলি বলতে পারিস না, আমি মরে গেলেও আর বিয়ে করবি না। সামান্য একটা কথা বলতে তোর এত নাটক করা লাগে। অসভ্য, শয়তান, বর্বর, খাটাস…”
আর কতিপয় বাংলা গালি জুটেছিল মুহিবের ভাগ্যে। কক্ষে আরও অনেক নারী আসন্ন প্রসবের যন্ত্রণায় কাতরাচ্ছিল। রূপার আর্তচিৎকারে সকলে একবার একযোগে তাকাল। মুহিব লজ্জায় মাটির সাথে মিশে গেল প্রায়। স্ত্রীর কানের কাছে ফিসফিস করে বলল,
“তোমার দুটো পায়ে ধরি, আর পাগলামি করো না। আমি জীবনেরও আর বিয়ে করব না। প্রমিজ…”
এক নার্স কড়া ধমক দিয়ে সেখান থেকে সরিয়ে নিয়েছিল রূপাকে। তখন বাচ্চা মুখোমুখি। মাথা বের হয়ে যাচ্ছে। এরপর মিনিট বিশেকের অপেক্ষা করতে হলো মুহিবকে। অস্থির পদচারণা করতে লাগল ডেলিভারি রুমের সামনে। একসময় সকল অপেক্ষার অবসান ঘটিয়ে, হাসপাতালের গুঞ্জনধ্বনি ছাড়িয়ে কানে ভেসে এল নবজাতকের প্রথম কান্নার স্বর। তখনো রূপার মা সুলতানা বেঁচে ছিলেন। নাতিকে নিয়ে তিনিই বের হয়ে এলেন। মুহিবের সামনে এসে বললেন,
“ছেলের কানে আজান দাও, বাবা।”
মুহিব আজান দিয়েছিল পুত্রের কানে। কোলে তুলে নিয়েছিল ছোট্ট প্রাণটিকে। রূপাকে যখন কেবিনে শিফট করা হলো, তখন স্ত্রীর কাছে গেল মুহিব। মাথায় শীতল স্পর্শ করে বলল,
“কেমন আছেন ম্যাডাম? কংগ্রাচুলেশনস আপনি পুত্র সন্তানের মা হয়েছেন।”
রূপা হেসেছিল প্রথমে। পরপরই নিজের যন্ত্রণাকাতর মুখটাকে গম্ভীর করে বলেছিল,
“বেঁচে আছি এজন্য কংগ্রাচুলেট করলে না? তোমার দুর্ভাগ্য, তুমি আর দ্বিতীয় বিয়ে করতে পারবে না।”
মুহিব ফোঁস করে নিশ্বাস ফেলল। এরপর সশব্দে হেসে প্রতিউত্তর করল,
“তুমি একটা পাগল। তোমার মাথার সবকটা তার ছিঁড়া। এখান থেকে সুস্থ হয়ে আগে বাড়ি চলো, তারপর তোমাকে পাবনায় ভর্তি করে দিয়ে আসব।”
রূপা মন খারাপ করল নাটকীয়ভাবে। গাল ফুলিয়ে অভিমানী কণ্ঠে বলল,
“পৃথিবীর সকল মহাপুরুষকে লোকেরা পাগল বলেছে। আসলে তোমার মতো সাধারণ মানুষ আমার মতো অসাধারণ নারীর গুরুত্ব বুঝবে না, এটাই স্বাভাবিক।”
“কিন্তু তুমি তো মহাপুরুষ নও, তুমি নারী।”
বিরস কথায় বিতৃষ্ণা ভরে ওঠে রমণীর উদভ্রান্ত মুখটায়। হাত বাড়িয়ে এলোমেলো চুলগুলো কানের পিঠে গুঁজে দেয় মুহিব। মেয়েটা স্বামীর অজ্ঞতার ওপর একটা দীর্ঘশ্বাস ফেলে। হতাশায় মোড়ানো কণ্ঠে বলে,
“সেই তো! আমি হলাম মহানারী। ইতিহাসে যুগে যুগে কেবল মহাপুরুষদের কথা রচিত হয়েছে। এবার একজন মহানারীর কথা লেখা হবে। কোটি কোটি বছর পর লোকে জানবে রূপা নামের একটা মহানারী কী কষ্টেই না একটা ছাগলের সাথে সংসার করেছিল।”
মুহিব মাথা চুলকে অস্ফুটে স্বগতোক্তি করে,
“মহানারী না মহামারী!”
“কিছু বললে?”
কান খাড়া করে প্রশ্ন করে রমণী। উত্তরে কেবল দু’পাশে মাথা নাড়ায় মুহিব। বোঝায়, সে কিছুই বলেনি। এমন বাচাল, পাগলেকে কিছু বলে আদৌ লাভ আছে? নাই। মুহিবের জীবনে কোনো লাভ-লস নাই। গোটা জীবনটাই লসে ভরা।
বালিশের কাছে নিথর হয়ে পড়ে থাকা ফোনটা নিজস্ব সুরে বেজে উঠল হঠাৎ। একনাগাড়ে বেজেই চলল অনেকক্ষণ ধরে। ফোনের যান্ত্রিক সিম্ফোনির আওয়াজে আর স্মৃতিচারণ করা সম্ভব হলো না। কপালে বিরক্তির ভাঁজ ফেলে এগিয়ে এল রূপা। অনেক রাত হয়েছে। রাতগুলো জানালার পাশে দাঁড়িয়ে স্মৃতিমন্থন করেই কাটিয়ে দেয় রমণী। স্মৃতিগুলো জীবন্ত আর ভারী সুন্দর।
এখন অনেক রাত। সন্ধ্যার দিকে একবার এসেছিল মুহিব। স্ত্রীর সাথে সময় কাটিয়ে চলে গেছে। স্ত্রীর স্বাস্থ্য নিয়ে খুব চিন্তিত মুহিব। রূপা মানুষটার উদ্বেগ বোঝে। আর বোঝে লোকটা তার পেছনে অনেক টাকা অপচয় করছে। হ্যাঁ, অপচয়। মুহিবের খরচ করা প্রতিটি টাকা অপচয়ই মনে হয় রূপার। সে আদৌ সুস্থ হবে? মনে তো হয় না।
স্ক্রিনে নাজমা বেগমের নাম দেখে দ্রুত কল রিসিভ করে রূপা। ওপাশ থেকে শোনা যায় পুত্রের গগনবিদারী ক্রন্দনধ্বনি। মায়ের বুকটা হু হু করে ওঠে। ব্যাকুল হয়ে প্রশ্ন করে,
“আদিল, সোনা বাচ্চা! কাঁদছ কেন বাবা? কী হয়েছে আমার সোনার?”
কান্না থামায় না বাচ্চাটা। ফোঁফাতে থাকে অবিরত, অনবরত। পুত্রের চিন্তায় উদগ্রীব হয় মাতৃহৃদয়। বুকের মাঝে দুমড়ে মুচড়ে যায়। অদ্ভুত রকম হাহাকার এলোমেলো করে ফেলে বুকের অলিগলি। আকুল স্বরে ফের প্রশ্ন করে,
“কী হয়েছে? মাকে বলো বাবা…”
বাচ্চাটা কথা বলে না। অনেকক্ষণ ধরে কানে ফোন চেপে ধরে রাখে কেবল। ক্রমাগত ব্যাকুল প্রশ্ন করে হতাশ হয় রূপা। মধ্যরাতে একটা ছোট ছেলে মায়ের কাছে ফোন করে বিরামহীন কাঁদছে। মায়ের মনের কেমন অবস্থা হয় তখন? একসময় কান্নার ঢেউ স্তিমিত হয়ে আসে। নাক টেনে বাচ্চাটা ডেকে ওঠে,
“মামুনি…”
“সোনা বাচ্চা!”
বহুদিন পরে ছেলের মুখে সম্ভোধন শুনে তৃষিত হৃদয় শান্ত হয়। অজান্তেই পরিতৃপ্তির একটা হাসি ফুটে ওঠে ঠোঁটের কোণে। সন্তানকে বুকে জড়িয়ে ধরার আকাঙ্ক্ষায় আকুলিবিকুলি করে ওঠে মনটা। ছেলেটা আবার ভেজা কণ্ঠে বলে,
“আই মিস ইউ, মামুনি।”
বহু কষ্টে কান্না আটকায় জননী,
“মামুনিও তোমাকে ভীষণ মিস করি আব্বু।”
“তুমি কবে আসবে, মামুনি?”
ছোট্ট বাচ্চাটার প্রশ্নে অতল ভাবনায় তলিয়ে যায় মন। জীবনের ওপর চরম হতাশা, তীব্র ক্ষোভে ছিন্নভিন্ন হয়ে যায় বুক। ভেঙে যায় বুকের পাঁজর। একটা ঘুনেপোকা ক্রমাগত অস্তিত্বকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে। তবুও মিথ্যে আশ্বাসবাণী ছুঁড়ে দিতে হয়,
“খুব তাড়াতাড়ি আসব আব্বু।”
“তোমাকে ছাড়া আমার ঘুম আসে না, মামুনি। আমার ভীষণ একলা লাগে। মন খারাপ হয়।”
বলতে বলতে আবার ফুঁপিয়ে ওঠে বাচ্চাটা। সন্তানকে ছুঁতে না পারার, বুকে জড়িয়ে ধরতে না পারার আক্ষেপে ভেঙেচুড়ে যায় মায়ের মন। আহারে! কেমন করুণ কান্নায় ভেঙে পড়ছে তার বুকের ধন। রূপার চোখ জলে ভরে ওঠে। কান্নাগুলো বহু কষ্টে গিলে ফেলে কোমল স্বরে বলে,
“আমার জন্য এত খারাপ লাগলে একদিনও বাবার সাথে আসোনি কেন? ভাবলাম, তুমি হয়তো আমাকে ভুলেই গেছো।”
মায়ের অভিমানী স্বরে বাচ্চাটা নাক টেনে প্রতিবাদ করে ওঠে,
“তুমি আমাকে একা রেখে হাসপাতালে গিয়েছো এজন্য আমার মন খারাপ হয়েছিল। রাগ করেছিলাম তোমার ওপর। কিন্তু আমি তোমাকে ভুলে যাইনি, মামুনি। সত্যি বলছি। গড প্রমিজ…”
“ফুপুকে বলো ভিডিও কল দিতে। একবার দেখি সোনা মুখটা।”
বড় শান্ত, বড়ো মমতাময় জননীর কণ্ঠ। সাথে সাথেই বিচ্ছিন্ন হয়ে যায় সংযোগ। হোয়াটসঅ্যাপে আসে ভিডিও কল। বহুদিন পর! না, মনে হলো যেন এক যুগ পর সন্তানের মুখ দেখল রূপা। ছেলেটার সাথে এসে থেকে একদিনও কথা হয়নি, রূপা দেখতে পায়নি তার নাড়িছেঁড়া ধনকে। পুত্রের মুখ দেখার সাথে সাথে মনে লুকায়িত গহীন বিষণ্ণতাটুকু কেটে যায় মুহূর্তে। ঠোঁটের কোণে উঁকি দেয় প্রসন্নতার হাসি।
কোমল কণ্ঠে উচ্চারিত হয়,
“এখন আমার আব্বাজান কেমন আছে? মন ভালো?”
ভেজা কণ্ঠে বালক উত্তর দেয়,
“হুঁ।”
“এখন আর মন খারাপ লাগছে না?”
“একদম লাগছে না।”
ছেলেটার উজ্জ্বল মুখে, তবুও যেন বিষণ্ণতা খুঁজে পায় মমতাময়ী মাতা। হঠাৎই বড়ো নিঃসঙ্গ লাগে নিজেকে। অকারণেই গাল ফুলিয়ে নিঃশব্দে কেঁদে ওঠে রূপা। মায়ের চোখে জল দেখে অবুঝ কণ্ঠে প্রশ্ন করে বাচ্চাটা,
“তুমি কাঁদছ, মামুনি?”
এই প্রশ্নের পর ঠোঁটের কোণে জোরপূর্বক হাসি ফোটাতে হয়। কণ্ঠকে যথাসম্ভব স্বাভাবিক রেখে জবাব দিতে হয়,
“আমি কি তোমার মতো বাচ্চা নাকি যে ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদব?”
“মামুনি, তোমার চোখে পানি।”
বাচ্চার কথায় চোখের ভেজা পল্লব অকারণেই ঝাপটায় রমণী। তারপর নিষ্পলক চেয়ে থাকে সন্তানের মুখের দিকে। হাত বাড়িয়ে ছুঁতে চায় যন্ত্রের বুকে ভেসে থাকা পুত্রের মুখ। বুক চিরে বের হয় দীর্ঘশ্বাস। মায়ের মুখের দিকে তাকিয়ে আবার বিন্দু বিন্দু অশ্রু জমে ছেলেটার চোখে। আবার ডাকে,
“মামুনি…”
“বলো বাবা।”
“তোমাকে এমন দেখাচ্ছে কেন মামুনি?”
প্রশ্ন শুনে একটু হাসে রমণী। প্রশ্নের বিপরীতে ছুঁড়ে দেয় প্রশ্ন,
“কেমন দেখাচ্ছে?”
বাচ্চাটা বিজ্ঞের ভঙ্গিতে জবাব দেয়,
“তোমাকে কেমন মৃত মানুষের মতো দেখাচ্ছে মামুনি।”
আচানক শিউরে ওঠে রূপা। এতটুকু বাচ্চা কী ভয়াবহ কথা বলতে শিখে গিয়েছে। এই কথা সে শিখল কোথায়? নাকি জীবনের এক ধাক্কায় বাচ্চাটার বয়স বেড়ে গিয়েছে অনেকখানি? ফোঁস করে শ্বাস ফেলে হাসে মেয়ে,
“তুমি খুব বড়ো হয়ে গেছো আদিল। কেমন বড়োদের মতো কথা বলতে শিখে গেছো…”
বাচ্চাটা এবারেও বিজ্ঞের ভঙ্গিতে মাথা নাড়ে। মায়ের হাসিটি কেমন করুণ লাগে তার চোখে। মায়ের শীর্ণ মুখটাকে দেখে কেমন যেন খচখচ করে বুক। শাসনের সুর ওঠে তার কণ্ঠে,
“তুমি এত শুকিয়ে গেছো কেন, মামুনি? খাওয়-দাওয়া করো না, ঠিক করে? তুমি যেমন আমাকে শাসন করো ,ওখানে খাওয়ার জন্য তোমাকে কেউ শাসন করে না?”
পুত্রের কথায় জল জমে মায়ের চোখে। ছলছল চোখে চেয়ে থাকে রাজপুত্রের দিকে। রাজপুত্র! রূপা এবং মুহিবের রাজপুত্র। কী ভীষণ রূপবান তার বাচ্চাটা! ভীষণ বুঝদার। অসম্ভব আদুরে। এই বাচ্চাটার মা হয়ে রূপার বেঁচে থাকতে ইচ্ছে করে সহস্র বছর। সন্তানের মুখের দিকে একদৃষ্টিতে তাকিয়ে রূপা ভাবে—ইস, জীবন কী ভীষণ নিষ্ঠুর!
—চলমান—