#এক_প্রেমিক_পুরুষের_ইতিবৃত্ত
[১৪]
#সানজিদা_খানম_স্বর্ণা
ভাতের সাথে তেলে ভাজা শুকনো মরিচ ডলে গোগ্রাসে খাচ্ছে মানুষটা। মাঝে মাঝে ব্যস্ত ভঙ্গিতে পাতে ঢেলে নিচ্ছে অল্প একটু ডাল। যেন বেশি নিলেই ফুরিয়ে যাবে। কয়েক লোকমা মুখে পুড়েই ডগডগ করে গ্লাসভর্তি পানিটা শেষ করে ফেলল। দেখেই আন্দাজ করা যায় বেশ শিক্ষিত, মার্জিত রুচির অধিকারী একজন ক্ষুধার্ত মানুষ। ভীষণ রকম দুঃসময় উপস্থিত বলেই এমন দুর্বিষহ জীবন কাটাতে হচ্ছে তাকে। জানে না কেন, বুকের ভেতরটা ভারাক্রান্ত হয়ে ওঠে উপমার। বুক চিরে বের হয়ে আসে ভারী দীর্ঘশ্বাস।
রাজধানীর ভীষণ সস্তার হোটেলের এক কোণায় বসে মাথা নিচু করে হাভাতের মতো খেতে থাকা মানুষটাকে উপমা সিদ্দিক চেনে। চিনতে না পারার অবশ্য তেমন কারণ নেই। মানুষটা ৩০৭ নম্বর কেবিনের রোগিণীর স্বামী। খুব ব্যস্ত জীবনে রোগীর সঙ্গীর প্রতি খুব মনোযোগ দেবার কথা নয় উপমার। তবুও হোটেলের বাইরে থেকে ভেতরের দৃশ্যটিকে কোনোভাবেই অবহেলা করা যায় না। জীবনে চলার পথে কোনো এক বাঁকে সামান্য সময়ের জন্য দেখা হয়েও কিছু মানুষ আজীবন থেকে যায় মনের মণিকোঠায়। মুহিব নামের এই ভদ্রলোক বোধহয় তেমন একজন।
পরম পরিতৃপ্তিভরে চেটেপুটে প্লেটের খাবার শেষ করে মানুষটা। অতঃপর বিল মিটিয়ে বেরিয়ে যাওয়ার কালে মুহিব একবার মুহূর্তের জন্য ডাক্তারের পোশাক পরিহিত রমণীকে অবলোকন করল। সেই অবলোকনের দৃশ্যটুকু চোখ এড়াল না উপমার। নিজে থেকেই অকুণ্ঠ অমায়িক কণ্ঠে হাসিমুখে বিস্ময় প্রকাশ করল মেয়েটা,
“আপনি! এখানে?”
দাঁড়িয়ে পড়ল মুহিব। সহজ-সপ্রতিভ গলায় উত্তর দিল,
“লাঞ্চ করতে এসেছিলাম।”
অবশ্য মুহিবের তীব্র ইচ্ছে হয়েছিল কঠিন গলায় বলতে—হোটেলে মানুষ কী করতে আসে? স্ত্রীর সেবায় নিয়োজিত ডাক্তার বলেই রূঢ়ভাবে জবাব দিতে পারল না মুহিব। স্ত্রী ভিন্ন অন্য কোনো মেয়েমানুষের সংস্পর্শ, সঙ্গ কিছুই ভালো লাগে না মুহিবের। কথা বলতেও অস্বস্তি হয়। মনে হয়, রূপা জানতে পারলে মন খারাপ করবে। মেয়েটা ভীষণ রকম আবেগপ্রবণ কিনা! এমনিতেই ডাক্তার মেয়েটিকে নিয়ে মাঝেমাঝে মনগড়া ভবিষ্যতের গল্প বানায়। সেজন্যই অস্বস্তি হলো মুহিবের, তীব্র অস্বস্তি…
অবশ্য সূক্ষ্ম হাসির দেখা মেলে উপমার সুগঠিত ওষ্ঠাধরের কোণে। প্রেম নয়, ভালোবাসাও নয়। শুধু এই মানুষটার প্রতি একটুখানি ভালোবাসায় মুড়িয়েছে উপমার মনটা। জীবনের এতোগুলো বছর পেরিয়ে এসে স্ত্রীর প্রতি স্বামীর সত্যিকারের অমোঘ প্রেম দেখে একটুখানি ভালোলাগা বিস্তার করেছে মনে মনে। তাই তো মানুষটাকে দেখার তীব্র আকর্ষণ কাজ করে উপমার। লোকটার রোগিণী স্ত্রী আহামরি সুন্দরী নয়। বড় সাদামাটা একটা নারী শরীরের অধিকারী তবুও স্বামীর ভালোবাসায় পূর্ণ। অথচ উপমা সিদ্দিক ভীষণ রকম রূপবতী। শরীর জুড়ে ঢলঢলে লাবণ্য। সুডৌল অবয়ব, নিতম্বের মেদুর বক্রতা, সুষম বক্ষযুগল আর তন্বী কোমরের অপূর্ব সংযোগ মেয়েটাকে নিখুঁত রূপবতী বানিয়েছে। এই নারীকে দেখলে মুগ্ধ হতে হয়। ভালোবাসতে ইচ্ছে করে অনন্তকাল ধরে।
একজন ছিল, যে মানুষটা সৌন্দর্যের কদর করে গাঢ়স্বরে বলত,
“তোমার শরীর দেখলে নেশা ধরে যায় উপমা। তোমাকে সারাক্ষণ শুধু ভালোবাসতে ইচ্ছে করে।”
বুকের মাঝে সুখের ধ্বনি বাজত সেই কথাগুলো শুনে। কিন্তু প্রতিদিন, প্রতিমুহূর্তে সেই ভালোবাসার উত্তাপ উপভোগ করার সুযোগ ছিল না উপমার। পেশাগত দায়িত্বের জেরে দুজনকে বাস করতে হতো দুই শহরে। সেই মানুষটাকে সামনে থেকে দেখার তৃষ্ণায় ব্যাকুল হতো সপ্তাহের প্রতিটি দিন। অতঃপর ছুটির দিনে প্রতীক্ষার তীব্রতায় রাত্রিগুলো অন্যরকম হতো। ভীষণ রকম ভালোবাসায় রাত ফুরিয়ে ভোর আসত জীবনে। সেই মানুষটাও ভীষণ রূপবান ছিল। তীব্র প্রেমের সেই ভোরগুলোতে জানালা দিয়ে আসা রৌদ্রের ছটায় মানুষটাকে রাজপুত্রের মতো লাগত। নগ্ন ঊর্ধ্বাঙ্গে স্পষ্ট লেপ্টে থাকত প্রেয়সীর সুখের মুহূর্তে করা আঘাতের চিহ্ন। ঘুমন্ত চোখের পাতায় এলোমেলো চুলগুলো আছড়ে পড়লে মানুষটাকে আশ্চর্য রকম সুন্দর দেখাতো। আজও স্পষ্ট মনে পড়ে সেইসব দিন। দুজন ভীষণ রকম সুন্দর দেখতে মানুষের সংসার জীবনের প্রথম বছরটা বেশ ভালোই কেটেছিল। কিন্তু ধীরে ধীরে সেই সংসারে আঁধার ঘনিয়ে আসে।
উপমার স্বামী-পুরুষ বলেছিল,
“অনেক হয়েছে সুখের দাম্পত্যলীলা। এবার আমাদের বাচ্চা নেওয়া উচিত। উপমা, লেটস ট্রাই ফর আ বেবি।”
দুজন থেকে তিনজন হওয়ার স্বপ্নে আচ্ছন্ন হয়েছিল মানুষটার মন। উপমাও স্বপ্ন দেখেছিল। প্রথম প্রথম ভীষণ উচ্ছ্বাস নিয়ে মাসের তারিখ গুনত উপমা। কয়েকটা দিন পেরিয়ে গেলেই বুকের ভেতর কেমন অদ্ভুত আনন্দের ঢেউ উঠত। মনে হতো, এই বুঝি তাদের ভালোবাসার ছোট্ট কোনো চিহ্ন তার শরীরে এসে ধরা দিল। কিন্তু প্রতিবারই অপেক্ষার শেষে হতাশা এসে গ্রাস করে নিতো সমস্ত উচ্ছ্বাস। উপমার ডাক্তার সত্তা তখনও তাকে আশ্বস্ত করত। চিকিৎসক হিসেবে যা যা জানা ছিল, সবকিছু দিয়েই নিজের শরীরকে বোঝার চেষ্টা করল উপমা। হরমোনের মাত্রা, ডিম্বস্ফোটন ঠিকমতো হচ্ছে কি না, জরায়ুর অবস্থা—সব বিষয় নিয়ে দীর্ঘসময় আলোচনা করেছিল পরিচিত গাইনি ডাক্তারের সাথে। সন্তান ধারণে বিলম্ব হবার উল্লেখযোগ্য কোনো কারণ খুঁজে পেল না গাইনি চিকিৎসক। রিপোর্টেও লক্ষণীয় কোনো অস্বাভাবিকতা ছিল না। তবুও উপমার শরীর একটা প্রাণ জন্ম দিতে সক্ষম হয়নি…
ভেঙে পড়েছিল মেয়েটা। অসহায় হয়ে আঁকড়ে ধরতে চেয়েছিল প্রিয় মানুষটাকে। কিন্তু ততদিনে স্ত্রীর উপর থেকে আগ্রহ হারিয়েছে স্বামী-পুরুষ। এবং দিন দিন সেই অনাগ্রহ, অবহেলা, অপমান ফিরিয়ে দিতে লাগল সমাজের চোখে সুন্দরী, শিক্ষিতা উপমা সিদ্দিককে। বাদ রাখেনি গায়ে হাত তুলতে। নিজের সংসারে উপমা অচ্ছুত হিসেবে বিবেচিত হতে লাগল দিনের পর দিন। অতঃপর একদিন রাতে ক্ষীণ হাসি ঠোঁটের কোণে ঝুলিয়ে উপমা বলেছিল,
“সংসারটা বোধহয় আর করা গেল না, বুঝলে? আমাদের উচিত ডিভোর্সের চিন্তাভাবনা করা। আমি চলে গেলে তুমি নির্ভয়ে প্রেমিকাকে বিয়ে করে এইখানে এনে রাখতে পারবে।”
“মানে? কী সব আবোল-তাবোল কথা বলছো?”
প্রিয় পুরুষের অবোধের অভিনয় দেখে হেসেছিল মেয়েটা। মানুষটাকে উপমা চেনে বহুদিন। শিরায়-উপশিরায় চেনে, রন্ধ্রে রন্ধ্রে চেনে, মানুষটাকে এত গভীরভাবে চেনে যে চকিত মুহূর্তের জন্য চোখে খেলে যাওয়া ভয়ের আভাসটাও স্পষ্ট দেখতে পায়। নারীশরীর ভালোবাসার পুরুষটা যখন দিনের পর দিন স্ত্রীর শরীর ছুঁয়েও দেখে না তখন স্বাভাবিকভাবেই কি সন্দেহ দানা বাঁধে না মনে? সেই সন্দেহ আজ ঘুচে গিয়েছে। উপমা জানতে পেরেছে প্রিয় পুরুষ, তার অনুপস্থিতিতে ঘরে প্রেমিকা এনে তুলেছে। যে ঘরে স্বামীর সাথে ভালোবাসাময় মুহূর্ত কাটাতো সেই ঘরে অন্য একটা মেয়ের সাথে রাত্রিযাপন করেছে তার ভালোবাসার পুরুষ। ঠিক সেই মুহূর্ত থেকে মানুষটাকে ভালোবাসা বন্ধ করে দিয়েছে উপমা। পৃথিবীতে যেই মানুষটিকে সবচেয়ে ভালোবেসেছিল উপমা, সেই মানুষটির প্রতি তীব্র ঘৃণায় বিতৃষ্ণ হয়ে উঠেছে মন। তাই ছলনায় ভুলে না নারীমন।
রূঢ় কণ্ঠে বলে,
“বিয়ে ছাড়া একটা মেয়েকে নিয়ে তুমি দিনের পর দিন আমার বেডরুমে রাত কাটাচ্ছো, সেটা কী? বাসার দারোয়ান থেকে শুরু করে কাজের মেয়ে অবধি আড়ালে গসিপ করছে সেটা শুনতে তোমার ভালো লাগলেও আমার লাগে না। আমার লজ্জা হয়, ঘৃণা হয়।”
প্রতারণার অনলে জ্বলে মেয়েটার সর্বাঙ্গ। চোখে-মুখে ছড়িয়ে থাকে ঘৃণার লেলিহান শিখা। আর অপমানে রাঙা হয়ে ওঠে সেই মানুষটার ফর্সা মুখ। মুহূর্তের ব্যবধানে আক্রমণাত্মক মনোভাব নিয়ে তেড়ে আসে মানুষটা,
“ঘৃণা হয়? আমাকে তোমার ঘৃণা হয়?”
“তোমাকে নয়। নিজেকে ঘৃণা হয়। এমন দুশ্চরিত্র, নোংরা মানুষকে এককালে ভালোবেসেছি ভেবে নিজের উপর ঘৃণা হচ্ছে, রাগ হচ্ছে। তোমাকে চরিত্রহীন মানুষকে নিজের ঘৃণার যোগ্যও মনে করি না, ছিঃ!”
এরপর ভীষণ রকম অপমানিত বোধ করেছিল স্বামী-পুরুষ। অপমানিত হয়ে আঘাত করেছিল মেয়েটাকে। এলোপাতাড়ি আঘাত করে হত্যা করেছিল মনে লুকিয়ে রাখা শেষ ভালোবাসাটুকুও। অবশ্য উপমার একমাত্র অবলম্বন ছিল কণ্ঠনালী। মাতৃভাষায় যত রকমের বিশ্রী গালি আছে সবই প্রয়োগ করেছিল মেয়েটা। সজ্ঞানে যেসব গালি কখনো ভুলেও উচ্চারণ করতে পারবে না সেইসবই অবলীলায় বের হয়েছিল কণ্ঠনালী চিরে। পরবর্তীতে অবশ্য আশ্চর্য হয়ে ভেবেছিল উপমা—শিক্ষিত, শালীন পরিবারে বড় হয়েও এমন বিশ্রী গালি সে আত্মস্থ করল কীভাবে? উত্তর পায়নি। তবে সেদিনই শেষ। এরপর কয়েকদিনের ভেতরেই ভালোবাসার পুরুষের সাথে সম্পর্ক ভেঙে গিয়েছিল মেয়েটার। অতঃপর পেরিয়ে গেছে অনেকগুলো বছর। ভালোবাসার প্রতি আস্থা হারানো মেয়েটা কাউকে আর ভালোবাসার আগ্রহ খুঁজে পায়নি। যতদিন না…
যতদিন না ৩০৭ নম্বর কেবিনের রোগিণীর যত্নশীল স্বামীকে দেখেছিল। সেই দম্পতিকে দেখে মনে হয়েছিল জীবন বুঝি তার সাথে বড় অবিচার করেছে। বহুদিন হলো কারো বুকের উষ্ণতায় মিশে গিয়ে উপমা ভালোবাসার বাক্য আওড়ায় না, অথচ বড় লোভ হয়। বড় বেশি লোভ হয় একজনের বুকে মিশে যেতে…
মিশে যেতে সেই মানুষের বুকে যেই মানুষটা উপমাকে ভালোবাসেনি কখনো। কিংবা হয়তো ভালোবেসেছিল, জীবনের এক পর্যায়ে সেই ভালোবাসাটুকুন ফুরিয়ে গেছে শুধু। তাই খাঁটি ভালোবাসা দেখলে উপমার বুকের ভেতর তিরতির করে কাঁপে, তিলতিল করে জ্বলে। সত্যিকারের ভালোবাসা পাবার আফসোস ভীষণ রকম পোড়ায় তাকে। প্রবল তৃষ্ণা হাহাকার করে ঘুরে বেড়ায় অন্তরের প্রতিটি কোণে।
যেই মানুষটা নেই উপমার জীবনের কোথাও, সেই মানুষটাকে উপমা ভুলতে পারেনি। তাই রূপা-মুহিব দম্পতির ভালোবাসার দৃশ্য দেখলে অস্তিত্বে ফিরে ফিরে আসে সেই মানুষটার ভালোবাসার অনুভব। যেই মানুষটার অভাবে উপমা পরিণত হয়েছে রূঢ়ভাষিণী, হৃদয়হীন ডাক্তার হিসেবে। যেই মানুষটার অভাবে রাতগুলো বড় নিঃসঙ্গ লাগে উপমার। অথচ দাম্পত্যের শুরুতে মানুষটার উত্তাল পৌরুষের দাপটে যখন ছিন্নভিন্ন হয়ে যেত মেয়েটার কোমল দেহ, যখন চোখের কোণ বেয়ে ঝরত সুখের অশ্রু তখন সেই মানুষটা ঠোঁটের স্পর্শে শুষে নিতো গাল বেয়ে গড়িয়ে পড়া অশ্রুকণা। এখন আর কেউ যত্ন নিয়ে চোখের জল মুছে দেয় না। নিঃসঙ্গ রাতে একাকী কান্নায় বালিশ ভেজায় বোকা মেয়ে।
মাঝে মাঝে তাই ৩০৭ নম্বর কেবিনের রোগিণীকে দেখে ঈর্ষা হয় উপমার। এমন ভালোবাসা পাবার সৌভাগ্য কেন হয়নি তার? সেই মানুষটা কেন এমন করে যত্ন করেনি তাকে, পাশে থেকে সাহস যোগায়নি তাকে? কেন, কেন, কেন?
সেই মানুষটা,
সেই মানুষটা…
যার নাম ছিল মুহিব। অথচ রূপার স্বামী-পুরুষের মতো প্রেমিক হতে পারেনি সে… নামের সাথে সামঞ্জস্য থাকলেও স্বভাবগত দিক থেকে দুজন ভিন্ন। ভীষণ রকম ভিন্ন… মুহিব নাম ছিল মানুষটার, মুহিব…
°
মুহিবের জীবনের দিনগুলো সব মোটামুটি একই রকমভাবে পার হয়। এতদিন জীবন ছককাটা পথে মসৃণভাবে এগিয়ে চলছিল নিজস্ব ছন্দে। এখন দিন বদলেছে, বদলেছে পরিস্থিতি। রাজধানী থেকে বেশ অনেকখানি দূরে ছোট্ট মফস্বলে সাদামাটা সংসার সাজিয়েছিল রূপা-মুহিব দম্পতি। খোলামেলা ছাদের একতলা বাড়িটা নিজস্ব। বাড়ির একপাশ ঘেঁষে বাইরে থেকে উঠে গেছে সরু লোহার সিঁড়ি, সিঁড়ির ধাপগুলো পেরোলেই ছোট্ট খোলা ছাদ। ভাগ্যবিড়ম্বিত কন্যাকে মুহিবের নানা বাড়িটা জীবদ্দশায় লিখে দিয়েছিলেন। তখনো এলাকায় শহুরে হাওয়া লাগেনি। কিন্তু নগর ধীরে ধীরে নিজের আধুনিকতা নিয়ে গ্রামকে গড়ে তুলেছে মফস্বল।
ছোট্ট, ছিমছাম শহরে স্বপ্নের সংসার পেতে জীবনে সাতটি বছর দিব্যি সুখে কাটিয়েছিল দুজন। বিত্তের রমরমা কখনোই ছিল না এ সংসারে কিন্তু তবুও দিনযাপন সুখের ছিল, শান্তির ছিল। রূপার কল্যাণে মাস শেষের দিনগুলোও ছিল খুব স্বস্তির। ভারী লক্ষ্মীমন্ত সুরূপা গৃহিণী রূপা নিজের সংসারকে বড় বেশি ভালোবাসে। সংসারের হাঁড়িপাতিল থেকে শুরু করে ঘরের প্রতিটি কোণায় রূপার ভালোবাসার স্পর্শ লেগে আছে। আলমারিতে ভাঁজ করে রাখা জামাকাপড়ের ভাজে লেগে আছে প্রিয় নারীর হাতের উষ্ণতা। জানালার ধারে রাখা টবের গাছগুলোর পাতায় ঝিলমিল করেছে স্ত্রীর প্রতিদিনের জল দেওয়ার যত্ন। এই বাড়ি, এই ঘর ভীষণ রকম প্রিয় মেয়েটার। অথচ এখানে এলেই কী ভীষণ দমবন্ধ লাগে মুহিবের! রাতগুলো কী ভীষণ নিঃসঙ্গতায় কেটে যায়! তখন বুকের ভেতর হাহাকার করে ওঠে। প্রিয় নারীর সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত ফিরে ফিরে আসে স্মৃতি হয়ে।
আর তখন মুহিব ছুঁয়ে দেয় প্রেয়সীর যত্নের জড়বস্তুগুলোকে। এলোমেলো করে ফেলে নিজের অজান্তেই। মলিন ধুলোর আস্তরণে জৌলুশ হারানো আসবাবগুলো যেন ব্যঙ্গ করে মুহিবকে। তীব্র আর তীক্ষ্ণ ব্যঙ্গ। তারা যেন মুহিবের স্পর্শ মেনে নিতে পারে না। আর পারে না বলেই মুহিবও সংসারটাকে গুছিয়ে রাখতে পারে না কোনোভাবেই। অথচ রান্নাঘরে এক কাপ চা ভিন্ন অন্য কিছুর জন্য যাওয়া হয় না তার। সামান্য এক কাপ চা বানাতে গিয়ে সম্পূর্ণ রান্নাঘর এলোমেলো করে ফেলে রূপার স্বামী-পুরুষ। রূপা দেখে না, রূপা জানে না— ছাদের এক কোণায় পরম মমতায় লাগানো নয়নতারা গাছের ফুলগুলো ঝরে যায় নিরাশায়। টবে লাগানো মরিচ গাছ জৌলুশ হারায় যত্নের অভাবে।
আর তীব্র গরমে খালি গায়ে মুহিব যখন পায়চারি করে ছাদ জুড়ে, তখন অজ্ঞাতসারে চোখের জল গাল বেয়ে পড়ে খোলা বুকে। মাথার ভেতর ক্রমাগত প্রতিধ্বনিত হয় একটি মাত্র শব্দ ‘টাকা!’ স্বল্প বেতনের চাকরি করে সংসার চালানো গেলেও রূপার চিকিৎসার জন্য ওই টাকাগুলো যথেষ্ট নয়। উত্তরাধিকার সূত্রে পিতৃপ্রদত্ত কোনো সম্পত্তির মালিকানা পায়নি মুহিব। নানা বাড়ির এই দানটুকু গ্রহণ করেই দিব্যি জীবন কেটে যাচ্ছিল। কিন্তু আর সম্ভবপর নয়। চিন্তায় অস্থির মুহিবের কপালের দুপাশ দপদপ করে স্পন্দিত হতে থাকে। দুশ্চিন্তার ভারে মাথাটা যেন ফেটে যাওয়ার উপক্রম হয়। মস্তিষ্কের প্রতিটি কোণে অবিরত অনুরণিত হয়, এক দুর্লভ বস্তুর নাম—
টাকা!
টাকা!
টাকা!
অথচ ভালোবাসার মেয়েটির কাছে প্রতিজ্ঞাবদ্ধ মুহিবের প্রেমিক মন। কিন্তু সংসারের প্রতি নিবেদিতপ্রাণ সুশ্রী নারীটি চিরকাল মৃতব্যয়ী। নিজের ভয়াবহ অসুখের খবরেও অর্থচিন্তা দারুণভাবে কাবু করেছিল মেয়েটিকে। তাই স্বামীর হাত ধরে মিনতিপূর্ণ কণ্ঠে বলেছিল,
“শুনেছি, ক্যান্সারের চিকিৎসায় নাকি অনেক খরচ! আদিলের আব্বু, তুমি এত টাকা কোথায় পাবে? আমাদের তো এত সামর্থ্য নেই। তাছাড়া ক্যান্সারের রোগী পুরোপুরি কখনোই ভালো হয় না।”
স্ত্রীর সাথে কোনোভাবেই একমত হতে পারেনি মুহিব। সামর্থ্য নেই বলেই ভালোবাসার মেয়েটিকে এত সহজে মৃত্যুর দিকে অগ্রসর হতে দেবে মুহিব? চেষ্টা করবে না বাঁচিয়ে রাখার? বহুদিন আগে থেকেই যে পরস্পরের হাত ধরে একটা শান্তির জীবন কাটিয়ে দেবার প্রতিজ্ঞায় আবদ্ধ ছিল দুটো প্রাণ।
অন্ধকার ছায়া ঘনায় পুরুষের চোখে-মুখে,
“এসব ভেবো না, রূপা। কে বলেছে ভালো হয় না? এখন ক্যান্সারও চিকিৎসায় ভালো হয় বোকা মেয়ে। শোনো, কোনো নেগেটিভ চিন্তা করবে না। খারাপ যা কিছু সব আমাদের জীবন থেকে অনেক দূরে যাক, বহুদূরে…”
গভীর দৃষ্টিতে স্বামীর চোখে চোখ রাখে মেয়ে। আর মুহিবের মনের মাঝে ভয়ের আগুন ধিকিধিকি করে জ্বলে। প্রেয়সীকে হারানোর ভয়। ভীষণ নির্মমভাবে ভয় নামক শব্দটি কাবু করে মুহিব নামক পুরুষকে।
দীর্ঘশ্বাস মুক্ত করে কাতর কণ্ঠে আওড়ায় মেয়ে,
“তুমি কেন এত কিছু করবে মুহিব? কী প্রয়োজন? বিশ্বাস করো, আমার মনে হয় আমি বোধহয় বাঁচব না। শুধু শুধু কেন এত টাকা খরচ করবে তুমি?”
রূপার এমন অবান্তর প্রশ্নে মুহিবের ভীষণ রাগ লাগে। প্রশ্নটা আঘাত হানে দায়িত্ববোধে, বোকা মেয়েটা অজান্তেই অপমানিত করে মুহিবের ভালোবাসার সমস্ত অকৃত্রিমতাকে। মুহিব ক্ষুব্ধ হয়, মুহিবের ভেতরটা জ্বলেপুড়ে যায়। তবুও রূঢ়ভাবে জবাব দিতে পারে না পুরুষ।
রূপার কাঁধে ভরসার হাত রেখে নরম সুরে বলে,
“তুমি আমার জীবন, রূপ। আমার সন্তানের মা। তুমি ছাড়া এই পৃথিবীতে আমার কে আছে, বলো? আমার যা কিছু সব তোমার নয়? তুমি জানো না, আমি তোমায় কতটা ভালোবাসি? জেনেও এই প্রশ্নের মানে কী রূপ? বলো…”
রূপা জবাব দিতে পারেনি। কেবল ভালোবাসার মানুষটির বুকে আছড়ে পড়ে বিরামহীন কেঁদেছে।
আকাশে রূপোর থালার মতো ঝকঝকে চাঁদ উঠেছে। চাঁদের আলোয় ভেসে যাচ্ছে চরাচর। অসহনীয় নিঃসঙ্গতায় ছাদে পায়চারি করতে করতে আপনমনে স্মৃতি হাতড়ে বেড়ায় পুরুষ মন। এমন কতশত চাঁদনী রাত জীবন থেকে ঝরে গিয়েছে ভালোবাসায় মাখামাখি হয়ে। পূর্ণিমার রাতগুলোতে মেয়েটা ভীষণ সুন্দর করে সাজতো, চোখে গাঢ় কাজল লাগিয়ে মুগ্ধ চোখে চেয়ে থাকতো নিজের প্রতিবিম্বের দিকে। ভীষণ যত্ন নিয়ে শরীরে জড়িয়ে নিতো প্রিয় রঙের শাড়ি, এবং ভীষণ রকম মায়া মায়া কণ্ঠে আবদার করত,
“হ্যালো মিস্টার হাজবেন্ড, আপনি কি আমার শাড়ির কুঁচিটা ঠিক করে দেবেন?”
মুহিব যখন আলতো করে শাড়ির কুঁচি ভাজ করে দিতো, তখন উচ্ছ্বসিত হাসির তরঙ্গে দুলে উঠত মেয়েটার তন্বী দেহ। মুহিবের একটা হাত তখন শাড়ির আবরণ ভেদ করে চলে যেত মেয়েটার নগ্ন উদরের উপর, আঙুলগুলো আলতো করে ছুঁয়ে থাকত প্রেয়সীর মসৃণ ত্বক, আর অন্য হাতখানা জড়িয়ে রাখত কোমর। মুহিব গাঢ়তর স্বরে আওড়াতো,
“আচ্ছা রূপা, একটা সত্যি কথা বলবে?”
স্বামীর প্রশ্নে চোখ গরম করে তাকায় মেয়ে। ভালোবাসার পুরুষকে মিথ্যে বলার গুণটা আজও আয়ত্ব করতে পারেনি রমণী। তাই তো ঠোঁট উলটে বলে,
“আমি তোমাকে কখনো মিথ্যে কথা বলি?”
আমতা-আমতা করে রূপার ভীতু স্বামী-পুরুষ,
“না, বলো না।”
“তবে?”
ভ্রুকুটি করে অনুসন্ধিৎসু চোখে তাকায় রূপা। মুহিব হাসে। স্ত্রীর উদরের কাছে মুখ নিয়ে উষ্ণ নিশ্বাস ফেলে গভীর আবেগে। অতঃপর কৃত্রিম অভিমানী গলায় বলে,
“দূর! তুমি তো কথাটা বলতেই দিচ্ছো না আমায়।”
“ওকে সরি, বলো…”
“আমার বউটা এত সুন্দরী কেন, রূপা? এত রূপবতী একটা বউ আমার কপালে সৃষ্টিকর্তা কোনো পুণ্যের ফলে দান করেছেন? আল্লাহর এত দয়া কেন আমার উপর, বলতো দেখি?”
রূপার বুক ভরে উঠত স্বামী-পুরুষের উক্তিতে। পরপরই প্রশংসাটুকুন হজম করে নিয়ে চঞ্চলভাবে প্রতিপ্রশ্ন করত,
“শুধু রূপবতী, গুণবতী নয়? মুহিব তুমি এত খারাপ? আমাকে সুন্দরীদের তালিকায় স্থান দিয়ে তুমি গুণী রমণীর তালিকা থেকে বাদ দিয়ে দিলে? ওহ নো! তোমার মনে এত হিপোক্রেসি কেন, মাই ডেয়ার হাজবেন্ড? এই তোমাকে আমি এত ভালোবাসি? তোমার দ্বিচারিতার কথা স্মরণ করে আমার ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে, বিপি হাই হয়ে যাচ্ছে। উফফ!”
একটু থেমে লম্বা দম নিতো মেয়েটা। কোমর জড়িয়ে ধরে থাকা অসহায় স্বামীর প্রাণে এক ঝলক অবজ্ঞার দৃষ্টি হেনে করুণভাবে বলত,
“এজন্যই কবি বলেছেন, ‘জীবনে যত পাপই করিস কখনো ছেলেদের ভালোবাসিস না পাগলা। বিয়ে তো দূর…’ আমি ভুল করে ফেলেছি, ভীষণ ভুল!”
“তুমি বোধহয় কোনো মেয়েকে বিয়ে করতে চেয়েছিলে, তাই না বউ?”
স্বামীর দিকে চোখ বড় বড় করে তাকাতো রূপা। নাক-মুখ কুঁচকে এমন একটা ভঙ্গি করত যা দেখে মনে হতো জীবনে এমন বিশ্রী কথা পূর্বে কখনো শুনেনি সে। জিভে কামড় দিয়ে তীব্র কণ্ঠে বলল,
“আস্তাগফিরুল্লাহ! এসব কী নোংরা কথা বলছো তুমি? এত অশ্লীল কথা কোথায় শিখলে মুহিব?”
মুহিব জবাব দিতো না। বরং রূপসীকে বগলদাবা করে নিয়ে আসত ছাদে। চন্দ্রবিলাস করতে খুব ভালোবাসত কিনা মেয়েটা! আর মেয়েটার অনিন্দ্য সুন্দর মুখে ভরা জোৎস্নার আলো পড়লে তাকে মোহিনীর মতো লাগত। মুহিব আচ্ছন্ন কণ্ঠে আওড়াতো,
“জান, তোমার ঠোঁটে একটা চুমু খেতে চাই। অনুমতি দেবে? প্লিজ একটা…”
মেয়েটা মাখোমাখো লজ্জায় মিইয়ে গিয়ে নীরবে অনুমতি দিতো। আবার কখনো ভ্রু কুঁচকে বলত,
“নিজের বউকে চুমু দেবার আগে বারবার অনুমতি নাও কেন, হাঁদারাম? উফফ! এ্যাই তুমি কি জানো, তুমি দেখতে মানুষের মতো হলেও তুমি একটা গাধা…”
মুহিব জবাব দিতো না। স্বীকার করে নিতো স্ত্রীর সম্বোধনের সত্যতা। ভালোবাসার নারীর গাধা সম্বোধনেও লুকিয়ে আছে পরম প্রেম। এবং সেইজন্যই প্রেয়সীকে অনুমতিবিহীন কখনোই স্পর্শ করতে পারে না মুহিব। নিজের চেতনার নির্যাস নিংড়ে মুহিবের মনটা ফিরে যায় স্মৃতিতে। এবং বড় জীবন্ত, প্রাণবন্ত স্মৃতিগুলো তাকে পুড়ায়, ভীষণ রকম পুড়ায়…
নিঃসঙ্গ রাতে প্রেমানলে পুড়তে পুড়তে একটা বিরাট সিদ্ধান্ত নিয়ে ফেলে মুহিব। হ্যাঁ, বাড়িটা সে বিক্রি করবে। বহুদিন ধরে এই বাড়িটার উপর মামাতো ভাইদের একটা লুব্ধ দৃষ্টি ছিল, এবার মুহিব সেই দৃষ্টির দাবি পূরণ করবে। নিজের স্বার্থেই করবে, শুধু রূপাকে জানতে দেওয়া যাবে না। জানলে মেয়েটা কোনোভাবেই নিজেদের মাথা গোঁজার ঠাঁইটুকু প্রাণের বিনিময়ে নিলামে তুলতে দেবে না। কিছুতেই দেবে না। নিজের সংসারকে মেয়েটা ভালোবাসে, বড় বেশি ভালোবাসে…
—চলমান—