ফন্ট সাইজ:
থিম:
এটা কি ভুল নাকি সুখ

পর্ব 5

লেখক: রওনোক জাহান হায়াত

#পর্বঃ৫ [অনুমতি ব্যতীত কপি করা নিষিদ্ধ🚫]
দু'মাস পর।

সময় কত দ্রুত বয়ে যায়, তাই না? যেন প্রমত্ত নদীর দুর্বার স্রোত; নিমেষেই সবকিছু পেছনে ফেলে অদৃশ্যের পথে ধাবিত হয়। দেখতে দেখতেই পারমিতার দাম্পত্য জীবনের দুটি মাস অতিক্রান্ত হয়েছে। এই অল্প সময়েই অভিকের সঙ্গে তার সম্পর্ক আগের তুলনায় আরও দৃঢ়, আরও নিবিড় হয়ে উঠেছে। এখন আর প্রতিটা অনুভূতি ভাষায় ব্যক্ত করার প্রয়োজন পড়ে না; অনেক না-বলা কথাও তারা একে-অপরের দৃষ্টির ভাষাতেই অনায়াসে পড়ে নিতে পারে। আজকাল প্রায় প্রতিদিনই পারমিতা সৌরভের নানান কীর্তিকলাপের ফিরিস্তি অভিকের দরবারে পেশ করে। আর সুদূর বিদেশে অবস্থানরত অভিক মৃদু হাসিতে তার প্রতিটি অভিযোগ শ্রবণ করে। শেষে স্বভাবসুলভ শান্ত কণ্ঠে শুধু একটাই কথা বলে –”সে দেশে ফিরুক, তারপর একসঙ্গে সব হিসাব-নিকাশ চুকিয়ে দেবে।”

গত মাসে পারমিতা কয়েক দিনের জন্য কুমিল্লায় বাবার কাছে গিয়ে সময় কাটিয়ে এসেছে। সেই সঙ্গে সম্পন্ন করে এসেছে নিজের ফাইনাল পরীক্ষাও।
অন্যদিকে, সৌরভকে আজকাল বেশ খানিকটা ইগনোর করেই চলছে সে। ব্যাটাকে কীভাবে উপযুক্ত শিক্ষা দেওয়া যায়, সেই চিন্তাই এখন তার মস্তিষ্কে ঘুরপাক খায়। ইতোমধ্যেই একসময়ের কেশবিহীন মস্তকে কোমল কেশরাশি আবারও মাথা তুলে দাঁড়াতে শুরু করেছে। তবে সে খবর এখনও কারো কর্ণগোচর হয়নি। নিজের দেওয়া প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে রক্ষা করে সকলের সম্মুখে পারু সর্বদা হিজাব পরিধান করে থাকে। পারু তো মনে মনে স্থির করেই রেখেছে; অভিক বিদেশ থেকে দেশে না ফেরা পর্যন্ত নিজের চুল কাউকে দেখাবে না।
.
আশ্বিনের শেষ, কার্তিকের শুরু। ঋতুর পালাবদলের এই সন্ধিক্ষণে প্রকৃতি যেন নিঃশব্দে নিজের রূপ বদলে নিচ্ছে। ভোরের বাতাসে শিশিরের স্নিগ্ধ স্পর্শ, দুপুরের রোদে আর তেমন তেজ নেই; বরং একরাশ কোমলতা ছড়িয়ে পড়েছে চারদিকে। বিকেলের আকাশে ভেসে বেড়ানো সাদা মেঘগুলো অলস ভঙ্গিতে দিগন্ত পেরিয়ে যায়, আর সন্ধ্যা নামতে না নামতেই চারপাশে নেমে আসে হালকা শীতের আবেশ।

বিকেলের নরম আলো ধীরে ধীরে চারপাশে মধুর সোনালি আভা ছড়িয়ে পড়েছে। পশ্চিম আকাশে ঢলে পড়া সূর্য আপন রঙের পসরা খুলে বসেছে; কোথাও কমলার কোমল আভা, কোথাও রক্তিম রেশ, আবার কোথাও হালকা সোনালি আলো গাছের পাতার ফাঁক গলে মাটির বুকে নকশা তৈরি করছে। মৃদুমন্দ বাতাসে দুলে উঠছে ডালপালা, দূর থেকে ভেসে আসছে পাখিদের নীড়ে ফেরার কোলাহল। দিনের ব্যস্ততা ক্রমে স্তিমিত হয়ে প্রকৃতির বুকজুড়ে নেমে এসেছে প্রশান্তি।

হামিদা মির্জাকে ফাইজার সঙ্গে শপিংয়ে যাওয়ার কথা বলেই বাড়ি থেকে বের হয় পারমিতা। বিকেলের কোমল আলোয় আগ্রাবাদের আক্তারুজ্জামান শপিং সেন্টারের সামনে এসে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে সে। পারমিতার পরনে কালো বোরখা। মাথাজুড়ে পরিপাটি হিজাব, আর মুখখানি নিকাবে আবৃত। এত কিছুর আড়ালেও প্রিয় বান্ধবীকে চিনতে ফাইজার একটুও ভুল হলো না। দূর থেকেই দ্রুত এগিয়ে এসে সে পারমিতাকে শক্ত করে জড়িয়ে ধরে। উচ্ছ্বসিত কণ্ঠে বলে ওঠে,
– "একমাস পর আবার দেখা হলো, বান্ধবী! কেমন আছিস? তোর শশুরবাড়ির সবাই কেমন আছে? আর তেল ঠিক মতো ব্যবহার করছিস তো?"

পারমিতা হেসে বলে,
– "আরে আরে, থাম! একটু শ্বাস নে, বইন। আস্তে আস্তে সব বলছি। আগে কোথাও গিয়ে বসি, তারপর গল্প করি, কেমন?"

পারমিতার কথায় সায় দেয় ফাইজা। দু'জনে শপিং সেন্টারের পাশের একটা নিরিবিলি রেস্টুরেন্টে গিয়ে বসে। দু'কাপ কফির অর্ডার দিয়ে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ বিশাল কাচের জানালার ওপারে ব্যস্ত শহরের আনাগোনার দিকে নীরবে তাকিয়ে থাকে পারমিতা। তারপর ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে,
–’সবাই ভালো আছে। আমিও বেশ ভালোই আছি।"

ফাইজা আবারও আগ্রহভরে জিজ্ঞেস করে,
–”আর তেলটা ঠিক মতো ব্যবহার করছিস তো?"

মুহূর্তেই পারমিতার চোখমুখ আনন্দে উজ্জ্বল হয়ে ওঠে।
–"হ্যাঁ, করছি। জানিস, চুল পর্যন্ত গজিয়েছে। কী যে আনন্দ লাগছে আমার! তোকে অনেকগুলো থ্যাংকস।"

ফাইজা মৃদু হেসে ফেলে। ইতোমধ্যেই ধোঁয়া ওঠা কফির কাপ দুটো তাদের সামনে এসে পৌঁছে যায়। কফিতে আলতো চুমুক দিতে দিতে ফাইজা বলে,
–"আমাকে থ্যাংকস বলে লাভ নেই। আসল ক্রেডিট তো দাদু আপুকেই দিতে হয়। জানি না কী কী উপকরণ মিক্স করে দাদু আপু তেলটা তৈরি করেন! তবে আমি ছোটবেলা থেকেই এই তেল ব্যবহার করি। দেখ না, আমার চুলগুলো কত লম্বা আর ঘন! তুইও নিয়ম করে ব্যবহার করতে থাক। দেখবি, আস্তে আস্তে তোরও এমন সুন্দর করে চুল গজাবে।”

পারমিতা মৃদু হাসে। তবে সেই হাসির রেশ মিলিয়ে যেতেই চোখেমুখে ছড়িয়ে পড়ে বিরক্তির ছাপ। চোয়াল শক্ত করে, দাঁতে দাঁত চেপে বলে ওঠে,
–"একবার শুধু চুলগুলো ভালোভাবে উঠতে দে। তারপর এই ভাসুরকে যদি আমি না ধুই, তাহলে আমার নামও পারমিতা মির্জা নয়!"

পারমিতার কথা শুনে হো হো করে হেসে ওঠে ফাইজা। হাসি সামলানোর বৃথা চেষ্টা করতে করতে বলে,
–"তোদের ভাবী-ভাসুরের এই সাপে-নেউলের সম্পর্কটা কবে ঠিক হবে বল তো? গত দু'মাসেও তোদের দু’জনের একজনেরও একচুলও পরিবর্তন হয়নি। ”

পারমিতার গম্ভীর মুখ দেখে আবারও হেসে ফেলে ফাইজা। আর বলে,
–"আচ্ছা, লোকটা তোকে খোঁচায় ঠিকই। কিন্তু তুইও কি কম যাস? সুযোগ পেলেই এমন সব কথা শোনাস যে, শুনলে আমারই ভয় লাগে।"

পারমিতা ভ্রু কুঁচকে কফির কাপে চুমুক দেয়। বিরক্তিকর কন্ঠে বলল,
–"ওনাকে দু'চারটা কথা না শোনালে মাথায় চড়ে বসবে। এমনিতেই নিজেকে কী না কী ভাবে! সারাক্ষণ টাকলি ভাবী, টাকলি ভাবী বলে পেছনে লেগে থাকবে, সুযোগ পেলেই বিরক্ত করবে।"

– " তোর শ্বশুর-শাশুড়ি তোদের এই ঝগড়া দেখতে দেখতে বোধহয় অভ্যস্ত হয়ে গেছে?”

–"অভ্যস্ত না হয়ে উপায় আছে? উনি একটা কথা বলবেন, আমি দশটা শুনিয়ে দেব। ব্যস, শুরু হয়ে যাবে।"

ফাইজা মুচকি হেসে মাথা নাড়ে। তারপর ফোঁস করে শ্বাস ছেড়ে কফির কাপে চুমুক দিয়ে আবারো কপির স্বাদ নিলো। কৌতুকময় স্বরে বলল,
–”আল্লাহই জানেন, তোদের এই ঠোকাঠুকি কবে শেষ হবে!"

পারমিতা ঠোঁট বাঁকায়। আর বলে,
– "যেদিন উনি মানুষ হবেন,সেদিন।"

এই কথা বলেই সে কফির মগটা হাতে তুলে নেয়। আর ফাইজা আবারও হেসে ওঠে । কিয়ৎক্ষণ নীরবতা বিরাজ করে। দু'জনেই কফিতে ধীরে ধীরে চুমুক দেয়। ঠিক সেই সময় হঠাৎ করেই ফাইজা প্রশ্ন ছুড়ে দেয়,
–"আর অভিক জিজুর কী খবর? কবে দেশে ফিরবে?"

অভিকের নাম উচ্চারিত হতেই পারমিতার বুকের ভেতরটা অকারণেই ধক করে ওঠে। অজান্তেই গালজোড়া রক্তিম আভায় রাঙিয়ে ওঠে, যেন শরতের শেষ বিকেলের লাজুক আকাশ। কানের লতিতে উষ্ণতা ছড়িয়ে পড়ে, হৃদস্পন্দনও যেন অদৃশ্য কোনো সুরে তাল হারিয়ে ফেলেছে। তবে ওর মুখখানি নিকাবে আবৃত থাকায় সেই আকস্মিক পরিবর্তনের সামান্যতম আভাসও চোখে পড়লো না ফাইজার। নিজেকে যথাসম্ভব স্বাভাবিক করে পারমিতা নিচু স্বরে বলে,
–"আরও তিনটে মাস। তারপর... তারপর উনি দেশে ফিরবেন।"

ফাইজা কয়েক মুহূর্ত ওর দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে আচমকা প্রশ্ন করে,
–"ভালোবাসিস?"

প্রশ্নটা যেন আচমকাই এসে আটকে দেয় পারমিতার সমস্ত ভাবনা। মুহূর্তেই নির্বাক হয়ে যায় সে। উত্তরটা কি সত্যিই তার জানা আছে? নাকি এখনও নিজের মনকেই বুঝে উঠতে পারেনি? এটা কি ভালোবাসা, নাকি ভালোলাগা? সে উত্তর খুঁজে পায় না পারু। এখনো জানো এক গোলক ধাঁধার মধ্যে আবদ্ধ তার হৃদয়। তবে একটা বিষয় সে নিঃসন্দেহে জানে; অভিক মানুষ হিসেবে অসাধারণ। এমন একজন স্বামী পাওয়া সত্যিই সৌভাগ্যের। হাজার হাজার মাইল দূরে, লন্ডনে অবস্থান করেও মানুষটা প্রতিনিয়ত তার খোঁজ রাখে। কখন খেয়েছে, ওষুধ নিয়েছে কি না, শরীর কেমন আছে, মন খারাপ কিনা– কোনো কিছুই অভিকের দৃষ্টি এড়ায় না। দূরত্ব তাদের মাঝখানে বিস্তৃত হলেও অভিকের যত্ন আর দায়িত্ববোধে সেই ব্যবধানের অস্তিত্ব খুব কমই অনুভূত হয় পারমিতার।

পারমিতাকে নিশ্চুপ ভঙ্গিতে কিছু ভাবতে দেখে ভ্রুঁযুগল কুঁচকে উঠলো ফাইজার। নিজের এক হাত নেড়েচেড়ে উঠল পারমিতার মুখের সামনে। মুহুর্তেই সম্বিৎ ফিরে এলো পারুর। এলোমেলো দৃষ্টিতে তাকালো ফাইজার মুখের পানে। তা দেখে ফাইজা জিজ্ঞাসু কন্ঠে শুধালো,
–”কোথায় হারিয়ে গেলি?”

পারমিতা অপ্রস্তুত কন্ঠে থেমে-থেমে বলল,
–” ও… ও কিছু.. না।”

ফাইজা বিষয়টা বুঝতে পেরে আর বাড়তি কোনো প্রশ্ন করল না। নীরবে মোবাইলে একবার সময়টা দেখে নিল। বিকেল গড়িয়ে ঠিক পাঁচটা বাজে। আগামীকালই তাকে আবার কুমিল্লায় ফিরে যেতে হবে। আজ সে এসেছেই মূলত পারমিতার সঙ্গে দেখা করতে এবং তার জন্য আরও দু'বোতল তেল পৌঁছে দিতে। ব্যাগের ভেতর হাত ঢুকিয়ে মাঝারি আকারের দুটি তেলের বোতল বের করে পারমিতার দিকে বাড়িয়ে দিল সে। অতঃপর কোমল কণ্ঠে বলল,
– "নে, দাদু আপু তোর জন্য আরও দু'বোতল পাঠিয়ে দিয়েছে। নিয়ম করে ব্যবহার করিস।"

পারমিতা বোতল দুটো হাতে নিয়ে মৃদু হেসে মাথা নাড়ল।
–"আচ্ছা।”

..
.
আরও কিছুটা সময় একসঙ্গে কাটানোর উদ্দেশ্যে পারমিতা আর ফাইজা চলে এসেছে আগ্রাবাদে অবস্থিত জাম্বুরী পার্কে। দু'বান্ধবী পাশাপাশি হেঁটে বেড়াচ্ছে। হাতে বাদাম, আর নিজের মধ্যে কথোপকথন অব্যাহত রেখেছে। কথার একপর্যায়ে হঠাৎই পারমিতার দৃষ্টি পার্কের একটা নির্দিষ্ট স্থানে গিয়ে স্থির হলো। তার দৃষ্টির অনুসরণ করে ফাইজাও তাকাল সেদিকে। কিছুটা দূরে একটি কাপল পাশাপাশি দাঁড়িয়ে নিজেদের জগতে মগ্ন। দু'বান্ধুবী কয়েক মুহূর্ত তাদের আপাদমস্তক নিরীক্ষণ করল। তারপর ফাইজা বিস্মিত স্বরে ফিসফিসিয়ে বলল,
–"এই পারু, ওই ছেলেটাকে দেখতে একদম ভাসুরের মতো লাগছে!"

পারমিতা নির্বিকার ভঙ্গিতে দু'হাত কোমরে রেখে বলল,
–”ওটা আমার ভাসুরই।"

ফাইজার চোখ বিস্ফারিত হয়ে গেল। হতবাক কণ্ঠে বলে উঠল,
–”এই ব্যাটা প্রেমও করে! দেখতে তো একদম সাদাসিধে মনে হয়, ভাই!"

পারমিতা ঠোঁট বাঁকিয়ে মুচকি হেসে বলল,
– "সাদাসিধে মানুষই বেশি ভণ্ড হয়, ছেমড়ি।"

– "এখন কী করবি?"

পারমিতার অধরে দুষ্টুমিভরা এক বাঁকা হাসি ফুটে উঠল। বেশ জোশ নিয়ে বলল,
–"রিভেঞ্জ নেব।"

পারমিতার কথার অর্থ ঠিকভাবে ঠাওর করতে পারল না ফাইজা। ভ্রুঁযুগল কুঁচকে জিজ্ঞেস করল,
–"মানে?"

কোনো উত্তর দিল না পারমিতা। তীক্ষ্ণ দৃষ্টিতে সৌরভ আর তার প্রেমিকাকে পর্যবেক্ষণ করতে লাগল। আহা! দু'জনের মুখজুড়ে কী অপার্থিব হাসি! যেন ঠোঁট ফাঁক করলেই মধু ঝরে পড়বে। সেই দৃশ্য দেখে পারমিতার ঠোঁটে কুটিল হাসির রেখা আরও গাঢ় হলো। সে ধীরে ধীরে নিজের নিকাবটা এমনভাবে ঠিক করে নিল, যাতে চোখ দেখেও সহজে তাকে চিনে ফেলা না যায়। এরপর ফাইজার দিকে ফিরে নিজের কন্ঠস্বর পরিবর্তন করে জিজ্ঞেস করল,
–"এই, আমাকে চেনা যাচ্ছে?"

ফাইজা অবাক হয়ে কয়েক সেকেন্ড পারুর দিকে তাকিয়ে রইল। তারপর বিস্মিত কণ্ঠে বলল,
–’এ কিরে! চেহারা তো বাদই দিলাম, তোর গলার স্বরটাও আমি ঠিকমতো চিনতে পারছি না, ভাই!"

পারমিতা সন্তুষ্টির হাসি হেসে বলল,
–"একদম ঠিক। এবার তুইও মাস্কটা পরে ফেল। যাতে তোকেও গুণাক্ষরেও চিনতে না পারে। যদিও তোকে চিনে না। তারপরেও।"

কথা শেষ করেই সে ধীরপায়ে সৌরভদের দিকে এগিয়ে গেল। ঠোঁটের কোণে তখনও দুষ্টুমিভরা সেই কুটিল হাসি লেগে আছে। মনে মনে বিড়বিড় করে বলল,
"ওরে ভাসুর! পার্কে বসে বসে প্রেম করা হচ্ছে! দাঁড়ান... এতদিন আমাকে বহুত জ্বালাইছেন। এবার আমার পালা। আজকে তো আপনাকে কট দিয়েই ছাড়ব। লা... লা... লা…”

***
পারমিতা ঠোঁটের কোণে রহস্যময় হাসি ঝুলিয়ে ধীর পায়ে সৌরভদের সামনে গিয়ে দাঁড়াল। নিকাবে ঢাকা মুখ, কেবল দু'চোখ জ্বলজ্বল করছে। হঠাৎ আগন্তুককে দেখে সৌরভ আর তার প্রেমিকা লিজা দু'জনেই খানিকটা চমকে উঠল। সৌরভ ভদ্রভাবে বলল,
– "জ্বি, কিছু বলবেন?"

পারমিতা আচমকাই বুক চাপড়ে কান্নার ভান করে উচ্চস্বরে বলে উঠল,
– "ও গো! তুমি এটা আমার সঙ্গে কিভাবে করতে পারলে? ঘরে পাঁচটা বাচ্চা আছে। এভাবে আমায় ধোঁকা দিলে গো! এখন আমার কী হবে গো!"

লিজার চোখ বিস্ফারিত। সে অবিশ্বাস্য দৃষ্টিতে কখনো পারমিতার দিকে, কখনো সৌরভের দিকে তাকাচ্ছে।
আর সৌরভের মুখের রঙ মুহূর্তেই উধাও। যেন মাথার ওপর বজ্রপাত হয়েছে। হার্টবিট দ্রুত বেগে বৃদ্ধি পেয়েছে। যেন এক্ষুনি বক্ষপিঞ্জরের আবরণ ভেদ করে বেরিয়ে আসবে হাতে। চোখ জোড়ায় আতঙ্ক সুস্পষ্ট। সে স্তম্ভিত কন্ঠে বলতে লাগলো,
–"ইন্না লিল্লাহ! এগুলো কী বলছেন? আমি তো আপনাকে চিনিই না! দেখেন, বহুত কষ্টে একটা গার্লফ্রেন্ড জোগাড় করছি। এভাবে আমার বাড়া ভাতে জল ঢালবেন না, প্লিজ আফা!"

সৌরভকে এতটা আতঙ্কিত হতে দেখে মনে মনে ভীষণ হাসছে পারু। ইচ্ছে করছে হাসতে হাসতে এক্ষুনি পার্কের মাটিতে গড়াগড়ি খেতে। তবুও নিজের মনের ইচ্ছাকে মনের ভেতর রেখেই, পারমিতা ফুঁপিয়ে কাঁদার অভিনয় আরও বাড়িয়ে দিল। চেঁচিয়ে বলে উঠল,
–"চিনো না? আমারে চিনো না? ও গো, তোমরা সবাই শুনেন! পাঁচটা বাচ্চার বাপ এখন কইতাছে, আমারে চেনে না!"

চারপাশের কয়েকজন পথচারী কৌতূহলী হয়ে তাদের দিকে তাকাতে শুরু করল। কেউ আবার দাঁড়িয়েও গেল। এহেন দৃশ্য দেখে লিজার মুখ গম্ভীর হয়ে উঠল।
সে ধীরে ধীরে সৌরভের দিকে ঘুরে জিজ্ঞাসু কন্ঠে আওড়ালো,,
–"সৌরভ... উনি কে?"

সৌরভ এখন প্রায় কেঁদে ফেলার উপক্রম। আল্লাহ তাকে কোন মুসিবতে ফেলে দিয়েছে সে নিজেও বুঝতে পারছে না। তার কন্ঠে এখনো আতঙ্ক জড়িয়ে আছে। বলল,
–"আল্লাহর কসম, লিজা! আমি এই আপাকে জীবনে আজকেই প্রথম দেখলাম!"

দূরে দাঁড়িয়ে সবকিছু দেখে ফাইজা মুখে মাস্ক চেপে হাসি আটকানোর প্রাণপণ চেষ্টা করছে। আর পারমিতা মনে মনে বলল,
"এই তো শুরু, ভাসুর! এতদিন আমাকে জ্বালিয়ে যা সুখ পেয়েছেন, আজ একটু সেই সুখের সুদ-আসল ফেরত নিন!”

সৌরভের কপাল বেয়ে টপটপ করে ঘাম ঝরতে শুরু করেছে। মুখের সমস্ত রক্ত যেন মুহূর্তেই উধাও হয়ে গেছে। সে একবার লিজার দিকে তাকায়, আরেকবার নিকাব পরা পারমিতার দিকে। এমন পরিস্থিতিতে পড়বে, জীবনে কল্পনাও করেনি। এদিকে আশপাশে ছোট্ট একটা ভিড় জমে গেছে। কেউ কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছে, কেউ আবার নিজেদের মধ্যে ফিসফিস করে কী যেন আলোচনা করছে। লিজা কপাল কুঁচকে জিজ্ঞেস করল,
– "সৌরভ, তুমি বলছো উনাকে চেনো না?"

সৌরভ প্রায় লাফিয়ে উঠল। উচ্চস্বরে বলল,
–"না! একদম না! আল্লাহর কসম, আমি এই আপাকে জীবনে প্রথম দেখছি!"

তক্ষুনি পারমিতা আবারও কাঁদো কাঁদো গলায় বলে উঠল,
– "ও গো! আমারে বিয়ে করার সময় তো কসম খাইছিলা, জন্মে আর কোনো মাইয়ার দিকে তাকাইবা না! আর আজ আমারে না-চেনার অভিনয় করতাছো?"

সৌরভ দু'হাতে নিজের মাথা চেপে ধরল। চোখ জোড়া রক্তিম হয়ে উঠেছে। তবুও অসহায় গলায় বলল,
– "আফা, আপনার পায়ে পড়ি! আমারে ছাইড়া দেন। আমি নির্দোষ!"

এই দৃশ্য দেখে ফাইজা আর নিজেকে সামলাতে পারল না। সে দ্রুত এগিয়ে এসে পারমিতার কাঁধে হাত রেখে মেকি সহানুভূতি দেখানোর ভঙ্গিতে বলল,
–"আপু, আপনি কাঁদবেন না। আল্লাহ আছেন! তোমার পাঁচটা বাচ্চার বিচার একদিন হবেই!"

পারমিতা নাক টেনে বলবল,
–”বিচার চাই না, বোন... আমি শুধু আমার স্বামীরে ফেরত চাই!"

চারপাশ থেকে চাপা হাসির শব্দ ভেসে এল। কয়েকজন মুখ ফিরিয়ে হাসি লুকানোর চেষ্টা করছে।
সৌরভ অসহায় চোখে ফাইজার দিকে তাকিয়ে বলল,
–"আপনি তো বোধহয় ওনার সাথে এসছেন। আচ্ছা,আপনি অন্তত বলেন! আমি কি আপনাকে চিনি?"

ফাইজা গভীর ভাব ধরল। তারপর মাথা কাত করে বলল,
–”সে কি কথা! আপুর কান্না কি আপনার মিথ্যা মনে হয়? আরে আপনিই তো আপুর স্বামী।মিথ্যা কেনো বলছেন?”

সৌরভ প্রায় চিৎকার করেই উঠল,
–”হায়, আল্লাহ!”

লিজা এতক্ষণ ধরে চুপচাপ ঘটনা পর্যবেক্ষণ করলেও, এখন আর চুপ থাকতে পারলো না। তার ধৈর্যের সকল বাঁধ যেন এবার ভেঙে গেল। লিজা এবার গম্ভীর মুখে বলল,
–"আমি একটা কথা জানতে চাই।"

লিজার কথায় এক মুহূর্তের জন্য সৌরভ যেন খড়কুটো পেল। অস্থির স্বরে,
–"হ্যাঁ, হ্যাঁ! বলো!"

লিজা নিকাব পরা পারমিতার দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল,
–”আপনার যদি সত্যিই পাঁচটা বাচ্চা থাকে, তাহলে সবচেয়ে বড়টার বয়স কত?"

প্রশ্নটা শুনে পারমিতা এক মুহূর্ত থমকে গেল। চোখের কোণে দুষ্টুমির ঝিলিক ফুটে উঠলেও সেটা নিকাবের আড়ালে লুকিয়ে রইল। পারু উত্তর দেওয়ার আগেই ফাইজা দ্রুত বলে উঠল,
– "বড়টার... এই... এই তো... ক্লাস থ্রিতে পড়ে!"

পারমিতা সঙ্গে সঙ্গে মাথা নেড়ে সায় দিল। আর মেকি কান্না অব্যাহত রেখে বলল,
–"হ... হ্যাঁ! আর ছোটটার এখনও দাঁতই ওঠে নাই!"

ফাইজা ভেতরে ভেতরে হাসতে হাসতে প্রায় দম বন্ধ হওয়ার অবস্থা। সে মুখ ফিরিয়ে কাশি দেওয়ার ভান করল। এদিকে সৌরভের চোখ-মুখ কুঁচকে গেছে। দাঁতের দাঁত পিষে বলে উঠল,
–"আফা! আপনারা দুইজন মিলে আমারে ফাঁসাচ্ছেন, তাই না?"

পারমিতা বুকের ওপর হাত রেখে আবারও দীর্ঘশ্বাস ফেলল। অসহায় কন্ঠে বলল,
–"ফাঁসাচ্ছি? হায়রে নিষ্ঠুর মানুষ! সংসার কইরা এখন আমারে কয় আমি নাকি তারে ফাঁসাচ্ছি!"

কথাটা শুনে ভিড়ের মধ্য থেকে একজন বয়স্ক লোক মুচকি হেসে সৌরভের উদ্দেশ্যে বললেন,
–"বাবা, আগে বাসার ব্যাপারটা মিটাও, তারপর প্রেম করো!"

লোকটার কথা শুনে চারপাশে অট্টহাসি ছড়িয়ে পড়ল। সৌরভের মনে হচ্ছে, যদি মাটি ফেটে যেত, তাহলে সে এক লাফে তার ভেতর ঢুকে পড়ত। আর একটু দূরে দাঁড়িয়ে পারমিতা আর ফাইজা চোখাচোখি হতেই দু'জনের চোখে একই দুষ্টুমিভরা বিজয়ের ঝিলিক ফুঁটে উঠলো। লিজা কিছুক্ষণ নির্বাক দাঁড়িয়ে রইল। তার দৃষ্টি কখনো সৌরভের মুখে, কখনো নিকাব পরা পারমিতার দিকে ঘুরপাক খাচ্ছে। চারপাশের লোকজনের কৌতূহলী দৃষ্টি যেন পরিস্থিতিটাকে আরও বিব্রতকর করে তুলেছে। শেষমেশ সে ধীর কণ্ঠে বলে উঠল,
– "সৌরভ, আমি জানি না উনি কে। তবে আজকে যা হলো, সেটা আমার জন্য ভীষণ অপমানজনক।"

সৌরভ দ্রুত মাথা নাড়ল। আকুতি মিশ্রিত কন্ঠে বলতে লাগলো,
–লিজা, বিশ্বাস করো! আমি কিছুই জানি না। ওনি ইচ্ছা করে আমাকে ফাঁসাচ্ছে।"

–”হয়তো। কিন্তু তোমার জীবনে এত ঝামেলা কেন, সেটা নিয়েও আমার প্রশ্ন আছে।"

–প্লিজ, আমাকে ভুল বোঝো না। আমি শপথ করে বলছি…"

লিজা তার কথা শেষ করতে দিল না। তার আগেই তাকে থামিয়ে দিয়ে নিজে বলে ওঠে,
– "থাক, সৌরভ। আমি এই মুহূর্তে আর কিছু শুনতে চাই না।"

একটু থেমে সে দীর্ঘশ্বাস ফেলল।
– "আমার মনে হয়, আমাদের এখানেই থেমে যাওয়াই ভালো। এই সম্পর্কটা নিয়ে আমি আর এগোতে পারছি না।"

কথাটা বলেই লিজা ঘুরে দাঁড়াল। সৌরভ তড়িঘড়ি করে তার হাত ধরতে গিয়ে আবার থেমে গেল। আকুতিময় কন্ঠে অনুনয় করতে লাগে,
– "লিজা... প্লিজ! একটা সুযোগ দাও।"

লিজা হাতটা সরিয়ে নিয়ে শান্ত গলায় বলল,
–”ভালো থেকো, সৌরভ।"

আর একবারও ফিরে না তাকিয়ে লিজা পার্কের গেটের দিকে হাঁটতে শুরু করল। সৌরভ কয়েক কদম এগিয়ে গিয়েও থেমে গেল। অসহায় দৃষ্টিতে শুধু লিজার চলে যাওয়া দেখল। দূরে দাঁড়িয়ে থাকা পারমিতা ফিসফিস করে বলল,
"ভাসুর, আজকের হিসাবটা আপাতত সমান।"

ফাইজা তার পাশে থেকে মৃদু হেসে বলল,
–”তোরে নিয়ে চলা সত্যিই কঠিন, পারু।"

দু'জন একে-অপরের দিকে তাকিয়ে হেসে উঠল। আর সৌরভ তখনও নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল, যেন কয়েক মিনিটের ব্যবধানে তার সবকিছু শেষ হয়ে গেলো।
লিজা পার্কের গেট পেরিয়ে দৃষ্টির আড়ালে মিলিয়ে যেতেই পারমিতা ধীরে ধীরে নিজের নিকাবটা মুখ থেকে সরিয়ে নিল। মুহূর্তের মধ্যেই সৌরভের চোখ বিস্ফারিত হয়ে গেল। অবিশ্বাস্য কন্ঠে উচ্চারণ করলো,
–”টাকলি ভাবী!"

কয়েক মুহুর্তের জন্য সৌরভ কিংকর্তব্যবিমূঢ় হয়ে গেলো। প্রতিক্রিয়া জানানোর শক্তিটুকুও যেনো হারিয়ে ফেলেছে। এতক্ষণ ধরে যে রহস্যময়ী নারীর কান্নাকাটি শুনে তার মাথা ঘুরছিল, সেই মানুষটা যে পারমিতা; এটা স্বপ্নেও ভাবেনি সে। ইতোমধ্যে আশপাশে জড়ো হওয়া লোকজনও ধীরে ধীরে যার যার পথে চলে যেতে শুরু করেছে। মুহূর্ত আগের কৌতূহল আর গুঞ্জন ক্রমেই স্তিমিত হয়ে এলো।
পারমিতা দু'হাত বুকের ওপর ভাঁজ করে দাঁড়াল। ঠোঁটের কোণে কুটিল এক হাসি টেনে ভ্রুঁযুগল নাচিয়ে বলল,
–"টুকি, প্রিয় ভাসুর! সারপ্রাইজটা কেমন লাগল? বলুন..বলুন?"

সৌরভ এখনও অবিশ্বাসের দৃষ্টিতে তার দিকে তাকিয়ে।
–”তুমি! এমনটা তুমি কেনো করলে?"

পারমিতা নির্বিকার ভঙ্গিতে কাঁধ ঝাঁকাল।বলল,
–”আমি আবার কী করেছি? আমি তো শুধু আমার স্বামীকে খুঁজছিলাম।"

সৌরভ রাগে-ক্ষোভে নিজের কপালে হাত ঠুকল। রুক্ষ কন্ঠে গর্জে উঠলো,
–”তোমার মাথা ঠিক আছে? জানো, তুমি কী সর্বনাশ করলে? লিজা আমার ওপর বিশ্বাসই করল না!"

পারমিতা ঠোঁট বাঁকিয়ে মুচকি হাসল।
–"ওমা! তাই নাকি? খুব কষ্ট হচ্ছে বুঝি?"

–”অবশ্যই হচ্ছে! দুই মাস ধরে কষ্ট করে একটা রিলেশনশিপ দাঁড় করিয়েছি, আর তুমি পাঁচ মিনিটে সব শেষ করে দিলে!"

পারমিতা ভান করা বিস্ময়ে চোখ বড় বড় করে বলল,
–”আচ্ছা! আমার তো মনে হয়েছিল ভাসুর খুব সাহসী মানুষ। এতটুকু ঝড়েই নৌকা ডুবে গেল?"

সৌরভ দাঁতে দাঁত চেপে বলল,
–"শোনো পারু,আজকে তুমি যা করলে, এর প্রতিশোধ আমি নেব।"

পারমিতা একটুও বিচলিত হলো না। বরং আরও একচিলতে হেসে বলল,
–"আমি সেই দিনের অপেক্ষাতেই থাকব। তবে তার আগে আজকের এই মুখখানা আয়নায় দেখে নিয়েন। এক্সপ্রেশনটা কিন্তু সেই ছিল!"

এতক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকা ফাইজা আর হাসি চেপে রাখতে পারল না। নিজের মাস্ক খুলে মুখে হাত চেপে খিলখিল করে হেসে উঠল। সৌরভ এবার প্রথমবারের মতো তার মুখ দেখলো। কয়েক সেকেন্ড আপাদমস্তক মেয়েটাকে পর্যন্ত করলো। তারপর তার দিকে তাকিয়ে ভ্রুঁযুগল কুঁচকে বলল,
–আচ্ছা... এই মেয়েটা আবার কে?"

পারমিতা সঙ্গে সঙ্গে উত্তর দিল,
–"আমার বান্ধবী ফাইজা। আর আজকের মিশনের একমাত্র সাক্ষী।"

ফাইজা ভদ্রভাবে মাথা নুইয়ে মুচকি হেসে বলল,
–"আসসালামু আলাইকুম, ভাইয়া।"

সৌরভ অসহায় দৃষ্টিতে দু'জনের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল।পারমিতা আর ফাইজা দু'জনেই হো হো করে হেসে উঠল। আর ওদের হাসি দেখে সৌরভ দাঁড়িয়ে দাঁড়িয়েই মনে মনে প্রতিজ্ঞা করল,
"এই হিসাব... আমি একদিন সুদে-আসলে চুকাবই! তাও তোমাদের দু'জনের থেকে।”

#এটা_কি_ভুল_নাকি_সুখ?🕊
#রওনোক_জাহান_হায়াত

#চলবে…?

[ সবাই বেশি বেশি রেসপন্স করিও, কেমন?🥹। এদের ঝগড়া লিখতে গেলে আর অন্য কিছু লিখতেই পারি না। তবে কাহিনী বহুত। এই সৌরভের জন্যেও একটা পার্টনারের ব্যবস্থা করতে হবে, কি বলো?]

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 5 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন