ফন্ট সাইজ:
থিম:
এটা কি ভুল নাকি সুখ

পর্ব 15

লেখক: রওনোক জাহান হায়াত

#এটা_কি_ভুল_নাকি_সুখ?🕊
#অন্তিম_পর্ব
#রওনোক_জাহান_হায়াত
[অনুমতি ব্যতীত কপি করা কঠোরভাবে নিষিদ্ধ🚫।]

সাত দিন পর।

দেখতে দেখতেই কেটে গেল পুরো একটা সপ্তাহ।
অবশেষে এসে উপস্থিত হলো সেই বহুল প্রতীক্ষিত প্রহর। সৌরভ ও ফাইজার বিয়ের দিন।

যেহেতু বিয়ের আনুষ্ঠানিকতা চট্টগ্রামের একটি অভিজাত ক্লাবে আয়োজন করা হয়েছে, তাই তারেক রহমানরা কয়েক দিন আগেই ফাইজাকে নিয়ে তার বড় বোনের বাসায় এসে উঠেছিলেন। বিয়ের সব আয়োজন সেখান থেকেই পরিচালিত হচ্ছে। গত কয়েক দিন ধরে বাড়িটিতে যেন উৎসবের আমেজ বিরাজ করছে। সকাল থেকে রাত পর্যন্ত আত্মীয়-স্বজনের আনাগোনা, হাসি-আড্ডা, ছবি তোলা, শেষ মুহূর্তের কেনাকাটা আর প্রস্তুতিতে কেউ এক মুহূর্তের জন্যও অবসর পায়নি।
অন্যদিকে অভিক, পারমিতা, হামিদা মির্জা; সবার মধ্যেই আজ অন্যরকম এক উচ্ছ্বাস। বিশেষ করে হামিদা মির্জার মুখে আনন্দের হাসি যেন কিছুতেই মিলিয়ে যাচ্ছে না। বহুদিনের ইচ্ছা আজ পূর্ণ হতে চলেছে।

সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে ক্লাবের চারপাশ ঝলমলে আলোকসজ্জায় আলোকিত হয়ে উঠল। প্রবেশপথজুড়ে তাজা ফুলের নান্দনিক সাজসজ্জা, রঙিন আলোর মালা আর সুসজ্জিত অভ্যর্থনা মঞ্চ অতিথিদের স্বাগত জানাচ্ছিল। চারদিকে উৎসবের প্রাণচাঞ্চল্য। কোথাও আত্মীয়রা ছবি তুলতে ব্যস্ত, কোথাও ছোটরা ছুটোছুটি করছে। স্টেজের এক পাশে বরের জন্য বিশেষ আসনের ব্যবস্থা করা হয়েছে। সোনালি ও সাদা রঙের সংমিশ্রণে সাজানো সেই স্টেজটি দূর থেকেই দৃষ্টি কাড়ছিল। গাঢ় অফ-হোয়াইট শেরওয়ানি পরে সৌরভ যখন হলে প্রবেশ করল, উপস্থিত অনেকেরই দৃষ্টি তার দিকেই নিবদ্ধ হলো। অভিক মুচকি হেসে বড় ভাইয়ের কাঁধে হাত রেখে বলল,
–"ভাই, আজ কিন্তু তোকে দেখতে একদম হিরো লাগছে।"

সৌরভ হেসে উত্তর দিল,
–”ধন্যবাদ। তবে বেশি তেল দিস না, ভাই।"

পাশে থাকা পারমিতা সঙ্গে সঙ্গেই যোগ করল,
–"অভিক, আপনি ভুল বলেছেন।"

অভিক ভ্রু তুলে তাকাল।
–"কী ভুল বলেছি?"

–”আজ ভাইয়াকে হিরো না। বরং আজকে উনাকে ফুল-অন টাকলা বর সাহেব লাগছে।"

কথাটা শুনে আশপাশে থাকা কয়েকজন আত্মীয় মৃদু হেসে উঠলেন। সৌরভ অসহায় ভঙ্গিতে মাথা নেড়ে বলল,
–"তুমি না থাকলে মনে হয় আমার বিয়েটা অনেক শান্তিতে হতো।"

সঙ্গে সঙ্গে পারমিতা মুখ গম্ভীর করে বলল,
–"অসম্ভব। আমি না থাকলে এন্টারটেইনমেন্ট কে দিত?"

অভিক নিচু স্বরে বলল,
–”এই কথায় আমি একমত।"

পারমিতা বিজয়ীর হাসি হাসল।

.
.
অন্যদিকে ব্রাইডাল রুমে তখন ভিন্ন এক আবহাওয়া।
ফাইজা আয়নার সামনে নিশ্চুপ হয়ে বসে আছে। লাল বেনারসি, সোনালি অলংকার তাকে যেন আরও বেশি শান্ত আর স্নিগ্ধ লাগছে। অথচ ওর বুকের ভেতরটা কেমন অজানা এক অনুভূতিতে বারবার কেঁপে উঠছে। জীবনের এত বড় একটি অধ্যায় আজ সত্যিই শুরু হতে চলেছে, এই অনুভূতিটাই বারবার ওকে আবেগপ্রবণ করে তুলছে। রুমানা বেগম ধীরে ধীরে মেয়ের পাশে এসে বসলেন। কপালে আলতো করে হাত রেখে মমতাভরা কণ্ঠে বললেন,
– "কেমন লাগছে, মা?"

ফাইজা মৃদু হেসে উত্তর দিল,
– "ভালোই লাগছে... আবার কেমন কেমন যেন লাগছে।"

রুমানা বেগম স্নেহভরে তার গাল ছুঁয়ে দিলেন।
–”এমনটাই হয়। সব মেয়েরই হয়।"

এমন সময় পারমিতা দরজা ঠেলে ভেতরে ঢুকল। একবার ফাইজার দিকে তাকিয়ে সে কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর হেসে বলল,
–”মাশাআল্লাহ! কারো যেন নজর না লাগে।"

ফাইজা মুচকি হেসে বলল,
–"তুই আবার শুরু করিস না।"

–"আজকে কিন্তু খোঁচাব না। আজ তুই অফিসিয়ালি আমার ভাসুরের বউ হতে যাচ্ছিস।"

ফাইজা হালকা হেসে মাথা নাড়ল। পারুকে নিজের পাশে টেনে বসালো। আর ফোঁস করে শ্বাস ছেড়ে বলে,
–” আমার এখনও বিশ্বাস হচ্ছে না, পারু। আচ্ছা, বিয়ের পর কি তোর আর আমার সম্পর্কটাও বদলে যাবে?"

পারমিতা তার হাতটা আলতো করে নিজের হাতে নিল। সম্পূর্ণ শান্ত কন্ঠে বলল,
– "না। বিয়ের পরও তুই আমার সেই আগের ফাইজা থাকবি। শুধু একটা নতুন সম্পর্ক যোগ হবে, এই যা।"

দু'জনের কথোপকথনের মাঝেই বাইরে থেকে একজন এসে জানাল,
–"কনের বাবা-মাকে একটু স্টেজে যেতে বলা হয়েছে। কাজি সাহেব এসে গেছেন।"

তারেক রহমান আর রুমানা বেগম দ্রুত বাইরে চলে গেলেন।ক্লাবের ভেতরের কোলাহল ধীরে ধীরে কমে এলো। নিকটাত্মীয়রা একে একে নির্দিষ্ট স্থানে জড়ো হতে লাগলেন। কাজি সাহেব নথিপত্র আর কাবিননামা আরেকবার ভালোভাবে মিলিয়ে দেখলেন। উভয় পক্ষের অভিভাবকদের সঙ্গে প্রয়োজনীয় বিষয়গুলো নিশ্চিত করলেন। সাক্ষীরাও নিজেদের নির্ধারিত স্থানে বসলো। সৌরভকে প্রথমে আলাদা কক্ষে নিয়ে যাওয়া হলো। কাজি সাহেব নিয়মমাফিক কাবিনের শর্তগুলো পড়ে শোনালেন এবং তার সম্মতি নিশ্চিত করলেন। সৌরভ স্পষ্ট কণ্ঠে বলল,
–"আলহামদুলিল্লাহ... কবুল।"

সাক্ষীরা পরস্পরের দিকে তাকিয়ে মাথা নাড়লেন। আনুষ্ঠানিকতা শেষ হতেই এবার একই প্রক্রিয়ার জন্য ফাইজার কাছে যাওয়ার প্রস্তুতি নিলেন কাজি সাহেব। অতঃপর ফাইজাকেও একইভাবে জিজ্ঞেস করলা হলো। তারপর কাবিনের সমস্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর উভয় পরিবারের মুখে স্বস্তির হাসি ফুটে উঠল। একে একে সবাই নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে এগিয়ে এলো। ক্যামেরার ফ্ল্যাশে একের পর এক মুহূর্ত বন্দি হতে লাগল। ব্যস্ততার ফাঁকে ক্ষণিকের জন্য সৌরভ আর ফাইজা একে অপরের মুখোমুখি দাঁড়ানোর সুযোগ পেল। সৌরভের চোখে তখনও সেই চিরচেনা মুগ্ধতা। যেন এতক্ষণ ধরে এই একটি মুহূর্তেরই প্রতীক্ষায় ছিল সে। আর ফাইজা? ওর মুখভরা লাজুক হাসি। ছবি তোলার জন্য ওরা পাশাপাশি বসতেই সৌরভের চোখের দিকে তাকিয়ে থেকে ফাইজা মৃদুস্বরে বলল,
–"সবকিছু ছেড়েছুড়ে তোমার হাত ধরছি। এখন থেকে আমার সব আবদার, সব রাগ, সব অভিমান; তোমাকেই সামলাতে হবে। আপত্তি থাকলে এখনই বলে দাও, পরে কিন্তু আর শুনব না।"

সৌরভ হালকা হেসে মাথা নাড়ল। তারপর আলতো স্বরে উত্তর দিল,
–*আপত্তি? তোমাকে নিয়ে আমার কোনো আপত্তি নেই, স্যানিওরিটা। বরং আজ থেকে তোমার সব আবদার আমার দায়িত্ব, আর তোমার সব অভিমান ভাঙানো আমার কর্তব্য।"

ফাইজা মুচকি হেসে ভ্রু তুলল।
–”এত কনফিডেন্ট?"

–"একদম।"

সৌরভ এক মুহূর্ত থেমে আবার বলল,
–”তবে একটা শর্ত আছে।"

–”কী শর্ত?"

–"যত রাগই করো, দিনের শেষে আমার হাতটা ছেড়ে দেবে না। কারণ তোমার হাত ছাড়া আমার পৃথিবীটা অসম্পূর্ণ।"

কথাটা শুনে ফাইজার চোখের কোণে চিকচিক করে উঠল আনন্দাশ্রুর ক্ষীণ রেখা। মেয়েটা কিছু বলল না। শুধু মৃদু হেসে সম্মতিসূচক ভঙ্গিতে মাথা নাড়ল।ঠিক তখনই দূর থেকে পারমিতার কণ্ঠ ভেসে এল,
–"এই যে নতুন বর-কনে! একটু এদিকে তাকান। ফটোগ্রাফার ভাই পাঁচ মিনিট ধরে অপেক্ষা করছেন।"

দু'জনই একসঙ্গে হাসল। আর ফটোগ্রাফারের দিকে মনোনিবেশ করল।

অন্যদিকে এই ব্যস্ততার মাঝেও অভিকের দৃষ্টি বারবার একই মানুষটাকেই খুঁজে ফিরছিল।
কিছুক্ষণ আগেও পারমিতা একদল অতিথির সঙ্গে কথা বলছিল। এখন তাকে দেখা যাচ্ছে কখনো ফাইজার ওড়না ঠিক করে দিতে, কখনো হামিদা মির্জার ডাকে সাড়া দিয়ে এদিক-ওদিক ছুটে বেড়াতে। মেয়েটার মধ্যে আজ যেন আলাদা এক প্রাণচাঞ্চল্য। নিজের বিয়ের দিনেও তাকে এতটা উৎফুল্ল দেখেনি অভিক। মৃদু হাসে শান্ত পুরুষ। ঠিক তখনই পারমিতা দ্রুত হেঁটে তার সামনে এসে দাঁড়াল। কপালের কাছে নেমে আসা একগুচ্ছ চুল কানের পেছনে গুঁজতে গুঁজতে বলল,
–"কী দেখছেন এভাবে?"

অভিক নির্বিকার ভঙ্গিতে উত্তর দিল,
–"দেখছি, আমার বউ আজ আমাকে ভুলেই গেছে।"

পারমিতা ভ্রু কুঁচকে হাসল।
– "ওমা! আপনাকে ভুলব কেন?"

অভিক সঙ্গে সঙ্গে উত্তর দিল না। কয়েক সেকেন্ড নিরুত্তর থেকে আশপাশ পর্যবেক্ষণ করল। নাহ, এদিকটাই লোকসমাগম কিঞ্চিৎ কম বললেই চলে। অতঃপর সে একপ্রকার অভিযোগী স্বরে শুধালো,
–”গত আধঘণ্টায় তিনবার সামনে দিয়ে গেলে। একবারও আমার দিকে তাকাওনি।"

পারমিতা চারপাশে একবার চোখ বুলিয়ে নিচু স্বরে বলল,
–"আজ কিন্তু আপনার ভাইয়ের বিয়ে। আজকে আপনাকে একটু অ্যাডজাস্ট করতেই হবে, অভিক।"

–”মানে আজ আমি সেকেন্ড প্রায়োরিটি?"

–”ওমা! আমি তো একবারও এমনটা বলি নি।"

অভিক নাটকীয় ভঙ্গিতে দীর্ঘশ্বাস ফেলল। আর নিজে নিজে বিড়বিড় করে বলল,
–”বিয়ে হওয়ার পর বুঝলাম, স্ত্রীর বেস্টফ্রেন্ডের বিয়েতেও স্বামীর কম্পিটিশন থাকে।"

পারমিতা হেসে ফেলল। আর বলল,
–"আপনিও না। আপনাকে আমি ভদ্র ভেবেছিলাম।এখন দেখছি আপনিও ভন্ডামিতে এক্সপার্ট।"

–”ভন্ডামী না, ফ্যাক্ট বলছি।"

–”ঠিক আছে, ভদ্রলোক। মেনে নিলাম আপনার কথা।"

এই বলেই পারমিতা আলতো করে অভিকের কোটের কলারটা ঠিক করে দিল। আর কোমল কন্ঠে বলল,
–"এখন আর মন খারাপ আছে?"

অভিক কয়েক মুহূর্ত তার দিকে তাকিয়ে রইল। সে মুচকি হেসে বলল,
–”নাহ। এইটুকুই যথেষ্ট।"

পারমিতা ঠোঁটের কোণে মৃদু হাসি টেনে বলল,
–”গুড। কারণ আজকে কিন্তু আমরা দু'জন শুধু বরের ভাই-ভাবী নই, অনেক দায়িত্বও আছে আমাদের।"

–"অর্ডার দিন, ম্যাডাম।"

–"প্রথম কাজ, হাসিমুখে থাকবেন। দ্বিতীয় কাজ, ভাইয়াকে অযথা নার্ভাস করবেন না। ব্যাটা এমনিতেই টাক মাথা নিয়ে পেরেশানিতে আছে।"

অভিক হালকা হেসে মাথা নাড়ল।
–"দ্বিতীয় কাজটা কঠিন।"

পারমিতা ভ্রুঁযুগল কুঁচকে তাকালো। সন্দিগ্ধ কন্ঠে আওড়ালো,
–”কেন?"

–" সঙ্গ দোষে,লোহা ভাসে। তোমার সাথে থাকতে থাকতে এখন তোমার মতো ওকে একটু খোঁচা না দিলে আমারও ভালো লাগে না।"

পারমিতা হেসে নিজের কপালে একটা চাপড় দেয়। অতঃপর মেকি দীর্ঘশ্বাস ছেড়ে বলে,
–”আপনারা দুই ভাই কোনোদিনও ভালো হবেন না?"

–"হতে চাইও না।"

এই বলে অভিক আলতো করে পারমিতার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে আনলো। ঘটনার আকস্মিকতায় পারমিতা একবার চতুর্দিকে চক্রাকারে নিজের দৃষ্টি বুলালো। নাহ, তেমন কেউ নেই এই দিকটাই। পারমিতা ফিসফিস করে বলল,
–”কেউ দেখে ফেলবে তো।"

–”দেখুক। নিজের বউয়ের হাত ধরেছি, অন্য কারোর তো না।"

পারমিতার গাল হালকা লালচে হয়ে উঠল। সে দ্রুত হাতটা সরিয়ে নিলেও অধর কোণে ফুটে ওঠা হাসিটুকু আর আড়াল করতে পারল না। ঠিক তখনই দূর থেকে হামিদা মির্জার কণ্ঠ ভেসে এল,
– "অভিক, পারমিতা! তোমরা দু'জন কোথায়? এদিকে এসো, একটা ফ্যামিলি ছবি তোলা হবে।"

পারমিতা তড়িঘড়ি করে অভিকের থেকে খানিকটা দূরত্বে সরে আসে। আর ব্যস্ত কন্ঠে বলে উঠে,
–”চলুন।”

অভিক মৃদু ঝুঁকে উত্তর দিল,
–”ইয়েস, ওয়াইফি।

তারপর ওরা পাশাপাশি হেঁটে ফ্যামিলির বাকি সদস্যদের দিকে এগিয়ে গেল। তারপর তিন পরিবারের একটা সুন্দর ছবি ক্যামেরা বন্দী করা হলো।

.
.
বিয়ের সমস্ত আনুষ্ঠানিকতা শেষ হতে হতে রাত অনেকটাই গভীর হয়ে গেছে। অতিথিদের বিদায়, আত্মীয়স্বজনের সঙ্গে শেষবারের মতো কুশল বিনিময়, ছবি তোলা, সবকিছু শেষ করে অবশেষে মির্জা পরিবারের গাড়ির বহর ক্লাব থেকে বেরিয়ে পড়ল। সামনের গাড়িটিতে আছেন সাহেদ মির্জা ও হামিদা মির্জা। নতুন পুত্রবধূকে নিয়ে বাড়ি ফেরার আনন্দ দু'জনের মুখেই স্পষ্ট। তাদের গাড়ির ঠিক পেছনেই চলছে অভিকের গাড়ি। স্টিয়ারিংয়ে অভিক, তার পাশের সিটে পারমিতা। আর পেছনের সিটে পাশাপাশি বসে আছে সৌরভ ও ফাইজা। তাদের পেছনে আরও কয়েকটি গাড়িতে করে আত্মীয়স্বজন মির্জা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে।

ক্লাব থেকে বের হওয়ার সময় বিদায়ের মুহূর্তে নিজেকে আর সামলাতে পারেনি ফাইজা। বাবা-মাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কেঁদেছে সে। রুমানা বেগমও চোখের জল লুকোতে পারেননি, আর তারেক রহমান বারবার মেয়ের মাথায় হাত বুলিয়ে শুধু বলছিলেন, 'কাঁদিস না মা, ভালো থাকিস।'

গাড়িতে ওঠার পর থেকে ফাইজা প্রায় চুপচাপ। কান্না অনেকটাই থেমেছে, তবে চোখ দুটো এখনও লালচে। মাঝে মাঝে জানালার বাইরে তাকাচ্ছে, আবার কখনো নিজের হাতের আঙুল নিয়েই অকারণে নাড়াচাড়া করছে। গাড়ির ভেতরে ত কেউ খুব একটা কথা বলছে না। অভিক মনোযোগ দিয়ে গাড়ি চালাচ্ছে। পারমিতা একবার পেছনে তাকিয়ে ফাইজার দিকে দেখল। মেয়েটার মুখটা দেখে ওরও খারাপ লাগল। সে মৃদু স্বরে বলল,
–”ফাইজু, পানি খাবি?"

ফাইজা ছোট্ট করে মাথা নাড়ল নিচু স্বরে বলে,
– "না রে, আপাতত লাগবে না।"

পাশ থেকে সৌরভ আস্তে করে জিজ্ঞেস করল,
–”"শরীর খারাপ লাগছে?"

–"না, ঠিক আছি।"

কথাটা বললেও গলায় কান্নার রেশটা স্পষ্ট বোঝা গেল। সৌরভ আর কিছু বলল না। শুধু আস্তে করে গাড়িতে রাখা পানির বোতলটা ফাইজার দিকে বাড়িয়ে দিল।
–”রাখো। পরে দরকার হলে খেয়ে নিও।"

ফাইজা বোতলটা হাতে নিয়ে খুব আস্তে বলল,
–”হুম।"

সামনের সিটে বসে পারমিতা আয়নায় একবার পেছনের দৃশ্যটা দেখে অভিকের দিকে তাকাল। খুব নিচু স্বরে বলল,
–”আমারও বিয়ের দিন এমনই লেগেছিল।"

অভিক মৃদু হেসে উত্তর দিল,
–”জানি। সেদিন তুমিও পুরো রাস্তা চুপ করে ছিলে।"

–”কে বলেছে? আপনার ভাই আমাকে চুপ থাকতে দিয়েছিল? সে কি ঝগড়া! আমার এখনো মনে আছে।”

ওর কথায় অভিক মুচকি হাসল। তারপর আবার মনোযোগ দিল রাস্তার দিকে। পেছনের সিটে বসে ফাইজা জানালার বাইরে তাকিয়ে রইল। শহরের আলোগুলো একে একে পেছনে পড়ে যাচ্ছে। জীবনেরও একটা অধ্যায় ঠিক এভাবেই ধীরে ধীরে পিছনে ফেলে আসছে সে।গাড়িটা নিরবচ্ছিন্ন গতিতে এগিয়ে চলেছে। জানালার বাইরে শহরের আলোকমালা ধীরে ধীরে ফাঁকা রাস্তায় মিলিয়ে যাচ্ছে। শীতের রাত আরও গাঢ় হয়েছে। রাস্তার দু'পাশের সারিবদ্ধ বৃক্ষরাজি অন্ধকারে প্রায় অস্পষ্ট, কেবল হেডলাইটের আলো পড়লে ক্ষণিকের জন্য তাদের অবয়ব স্পষ্ট হয়ে আবার হারিয়ে যাচ্ছে।

অভিক দু'হাত স্টিয়ারিংয়ে রেখেই একবার রিয়ার ভিউ মিররে তাকাল। পেছনের সিটে পাশাপাশি বসে থাকা সৌরভ আর ফাইজাকে দেখে তার অজান্তেই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। জীবনে কত অদ্ভুতভাবে যে ঘটনা মোড় নেয়! একসময় যেসব সিদ্ধান্তকে সবাই ভুল ভেবেছিল, আজ সেগুলোই যেন সবার জীবনে সুখের কারণ হয়ে দাঁড়িয়েছে। হালকা হাসি নিয়েই অভিক বলে উঠে,
–"ভাগ্যিস সেদিন তুই পারমিতাকে বিয়ে করতে রাজি হসনি।"

পারমিতা সঙ্গে সঙ্গে ভ্রু কুঁচকে অভিকের দিকে তাকাল। গম্ভীর কন্ঠে বলল,
–"কী বললেন? শুনে তো মনে হচ্ছে আমি খুব বড় বোঝা ছিলাম।"

অভিক মুচকি হেসে মাথা নাড়ল।
–"আরে পাগলি, কথাটা ওই অর্থে বলিনি আমি।"

ওদের কথা শুনে সৌরভও হেসে ফেলল। আর বলল,
–”আসল ক্রেডিট তো তোরই প্রাপ্য। তুই যদি সেদিন পারুকে বিয়ে করার কথা না বলতিস, তাহলে হয়তো আজ আমাদের কারও জীবনই এভাবে পূর্ণ হতো না।"

সঙ্গে সঙ্গে গাড়ির ভেতর কয়েক মুহূর্তের জন্য নীরবতা নেমে এল। কথাগুলো যেন প্রত্যেকেই নিজের মতো করে ভাবতে লাগলো। অতঃপর অনেকক্ষণের নিরবতা ভেঙে পেছন থেকে ফাইজা শান্ত কণ্ঠে বলল,
–"তাহলে তো তোমরা দু'জনই ভুল বললে।"

দুই ভাই প্রায় একসঙ্গে বিস্মিত হয়ে তাকাল। বিমূঢ় কন্ঠে একসাথে আওড়ালো,
–"মানে?"

ফাইজা মৃদু হেসে বলল,
–"মানে, তোমাদের জীবনে যদি পারু না আসত, তাহলে হয়তো আমাদের সবার জীবনই অন্যরকম হতো। আমার হয়তো কখনো তোমার সঙ্গে দেখা-ই হতো না, সৌরভ।"

সৌরভ কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ধীরে ধীরে মাথা নাড়ে বলল,
–"হ্যাঁ, তা ঠিকই বলেছ।"

সে একবার পারমিতার দিকেও তাকাল। মেয়েটার সাথে তার সাপে-নেউলের সম্পর্ক হলেও, এ কথা সত্য পারমিতার জন্যই আজ সৌরভ ফাইজাকে নিজের জীবন সঙ্গী হিসেবে পেয়েছে। সেদিন যদি সে পারমিতাকে বিয়ে করতে রাজি হতো, তাহলে পারমিতাও বিয়ের জন্য না করতে পারত না। আর তাহলে অভিকও কিন্তু নিজের প্রস্তাবখান রাখতে পারতো না। তারপর সেদিন আবার ওই পার্কে যদি পারমিতা আর ফাইজা মিলে লিজার সঙ্গে সৌরভের ব্রেকআপ না করাতো তাহলে ফাইজার সাথেও সৌরভের পরিচয় ঘটতো না। সবশেষে সব ক্রেডিট যাই পারমিতার দিকে। সৌরভ বলে,
–"তাহলে তো সব হিসাবের শুরুতেই পারু আসে।"

এতোক্ষণ ধরে এদের কথাগুলো চুপচাপ শুনে
পারমিতা হালকা হেসে জানালার বাইরে চোখ রাখল। কিয়ৎক্ষণ নীরব থেকে অতঃপরশান্ত স্বরে বলল,
–"এখানে আসল ক্রেডিট দিতে হয় ভাগ্যকে।
ভাগ্যের ওপর তো কারও হাত থাকে না। মানুষ শুধু চেষ্টা করতে পারে, কিন্তু শেষ সিদ্ধান্তটা আল্লাহই নেন। আমাদের ভাগ্যে যার সঙ্গে পথ চলা লেখা ছিল, শেষ পর্যন্ত তার সঙ্গেই পথ মিলেছে।"

ওর কথার পর আর কেউ সঙ্গে সঙ্গে কিছু বলল না। চারজনই যেন আপন আপন ভাবনায় কয়েক মুহূর্ত ডুবে রইল। কখনও কখনও জীবনের কিছু সত্য এতটাই সরল হয় যে, তার উত্তরে আর নতুন করে কিছু বলার থাকে না। নিস্তব্ধ গাড়ির ভেতর আবারও নেমে এল প্রশান্ত নীরবতা। বাইরে শীতের রাত আপন গতিতে বয়ে চলেছে, আর সেই রাতের বুক চিরে গাড়িটি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে মির্জা বাড়ির দিকে। কিয়ৎক্ষণ নীরবতা বিরাজ করার পর অভিক এক হাতে স্টিয়ারিং সামলে গাড়ির মিউজিক সিস্টেম অন করল। পরমুহূর্তেই পরিচিত এক সুর ধীরে ধীরে গাড়ির ভেতর ছড়িয়ে পড়ল।

সৌরভ, ফাইজা আর পারমিতা প্রথম কয়েক সেকেন্ড বিস্মিত দৃষ্টিতে অভিকের দিকে তাকিয়ে রইল। তারপরই অভিকের অধরে লেগে থাকা ক্ষীণ হাসির রেখা দেখে তিনজনই বুঝে গেল, এই মুহূর্তে ঠিক এই গানটিই কেন সে বাজিয়েছে।

গানটার প্রতিটা শব্দ, প্রতিটি অনুভূতি যেন অদৃশ্য কোনো সুতোয় বাঁধা তাদের জীবনের সঙ্গে। কেউ আর কোনো কথা বলল না। সবাই নিজ নিজ সিটে হেলান দিয়ে বসে। চার জোড়া চোখের সামনে ভেসে উঠতে লাগল ফেলে আসা দিনগুলোর অসংখ্য স্মৃতি। গাড়ির ভেতরের পরিবেশ হয়ে উঠেছে নিঃশব্দ,শান্ত। শুধু ইঞ্জিনের মৃদু গুঞ্জনের সঙ্গে মিশে বাজতে লাগল সেই পরিচিত সুর,

∼মনে ঝড়ো হাওয়া...
বুকে ধরে যাওয়া,
কোন ফাগুনেতে জ্বলছি আমরা আজ∼

এই মরসুমে, রোজ রাতঘুমে...

∼তাই একইসাথে চলছি ভুলে কাজ...
“এটা কি ভুল নাকি সুখ”
দাও বলে...
ভেবে আকুল ক্লান্ত বুক,
দাও বলে∼

রাতের অন্ধকার চিরে গাড়ির বহর ধীরে ধীরে এগিয়ে চলল মির্জা বাড়ির পথে। আর ঠিক এই পথচলার সঙ্গেই শুরু হলো চারটি জীবনের নতুন এক অধ্যায়।

— সমাপ্ত —

[কোনো ভুল-ত্রুটি হলে মার্জনা করবেন। এটা যেহেতু শেষ পর্ব তাই সবাই প্লিজ কমেন্ট করবেন।🙂]

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 15 শেষ করেছেন।

আগের পর্ব উপন্যাস সমাপ্ত

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন