ফন্ট সাইজ:
থিম:
অবেলায়_বৈশাখ

1

লেখক: সানজিদা_আক্তার_মুন্নী
পর্ব সংখ্যা: ০১

নিজের খালামণির হবু স্বামীর নামে আমাকে কবুল পড়তে হয়েছে! কী বিশ্রী আর লজ্জাজনক একটা বিষয়, তাই না? ভাবলেই গা গুলিয়ে ওঠে, লজ্জায় মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করে। অথচ ভাগ্যের কী নির্মম পরিহাস, ঠিক এমনই বিচিত্র, অনাকাঙ্ক্ষিত আর দমবন্ধ করা বাস্তবতাকেই আজ আমার নিজের জীবন বলে মেনে নিতে হয়েছে।

আমি হায়াত, পুরো নাম সেজেল হায়াত।
সকাল থেকে আমাদের পুরো বাড়িতে উৎসবের আমেজ ছিল। সানাইয়ের সুর আর মেহমানদের কোলাহলে গমগম করছিল চারপাশ। আজ আমার ছোট খালামণির বিয়ে হওয়ার কথা ছিল শহরের নামকরা দেওয়ান বাড়ির ছেলে ফাওয়াদ দেওয়ানের সাথে। কতশত আয়োজন, রঙিন বাতি আর ধুমধামের কোনো কমতি ছিল না। কিন্তু বিয়ের দিন সকালেই বিনা মেঘে বজ্রপাত হলো। পার্লারে বউ সাজতে যাওয়ার নাম করে বাসা থেকে বের হয়ে খালামণি হুট করে নিজের বয়ফ্রেন্ডের হাত ধরে পালিয়ে গেলেন!
খবরটা বাড়িতে পৌঁছাতেই মুহূর্তের মধ্যে আনন্দমুখর বিয়েবাড়িটা শ্মশানের মতো থমথমে হয়ে উঠল। চারদিকে ফিসফাস, হইচই আর মান-সম্মান ধুলোয় মিশে যাওয়ার আতঙ্ক। পরিস্থিতি আরও ভয়ংকর হয়ে উঠল ঠিক যে মুহূর্তে হবু বর ফাওয়াদ দেওয়ান নিজের জেদে অটল হয়ে ঘোষণা করলেন, যে করেই হোক, অপমানের বোঝা মাথায় নিয়ে তিনি খালি হাতে ফিরবেন না। আজ এই মুহূর্তেই তিনি এই বাড়িরই কোনো মেয়েকে বিয়ে করবেন, সে যেই হোক না কেন!
বাড়িতে বিয়ের উপযুক্ত মেয়ে বলতে আমার এক মামাতো বোন আছেন বটে। কিন্তু দেওয়ানদের মতো অমন প্রকাণ্ড আর কড়া নিয়মের একান্নবর্তী পরিবারে, বিশেষ করে এমন একটা উত্তপ্ত পরিস্থিতির মুখে নিজের আদরের দুলালীকে বলি দিতে মামা-মামিরা মোটেও রাজি হলেন না। সেখানে রাজত্ব করার বদলে সারাজীবন খোঁচা শুনে বাঁচতে হবে। এই ভয়ে সবাই নিজেদের মেয়েকে আড়াল করতে ব্যস্ত হয়ে পড়ল, ঠিক এমন মুহূর্তেই সবার শকুনের মতো নজর পড়ল আমার ওপর।
আমার বয়স চার বছর পার হতেই আমার মা-বাবার ডিভোর্স হয়ে যায়। এরপর থেকে মা আর আমি এই নানাবাড়িতে আশ্রিতা। রক্তের সম্পর্ক থাকলেও এ বাড়িতে আমাদের অবস্থান এক কোণে পড়ে থাকা কুকুরের মতোই। দয়া করে দু'বেলা ডাল-ভাত খেতে দেন, লোকলজ্জার ভয়ে একটু পড়াশোনা করান, আর বছরে দুই ঈদে দয়ার দান হিসেবে চারটে পরার কাপড় ছুড়ে দেন। ব্যস, আমাদের প্রতি তাদের দায়িত্ব এইটুকুই। ছোটবেলা থেকেই মায়ের ভেজা চোখ আর নিজেদের নিদারুণ অসহায়ত্বের সাথে লড়াই করে বড় হয়েছি আমি।
এই ঘোর বিপদের দিনে নিজের মেয়েকে বাঁচাতে আর দেওয়ান বাড়ির রাগ ভাঙাতে বড় মামা ফাওয়াদ দেওয়ানের সাথে আমার বিয়ের প্রস্তাব দিয়ে বসলেন। কথাটা শোনামাত্রই ফাওয়াদ দেওয়ানের মা এবং চাচি এক মুহূর্তও দেরি করলেন না। সাথে সাথে দোতলায় আমাদের ঘরটায় উঠে এলেন আমাকে দেখতে। মনে হচ্ছিল কোনো হাটে কোরবানির পশু যাচাই করা হচ্ছে। এভাবেই তারা আমাকে আপাদমস্তক দেখলেন এবং নিচে নেমেই বিয়ের কথাবার্তা শুরু করে দিলেন।
আমি এবং আমার মা কেউই এই অসম আর আকস্মিক বিয়েতে রাজি ছিলাম না। মা তো ভয়ে কথা বলার সাহসটুকুও হারিয়ে ফেলেছিলেন। কিন্তু আশ্রিতার আবার ইচ্ছে-অনিচ্ছে কিসের? এত বছর ধরে যে অন্ন ধ্বংস করেছি, আজ তো তার প্রতিদান দিতেই হবে! তবুও বুকভরা ভয় আর কাঁপা গলা নিয়ে বড় মামার সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম। দু'হাত জড়ো করে অনুনয়ের সুরে বলেছিলাম, "মামা, আমার তো এখনো বিয়ের বয়সই হয়নি। সবে ইন্টারমিডিয়েটে পড়ি..."
কথাটা শেষও করতে পারলাম না। বড় মামা রক্তচক্ষু করে আমার দিকে তাকালেন। পরমুহূর্তেই প্রচণ্ড ধমক দিয়ে গর্জে উঠলেন, "তোদের কি নিজের রক্ত পানি করা টাকায় এতকাল বসিয়ে খাইয়েছি আজ এসব কথা শোনার জন্য? পরিবারের বিপদে কাজে আসবি না? নিমকহারামের বাচ্চা!"
এই কটা কথার ঊর্ধ্বে গিয়ে আর একটি শব্দও উচ্চারণ করার সাহস কিংবা শক্তি আমার হলো না। মা আঁচলে মুখ গুঁজে চুপচাপ চোখের পানি ফেললেন, আর আমি আত্মসম্মানবোধটুকু গলা টিপে হত্যা করে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইলাম। দেখতে দেখতে মাত্র তিন ঘণ্টার ব্যবধানে খালামণির জন্য কেনা বেনারসিটা আমার গায়ে জড়ানো হলো, আর তিনবার 'কবুল' বলার সাথে সাথে আমার জীবনটা চিরতরে বদলে গেল।
সবচেয়ে বিস্ময়কর আর অবাক করা বিষয় হলো, বিয়ে পড়ানোর পুরোটা সময় ফাওয়াদ দেওয়ান একবারের জন্যও আমার দিকে ভালো করে ফিরে তাকাননি। মনে হলো একটা জড়বস্তুর সাথে নিজের জেদ পূরণ করতে বিয়ে নামের এক নাটক মঞ্চস্থ করলেন। শ্বশুরবাড়িতে নিয়ে আসার পরও উনার সাথে আমার একটা কথাও হলো না, এমনকি উনি আমার সাথে দেখা করারও প্রয়োজন বোধ করলেন না! বিয়ের প্রথম রাতেই আমরা থাকলাম আলাদা ঘরে। মস্তবড় দেওয়ান বাড়ির এক ঘরে আমি থাকলাম উনার বোনের সাথে, আর উনি চলে গেলেন নিজের ঘরে। সারারাত ভারী গয়না আর অচেনা পরিবেশের দমবন্ধ করা অস্বস্তিতে আমার দু'চোখের পাতা এক হলো না।
ভোরের দিকে ক্লান্তিতে চোখটা একটু লেগে এসেছিল। কিন্তু সকালে ঘুম থেকে উঠেই কানে এল আরেক নতুন কাহিনি! বাড়ির সবাই বলাবলি করছে, ফাওয়াদ দেওয়ান নাকি আজ সকালেই অস্ট্রেলিয়া চলে যাচ্ছেন, সকাল ন'টায় উনার ফ্লাইট! উনি পেশায় একজন সায়েন্টিস্ট, তাই জরুরি রিসার্চের কাজে বিদেশে পাড়ি জমাচ্ছেন।
সব শুনে আমি বিছানার এক কোণে পুরোপুরি কনফিউজড হয়ে বসে আছি। মাথার ভেতর সবকিছু তালগোল পাকিয়ে যাচ্ছে, নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। আসলে হচ্ছেটা কী আমার সাথে? কাল হুট করে তিন ঘণ্টার নোটিশে হলো বিয়ে, মানুষটা আমার মুখটাও ঠিকমতো দেখল না, আর আজ চোখ খুলেই শুনছি আমার সদ্য বিবাহিত স্বামী আমাকে এই অচেনা সমুদ্রে একা ফেলে রেখে বিদেশ চলে যাচ্ছেন!
🌸 কেটে যায় তিন বছর 🌸
সময়ের ঘড়ি নিজস্ব নিয়মে টিকটিক করে এগিয়ে চলে। ঋতুর পর ঋতু বদলায়, দেওয়ান বাড়ির প্রশস্ত আঙিনায় ঝরা পাতার মর্মর ধ্বনি ছাপিয়ে আবার নতুন পাতার কুঁড়ি জন্মায়। কিন্তু প্রাসাদোপম এই অট্টালিকার চার দেয়ালের ভেতর হায়াতের জীবনটা এক জায়গায় স্থির হয়ে থমকে আছে। দেখতে দেখতে পুরো ছত্রিশটা মাস পেরিয়ে গেছে, অথচ হায়াত এখনো এই দেওয়ান বাড়িতেই পড়ে আছে এক অনাহূত ও গুরুত্বহীন আশ্রিতের মতো। বিয়ের আনুষ্ঠানিকতার পর ফাওয়াদ যে তাকে এই বাড়িতে ফেলে রেখে নিজের গন্তব্যে চলে গেছে, দীর্ঘ তিন বছরে একটিবারের জন্যও সে হায়াতের কোনো খোঁজখবর রাখেনি। সে কেমন আছে, আদৌ বেঁচে আছে কি না, কিংবা তার দিনগুলো কীভাবে কাটছে, তা জানার ন্যূনতম প্রয়োজনটুকুও ফাওয়াদ কখনো বোধ করেনি। বিয়ে করে এক জলজ্যান্ত, রক্ত-মাংসের মানুষকে বউ হিসেবে এই অপরিচিত প্রাসাদে রেখে গেছে, এ কথা হয়তো ফাওয়াদের ব্যস্ত জীবনের স্মৃতির পাতা থেকেও পুরোপুরি মুছে গেছে। হায়াতের অস্তিত্বটা ফাওয়াদের জীবনে এক বিস্মৃত অধ্যায়, যার পাতা উল্টে দেখার ফুরসত কিংবা ইচ্ছে কোনোটাই তার নেই।
দেওয়ান বাড়িতে হায়াতকে রাখা হয়েছে ঠিকই, মাথার ওপর একটা ছাদ দেওয়া হয়েছে, কিন্তু তা ঘরের বউয়ের প্রাপ্য সম্মানে নয়। এখানকার প্রতিটি ইট-পাথর আর মানুষগুলোর আচরণে হায়াত প্রতি মুহূর্তে টের পায়, তাকে এখানে একজন বাইরের মানুষের মতো ট্রিট করা হয়। এ বাড়ির আভিজাত্যের ভিড়ে সে এক সম্পূর্ণ ভিনগ্রহের বাসিন্দা। দূরত্বের দেয়ালটা এতটাই উঁচু আর দুর্ভেদ্য যে, হায়াত তার শ্বশুর-শাশুড়ির কাউকে কারো সামনে নিজের শ্বশুর-শাশুড়ি হিসেবে পরিচয় দিতে পারে না। বুকভরা তৃষ্ণা থাকলেও তাদেরকে নিজের ‘মা’ অথবা ‘বাবা’ বলে ডাকার অধিকারটুকু তাকে দেওয়া হয়নি। নিজের শ্বশুর-শাশুড়িকেই তার ডাকতে হয় আন্টি আংকেল বলে। কী বিচিত্র এক বৈপরীত্য! যে মানুষগুলোর সাথে তার বৈবাহিক সূত্রে সবচাইতে আপন সম্পর্ক হওয়ার কথা, তাদেরকেই তাকে সম্বোধন করতে হয় একরাশ আনুষ্ঠানিক দূরত্ব বজায় রেখে।
অবশ্য দেওয়ান বাড়ির কর্তারা হায়াতের পড়াশোনার খরচটুকু নিয়মিত দেন। হয়তো সেটা নিজেদের সামাজিক আভিজাত্য কিংবা কোনো এক অপ্রকাশ্য দায়বদ্ধতা থেকেই দেন, কিন্তু খরচের বাইরে স্নেহ কিংবা আপন করে নেওয়ার বিন্দুমাত্র ছোঁয়াটুকুও নেই। এই বাড়িতে হায়াত এতটাই পর যে, পরিবারের সবার সাথে প্রশস্ত ডাইনিং টেবিলে বসে খাবার খাওয়ার অধিকারটুকুও তার নেই। ঝাড়বাতির আলোর নিচে বসে দেওয়ান বাড়ির মানুষগুলো যে সময়ে রকমারি পদের খাবার খায়, হায়াতের জায়গা হয় রান্নাঘরের এক কোণে, এখানকার মেইডদের সাথে। মেইডদের সাথে বসেই সে তার প্রতিদিনের খাবার খায়। প্রথম প্রথম গলার নিচে খাবার নামতে চাইত না, চোখের জলে ভাতের লোকমা ভিজে যেত, কিন্তু এখন সে এই নির্মম বাস্তবতাকে নিজের নিয়তি হিসেবেই মেনে নিয়েছে।
শ্বাসরুদ্ধকর এই পরিবেশ, প্রতিনিয়ত অবহেলা আর অসম্মানের জীবন থেকে মুক্তি পেতে হায়াত কম চেষ্টা করেনি। সে অনেকবারই মুখ ফুটে বলেছিল যে সে এই বাড়ি ছেড়ে চলে যেতে চায়। যে সম্পর্কে কোনো স্বীকৃতি নেই, যে মানুষটা তাকে বিয়ে করে ভুলেই গেছে, নামমাত্র এই সম্পর্কের বোঝা টানার চেয়ে সে ডিভোর্সের কথাও বলেছিল বহুবার। নিজের আত্মসম্মানটুকু বাঁচাতে সে একটুখানি মুক্তি চেয়েছিল। কিন্তু দেওয়ান বাড়ির কেউই তাকে এ বাড়ি ছেড়ে যেতে দেয়নি। যখনই সে চলে যাওয়ার কিংবা ডিভোর্সের কথা তোলে, তখনই বাড়ির সবাই একবাক্যে তাকে থামিয়ে দেয়। সবাই একটাই কথা বলছে, "ফাওয়াদ আসলেই সব ঠিক হবে। কী হবে আর না হবে, ফাওয়াদ ফিরে আসলেই সিদ্ধান্ত নেওয়া হবে।"
ফাওয়াদের এই অনিশ্চিত ফিরে আসার দোহাই দিয়ে তাকে এক অদেখা শিকলে বেঁধে রাখা হয়েছে। ওদিকে নিজের মায়ের কথা ভেবে কিংবা একটু আশ্রয়ের আশায় হায়াত যদি নানাবাড়িতে কাউকে নিজের দমবন্ধ করা অবস্থার কথা জানায়, সেখান থেকেও সে কোনো সান্ত্বনা পায় না। উল্টো নানাবাড়ির মানুষজন হায়াতকেই শোনায়, "তোর তো কপাল ভালো যে দেওয়ান বাড়ির মতো এমন রাজকীয় জায়গায় আছিস! অমন বাড়িতে থাকতে পারাটাই তো ভাগ্যের ব্যাপার, আবার কিসের এত অভিযোগ?"
চারপাশের মানুষগুলোর এমন নিষ্ঠুর উদাসীনতা দেখে হায়াত বুঝে গেছে, এই পৃথিবীতে তার চোখের জল মোছানোর মতো কেউ নেই। তাই হায়াত এখন দাঁত চেপে সবটুকু কষ্ট সহ্য করছে। বুকের ভেতর জমে থাকা হাজারো অভিমান আর হাহাকারকে পাথরচাপা দিয়ে সে নিজের পায়ে দাঁড়ানোর লড়াই শুরু করেছে। শত প্রতিকূলতার মাঝেও সে নিজের মনোবল হারায়নি। রাত জেগে পড়াশোনা করে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছে এবং ভালোভাবে পাস করে এখন ভার্সিটিতেও ভর্তি হয়েছে।
শুধু পড়াশোনাই নয়, নিজের ভবিষ্যৎটাকে নিজের হাতে গড়ে তোলার জন্য ভার্সিটির ক্লাসের পাশাপাশি সে একটা ফ্লাওয়ার আর কফি শপে কাজ নিয়েছে। শপ দুটো একসাথে অ্যাটাচড। একপাশে তাজা ফুলের মিষ্টি সুবাস, অন্যপাশে কফির কড়া ঘ্রাণ। অবশ্য সামান্য এই কাজটা পেতেও হায়াতকে কম ভোগান্তি পোহাতে হয়নি। সবসময় বোরখা পরার কারণে সে কোথাও সহজে কাজও পায় না। শহরের যেখানেই সে কাজের সন্ধানে যায়, সেখানেই তার আপাদমস্তক ঢাকা বোরখা দেখে কর্তৃপক্ষ নাক সিঁটকায়। তারা সাফ বলে দেয় যে এখানে কাজ করতে হলে তাদের নিয়ম অনুযায়ী ফর্মাল কাপড় পরতে হবে। কিন্তু হায়াত তার রবের বিধান আর নিজের পর্দা বিসর্জন দিয়ে তো আর ওয়েটারের জব এভাবে করতে পারে না! দুনিয়ার সামান্য কটা টাকার জন্য নিজের আদর্শকে বিকিয়ে দেওয়া তার পক্ষে অসম্ভব। তাই অনেক খোঁজাখুঁজির পর বাধ্য হয়েই এই অ্যাটাচড ফ্লাওয়ার আর কফি শপটাতে তার কাজ নেওয়া, কারণ এখানে তার বোরখা নিয়ে কেউ আপত্তি করেনি।
কাজটা মোটেও সহজ নয়। সপ্তাহে চারদিন তাকে এখানে কাজ করতে হয়, আর এই চারদিন সকাল থেকে রাত অবধি সারাদিন হাড়ভাঙা খাটুনি খাটতে হয় তাকে। ফুলের তোড়া সাজানো, কফির অর্ডার সামলানো, টেবিল পরিষ্কার রাখা, সব মিলিয়ে দিনশেষে শরীরটা ক্লান্তিতে ভেঙে আসতে চায়। মাস শেষে এই হাড়ভাঙা পরিশ্রমের বিনিময়ে সে পনেরো হাজার টাকা বেতন পায়। টাকার অঙ্কটা হয়তো খুব বড় নয়, কিন্তু হায়াতের কাছে এই পনেরো হাজার টাকাই তার স্বাধীনতার একমাত্র চাবিকাঠি। নিজের হাতখরচ একদম কমিয়ে সে প্রতি মাসে একটু একটু করে টাকা সেভিং করছে। তার মনের গহীনে একটাই স্বপ্ন, একটাই প্ল্যান। কিছু টাকা জমলেই সে দেওয়ান বাড়ির খাঁচা ছেড়ে নিজের মাকে নিয়ে ছোট্ট একটা আলাদা বাসায় উঠবে। যেখানে তাকে কেউ বাইরের মানুষের মতো ট্রিট করবে না, যেখানে মেইডদের সাথে বসে অশ্রু গিলে খাবার খেতে হবে না। স্বস্তির সেই দিনটার অপেক্ষাতেই হায়াত আজ মুখ বুজে সব অপমান আর অবহেলা মেনে নিচ্ছে।
আজ অক্টোবরের উনত্রিশ তারিখ।
হেমন্তের হালকা কুয়াশা মাখা এই দিনটিতে দেওয়ান বাড়ির বাতাসে এক অন্যরকম চঞ্চলতা। হায়াত শুনেছে আজ ফাওয়াদ বাড়ি এসেছে, যদিও এই ব্যাপারটা নিয়ে সে নিজে এখনো যথেষ্ট সিওর নয়। তার মতো গুরুত্বহীন মানুষকে তো আর কেউ ডেকে খবর দেয় না! তবে আজ ভোরবেলা ফজরের নামাজ শেষ করে হায়াত ভোরের নির্মল বাতাসে বাগানের দিকে একটু হাঁটতে বেরিয়েছিল। বাগানে নামতেই সে পুরো বাড়ির অস্বাভাবিক ব্যস্ততা লক্ষ্য করেছিল। সে দেখেছিল বাড়ির সবাই কেমন তড়িঘড়ি করছে, মেইড থেকে শুরু করে পরিবারের সদস্যরা পর্যন্ত সবাই খুব সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে।
দৃশ্যটা দেখে হায়াত বেশ অবাক হয়। কারণ গত তিন বছরে সে তার দাদি শাশুড়ি আর শাশুড়ি ছাড়া এই বাড়ির আর কাউকে জীবনেও ফজরের সময় ঘুম থেকে উঠতে দেখেনি। বেলা করে ঘুম থেকে ওঠাই এ বাড়ির মানুষদের অভ্যাস, অথচ আজ কাকভোরেই পুরো বাড়ি সরগরম! এ বাড়িতে কেউ হায়াতের সাথে অত ওত কথা বলে না, সবাই তাকে এড়িয়েই চলে। ফাওয়াদের ছোট বোন ফাইজা মাঝেমধ্যে হায়াতের সাথে একটু-আধটু কথা বলে। ফাইজাই কথায় কথায় হায়াতকে বলেছিল যে আজ ভাইয়া আসছে। ব্যস, ফাওয়াদের ফেরা নিয়ে হায়াত এই এতটুকুই জানে। সে কখন আসবে, আদৌ এসেছে কি না, তার কিছুই হায়াতের জানা নেই।
দেয়ালঘড়ির কাঁটায় এখন রাত নটা বাজে।
ফ্লাওয়ার আর কফি শপের সারাদিনের ক্লান্তিকর কাজ শেষে হায়াত সবেমাত্র এই বাড়িতে ফিরল। সারাদিন দাঁড়িয়ে কাজ করার পর পা দুটো আর চলতে চাইছে না, তবুও ভারী পায়ে সে বাড়ির ভেতরে পা রাখে। কিন্তু ভেতরে ঢুকতেই আশ্চর্যের বিষয় হলো, এত বড় দেওয়ান বাড়ি পুরো নিঝুম, সুনসান! কোথাও কোনো সাড়াশব্দ নেই, কোনো কোলাহল নেই। বাড়ির কেউ সজাগ নেই, সবাই অঘোর ঘুমে তলিয়ে আছে। হায়াত মনে মনে হিসেব মেলায়, আজ ভোরবেলা সবাই যেহেতু অসময়ে তাড়াতাড়ি উঠে গেছিল, আর সারাদিন ধকল গেছে, তাই হয়তো ক্লান্তিতে সবাই আজ তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছে।
শান্ত করিডোর পেরিয়ে হায়াত নিঃশব্দে নিজের রুমের দিকে যায়। এই প্রাসাদের স্টোর রুমের ঠিক পাশেই একটা এক কোণের রুম দিয়েছেন তাকে। রুমটা খুব বড় নয়, তবে সেখানে ছোট একটা জানালা আছে, যার ফাঁক গলে রাতের আকাশ আর এক ফালি চাঁদের আলো দেখা যায়। ঘরের একপাশে একটা সাধারণ ড্রেসিং টেবিল, তার সাথেই অ্যাটাচড কাবার্ড, আর এক কোণে হায়াতের বইপত্র সাজিয়ে রাখার জন্য একটা পড়ার টেবিল। রুমের সাথে একটা অ্যাটাচড ওয়াশরুমও আছে। দেওয়ান বাড়ির অন্যান্য বিলাসবহুল বেডরুমের তুলনায় স্টোর রুমের পাশের এই ঘরটা হয়তো কিছুই না, কিন্তু যদিও বা তাকে অবহেলা করে এই রুমটা দেওয়া হয়েছে, এতেই হায়াত অনেক হ্যাপি। নিদেনপক্ষে এই চার দেয়ালের ভেতরটুকু তো তার নিজের! এখানে কেউ তাকে তাচ্ছিল্যের চোখে দেখে না। হায়াত স্বভাবগতভাবেই খুব অল্পে তুষ্ট থাকা মেয়ে, সে নিজের জীবন নিয়ে কখনো কোনো অভিযোগ করে না। যা পায়, তাতেই আলহামদুলিল্লাহ বলে শোকর গুজার করে।
রুমে গিয়ে বোরখা খুলে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে নেয় হায়াত। ঠান্ডা পানির ঝাপটায় সারাদিনের ক্লান্তি কিছুটা ধুয়ে মুছে গেলে সে অজু করে এসে জায়নামাজে নামাজে দাঁড়ায়। শরীর যতই ক্লান্ত হোক, নামাজের ব্যাপারে তার কোনো আপস নেই। হায়াতের কাছে জীবন মানেই হলো আগে আল্লাহকে খুশি করতে হবে, দীন আগে, দুনিয়া পরে। দুনিয়ার এই ক্ষণস্থায়ী কষ্ট তো একদিন ফুরিয়েই যাবে, কিন্তু রবের সন্তুষ্টিই তার আসল ঠিকানা।
এশার নামাজ ধীরস্থিরভাবে শেষ করে জায়নামাজে বসেই হায়াত প্রতিদিনের নিয়ম মতো সূরা মুলক পড়ছিল। কোলাহলহীন ঘরে তার কণ্ঠের মৃদু, সুমধুর তেলাওয়াত এক আলাদা প্রশান্তি ছড়িয়ে দিচ্ছিল। ঠিক এমন সময় ফাওয়াদের মা, মিসেস আনতারা হায়াতের রুমের দরজায় মৃদু নক দেন। দরজার ওপাশ থেকেই তাঁর গম্ভীর কণ্ঠস্বর ভেসে আসে, "হায়াত, এসে গেছো?"
হায়াত উনার ডাক শুনে সাথে সাথে তেলাওয়াতে ওয়াকফ করে। কোরআন শরীফের পাতায় আঙুল রেখে অত্যন্ত আদব ও নম্রতার সাথে সে বলে, "জ্বি আন্টি।"
মিসেস আনতারা দরজার বাইরে থেকেই বলেন, "আমরা আজ খাবার খেয়ে নিয়েছি তাড়াতাড়ি। খাবার তুমিও খেয়ে নিও, ফ্রিজে রাখা আছে সব।"
ব্যস, এইটুকু কথা বলেই তিনি আর এক মুহূর্তও দাঁড়ান না, নিজের ঘরে চলে যান। হায়াত কেমন আছে, এত রাত করে একা ফিরতে কোনো সমস্যা হয়েছে কি না, সেসব কিছুই তিনি জানতে চান না। হায়াতও এতে অভ্যস্ত। সে দীর্ঘশ্বাস না ফেলে পুনরায় তার তেলাওয়াতে মন দেয়।
পবিত্র সূরা মুলক তেলাওয়াত শেষে কোরআন শরীফ সযত্নে রেখে জায়নামাজ ভাঁজ করে উঠে দাঁড়ায় হায়াত। সারাদিনের পরিশ্রমের পর পেটে ক্ষুধার টান অনুভব করে সে। মাথায় ওড়নাটা ভালো করে জড়িয়ে নিয়ে রুম থেকে বেরিয়ে সে রান্নাঘরে যায়। অন্ধকার রান্নাঘরের হালকা আলো জ্বালিয়ে ফ্রিজ থেকে বাটিতে রাখা ঠান্ডা খাবারগুলো বের করে। এরপর চুলা জ্বালিয়ে খাবার গরম করতে শুরু করে সে। জনমানবহীন রান্নাঘরের চুলার মৃদু আঁচে খাবার গরম হতে থাকে, আর এই অবসরে হায়াত আনমনেই গুনগুন করে ঠোঁট নাড়িয়ে নাশিদ গাইতে শুরু করে।
একাকী থাকলে বা কোনো কাজ করার সময় এভাবে গুনগুন করে নাশিদ গাওয়ার একটা পুরনো অভ্যাস আছে তার। তার মিষ্টি, শান্ত গুনগুনানিতে সুনসান কিচেনটা এক মোহনীয় আবেশে ভরে ওঠে।
এদিকে ফাওয়াদ দীর্ঘ জার্নি করে বাড়ি ফেরায় তার শরীরটা ভীষণ ভারী হয়ে আছে। পথের ক্লান্তিতে সে আজ সন্ধ্যা সাতটায় খেয়েদেয়েই বিছানায় গা এলিয়ে ঘুমিয়ে গিয়েছিল। কিন্তু এত তাড়াতাড়ি ঘুমানোর ফলে মাঝরাতের আগেই তার ঘুম ভেঙে যায়। আর ঘুম ভাঙার পর তার হুট করেই মিষ্টি খাওয়ার তীব্র ক্রেজ উঠেছে। ফাওয়াদের যখন-তখন এমন মিষ্টি খাওয়ার ঝোঁক ওঠে। তাই এই অসময়েই ফ্রিজে মিষ্টি কিছু আছে কি না দেখার জন্য এবং মিষ্টি কিছু খেতে সে নিজের রুম থেকে নিচে নেমে আসে।
ঘুমন্ত বাড়ির সিঁড়ি ভেঙে ডাইনিং পার হয়ে কিচেনের কাছে যেতে সে হুট করেই থমকে যায়। তার ভ্রু জোড়া কুঁচকে আসে। ঘড়ির কাঁটায় রাত সাড়ে নটা পেরিয়েছে, বাড়ির সবাই ঘুমে অচেতন। এই সময় আবার কিচেনের ভেতর কে এভাবে গুনগুন করছে? মৃদু, সুমিষ্ট একটা সুর বাতাসে ভেসে আসছে, যা ফাওয়াদ আগে কখনো এই বাড়িতে শোনেনি।
মনের ভেতর একরাশ কৌতূহল নিয়ে ফাওয়াদ নিঃশব্দে কিচেনে প্রবেশ করে।
দরজার কাছে কারো পায়ের আওয়াজ আর উপস্থিতির আভাস পেয়ে হায়াত মুহূর্তেই বুঝতে পারে কিচেনে কেউ এসেছে। সাথে সাথেই সে অপ্রস্তুত হয়ে নাশিদ গাওয়া বন্ধ করে দেয় এবং হাত বাড়িয়ে চুলা অফ করে। কে এসেছে দেখার জন্য সে চট করে পিছনে তাকায়।
আর পিছনে ঘুরতেই হায়াতের নিঃশ্বাসটা বুকের ভেতর আটকে যায়! কিচেনের দরজায় ফাওয়াদ দাঁড়িয়ে আছে, আর সে হায়াতের দিকেই তাকিয়ে আছে। হায়াত ঘুরতেই ফাওয়াদের তীক্ষ্ণ ও নিবিড় চোখ হায়াতের চোখে পড়ে, আর হায়াতের কম্পিত চোখ জোড়াও সরাসরি ফাওয়াদের চোখে পড়ে।
দীর্ঘ তিন বছর পর এই প্রথম দুজন দুজনের মুখোমুখি। মাথার ওপর কিচেনের মৃদু আলো, চুলার ওপর খাবার গরম হওয়ার হালকা ভাপ, আর চারপাশে পিনপতন নিস্তব্ধতা।
ফাওয়াদ কিছু বলে না, তার গম্ভীর অবয়বে কোনো রিঅ্যাকশনও দেয় না। সে পাথরের মূর্তির মতো জমে গেছে। কোনো প্রশ্ন নয়, কোনো বিস্ময় নয়, একদৃষ্টিতে সে হায়াতের দিকেই তাকিয়ে থাকে।
চলবে,,,,

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে 1 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন