#বন্ধু_কাজল_ভোমরা [১০]
#সানজিদা_খানম_স্বর্ণা
তূর্ণা খাটের কোণায় পা ঝুলিয়ে বসে আছে। তার গায়ে শোভা পাচ্ছে মেরুন রঙের জামদানী শাড়ি। শাড়ির ডিজাইন চমৎকার। সোনালী বর্ণের পাড়ের সাথে মেরুন রাঙা জমিনে সোনালী ফুলের নকশা। শাড়িটা তূর্ণাকে উপহার হিসাবে দিয়েছে আদিল। তূর্ণার শ্যামবর্ণা গায়ে মানিয়েছে বেশ। অধ্যায় এক পলক দেখে দিলো তূর্ণাকে। মেয়েটাকে কেমন বউ বউ দেখাচ্ছে। মেয়েটার গায়ের রঙ অতটাও কালো নয়। মাথায় লম্বা ঘন চুল। চুলগুলো কুচকুচে কালো। গড়পড়তা পাঁচাটা বাঙালি মেয়েদের মতোই হাবভাব। বিশেষত্ব কিছু নেই। অধ্যায় আবার বিশেষ কিছু না হলে কোনো বিষয়ে আগ্রহী হতে পারে না। তবে কেন যেন মেয়েটার দিকে তার তাকিয়ে থাকতে ইচ্ছে করছে। এমন সাধারণ একটা মেয়ের দিকে তাকিয়ে থাকার কোনো মানে নেই নিশ্চয়ই। অধ্যায় চোখ সরিয়ে আয়নায় নজর দিলো। আয়নায় তূর্ণাকে দেখা যাচ্ছে। সেদিকে মনযোগী দৃষ্টি রেখে কপালের ওপর পরে থাকা চুলগুলোতে চিরুনি চালালো অধ্যায়। ফিটফাট হয়ে ঘুরে দাঁড়ালো তূর্ণার দিকে।
তূর্ণা মুগ্ধ দৃষ্টিতে তাকালো। অধিক সুদর্শন পুরুষের দিকে বেশীক্ষণ তাকিয়ে থাকা যায় না। চোখ ধাঁধিয়ে যায়। ঘোর লাগে। পুরুষ মানুষও এতো সুন্দর হয়? তূর্ণা কি কোনো ভাবে মুগ্ধ হয়ে যাচ্ছে মানুষটার প্রতি? আচ্ছা, মুগ্ধতা থেকেই তো প্রেমের জন্ম হয়। পরবর্তীতে তূর্ণা কি কোনো ভাবে অধ্যায়ের প্রেমে পরে যাবে? সেটা খুবই বাজে বিষয় হবে। অধ্যায় তূর্ণাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো,
-“এই মেয়ে নজর দিচ্ছো নাকি?”
তূর্ণা শুকনো ঢোক গিললো। এলোমেলো দৃষ্টি ফেললো এদিক-ওদিক। আমতা-আমতা করে বলল,
-“কি আশ্চর্য! আপনাকে নজর দিতে যাব কেন? আমার কি খেয়ে দেয়ে আর কাজ নেই?”
-“হ্যাঁ। চোখ দিয়ে একটা অবলা ছেলেকে ধ-র্ষ-ণ করাও তো কাজই বটে। খুবই অসভ্য মেয়ে মানুষের কাজ।”
-“একদম বাজে বকবেন না।”
-“আমি বাজে বকছি? এই তুমি আমার দিকে নজর দাও নি। ড্যাবড্যাব করে আমার দিকে তাকিয়ে থাকোনি?”
-“হ্যাঁ, থেকেছি। তাতে সমস্যা কি? এক ঘরে দুটো মানুষ থাকলে একজন আরেকজনের দিকে তাকাবে এটাই তো স্বাভাবিক।”
-“না, একদমই স্বাভাবিক নয়। খুবই অস্বাভাবিক কাজ করেছো তুমি। শোনো, এরপর থেকে হ্যাংলার মতো আমার দিকে তাকিয়ে থাকবে না। আমার অস্বস্তি হয়।”
তূর্ণা মুখ বাঁকালো। মনে মনে বলল,-“এহ! আসছে একজন রিত্মিক রোশান। তার দিকে তাকালে নাকি অস্বস্তি হয়। দাঁড়াও বাছাধন দেখাচ্ছি মজা। তোমার খুব চুলকানি হয় তাই না? বাড়িয়ে দিচ্ছি এবার।”
তূর্ণা মুখ বাঁকিয়ে আয়নার দিকে তাকিয়ে বসে রইল। অধ্যায় শার্টের কাফ ঠিক করতে করতে আবার আয়নার দিকে তাকালো। আয়নায় চোখ পড়তেই দেখলো—তূর্ণা ফের তার দিকেই তাকিয়ে আছে। নির্লজ্জের মতো মিটিমিটি হাসছে আবার! এই মেয়ে যে এতো বেলেহাজ সেটা তো আগে বোঝা যায় নি। বাপরে কি দুকান কাটা মেয়ে মানুষ! অধ্যায় ভ্রু কুঁচকে বলল,
-“তোমাকে বলেছি না এভাবে তাকাবে না।”
তূর্ণা নির্বিকার মুখে বলল,
-“তো কিভাবে তাকাবো?”
-“তুমি আমার দিকে তাকাবেই না।”
-“তো কি করব?”
-“তুমি কি করবে সেটা আমি বলে দেব নাকি? কিন্তু আমার দিকে তাকাবে না ব্যাস।”
-“তার মানে আপনি বলতে চাইছেন, ঘরে একটা জলজ্যান্ত মানুষ হেঁটে বেড়াবে আমি আমি তার দিকে তাকাতে পারব না?”
-“না পারবে না। দরকার হলে চোখ বন্ধ করে রাখবে তবুও আমার দিকে অশ্লীল দৃষ্টি দেবে না।”
তূর্ণা তেতে ওঠে বলল,
-“আমি আপনার দিকে অশ্লীল দৃষ্টি দিচ্ছি?”
-“হ্যাঁ, দিচ্ছো তো। এই তুমি কি জীবনে কখনো সুন্দর ছেলে মানুষ দেখো নি? ড্যাবড্যাব করে আবার তাকাচ্ছো!”
অধ্যায়ের তাচ্ছিল্যপূর্ণ কথায় তূর্ণার জেদটা হু হু করে জ্বলে উঠলো। কথা বাড়ালো না সে। দ্রুতবেগে উঠে ড্রেসিং টেবিলের দিকে এগিয়ে গেল তূর্ণা। কাঠের টেবিলটার ওপর সাজানো জিনিসপত্র কেঁপে উঠলো তার আচমকা আক্রমণে। অধ্যায় এক পাশে দাঁড়িয়ে আধপাগল গেঁয়ো ভূতের কান্ড দেখে চলেছে। মেয়েটার লক্ষ্মণ সুবিধার ঠেকছে না। কি খুঁজছে এই মেয়ে? অধ্যায় চোখ এদিক-ওদিক করলো। তূর্ণা কাল রাতেই নিজের সাথে সাথে নিজের প্রয়োজনীয় সামগ্রী ঘরের বিভিন্ন স্থানে ছড়িয়ে দিয়েছে। ড্রেসিং টেবিলের ওপর রাখা ছোট্ট রুপালি কৌটাটা হাতে তুলে নিলো। ঢাকনা খুলে আঙুল ডুবিয়ে গাঢ় কালো কাজল লাগিয়ে নিলো তর্জনী আঙুলের ডগায়। অধ্যায় কিছু বুঝে ওঠার আগেই তূর্ণা ঘুরে দাঁড়ি রাগে কাঁপতে থাকা আঙুলটা সরাসরি অধ্যায়ের কপালের মাঝখানে চেপে ধরলো। একটা গাঢ় স্পষ্ট কালো নজরটীকা জ্বলজ্বল করে ওঠলো অধ্যায়ের কপালের মধ্যিখানে। ভয়ংকর কান্ড ঘটিয়ে তূর্ণা স্বাভাবিক ভঙ্গিতে বলল,
-“এই নিন নজরটীকা দিয়ে দিলাম। এখন আর কেউ আপনার দিকে তাকালে অস্বস্তি হবে না। নজর লাগার ভয়ও থাকবে না।”
অধ্যায় বিস্ময়ে হতবিহ্বল হয়ে দাঁড়িয়ে আছে। আয়নায় চোখ পড়তেই কপালের মাঝখানে সেই কাজলের টীকা স্পষ্ট দেখা যাচ্ছে। দৃশ্যটা একেবারেই অপ্রত্যাশিত। একটা সাধারণ মেয়ে কি দুঃসাহসিক কাজটাই না করে বসলো। এই মেয়ের ধারণা আছে কার সাথে আস্পর্ধা দেখিয়েছে সে? অধ্যায় নিজের রাগকে বহু কষ্টে সামান্য দমিয়ে দাঁতে দাঁত চেপে বলল,
-“ইউ...!”
-“আরে রাগ করবেন না। শুনুন, এটা হচ্ছে পেঁয়াজের কাজল। একবার লাগালে সহজে উঠে না। যদিও আমি কাজল খুব একটা ব্যবহার করি না তবুও বাড়ি থেকে নিয়ে এসেছি। এই কাজল তৈরির পদ্ধতিটা আপনাকে বলি শুনুন। প্রথমে একটা কুপিবাতিতে আগুন ধরিয়ে নিবেন। এরপর একটা খোসা ছাড়ানো পেঁয়াজ কাঠির মধ্যে গেঁথে নিয়ে আগুনের শিখার উপরে ধরবেন। খালি হাতে ধরলে হাত পুড়ে যেতে পারে। বেশ অনেকটা উঁচুতে ধরলে ভালো হয়। এরপর আস্তে আস্তে দেখবেন কালির আস্তরণ জমছে। গাঢ কালি। সেই কালি একটা কৌটাতে সংরক্ষণ করে সরিষার তেল ঢেলে নিবেন। দেখবেন কাজল রেডি। খুবই উপকারী বস্তু। এই কাজল চোখে লাগালে চোখের চুলকানি সেরে যায়। লাগাবেন চোখে?”
অধ্যায় স্তম্ভিত। অতিরিক্ত রাগে মানুষ কি প্রতিক্রিয়া দেখাতে ভুলে যায়? হয়তো। এজন্যই অধ্যায় শত চেষ্টা করেও গলা দিয়ে কোনো ধমক জাতীয় শব্দ বের করতে পারলো না। হতাশ দৃষ্টিতে তাকিয়ে রইলো আজব মানবীর দিকে। তূর্ণার ঠোঁটের কোণে ঝুলছে হাসি। এটা কি বিদ্রুপের হাসি? অধ্যায়কে বেকায়দায় ফেলে সে কি খুব আনন্দ পেয়েছে? তার কি একটুও ভয় লাগছে না! অধ্যায় যদি রাগ সংবরণ না করতে পেরে এখন এই মেয়েকে একটা কষিয়ে থাপ্পড় দিয়ে বসে তবে কি খুব অন্যায় কাজ হবে? হয়তো অন্যায়ই হবে। তবে খুব বড় অন্যায় নয়। তূর্ণা যেই দুঃসাহসিক কাজ করেছে এর ফলস্বরূপ একটা শক্ত থাপ্পড় ওর প্রাপ্য।
অধ্যায় কঠিন চোখে তূর্ণার দিকে তাকালো। তূর্ণা খুবই স্বাভাবিক ভঙ্গিতে বলল,-“আপনাকে এভাবে খুব সুন্দর দেখাচ্ছে। আপনার প্রেমিকা এরূপে আপনাকে দেখলে অনেক খুশি হবে নিশ্চয়ই? এই আপনার ফোনটা দিন না একটা ছবি তুলি..”
রাগে দুঃখে অতিষ্ঠ হয়ে তূর্ণার বাহু চেপে ধরলো অধ্যায়। কঠিন গলায় বলল,
-“তোমার মনে হচ্ছে না, তুমি খুব বেশী বাড়াবাড়ি করছো?”
-“ছাড়ুন। লাগছে আমার।”
-“লাগুক। তোমার সাহস কিভাবে হয় আমার কপালে কালি দেওয়ার। হ্যাঁ? হাউ ডেয়ার ইউ?”
তূর্ণা অধ্যায়ের হাতের শক্ত বাঁধন থেকে নিজেকে ছাড়ানোর প্রাণপণ চেষ্টা করতে লাগলো। অধ্যায় তার চেষ্টাকে ধূলিসাৎ করে দিয়ে আরও জোড়ালো ভাবে চেপে ধরলো তাকে। ব্যাথায় কুঁকড়ে ওঠলো তূর্ণা। অধ্যায় তাচ্ছিল্যের স্বরে বলল,-“তুমি সামান্য একটা মেয়ে। মুখখানা দেখতে আমাবস্যার মতো। এই চেহেরা নিয়ে আমার বাড়িতে, আমার ঘরে, আমারই বউ পরিচয়ে থাকতে পারছো এটা তোমার পরম সৌভাগ্য। তবে ফারদার আমার সাথে বেয়াদবি করার চেষ্টাটুকুও করবে না। আমি তোমাকে সহ্য করতে পারি না। জাস্ট পারি না। আমার আশেপাশে সর্বক্ষণ একটা কুৎসিত দেখতে মেয়ে ঘুরঘুর করছে এটা ভাবতেই আমার অস্বস্তি হয়। দমবন্ধ লাগে। এই যে কপালের মাঝে কাজলের ফোঁটা দিয়ে দিয়েছো তুমি তার থেকেও কালো। কাজলের চেয়েও কালো একটা মেয়েকে বউ হিসাবে গ্রহন করা তো দূর পারলে আমি তোমার মুখ দর্শন ও করতাম না। নেহাৎ সেই উপায়ন্তর নেই। তা বলে আমাকে অসহায় ভেবো না। আমার ভদ্রতাকে দুর্বলতা ভেবে ভুল করো না। আমি তা একদম টলারেট করতে পারি না। একদম না।”
তীব্র ক্রোধ নিয়ে কথাগুলো বলে এক ঝটকায় ধাক্কা দিয়ে তূর্ণার হাত ছেড়ে দিলো অধ্যায়। তূর্ণা হতভম্ব হয়ে তাকিয়ে রইলো। সে এতোটা ভাবেনি। তার বুক কাঁপছে। বক্ষপিঞ্জরের কোথাও যেন ব্যথা হচ্ছে। খুবই সুক্ষ্ণ ব্যথা। অদ্ভুত রকম চিনচিনে এক ব্যথা। এই ব্যথার উৎস কি সুদর্শনপুরুষ অধ্যায় চৌধুরী? তূর্ণা অতি দুঃখে কথা বলতে ভুলে গেলো। কালো হবার দায় তো তার নয়। শুধুমাত্র কালো হবার কারণে স্বামীর কাছেও যে তাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে এমনটা সে কখনো ভাবেনি। কেন যে ভাবেনি, ভাবলে আজ আর কষ্ট পেতে হতো না। ভেবেছিলো লোকটা হয়তো হঠাৎ আসা এই বিয়ে রূপী ঝড়কে সহসাই মেনে নিতে পারিনি। এজন্য তূর্ণাকে অবহেলা করছে। কিন্তু বিষয়টি তো তা নয়। বিষয়টি হলো এই লোকটা শুধুমাত্র কালো হবার দরুণ তাকে অপছন্দ করে। সে দু চোখ ভরা নির্বাক-ধূসর শূন্যতা নিয়ে তাকিয়ে রইলো অধ্যায়ের মুখের দিকে। এ কেমন জটিল সম্পর্কে বাঁধা পরেছে তার জীবন? যে সম্পর্কে ভালোবাসা নেই, আছে কেবল এক পৃথিবী ঘৃণা সেই সম্পর্কের ভবিষ্যৎ কি? ঘৃণা কি কখনো ভালোবাসায় বদল হয়? বড্ড অসম্ভব চিন্তাধারা। যেমন পাথরে ফুল ফোটে না তেমনি ভাবে ঘৃণা কেটে গিয়ে হয়তো মনাকাশে কভু প্রেম উঁকি দেয় না। নাকি দেয়? যদি না দেয় তবে কেন বুকের গভীরে গাঢ় নীল বিষের মতো ছড়িয়ে পড়ে প্রেম নামক অ-প্রে-ম?
-চলমান-
[ভুলত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম। ]