ফন্ট সাইজ:
থিম:
বন্ধু কাজল ভোমরা

পর্ব 9

লেখক: সানজিদা খানম স্বর্ণা

#বন্ধু_কাজল_ভোমরা [৯]
#সানজিদা_খানম_স্বর্ণা

রাতের সমস্ত তমসা কাটিয়ে সূর্য উঁকি দিয়েছে ধরণীর বুকে। কাঁচের জানালা ভেদ করে সূর্যের সোনালী রশ্মি ঘরের ভেতরটা আলোকিত করে ফেলল। তূর্ণার ঘুম ছুটে গেলো তখুনি। শরীরটা আগের থেকে ফুরফুরে লাগছে। মনেই হচ্ছে না যে গতরাতে জ্বর নামক এক অসুখের সাথে বেশ ফাটাফাটি হয়ে গেছে । জ্বর তো নয় যেন প্রলয়ঙ্কারী ঝড়! তূর্ণা অনুভব করলো সে অধ্যায়ের বুকের ওপর শুয়ে আছে। অমনি তার ঘুম ঘুম ভাবটুকুও চিরতরে তিরোহিত হলো। নেত্রযুগলে উঁকি দিলো বিস্ময়। মাথাটা কেমন যেন চক্কর দিয়ে ওঠলো। মনে মনে বেশ অস্বস্তি বোধ করলো তূর্ণা। মাঝ রাতের পর যে অধ্যায় তার পাশে শুয়েছিলো এটা জানতো না তূর্ণা। সে কথা বলতে বলতেই ঘুমিয়ে গিয়েছিলো। অতিরিক্ত শীত লাগায় হয়তো অধ্যায়কে জড়িয়ে ধরেছে। জিভে কামড় দেয় তূর্ণা। লোকটা আগে জাগ্রত হয়ে তূর্ণাকে তার বুকের ওপরে দেখলে নির্ঘাত কেচ্ছা হয়ে যেতো। লোকটার তো নিজেকে নিয়ে অহংকারের শেষ নেই। হয়তো ভাববে তূর্ণা ইচ্ছে করেই তার বুকের সাথে মিশে শুয়ে ছিলো। তূর্ণা এমন চরম মিথ্যে অপবাদ সইতে পারবে না। সে সাবধানে নিজেকে বলিষ্ঠ হাতের বাঁধন থেকে মুক্ত করলো। এবং অধ্যায়ের বাহুর নিচে রেখে দিলো কোলবালিশ।

ফ্রেশ হয়ে তূর্ণা নিচে গেলো। শরিফা নাস্তা তৈরি করে রেখে দিয়েছে। আজকেও বেশ অনেক পদের রান্না হয়েছে। তূর্ণা আয়োজনের বাহুল্য দেখে বেশ সন্তুষ্ট হলো। এতো ভালো ভালো খাবার খাওয়ার সৌভাগ্য বাবা মারা যাওয়ার পর তার হয়নি। আর এখন রোজ রোজ এসব জুটছে কপালে। মানুষের জীবন আসলে অদ্ভুত। যে মেয়ে তিন বেলা খাবারের এতো কষ্ট করতো আজ তার সামনে হরেক রকমের খাবার দিয়ে টেবিল পরিপূর্ণ করে রাখা হয়েছে। এই সৌভাগ্যের উৎস তো অবশ্যই তার তথাকথিত ওই স্বামীটি। ওই ব্যাক্তির প্রতি তূর্ণার তো সত্যিই কৃতজ্ঞ থাকা উচিত। তূর্ণা মনে মনে প্রতিজ্ঞা প্রতিজ্ঞা করলো, অধ্যায়ের সাথে আর ঝগড়া করবে না। শত হোক লোকটার কল্যাণে তার জীবনের দুর্বিষহ দিনগুলো কেটে গেছে।

শরিফা কাজকর্ম গুছিয়ে সিরিয়াল দেখতে বসেছে। মুখ প্রচন্ডরকম গম্ভীর। তূর্ণা ভেবে পেলো না টেলিভিশন দেখতে বসলে এমন মুখ ভার করে বসতে হবে কেন? কে জানে হয়তো মুখ ভার করে বসলে অধিক মনযোগ দেওয়া যায়। পদ্ধতিটা পড়াশোনা করার সময় একবার কাজে লাগিয়ে দেখতে হবে। হয়তো আশানুরূপ কোনো ফলাফল পাওয়া গেলো। আজকাল তো পড়াশোনা একেবারেই করা হচ্ছে না তূর্ণার। আজকেই ভর্তির ফর্ম তুলতে যাবে তূর্ণা।

আজ সকাল থেকে তার মন মেজাজ খুব একটা ভালো নেই শরিফার। আজ মাসের পনেরো তারিখ। প্রায় তিন মাস ধরে সে বাড়ি যেতে পারছে না। প্রতি দুই মাস অন্তর মন খারাপ করে বসে থাকা তার সহজাত স্বভাব। এ তেমন কিছু নয়। এ মন খারাপ ধীরে ধীরে শরীর খারাপে রূপ নেবে। অসুখে জর্জরিত হয়ে যাবে শরিফা। ওর অসুখ কোনো ডাক্তার সারাতে পারবে না। ওর অসুখ সারানোর জন্য প্রয়োজন তিন দিনের ছুটি। গ্রামের বাড়ি থেকে ঘুরে এলেই তার অসুখ সেরে যায়। সে চনমনে হয়ে ওঠে। তূর্ণা এতসব কাহিনি জানে না। সে টেবিলের কাছে দাঁড়িয়ে আমতা-আমতা করছে। শরিফা তার থেকে বয়সে খুব একটা বড় নয়। সে কি বলে ডাকবে এটাই ভেবে পাচ্ছে না। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে এরপর নিরবতা ভঙ্গ করে জিজ্ঞেস করলো,
-“আপনি কি সারাদিন সিরিয়াল দেখেন?”

শরিফা টিভির স্ক্রিন থেকে চোখ সরালো না। তেমন পাত্তা দিলো না তূর্ণার কৌতুহলকে। অবজ্ঞার্থে উত্তর দিলো,-“হ্যাঁ।”

তূর্ণা খাবার টেবিলের এক কোণে দাঁড়িয়ে থ্রি পিসের ওড়নার কোণায় বৃদ্ধাঙ্গুলি পেচাতে লাগলো। পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়ে ঘর্ষণ করতে লাগলো সফেদ রাঙা টাইলসের মেঝেতে। আর কি কথা বলা যায় সে ভেবে পাচ্ছে না। শরিফা টিভির স্ক্রিনে মনযোগী দৃষ্টি রেখে আড়চোখে দেখলো তূর্ণাকে। এরপর ভাবালেশহীন ভাবে বলল,-“টেবিলে খাওন দেওয়া আছে। আপনে খাইয়া নেন ভাবী।”

এই প্রথম নিজে থেকে শরিফা তূর্ণা সাথে কথা বলেছে। তূর্ণা মনে মনে বেশ খুশিই হলো। একাকী এ বাড়িতে তার একটা বন্ধুর খুব প্রয়োজন ছিলো। শরিফার সাথে ভাব জমাতে অবশ্য তার বেশ কসরত করতে হবে। মেয়েটা সারাদিন টেলিভিশন দেখে। তূর্ণা অভিনব কৌশল অবলম্বন করে টেলিভিশনের সামনে গিয়ে সোফায় বসলো। শরিফা বসেছে মেঝেতে। টিভির থেকে তার দূরত্ব খুবই কম। তূর্ণা তাকে উদ্দেশ্য করে মৃদু গলায় বলল,
-“আপনি ওখানে বসেছেন কেন? সোফায় এসে বসুন।”
-“আমার এইহানে বইতেই ভাল্লাগে।”
-“কিন্তু এতো কাছ থেকে টেলিভিশন দেখলে তো চোখ নষ্ট হয়ে যাবে।”
-“হোক নষ্ট। যেই চোখ দিয়ে বাপ মায়েরে দেখার ভাগ্য হয়না হেই চোখ থাইক্যা কি লাভ?”

শরিফার কন্ঠে স্পষ্ট আহাজারি আর ক্ষোভের প্রকাশ পেলো। তূর্ণার মনে হলো শরিফার ভয়ংকর মন খারাপ। সেই মন খারাপ ঢাকতেই সে সিরিয়াল দেখছে। তূর্ণার নিজেরও মন খারাপ হয়ে গেলো। মন খারাপ খুব ছুঁয়াচে রোগ। ও রোগ খুব দ্রুত আশেপাশের মানুষকে সংক্রামিত করে। শরিফার কথায় তূর্ণার নিজের বাড়ির কথা মনে পরলো। হয়তো চাচা-চাচী তাকে ততটা ভালোবাসেনি। আদর যত্ন করেনি। কিন্তু পরিচিত সেই ঘর, সেই গ্রাম, গৃহপালিত হাঁস-মুরগীগুলো, পাশের বাড়ির চৈতি, চাচাতো ভাই সোহেলের কথা খুব মনে পরতে লাগলো তূর্ণার। তার চোখের কোণে জল জমলো। আবেগপূর্ণ কন্ঠে সে বলল,
-“আপনার বাড়ি যেতে ইচ্ছে করছে?”
-“ইচ্ছা করলেই কি, উপায় আছে? খালুজান বইলা গেছে আমার অহন বাড়িত যাওয়া চলবো না।”
-“কেন চলবে না কেন?”
-“এমনি। আপনে নতুন বউ। আপনারে খালি বাড়িত রাইখ্যা গেলে আপনে ভয় পাইবেন। এছাড়া আমি চইলা গেলে রান্না-বান্না করবো কেডায়? ”
-“কেন আমি কি রান্না করতে পারি না?”
-“পারেন?”
-“খুব ভালো পারি। সেই ছোটবেলা থেকে রান্না-বান্নার কাজ করি আমি।”
-“ওহ।”

শরিফা ফের মনযোগ দিলো সিরিয়াল দেখায়। সিরিয়ালে এক বালিকা নেকি স্বরে কাঁদছে। তার কোলে একটা ছাগল ছানা। সেই ছাগল ছানার সাথে সে নিজের মনের দুঃখের কথাগুলো গরগর করে বলছে। চোখের পানি, নাকের পানি মিলে মিশে একাকার। নায়িকার কান্না দেখে শরিফার চোখেও জল এলো। তূর্ণা খেয়াল করে দেখলো শরিফা হাতের উল্টোপিঠ দিয়ে চোখের দুপাশ দিয়ে গড়িয়ে পরা জল মুছে নিলো। দৃশ্যটি দেখে হাসি পেলো তূর্ণার। কিন্তু কারো চরম দুঃখের মুহুর্তে হাসা উচিত নয়। তূর্ণা বহুকষ্টে নিজের হাসি সংবরণ করে শরিফার পাশে ফ্লোরে এসে বসলো। এরপর কৃত্রিম কৌতুহল নিয়ে জিজ্ঞেস করলো,
-“কি দেখছেন?”
শরিফা খুশিতে গদগদ হয়ে জবাব দিলো,
-“কুসুম।”
-“কিসের কুসুম? ডিমের?”
-“আরে নাহ। নায়িকার নামই হচ্ছে কুসুম।”
তূর্ণা হেসে দিলো ফিক করে। আজকাল মানুষের মানুষের নামও কুসুম রাখা হয়? ডিমের কুসুম যদি মানুষের নাম হতে পারে, কয়দিন পর তো তাহলে ভ্রুণ, গরুর বাছুর, ছাগলের ছানা সবই মানুষের নামের তালিকায় অন্তর্ভুক্ত হবে। সে খুব বুঝেছে এমন ভঙ্গিতে মাথা দুলালো। এরপর বলল,
-“আপনার গ্রামের বাড়ি কোথায়?”
-“শরীয়তপুর।”
-“বাড়িতে কে কে আছে?”
-“বাপ-মা আর এক ছোড ভাই আর এক বইন।”
-“ওহ।”

তূর্ণার মনে আরেকটা প্রশ্ন উঁকিঝুঁকি মারছে। তবে সেই প্রশ্ন করা কি অতিরিক্ত ব্যক্তিগত হয়ে যাবে কিনা সেটা নিয়ে সন্ধিহান তূর্ণা। তবে নিজের মনের কৌতুহলকে শত কষ্ট করেও দমাতে পারলো না সে। জিজ্ঞেস করে বসলো,
-“বিয়ে করেন নি?”
-“আমি মাইয়্যা মানুষ আমি কি বিয়া করাম। আমারে বিয়া করছিলো এক বেডায়। কিন্তু ছয় মাসের মাথায় ডিফোজ হইয়া গেছে।”
-“ওমা! কেন?”
-“হালার পুতে নেশা খাইয়া আমারে আইসা দিন-রাইতে মারে। আবার আরেক বাড়ির বেডির লগে ছুঁক ছুঁক করে। সহ্য করতে না পাইরা একদিন আমিও তার আন্ডা বরাবর এক লাত্তি দিয়া দিলাম। আন্ডা দুইটা ফাইট্টা গেলো। ব্যাস বিচার বইলো। ডিফোজ হইয়া গেলো।”
-“তুমি তোমার স্বামীকে মারলে!”
-“তো কি করতাম? কেউ আমারে মারলে আমি চুপচাপ বইসা থাকমু?”
-“কিন্তু এতে যে তোমার সংসারটা ভেঙে গেলো।”
-“তয় কি? আমি কাম করি ভাত খাই। জীবনে কোনো অশান্তি নাই। নিজের জামাই আরেক বেডির কাছে গেছে এই দৃশ্য দেখার থেইক্যা কাম কইরা খাওয়া বহুত ভালো।”

তূর্ণা কথা বলল না। এই মেয়ে ভয়ংকর। স্বামীকে স্বামীকে মেরে-টেরে সংসার ছেড়ে চলে এসেছে। সাহস আছে মেয়েটার। তূর্ণার এক মুহুর্তের মধ্যে মনে হলো অধ্যায় আর সে মারামারি করছে। অধ্যায়কে সে ধরে দিয়েছে আচ্ছা কেলানি। সেই কেলানি খেয়ে হসপিটালে ভর্তি হতে হয়েছে অধ্যায়কে। নিজের ভাবনায় বেশ অস্বস্তিবোধ করলো তূর্ণা। বুক ধুকপুক করলো তার। মুখে হাজারো তর্ক করতে পারলেও অতদূর চিন্তা সে করতে পারবে না। অসম্ভব। শরিফা তার কানের কাছে ফিসফিস করে বলল,
-“তোমারে একটা গোপন কথা কই। আমার সংসার ভাঙলেই কি হইছে। বেডায় নিজেও আর বিয়া করতে পারব না। মেশিন অচল কইরা দিয়া আসছি আমি।”

চকিতে চোখ তুলে তাকায় তূর্ণা। ইঙ্গিতপূর্ণ কথাটার ভাবার্থ অনুধাবন করেই হাত-পা শীতল হয়ে আসে তার। মেয়েটা কি অবলীলায় বলছে, মেশিন অচল করে দিয়েছে! তার মাঝে কোনো অনুতাপ অনুশোচনা নেই। কথাটা কি ভীষণ অস্বস্তিকর! কি জঘন্য নগ্ন! তূর্ণা দম বন্ধ হয়ে আসতে চায়। তার চোখের সামনে ভেসে ওঠে অধ্যায়ের মুখ। যদিও সুনজরে অধ্যায়কে দেখার সুযোগ হয়নি তার। তবুও অধ্যায় তো তার স্বামী। তার ব্যক্তিগত মানুষ। এই মানুষটির মনে বসত করছে আরেক নারী। এক নারী নাকি শত নারী সে বিষয়েও নিশ্চিত নয় তূর্ণা। শরিফা যেমন তার নেশাখোর স্বামীর পাশে অন্য কাউকে সহ্য করতে পারেনি সেভাবে তূর্ণারও মনেও কি ঈর্ষার জন্ম নিচ্ছে? সেও কি অধ্যায়ের অন্তকোষ বরাবর একটা লাথি...

উহু! আর ভাবতে পারে না তূর্ণা। তার হাঁসফাঁস লাগে। গলা শুকিয়ে আসে। শুকনো ঢোক গিললো তূর্ণা। শরিফা নির্বিকার ভঙ্গিতে সিরিয়াল দেখতে। এমন ভয়ংকর কান্ড করার পরেও কেউ এমন নির্বিকার থাকতে পারে? অপরাধবোধ হয়না? কে জানে হয়তো অতিষ্ঠ হয়ে কোনো অপরাধ করে ফেললে সেটার জন্য একটুও আত্মগ্লানি হয়না। তূর্ণা শরিফার মুখের ওপর থেকে দৃষ্টি সরিয়ে নেয়। টেলিভিশনের পর্দায় সিরিয়ালের নায়িকা কুসুম ছাগল ছানার কাছে মনের কথা বলতে বলতে কাঁদছে। তূর্ণার কাছে হঠাৎই দৃশ্যটা ভীষণ অর্থবহ মনে হলো। নি:সঙ্গ মানুষেরা সত্যিই এভাবে অবলা প্রাণীর কাছে কষ্টের গাঁথা উগড়ে দেয়। এটাই নিজেকে হালকা করার সহজ প্রন্থা। মানুষের কাছে মনোভাব প্রকাশ করলে শুধু শুধু কাঠগড়ায় দাঁড়াতে হয়। শরিফা এক গাল হেসে বলল,
-“চুপ কইরা গেলা ক্যান?”
-“তোমার আফসোস হয়না?”
-“উঁহু। আফসোস ক্যান হইবো। অয় অপরাধ করছে। আমি শাস্তি দিছি। অয় আমারে মারছে আমিও মারছি। বাংলায় একটা কথা আছে না, ইটকেল মারলে পাটকেল খাইতে হয়। সেই রকম। আফসোস মানুষরে দুর্বল কইরা ফেলে। আমি দুর্বল না।”

তূর্ণা আর কিছু বললো না। তার বুকের ভেতর কেমন একটা ভার জমে রইলো। তবে হয়তো সবসময় জীবন মানে সহ্য করা নয়, কখনো কখনো লাথি মারার নামও জীবন। তূর্ণা এবার কি করবে? সে নিজেই কি নিজেকে অধিকার থেকে বঞ্চিত করবে? কিছুক্ষণ পরেই তো অধ্যায় নিজের প্রেমিকার সাথে দেখা করতে নিয়ে যাবে তাকে। তূর্ণার কেমন যেন একটা অস্বস্তি হতে লাগলো। গাঢ় অস্বস্তি।

-চলমান-

📌[১০০+ রিয়েক্ট হবার সাথে সাথে গল্প দিব। কালকে হলে কালকেই পাবেন। ধন্যবাদ।]

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 9 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন