#পর্বঃ৪ [অনুমতি ব্যতীত কপি করা নিষিদ্ধ🚫]
দিন গড়িয়ে রাতের নীলিমার বক্ষে অজস্র নক্ষত্রমন্ডল ঝিলমিল করছে। রুপালি শশীর অলস দীপ্তি ছড়িয়ে পড়ছে ধরণীর কোণে কোণে। ভ্যাপসা সমীরণে মিশে আছে শুভ্র ফুলের মোহময় সুবাস।
বারান্দার রেলিং আঁকড়ে নির্বিকার দৃষ্টিতে আকাশপানে চেয়ে রয়েছে পারমিতা। তার মুখাবয়ব বিষণ্নতার ঘন আবরণে আচ্ছন্ন। সদা-জ্যোতির্ময় বাদামী অক্ষিদ্বয়েও আজ মলিনতার ছায়া স্পষ্ট। দীর্ঘক্ষণ ধরে একই ভঙ্গিতে দাঁড়িয়ে আছে সে। মাঝেমধ্যে দু-একটা উড়োজাহাজ আকাশ চিরে দূর অজানার উদ্দেশে উড়ে যেতে দেখলেই তার অন্তঃকরণ অকারণ যন্ত্রণায় মোচড় দিয়ে উঠে।
একদিনেই অভিকের সাথে এক অদ্ভুত সখ্য গড়ে উঠেছে তার। সেই অল্প সময়ের বন্ধনই অজান্তে হৃদয়ের গভীরে শেকড় গেড়েছে। তাইতো, না চাইলেও মানুষটার অনুপস্থিতি বুকের ভেতর অস্বস্তির ঢেউ তোলে। দীর্ঘশ্বাস ফেলে নিজেকে সামলে নিল পারমিতা। অতঃপর ধীরপায়ে কক্ষের দিকে ফিরতেই আচমকা পদযুগল থমকে গেল।
বারান্দার দরজার সম্মুখে দাঁড়িয়ে আছে সৌরভ। বুকের ওপর দুই বাহু ভাঁজ করা, চোখেমুখে দুষ্টুমিভরা কৌতুকের রেখা। অধরের কোণে বিদ্রূপাত্মক হাসি স্থির হয়ে আছে। লোকটাকে দেখামাত্রই বিরক্তিতে কুঁচকে উঠল পারমিতার মুখ। তবুও নিজেকে সংযত রেখে স্বাভাবিক কণ্ঠেই প্রশ্ন করল,
–"কিছু বলবেন?"
সৌরভ ধীরেসুস্থে মেরুদণ্ড সোজা করল। কয়েক মুহূর্ত নির্বাক দৃষ্টিতে কাপড়ে আবৃত পারমিতার মস্তকের দিকে তাকিয়ে থেকে হঠাৎ শব্দ করে হেসে উঠল। সেই হাসির কারণ বিন্দুমাত্র অনুধাবন করতে পারল না পারমিতা। বিষণ্নতার আবরণ ভেদ করে বাদামী নয়নদ্বয়ে কৌতূহলের ঝিলিক ফুটে উঠল। তার কৌতূহল আরও বাড়িয়ে সৌরভ দু-হাত ডানে-বাঁয়ে দুলিয়ে উদ্ভট ভঙ্গিতে নাচতে শুরু করল। এমন অদ্ভুত আচরণে সম্পূর্ণ কিংকর্তব্যবিমূঢ় হয়ে গেল পারমিতা। ভাসুরের এই অস্বাভাবিক কাণ্ড দেখে তার মস্তিষ্ক যেন কয়েক মুহূর্তের জন্য কাজ করাই ভুলে গেছে। নিজের হাস্যকর নাচেরভঙ্গি অব্যাহত রেখেই সৌরভ ঠাট্টা’মিশ্রিত কন্ঠে বলতে লাগলো,
–”ব্রেকিং নিউজ! আমার ভাই তার টাকলি বউ এবং আমার একমাত্র টাকলি ভাবিকে দেশে রেখে বিদেশ পালিয়েছে! হা... হা... হা..."
বাক্যটা কানে পৌঁছাতেই পারমিতার বাদামী অক্ষিদ্বয় বিস্ময়ে প্রসারিত হয়ে উঠল। পরক্ষণেই বিস্ময়ের স্থান দখল করল তীব্র ক্ষোভ। অজান্তেই মুষ্টিবদ্ধ হয়ে এলো দুই হাত। সৌরভের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে শীতল, ধারালো কণ্ঠে বলল,
– "গুরুজনেরা বলতেন, 'পাগলের প্রলাপে কান দিতে নেই।' আজ বুঝলাম কথাটা বৃথা বলেননি। কারণ যে কথার কোনো মূল্য নেই, তা শুনতে থাকলে কানের নয়; মানুষের রুচিরই পচন ধরে।”
পারমিতার ধারালো প্রত্যুত্তরে মুহূর্তেই থমকে গেল সৌরভ। মেয়েটাকে ঠাট্টার পাত্র বানাতে এসে উল্টো নিজেই বিদ্রূপের শিকার হয়ে গেছে। চোখেমুখে বিরক্তির কালো ছায়া নেমে এলো তার। চোয়াল শক্ত করে রুক্ষ কণ্ঠে বলল সৌরভ,
–"আমি তোমার ভাসুর হই। রেসপেক্ট দিয়ে কথা বলো, টাকলা ভাবী।"
সৌরভের কথা শেষ হতেই পারমিতা মুখে হাত চেপে মৃদু হেসে উঠল। তবে সে হাসিতে লজ্জার লেশমাত্র ছিল না; ছিল নিখাদ বিদ্রূপের ঝংকার। সেই হাসির শব্দ সৌরভের বিরক্তিকে যেন আরও কয়েকগুণ বাড়িয়ে দিল। অথচ ভাসুরের বিরক্তি পারমিতার মুখে বিন্দুমাত্র ভ্রুকুটি আনতে পারল না। আত্মবিশ্বাসী ভঙ্গিতে ঠোঁটের কোণে বাঁকা হাসি টেনে সে শান্ত স্বরেই বলল,
–"আগে নিজের বাংলা ব্যাকরণ ঠিক করুন।
ওটা “টাকলা” নয় “টাকলি” হবে। বাংলা বলতে পারে না, আবার আসছে রেসপেক্ট নিতে!"
পারমিতার শেষ কথাটুকু যেন তীরের ফলার মতো গিয়ে বিঁধল সৌরভের অহমে। কয়েক মুহূর্ত বাকরুদ্ধ হয়ে রইল সে। তারপর নাক-মুখ কুঁচকে অসহায় ভঙ্গিতে চারপাশে তাকিয়ে বিড়বিড় করে বলল,
–"এই মেয়েটা তো দেখছি সাংঘাতিক! অভিক বিদেশে গিয়ে বেঁচে গেছে। মাঝখান দিয়ে আমি বেচারা মা'রা খাচ্ছি।"
পারমিতা ভ্রু উঁচু করল। আর বলল,
–"তা-ই নাকি? অবশ্য ঠিক বলেছেন। বিদেশে গিয়ে আসলেই আপনার ভাই বেঁচে গেছে। দেশে থেকে আপনার সাথে সঙ্গ দিলে; নিঘাত নিজের মান-সম্মান খোয়াতো। এই যেমন, এখন আপনি এখানে দাঁড়িয়ে নিজের মান-সম্মান বিসর্জন দিয়ে যাচ্ছেন।"
সৌরভ বুকের ওপর রাখা হাত দু’টো নামিয়ে মেকি ভঙ্গিতে দীর্ঘশ্বাস ফেলল। আর বিড়বিড়িয়ে উঠল,
–"হায়রে কপাল! ভাবেছিলাম টাকলি ভাবিকে একটু খোঁচা দিয়ে মজা নেব। এখন তো দেখছি খোঁচা দিতে এসে নিজেই কাঁটাঝোপে আটকে গেছি।"
–"বুদ্ধিমান মানুষেরা একটা ভুল দ্বিতীয়বার করে না।"
–"মানে?"
–"মানে, আমাকে খোঁচা দেওয়ার চেষ্টা করবেন না। নইলে প্রতিবারই হারবেন।"
কথাটা শুনে সৌরভ ঠোঁট বেঁকিয়ে মাথা নাড়ল। আর বলল,
– "বেশ! যুদ্ধ তাহলে শুরু হলো?"
পারমিতার অধরের কোণে মৃদু হাসি ফুটে উঠল। শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলল,
–"যুদ্ধ! আমি তো কোনো যুদ্ধের ময়দানে নামি নি। আপনি নিজেই যুদ্ধ ঘোষণা করছেন। আমি শুধু আত্মরক্ষা করছি।"
সৌরভ কিছুক্ষণ স্থির দৃষ্টিতে পারমিতার দিকে তাকিয়ে রইল। তারপর আচমকাই হেসে ফেলল। বলল,
– "আচ্ছা, একটা কথা মানতেই হবে। তোমাকে বাইরে থেকে যতটা শান্ত মনে হয়, ভেতরে ঠিক ততটাই মরিচের গুঁড়োর মতো!"
পারমিতার হাসি এক বিন্দুও থামলো না। বরং সে খোঁচা মেরেই বলল,
–"আর আপনাকে দেখে যতটা পরিপক্ব মনে হয়, কথাবার্তা শুনে ঠিক ততটাই কিন্ডারগার্টেনের ছাত্র মনে হয়।"
পারমিতার এমন খোঁচা মা'রা কথা শুনে রাগে সৌরভের নাকের ডগা লাল হয়ে গেলো। সে দাঁতে দাঁত পিষে কটমট করতে করতে বলল,
–”অপমান করছো! করো তাহলে। সাথে এটাও মনে রাখো, আমি কিন্তু এত সহজে হার মানার মানুষ নই।"
পারমিতা নির্লিপ্ত ভঙ্গিতে কাঁধ ঝাঁকাল। শান্ত কন্ঠে বলল,
–”ঠিক আছে, মনে রাখবো। তবে পরেরবার খোঁচা দিতে এলে বাংলা ব্যাকরণের বইটা সঙ্গে নিয়ে আসবেন। আপনার কাজে লাগবে।”
কথাটা শেষ করে আর এক মুহূর্তও দাঁড়াল না পারমিতা। সৌরভের হতভম্ব মুখখানা পেছনে ফেলে ধীরপায়ে কক্ষের ভেতর প্রবেশ করল। আর দরজার সামনে দাঁড়িয়ে সৌরভ নিজের কপালে আলতো চাপড় মেরে বিড়বিড় করে বলল,
–"বাপরে! এই টাকলি ভাবির সঙ্গে কথায় জেতা তো দূরের কথা, টিকে থাকাই মুশকিল!”
.
.
.
দু'দিন পর।
মির্জা বাড়ির মোট সদস্য সংখ্যা এখন চারের গন্ডি ছাড়িয়ে পাঁচের ঘরে পা রেখেছে। পারমিতা এই দু'দিনে বাড়িটাকে যেনো নতুন রূপে সাজিয়ে তুলেছে। নিজের দ্বায়িত্ব জুতসই ভাবে পালন করছে। হামিদা মির্জার রাগ, অভিমান কিঞ্চিৎ টলেছে বটে। মেয়েটার সঙ্গে এখন দু'চার আলাপ-আলাপন করেন। পারমিতা বাড়িতে বউ হয়ে আসার দৌলতে হামিদা মির্জার উপর থেকে সংসারের চাপ বেশ কমেছে। কাজের বেলায় মেয়েটা হাতে হাতে তাকে এটা-ওটা দিয়ে সাহায্য করে। এমন লক্ষীমন্ত মেয়ের থেকে ক'দিনই বা মুখ ফিরিয়ে থাকা যায়! শাশুড়ি-বউয়ের মধ্যে ভাব হতে দেখে শান্তির নিঃশ্বাস ছাড়েন সাহেদ মির্জা। অভিকের জন্য এখন তার গর্ববোধ হয়। ছেলেটা যদি সেদিন আগ-বাড়িয়ে নিজে পারুকে বিয়ে করবে বলে প্রস্তাব না রাখতো তাহলে হয়তো আজও এই মির্জা ভবন বধূ-শূন্য হয়ে থাকতো। এখন তো তিনি সৌরভকে মাঝে মাঝে খোঁচা মে'রে বলেন–”দেখ, তোর ছোট ভাই একটা কাজের মতো কাজ করেছে। আর তুই কি করতে পারলি?” –ব্যস, এটাই যথেষ্ট ক্ষেপাটে ছেলেটাকে আরো ক্ষেপিয়ে দেওয়ার জন্য।
পারু নিজের কথা অনুযায়ী সবসময় কাপড় দ্বারা নিজের চুল বিহীন মস্তক ঢেকে রাখে। তবুও সৌরভ কোনো না কোনো ছুঁত ধরে মেয়েটাকে হেনস্তা করে।
আর পারুও কম কিসে? সৌরভ যতবারই তাকে নিয়ে ঠাট্টা করতে যায়, পারু ঠিক ততবারই নিজের শান্ত ভঙ্গিতে ধারালো কথা আর তীক্ষ্ণ বুদ্ধিমত্তা দিয়ে ওকে হারিয়ে দেয়।
▾▾
জানালার কপাট খোলা। রাতের পিনপিনে হিমেল হাওয়া জানালা দিয়ে অনায়াসে ঘরে প্রবেশ করে ভেতরের পরিবেশকে করে তুলছে শীতল। আজ আকাশের চন্দ্রিমার দীপ্তি নেই, নেই নক্ষত্ররাজির কোমল ঝলকানি। ঘন কৃষ্ণাভ মেঘে ঢাকা পড়েছে সমগ্র অন্তরীক্ষ। আকাশে নিজেদের রাজত্ব চালাচ্ছে ওই কুচকুচে কালো মেঘালয়। হিম শীতল বাতাসের তোপে বৃক্ষরাজির কচিপত্র-মূল কেঁপে উঠছে ক্ষণে ক্ষণে। অঝোরে বৃষ্টিধারা আরম্ভ হওয়ার পূর্বে পক্ষিকুল আথালি-পাথালি ছুটোছুটি করছে আকাশ জুড়ে। ব্যস্ত সড়কও ধীরে ধীরে ফাঁকা হয়ে আসছে।
মাথায় কাপড় দিয়ে জানালার পাশে অবস্থানরত কাউচে ভদ্র ভঙ্গিতে বসে আছে পারমিতা। মিনি টেবিলে ফোনে রাখা। স্ক্রিনে জ্বলজ্বল করছে অভিকের প্রতিচ্ছবি। ভিডিও কল দিয়েছে। গত দু'দিনে আজ প্রথম কথা হচ্ছে তাদের। এই দু'দিন কাজের চাপে অভিক কল করতে পারেনি। আজ সকল ব্যস্ততা কাটিয়ে অবশেষে ফোন করলো দেশে রেখা আসা তার সদ্য নববধূকে। সেই বিশ মিনিটের বেশি সময় ধরে দু'জনের মাঝে বিরাজমান পিনপতন নীরবতা। কারো মুখ টু'শব্দটি পর্যন্ত নেই। তাদের এহেন নীরবতা পরিবেশকে আরো গম্ভীর করে তুলছে।
অতঃপর অভিক হালকা কেশে পারুর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করল। তাই হলো, পারু চোখ তুলে তাকালো ফোনের স্ক্রিনে। ইতস্তত হয়ে ওঠে পারু। কি বলবে বুঝে উঠতে পারছে না। ওপার থেকে অভিক হালকা নরম স্বরে আওড়ালো,
–’কেমন আছেন?”
অবশেষে যেন দু'জনের মধ্যকার শ্বাসরুদ্ধকর নীরবতার অবসান ঘটলো। পারু নিজকে ধাতস্থ করার চেষ্টা করে অধরে মৃদু হাসির রেখা টেনে আনলো জোরপূর্বক। তারপর স্বাভাবিক ভঙ্গিতে বলে,
–”আলহামদুলিল্লাহ, ভালো। আপনি?”
–”ভালোই। দু'দিন পর আজ ফ্রি হলাম।”
আবারও নীরবতা। বুক ফুলিয়ে শ্বাস ছাড়লো পারমিতা। আজ যেন কোনো কথাই খুঁজে পাচ্ছে না সে। এ কেমন মুসিবত, খোদা! নিজের মাথা নিজেরই চাপড়াতে ইচ্ছে করছে পারুর। ফোনের ওপার থেকে পারমিতা যে ইতস্তত বোধ করছে তা বুঝতে পারল অভিক। তাই ঠোঁটে কৌতুকময় হাসি টানলো সে। মেয়েটাকে স্বাভাবিক করার প্রয়াসে দুষ্টুমির ছলে বলে উঠে,
–”আপনার ভাসুরের সঙ্গে সাপ-নেউলের সম্পর্ক এখনো আছে? নাকি একটু ভাব-সাব হয়েছে?”
গেলো! মেজাজ’খান এক্কেবারে বিগড়ে গিয়ে সপ্তম আসমানে উঠে গেলো পারমিতার। চোখ পিটপিট করে তাকালো অভিকের দিকে। কোথায় একটু নিজেদের মধ্যে কথা বলবে, তা না ওই খবিশ ভাসুরের কথা মাঝখানে টানছে! এতক্ষণ ধরে বদনে লেগে থাকা অস্বস্তির ছাপ একেবারে উবড়ে গেলো। পারমিতা খেঁখিয়ে উঠে,
–”আমাকে পাগলে কামড়েছে! আপনার ওই গন্ডার ভাইয়ের সঙ্গে আমার ভাব হবে! এটা মাথায় আনাও কেবলই বিলাসিতা, বুঝলেন।”
মেয়েটার কথায় হো-হো করে হেসে উঠল অভিক। তার উদ্দেশ্য সফল হয়েছে। পারমিতার মেজাজ কিছুটা ঠিক হয়েছে। অন্ততপক্ষে দুজনের মধ্যকার অস্থিরতা কিছুটা কমেছে তো। অভিক চিপসের প্যাকেট থেকে একটা টুকরো মুখে পুরে চিবোতে চিবোতে দুষ্টুমিভরা স্বরে বলল,
–"আচ্ছা, এবার শুরু করুন। এই দু'দিনে কী কী ঝঞ্ঝাট পাকিয়েছেন, সব এক নিঃশ্বাসে শুনি।"
পারমিতা ভ্রুঁ কুঁচকে তাকাল। তীক্ষ্ণ কন্ঠে শুধালো,
–"মজা নিচ্ছেন?"
–”আরে না! কী যে বলেন! একদম সিরিয়াস। বলুন তো, শুনছি।"
ফোনের স্ক্রিনেই নিবদ্ধ ছিল অভিকের দৃষ্টি। তবু কৃষ্ণাভ নয়নজোড়ায় দুষ্টুমির ঝিলিক স্পষ্ট। ওপ্রান্তে বসে থাকা পারমিতা তাকে খানিকক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করল। তারপর ফোঁস করে দীর্ঘশ্বাস ছেড়ে বিক্ষুব্ধ কণ্ঠে বলতে শুরু করল,
–’আপনার ভাই আমাকে কথায় কথায় শুধু 'টাকলা' বলে। সেদিন আপনি যাওয়ার পরও বলেছিল। অবশ্য আমিও ছেড়ে কথা বলিনি। বলছি, আমার সাথে কথা বলতে আসলে জেনে সাথে করে বাংলা ব্যাকরণ বই নিয়ে আসে।"
কথা বলতে বলতে কখন যে পারমিতার চোখেমুখের অস্বস্তি মিলিয়ে গেছে, সে নিজেও বুঝতে পারেনি। একের পর এক ছোট ছোট অভিযোগ, অভিমান আর দিনের বিচিত্র ঘটনাগুলো উজাড় করে বলতে লাগল সে। আর অভিক প্রায় নির্বাক শ্রোতার মতো সবটুকু মনোযোগ দিয়ে শুনে গেল। মাঝেমধ্যে শুধু ঠোঁটের কোণে মৃদু হাসির রেখা ফুটে উঠছিল। কেন যেন পারমিতার প্রতিটা অভিযোগ শুনতে তার কাছে বেশ ভালো লাগছিল।
অনেকক্ষণ পর পারমিতা থামল। টেবিলের ওপর রাখা পানির গ্লাসটা হাতে নিয়ে এক নিঃশ্বাসে পুরোটা শেষ করল। কিছুক্ষণ নীরবতা বিরাজ করল দু'প্রান্তে।
অভিক স্থির দৃষ্টিতে ফোনের স্ক্রিনে ভেসে থাকা পারমিতার মুখের দিকে তাকিয়ে রইল। তারপর কণ্ঠে কোমলতা মিশিয়ে ধীরস্বরে জিজ্ঞেস করল,
–"আচ্ছা, সেসব বাদ দিন। বাড়িতে থাকতে কোনো অসুবিধা হচ্ছে না তো আপনার?”
প্রশ্নটা কর্ণকুহরে প্রবেশ করতেই পারমিতা কয়েক সেকেন্ডের জন্য নিশ্চুপ হয়ে গেলো। অসুবিধা? না, তা তো হচ্ছে না। তার শ্বশুর ভীষণ ভালো মানুষ। শাশুড়ি এখনো রাগ করে আছেন ঠিকই। তবে এখন মেয়েটার সাথে টুকটাক কথা বলেন। তবুও অন্তঃকরণে ঈষৎ ব্যথা অনুভব হয় পারমিতার । বাবার থেকে যে দূরে সরে এসেছে। প্রতিদিনই দু’বেলা করে কথা হয় ঠিকই। তবুও মনের ভেতর কেমন একটা খাঁ-খাঁ শূন্যতা রয়ে যায়। তারউপর আবার বিয়ের একদিনের মাথায় স্বামী চলে গেলো বিদেশে। এমন অবস্থায় কোন মেয়েরই বা মন ভালো থাকে? পারমিতা একটা দীর্ঘশ্বাস ফেললো। ধীরে ধীরে দৃষ্টি মেলে স্ক্রিনের ওপারে অভিকের এর পানে তাকালো। আর বলল,
–”না… আমার কোনো অসুবিধা হচ্ছে না। ভালোই লাগছে এখানে। আপনার আব্বু প্রতিদিনই আমার ভালো-মন্দের খোঁজখবর নেয়। শাশুড়ি আম্মুও ভীষণ ভালো। যদিও এখনো আমার উপরে রেগে আছে, তবুও টুকটাক কথাবার্তা বলেন।”
একটা স্বস্তির শ্বাস ছাড়লো অভিক। যাক, ওর আম্মু তাহলে আস্তে আস্তে পারমিতাকে মেনে নিচ্ছে। এই ভেবে অভিকের অন্তরে শান্তি ফিরে এলো যেন।
হঠাৎ অভিক মৃদু হেসে শুধালো,
–"একটা কথা বলব?"
পারমিতা ধীরস্বরে জবাব দিল,
–"বলুন।"
–"আমার অনুপস্থিতিতে যদি কেউ আপনাকে বেশি জ্বালায়, সঙ্গে সঙ্গে আমাকে ফোন করবেন। পৃথিবীর যেখানেই থাকি, আপনার অভিযোগ শুনতে আমি সবসময় প্রস্তুত।"
কথাটা শুনে পারমিতার অধরের কোণে অজান্তেই এক চিলতে হাসি ফুটে উঠল। বুকের ভেতর জমে থাকা ভারটাও যেন খানিকটা হালকা হয়ে এলো। মেয়েটা কিঞ্চিৎ ঠোঁট বাঁকিয়ে মেকি অসহায় গলায় বলল,
–”তাহলে প্রস্তুত থাকবেন। কারণ আপনার ভাই আমাকে রোজ জ্বালাবে বলেই মনে হচ্ছে।"
মেয়েটার কথায় অভিক হেসে মাথা নাড়ল। বলল,
–"ওর হিসেব তো আমি দেশে ফিরে নেবো। আপাতত আপনি শুধু নিজের খেয়াল রাখুন।”
–”আপনিও নিজের খেয়াল রাখবেন।”
.
অভিকের সাথে কথা শেষ করে পারমিতা উঠে দাঁড়ালো। মেজাজ ফুরফুরে হয়ে গেলো লোকটার সঙ্গে কথা বলে। কথা বলতে বলতে যে কখন রাত ৯টা বেজে গেছে সেটা বুঝতেই পারিনি। তড়িঘড়ি করে উঠে ধীর পায়ে অগ্রসর হলো ডাইনিং রুমের দিকে। পথে দেখা মিললো সৌরভের। পারমিতা একপ্রকার ইগনোর করে গিয়ে বসলো হামিদা মির্জার পাশে।
কিয়ৎক্ষণ পর খেতে খেতে আচমকা হামিদা মির্জা জিজ্ঞাসু কন্ঠে আওড়ালেন,
–”তোমার কি জন্ম থেকেই মাথায় চুল নেই? না মানে, তোমার বাবা তো তোমার চুল নেই এই সম্পর্কে কিছু জানা নি,তাই।”
অতর্কিত প্রশ্নে সবাই হকচকিত দৃষ্টি মেলে তাকাল হামিদা মির্জার পানে। সবার এহেন দৃষ্টি দেখে মুহূর্তে অপ্রস্তুত হয়ে পড়লেন ভদ্রমহিলা। সৌরভ তো একপ্রকার কেশেই উঠলো। বিড়বিড় করে বলল,
–”অবশ্যই জন্ম থেকে এই টাকলি ভাবীর মাথায় চুল নেই। এটা আবার জিজ্ঞেস করার কি আছে?”
সৌরভের বিড়বিড় করে বলা কথাগুলো কেউ শুনতে পেল না। পারমিতা নিজের খাওয়া বন্ধ করে হামিদা বেগমের পানে তাকাল। অতঃপর শান্ত স্বরে বলল,
–”আসলে ভার্সিটিতে একটা দাঙ্গা লেগেছিলো। আর ওখানেই দুর্ভাগ্যক্রমে আমার মাথা ফেটে যায়। ট্রিটমেন্টের জন্য একপাশের চুল কে’টে ফেলে দিতে হয়েছিল। তাই আব্বুকে বলে পুরো মাথার চুলে ফেলে দিয়েছিলাম।”
মুহূর্তের মধ্যেই পুরো ডাইনিং রুম জুড়ে অস্বস্তিকর নীরবতা ছড়িয়ে পড়ে। কেউই যেন এমন উত্তর প্রত্যাশা করে নি। অবশ্য সাহেদ মির্জা অভিক আর পারমিতার বিয়ের দিনই বিষয়টা জানতে পেরেছিলেন
আশরাফ সিদ্দিকীর কাছ থেকে। কিন্তু বাড়ির সবাই বারবার মেয়েটাকে যেভাবে কথা শুনেছিল, তাই তিনি আর বলা দরকার বলে মনে করেন নি। তারা যখন জানতে আগ্রহী না, তখন নিজ থেকে তাদেরকে গিয়ে জানানোর প্রয়োজন তিনি বোধ করলেন না।
পারমিতার কথা শুনে হামিদা মির্জার মুখখানি ছোট হয়ে গেল। অনুশোচনার আবরণ সারা মুখে ছেয়ে গেলো। মনের মধ্যে পারমিতার জন্য যে রাগ তিনি পুষে রেখেছেন তা নিমেষেই গলে গেলো। এই প্রথম কোমল দৃষ্টিতে তিনি মেয়েটার দিকে তাকালেন।
অনুশোচনায় ভারাক্রান্ত কণ্ঠে বলে উঠলেন,
–”আমি দুঃখিত। না জেনে-বুঝে তোমাকে কতো কথা শুনিয়ে দিয়েছি।”
–”আরেহ, আপনি ক্ষমা চাইছেন কেনো? আগে জানতেন না, এখন জেনে গেছেন। ব্যস, ব্যাপার মিটমাট হয়ে গেল।”
এমন আবেগময় মুহুর্তে এক বালতি গরম পানি ঢেলে দিয়ে সৌরভ ভেংচি কে’টে বলল,
–”সে যাইহোক। ও টাকলি ছিলো, টাকলি আছে আর সবসময় টাকলি থাকবে। তোমরা আমার কথা মিলিয়ে নিও।”
ছেলেটার এমন কথায় সাহেদ মির্জা আর হামিদা মির্জা চোখ পাকিয়ে ওর দিকে তাকালেন। অভিক ঠিকই বলেছিল। সৌরভ আসলেই স্টার জলসা আর জি-বাংলা সিরিয়াল গুলোর শকুন ভাসুরগুলোর মতো। একদম ফটোকপি। পারমিতা কোনো বিশেষ প্রতিক্রিয়া দেখালো না ওর কথায়। একদম শান্ত অথচ ধারালো গলায় বলল,
–”বলতে বলতে মুখ দিয়ে ফেনা বের করে ফেলুন। সমস্যা নেই। একদম সমস্যা নেই। আপনারও দিন ঘনিয়ে আসছে, প্রিয় ভাসুর।”
–”শকুনের দোয়া গরু ম'রে না, টাকলি ভাবী।”
প্রত্যুত্তরে পারমিতা কোনোপ্রকার বাক্য ছুঁড়ে দিলো না। বরং নিজের খাবারে মনোনিবেশ করতে করতে অধর কোণে একচিলতে কুটিল হাসির রেখা ফুটিয়ে তুলে।
#এটা_কি_ভুল_নাকি_সুখ? 🕊
#রওনোক_জাহান_হায়াত
#চলবে?
[সবাই রেসপন্স করবেন। বেশি বেশি কমেন্ট আর রিয়েক্ট করবেন। আই নিড ইউ্যর সাপোর্ট, গালর্স।🥹🔪]