ফন্ট সাইজ:
থিম:
এটা কি ভুল নাকি সুখ

পর্ব 2

লেখক: রওনোক জাহান হায়াত

পর্ব২ [অনুমতি ব্যবহার কপি করা নিষিদ্ধ🚫]
–’আপনি টাকলা থুক্কু টাকলি হলেন কিভাবে?”

বাসর ঘরে বসে স্বামীর মুখ থেকে এমন প্রশ্ন শুনে হতভম্ব হয়ে পড়লো পারমিতা। ফ্যালফ্যাল করে দৃষ্টি মেলে তাকালো সামনে বসে থাকা অভিকের পানে। ছেলেটা বেশ কৌতুহলী চাহনি নিয়ে তার পানে তাকিয়ে আছে।

অভিকদের স্থায়ী বসবাস চট্টগ্রামে। সেখানেই সাহেদ মির্জার নিজস্ব কোম্পানি আছে। বছরের পর বছর অক্লান্ত পরিশ্রমে দাঁড় করানো সেই প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দুই পদের দায়িত্বে তিনি বসিয়েছেন তাঁর দুই ছেলে; সৌরভ আর অভিককে। ধীরে ধীরে ব্যবসার হাল তাদের হাতেই তুলে দিচ্ছেন তিনি। সাহেদ মির্জা আর আশরাফ সিদ্দিকীর বন্ধুত্ব আজকের নয়। বরং কলেজজীবন থেকে শুরু। একসময় সেই বন্ধুত্বকে আত্মীয়তার বাঁধনে রূপ দেওয়ার ইচ্ছাও জেগে উঠে সাহেদ মির্জার মনে। তাঁর বড় ছেলে সৌরভের সঙ্গে আশরাফ সিদ্দিকীর একমাত্র মেয়ে পারমিতার বিয়ে দেওয়ার ইচ্ছা ছিল বহুদিনের। কিন্তু মানুষের ইচ্ছের চেয়ে নিয়তির লিখন বরাবরই অধিক শক্তিশালী। তাই তো যার সঙ্গে পারমিতার জীবন বাঁধা পড়ার কথা ছিল, শেষ পর্যন্ত তার সঙ্গে নয়। সাহেদ মির্জা ছোট ছেলে অভিকের সঙ্গেই সম্পন্ন হলো সেই বন্ধন।

সব আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর আশরাফ সিদ্দিকী জোর করেই বললেন, অন্তত আজকের রাতটা যেন অভিকরা এখানেই থেকে যায়। এমনিতেই আগামীকাল সকালেই কুমিল্লা ছেড়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা হতে হবে তাদের। সেখান থেকে আবার বিকেলের ফ্লাইটে দীর্ঘ পাঁচ মাসের জন্য লন্ডনের পথে যাত্রা করবে অভিক।

নিজের ভাবনায় ডুবে থাকা পারমিতা সম্বিৎ ফিরে পেলো অভিকের তুরি বাজানোর শব্দে। ছেলেটার চোখে এখনো কৌতূহল। সে পুনরায় পারুকে একই প্রশ্ন করলো,
–’কি হলো বলুন, আপনি টাকলা হলেন কিভাবে?”

ছেলেটার প্রশ্ন করার ধরণ দেখে হাসি পাচ্ছে পারমিতার। তবুও নিজের মুখাবয়ব শান্ত রেখে রমণী মুখ খুললো। বলল,
–’প্রথমত আমি মেয়ে মানুষ। সেই হিসেবে ওটা টাকলা নয় বরং টাকলি হবে। আপনাদের দু'ভাই দেখছি ব্যাকারণে ভীষণ কাঁচা।”

পারমিতার কথায় এক প্রকার থতমতো খেয়ে গেল অভিক। নিজের গলা পরিষ্কার করার ভঙ্গিতে বলে উঠে,
–’ওই একই হলো। এখন বলুন না কিভাবে হলেন টাকলি?”

পারমিতা ফোঁস করে বুক ফুলিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। ধীর ভঙ্গিতে মাথা থেকে হিজাব আর দোপাট্টা খুলতে খুলতে শান্ত কণ্ঠে বলতে শুরু করল,
–“দ্বিতীয় সেমিস্টারের ফাইনাল পরীক্ষা চলছিল। শেষ পরীক্ষাটা দিয়ে ক্যাম্পাসের দিকে আসতেই দেখি সিনিয়রদের মধ্যে দাঙ্গা লেগেছে।”

এতটুকু বলেই থেমে গেল সে। ক্ষণিকের জন্য দৃষ্টি ঘুরিয়ে পাশে বসে থাকা অভিকের দিকে তাকাল। পারমিতার এই হঠাৎ থেমে যাওয়ায় অভিকের কৌতূহল যেন আরও তীব্র হয়ে উঠল। উৎকণ্ঠাভরা চোখে ওর দিকে তাকিয়ে তাড়াতাড়ি জিজ্ঞেস করল,
–“তারপর? তারপর কী হলো?”

পারমিতা আবারও বলতে শুরু করল,
–“পুরো ঘটনাটা বোঝার জন্য একটু সামনে এগিয়ে গিয়েছিলাম। ব্যস, ওই একটুকুই আমার কাল হয়ে দাঁড়াল। একটা সিনিয়র ক্রোধের বশে আরেকটা সিনিয়রের দিকে ইট ছুঁড়ে মে’রেছিল। কিন্তু যার দিকে ইটটা ছোড়া হয়েছিল, সে দ্রুত সরে যায়। আর কিছু বুঝে ওঠার আগেই দুর্ভাগ্যবশত ইটটা এসে আমার মাথার বাঁ পাশে লাগে। সঙ্গে সঙ্গে রক্তক্ষরণ শুরু হয়।”

অভিকের বুকটা অজান্তেই ধক করে উঠল।
–“তারপর?”

– “তারপর আর কী! চিকিৎসার জন্য এক পাশের চুল কেটে ফেলতে হয়। তাই বাবাকে বলেই পরে পুরো চুল কেটে ফেলেছিলাম। এই যে, দেখুন... দাগটা এখনো আছে।”

কথাটা বলে পারমিতা আস্তে করে মাথাটা ডান দিকে ঘুরিয়ে দিল। ক্ষতস্থানটা অনেকটাই শুকিয়ে এসেছে, তবুও ফ্যাকাশে দাগটা এখনও স্পষ্ট। অভিকের বেশ খারাপ লাগলো মেয়েটার জন্য। ওই সময় ওর ভাই বিয়ে করবে না বলে কতো কথা শুনিয়ে দিয়েছিল মেয়েটাকে। অভিকের দৃষ্টি কোমল হয়ে আসলো। সে ধীর কন্ঠে আওড়ালো,
–”ভাইয়ার হয়ে আমি আপনার কাছে স'রি চাইছি।”

সঙ্গে সঙ্গে মুখে কুঁচকে ফেললো পারু। তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো অভিকের পানে। পারমিতার এমন করে তাকানোর অর্থ অভিক বুঝে উঠতে পারল না। মেয়েটা মুখ বাকিয়ে বলে উঠল,
–"আপনি কেনো স'রি বলছেন? আপনার ভাইয়াটা বেজায় অভদ্র। আমাকে কিনা টাকলি বলে? কতো বড় স্পর্ধা তার! ইচ্ছে তো করছিল মে'রে সামনের চারটে দাঁত ভেঙে দেই।"

কথাটুকু বলে থামলো পারমিতা। ক্ষোভে ওর নাসারন্ধ্র তখনও ফুলে-ফেঁপে উঠছে। অন্যদিকে ওর রাগে ফুঁসতে থাকা কথাগুলো শুনে অভিক ঠোঁট কামড়ে হাসি চেপে রাখার বৃথা চেষ্টা করল। মেরুদণ্ড সোজা করে বসে নিজেকে যথাসম্ভব ধাতস্থ করল সে। ঠোঁটের কোণে লুকিয়ে থাকা হাসিটা গিলে ফেলে মেকি গাম্ভীর্য বজায় রেখে বলল,

–"এভাবে বলছেন কেনো? ও আমার বড় ভাই আর সম্পর্কে এখন আপনার ভাসুর।"

–"ভাসুর না ছাঁই। ব্যাটাকে দেখলেই মেজাজ বিগড়ে হয়ে যায়।"

–"পারমিতা.."

ঈষৎ গুরুগম্ভীর কণ্ঠে উচ্চারিত নিজের নাম শুনে মুহূর্তেই মুখে যেন লাগাম টেনে ধরলো পারমিতা। বিস্মিত চোখে তাকালো অভিকের দিকে। পুরুষটির মুখভঙ্গি পড়ে ওঠা গেল না। তবে দৃষ্টির গাম্ভীর্য স্পষ্ট। পারমিতার বুকের ভেতরটা কেমন ধক করে উঠল। মনে হলো, হয়তো একটু বেশিই বলে ফেলেছে।

কিন্তু পরমুহূর্তেই সমস্ত ওর ভাবনাকে ভুল প্রমাণ করে পিক করে হেসে উঠলো অভিক। আচমকা সেই হাসিতে পারমিতা বিস্ফারিত চোখে তাকিয়ে রইল। কয়েক মুহূর্তের জন্য যেন ওর চিন্তাশক্তিই স্তব্ধ হয়ে গেল। তারপরই রমণী বুঝতে পারল,লোকটা এতক্ষণ ওকে শুধু শুধু ভয় দেখাচ্ছিল। নিজের হাসি সামলে অভিক একটু নড়েচড়ে বসে। কৌতুকমিশ্রিত স্বরে বলল,
–"ভাগ্যিস ভাইয়া এখানে নেই। নাহলে পায়ে পা দিয়ে আপনার সঙ্গে ঝগড়া গেলে যেতো।"

–"সে কি কথা? ওই খাম্বা ব্যাটা এখানে থাকতে যাবে কোন দুঃখে?"

–"তা ঠিক। আমাদের বাসর ঘরে ওর কোনো কাজ নেই।"

কথাটা বলেই আচমকা থমকে গেল অভিক। অজান্তেই ভ্রূযুগল কিঞ্চিৎ কুঁচকে এলো। ধীর দৃষ্টিতে তাকালো পারমিতার মুখের দিকে। ইশ! মেয়েটাকে সত্যিই ভীষণ মিষ্টি লাগছে। মাথাভর্তি চুল থাকলে হয়তো সৌন্দর্যটা আরও পূর্ণতা পেতো। ভাবনাটা মস্তিষ্কে আসতেই দীর্ঘ নিঃশ্বাস ফেলল অভিক। তারপর নিজের মনকেই সান্ত্বনা দিল; আজ নেই তো কী হয়েছে? ভবিষ্যতে নিশ্চয়ই গজাবে। এই ভাবনার রেশ কাটতেই হঠাৎ করেই বাস্তবে ফিরে এলো সে। অপ্রস্তুত স্বরে বলে উঠল,
–"এই, আমাদের তোর আজ বাসর রাত!"

অভিকের কথায় পারমিতার মুখাবয়বে তেমন কোনো পরিবর্তন দেখা গেল না। সে তখনও নির্বিকার ভঙ্গিতে একে একে গয়নাগুলো খুলে রাখছিল। স্বাভাবিক কণ্ঠেই বলল,
–"তো?"

পারমিতার একটি মাত্র শব্দেই অভিকের সমস্ত আত্মবিশ্বাস যেনো টাল খেয়ে গেল। অকারণে অস্বস্তি গ্রাস করল তাকে। বিয়েটাই যেখানে এখনো অবিশ্বাস্য এক বাস্তবতা, সেখানে বাসর রাতের জন্য কিছু কল্পনা করাও তাকে আরও বেশি অপ্রস্তুত করে তুলছে।
অভিক একবার চারপাশে নিজের দৃষ্টি বুলিয়ে নিল । এটা পারমিতার ঘর। মাঝারি আকারের হলেও বেশ পরিপাটি ও প্রয়োজনীয় আসবাবে সাজানো। জানালার গা ঘেঁষে রাখা খাটটা এমনভাবে বসানো যে, শুয়ে থেকেই আকাশ দেখা যায়। বিছানাজুড়ে ছড়িয়ে আছে গোলাপের পাপড়ি।

ঘরের নিস্তব্ধতা যত গভীর হচ্ছে, ততই নিজের হৃদস্পন্দন যেন স্পষ্ট শুনতে পাচ্ছে অভিক। বুকের ভেতর ধুকপুকানিটা অস্বাভাবিক দ্রুত হয়ে উঠেছে। অথচ রুমে এসি চলছে। তবুও কপালে চিকচিক করছে ঘামের বিন্দু বিন্দু ফোঁটা। শুকনো একটা ঢোক গিলে গলা পরিষ্কার করে বলল,
–"তো ইয়ে মানে ওই আরকি?"

এবার গয়না খুলতে খুলতেই অভিকের দিকে তাকালো পারমিতা। ছেলেটার কপাল বেয়ে বিন্দু বিন্দু ঘাম গড়িয়ে পড়ছে। অথচ ঘর তো যথেষ্ট ঠান্ডা। তাহলে এমন ঘামছে কেনো? তার ওপর কথায় কথায় তোতলাচ্ছে। বিষয়টা কিছুতেই মাথায় ঢুকল না ওর। কপালে হালকা ভাঁজ ফেলে জিজ্ঞাসু স্বরে বলল,
–”ইয়ে মানে কি? কি বলতে চাইছেন ক্লিয়ারলি বলুন।"

–”আসলে আজ তো তোমার আর আমার বিয়ের প্রথম রাত। তো বলছিলাম কি কি কি...."

তখনই পারমিতার তীরের ফলার মতো তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতেই নিজের বাকি কথাটুকু যেন গলায় আটকে গেল অভিকের। গলা শুকিয়ে একেবারে কাঠ। কথাগুলো আর মুখ দিয়ে বেরোতেই চাইছে না।
পারমিতা নির্বিকার মুখেই বলল,
–"ওসব কিছু এখন হবে না, মিয়া। মাত্র বিয়ে হয়েছে, আমার সময় লাগবে। বেশি পটর-পটর করলে আপনার ইয়ের টিয়ে করে দেবো।"

পারমিতার শান্ত অথচ ধারালো হুমকিতে অভিক একের পর এক শুকনো ঢোক গিলতে লাগল। মাথাটা দ্রুত এদিক-ওদিক নেড়ে ভাঙা ভাঙা স্বরে কোনোমতে বলল,
–"আরেহ, ভুল বুঝবেন না। আমি ওসব মিন করি নি। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন।"

কথাটা শেষ করেই আর এক মুহূর্তও সেখানে দাঁড়াল না অভিক। তড়িঘড়ি করে বিছানা ছেড়ে নেমে সোজা ওয়াশরুমে ঢুকে দরজার ছিটকিনি লাগিয়ে দিল। অতঃপর বুকভরা একটা দীর্ঘশ্বাস ছেড়ে আয়নার সামনে দাঁড়ালো। নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল,
–"এই মেয়ে তো আমার ভাবনার চেয়েও বেশি ডেঞ্জারাস! বাপে রে বাপ বলে কিনা আমার 'ইয়ের টিয়ে' করে দেবে। সাবধানে থাকতে হবে ওর থেকে।”

.
.
রাতের শেষ প্রহর পেরিয়ে ধীরে ধীরে নতুন দিনের আগমন ঘটল। পূর্ব দিগন্তে সূর্যের কোমল আভা ছড়িয়ে পড়তেই আকাশের গাঢ় নীল রঙ ক্রমশ ফিকে হতে লাগল। সোনালি আলো একে একে ছুঁয়ে দিল গাছের পাতা, ছাদের কার্নিশ আর শিশিরভেজা ঘাসের ডগা। ধীরে ধীরে ঘুম ভাঙতে শুরু করল চারপাশের। অলস নিস্তব্ধতাকে সরিয়ে ব্যস্ততার প্রথম পদধ্বনি শোনা গেল।

পারমিতাকে সঙ্গে নিয়ে প্রভাতের আলো ফোঁটার কিছুক্ষণ পরই চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করেছে অভিকরা। সামনের গাড়িটিতে রয়েছে পারমিতা, অভিক আর সৌরভ। আর তাদের অনুসরণ করে পেছনের গাড়িতে আসছেন সাহেদ মির্জা।
গাড়িতে ওঠার পর থেকেই পারমিতার নয়নদ্বয় অশ্রুধারায় ভিজে আছে। কখনো নীরবেই গাল বেয়ে গড়িয়ে পড়ছে অশ্রুকণা, আবার কখনো বুকভরা হাহাকারের সঙ্গে বেরিয়ে আসছে হেঁচকির শব্দ। বাবাকে পেছনে ফেলে আসার যন্ত্রণায় অন্তরটা শূন্য মরুভূমির মতো খাঁ খাঁ করছে ওর। জন্ম থেকে চেনা আশ্রয়, চেনা মানুষ, চেনা পরিবেশ; সবকিছু এক নিমিষে ছেড়ে আসার ভার ও কিছুতেই সামলে উঠতে পারছে না। অভিক বরাবরই সান্ত্বনার ভাষা খুঁজে পেতে অপারগ। তাই কোনো কথার আশ্রয় না নিয়ে চুপচাপ আলতো করে পারমিতার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে।

অপরদিকে, অবিরাম কান্নার রেশ আর ঘন ঘন হেঁচকির শব্দে স্টিয়ারিং হাতে বসে থাকা সৌরভের ধৈর্যের বাঁধ ক্রমশ ক্ষয় হতে লাগল। শেষমেশ বিরক্তির লাগাম ছিঁড়ে খেঁকিয়ে উঠলো সে,
–”এই যে টাকলি ভাবী, কান্না থামাও। মাথা ধরে যাচ্ছে এবার।"

আকস্মিক এমন উচ্চারণে গাড়ির ভেতর এক মুহূর্তের জন্য নেমে এলো স্তব্ধতা। পেছনের সিটে বসে থাকা অভিক আর পারমিতা দুজনেই বিস্ফারিত নয়নে তাকিয়ে রইল সৌরভের দিকে। পারমিতার কান্নাও যেন মুহূর্তেই থমকে গেল। তবে এবার অশ্রুর জায়গা দখল করে নিল দহনজ্বালা ক্রোধ। সে একবার পাশে বসা অভিকের দিকে দৃষ্টি নিক্ষেপ করল। অভিক তৎক্ষণাৎ মাথা ডানে-বাঁয়ে নেড়ে চোখের ইশারায় তাকে নিবৃত্ত করার চেষ্টা করল। কিন্তু পারমিতা তো মুখ বুজে সব সহ্য করার মানুষ নয়। পরক্ষণেই সে ক্ষুব্ধ কণ্ঠে গড়গড় করে বলে উঠল,
–"চুপচাপ গাড়ি চালান। নাহলে সোজা জানালা দিয়ে গাড়ি থেকে ঠেলে বের করে দেবো। শান্তিতে একটু কান্নাও করতে দেয় না। অদ্ভুত বান্দা!”

পারমিতার কথা শেষ হতেই গাড়ির ভেতর কয়েক সেকেন্ডের জন্য নিস্তব্ধতা নেমে এলো। সৌরভ রিয়ার ভিউ মিররে একবার তাকিয়ে পারমিতার রাগে লাল হয়ে ওঠা মুখখানা দেখল। তারপর সৌরভ ঠোঁট বাঁকিয়ে বলল,
–"উফ! নতুন নতুন বিয়ে করেই দেখি নতুন বউয়ের তেজ সাত আসমানে।"

–”আর আপনি তো মনে হচ্ছে জন্মগতভাবেই অসভ্য। সমান সমান।"

সৌরভ নাটকীয় ভঙ্গিতে দীর্ঘশ্বাস ফেলল। আর অভিকের উদ্দেশ্যে মেকি অসহায় গলায় বলল,
–"অভি, তোর বউ আমাকে অপমান করছে। কিছু বলবি না?"

অভিক দুইজনের মুখের দিকে একবার তাকিয়ে অসহায় কণ্ঠে বলল,
–"আমি কিছু বললে পরে দু'দিক থেকেই মা’র খাব। তাই আমাকে মাফ করো।"

সৌরভ অবিশ্বাসের ভান করে বুকের ওপর হাত রাখল। আর বলল,
–"বাহ! বিয়ের এক রাত না যেতেই ভাই আমাকে পর করে দিলি!"

পারমিতা সঙ্গে সঙ্গে জবাব দিল,
–"আপনাকে পর করার কিছু নেই। আপনি তো এমনিতেই পরের জিনিসে নাক গলাতে ওস্তাদ।"

কথাটা শুনে অভিক এবার আর হাসি আটকে রাখতে পারল না। ফিক করে হেসে ফেলল। সেই হাসি দেখে সৌরভ কপট অভিমানের সুরে বলল,
–"হাস! তুইও হাস! আমি একা ড্রাইভার হয়ে গাড়ি চালাচ্ছি, আর তোরা দু'জন মিলে আমাকে রোস্ট করছিস!"

–"ড্রাইভার বলছেন কেন? আপনি তো নিজেই স্টিয়ারিং দখল করে বসেছেন।"

পারমিতার নিরীহ মুখে বলা কথাটাও সৌরভের কানে খোঁচার মতো লাগল। সে খেখিয়ে উঠল,
–"এই টাকলি ভাবী..."

–”আবার টাকলি?"

পারমিতা চোখ রাঙাতেই সৌরভ দ্রুত গলা খাঁকারি দিল।
–"মানে... মানে ভাবী। ভুল হয়ে গেছে।"

–"ভালোই হয়েছে। আর একবার টাকলি বললে গাড়ি থামিয়ে সত্যিই ধাক্কা দিয়ে নামিয়ে দেবো।"

সৌরভ এবার ভান করে ভয় পেয়ে স্টিয়ারিং আরও শক্ত করে ধরল। আর মেকি অসহায় কন্ঠে বলল,
–"অভি, তোর বউ কিন্তু সিরিয়াস। আমার মনে হচ্ছে আজ চট্টগ্রাম পৌঁছানোর আগেই আমি শহীদ হয়ে যাব।"

অভিক কাঁধ ঝাঁকিয়ে মৃদু হেসে বলল,
–"আমি তো আগেই বলেছিলাম, ভাইয়া, ওকে খোঁচাখুঁচি করিস না।"

সৌরভ মুখ বাঁকিয়ে বিড়বিড় করল,
–"একজনকে টাকলি বলেছিলাম, এখন মনে হচ্ছে আমার নিজেরই টাক পড়ে যাবে টেনশনে!"

মুহূর্তেই অভিক হো হো করে হেসে উঠল। এতক্ষণ কান্নায় ভেঙে পড়া পারমিতার ঠোঁটের কোণেও অজান্তেই এক চিলতে হাসি ফুটে উঠে। ওদের মুখের হাসি দেখে বিরক্তিতে মুখ বাঁকালো সৌরভ। আর মনে মনে কি যেনো বিড়বিড়ালো।

#এটা_কি_ভুল_নাকি_সুখ?
#রওনোক_জাহান_হায়াত

#চলব..?

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 2 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন