ফন্ট সাইজ:
থিম:
বন্ধু কাজল ভোমরা

পর্ব 4

লেখক: সানজিদা খানম স্বর্ণা

#বন্ধু_কাজল_ভোমরা [৪]
#সানজিদা_খানম_স্বর্ণা

তূর্ণার ঘুম ভাঙলো খুব সকালে। তখন সবেমাত্র ফজরের আজানের ধ্বনি ভেসে আসছে মুয়াজ্জিনের কন্ঠ থেকে। ঠিকঠাক অবশ্য শোনা যাচ্ছে না। কোলাহলে পরিপূর্ণ এ শহরে আযানের ধ্বনি পাওয়া সৌভাগ্য বটে। তূর্ণা আড়মোড়া ভেঙে উঠে বসলো। শরীরটা কেমন ম্যাজম্যাজ করছে। তার সদ্য ঘুমভাঙা মস্তিষ্ক পুরোপুরি সজাগ হতে সময় নিলো সামান্য। নিজেকে একটা পুষ্প সজ্জিত পালকে বসে থাকতে দেখে তার ভ্রুদ্বয় কুঞ্চিত হলো। মনে করার চেষ্টা করলো নিজের অবস্থান। মস্তিষ্কের স্নায়ুকোষে সামান্য চাপ প্রয়োগ করতেই গতকালের সমস্ত ঘটনা ধারাবাহিকভাবে মনে পরলো তার। সে এখন সিরাজগঞ্জের উল্লাপাড়া গ্রাম ছেড়ে দূরে বহুদূরে অবস্থান করছে। এটা শহর। সে বর্তমানে শশুরঘরে আছে। এখন তার কি করা উচিত ? তূর্ণা পাশে ফিরলো স্বামী নামক ভদ্রলোককে দেখার আশায়। কিন্তু হতাশ হলো ভীষণ। স্বামী নামক আসামী বিছানায় নেই। এমনকি এ ঘরেও নেই। গেলো কোথায় লোকটা? একটা জলজ্যান্ত মানুষ ঘর থেকে হঠাৎ উধাও হয়ে যেতে পারে না। দরজাটাও ভেতর থেকে বন্ধ। আচ্ছা লোকটা আদৌও মানুষ তো? জীত-ভূত জাতীয় কিছু নয়তো? হতেও পারে। সদ্য বিবাহিত বউয়ের সাথে যা ব্যবহার করলো গত রাতে। বলে কিনা তার গার্লফ্রেন্ড আছে। অভদ্রলোক কোথাকার! তূর্ণার এখন মনে হচ্ছে আসামীকে কিছু কড়া কথা শুনানো উচিত ছিল। এর পরেরবার এটা খেয়াল রাখতে হবে। তূর্ণার কি স্বামী ঘরে নেই এ নিয়ে চিন্তা করা উচিত? আচ্ছা, লোকটা রাতে এঘরে ঘুমিয়েছিলো কি? ভেবে পাচ্ছে না তূর্ণা।

সে ঘাড় চারপাশে ঘুরিয়ে হাই তুলে বিছানা থেকে নামলো। বাথরুমে গিয়ে ওজু করে আসলো। এরপর নামাজ আদায়ের উদ্দেশ্যে জায়নামাজ খুঁজলো সম্ভাব্য সকল স্থানে। কোথাও পেলো না যদিও। অগত্যা লাগেজ থেকে নিজের একটা ওড়না বের করে সেটা জায়নামাজ হিসাবে ব্যাবহার করতে উদ্যত হলো। নামাজ আদায় করে তূর্ণা চিন্তিত বদনে বসে রইলো। এই মুহুর্তে তার করণীয় কি? সুনিপুণা গৃহবধূর ন্যায় স্বামী শশুরের জন্য চা বানানো উচিত? কিন্তু এ বাড়িতে রান্নাঘর কোথায় সে সম্পর্কে অজ্ঞ সে। তাছাড়া এতো সকালে এই বাড়ির কেউ ঘুম থেকে ওঠেনি নিশ্চয়ই। তূর্ণা ঘরময় পায়চারি করতে লাগলো। হঠাৎই তার নজর গেলো ঘরের আরেকটা দরজার দিকে। তেমন লক্ষ্য করে আগে এটা খেয়াল করেনি সে। দরজাটার কাছে গিয়ে অনুধাবন করলো বিপরীত পাশ থেকে বন্ধ আছে দরজাটা। তূর্ণা বার কয়েক দরজাটা ধাক্কা দিলো। ইতস্ততবোধ করে মিহি স্বরে ডাকলো,
-“মিস্টার চৌধুরী শুনছেন?”

নিজের সম্ভোধনে আশ্চর্য হলো তূর্ণা। মিস্টার চৌধুরী? আনমনেই এই সম্ভোধনে বেরিয়ে গেছে। অবশ্য এছাড়া ডাকবেই বা কি বলে? তাদের তো আর বাচ্চা-কাচ্চা নেই যে ডাকবে, অমুকের বাপ, শোনো? আর হবে বলেও মনে হচ্ছে না। এই লোকের সাথে তূর্ণার জীবনেও ভাব হওয়া সম্ভব নয়। দেখা গেলো দুই-চার মাস পরে এই লোক বলে বসলো,‘এই মেয়ে শোনো, আমার তোমার সাথে আর পোষাচ্ছে না। আমার গার্লফ্রেন্ডকে বিয়ে করব আমি। আই ওয়ান্ট ডিবোর্স।’

তূর্ণা তখন কি করবে? হঠাৎই মন খারাপ হয়ে গেলো তার। এতোদূর তো সে ভাবেনি। যার সাথে তার বিয়ে হবে সেই ব্যক্তি যে রাজি নয় বিয়ের আগে একথা তো জানতো না তূর্ণা। বাসর ঘরে লোকটার কথায় জানতে পেরেছে সে। তাকে অপছন্দ করে এমন কাউকে বিয়ে করার কোনো ইচ্ছে ছিলো না তূর্ণার। বরং তাকে সর্বোচ্চ ভালোবাসবে এমন একজনের বউ হতে চেয়েছিলো সে। এই বিয়েটা করা তার জীবনে চরম ভুল সিদ্ধান্ত হিসাবে বিবেচিত হবে না তো? অবশ্য বিয়ে না করে তখন আর উপায়ন্তর ছিল না কিছু। চাচা-চাচীর যা তাড়া ছিলো তাকে বিয়ে দেবার। বুড়ো, বউম'রা লোকের সন্ধান করতেও বাদ রাখেনি। এই চরম দু:সময়ে তার পাশে দাঁড়িয়েছ রহমান চৌধুরী। তূর্ণার চোখ কৃতজ্ঞতায় সজল হয়। সে আর ভাবতে পারে না। একাকী বাঁচার জন্য হলেও নিজেকে প্রতিষ্ঠিত করা ভীষণ প্রয়োজন।

তূর্ণা আর অধ্যায়কে ডাকাডাকি করলো না।সে বাহিরে বের হবার উদ্দেশ্য প্রধান দরজাটা খোলা মাত্রই পেছন থেকে অধায়ের গমগমে কন্ঠস্বর ভেসে এলো,-“এই মেয়ে,কোথায় যাচ্ছো?”

তূর্ণা চকিতে পেছন ফিরে তাকায়। অধ্যায় বেলকনি ছেড়ে ঘরে এসেছে। তার চুলগুলো উসকোখুসকো, চোখেমুখে উদভ্রান্ত ভাব, এলোমেলো চোখের দৃষ্টি, চোখের নিচে ক্লান্তির ছাপ প্রমাণ করে রাতে ঘুম হয়নি তার। লোকটা কি সারারাত এখানেই বসে ছিলো? কি আশ্চর্য কথা! এতো আরামদায়ক বিছানা ছেড়ে কেউ এখানে বসে মশার কামড় খায়? অবশ্য মাথামোটা লোকেরা সবসময় ভিন্ন। তূর্ণা কম্পিত স্বরে শুধালো,
-“আপনি কি সারারাত ওখানে ছিলেন?”
-“আগে আমার প্রশ্নের উত্তর দাও।”
-“ওহ, আমি একটু বাহিরে যাচ্ছি।”
-“কি প্রয়োজনে?”
-“কোনো প্রয়োজন নেই। এমনি এমনি।”

অধ্যায় বিরক্ত হলো। এমনি এমনি কেউ কেন বাহিরে যাবে। আর নববিবাহিত দম্পতি এতো সকাল সকাল বাহিরে গেলে তাদের সম্পর্কটা নিয়ে সকলের বিরূপ ধারণা হবে। বিবাহের পর কয়েকদিন দম্পতির ঘরের দরজা খোলতে হবে দেরীতে। এটা নিয়ম। মেয়েটা কিছু জানে না নাকি? মেয়েটাকে তার একদম সহ্য হচ্ছে না। সে বিরক্তি নিয়ে বলল,
-“একদম বাহিরে যাবে না এখন।”
-“কেন?”
-“উফফ! তুমি এতো বেশী প্রশ্ন করো কেন?”
-“আপনি আমার প্রশ্নের উত্তর দেন না কেন?”
-“আবার?”

অধ্যায় প্রচুর বিরক্তবোধ করলো। তার মেজাজ বিক্ষিপ্ত হয়ে আছে। রাতে ঘুম হয়নি ঠিকঠাক। সকাল সকাল এখন আবার এই কালো মেয়েটাকে দেখতে হলো। আবার মুখে মুখে প্রশ্ন করে। ম্যানারলেস! তূর্ণা ভীত স্বরে স্বরে শুধালো,
-“তাহলে কি করব এখন আমি?”
-“আমার কোলে ওঠে বসে থাকো।”
-“আপনার গার্লফ্রেন্ড রাগ করবে না?”
-“অশিক্ষিত কোথাকার!”

এখানে অশিক্ষিত বলার মতো কি ব্যাপার হলো? নিজেকে সর্বক্ষেত্রে বৃহৎ প্রমানের তুচ্ছ চেষ্টাটা বড্ড অপ্রয়োজনীয়। তূর্ণা গ্রামের মেয়ে হলেও সে অশিক্ষিত নয়। এবছর সে এইচএসসি পরীক্ষা দিয়েছে। উপজেলা থানা শহরের একটা ছোটখাটো কলেজে পড়তো সে। ছাত্রী হিসাবে অসম্ভব মেধাবী না হলেও মন্দ নয় একেবারে। পড়াশোনার ইচ্ছেটা ছোট থেকেই প্রবল তার। বাবার মৃত্যুর পর সেসব ইচ্ছে ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখার সমতুল্য। চাচা-চাচী কখনোই তাকে পড়াশোনা করাতো না। সেই যাতনা থেকে বাঁচতেই এই এই অধ্যায় অরূপে কুধ্যায় চৌধুরীকে বিয়ে করেছে তূর্ণা। সুদর্শন,অভিজাত ছেলেদের প্রতি তার ঝোঁক ছিলো না কখনো। তার পছন্দ নিজের মতো কৃষ্ণাভ ছেলেদের। যেমনটা ছিলো এলাকার বড় ভাই বুলবুল। বুলবুলের সাথে তূর্ণার কিরূপ সম্পর্ক ছিল তা বর্ননা বর্ননা করা মুশকিল। বুলবুল পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেই থেকে তূর্ণা স্বপ্ন সেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বে। শহর থেকে ছুটিতে মাঝে মাঝে গ্রামে যেতো বুলবুল। তখন তূর্ণা আড়ালে আবডালে ওঁৎ পেতে থাকতো তাকে একপলক দেখার আশায়। বুলবুল তাকে প্রায়ই অনুপ্রেরণা দিতো। তখন থেকে তূর্ণার স্বপ্ন সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বে। তবে বাবার মৃত্যুর পর সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হলো। তবে রহমান চৌধুরী তাকে কথা দিয়েছে পড়াশোনার সব দায়িত্ব নেবেন উনি। তূর্ণার মনে এতেই প্রফুল্ল। আর কয়েকদিন পরেই ভর্তি পরীক্ষা। তূর্ণা সিদ্ধান্ত নিলো আজকে রহমান সাহেবকে কথাটা জানাবে সে।

তবে এই মুহুর্তে স্বামী রূপী আসামীর কথায় সে চরম অপমানিতবোধ করলো। যদিও সকাল সকাল মন খারাপ করতে তার ভীষণ আপত্তি তবুও এ বস্তু ধরা দিলো আপন নিয়মে। এজন্যই মাঝে মাঝে তূর্ণার মনে হয়, মন শরীরের খুবই অপ্রয়োজনীয় একটা অঙ্গ। বৈজ্ঞানিক ভাষায় অবশ্য মন বলতে তেমন কোনো বস্তুর অবস্থান নিশ্চিতভাবে শরীরে নেই। যা আছে তা হার্ট। বাংলায় যাকে বলে হৃদপিণ্ড। হৃদপিণ্ডের কাজ রক্ত পাম্প করা কোনো মানুষকে কষ্ট দেওয়া নয়। তবে কেন এতো কষ্ট অনুভূত হচ্ছে তার? ওসব খুব সস্তা আবেগ। আচ্ছা আবেগ কি সত্যি সস্তা? মানুষ হিসাবে তার বুঝি আবেগ থাকতে নেই?

-“এই মেয়ে, কি ভাবছো?”
হাতের আঙুলের ডগা দিয়ে তূর্ণার মুখের সামনে তুড়ি বাজিয়ে কথাটি বলল আধ্যায়। তূর্ণা সম্বিৎ ফিরে পায়। তার চোখ ছলছল করে। আবার সামান্য রাগও হয়। তার একটা সুন্দর নাম আছে। লোকটা কিনা তাকে বার বার ‘এই মেয়ে’ ‘এই মেয়ে’ বলে ডাকছে? কেন তার নাম নিলে কি মুখে ফুসকা পরবে? সে চোখ মুখ গম্ভীর করে বলল,
-“আমার একটা নাম আছে। আপনি আমাকে নাম ধরে ডাকতে পারেন।”
-“তুমি আমাকে হুকুম করছো?”
-“আবদার করছি।”
-“তোমার আবদার আমি রাখবো কেন? হুয়াই?”

অধ্যায় ভ্রু নাচায়। তূর্ণা হতাশ হলো। এই লোকটা এমন কেন? কি ভয়ংকর রকমের বাজে। তূর্ণা জীবনে এমন আজব পদার্থ দেখেনি। পদার্থ বললেও অবশ্য ভুল হবে। এ লোকটা আস্ত একটা অপদার্থ। পদার্থের ওজন আছে,আয়তন আছে, জায়গা দখল করে। এ ব্যাক্তির না আছে কথার কোনো ওজন না আছে ঠিকঠাক আয়তন। অপদার্থতা তার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য। অবশ্য তার মহান স্বামীটি এই আকুন্ঠ সত্য মানতে রাজি নয়। তূর্ণা হতাশ হয়ে ঘরের চারপাশে পর্যবেক্ষণ করলো। ঘরের ভেতরে কোনো কাজ করা যায় কিনা বেশ ভালোভাবে খুঁজে দেখলো সে। ঘরটা পরিপূর্ণ বিশৃঙ্খলায় ভরপুর। সে ড্রেসিং টেবিলের ওপর রাখা বস্তুগুলোকে সুন্দর ভাবে গুছিয়ে রাখতে শুরু করলো। অধ্যায় তোয়ালে নিয়ে ওয়াশরুমে ঢুকে গেলো। এই মুহুর্তে তার একটা লম্বা শাওয়ার দরকার। রাতের ক্লান্তি দূর হবে তাতে। মাথাটা ঝিমঝিম করছে।

তূর্ণা যথাসম্ভব কাজকর্ম গুছিয়ে বিছানায় পা ভাঁজ করে বসে রইলো। প্রায় আধঘন্টা সময় নিয়ে গোসল সেরে বের হলো অধ্যায়। তার পরলে কেবলমাত্র কোমর জড়িয়ে রাখা একটা সাদা তোয়ালে। ভেজা ভাবের কারণে ভেতরে যন্ত্রাংশ সবই প্রায় দৃশ্যমান। শরীরের উপরের অংশ উন্মুক্ত। ভেজা চুলগুলো আছড়ে পরেছে কপালে। বিন্দু বিন্দু পানির কণা ছড়িয়ে পরেছে মুখ জুড়ে। চেহেরায় আগের উদভ্রান্ত ভাবটা আর নেই। তার বদলে তূর্ণার চোখে ধরা দিলো পরিপাটি সতেজ এক অবয়ব। অধ্যায়ের প্রশস্ত কাঁধ, শক্ত বাহু, আর নিয়মিত জিম করা বুকের পেশী দেখে তূর্ণার বুকের ভেতর দ্রিমদ্রিম শব্দ হলো। তার ভীষণ লজ্জা লাগছে। আশ্চর্য এই লোকটা এভাবে বেরিয়ে এলো কেন? লজ্জার ছিঁটেফোঁটাও নেই। তূর্ণাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে অধ্যায় বাঁকা হেসে বলে ওঠলো,
-“পরপুরুষের দিকে অশ্লীল দৃষ্টিতে তাকানো উচিত নয়।”

লজ্জায় এবার মরেই গেলো তূর্ণা। বড্ড হেংলামি করে ফেলেছে সে। অধ্যায়ের কথাটা ভুল প্রমাণ করতে প্রাণ ওষ্ঠাগত তার। সে জোর দিয়ে বলল,
-“আমি মোটেও আপনাকে দেখছিলাম না। তাছাড়া আপনিই বা কেমন? এভাবে তোয়ালে পরে চলে এসেছেন।”
-“তো? কি হয়েছে তাতে?”

তূর্ণা হতভম্ব হয়। লোকটা আবার জিজ্ঞেস করছে, কি হয়েছে তাতে? এভাবে একটা মেয়ের সামনে তোয়ালে জড়িয়ে দাঁড়িয়ে থালা স্বাভাবিক? লোকটার কি এই বিশ্রী বিষয়টা একটুও অস্বাভাবিক লাগছে না? কি বিস্ময়কর কথা! তূর্ণা অপরদিকে মুখ করে বলল,
-“আপনার লজ্জা করে না?”
-“লজ্জা করবে কেন? আমি কি তোমার সামনে সদরঘাট খুলে বসে আছি?”
-“সদরঘাট কি জিনিস?”
-“সেটা তুমি বুঝবে না।”
-“যেটা বুঝবো না সেটা বলেন কেন?”
-“আসলে আমি মাঝে মাঝে ভুলে যাই তুমি যে মাথা মোটা।”
-“আপনি তো খুব মাথা চিকন।”
-“তোমার না কোনো সহবোধ শিক্ষা নেই।”
-“আপনার তো বোধ এবং শিক্ষা দুটোর কোনোটাই নেই।”

তূর্ণার বাঁকা কথায় অধ্যায় অসম্ভব অবাক হলো। মেয়েটা বলে কি তার বোধ এবং শিক্ষা কোনোটাই নেই। যত বড় মুখ নয় তত বড় কথা! অধ্যায় চৌধুরীর শিক্ষা সম্পর্কে কোনো ধারণা আছে তার? অধ্যায় চোখ বড় বড় করে তূর্ণার বাহু চেপে ধরে বলল,
-“তুমি বোধহয় ভুলে গেছো কার সামনে দাঁড়িয়ে কথা বলছো তুমি। আমি অধ্যায় চৌধুরী। আমার নাম শহরের অলিতে-গলিতে ফেরে।”
-“নিষিদ্ধ অলিগলিতে?”
-“হোয়াট ননসেন্স!”
-“না মানে, আমি শুনেছি শহরে নাকি। নষ্ট মেয়েদের গলি আছে। সেখানেই নাকি?”
-“তোমার স্পর্ধা তো কম নয়? হাউ ডেয়ার ইউ?”

অধ্যায়ের গলার স্বরে চিৎকারের বহিঃপ্রকাশ ঘটলো। হাতের বাঁধন দৃঢ হলো। যা প্রমাণ করে সে এই মুহুর্তে প্রচুর উত্তেজিত হয়ে আছে। তূর্ণা অবশ্য কম যায় কিসে। সে দ্বিগুণ তেজ নিয়ে বলল,
-“আপনার কি মনে হয় আপনাকে আমি ভয় পাচ্ছি?”
-“ভয় পাবে কিভাবে? তুমি নিজেই তো একটা পেত্নী। পেত্নী কি কখনো মানুষকে ভয় পায়।”

এ পর্যায়ে তূর্ণাকে ছেড়ে দিলো অধ্যায়। এরপর নিজেই হতাশ হয়ে নিজেকে বলল,
-“আমি জলজ্যান্ত একটা মানুষ। আমার গলায় ঝুলিয়ে দেওয়া হয়েছে একটা অশ্বত্থ গাছের পেত্নীকে। কবে জানি আমার ঘাড় মটকে শরীরের সবটুকু র’ক্ত শুষে নেয়। হে আল্লাহ রক্ষা করো আমাকে।”

তূর্ণা কিছু বলতে যাচ্ছিলো বোধহয় কিন্তু তার পূর্বেই বাহির থেকে ভেসে এলো শাম্মির কন্ঠ। সে রসালো স্বরে ডাকছে,
-“ভাইয়া,আজ কি ঘর ছেড়ে বের হবে না?”

-চলমান-

[ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। রিচেক করা হয়নি।]

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 4 শেষ করেছেন।

আগের পর্ব উপন্যাস সমাপ্ত

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন