ফন্ট সাইজ:
থিম:
এক প্রেমিক পুরুষের ইতিবৃত্ত

পর্ব 15

লেখক: সানজিদা খানম স্বর্ণা

#এক_প্রেমিক_পুরুষের_ইতিবৃত্ত
[অন্তিম পর্ব]
#সানজিদা_খানম_স্বর্ণা

তারপর সময় পেরোয়। দিন গড়িয়ে পাক্ষিকের গণ্ডিতে পৌঁছায়। ছোট্ট কামড়ার মাঝে আটকে থাকা এক মুঠো রুদ্ধ বাতাসটায় বিদেশি পারফিউমের ভারী গন্ধের বিচরণে শ্বাস আটকে আসার জোগাড়। উপমা সিদ্দিকসহ আরও বেশ কয়েকজন নার্স দাঁড়িয়ে আছে মৃত্যুপথযাত্রী রোগিণীর মাথার কাছে। রক্তস্বল্পতা, জ্বর, কাঁপুনির মতো গুরুতর সমস্যার সঙ্গে বেশ কিছুদিন ধরেই যুদ্ধ করছিল রূপার অসুস্থ শরীর। গতকাল রাত থেকে শরীরের তাপমাত্রা অস্বাভাবিক হারে কমতে শুরু করেছে। অসুস্থতার তীব্রতায় ক্রমশ কাহিল হয়ে আসছে রোগিণীর সাড়াাহীন দেহ।

ভোরের স্নিগ্ধ আলোয় প্রকৃতি ধীরে ধীরে জেগে উঠছে নতুন দিনের বার্তা নিয়ে। আর জীবনের প্রদীপের টিমটিমে আলোটুকুও নিভে যাওয়ার পূর্বপ্রস্তুতি গ্রহণ করছে রূপার শরীর। স্বামীর হাতটা মুঠোয় নিয়ে বসে আছে রোগিণী। কথা বলতে বলতে হাঁপায়। কিন্তু মুঠো শিথিল করে না। স্ত্রীর শুকিয়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে গভীর দীর্ঘশ্বাস ফেলে মুহিব। টুকরো টুকরো করে ভেঙে যায় বুকের পাঁজর। ভালোবাসার মেয়েটিকে যন্ত্রণায় কাতরাতে দেখে ফ্যাকাসে হয়ে যায় মানুষটার মুখ। মেয়েটার কণ্ঠে হাহাকার, বুকজুড়ে পিপাসার দুরন্ত ক্রন্দন,
“আমাদের সন্তানকে দেখে রেখো মুহিব। তাকে কখনো কষ্ট পেতে দিও না। তাকে বলো, মামুনি তাকে ভীষণ ভালোবাসে। অনেক বেশি ভালোবাসে।”

কথা শেষ হয় না, অনুক্ত কান্নারা বেরিয়ে আসতে চায়। কান্নাচাপা গলায় মেয়েটি বলতে চায় আরও অনেক অনেক কথা। শত-সহস্র বাক্য। জীবনের শেষ মুহূর্তে এসে সে বলে দিতে চায় মনের সমস্ত কথা। অবশ্য অবধারিত ভাগ্যের সঙ্গে পেরে উঠেছে কে কবে? দীর্ঘদিন অসুস্থতার পর অবশেষে হার মানতে হয়। অথচ গতকাল রাতেও এই মেয়েটার কণ্ঠ চঞ্চল ছিল। আর সেই কণ্ঠ এখন কাঁপছে, ভীষণ হাঁপিয়ে উঠছে ক্ষণে ক্ষণে। কথা বলতে বলতে আচ্ছন্ন হয়ে আসছে, জড়িয়ে যাচ্ছে বাক্যরা…

“আমি না থাকলেও নিজের যত্ন নিও মুহিব। আমাদের বাচ্চাকে দেখে রেখো... তুমি আমাকে কথা দাও মুহিব, কথা দাও আমার আদিলকে কখনো কষ্ট পেতে দেবে না। সারাজীবন আগলে রাখবে আমার বাচ্চাটাকে…”

“তোমার কিচ্ছু হবে না রূপা। কিচ্ছু হবে না তোমার। তুমি সুস্থ হয়ে উঠবে। ডক্টর, দেখুন না… একবার দেখুন না…”

প্রেয়সীর প্রাণপাখিটাকে আরও অনেকগুলো দিন দেহের খাঁচার মধ্যে আটকে রাখার সে কী তীব্র প্রয়াস পুরুষ কণ্ঠে। অথচ চূড়ান্ত নিষ্ঠুর-নির্মতায় অপারগতা ব্যক্ত করে ডাক্তার উপমা সিদ্দিক,
“সরি মিস্টার মুহিব, সরি…।”

এই সরি কিসের ইঙ্গিত? মুহিবের মাথায় ভোঁতা যন্ত্রণা হয়। ভালোবাসার প্রতি বিশ্বাস, নিশ্চয়তা সব গোলমাল হয়ে যাচ্ছে মুহিবের। মুহিবের যন্ত্রণা হচ্ছে। গলার কাছটায় কান্নাটা শক্ত হয়ে জমাট বেঁধে আছে। চোখ ফেটে জল বেরিয়ে আসতে চাইছে।

উফ, কী ভীষণ যন্ত্রণা!
কী ভীষণ যন্ত্রণা!

প্রেয়সীর সঙ্গে সঙ্গে মুহিবও অনুভব করছে মৃত্যুর মতো যাতনা। প্রাণবায়ু বেরিয়ে যাওয়ার মতো কষ্ট। কিন্তু এই কষ্টের প্রকাশভঙ্গি নেই। ভেতরে ভেতরে কষ্টগুলো ডানা ঝাপটাচ্ছে। আর মুহিবের দৃষ্টির সম্মুখে এক জোড়া ভয়ার্ত বিস্মিত চোখ ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। শ্বাস টান উঠেছে মেয়েটার। অবশ্য মেয়েটা তখনও আরও কী কী যেন বলে চলেছে। কান খাড়া করে, সবটুকু মনোনিবেশ ঢেলেও কথাগুলো বুঝতে পারে না মুহিব। জড়ানো গলায় কথাগুলো ঠিক বোঝা যায় না। শুধু ঠোঁটের নাড়ন দেখে আন্দাজ করা যায় ওই বাক্যটা বোধহয়,
“ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি মুহিব।”

এই ভালোবাসার দায় গ্রহণ করা কষ্টসাধ্য। মুহিব পারে না। আর না শেষ হয় রোগিণীর ভালোবাসার বাক্য আওড়ানো, তার আগেই দেহের খাঁচা ছেড়ে বিদায় নিয়েছে প্রাণপাখি। জোরপূর্বক উঠিয়ে রাখা হাতটা জীবনের শেষ স্পন্দনটুকু হারিয়ে নিথর হয়ে পড়েছে মুহিবের হাতের মুঠোয়। স্ত্রীর নিস্তেজ হয়ে যাওয়া হাতটার দিকে তাকিয়ে হাউমাউ করে কাঁদে মুহিব। ভোরের নিস্তব্ধতা ভেঙে যায় পুরুষের চিৎকার করে কান্নার দাপটে। সেই কান্না দেখলে পাথর গলে, সেই কান্নায় যোগ দিতে ইচ্ছে করে শত্রুরও।

ভালোবাসার মেয়েটিকে চিরকালের মতো হারিয়ে ফেলেছে মুহিব। কী ভীষণ নিঃস্ব, কী ভীষণ অসহায় হয়ে গেছে মুহিব। কী ভীষণ সর্বস্বান্ত হয়ে যাচ্ছে রূপার প্রাণপ্রিয় স্বামী। সহস্র বছর বেঁচে থাকার সাধ জাগিয়েও যে পুরুষ নিজের প্রিয়তমাকে একটিবারের জন্যও মৃত্যুর দুয়ার থেকে ফিরিয়ে আনতে পারে না, তার চেয়ে অসহায় আর কে হতে পারে! তবে কি মুহিবের ভালোবাসা যথেষ্ট ছিল না? মুহিব জানে না। প্রিয়তমার লাশের কাছে স্তব্ধ হয়ে বসে থাকে ভগ্ন হৃদয়ের প্রেমিক পুরুষ। যে পুরুষ প্রিয়তমা স্ত্রীকে বড্ড ভালোবেসেছিল। আজীবন ভালোবেসে যাওয়ার মতো করেই ভালোবেসেছিল।

খানিক আগে যে মেয়েটির মৃত্যু ঘটে গিয়েছে সেই মেয়েটির হাতের ভাঁজে হাত ঢুকিয়ে নিজের হাতের আঙুলগুলোয় কোনো সার খুঁজে পায় না পুরুষ। অবশ হয়ে আসে সারা শরীর। প্রাণবায়ু বেরিয়ে যাওয়ার আগে মেয়েটির হাতটা যেমন থরথর করে কাঁপছিল, তেমনি করে কাঁপে মুহিবের হাতটাও। বুকের ভেতরের সবটুকু হাহাকার যেন ওই কম্পিত হাতের মাধ্যমেই প্রকাশ হয়ে চায়। মুহূর্তের জন্য কান্না থামিয়ে প্রেয়সীর হাতে অসংখ্য চুমু খায় মুহিব। হিম হয়ে যায় বুকের ভেতরটা।
রূপা মরে গেল?

পৃথিবীর বুকে মুহিবকে সম্পূর্ণ একা রেখে, নিঃসঙ্গ করে দিয়ে রূপা মরে গেল? বিশ্বাস করতে ইচ্ছে করে না। পাণ্ডুর বিবর্ণ মুখে নিস্তেজ হয়ে পড়ে থাকা মেয়েটি সত্যিই রূপা? মরার আগে মেয়েটি শেষবারের মতো জড়িয়ে ধরেছিল স্বামীকে। চোখের অশ্রু বাঁধাহীনভাবে ঝরেছিল স্বামী-পুরুষের বুকে। এখনো লেগে আছে মেয়েটার অশ্রুর দাগ, শুকায়নি। কিন্তু মেয়েটি নেই। আজকের পর এই পৃথিবীর কোনোখানে দেখতে পাওয়া যাবে না রূপা নামের এই মেয়েটিকে। মুহিবের ভালোবাসার মেয়েটিকে? আবারও হাহাকার প্রকাশে চিৎকার করে কাঁদে পুরুষ, ভালোবাসা হারানোর বেদনায় আহাজারি করে বহুক্ষণ ধরে। সুতীব্র আর্তনাদে কেঁপে কেঁপে ওঠে হাসপাতালের ভবন। চিৎকার করে কাঁদতে কাঁদতে অবোধ শিশুর মতো স্ত্রীকে বারবার ডাকতে থাকে মুহিব,

“রূপা, এই রূপা! বউ…”

আর আদিল?
রূপার শরীরটা ভীষণ খারাপ শুনে সেই ভোরেই মামাবাড়িতে আদিলকে রেখে এসেছিল মুহিব। বাধ্য হয়েই আসতে হয়েছিল তাকে। কারণ নাজমা বেগমের কাছে রেখে আসার মতো এত সময় ছিল না তার হাতে। কিন্তু আদিল কি সেখানে থেকেছে? না, মায়ের অসুস্থতার খবর শোনার পর থেকেই অস্থির হয়ে উঠেছিল বাচ্চাটা। কিছুতেই মামাবাড়িতে মন টেকেনি তার। বারবার বাবার কাছে যাওয়ার বায়না ধরেছে, মায়ের কাছে যাওয়ার জন্য কেঁদেছে। শেষ পর্যন্ত আদিলকে সামলাতে না পেরে হাসপাতালে নিয়ে এসেছে রূপার একমাত্র ভাই। অবশ্য এই আসাটা নিয়ে ভীষণ বিরক্তই হয়েছিল ভদ্রলোক। অফিস রেখে এখানে আসাটা গুরুত্বপূর্ণ মনে হয়নি। কিন্তু এখন হচ্ছে, অপরাধবোধে ছেয়ে যাচ্ছে অন্তর। কারণ অনেকগুলো দিন ফোনে ভাইকে দেখার ইচ্ছা পোষণ করেছিল রূপা।

ফোন দিলেই ব্যাকুল সুরে জানাত,
“আমার তোমাকে দেখতে মন চায়, ভাইয়া। একবার আসো না…”

রঞ্জু সাহেব আসেননি। বোনকে নানা ব্যস্ততার অজুহাত দেখিয়েছেন। আজ মেয়েটা নেই। নেই, নেই, নেই… একমাত্র বোনের না থাকাটা কী ভীষণ পীড়া দেয় রঞ্জু সাহেবকে! ভাইয়ের কাছে অভিমানী মেয়েটা আর কোনোদিন অভিযোগ করবে না। কখনো না। যে মেয়েটাকে ছোট থেকে বড় হতে দেখেছে, আদর-যত্নে আগলে রেখেছে সেই মেয়েটির মৃত্যুর পূর্বে শেষ ইচ্ছা পূরণ করতে পারেনি রঞ্জু সাহেব। একমাত্র ভাগিনার হাত চেপে ধরে দরজার কাছে ঠাঁই দাঁড়িয়ে থাকেন রঞ্জু।

আর সেই হাতের শক্ত বাঁধন এক ঝটকায় ছিন্ন করে দৌড়ে মায়ের মাথার কাছে গিয়ে দাঁড়ায় আদিল। আজ এই রুমটা এত গুমোট কেন? এত মানুষের উপস্থিতিই বা কেন? বুঝতে পারে না বাচ্চাটা। বুঝতে পারে না, আজ এত বেলা অবধি কেন ঘুমাচ্ছে তার মামুনি? সদ্য মৃতের মাথার কাছে বাচ্চাটা নিথর হয়ে থাকে অনেকক্ষণ। মুহূর্তের ব্যবধানে চিন্তা করা হয়ে যায় অনেক কিছু। আর এতক্ষণের ভাবশূন্য সাদাটে মুখটায় হঠাৎ যেন এক ঝাঁক রক্তকণিকা এসে ভিড় করে দাঁড়ায়। ঠেলাঠেলি করে বেরিয়ে আসতে চায় কচি চামড়া ভেদ করে। বিধ্বস্ত অবস্থায় বাবাকে মেঝেতে বসে থাকতে দেখে অজানা আশঙ্কায় কাঁপে ছোট বাচ্চাটার বুক। খানিকক্ষণ মায়ের মুখের দিকে তাকিয়ে থেকে ছোট্ট হাতে মায়ের গাল ছুঁয়ে দেয় আদিল। তারপর ঠোঁট ফুলিয়ে অভিমানী গলায় ডাকে,

“মামুনি? ও মামুনি… ওঠো না। এখনো ঘুমাচ্ছো কেন তুমি?”

কোনো সাড়া আসে না। অপ্রকৃতিস্থের মতো মুহিব দুহাতে খামচে ধরে বাচ্চাটাকে। দুপাশে মাথা দুলিয়ে ‘না না’ শব্দের আমদানি হয় পুরুষের কান্নাভেজা কণ্ঠে। বাচ্চাটাকে জাপটে ধরে আলিঙ্গনের তীব্রতায় বোঝাতে চায় পৃথিবীর বুক থেকে সমস্ত মায়ার বাঁধন ছিন্ন করে চলে গেছে পিতা-পুত্রের প্রিয় নারী। ভালোবাসার নারীর প্রাণ কেড়ে নিয়েছে ক্যান্সার নামক মরণব্যাধি। বাচ্চাটা অতশত বোঝে না। বাবাকে এক ঝটকায় সরিয়ে দিয়ে মায়ের হাতের ওপর কোমর স্পর্শ করে আদিল আওড়ায়,

“মামুনি? এ্যাই, ওঠো না কেন তুমি? মামুনি, কথা বলো না কেন?”

বলতে বলতে মায়ের হাত ধরে ঝাঁকাতে শুরু করে বাচ্চাটা। কিছুতেই আজ তার মামুনির ঘুম ভাঙে না। অথচ আদিলের মামুনি তো আর্লি রাইজার। অন্যদিন তো আদিলকে দেখলেই দুহাত বাড়িয়ে কাছে টেনে নেয়। গালে গাল ঘষে আদর করে। কত কথা বলে! আজ কী হয়েছে তার মামুনির? আবার ডাকে বাচ্চাটা। বারবার করে মামুনিকে ডেকে উঠতে বলে একরত্তি বাচ্চাটা। আর যখন ক্রমশ সময় ব্যয় হয় তখন ছোট্ট ছোট্ট চোখ দুটোয় জমতে শুরু করে একরাশ বিস্ময়। তার মামুনি তাকে দেখে না কেন? কথা বলে না কেন? ধীরে ধীরে মিলিয়ে যেতে থাকে বাচ্চাটার মুখের ক্ষীণ হাসি। ছোট্ট ভ্রু দুটো কুঁচকে আসে। ধীর পদক্ষেপে চোখের মণিতে জমতে থাকে নোনাপানি। এতক্ষণে বোধহয় তার ছোট্ট মনটাও বুঝতে পারছে, কোথাও একটা অস্বাভাবিক কিছু ঘটে গিয়েছে। ভীষণ অস্বাভাবিক কিছু। আর ধীরে ধীরে কান্নার আস্ফালন ঘটে শিশু কণ্ঠে,

“মামুনি, তুমি রাগ করছো? আমি আর দুষ্টুমি করব না। সত্যি করব না। তুমি ওঠো না, মামুনি!”

টপটপ করে ঝরে সদ্য মাতৃহারানো শিশুর চোখের অশ্রু। মায়ের বুকের ওপর মাথা রেখে ফুঁপিয়ে ওঠে বাচ্চাটা। ছোট্ট দুহাতে মাকে জড়িয়ে ধরার চেষ্টা করে। কিন্তু মা তো আর তাকে আগের মতো জড়িয়ে ধরছে না! তার কান্নায় সাড়া দিয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে না! বাচ্চাটাকে মায়ের বুক থেকে সরিয়ে নিতে ধীরে ধীরে এগিয়ে আসেন রঞ্জু সাহেব। কিন্তু আদিল মাকে আরও শক্ত করে আঁকড়ে ধরে।

প্রতিবাদের ঝড় ওঠে তার সরল কণ্ঠে,
“না! আমি মামুনির কাছে থাকব!”

পুত্রের আকুল আর্তি শুনে মুহিবের বুকের ভেতরটা আবারও দুমড়ে-মুচড়ে যায়। কাঁদতে কাঁদতে হেঁচকি উঠেছে বাচ্চাটার। নিস্তেজ মায়ের কোনো সাড়াশব্দ না পেয়ে বাবার দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে থাকে সে। আর তারপর ক্রমাগত শিশুটির একই প্রশ্নে ভারী হয়ে ওঠে ঘরের বাতাস,

“পাপা, মামুনি উঠে না কেন? মামুনি উঠে না কেন, পাপা?”

অবিরাম কান্নার সঙ্গে একই প্রশ্ন আওড়ে চলে বাচ্চাটা। কান্নার তোড়ে শ্বাস নিতে কষ্ট হয়, গলা ভেঙে আসে। তবুও মায়ের গালে আলতো চাপড় দিয়ে বিরামহীন কাঁদে রূপার একমাত্র পুত্র। পুত্রের কান্না শুনে আর স্থির থাকতে পারে না মুহিব। একপ্রকার হামাগুড়ি দিয়ে এগিয়ে যায় ছেলের কাছে। এক হাতে ছেলেকে, অন্য হাতে মৃত স্ত্রীর নিথর হাতটা আঁকড়ে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে। কাঁদতেই থাকে দীর্ঘক্ষণ, কিংবা গোটা জীবন।

এবং আরও একজনের বুক বিদীর্ণ হয় শিশুটির কান্না দেখে। প্রচণ্ড যাতনায় ছিন্নভিন্ন হয়ে যায় বুকটা। আহ্, আদিল! এতটুকু একটা বাচ্চা। সে কি জানে, পৃথিবীতে তার জন্য কতখানি শূন্যতা অপেক্ষা করে আছে? এই চিন্তায় অস্থিরতা ক্রমশ বাড়ে বুকের মাঝে, হৃদয়ে অনুভূত হয়ে কষ্টের অনুভূতি। নাম না জানা বেদনার দল কুঁড়ে কুঁড়ে খায় ভেতরটা। এই শিশুটি, এই মাতৃহীন শিশুটি পৃথিবীতে কীভাবে বাঁচবে এখন? ভাবতে ভাবতে প্রবল বেদনায় আচ্ছন্ন হয়ে যায় উপমার মন। ব্যথিত মন নিয়ে কামড়া ছেড়ে বেরিয়ে যায় উপমা। বেরিয়ে যায় একাকী কান্নায় বুক ভাসানোর জন্য। দীর্ঘ একটা রাত রূপার যন্ত্রণার সাক্ষী হয়েছে উপমা, দুর্ভাগ্যজনকভাবে গতকাল তার নাইট ডিউটি ছিল। উপমা মন্থর গতিতে এগোয়, আর অনেক কিছু ভাবে… উপমার বুকের ভেতর তৃষ্ণা হয়, সদ্য মা-হারা ওই বাচ্চাটার মা হবার তৃষ্ণা। ভীষণ রকম দুরন্ত একটা ইচ্ছে উপমাকে তাড়া করে পিছু পিছু…

°

সন্ধ্যার ফুরফুরে বাতাস গায়ের ওপর এসে আছড়ে পড়ে। শিরশিরে অনুভূতির শীতল স্রোত বয়ে যায় মেরুদণ্ড বেয়ে। সন্ধ্যার আকাশ ধীরে ধীরে মুছে দিচ্ছে গোধূলির লালিমা। নভেম্বর মাসের শীত জেঁকে বসেছে প্রকৃতিতে। সাদা পাঞ্জাবি পরিহিত মানুষটা সেই দুপুরের পর থেকে দাঁড়িয়ে আছে কৃষ্ণচূড়া গাছের নিচে। যেখানে বাদ জোহর সমাহিত করা হয়েছে তার প্রিয়তমা স্ত্রীকে। ভালোবাসার মেয়েটিকে ছেড়ে মুহিব যেতে পারছে না কিছুতেই। অতি অপরিচিত মুখটা সামান্য সময়ের ব্যবধানে যোজন যোজন দূরে চলে গিয়েছে। এই দূরত্ব ঘোচানোর সাধ্য মুহিবের নেই। মৃত্যু মানুষের জীবনের অমোঘ সত্য। সেই সত্যকে বুকে ধারণ করেই জীবনকে যাপন করতে হয় মানুষকে। এই সহজ সত্যটা বোঝার বোধ মুহিবের আছে। কিন্তু মন যে মানে না, চিৎকার করে প্রতিবাদ করে ওঠে। প্রেয়সীকে মাটির ঘরে শুয়ে রেখে সুখনিদ্রা ভোগ করতে পারবে না মুহিব। কিছুতেই পারবে না। মুহিব তো নিজেকে নিঃস্ব করে দিয়েও ভালোবাসার মেয়েটিকে পৃথিবীর বুকে বাঁচিয়ে রাখতে চেয়েছিল, কিন্তু রূপা গ্রহণ করেনি। রূপা নিঃস্ব হতে দেয়নি মুহিবকে।

বাড়ি বিক্রি করার একটা টাকাও খরচ করতে হয়নি রূপার চিকিৎসায়। তার আগেই মুহিবের প্রিয়তমা স্ত্রী জাগতিক মায়া ত্যাগ করে চলে গিয়েছে দূরে, বহুদূরে…

অথচ বিবাহবার্ষিকীর দিনেও মেয়েটা সেজেছিল খুব সুন্দর করে। মুহিবের হাতে হাত রেখে গাঢ়স্বরে বলেছিল,

“মিস্টার হাজবেন্ড, আমার কি মনে হয় জানো? তোমার এত ভালোবাসার কারণেই বোধহয় সৃষ্টিকর্তা আমার আয়ু বাড়িয়ে দেবেন। আমি বোধহয় আরও অনেক দিন বাঁচব।”

“বাঁচবেই তো! তোমাকে আরও অনেক বছর বাঁচতে হবে, বউ। আমাদের সন্তানের জন্য বাঁচতে হবে, তোমাকে আমার জন্য বাঁচতে হবে।”

হাতে হাত রেখে স্ত্রীকে আশ্বস্ত করেছিল মুহিব। আর স্বামীর আশ্বাসবাণীতে ভীষণ সুন্দর করে হেসেছিল রমণী। ফ্যাকাসে মুখ, রুক্ষ চোখে এক পৃথিবী আনন্দ নিয়ে চুলহীন মাথাটা এলিয়ে দিয়েছিল স্বামীর বুকে। মেয়েটার পরণে তখন বিয়ের বেনারসি শাড়ি ছিল। যে শাড়িটি পরেই একদা মুহিবের স্ত্রী হয়েছিল রূপা, সেই শাড়িটিই শেষ বিবাহবার্ষিকীর দিনে অঙ্গে জড়িয়েছিল মেয়ে। মুহিবের প্রতিদিন মনে হতো একদিন আগে যেমন দেখেছে তার চেয়েও আধিক রোগা হয়েছে প্রেয়সী। তবুও মনের গহিনে একটা আশা লালন করেছিল বুঝি, করেছিল প্রিয়তমার সুস্থ হয়ে ওঠার প্রতীক্ষা। প্রতীক্ষার প্রহর দীর্ঘ হতে দেয়নি মেয়েটা। মাত্র দুই মাস তেরো দিনের চিকিৎসাজীবন শেষে পৃথিবীর মায়া কাটিয়ে পাড়ি জমিয়েছে মৃত্যুলোকে।

দ্বিতীয়বার হাসপাতালের দমবন্ধকর পরিস্থিতিতে ফিরে যাওয়ার আগে মেয়েটা ভীষণ আকুল চোখে তাকিয়ে ছিল বাড়িটির দিকে। ছুঁয়ে ছুঁয়ে দেখেছিল সংসার-সবকিছু। অধৈর্য মুহিব সেদিন প্রশ্ন করেছিল,
“কী দেখছ এভাবে?”
“আমার সংসারটাকে মন ভরে দেখছি, বুঝলে? যদি আর কখনো এই সংসারটাকে দেখার সুযোগ না মেলে…”

সেদিন সংসারের প্রতিটি আসবাব, ঘরের প্রতিটি কোণ, চোখের সামনে বিচরণরত প্রিয় মানুষ দুটিকে যেন বুকের গভীরে গেঁথে নিতে চাইছিল মেয়েটি। চোখের পাতায় জমে ওঠা জলটুকু আড়াল করে ঠোঁটে টেনে এনেছিল ম্লান হাসি। আর মুহিব প্রচণ্ড বিরক্ত হয়েছিল, করুণভাবে বলেছিল,
“ছি! এসব বলো না। তুমি আবার ফিরবে বউ, সুস্থ হয়ে ফিরবে।”

আবার হেসেছিল মেয়ে। হাসিটিকে মরা চাঁদের মতো দেখিয়েছিল। ভীষণ রকম বিষণ্ণ হাসিতে মেয়েটি যেন বলে ফেলেছিল না-বলা অনেক কথা। মুহিব বোঝেনি মেয়েটার মনের ভাব, নীরবতার ভাষা। কে জানে, হয়তো নিজের আয়ুষ্কালের ক্ষুদ্র হয়ে আসা পরিসরটুকু মেয়েটা নিজে অনুভব করতে পেরেছিল সেদিনই। যন্ত্রণার দীর্ঘশ্বাস বেরিয়ে আসে বুক চিরে। ভালোবাসার নারীটাকে আজ মুহিব চিরতরে হারিয়ে ফেলেছে। মৃত্যুর আগেও যে নারী মুহিবের জীবনে এক এবং একমাত্র থাকতে চেয়েছে। বিরক্তি, মন খারাপ, একঘেয়েমি কাটানোর জন্য মুহিব যে ডায়েরিটি কিনে দিয়েছিল রূপাকে, সেই ডায়েরি ভরে মেয়েটা কেবল একটি বাক্যই লিখেছে। পাতার পর পাতা ভরে লিখেছে একটিমাত্র কথা—

“ভুলো না আমায়। যখন আমি এই পৃথিবীর কোনোখানে থাকব না, তখন তুমি আমায় মনে রেখো…”

নিজের হাতটাকে অন্য কারও হাতের বজ্র আঁটুনিতে আবিষ্কার করে করুণ চোখে তাকাল মুহিব। ভাইয়ের হাতের কবজি শক্ত করে আঁকড়ে ধরে জোরপূর্বক ঘরের দিকে টেনে নিয়ে যায় নাজমা। রাত বেড়েছে অনেকখানি। মাতৃহীন শিশুটি জ্বরের ঘোরে বারবার খুঁজে চলেছে পিতা-মাতাকে। কেউ নেই পাশে, কেউ তার মাথায় হাত বুলিয়ে স্নেহের সুরে সান্ত্বনার বুলি আওড়াচ্ছে না। মুহিব স্বার্থপর এ জন্যই নিজের বিরাট লোকসানের চিন্তায় বিভোর হচ্ছে, কাতর হচ্ছে। হ্যাঁ, এমন আরও নানা গঞ্জনার বাণী শোনাতে শোনাতে মুহিবকে ঘরে নিয়ে যায় নাজমা।

জ্বরে কাতর বাচ্চাটা বিছানায় কাঁথা আঁকড়ে শুয়ে আছে। মলিন মুখে-চোখে ভর করেছে অসুস্থতার ক্লান্তি। আধবোজা চোখ, কাঁথার এককোণ মুঠোয় চেপে ধরে আপনমনে বিড়বিড় করছে সে। অস্পষ্ট স্বরে কী যেন বলে চলেছে। মুহিব কৌতূহলী হলো, পুত্রের মুখের কাছে কান এগিয়ে দেয় মুহিব। শুনতে পায় জ্বরাক্রান্ত বাচ্চাটার বিলাপ,
“মামুনি, মামুনি…”

পরম স্নেহে সন্তানের মাথায় হাত বুলায় পিতা। বেদনাবিধুর পিতৃহৃদয়ের সামনে বোধহয় একটু হোঁচট খায় মুহিবের প্রেমিক সত্তা। মুহিব শুধু স্বার্থপরের মতো স্ত্রী বিয়োগের চিন্তায় কাতর হয়েছে, অথচ এই ছোট্ট প্রাণটাও যে হারিয়ে ফেলেছে মাতৃস্নেহের চিরস্থায়ী পরশ। হারিয়ে ফেলেছে চিরকালের মতো…

এই নির্মম সত্যটা একবারও অনুভব করেনি মুহিব। মুহিবের অনুশোচনা হয়, পুত্রের মাথায় হাত বুলাতে বুলাতে ভেজা গলায় বলে,
“ঘুমাও বাবা, একটু শান্তিতে ঘুমাও তুমি।”

জ্বরের ঘোরেও স্পষ্ট পিতার কথাগুলো বুঝতে পারে আদিল। চোখ মেলে তাকায়। অবসন্ন চোখ দুটো কী যেন খুঁজে ফেরে এদিক-ওদিক। বিছানায় শুয়েই দুর্বল হাতে বাবার জামাটা খামচে ধরে সে। অস্ফুটে বলে,
“আমার মামুনি কোথায় পাপা? বলো না কোথায়, মামুনি…”

সন্তানের ব্যাকুলতার দিকে স্থবির চোখে তাকিয়ে থাকে মুহিব। পুত্রের মাথার ওপর রাখা হাতটা কাঁপে তিরতির করে। কাঁপে পুরুষালি ভরাট ওষ্ঠাধর। সান্ত্বনার ভাষা নেই কোনো। আবারও যখন ব্যাকুল প্রশ্ন করে বাচ্চাটা, তখন কাঁপা কাঁপা গলায় ব্যক্ত করে পুরুষ,
“তোমার মামুনি ঘুমাচ্ছে বাবা। সাড়ে তিন হাত মাটির নিচে তোমার মামুনিকে শুইয়ে রেখে এসেছি। সেখানে শান্তিতে ঘুমাচ্ছে তোমার মামুনি।”

আদিল দেখেছে মৃত্যুর পরের আয়োজনটুকু। দেখেছে সাদা কাফনে মুড়িয়ে একটা দেহকে খাটিয়ায় তুলে নেওয়া হয়েছে কবরের কাছে। তারপর ধীরে ধীরে লাশটাকে নামিয়ে দেওয়া হয়েছিল মাটির গভীরে খোঁড়া সংকীর্ণ গহ্বরে। একমুঠো, দুমুঠো করে মাটি ফেলেছিল সবাই। একটু একটু করে ঢেকে গিয়েছিল সাদা কাফনের অস্তিত্বটুকুও। শেষ পর্যন্ত সেখানে পড়ে রইল কেবল একঢিবি কাঁচা মাটি, মাথার কাছে গোঁজা একটি খেঁজুর গাছের ডাল। সেখানে ঘুমাচ্ছে তার মামুনি? কেন? সেখানে কেন ঘুমাবে? বাচ্চাটা ডাকে ক্ষীণ স্বরে,
“পাপা…”
“বলো সোনা।”

ছেলেকে বুকের মধ্যে টেনে নিতে নিতে সাড়া দেয় মুহিব। পিতার বুকের গভীরের শূন্যতাটুকু বাড়িয়ে দেয় ছেলেটার পরবর্তী প্রশ্ন,

“মামুনি মাটির নিচে একা থাকবে কীভাবে? মাটির নিচে তো অনেক অন্ধকার। পাপা, মামুনি তো অন্ধকারে ভয় পায়।”

বুকের মধ্যে পাথরচাপা একটা দীর্ঘশ্বাস জমে ওঠে মুহিবের। বুকের ভেতরটা দুমড়েমুচড়ে যায় প্রচণ্ড যন্ত্রণায়। নিঃশব্দে গলাকাটা মুরগির মতো কাতরায় মুহিব। ছেলের মাথাটা বুকের সঙ্গে আরও শক্ত করে চেপে ধরে। চোখের কোণে জমে ওঠা জল আড়াল করতে মুখ নামিয়ে নেয় আদিলের ছোট ছোট চুলের ভাঁজে। নিজের কান্না চেপে রাখার তাগিদে দুটো দাঁতে কামড়ে ধরে পুরুষ। ক্ষতবিক্ষত হয় মুহিব, মুহুর্মুহু ক্ষতবিক্ষত হয় ক্রমাগত। কারণ জ্বরাক্রান্ত বাচ্চাটা আবারও আচ্ছন্নর মতো আওড়াচ্ছে,

“পাপা, তুমি এত নিষ্ঠুর কেন পাপা? মামুনিকে একা একা মাটির নিচে রেখে আসছ কেন, পাপা? মামুনি ভয় পাচ্ছে, খু-উ-ব ভয় পাচ্ছে…. আমাকে মামুনির কাছে নিয়ে চলো পাপা, প্লিজ নিয়ে চলো…”

[সমাপ্ত]

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 15 শেষ করেছেন।

আগের পর্ব উপন্যাস সমাপ্ত

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন