–”এই টাকলা মেয়েকে আমি কিছুতেই বিয়ে করবো না। একটা চুলও নেই ওর মাথায়। আর তোমরা আমাকে একে বিয়ে করতে বলছো! How ridiculous!”
সৌরভ অত্যন্ত রূঢ় কন্ঠে কথাটি বলে উঠল। তার কথায় লিভিং রুমে উপস্থিত সকলের মুখ বন্ধ হয়ে গেলো। বিশেষ করে মেয়ের বাবার। পরিবেশে কেমন থমথমে উত্তেজনার সৃষ্টি হলো। সবাই একে অপরের দিকে চোখাচোখি করছে। সৌরভের বাবা কি বলে পরিস্থিতি সামাল দেবেন তা বুঝে উঠতে পারছেন না। তবুও একটা শুকনো ঢোক গিলে সৌরভের বাবা সাহেদ মির্জা নিজের শুষ্ক গলা ঝেরে ছেলেকে বলে উঠলেন,
–”আহা, সৌরভ! তুমি এভাবে বলছো কেনো? বুঝার চেষ্টা...”
–”আমি কিছু বুঝতে চাই না, আব্বু। আমি এই বিয়ে করবো না মানে করবোই না।”
ছেলের একরোখা কথায় দমে গেলেন সাহেদ মির্জা। অসহায় দৃষ্টিতে তাকালেন বন্ধু আশরাফ সিদ্দিকীর পানে। আশরাফ সিদ্দিকী নিশ্চুপ হয়ে বসে আছেন। যেনো কারোর নিরবতা ভাঙার অপেক্ষায় আছেন তিনি। একবার তিনি দৃষ্টি ফেরালেন নিজের কন্যা পারমিতা সিদ্দিকীর দিকে। মস্তকে ওড়না টেনে নীরবে চারপাশ পর্যবেক্ষণ করছে সে। উজ্জ্বল শ্যামলা গাত্রবর্ণের অধিকারিণী হলেও সৃষ্টিকর্তা তার মুখশ্রীতে ঢেলে দিয়েছেন এক অনির্বচনীয় মায়া। তার শান্ত বদনখানি দেখলে অকারণেই চোখ জুড়িয়ে আসে। তবে সেই সৌন্দর্যের মাঝেও লুকিয়ে আছে এক বেদনাদায়ক বাস্তবতা। বর্তমানে তার মাথায় একটিও কেশরাশি নেই। ওড়নার আড়ালে বিষয়টি সহজে ধরা না পড়লেও, সত্য তো সত্যই।
বেশ কয়েক মুহূর্ত নিশ্চুপ থাকার পর পারমিতা একটা তপ্তশ্বাস ছাড়লো। অতঃপর অত্যন্ত শান্ত কন্ঠে বলে উঠলো,
–”আমার মাথায় চুল নেই দেখি কি আপনার আপত্তি?”
সৌরভ একবার তাকালো। বিশেষ পরিবর্তন লক্ষ্য করা গেলো তার মুখাবয়বে। সে পূর্বের ন্যায় রূঢ় কন্ঠে উত্তর দেয়,
–”হ্যাঁ, একটা টাকলা মেয়েকে আমার বিয়ে করার কোনো ইচ্ছা নেই।”
–”সৌরভ, তুমি কিন্তু এবার বাড়াবাড়ি করছ!”
বাবার কথায় নিজের চোখ ঘোরালো ছেলেটা।
তাতে বিরক্তির চরম পর্যায় পৌঁছালেন সাহেদ মির্জা। আবারও কিছু বলতে যাবেন তার আগে
পারমিতা স্পষ্ট স্বরে বলে উঠলো,
–”করতে হবে না আপনাকে বিয়ে। আমিও আপনার মতো একজন রুঢ় মানুষকে বিয়ে করবো না।”
এই বলে রমণী সোজা পা বাড়ালো সিঁড়ির দিকে।
দু'টো সিঁড়ি অতিক্রম করতেই পেছন থেকে ভেসে এলো একখান স্বাভাবিক, শান্ত পুরুষালী কন্ঠস্বর,
–”ভাইয়ার পরির্বতে বিয়েটা আমি করলে কি কারো কোনো অসুবিধা হবে?”
অতর্কিত প্রশ্নে উপস্থিত সকলে হতবিহ্বল হয়ে পড়লো। আশ্চর্যজনক দৃষ্টিতে সকলে থাকালো সামনের সোফাতে আয়েশি ভঙ্গিতে বসে থাকা যুবকটির পানে। পরনে সাদা রঙের একটি টি-শার্ট আর তার উপর একটা ডেমি জ্যাকেট আবৃত। কালো বর্ণের সানগ্লাস'খান বামহাতে ঘুরিয়ে যাচ্ছে কখন থেকে। তার এমন অতর্কিত কথায় থমকে গেলো পারমিতার পদচারণ। সে নিজের মাথা ঘুরিয়ে তাকালো যুবকটির পানের। সৌরভের একমাত্র ছোট ভাই সাফওয়ান অভিক মির্জা। বয়স অনুযায়ী সে সৌরভের থেকে প্রায় তিন বছরের ছোট। মানে তার বয়স হবে এই সাতাশ। ছেলেটার এহেন প্রস্তাবে পারমিতা ভ্রুঁযুগল কুঁচকে ফেললো। অভিক একবারের জন্যেও সেদিকে তাকালো না। নিজের দৃষ্টি স্থবির রাখলো তার বাবা আর আশরাফ সিদ্দিকীর পানে। আশরাফ সিদ্দিকী এবার নড়েচড়ে বসলেন। নিজের মেরুদন্ড সোজা করে দৃষ্টিপাত করলেন তার সামনে বসে থাকা যুবকটির পানে। আর জিজ্ঞেস করলেন,
–”তুমি ভেবে বলছো তো?”
–”কোনো সন্দেহ আছে, আঙ্কেল?”
আশরাফ সিদ্দিকী একটা দীর্ঘশ্বাস ছেড়ে, নিজের মস্তক এদিক-ওদিক নাড়ালেন। যার অর্থ এই দাড়ায় যে তার কোন সন্দেহ নেই। কিন্তু ক্ষুব্ধ হয়ে উঠলো সৌরভ। ছোট ভাইয়ের দিকে তাকিয়ে খেকিয়ে উঠলেন,
–”তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এই টাকলা মেয়েকে তুই বিয়ে করবি? আর ইউ আউট অফ ইউর মাইন্ড?”
–”আ'ম নট। কখন থেকে কি টাকলা টাকলা লাগিয়ে রেখেছিস তুই, ভাইয়া? মানলাম ওনার মাথায় এখন চুল নেই। কিন্তু তাই বলে যে ভবিষ্যতে উঠবে না, এমনটা তো না?”
থমকে গেলো সৌরভ। ধপ করে বসে পড়লে সোফাতে। ভাইয়ের যুক্তির কাছে পরাস্ত হয়ে নিজের মাথা করে ফেললো সে। ওদিকে পারমিতা সিঁড়ি থেকে নেমে এলো। রমণীর দৃষ্টি অভিকের নীড়ে নিবদ্ধ। বিচক্ষণতার সঙ্গে পরখ করছে সাতাশ বছর বয়সী এই যুবকটিকে। তার কথাগুলো থেকে পারমিতা এটা বুঝতে পেরেছে বড় ভাইয়ের চেয়ে ছোট ভাই বেশ তীক্ষ্ণ বুদ্ধিমত্তার। রমণী নিজের গলা পরিষ্কার করে
অভিকের উদ্দেশ্যে বাক্যে ছুঁড়লেন,
–”আপনি কি মশকরা করছেন? নাকি সত্যিই সিরিয়াস?”
পারমিতার সোজাসাপ্টা প্রশ্ন শ্রবণপাত হতেই অভিক
প্রথমবারের মতো চোখ তুলে তাকালো পারমিতার পানের। কয়েক সেকেন্ডের জন্য দু'জনের মাঝে চোখাচোখি হলো। অভিক নিজের দৃষ্টি স্থির রেখে শান্ত কন্ঠে বলল,
–”আমি মশকরা করতে ভীষণ পছন্দ করি, মিস. পারমিতা। কিন্তু এখানকার পরিস্থিতির সঙ্গে মশকরা বড্ড বেমানান।”
কিয়ৎক্ষণের জন্য পুরো লিভিং রুম জুড়ে নীরবতার প্রহর নেমে এলো। সবাই নিশ্চুপ। কারো মুখে টু-শব্দটি পর্যন্ত নেই। যেনো সবাই গভীর ভাবনায় ডুবে গেছে। অতঃপর সাহেদ মির্জা নিজের মুখ খুললেন। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ভঙ্গিতে তিনি বলে উঠলেন,
–”অভিক যখন বিয়ে করতে চায় তখন আমার এতে কোনো আপত্তি নেই। এবার পারমিতা আর আশরাফ তোমরা বাবা-মেয়ে যা সিদ্ধান্ত নেবে তার উপর ভিত্তি করেই আমরা সামনে এগোব।”
কথাটুকু বলেই থেমে গেলেন ভদ্রলোক। বাহ্যিকভাবে নিজেকে যতটা দৃঢ় দেখানোর চেষ্টা করছেন, অন্তরে ততটাই তোলপাড় চলছে। আশরাফ আর পারমিতা কী উত্তর দেবে; এই অনিশ্চয়তাই বয়সের ভারে কুঞ্চিত ললাটে ঘামের ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দু জমে উঠেছে। সৌরভও অধীর আগ্রহে তাকিয়ে আছে বাবা-মেয়ের দিকে। তার দৃষ্টিজুড়ে স্পষ্ট উৎকণ্ঠা। মনে মনে দোয়া করছে তাদের উত্তর যেন 'না' হয়। ঘরের পরিবেশে যখন নীরব উত্তেজনার ঢেউ বয়ে যাচ্ছে, তখন ঠিক বিপরীত চিত্রের দেখা মিললো অভিকের কাছ থেকে। সামনের সোফায় হেলান দিয়ে নিশ্চিন্ত ভঙ্গিতে বসে আছে সে। মুখাবয়বে প্রশান্তির ছাপ, যেন ফলাফল আগেই জানা। কয়েক মুহূর্ত পর নীরবতা ভেঙে অবশেষে পারমিতা মুখ খুলল। শান্ত, স্থির কণ্ঠে জানিয়ে দিল নিজের সিদ্ধান্ত,
–“আমিও রাজি।”
শব্দ দু'টো কর্ণগোচর হতেই অভিকের অধরের কোণে ধীরে ধীরে ফুটে উঠল এক বক্র হাসি। যেন এই উত্তরই সে প্রত্যাশা করেছিল। অন্যদিকে পারমিতার সম্মতি শুনে স্বস্তির দীর্ঘ নিঃশ্বাস ফেললেন সাহেদ মির্জা। এতক্ষণ বুকের ভেতর জমে থাকা ভার যেন মুহূর্তেই নেমে গেল। তবে একই সঙ্গে সৌরভের মুখখানি অন্ধকারে ঢেকে গেল। হতাশা আর ক্ষোভ চেপে রেখে উঠে চলে যেতে উদ্যত হতেই সাহেদ মির্জার গম্ভীর কণ্ঠ তাকে থামিয়ে দিল। অনিচ্ছা সত্ত্বেও সে আবার আগের জায়গাতেই বসে পড়ল।
আশরাফ সিদ্দিকীও মেয়ের মতামতে সম্মতি দিলেন।
এবার অভিক নড়েচড়ে বসলো। আর শান্ত ভঙ্গিতে বলল,
–”যদি কারো সমস্যা না থাকে তবে বিয়েটা আজ হয়ে গেলে ভালো হয়।”
অভিকের আর্জি শুনে একপ্রকার থতমত খেয়ে গেলো সবাই। পারমিতাও কিঞ্চিৎ বিভ্রান্ত হয়ে পড়লো। সবকিছু এত দ্রুত হয়ে যাচ্ছে ভাবতেই তার মাথা যেন ঘুরে উঠছে। ছেলেটার মতিগতি বুঝেও যেনো বুঝে উঠতে পারছে না তেইশ বছরের রমণী। মেয়েটা বাবার দিকে একবার তাকালো। আশরাফ সিদ্দিকী
বেশ ইতস্তত কন্ঠে আওড়ালো,
–”এতো তাড়াহুড়ো করা কি ঠিক হবে, অভিক?”
অভিকের অভিব্যক্তির কোন পরিবর্তন ঘটল না। সে নিজ স্থানে অটল থেকে বলল,
–”আমিও তাড়াহুড়ো করতে চাই না, আঙ্কেল। তবে,
আগামীকাল বিকেলের ফ্লাইটে আমাকে বিজনেসের
কাজে আর্জেন্ট লন্ডন যেতে হবে। নতুন নতুন অফিস জয়েন করেছি।”
–”আমি বুঝতে পারছি… কিন্তু”
আশরাফ সিদ্দিকী নিজের কথাটা শেষ করতে পারলেন না। তার আগেই পারমিতা তার কাছ থেকে কথা ছিনিয়ে নিয়ে বলে উঠল,
–”ঠিক আছে, বিয়েটা আজ রাতেই হবে। আমার কোনো সমস্যা নেই।”
মেয়ের কথায় বিস্মিত হয়ে গেলেন আশরাফ সিদ্দিকী। আর বললেন,
–”তুই ভেবে বলছিস তো, পারু?”
–”হুম।”
.
.
.
রজনী নেমে আসতেই সমগ্র গগনজুড়ে ছড়িয়ে পড়েছে গাঢ় নীলাভ অন্ধকার। সেই বিস্তৃত অম্বরের বুকে ছিটিয়ে থাকা অসংখ্য নক্ষত্র মৃদু দীপ্তিতে আপন অস্তিত্ব জানান দিচ্ছে। অর্ধচন্দ্রের রূপালি আভা চারপাশের নিস্তব্ধতাকে আরও গভীর করে তুলেছে। দূর দিগন্তে ভেসে বেড়ানো মেঘপুঞ্জ কখনো চাঁদের মুখ আড়াল করছে, আবার কখনো সরে গিয়ে তার কোমল জ্যোৎস্নাকে মুক্ত করে দিচ্ছে।
বধূবেশে আয়নার সম্মুখে নিশ্চুপ দাঁড়িয়ে আছে পারমিতা। হঠাৎ করেই বিয়ের সিদ্ধান্ত নেওয়ায় খুব বেশি আয়োজনের সুযোগ হয়নি। আজ সাদামাটাভাবেই সম্পন্ন হবে ওদের বিয়ে। পরনে মায়ের বিয়ের সেই খয়েরি বেনারসি। ওর শাড়িখানা শুধু পোশাক নয়, মায়ের শেষ স্মৃতিচিহ্ন। ওর মায়ের কত সাধ ছিল; একদিন এই শাড়িতেই মেয়েকে বধূবেশে দেখবেন। কিন্তু নিয়তি সে সাধ পূরণ হতে দিল না। ক্যান্সার নামক মরণব্যাধি সময়ের আগেই তাঁকে কেড়ে নিয়েছিল। পৃথিবীতে ফেলে গিয়েছিল এক শোকাহত স্বামী আর মাতৃহারা কন্যাকে।
আয়নাতে নিজের প্রতিবিম্ব গভীর দৃষ্টিতে নিরীক্ষণ করল পারমিতা। যেন কোথাও একটা অপূর্ণতা রয়ে গেছে। মুহূর্তের মধ্যেই কারণটা ধরা দিল, তার একসময়ের ঘন কেশরাশি আর নেই। তবুও আক্ষেপের কোনো রেখা ফুটে উঠল না মুখে। শান্ত হাতে শাড়ির রঙের সঙ্গে মানানসই একটি হিজাব জড়িয়ে আবারও তাকাল আয়নার দিকে। এবার অধরের কোণে মৃদু এক তৃপ্তির হাসি ফুটে উঠল।
হ্যাঁ, এবার নিজেকে ঠিক বধূর মতোই লাগছে। তক্ষুনি তার দৃষ্টিযুগল আটকে গেলো রুমের দরজার দিকে। আশরাফ সিদ্দিকী দাঁড়িয়ে আছেন নীরবে। চোখে অশ্রুকণা টলমল করছে ভদ্রলোকের। সঙ্গে সঙ্গে বুকের ভেতরটা তীব্র ব্যথায় ছ্যাৎ করে উঠল রমণীর।
দ্রুত পায়ে বাবার নিকট এগিয়ে গেলো। আর কোমল স্বরে আওড়ালো,
–”তুমি কাঁদছো, আব্বু?”
ভদ্রলোক নিজের অশ্রুসিক্ত নয়ন আড়াল করার প্রয়াস চালিয়ে বিচলিত কন্ঠে শুধালো,
–”আরেকবার ভেবে দেখ, পারু।”
বাবার কথায় গভীর শ্বাস ছাড়লো মেয়েটা। বাবাকে জড়িয়ে ধরে তার বুকে নিজের মাথা রাখলো। আর
বলল,
–”এতো চিন্তা করো না। আমি ভেবেচিন্তেই এই সিদ্ধান্ত নিয়েছি। আর চুলের কথা যদি বলো, তা ধীরে ধীরে আবার উঠবে। আমি তো ঔষুধগুলো নিয়মিত খাচ্ছিল। আর মাথার ব্যথা এখন নেই। তুমি একদম চিন্তা করো না।”
মেয়েটার কথায় এবার অশ্রু আর বাঁধ মানলো। টুপ করে অক্ষিপট থেকে গড়িয়ে পড়লো। তিনি মেয়েটার মস্তকে একটা স্নেহের পরশ বুলিয়ে দিলেন। আর নরম কন্ঠে বললেন,
–”দেখিস, তুই খুব সুখী হবি। আচ্ছা, এখন চল।”
–”হ্যাঁ, যাবো তো। আগে বলো আমায় কেমন লাগছে?”
আশরাফ সিদ্দিকী একবার মেয়েকে পা থেকে মাথা পর্যন্ত আপাদমস্তক নীরিক্ষণ করলেন। তার দৃষ্টি কোমল হয়ে উঠলো, অধরের কোণ ঘেঁষে গড়ে উঠল
মৃদু হাসির রেখা। তিনি বললেন,
–”একেবারে তোর মায়ের প্রতিচ্ছবি।”
.
.
.
লিভিংরুমে বসে আছেন সাহেদ মির্জা, অভিক, সৌরভ আর কাজি সাহেব আরো কয়েকজন পরিচিত মানুষ। সময় স্বল্পতার কারণে অভিকের জন্য আলাদা করে পাঞ্জাবির ব্যবস্থা করা সম্ভব হয়নি। তাই যে পোশাক পরে এসেছিল, সেটাই পরেই আপাতত বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। সাহেদ মির্জা ও কাজি সাহেব নিজেদের মধ্যে প্রয়োজনীয় কথাবার্তা বলছিলেন। সেই সুযোগে সৌরভ গিয়ে বসল ভাইয়ের পাশে। অভিকের কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বলল,
–“দেখ, এখনো সময় আছে। নিজের পায়ে নিজেই কুড়ুল মা’রিস না, অভি।”
অভিক একবার ভাইয়ের দিকে তাকাল। তার মুখে যথারীতি কোনো ভাবান্তর নেই। এরপর একবার বাবা আর কাজি সাহেবের দিকে দৃষ্টি বুলিয়ে আবার তাকাল সৌরভের দিকে। শান্ত স্বরেই বলল,
–“বিয়ে করতে যাচ্ছি। কোথায় একটু উৎসাহ দিবি, তা না করে উল্টো বিয়ে না করার জন্য উস্কানি দিচ্ছিস! ছিঃ!”
অভিকের জবাবে মুহূর্তের জন্য থমকে গেল সৌরভ। তবু হাল না ছেড়ে আবার বলল,
–“ভাই, ওই মেয়ের তো চুলই নেই। এমন মেয়েকে সত্যিই বিয়ে করবি?”
–“আজ নেই তো কী হয়েছে! ভবিষ্যতে হবে।”
–“আর যদি না হয়?”
অভিক ঠোঁটের কোণে হালকা বাঁকা হাসি টেনে বলল,
–“তাতেও এই সাফওয়ান মির্জা অভিকের কিচ্ছু যায় আসে না। মেয়ে পছন্দ হয়েছে। বিয়ে করব, ব্যস।”
বিরক্তিতে মুখ কুঁচকে ফেলল সৌরভ। তিক্ত স্বরে বিড়বিড় করে বলল,
–“পাগলেও নিজের ভালো বোঝে।”
নিজের ঘাড়ে হাত বুলাতে বুলাতে অভিক নির্লিপ্ত ভঙ্গিতে জবাব দিল,
–“কিন্তু আমি পাগল নই, ব্রাদার। আর বেশি পটর-পটর করিস না। নাহলে তোর ইতিহাস আব্বুকে বলে দেব।”
এক কথাতেই যেন মুখে তালা লেগে গেল সৌরভের। হতভম্ব হয়ে কয়েক মুহূর্ত অভিকের দিকে তাকিয়ে থেকে শেষ পর্যন্ত চুপচাপ নিজের জায়গায় বসে রইল। ঠিক তখনই আশরাফ সিদ্দিকী পারমিতাকে নিয়ে এসে উপস্থিত হলেন। অভিক এক পলকের জন্য তাকাল মেয়েটির দিকে। অজান্তেই তার অধরের কোণে মৃদু হাসির রেখা ফুটে উঠল। মন্দ লাগছে না মেয়েটাকে। বরং বেশ লাগছে।
এরপর আর দেরি না করে কাজি সাহেব বিয়ের আনুষ্ঠানিকতা শুরু করলেন। কাজি সাহেব সামনে রাখা কাবিননামাটি খুলে আনুষ্ঠানিকতা শুরু করলেন। মুহূর্তেই ঘরজুড়ে এক ধরনের গাম্ভীর্যপূর্ণ বাতাস নেমে এলো। উপস্থিত সবাই নীরবে বসে রইলেন। প্রথমে দুই পক্ষের অভিভাবকদের পরিচয় নিশ্চিত করা হলো। এরপর সাক্ষীদের উপস্থিতিতে কাবিনের শর্ত ও নির্ধারিত দেনমোহর পড়ে শোনানো হলো। সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর নিয়ম অনুযায়ী বর ও কনের পৃথক সম্মতি গ্রহণ করা হলো। উভয়েই স্বেচ্ছায় বিবাহে সম্মতি জানালে কাবিননামায় সাক্ষীদের স্বাক্ষর নেওয়া হয়। অতঃপর অভিক ও পারমিতাও নিজেদের স্বাক্ষর করে আনুষ্ঠানিকতাটি সম্পূর্ণ করল। শেষবারের মতো কাগজপত্র মিলিয়ে দেখে কাজি সাহেব বিবাহ সম্পন্ন হওয়ার ঘোষণা দিতেই ঘরের ভারী পরিবেশটা যেন খানিকটা হালকা হয়ে এলো।
আশরাফ সিদ্দিকী, সাহেদ মির্জা আর কাজি সাহেব সহ কয়েকজন নিজের মধ্যে কথোপকথনে ব্যস্ত হয়ে পড়লেন। এদিকে অভিক পারমিতা ঠিক পাশেই বসেছিল। ছেলেটাকে কয়েকবার মেয়েটা পরখ করলো। অতঃপর ঠোঁটের কোণে কৌতুকপূর্ণ হাসি টেনে আনলো। তাদের খুব নিকটস্থ স্থানে সৌরভ বসেছিল। অভিক সৌরভকে শোনার মতো আওয়াজ তুলে পারমিতাকে বলে উঠল,
–”দেবর হতে গিয়ে স্বামী হয়ে গেলাম। ইন্টারেস্টিং না বিষয়টা?”
প্রথমে কিঞ্চিৎ অবাক হলো পারমিতা। কিন্তু পরক্ষণেই ঠোঁট টেপে হেসে উঠলো। আর বলল,
–”হ্যাঁ, আমিও আপনার ভাবী হতে গিয়ে বউ হয়ে গেলাম। বিষয়টা আসলেই ইন্টারেস্টিং, মি. মির্জা।”
এদিকে ওদের কথোপকথন শুনে সৌরভের মুখ কুঁচকে গেলো। দু'টো সুযোগ পেয়ে এখন ওকে ক্ষ্যাপাতে চাইছে।
#এটা_কি_ভুল_নাকি_সুখ?
#রওনোক_জাহান_হায়াত
#সূচনা_পর্ব
#চলবে… ?
[গল্পটি খুব বেশি বড় না। অল্পসংখ্যক পর্বের একটি গল্প। আশা করি ভালো লাগবে আপনাদের। আর কিছু কনফিউশন আছে জানি। তা আগে দুই-এক পর্বের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে, ইনশাআল্লাহ।
সবাই রেসপন্স করলে কন্টিনিউ করবো🥹🤌।]