ঘড়ির কাঁটায় রাত এখন ঠিক দশটা বাজে। বাইরে শহরের যান্ত্রিক কোলাহল ধীরে ধীরে স্তিমিত হয়ে আসছে, দূর থেকে মাঝে মাঝে দু-একটা গাড়ির হর্নের ক্ষীণ আওয়াজ ভেসে আসছে মাত্র। অথচ এই সুবিশাল রাজপ্রাসাদের মতো বাড়িটার দোতলার দক্ষিণ কোণের রুমের ব্যালকনিতে বসে থাকা মেয়েটির মনের ভেতর চলছে এক অবিরাম ঝড়। হায়াত ব্যালকনির এক কোণে রাখা বেতের ছোট টেবিলটার সামনে ঝুঁকে বসে তার কলেজের অ্যাসাইনমেন্ট লিখছে।
ব্যালকনির লোহার কারুকাজ করা রেলিং ঘেঁষে সারি সারি মাটির টবে লাগানো হাসনাহেনা আর বেলি ফুলের গাছ। রাতের হিমেল বাতাসে ফুলের মিষ্টি, মাদকতাময় সৌরভ ভেসে আসছে। আকাশে আধখানা চাঁদ নিজের রূপালি প্রশান্ত আলো ছড়িয়ে দিয়েছে চারপাশে, ল্যাম্পপোস্টের হলদেটে আলোর সাথে জ্যোৎস্না মিলেমিশে এক মোহময় পরিবেশ তৈরি করেছে। কিন্তু প্রকৃতির এই অপার্থিব সৌন্দর্য হায়াতের অস্থির মনকে এতটুকুও শান্ত করতে পারছে না। তার কপালের ওপর অবাধ্য চুলের গোছাগুলো বাতাসে বারবার উড়ে এসে চোখেমুখে পড়ছে, আর সে বিরক্তির সাথে বাঁ হাত দিয়ে চুলগুলো কানের পেছনে গুঁজে দিচ্ছে।
হায়াত ডান হাতের আঙুলের ফাঁকে কলমটা শক্ত করে ধরে সাদা কাগজের ওপর ঝুঁকে আছে ঠিকই, কিন্তু তার একটি অক্ষরও ঠিকমতো লেখা হচ্ছে না। বারবার লাইনগুলো বাঁকা হয়ে যাচ্ছে, নয়তো অন্যমনস্কতায় ভুল শব্দ লিখে ফেলে পরক্ষণেই তা কাটাকুটি করতে হচ্ছে। তার সামনে খোলা বইটার পাতাগুলো বাতাসে ফড়ফড় করে উড়ছে, সেদিকেও তার কোনো ভ্রুক্ষেপ নেই। সে কোনো কিছুতেই ফোকাস করতে পারছে না। মাথার ভেতরটা একদম ফাঁকা, আবার একই সাথে হাজারটা এলোমেলো চিন্তায় ঠাসা।
আর এই মনোযোগ হারানোর একমাত্র কারণ হলো ফাওয়াদ। আজ সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত তার সাথে বারবার ফাওয়াদের তর্ক লেগে যাচ্ছে। লোকটা কথা বলার সময় মুখে মধু নয়, উচ্ছে আর করলার রস মেখে কথা বলে। সকালবেলা হায়াত নিজের অ্যাসাইনমেন্টের কাগজপত্র খুঁজছিল, ঠিক সেই সময়ে ফাওয়াদ ওয়াশরুম থেকে বেরিয়ে তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে এমন একখানা মন্তব্য করল যে হায়াতের মেজাজ চড়ে গেল সপ্তমে। হায়াত যদি বলে আকাশটা নীল, ফাওয়াদ তার গম্ভীর কণ্ঠে যুক্তি দেখিয়ে বলবে ওটা আসলে আলোর প্রতিফলন। হায়াত ডানে যেতে বললে ফাওয়াদ বাঁয়ে যাবে, হায়াত কোনো কথা পরিষ্কার করে বোঝাতে চাইলে ফাওয়াদ নিজের রাশভারী স্বরে এমন একখানা বাঁকা কথা শুনিয়ে দেবে যে হায়াতের রক্ত মুহূর্তেই টগবগ করে ফুটতে শুরু করে।
সন্ধ্যার দিকেও আরেক দফা কথা-কাটাকাটি হয়েছে তাদের মধ্যে। হায়াত বিরক্তিতে একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলে হাতের কলমটা খাতার ওপর ঠক করে রেখে দেয়। হায়াত নিজের অ্যাসাইনমেন্ট, ক্ষুধার জ্বালা আর ফাওয়াদের সাথে হওয়া তর্কের রেশ নিয়ে ব্যালকনিতে বসে হিমশিম খাচ্ছে, ঠিক একই সময়ে নিচতলার প্রশস্ত ডাইনিং হলে চলছে রাতের খাবারের রাজকীয় আয়োজন।
এখন এই বাড়ির ডিনারের সময়। প্রশস্ত ডাইনিং হলের ছাদ থেকে ঝুলে থাকা বেলজিয়ান ক্রিস্টালের ঝাড়বাতির উজ্জ্বল আলোয় লম্বা মেহগনি কাঠের ডাইনিং টেবিলটা ঝলমল করছে। টেবিলের ওপর বিছানো সাদা লেসের রানারের ওপর সাজানো রয়েছে দামি বোন-চায়না ও কাঁচের পাত্র। জাফরানি পোলাও, মুরগির রোস্ট, শামি কাবাব, রুই মাছের দোপেয়াজা, খাসির রেজালা থেকে শুরু করে হরেক রকমের পদের সুঘ্রাণে পুরো ডাইনিং হল ম-ম করছে।
বাড়ির প্রায় সব সদস্যই ইতিমধ্যে টেবিলের চারপাশে নিজেদের নির্ধারিত আসনে এসে বসেছেন। ফাওয়াদের মা আনতারা বেগম টেবিলের প্রধান আসনের পাশের চেয়ারটায় বসে কাজের মেয়েদের কড়া নজরদারিতে তদারকি করছেন, যাতে খাবারের পরিবেশনায় বিন্দুমাত্র ত্রুটি না থাকে। তাঁর পরনে দামি তসর সিল্কের শাড়ি, গলায় সোনার চেন। তাঁর ঠিক উল্টো পাশেই বসে আছেন ফাওয়াদের মেজো চাচী সালমা বেগম, পাশে ছোট চাচা চাচী, আর তাঁদের ছেলে-মেয়েরা। তারা সবাই মিলে হাসি-ঠাট্টা করছে, চামচ আর প্লেটের টুংটাং শব্দে মুখরিত হয়ে আছে চারপাশ।
সবাই বসে গেলেও টেবিলের মূল আকর্ষণ, এই পরিবারের সবচেয়ে রাশভারী সদস্য এবং বাড়ির বড় ছেলে ফাওয়াদের চেয়ারটা এখনো খালি। আর ফাওয়াদ না এলে আনতারা বেগম কখনোই খাওয়া শুরু করেন না। তাই সবাই ফাওয়াদকে একের পর এক ডাক দিচ্ছেন নিচে আসার জন্য।
আনতারা বেগম খাবার বাড়ার তদারকি করতে করতে প্রধান মেইড রহিমাকে উদ্দেশ্য করে বলেন, "রহিমা, যা তো উপরে গিয়ে ফাওয়াদকে আরেকবার ডেকে আয়। ওকে বল যে রাত সোয়া দশটা বাজতে চলল, খাবার সব ঠান্ডা হয়ে যাচ্ছে। সবাই ওর জন্য টেবিলে বসে আছে।"
মেজো চাচী সালমা বেগম গ্লাসে পানি ঢালতে ঢালতে ঠোঁটের কোণে এক চিলতে বাঁকা হাসি ঝুলিয়ে বলেন, "আরে ভাবি, ওকে আর ডেকে কী হবে বলো তো? ও তো এখন নিজের রুমেই বেশি সময় কাটাবে। বউ কে পেয়েছে বলে কথা! বউকে ফেলে নিচে আমাদের সাথে খেতে নামতে কি আর মন চায় ওর?"
মেজো চাচীর কথার খোঁচাটা আনতারা বেগমের বুকে গিয়ে লাগে। তাঁর মুখটা মুহূর্তেই থমথমে হয়ে যায়। হায়াতকে তো তিনি নিজেই মন থেকে মেনে নেননি, তাই হায়াতকে নিয়ে কেউ ফাওয়াদকে জড়িয়ে কথা বললে তাঁর পিত্তি জ্বলে যায়। তিনি গম্ভীর গলায় জবাব দিতে যাবেন, ঠিক তার আগেই প্রশস্ত সিঁড়িতে ফাওয়াদের ভারী পায়ের জুতোর আওয়াজ শোনা যায়।
ফাওয়াদ বরাবরের মতো কিছুটা দেরি করেই আসে টেবিলে। ল্যাপটপে অফিসের একটা জরুরি মেইল চেক করছিল সে। পরনে একটা গাঢ় কালো রঙের পোলো টি-শার্ট আর ছাই রঙের ট্রাউজার্স। ঘন কালো চুলগুলো কপালের ওপর হালকা অগোছালো হয়ে পড়ে আছে, চোখেমুখে চিরচেনা গম্ভীর, শান্ত ও রাশভারী অভিব্যক্তি। হাতের কবজিতে বাঁধা রুপালি রঙের ঘড়িটা ঝাড়বাতির আলোয় চিকচিক করছে। সে লম্বা লম্বা পা ফেলে ডাইনিং টেবিলের কাছে এসে দাঁড়ায়।
কিন্তু নিজের নির্ধারিত চেয়ারের পেছনে এসে হাত রাখতেই সে থমকে যায়।ফাওয়াদ চেয়ারটা টানার আগে অভ্যাসবশতই পুরো টেবিলের চারপাশে একবার চোখ বুলিয়ে দেখে। ডান থেকে বামে, এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত মা, চাচা, চাচী, কাজিনরা সবাই উপস্থিত আছে। সবাই হাসিমুখে গল্প করছে, প্লেটে খাবার নিচ্ছে। কিন্তু কোনোদিকেই হায়াত নেই।
ফাওয়াদ বেশ অবাক হয়। তার প্রশস্ত কপালের মাঝখানে দুটো সূক্ষ্ম ভাঁজ পড়ে। সে মনে করার চেষ্টা করে, আজ দুপুরে লাঞ্চের সময়ও সে মেয়েটাকে টেবিলে দেখেনি। দুপুরে সে খেতে বসে দেখল হায়াতের জায়গাটা খালি। সে সময়ে ভেবেছিল হায়াত হয়তো ক্ষুধার্ত থাকায় তার আগেই খেয়ে নিয়েছে,
কিন্তু এখন? রাত দশটা পেরিয়ে গেছে, এটা তো এই বাড়ির অলিখিত নিয়ম যে রাতের খাবার সবাই একসাথে বসে খাবে। মেয়েটা গেল কই? ও কি খাবার খাবে না এখন? একটু আগেই তো সে নিজের স্টাডি রুম থেকে বেরিয়ে সিঁড়ির দিকে আসার পথে রুমের ভেজানো দরজার ফাঁক দিয়ে দেখেছে হায়াত ব্যালকনিতে বসে খাতার সাথে যুদ্ধ করছে। তাহলে নিচে খেতে নামল না কেন? সে ডাইনিং টেবিলের নিজের চেয়ারটা হালকা টেনে বসতে বসতে খুব স্বাভাবিক অথচ গম্ভীর স্বরে প্রশ্ন করে, "হায়াত কোথায়? ও খাবার খাবে না?"
ফাওয়াদের এই ছোট্ট প্রশ্নটা ডাইনিং টেবিলের চলমান কোলাহলটাকে এক মুহূর্তের জন্য থামিয়ে দেয়। চাচাতো বোনদের ফিসফিসানি থেমে যায়। আনতারা বেগম ছেলের দিকে তাকান। তাঁর চোখেমুখে কোনো অপরাধবোধ, দ্বিধা কিংবা সংকোচের লেশমাত্র নেই। ভাবখানা এমন যে ফাওয়াদ খুব তুচ্ছ একটা বিষয়ে প্রশ্ন করেছে।
খুব সাধারণ একটা ঘরোয়া নিয়ম জানানোর ভঙ্গিতেই ফাওয়াদের মা আনতারা বলেন, "না, ও আমাদের সাথে খায় না। ও মেইডদের সাথে খায় একসাথে বসে। আমরা অ্যালাউ করিনি ওকে আমাদের সাথে এই টেবিলে বসে খেতে।"
কথাটা একটা জ্বলন্ত অঙ্গারের মতো ফাওয়াদের কানে গিয়ে ঢোকে। আনতারা বেগম কথাটা বলেই খুব স্বাভাবিকভাবে নিজের প্লেটে পোলাওয়ের চামচ ডুবিয়ে দেন, দেখে মনে হয় তিনি এইমাত্র জানালেন যে আজ রান্নায় লবণ একটু কম হয়েছে। পাশ থেকে মেজো চাচীও ঠোঁট টিপে একটু হেসে নিজের প্লেটে রোস্ট তুলে নেন। তাঁদের কাছে বিষয়টা খুবই স্বাভাবিক। হায়াত এই পরিবারের বড় বউ হয়ে এলেও, তার পারিবারিক অবস্থান এবং এই বাড়িতে আসার প্রক্রিয়াটা তাঁদের পছন্দ ছিল না। তাই তাঁদের চোখে সে এখনো একজন বহিরাগত, যাকে এই রাজকীয় ডাইনিং টেবিলে নিজেদের সমকক্ষ করে বসানোর প্রশ্নই ওঠে না। কাজের মানুষদের সাথে রান্নাঘরের মেঝেতে বসে খাওয়াটাই তার জন্য উপযুক্ত স্থান বলে তাঁরা রায় দিয়েছেন।
কিন্তু মায়ের মুখ থেকে বেরোনো এই কটা কথা শুনে ফাওয়াদ আর চেয়ারে বসে না।চেয়ারের ওপর অর্ধেক ঝোঁকা অবস্থাতেই ফাওয়াদ পাথরের মূর্তির মতো স্থির হয়ে যায়। তার হাতের মুঠোয় ধরা চেয়ারের কাঠের হাতলটাতে এমন প্রচণ্ড জোরে চাপ পড়ে যে তার ফর্সা হাতের রগগুলো ফুলে ওঠে, আঙুলের গাঁটগুলো সাদা হয়ে যায়। তার চোয়ালের পেশীগুলো শক্ত হয়ে ওঠে, আর শান্ত কালো চোখের মণি দুটোতে মুহূর্তেই নেমে আসে এক ভয়ংকর, বরফজমা অন্ধকার। বুকের ভেতরটা রাগে, ক্ষোভে আর অপমানে দপ করে জ্বলে ওঠে। ফাওয়াদ টেবিলের কারো দিকে দ্বিতীয়বার তাকায় না। মায়ের কথার পিঠে একটা শব্দও উচ্চারণ করে না সে। কারণ সে জানে, এই মুহূর্তে তার মুখ খুললে তার গলা দিয়ে যে আগ্নেয়গিরির লাভা বেরোবে, তা সহ্য করার ক্ষমতা এখানে বসে থাকা কারো নেই।
সে শুধু চেয়ারটাকে একটা মৃদু ঝটকা মেরে আগের জায়গায় ঠেলে দিয়ে সোজা হয়ে দাঁড়ায়। তারপর কিছু না বলে চুপচাপ মার্বেলের মেঝেতে নিজের ভারী পা ফেলে দ্রুতগতিতে সিঁড়ির দিকে চলে যায়।
ফাওয়াদের এই আকস্মিক, নিঃশব্দ প্রস্থানে ডাইনিং টেবিলে বসে থাকা সবাই তো অবাক! কী হলো ওর? এভাবে কথা নেই বার্তা নেই খাবার ফেলে রেখে উঠে চলে যাচ্ছে কেন?আনতারা বেগম হাতের চামচটা নামিয়ে রেখে পেছন থেকে ব্যস্ত হয়ে ডাক দেন, "ফাওয়াদ! এই ফাওয়াদ! কোথায় যাচ্ছিস তুই? খাবার বেড়েছি তো, খেয়ে যা বাবা!"
ছোট চাচাও অবাক হয়ে ডেকে ওঠেন, "কীরে ফাওয়াদ, কী হলো হঠাৎ? কথা না বলে চলে যাচ্ছিস যে?"
মেজো চাচী গলা লম্বা করে বলেন, "দেখো কাণ্ড! বউয়ের কথা শুনেই বোধহয় রাগ করে চলে গেল নাকি?"
পিছন থেকে সবাই একের পর এক ডাকছেন, কিন্তু ফাওয়াদ সেগুলোর কিছুই শুনছে না।
এদিকে উপরে নিজের রুমে হায়াত ব্যালকনি থেকে উঠে এসে অ্যাসাইনমেন্টের খাতা-পত্র সব গুছিয়ে টেবিলের একপাশে রেখে দিয়েছে। সারাদিনের মানসিক ক্লান্তি, ফাওয়াদের সাথে তর্কের রেশ আর খালি পেটের কারণে তার মাথাটা দপদপ করে ব্যথা করছে। এই অবস্থায় আর কিছুতেই অ্যাসাইনমেন্ট লেখা সম্ভব নয়। সে ঠিক করেছে আগে ওযু করে এশার নামাজটা পড়ে নেবে, আল্লাহর কাছে একটু শান্তি চাইবে। তারপর নিচে সবাই খাওয়া-দাওয়া শেষ করে উঠে গেলে সে চুপচাপ রান্নাঘরের দিকে যাবে। রহিমা খালা নিশ্চয়ই তার জন্য খাবারটুকু ঢেকে রেখেছেন, সেখানেই মেইডদের সাথে বসে চুপচাপ চারটে খেয়ে এসে ঘুমিয়ে পড়বে।
গত কয়েক বছরে এটাই তো তার অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে। ফাওয়াদ হনহন করে রুমের দরজা ঠেলে ভেতরে এসে দেখে হায়াত সবেমাত্র ওযু করে ওয়াশরুম থেকে বেরিয়েছে। নামাজ পড়বে বলে সে মাথার সাদা সুতির ওড়নাটা মুখের চারপাশ দিয়ে ভালো করে জড়িয়ে নিচ্ছে। ওযুর স্বচ্ছ পানির বিন্দুগুলো এখনো তার ফর্সা গাল, নাকের ডগা আর চিবুক বেয়ে টুপটাপ করে ঝরছে। ভেজা পাপড়িগুলোর নিচে তার ডাগর চোখ দুটো শান্ত, নির্মল। ঘরের মৃদু আলোয় তাকে এক পবিত্র পরীর মতো দেখাচ্ছে।
হায়াত হাতের ছোট তোয়ালেটা রেখে জায়নামাজটা নেওয়ার জন্য সামনে ঘুরতেই দেখে ফাওয়াদ ঝড়ের বেগে ভেতরে ঢুকেছে। হায়াত কিছু বুঝে ওঠার আগেই ফাওয়াদ লম্বা লম্বা পা ফেলে সোজা হায়াতের একদম সামনে গিয়ে দাঁড়ায়। তাদের দুজনের মাঝখানে দূরত্ব মাত্র কয়েক ইঞ্চির। ফাওয়াদের শরীর থেকে ভেসে আসা দামি পারফিউমের কড়া সুবাস হায়াতের নাকে এসে লাগে।
ফাওয়াদের এমন হুট করে সামনে এসে দেয়ালের মতো দাঁড়ানো দেখে হায়াত প্রচণ্ড চমকে ওঠে। তার হাতের তোয়ালেটা নিজের অজান্তেই বুকের কাছে জড়ো হয়ে যায়। ফাওয়াদ কোনো ভূমিকা ছাড়াই হায়াতের ভেজা মুখের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে। তার বুকের ওঠানামা দেখে বোঝা যায় সে কতটা উত্তেজিত হয়ে আছে। সে গম্ভীর অথচ থমথমে গলায় হুট করে বলে ওঠে, "তুমি খাবার খাবে না?"
হায়াত তার এই হুট করে করা প্রশ্ন দেখে আর এভাবে একদম গায়ের কাছে সামনে আসা নিয়ে বেশ ঘাবড়ে যায়। হায়াতের বুকটা ধড়ফড় করতে শুরু করে। এমনিতেই ফাওয়াদ তার চেয়ে অনেকটা লম্বা। ছয় ফুটের ওপর উচ্চতা আর জিম করা চওড়া কাঁধের ফাওয়াদকে হায়াতের কাছে সবসময়ই জিরাফের মতো লম্বা লাগে। হায়াত তো তার কাঁধের কাছাকাছিও পৌঁছায় না। লোকটা এভাবে ঘাড় নিচু করে ওপর থেকে তার দিকে তাকালে হায়াতের মনে হয় সে কোনো বিশালাকার পাহাড়ের নিচে দাঁড়িয়ে থাকা ক্ষুদ্র একটা প্রাণী। তার ওপর ফাওয়াদের চোখের দৃষ্টিটা এখন বিচিত্র, তীক্ষ্ণ আর জ্বলন্ত।
হায়াত নিজের ঘাবড়ে যাওয়া ভাবটা লুকানোর জন্য কিছুটা পিছিয়ে গিয়ে পেছনের দেয়ালের সাথে প্রায় মিশে যায়। তারপর নিজের চিরচেনা জেদি আর রক্ষণাত্মক ভঙ্গিতে কপাল কুঁচকে বলে, "না, আমি পরে খাব।"
হায়াত ভেবেছিল এইটুকু বললেই ফাওয়াদ হয়তো মুখ বাঁকিয়ে চলে যাবে, কিংবা বরাবরের মতো আরেক দফা তর্ক জুড়ে দেবে যে কেন সে সময়মতো খাচ্ছে না। কিন্তু ফাওয়াদ তার কোনোটিই করে না। সে আগের মতোই পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। হায়াতের পিছিয়ে যাওয়া দেখে সে নিজেও আর সামনে এগোয় না, তবে তার তীক্ষ্ণ দৃষ্টি হায়াতের ভেজা মুখ থেকে এক মুহূর্তের জন্যও সরে না। সে হায়াতের চোখের ভেতর দিয়ে তার মনের লুকানো কষ্ট আর অপমানটুকু পড়ার চেষ্টা করছে।
কয়েক সেকেন্ড রুমের ভেতর পিনপতন নৈঃশব্দ্য বিরাজ করে।হায়াত ফাওয়াদের এই একটানা তাকিয়ে থাকায় তীব্র অস্বস্তিতে পড়ে চোখ সরিয়ে নিতে যাবে, ঠিক সেই মুহূর্তে ফাওয়াদ এটা শুনে হায়াতকে খুব শান্ত, নিচু অথচ মোলায়েম স্বরে জিজ্ঞেস করে, "আমি কি তোমার হাত আলতো করে একবার ধরতে পারি?"
প্রশ্নটা শুনে হায়াতের তো মাথায় আকাশ ভেঙে পড়ার জোগাড়! সে বিস্ময়ে নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। তার চোখ দুটো বড় বড় হয়ে যায়। হায়াত প্রচণ্ড সন্দেহ, অবিশ্বাস আর বিরক্তি নিয়ে ফাওয়াদের চোখের দিকে সরাসরি তাকায়। হায়াত ঝাঁঝালো গলায় বলে, "আপনি কি ফাইজলামি করছেন?"
হায়াতের কণ্ঠে স্পষ্ট ঝাঁঝ আর রাগ। সে ভেবেছিল তার এই বাঁকা কথায় ফাওয়াদ এবার নির্ঘাত রেগে গিয়ে চিৎকার করবে। কিন্তু হায়াতের কথা শুনে ফাওয়াদ কোনো উত্তরই দেয় না। তার মুখের একটা পেশীও নড়ে না। সে হায়াতের মৌখিক অনুমতির অপেক্ষাতেই ছিল না, শুধু নিজের পৌরুষালী ভদ্রতার খাতিরে প্রশ্নটা করেছিল।
ফাওয়াদ কিছু না বলে নিজের ডান হাতটা এগিয়ে দেয় এবং হায়াতের ডান হাতের কোমল কবজিটা নিজের চওড়া, উষ্ণ হাতের মুঠোয় আলতো হাতে চেপে ধরে। তার স্পর্শটা সত্যিই পালকের মতো আলতো ছিল, যাতে হায়াতের পেলব হাতে এতটুকুও ব্যথা না লাগে, কিন্তু আলতো ধরার মধ্যেই এমন এক অটল, ইস্পাতকঠিন দৃঢ়তা ছিল যা ছাড়িয়ে নেওয়ার সাধ্য হায়াতের ছিল না।
হায়াত চমকে উঠে মুখ দিয়ে কোনো শব্দ বের করার আগেই ফাওয়াদ তাকে নিজের সাথে টেনে নিয়ে রুমের দরজা পেরিয়ে বাইরে চলে আসে এবং করিডোর ধরে সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করে।
ফাওয়াদের এই হঠকারী আচরণে হায়াতের তো রাগ চড়চড় করে মাথায় উঠতে শুরু করেছে! লজ্জায়, রাগে, অপমানে আর আকস্মিকতায় তার ফর্সা মুখটা টকটকে লাল হয়ে ওঠে। তার ভেজা হাতটা ফাওয়াদের হাতের মুঠোয় বন্দী। সে ছোট ছোট পা চালিয়ে ফাওয়াদের লম্বা লম্বা কদমের সাথে তাল মেলানোর চেষ্টা করতে করতে মনে মনে ফুঁসতে থাকে। এই অজগর জিরাফটা করছেটা কী! এসব হাত ধরছে কেন হুট করে? একটু আগেই না সাধু সেজে হাত ধরার অনুমতি চাইল, আবার আমি ঝাড়ি দেওয়ার পরও নিজেই জোর করে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে! তাহলে ঢং করে অনুমতি চাওয়ার নাটকটা করার কী দরকার ছিল শুনি? অসভ্য, একরোখা, মাথামোটা অজগর জিরাফ কোথাকার! নির্ঘাত নিচে নিয়ে গিয়ে সবার সামনে আমাকে অপমান করবে।
হায়াত বাঁ হাত দিয়ে ফাওয়াদের শক্ত হাতের মুঠোটা ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করতে করতে ফিসফিস করে দাঁতে দাঁত চেপে বলে, "দেখুন, ভালো হচ্ছে না কিন্তু! আমার হাত ছাড়ুন বলছি! আমি নামাজ পড়ব এখন, আপনি আমাকে কোথায় টেনে নিয়ে যাচ্ছেন এভাবে? হাত ছাড়ুন!"
কিন্তু ফাওয়াদ সম্পূর্ণ বধির হয়ে গেছে। হায়াতের শত ছটফটানি, নখের আঁচড় কিংবা নিচু গলার ধমক তার কানেই যাচ্ছে না। সে হায়াতের হাতটা নিজের হাতের উষ্ণ মুঠোয় পূর্ণ নির্ভরতায় আগলে রেখে একটানা সিঁড়ি ভেঙে নিচে নেমে আসে। হায়াতও আর জোরে চিৎকার করতে পারে না, কারণ নিচে ড্রয়িং আর ডাইনিং রুমে বাড়ির সবাই উপস্থিত। সবার সামনে ফাওয়াদের সাথে হাত টানাটানি করে নতুন কোনো পারিবারিক তামাশা তৈরি করতে চায় না সে।
ফাওয়াদ হায়াতকে নিয়ে নিচে নেমে সোজা উজ্জ্বল আলোয় ভরা ডাইনিং হলের ভেতর প্রবেশ করে।
ডাইনিং টেবিলের সবাই ফাওয়াদের হঠাৎ চলে যাওয়ার কারণ নিয়েই নিজেদের মধ্যে গুঞ্জন করছিল। হঠাৎ ফাওয়াদকে এভাবে হায়াতের হাত ধরে টানতে টানতে ডাইনিং হলে ঢুকতে দেখে সবার চোখ কপালে ওঠে! পুরো ডাইনিং হলে এক মুহূর্তে পিনপতন নৈঃশব্দ্য নেমে আসে। আনতারা বেগমের হাতের চামচটা প্লেটের ওপরই থেমে যায়, মেজো চাচীর মুখ বিস্ময়ে হা হয়ে যায়, আর চাচাতো বোনদের চোখ বড় বড় হয়ে ওঠে। ফাওয়াদ বাড়ির সবার সামনে হায়াতের দিকে ফিরেও তাকায় না, অথচ সে আজ সবার সামনে হায়াতের হাত ধরে টেনে নিয়ে এসেছে!
ফাওয়াদ কারো চোখের দিকে না তাকিয়ে হায়াতকে নিয়ে এসে সোজা নিজের চেয়ারের ঠিক পাশের খালি চেয়ারটার সামনে, সবার চোখের সামনে দাঁড় করায়। তারপর হায়াতের হাতটা আলতো করে ছেড়ে দিয়ে চেয়ারটা সামান্য টেনে ধরে গম্ভীর, আদেশের সুরে বলে, "যাও, বসো চেয়ারে।"
হায়াত হঠাৎ করে এই এতগুলো মানুষের তীক্ষ্ণ, কৌতূহলী ও বিদ্বেষপূর্ণ দৃষ্টির সামনে পড়ে ভীষণ সংকুচিত ও অসহায় বোধ করে। শাশুড়ি আনতারা বেগম আর মেজো চাচীর চোখের অগ্নিদৃষ্টি সে স্পষ্ট দেখতে পাচ্ছে। ফাওয়াদের হাত থেকে নিজের হাতটা ছাড়া পেয়েই হায়াত নিজের ওড়নার কোণাটা মুঠোয় শক্ত করে চেপে ধরে। তার বুক কাঁপছে। সে ফাওয়াদের দিকে তাকিয়ে অসহায় অথচ আত্মসম্মান বাঁচানোর তাগিদে নিচু স্বরে বলে, "আমি এখানে বসতে পারব না।"
হায়াতের গলায় এক ধরনের চাপা অভিমান, ভয় আর অস্বস্তি মিলেমিশে ছিল। যে টেবিল থেকে তাকে প্রথম দিনই দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয়েছে, মেইডদের সাথে খাওয়ার হুকুম দেওয়া হয়েছে, সেখানে সে আবার নির্লজ্জের মতো কেমন করে বসবে? হায়াতের কথাটা শেষ হতে না হতেই ফাওয়াদের মেজো চাচী সালমা বেগম পরিস্থিতিটা নিজেদের অনুকূলে নেওয়ার জন্য এবং হায়াতকে টেবিল থেকে সরানোর জন্য তাড়াতাড়ি বলে ওঠেন, "আরে ফাওয়াদ, তুমি ওকে জোর করছ কেন বাবা? দেখছ না ও অস্বস্তি পাচ্ছে? ও তো ঠিকই বলছে, ও পরে খাবে। তাছাড়া ও তো আমাদের সাথে বসে অভ্যস্ত না, ও পরে ভেতরে গিয়ে নিজের মতো খেয়ে নেবে।"
মেজো চাচীর কণ্ঠে মেকি দরদ মাখানো থাকলেও তার ভেতরের সূক্ষ্ম তাচ্ছিল্য আর হায়াতকে ছোট করার প্রবণতাটুকু ফাওয়াদের তীক্ষ্ণ কান এড়ায় না। আর চাচীর এই কথাটাই ফাওয়াদের এতক্ষণ ধরে চেপে রাখা ধৈর্যের বাঁধটাকে পুরোপুরি গুঁড়িয়ে দেয়।
ফাওয়াদ এবার ধীর লয়ে ঘাড় ঘুরিয়ে ডাইনিং টেবিলে বসে থাকা সবার দিকে তাকায়। তার তীক্ষ্ণ দৃষ্টি এতটাই হিমেল, ধারালো আর ভয়ংকর ছিল যে মেজো চাচীর গলার বাকি কথাগুলো গলাতেই আটকে যায়, তিনি নিজের অজান্তেই ঢোক গিলে চুপ হয়ে যান। পুরো ডাইনিং হলে শ্মশানের শূন্যতা। ঝাড়বাতির আলোতেও ঘরের পরিবেশটা অন্ধকারাচ্ছন্ন মনে হতে থাকে।
ফাওয়াদ ডাইনিং টেবিলের কিনারায় নিজের দু-হাত ভর দিয়ে সামান্য ঝুঁকে দাঁড়ায়। তার চোয়াল শক্ত, কণ্ঠস্বর বজ্রকঠিন। সে পুরো ঘর কাঁপিয়ে গম্ভীর স্বরে বলে ওঠে, "কেন? ও পরে কেন খাবে?"
টেবিলে বসে থাকা কেউ কোনো উত্তর দেওয়ার সাহস পায় না। ছোট চাচা মাথা নিচু করে ফেলেন, আনতারা বেগম শক্ত হয়ে বসে থাকেন। ফাওয়াদ সোজা হয়ে দাঁড়িয়ে হায়াতের দিকে একবার হাত তুলে ইশারা করে আবার সবার দিকে তাকিয়ে তীব্র ঝাঁঝালো গলায় বলে, "আমার স্ত্রীর নামে, আমার বিবাহিত বউয়ের পরিচয়ে আমারই বাড়িতে ও আছে। আর আমার স্ত্রী কিনা এ বাড়ির মেইডদের সাথে বসে খাবে? তার মানে বিষয়টা এমন হয়ে গেল না যে রাজপ্রাসাদের মধ্যে রানি খাচ্ছে বসে ফ্লোরে, আর সৈন্য-সেনাপতিরা খাচ্ছে রাজকীয় টেবিলে বসে?"
ফাওয়াদের প্রতিটি শব্দ আগুনের গোলার মতো, চাবুকের মতো আছড়ে পড়ে ডাইনিং টেবিলের মানুষগুলোর ওপর। হায়াতকে এই বাড়ির 'রানি' আর ডাইনিং টেবিলে বসে থাকা মা, চাচীসহ উপস্থিত বাকি সবাইকে 'সৈন্য-সেনাপতি'র সাথে তুলনা করায় আনতারা বেগম আর মেজো চাচীর মুখ অপমানে, ক্ষোভে আর ভয়ে একদম ফ্যাকাসে, রক্তশূন্য হয়ে যায়। তাঁদের অহংকারের প্রাসাদে ফাওয়াদ এক আঘাতে ধস নামিয়ে দিয়েছে।
কিন্তু ফাওয়াদ থামে না। তার গলার স্বর আরও কিছুটা চড়ে যায়, ফর্সা মুখটা রাগে লালচে হয়ে ওঠে। সে সরাসরি নিজের মায়ের চোখের দিকে তাকিয়ে তীব্র ক্ষোভের সাথে বলে, "এসব করছ তোমরা ওর সাথে? আমার পিঠ পেছনে এই জঘন্য নিয়ম চালু করেছ তোমরা? আমি না এই বাড়িতে হতে যাওয়ার প্রথম দিনই তোমাদের সবাইকে স্পষ্ট ভাষায় বলেছিলাম ওকে ওর প্রাপ্য সম্মান আর অধিকার সবটুকু দিতে? এই দিচ্ছ তোমরা? এই তোমাদের সম্মান দেওয়ার নমুনা?"
ফাওয়াদ সচরাচর রাগ করে না। সে সবসময় ঠান্ডা মাথায় কথা বলতে আর কাজ করতে পছন্দ করে, গম্ভীর হয়ে নিজের গণ্ডির ভেতর থাকে। কিন্তু এ বাড়ির প্রতিটি মানুষ খুব ভালো করেই জানে, ফাওয়াদের একবার রাগ উঠলে সে অনেক খারাপ হয়ে যায়। রাগের মাথায় সে কারো মুখের দিকে তাকায় না, কোনো সম্পর্কের পরোয়া করে না। তার ভয়ংকর রাগের সামনে দাঁড়ানোর সাহস এই পরিবারের কারো নেই। আজ হায়াতের জন্য তার এই রুদ্রমূর্তি দেখেই সবার হাত-পা ঠান্ডা হয়ে গেছে।
আর হায়াত? হায়াত তো ফাওয়াদের ঠিক পাশে দাঁড়িয়ে রীতিমতো জমে বরফ হয়ে গেছে। সে নিঃশ্বাস নিতেও ভুলে গেছে। বিস্ময়ে, ঘোরের মধ্যে ডুবে গিয়ে সে হতবাক হয়ে ফাওয়াদের রাগান্বিত মুখের পাশটা দেখছে। তার কানের ভেতর ফাওয়াদের বলা কথাগুলো প্রতিধ্বনিত হচ্ছে।
হায়াত কিছুতেই নিজের মাথার হিসাব মেলাতে পারছে না। এই লোকটা শুধুমাত্র সে ডাইনিং টেবিলে খেতে বসেনি জেনে তার সম্মানের জন্য পুরো পরিবারের বিরুদ্ধে এভাবে ঢাল হয়ে দাঁড়িয়েছে? সবার সামনে তাকে রাজপ্রাসাদের রানির মর্যাদা দিচ্ছে?
হায়াতের বুকের ভেতরটা তোলপাড় করে ওঠে। সে বুঝতে পারছে না এই মুহূর্তে তার ঠিক কেমন রিয়্যাক্ট করা উচিত।
ডাইনিং হলের পরিস্থিতি একেবারেই হাতের বাইরে চলে যাওয়ার উপক্রম। ফাওয়াদ যেভাবে বাঘের মতো ফুঁসছে, তাতে যেকোনো মুহূর্তে সে হয়তো কাঁচের প্লেট-গ্লাসগুলো ভেঙে চুরমার করে দেবে।
ছেলের এই ভয়ংকর রাগের রূপ দেখে ফাওয়াদের মা আনতারা বেগম প্রমাদ গোনেন। তিনি খুব ভালো করেই বোঝেন, এখন যদি ফাওয়াদের কথার ওপর একটিও কথা বলা হয় কিংবা হায়াতকে বসতে না দেওয়া হয়, তবে ফাওয়াদ হয়তো আজ এই মুহূর্তেই হায়াতের হাত ধরে এই বাড়ি ছেড়ে চলে যাবে, নয়তো বাড়ির সব মেইডকে বিদায় করে দিয়ে নিজের মা-চাচীদেরই রান্নাঘরে পাঠিয়ে দেবে। ছেলের একরোখা স্বভাব তার অজানা নয়।তাই পরিস্থিতি সামলাতে আনতারা বেগম নিজের সবটুকু অহংকার আর রাগ মুহূর্তেই গিলে ফেলেন। তিনি তড়িঘড়ি করে নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান। মুখে একটা অপ্রস্তুত অথচ কৃত্রিম মিষ্টি হাসির রেখা ফুটিয়ে তুলে দ্রুত পায়ে এগিয়ে আসেন হায়াতের দিকে।
তিনি নিজে হাতে ফাওয়াদের পাশের চেয়ারটা টেনে সোজা করেন। তারপর হায়াতের ঠান্ডা হয়ে যাওয়া হাত দুটো নিজের হাতে স্নেহের ভঙ্গিতে ধরে ওকে একপ্রকার জোর করেই চেয়ারে বসান। হায়াতের কাঁধে আলতো করে হাত রেখে অত্যন্ত কোমল ও মোলায়েম সুরে বলেন, "বসো মা! তুমি এত সংকোচ করছ কেন বলো তো? এখন থেকে তুমি রোজ আমাদের সাথেই এই টেবিলে বসে খাবে, কেমন? ফাওয়াদের পাশেই তোমার জায়গা।"
শাশুড়ির এই একশ আশি ডিগ্রি ঘুরে যাওয়া আচরণে আর মিষ্টি কথায় হায়াত থতমত খেয়ে চেয়ারে বসে পড়ে। সে এতটাই হতভম্ব যে মুখ ফুটে কিছু বলারও সুযোগ কিংবা ভাষা পায় না। হায়াতকে চেয়ারে বসিয়ে দিয়েই আনতারা বেগম নিজের উত্তপ্ত হয়ে থাকা ছেলেকে শান্ত করার জন্য ফাওয়াদের শক্ত হয়ে থাকা বাহুতে আলতো করে হাত রাখেন। মায়াভরা কণ্ঠে বলেন, "ফাওয়াদ বাবা, এবার শান্ত হ তো। দেখ, তোর বউ তো বসেছে। আসলে একটু ভুল বোঝাবুঝি হয়ে গিয়েছিল আরকি। বাদ দে সেসব কথা। রাত অনেক হয়েছে, এবার তুইও বসে পড় বাবা, খাবারগুলো সব যে ঠান্ডা হয়ে বরফ হয়ে যাচ্ছে।"
মায়ের এই কোমল কথায় আর হায়াতকে নিজের পাশের চেয়ারে বসতে দেখে ফাওয়াদ চারপাশে তাকিয়ে কিছুটা শান্ত হয়। তার বুকের ভেতরের তীব্র আগ্নেয়গিরির উত্তাপটা ধীরে ধীরে একটু স্তিমিত হয়ে আসে, তবে তার মুখের রাশভারী গাম্ভীর্যটুকু এতটুকুও কমে না। সে টেবিলের সবার দিকে শেষবারের মতো একবার সতর্ক ও আধিপত্যপূর্ণ দৃষ্টি বুলিয়ে নেয়। তার নিঃশব্দ দৃষ্টির ভাষা খুব স্পষ্ট যে আজকের পর থেকে আমার স্ত্রীর সম্মানে এক চুলও ঘাটতি না হয়।
ওর মা ওকে বারবার বাহুতে হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করেন এবং ফাওয়াদের চেয়ারটাও নিজের হাতে টেনে দেন। ফাওয়াদ এবার আর কোনো কথা না বলে চুপচাপ হায়াতের ঠিক পাশের চেয়ারটাতে বসে পড়ে।
হায়াত মাথা নিচু করে নিজের সামনে রাখা সাদা চিনামাটির খালি প্লেটটার দিকে তাকিয়ে জড়সড় হয়ে বসে থাকে। তার কোলের ওপর রাখা হাত দুটো এখনো মৃদু কাঁপছে। সবার সামনে ফাওয়াদের এমন রণমূর্তি আর তাকে ঘিরে ঘটে যাওয়া এত বড় একটা নাটকীয় ঘটনার রেশ সে এখনো কাটিয়ে উঠতে পারেনি। লজ্জায় আর জড়তায় সে খাবার নেওয়ার জন্য হাতও বাড়াতে পারছে না।হায়াত যে এভাবে কুঁকড়ে বসে আছে এবং নিজের প্লেটে কোনো খাবারই নিচ্ছে না, তা কিন্তু ফাওয়াদের তীক্ষ্ণ চোখ এড়ায় না।
ফাওয়াদ নিজের প্লেটে খাবার নেওয়ার আগে নিজেই হাত বাড়িয়ে সার্ভিং বোল থেকে ধোঁয়া ওঠা পোলাও আর চিকেন রোস্টের একটা বড় টুকরো তুলে নেয়। তারপর খুব যত্নসহকারে হায়াতের প্লেটে খাবারটুকু বেড়ে দেয়। পাশে একটু সালাদও তুলে দেয়।
হায়াত চমকে উঠে ঘাড় ঘুরিয়ে ফাওয়াদের দিকে তাকায়। ফাওয়াদ এখনো হায়াতের দিকে তাকায়নি, সে নিজের প্লেটে পোলাও নিতে নিতেই খুব নিচু অথচ গম্ভীর গলায়, যাতে টেবিলের অন্য কেউ না শুনে শুধু হায়াতই শুনতে পায়, এমন ভঙ্গিতে বলে, "প্লিজ, এবার চুপচাপ ভালো মেয়ের মতো খেয়ে নাও। এখানে বসে নতুন করে আমার সাথে আর কোনো তর্ক করো না।"
।।
রাতের খাবার খাওয়া শেষে হায়াত রুমে ফিরে আসে। ভেতরে ভেতরে তার এত বাজে অনুভূতি হচ্ছে যে সে কিছুতেই বুঝতে পারছে না ফাওয়াদ সবার সামনে হঠাৎ কেন এমন একটা নাটক করল! অসহ্য অস্বস্তি আর চাপা রাগে হায়াতের মস্তিষ্ক কাজ করছে না, ঠিক কিছুক্ষণ পরই ফাওয়াদ ঘরে প্রবেশ করে।
ফাওয়াদকে দেখামাত্রই হায়াত মুহূর্তের মধ্যে ক্ষোভে জ্বলে ওঠে। সে সোজা এগিয়ে গিয়ে ফাওয়াদের ঠিক সামনে পথ আগলে দাঁড়ায়। তীক্ষ্ণ দৃষ্টিতে সরাসরি তার চোখের দিকে তাকিয়ে ঝাঁঝালো গলায় বলে,
"আপনাকে কে বলেছিল আমার হয়ে স্ট্যান্ড নিতে? আর সবার সামনে এমন আচরণ করারই কী দরকার ছিল?"
ফাওয়াদ হায়াতের এই রুদ্রমূর্তিতে বিন্দুমাত্র বিচলিত হয় না। সে স্থির ও গম্ভীর চোখে হায়াতের দিকে তাকিয়ে উত্তর দেয়,
"আমাকে কারো কিছু বলে দিতে হয় না। আমার ইচ্ছে হয়েছে তাই বলেছি, মনে হয়েছে বলা উচিত তাই বলেছি।"
ফাওয়াদের এমন নির্লিপ্ত জবাবে হায়াত বিরক্তিতে কপাল কুঁচকে নেয়। সে তপ্ত স্বরে পাল্টা প্রশ্ন ছোড়ে, "মানেহ? আমার সাথে কী হচ্ছে আর কী হচ্ছে না, তা নিয়ে আপনি কেন ভাববেন? কেনই আমার হয়ে কথা বলতে যাবেন?"
ফাওয়াদ এবার আর দাঁড়িয়ে থাকে না। হায়াতকে একপ্রকার উপেক্ষা করে তার পাশ কাটিয়ে ওকে এড়িয়ে যেতে যেতে থমথমে গলায় বলে, "যেভাবে হোক, আমি মানি কিংবা না মানি, তুমি মিসেস ফাওয়াদ দেওয়ান। তোমার নামের সাথে আমার নাম জড়ানো, আর তাই তোমাকে ন্যায্য অধিকারটুকু পাইয়ে দেওয়া আমার দায়িত্ব।"
কথাটা শেষ করেই ফাওয়াদ প্রত্যুত্তরের অপেক্ষা করে না। নিজের চুলগুলোতে আলতোভাবে আঙুল বুলাতে বুলাতে সে ধীর পায়ে বেলকনিতে চলে যায়। হায়াত প্রচণ্ড মেজাজ খারাপ করে তার প্রস্থানের পথের দিকে তাকিয়ে থাকে। রাগের মাঝেও হায়াতের চোখ আটকে যায় ফাওয়াদের চুলের বাহারে। ফাওয়াদের কেশবিন্যাস বেশ আলাদা মাঝারি লম্বা, ঘন ও কোঁকড়ানো। চুলে কয়েক স্তরের নিখুঁত লেয়ার কাট দেওয়া, যার সামনের কোঁকড়ানো গোছাগুলো কপালের ওপর দুই পাশে অবাধ্যভাবে ছড়িয়ে পড়ে ঝুলে আছে এবং পেছনের অংশটুকু তার ঘাড় ছুঁয়ে নেমে এসেছে। চুলের ছাঁট কিছুটা এলোমেলো, ফোলানো ও পালকের মতো স্তরযুক্ত, যা বেলকনির মৃদু বাতাসে ফাওয়াদের ব্যক্তিত্বকে আরও দুর্ভেদ্য ও আকর্ষণীয় করে তোলে।
চলবে,