#ভায়োলেন্ট_অবসেসন
#পর্ব__৩৫
#লেখিকা_হামিদা_পারভীন_পারু
🚫হ্যাসট্যাগ ছাড়া কপি করা নিষিদ্ধ🚫
অনুকে আরেক দফায় বমি করতে দেখে রিজভী এবার নিজের হাতের মুষ্টি শক্ত করে তেতে উঠল,
--- “তবে রে...”
হাতের মুষ্টি শক্ত করে এগোতে গিয়েও থমকে গেল মানব, নিজের তীব্র বিরক্তিটা কোনোমতে চেপে গেল।
অনুর গালের ভেতরটা তেতো হয়ে উঠেছে। সে ঘাড় সোজা করে আশেপাশে তাকাল। খানিক দূরে, সাইডে পানির ট্যাংকির সাইডে একটা কল চোখে পড়ল। রিজভীকে উপেক্ষা করে অনু পা বাড়াল কলের দিকে। হুক ঘুরিয়ে পানি ছেড়ে দিয়ে ভালো করে কুলি করল, তারপর আঁজলা ভরে কয়েকবার ঝাপটা দিল চোখেমুখে।
অনু ঘাড় ফিরিয়ে তাকাতেই দেখল, রিজভী আগের স্থানেই পকেটে হাত গুঁজে, সামান্য একপাশে মাথা কাত করে সরু চোখে অনুকে পর্যবেক্ষণ করছে। যন্ত্রমানবের মধ্যে কোনো হেলদোল নেই। আচমকা রিজভী স্থির কদমে অনুর দিকে এগিয়ে এলো।
রিজভী এগোতে এগোতেই তীক্ষ্ম চোখে পর্যবেক্ষন করে নিলো অনুকে। সামনের রমণীর চোখ দুটো স্পষ্ট হলো—ধূসর আমন্ড কালারের সেই চোখে তখন স্পষ্ট ঘৃণার স্ফুলিঙ্গ ঝড়ছে। উন্মুক্ত লম্বা রেসমের মতো এক গোছা চুল পিঠের ওপর বিছিয়ে আছে। সূর্যের আলোই কালো চুলগুলো বাদামি বর্ণ ধারণ করেছে।
রিজভী ধারালো ও ঠান্ডা গলায় প্রশ্ন ছুঁড়ল,
--- “তোর মতে আমার ঠোঁট নর্দমা, তাই না?”
অনু জেদ ধরে রেখে সোজা তার চোখের দিকে তাকিয়ে উত্তর দিল, “অফকোর্স!”
উত্তরটা শেষ হতে না হতেই রিজভী শরীরটা আরও এক কদম এগিয়ে এলো। তাদের মধ্যকার ব্যবধান নিমেষেই কমে এল।
অনু কিছুটা তেতে উঠে রূঢ় গলায় বলল,
--- “এই, আপনি বারবার এভাবে কাছে আগাচ্ছেন কেন? নিজের জায়গায় দাঁড়িয়ে কথা বলতে পারেন না?”
তৎক্ষনাৎ মানবের নিরেট কন্ঠ ভেসে এলো,
--- “এটা আমার জায়গা।”
--- “বাপ দাদার সম্পত্তি পেয়েছেন নাকি?”
রিজভী কোনো উত্তর দিল না। উল্টো আরও এক ধাপ এগিয়ে এসে দাঁড়াল। তাদের মাঝের দূরত্ব তখন নামমাত্র। পেছানোর জায়গা না থাকায় অনুর পিঠ গিয়ে ঠেকল পেছনের রেলিংয়ে।
সেই অবস্থাতেই রিজভী অনুর দু’পাশে রেলিঙে হাত রেখে তাকে পুরো কবজা করে ফেলল। অনু বন্দি হয়ে গেল তার চওড়া ছায়ার নিচে।
একমুহূর্তের জন্য দম আটকে এলো অনুর। নিজের দু’হাত রিজভীর শক্ত বুকের ওপর রেখে তাকে ঠেলে সরিয়ে দেওয়ার প্রাণপণ চেষ্টা করল সে। কিন্তু রিজভীকে এক ইঞ্চিও নড়ানো গেল না; উল্টো সে আরও একটু ঝুঁকে এল।
রিজভীর উত্তপ্ত, ঘন শ্বাস এসে আছড়ে পড়ছে অনুর মুখের ওপর। একই সাথে রিজভীর শরীর থেকে আসা তীব্র পুরুষালী কোলনের ঘ্রাণ অনুর নাসারন্ধ্রে এসে মৃদু দোলা দিয়ে যাচ্ছে।
রিজভীর এই আগ্রাসী ঘনিষ্ঠতায় অনুর পান পাতার মতো ঢলঢলে মুখটাতে এবার ক্রমশ এক থমথমে অগ্নিমূর্তি ফুটে উঠল। শিশিরে ভেজা নিশি পদ্মের মতো মুখে বিন্দু বিন্দু পানির কনা চিকচিক করছে। মৃদু বাতাসে মুখের ওপর কিছু বেবিহেয়ার এসে লুটোপুটি খাচ্ছে।
রিজভীর অনুর মুখের ওপর আরও খানিকটা ঝুঁকে এসে শীতল গলায় শুধাল,
--- “এক যুগ আগে ঠোঁটে কিস করেছিস। তখন তো আমার মুখের একটা কোণও বাদ রাখিসনি কিস করতে...ইভেন ঘাড়েও। আর আজ এসে বমি করছিস? সাধু সাজা হচ্ছে?”
কথাগুলোর ধার সহ্য করতে না পেরে অনু। দস্যি বালিকার মতো দু'হাতে রিজভীর চওড়া বুকে ধাক্কা মারল। ফুঁসে উঠে বলল,
--- “তখন আমি মাতাল ছিলাম! নয়তো ওই বিশ্রি ঠোটে চুমু তো দূর তাকানোরও ইন্টারেস্ট নেই।”
রিজভীর চেহারায় এক চিলতে ব্যঙ্গাত্মক শীতলতা ফুটে উঠল। অনড় ভঙ্গিতে থেকে তপ্ত শ্বাস ফেলে বলল,
--- “মানুষ মাতাল হলেও এতটা বিবেকহীন বা নির্বোধ হয়ে যায় না যে, নর্দমায় মুখ ডুবাবে।”
অনু রেলিংয়ের সাথে পিঠ ঠেকিয়ে নিজেকে ছাড়ানোর বিফল চেষ্টা করে রূঢ় গলায় বলে উঠল,
--- “দেখুন, সরে দাঁড়ান! আমার একদম কাছে আসবেন না আপনি। আমার ঘৃণা লাগে আপনার স্পর্শ।”
--- “না, পুরোনো হিসেব না মিটিয়ে আজ এক পা-ও সরছি না আমি।” রিজভীর চোখে স্পষ্ট জেদ।
--- “কিসের হিসেব মেটাবেন আপনি?” অনুর গলায় একরাশ ক্ষোভ ও ঘৃণা।
কথা শেষ হওয়ার আগেই রিজভী ডান হাত বাড়িয়ে শক্ত করে পেঁচিয়ে ধরল অনুর সরু নির্মেদ কোমর। কটিদেশে হাতের বাঁধন গাঢ় করে, তাকে আরও নিজের দিকে টেনে নিয়ে মুখের একদম কাছে ফিসফিস করে বলল,
--- “একজন অহংকারী পুরুষের ঠোঁটকে নর্দমা বলার চূড়ান্ত দণ্ড প্রদান করার হিসাব।”
অনুর ভেতরের সুপ্ত আগুন জ্বলে উঠল। সে এক হিংস্র বাঘিনীর মতো ফুঁসে উঠে রিজভীর শার্টের কলার চেপে ধরল। তীব্র ক্ষোভে চিৎকার করে কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই রিজভী এক হাতে কোমর পেঁচিয়ে ধরে অন্য হাতে শক্ত করে চেপে ধরল অনুর ঘাড়।
ঠোঁট নাড়িয়ে কিছু বলার পূর্বেই ঝড়ের গতিতে তার ঠোঁট দুটো দখলে চলে গেল রিজভীর। ঝুঁকে পড়ে অনুর উদ্ধত, নরম ঠোঁট জোড়াকে নিজের অবাধ্য সীমানায় বন্দী করে নিল সে। শুরু হলো এক অনমনীয়, নীরব উন্মাদনা। অনুর দম আটকে আসতে চাইল। নিজেকে মুক্ত করতে সে প্রাণপণে রিজভীর ঘাড়ে ও কাঁধে নখ বসিয়ে দিল, খামচে ধরল শক্ত মাংসপেশি। কিন্তু রিজভীর তাতে কোনো হেলদোল হলো না; বরং তার হাতের বাঁধন আরও ইস্পাতকঠিন হয়ে উঠল, ঠোঁটের স্পর্শ হলো গভীর থেকে গভীরতর। রুক্ষ পুরুষালী কালচে ঠোঁটের অনিয়ন্ত্রিত আগ্রাসনে ধীরে ধীরে নেতিয়ে যেতে লাগল অনুর শীর্ণ তনুর সমস্ত প্রতিরোধ।
কতক্ষণ এই নিদারুণ বন্দিদশা চলল, তার হিসাব রইল না।
শ্বাস নিতে না পেরে অনু মৃদু গুঙিয়ে উঠল। ছটফট করতে থাকা হাত দুটো একসময় শিথিল হয়ে রিজভীর পিঠ থেকে খসে পড়ল। আচ্ছন্ন হয়ে এল চোখের পাতা। অনুর শরীর সম্পূর্ণ নিস্তেজ ও অসার হয়ে ঢলে পড়েছে বুঝতে পেরে, শেষমেশ রিজভী তার অধরযুগল মুক্ত করে দিল।
অনুর চেতনাহীন নিভৃত দেহটা তখন নিঃশব্দে রিজভীর চওড়া বুকের ওপর ঢলে পড়েছে।
ভারি শ্বাস ফেলতে ফেলতে হাত ঘড়ির দিকে এক নজর তাকাল রিজভী—দীর্ঘ ত্রিশ মিনিট পেরিয়ে গেছে! ক্ষণিকের অবাধ্যতা শেষে জ্ঞান হারানো অনুর শীর্ণ তনুটাকে নিজের বাহুডোরে আগলে ধরে সে এক গভীর, বিরক্তিমাখা দীর্ঘশ্বাস ফেলল। খানিকটা রুক্ষ স্বরে বিড়বিড় করে উঠল,
--- “এমন লিলিপুট কেন তুই? চুমু খেতে গেলেও তো ঝুঁকে পড়তে পড়তে প্রায় শুয়ে পড়ার অবস্থা হয়!”
চট করে মাথার মধ্যে ভাবনা এলো অনু যদি এখন সজাগ থাকতো তাহলে নিশ্চিত বলতো,
--- “আমি মোটেও লিলিপুট না বরং আপনি নীলতিমির মতো লম্বা দৈত্য।”
রিজভীর চোখেমুখে বিরক্তির ছাপ স্পষ্ট, তবে ঠোঁটের কোণে ফুটে উঠল এক চিলতে বাঁকা, হাসি। অনুকে আরও খানিকটা কাছে টেনে নিয়ে হালকা স্বরে আওড়াল,
--- “বাট... সাইজটা একদম পারফেক্ট। খাঁচায় বন্দী হ্যামস্টারের মতো শত ছটফট করলেও পালাতে পারিস না।”
সূর্যের প্রখর তাপে রিজভীর ফর্সা মুখ লাল হয়ে উঠেছে, শার্ট ঘেমে গায়ের সাথে সেঁটে গেছে। ও আর দাঁড়িয়ে সময় নষ্ট করল না। অনুকে দুহাতে পাজাকোলা করে তুলে নিল।
রুফটপ থেকে সিঁড়ি বেয়ে নিচে নামতেই সামনে পড়ল নাভান। হয়তো রিজভীর খোঁজে ও ওপরেই আসছিল—এতক্ষণ ছাদে ছিল তারা, ফোনটাও সাথে ছিল না। অনুকে রিজভীর কোলে নিস্তেজ হয়ে থাকতে দেখে নাভানের দ্রুত হেঁটে আসা পা দুটো আচমকা থেমে গেল।
নাভানের চোখ লাল, চোখমুখে কঠিন গাম্ভীর্য। কিন্তু রিজভীর কোলে ওভাবে অনুকে দেখেও সে কোনো প্রশ্ন করল না।
সবসময় চিল মুডে থাকা নাভানের একম গম্ভীর্যভাব দেখে রিজভী নাভানের মুখোমুখি এসে নিরেট, শান্ত কণ্ঠে বলল,
--- “তোদের বিয়ে দিতেই তো আমি ফিরলাম। শেষ মুহূর্তে 'ভালোবাসি না' বলে পিছিয়ে গেলি কেন?”
--- “আমি সত্যিই ওকে ভালোবাসি না।” নাভানের সহজ স্বীকারোক্তি।
স্রেফ মিথ্যা বলল নাভান। কারণ যাকে সে ভালোবাসে, তাকেই তো কখনো বলা হয়ে ওঠেনি। যে মানুষটা কোনোদিন জানতেই পারল না, তাকে নিয়ে বাকি পৃথিবীকে জানিয়ে লাভ কী? পৃথিবীর কেউ না জানুক, নাভান স্নেহাকে ভালোবেসেছিল।
রিজভী তাকে আর ঘাঁটাল না। নাভানকে এমন মিথ্যা বলার জন্যই, তো রিজভী ওকে স্নেহার বিয়ের সাক্ষী বানালো। রিজভী তাকে পাশ কাটিয়ে নেমে যেতে যেতে বলল,
--- “ভালো যদি বাসতেই হয়, তবে এমনভাবে বাসা উচিত যেন যে কটা দিন বাঁচব—একসাথেই বাঁচব। আর যদি মরতে হয়, তো একে অপরকে সাথে নিয়েই মরব।”
নাভান নিশব্দে একটু হাসল। পেছন ফিরে না তাকিয়েই ওর তীক্ষ্ণ কণ্ঠে বাক্য ছুড়লো,
--- “যে নিজে ভালোবাসতেই জানে না, তার মুখে এসব বাণী মানায় না। আপনার তো ফেরা উচিত ছিল অনুর ওপর হামলা হয়েছে শুনে;কিন্তু আপনি ফিরলেন স্নেহা আর নিখিলের বিয়ের কথা শুনে। হয়তো আমার সাথে স্নেহার বিয়েটা দিতে!”
সিঁড়ির ঠিক মাঝপথে থমকে দাঁড়াল রিজভী। নাভানের দিকে না তাকিয়েই প্রস্তরকঠিন কণ্ঠে উচ্চারণ করল,
--- “ভাগ্যিস ভালোবাসতে জানি না! নয়তো মৃত্যুসুধা পান করার পরও আমাকে আরও কিছুদিন বেঁচে থাকতে হতো।”
চট করে নাভান পেছনে ফিরে তীক্ষ্ণ কন্ঠে বাক্য ছুড়লো,
--- “এতো গভীর অর্থপূর্ণ কথা বলার লক্ষনটাও ভালো না!”
একটু থেমে বললো,
--- “সেকেন্ড ফ্লোরে নিখিল আপনার জন্য অপেক্ষা করছে, জরুরি দরকার।”
রিজভী তার কথা শুনল কিনা বোঝা গেল না। লিফটে করে সে সেকেন্ড ফ্লোরে ফিরে এলো। তার পেশিবহুল বলিষ্ঠ দুহাতের আঁজলায় অনুর শীর্ণ তনু ব্লুবেলের মতো লেপ্টে আছে, রেশমের মতো লম্বা খোলা চুলগুলো ঝুলে আছে। করিডোর দিয়ে যাওয়ার সময় একজন তরুণ নার্স দ্রুত এগিয়ে এসে রিজভীর সামনে দাঁড়ালেন। অনুর নিস্তেজ অবস্থা দেখে শান্ত কণ্ঠে বললেন,
--- “স্যার, ম্যামকে তো আনকনশাস মনে হচ্ছে! স্ট্রাইপ বা ইমার্জেন্সিতে নিয়ে হুইলচেয়ার আনব? ডক্টর ডাকব?”
রিজভী থমকে দাঁড়াল। বিরক্তিতে 'চ' সূচক শব্দ বেরিয়ে এলো মুখ থেকে। নার্সটির দিকে ধারালো দৃষ্টিপাত করে চোখমুখ শক্ত করে বাক্য ছুঁড়ল,
--- “সামনে থেকে সরুন।”
নার্সটি খানিকটা ইতস্তত করে তাও সাহায্য করার উদ্দেশ্যে বললেন,
--- “স্যার, অ্যাটলিস্ট ফার্স্ট-এইড বা ভাইটালসগুলো একটু চেক...
কথা শেষ করতে পারলো না নার্সটি। পাশ থেকে রিজভীর দুজন বডিগার্ড ততক্ষণে এগিয়ে এসে নার্সকে সরে যেতে ইশারা দিল। রিজভী নার্সকে পাশ কাটিয়ে দ্রুত এক্সিটের দিকে চলে গেল।
নার্সটি এক মুহূর্তের জন্য রিজীর উদ্ভট আচরনে চরম বিব্রত আর হতবাক হয়ে দাঁড়িয়ে রইলেন। অসন্তুষ্ট মেজাজ নিয়ে তিনি নিজের কাজের দিকে পা বাড়ালেন।
করিডোরের ট্যান্ডেম চেয়ারে স্নেহা আর নিখিল বসে ছিল। নিখিলের ডান হাত ভেঙে যাওয়ায় হাতের পাতা থেকে কবজি পর্যন্ত প্লাস্টার করা। রিজভীকে আসতে দেখে নিখিল এগিয়ে এলো। রিজভী থামতেই নিখিল ঠোঁট ভিজিয়ে কিছুটা সংশয় নিয়ে প্রশ্ন করলো,
--- “অনু কি অসুস্থ? কী হয়েছে ওর?”
রিজভী কোনো উত্তর দিলো না। নিখিলও দ্বিতীয়বার একই প্রশ্ন করার সাহস পেলো না। অগত্যা দ্বিধাদ্বন্দ্ব ঝেড়ে ফেলে আসল কথায় এলো,
--- “তালুকদার বাড়িতে যাবে না তুমি?”
রিজভী কোনো ভণিতা না করে গম্ভীর কণ্ঠে উত্তর দিলো,
--- “না!”
আসলে নিখিল নিজের বাড়িতে যেতে ভয় পাচ্ছে। এভাবে হুট করে বিয়ে করে ফেললে বাড়ির লোক কীভাবে প্রতিক্রিয়া দেখাবে, তা নিয়ে সে উদ্বিগ্ন। রিজভী সাথে গেলে পরিস্থিতি অনেকটাই সামলে নেওয়া যেত। নিখিল আবার শুধালো,
--- “তাহলে অনুকে কি তোমার ম্যানশনে নিয়ে যাবে?”
রিজভী অনুর দিকে তাকালো। কপালে তার হালকা ভাঁজ পড়লো। ‘জ্ঞান হারানোর আর সময় পেলো না!’—মনে মনে ভাবলো সে। এখন যদি মেয়েটাকে নিজের ম্যানশনে নিয়ে যায়, ও যে কী ভেবে বসবে তার ঠিক নেই। তাছাড়া অনু তো ম্যানশন থেকেই পালিয়ে এসেছিলো; এখন ফিরতে চাইলে নিজের ইচ্ছাতেই ফিরবে, রিজভী কেন নিয়ে যাবে?
তবে এই মুহূর্তে অচেতন অনুকে তালুকদার বাড়িতে দিয়ে আসাই শ্রেয় মনে হলো রিজভীর। উপরন্তু হসপিটালে মেয়েটার জ্ঞান ফিরলে যা তা কান্ড ঘটিয়ে বসতে পারে—এই আশঙ্কায় সে আর অনুকে এখানে জাগানোর চেষ্টা করলো না। জেদের বশে যা করার তা তো করে ফেলেছে, বাকিটা বাড়িতে জ্ঞান ফিরলে দেখা যাবে।
সব ভেবে রিজভী, অনু, নিখিল এবং স্নেহা একসাথে হসপিটাল থেকে বের হলো। রিজভী অনুকে সাবধানে ড্রাইভিং সিটের পাশের প্যাসেঞ্জার সিটে বসিয়ে সিটবেল্ট বেঁধে দিলো। তারপর নিজে ড্রাইভিং সিটে গিয়ে বসলো। পেছনের সিটে গিয়ে বসলো স্নেহা আর নিখিল।
তাদের কালো রঙের গাড়িটি চলতে শুরু করতেই পেছন পেছন আরেকটি কালো গাড়ি ছুড়লো। ওটা রিজভীর বিশ্বস্ত গার্ডদের গাড়ি।
হসপিটালের ছাদ থেকে নাভান পুরো দৃশ্যটা প্রত্যক্ষ করলো। গাড়িটা চোখের আড়াল হতেই মৃদু হেসে স্বগতোক্তি করলো,
--- “তুমি এক সদ্য প্রস্ফুটিত পদ্ম, মিষ্টি জলের শান্ত পুকুরই তোমার সঠিক ঠিকানা। নোনা জলে যে পদ্ম ঝরে যায়!”
বেলা গড়িয়ে তখন বারোটা বাজে। কড়া রোদে প্রত্যেকেরই নাজেহাল অবস্থা, তার ওপর রাস্তায় জ্যাম। এর মাঝে গাড়ির ঝাঁকুনিতে অনুর মাথাটা একপাশে হেলে পড়লো। পেছন থেকে তা দেখে নিখিল উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করলো,
— “অনুর কী হয়েছে, বললে না তো?”
রিজভীর খেয়াল এবার অনুর দিকে গেলো। হেলে পড়া মাথাটা নিজের কাঁধের ওপর টেনে নিয়ে স্বাভাবিক কণ্ঠে বললো,
— “কিছু হয়নি।”
স্নেহা খেয়াল করলো রিজভীর ঘাড় এবং কানের কার্ণিশে অসংখ্য খামচির দাগ। কিছু কিছু জায়গায় রক্ত জমে শুকিয়ে আছে। কিন্তু প্রশ্ন করার সাহস স্নেহার হলো না; সে চুপচাপ বসে রইলো। তবে খামচি দেওয়ার ষলো আনা অধিকার কার আছে এটা তো স্নেহার অজানা নয়। যদিও অনুর জ্ঞান হারানোর হিসেবটা মেলাতে পারছে না।
এদিকে বাড়ি ফিরলে কোন ঝড়ের সম্মুখীন হতে হবে, সে কথা ভেবেই নিখিলের মন অস্থির হয়ে উঠছে।
.
কড়া রোদের মধ্যে নাভান অনেকক্ষণ হসপিটালের ছাদে একা দাঁড়িয়ে থাকলো। কাঠফাটা রোদে তার কপাল বেয়ে বিন্দু বিন্দু ঘাম ঝরে পড়তে লাগলো। প্রচণ্ড রোদে দাঁড়িয়ে থাকতে থাকতে যখন চোখের সামনে চারপাশটা অন্ধকার হয়ে এলো, তখন নাভান ধীরপায়ে ছাদ থেকে নেমে এলো। চোখ দুটো কেমন ঝাপসা হয়ে আসছে। গলার কাছের শার্টের কলারটা ধরে টেনে কিছুটা ঢিলে করে নিলো সে। প্রচণ্ড তৃষ্ণায় বুকটা শুষ্ক হয়ে উঠেছে। লিফট ব্যবহার না করে আনমনে সিঁড়ি বেয়ে নামতে থাকলো। সে এখন কোন ফ্লোরে আছে, তার কোনো হিসাব নেই।
করিডোরের বাঁক ঘুরতে গিয়ে আচমকা কারোর সাথে তীব্র ধাক্কা খেতেই টনক নড়লো নাভানের। তার চওড়া ও শক্তপোক্ত পুরুষালি বুকের সাথে ধাক্কা খেয়ে সামনের রমণীর তখন করুণ অবস্থা! নাক চেপে ধরে সে কিছুটা পিছিয়ে গেল। ধাক্কার তোড়ে নিখিলও ছিটকে পিছিয়ে গিয়ে উৎকণ্ঠা নিয়ে বলে উঠলো,
--- "আই অ্যাম রিয়েলি সরি! আপনার কোথাও লাগেনি তো?"
তিতিরের মাথার ভেতরটা তখন ভোঁভোঁ করছে। নাক চেপে ধরে মাথা তুলতেই নাভানের অভিব্যক্তিতে মুহূর্তের মধ্যে পরিবর্তন এলো। তিতির শরীরটা কিছুটা দুলে উঠলো। নিজেকে সামলে নিয়ে কয়েক সেকেন্ড নিষ্পলক দৃষ্টিতে চেয়ে রইলো নাভানের দিকে। তার চোখের কোণে জমানো বেদনাশ্রু। কণ্ঠায় উপচে পড়া কান্না চেপে রাখার ব্যর্থ চেষ্টা। রমণীর শ্লেষাত্মক কণ্ঠস্বর ভেসে এলো,
--- "এমন ইস্পাতকঠিন বুকে কি আমার কখনো জায়গা হবে?"
প্রশ্নটাতে নাভানের চোয়াল শক্ত হয়ে এলো। সে খেয়াল করলো, তিতিরের নাক থেকে রক্ত পড়ছে। নাভান মুখে কোনো অনুভূতি প্রকাশ না করে তিতিরকে একহাতে সামলে নিয়ে উচ্চস্বরে ডাক দিলো,
--- "সিস্টার! সিস্টার!"
নাভানের ডাক শুনে একজন নার্স দৌড়ে এলেন। নাভান তিতিরের দিকে ইশারা করে গম্ভীর গলায় বললো,
--- "উনাকে ফাস্টএইড দিন, কুইক।"
তিতির অভিমানী বালিকার মতো চেয়ে রইলো নাভানের দিকে। সিস্টার তিতিরকে ধরে নিয়ে যেতে উদ্যত হলে নাভানও উল্টো ঘুরে চলে যেতে চাইলো। পেছন থেকে তিতির রুদ্ধ কণ্ঠে বলে উঠলো,
--- "অবহেলায় পড়ে থাকা শুকনো পাতাকে পোড়ানোর জন্য তুলে নেবার কোনো দরকার ছিল না।"
নাভানের গতিশীল পা জোড়া থমকে গেল। কতবার সে এই মেয়েটাকে বুঝিয়েছে—তার প্রতি যেন কোনো আশা বা চাওয়া-পাওয়া না রাখে! কারণ নাভানের পক্ষে তা মেটানো সম্ভব নয়। প্রথমে সব ঠিক থাকলেও এখন সব এলোমেলো করে দিচ্ছে এই মেয়ে। এ কোন দোটানায় পড়লো সে। পেছনে ফিরে নাভান গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো,
--- "সাথে কেউ আসেনি?"
তিতির হসপিটালে এসেছিল তার মামাকে দেখতে। লোকটা কাল রাতে হঠাৎ অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়েছেন। দুপুরে তিতির কেবিনে এলে ওর মামি বাড়িতে গিয়ে সাংসারিক কাজ সামলাবেন—এমনটাই কথা ছিল। নাভানের প্রশ্নের জবাবে তিতির না-সূচক মাথা নাড়লো। নাভান নিঃশব্দে তার পিছু পিছু ইমার্জেন্সির দিকে হেঁটে গেল।
আজ থেকে বিশ দিন আগের ঘটনা।
ফ্লাশব্যাক....
গোলাপপাহাড়ের মোড়ে তিতিরের সাথে নাভানের দ্বিতীয়বার দেখা হয়েছিল বেশ কিছুদিন পর—একদমই কাকতালীয়ভাবে। তিতির নিজেই এগিয়ে এসে আংটি ফেরত দেওয়ার কথা বলেছিল। এত দামি একটা জিনিস নিজের কাছে রেখে দেওয়া অনুচিত—এই ভেবেই এক ধরণের অপরাধবোধ কাজ করছিল তিতিরের মনে। সে নাভানকে 'সরি' বলে সত্যিটা জানিয়ে দেয়—প্রথম দিন যেখানে তাদের দেখা হয়েছিল, সেটাই তার মামার বাড়ি। এমনকি যোগাযোগ করার জন্য তিতির নিজের ফোন নম্বরটাও দিয়ে এসেছিল।
নাভানের কাছে আংটিটার বস্তুগত কোনো মূল্য না থাকলেও, প্রিয় মানুষের জন্য কেনা প্রথম উপহার হিসেবে এর আবেগীয় অনুভূতি ছিল অপরিসীম।
অসংখ্য ব্যস্ততার ভিড়ে একদিন সন্ধ্যার পর নাভান তিতিরদের মামাবাড়ির গলিতে গিয়ে কল করে—আংটিটা ফেরত নিয়ে যাওয়ার জন্য। আর সেটাই বোধহয় ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। সন্ধ্যার পরপরই কেন সেখানে যেতে হলো, নাভানের কাছে তার কোনো যুক্তিযুক্ত উত্তর নেই। হয়তো নিয়তির চরম পরিহাস! তাছাড়া, সমাজ কতটা কলুষিত ও বিষাক্ত হয়ে উঠতে পারে, সে সম্পর্কে সোজা-সাপ্টা নাভানের কোনো স্পষ্ট ধারণাই ছিল না।
সেদিন ছিল তিতিরের আকদ। হুট করেই সব আয়োজন গুছিয়ে ফেলেছিলেন তিতিরের মামি রেবেকা। ছোটবেলায় বাবা-মাকে হারানোর পর তিতির তার ভাই-ভাবির কাছেই বড় হয়েছিল। কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে চান্স না পাওয়ায় ভাই আর পড়াশোনা চালানোর ঝুঁকি না নিয়ে তড়িঘড়ি বিয়ের ব্যবস্থা করে—ঘাড়ের বোঝা নামানোর এক সহজ অজুহাত!
তখন তিতিরের মামা তাকে চট্টগ্রামে নিজের কাছে নিয়ে আসেন এবং নতুন করে পড়াশোনা শুরু করার সুযোগ দেন। তবে এখানে এসেও তিতিরের দিন কাটছিল মানসিক চাপে। মামা অধিকাংশ সময় ব্যবসার কাজে বাইরে থাকতেন, আর সেই সুযোগে মামি রেবেকা তার ওপর মানসিকভাবে অত্যাচার চালাতেন।
এরমধ্যেই তিতিরের জন্য বেশ ভালো এক পাত্রের সম্বন্ধ আসে। তিতির অত্যন্ত রূপবতী হওয়ায় প্রায়ই তার বিয়ের প্রস্তাব আসতো। মামা এতদিন ফিরিয়ে দিলেও এবার আর মানা করতে পারেননি; কারণ পাত্রপক্ষ অত্যন্ত প্রভাবশালী ও বিত্তশালী হওয়ার পাশাপাশি বিয়ের পরও তিতিরকে পড়াশোনা চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছিল।
হুট করে দেখতে এসেই আকদ সম্পন্ন করার প্রস্তাব রাখে পাত্রপক্ষ। তিতিরেরও আর প্রতিবাদ করার শক্তি ছিল না।
সেদিন মাগরিবের পর আকদ হওয়ার কথা। তিতির লাল বেনারসি আর গুটিকয়েক সোনার গয়নায় সেজে নিজের ঘরে চুপচাপ বসে ছিল। হঠাৎ নাভানের ফোন পেয়ে সে আংটিটা ফেরত দেওয়ার জন্য সরল মনে নিচে নেমে আসে। তখন বাড়ির পুরুষেরা সবাই মাগরিবের নামাজ পড়তে মসজিদে গিয়েছিলেন, আর ভেতরের মহিলারাও নামাজে ব্যস্ত ছিলেন। নাভান তাড়া দেওয়ায় তিতিরের অনুমতি নেবার সুযোগ ছিল না।
তিতিরদের মামাবাড়িটি ছিল দোতলা। বাড়ির সামনে ছোট্ট বাগান, তারপর লোহার ছিমছাম একটি গেট। তিতির বেনারসির আঁচল সামলে দ্রুত পায়ে নিচে নেমে এসে গেট খুলে নাভানকে আংটিটা বুঝিয়ে দিতে যায়।
গেটের বাইরে ছায়াচ্ছন্ন রাস্তায় শান্ত হয়ে দাঁড়িয়ে ছিল নাভান। আংটিটা বাড়িয়ে দেওয়া মাত্রই দোতলার বেলকনি থেকে পাত্রের বড় বোন সুমনা তীক্ষ্ণ কণ্ঠে চিৎকার করে উঠল,
--- “কনে তো বিয়ের আসর ছেড়ে পালিয়ে যাচ্ছে!”
মসজিদ থেকে ফেরা পুরুষেরা এবং বাড়ির ভেতরের মহিলারা মুহূর্তের মধ্যে হুরমুড় করে উঠানে জমে গেলেন। তিতির চরম অপ্রস্তুত হয়ে সবার দিকে তাকাল। বিভ্রান্ত নাভান তখনও পুরো পরিস্থিতি বুঝে উঠতে পারেনি।
তিতির পরিস্থিতি সামাল দিতে বলল,
— "আপু, আপনি ভুল বুঝছেন! উনি শুধু ওনার একটা জিনিস ফেরত নিতে এসেছিলেন।”
সুমনা চড়া গলায় শ্লেষ ঢেলে বলল,
--- “এমন মনগড়া গল্প শোনাতে এসো না! তোমাদের মতো মেয়েদের ভালো করে চেনা আছে। আমার ভাইটা একটুর জন্য বেঁচে গেল তোমার হাত থেকে!”
নাভান একদম স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার চোয়াল শক্ত হয়ে এলো। শান্ত, কিন্তু বরফের মতো শীতল গলায় বলল,
--- "আমার হারিয়ে যাওয়া আংটি উনি পেয়েছিলেন। আমি কেবল সেটা ফেরত নিতে এসেছি। ওনার সাথে আমার কোনো সম্পর্ক নেই।"
পাত্র এবার নাভানের দিকে তাকিয়ে শক্ত গলায় বলে উঠল,
--- "এই মেয়েকে বিয়ে করার শখ আমার মিটে গেছে! খামোখা রাগ দেখিয়ে গিফট করা আংটি ফিরিয়ে নেওয়ার নাটক করতে হবে না। আমি চললাম।”
পাত্র আজিজ চলে যাওয়ার জন্য তার বাড়ির লোকদের তাড়া দিতে লাগল। এই মেয়েকে সে কোনোভাবেই বিয়ে করবে না বলে জেদ ধরল। চারপাশের মানুষের গুঞ্জন কানে আসছে—সবাই তিতিরের চরিত্র নিয়ে বিকৃত আলোচনায় মেতে উঠেছে।
নাভান নিজের মেজাজ ধরে রাখতে পারল না। তিতিরের ওপর এমন চারিত্রিক অপবাদ সহ্য করতে না পেরে সে পাত্রপক্ষকে কড়া হুমকি দিল—যেন তিতিরকে আর একটি কথাও না বলা হয়। নাভানের এই উগ্র ও আক্রমণাত্মক রূপ দেখে পাত্রপক্ষ আরও ক্ষিপ্ত হয়ে উঠল। শেষমেশ অহেতুক অপমান-অপদস্ত করে তারা বিয়ে ভেঙে দিয়ে চলে গেল। পাত্র নিজেই বেঁকে বসায় বাকিদের আর কিছু করার ছিল না। সবাই গালমন্দ করতে করতে বের হয়ে গেল বাড়ি থেকে।
তিতিরের তখন কান্নার বাঁধ ভেঙে গেছে। এর মধ্যেই সে মামির কাছ থেকে থাপ্পড়ও খেয়েছে। মূলত পাত্রের বোনের সাথে কথা কাটাকাটি করার অপরাধেই মামি তাকে কষে থাপ্পড় মারেন। এই দৃশ্যটা দেখেই নাভান আরও বেশি হাইপার হয়ে উঠেছিল। সামাজিক ঝামেলা কীভাবে শান্তভাবে মেটাতে হয়, তা নাভানের জানা নেই। তার স্বভাবই হলো মাথা গরম হলে ফটাফট খু*ন করা ওর স্বভাব। তবে এই পরিস্থিতিতে চাইলেও সে তা করতে পারছিল না। কারন এখানে একটি নিষ্পাপ মেয়ের জীবন জড়িয়ে আছে।
পাত্রপক্ষ চলে যাওয়ার পর রেবেকার ভেতরের ক্ষোভ বিস্ফোরণের রূপ নিল। উঠানে তখন কেবল নাভান, তিতির, রেবেকা, তিতিরের মামা এবং তাদের ছোট্ট মেয়েটি। সাথে থমকে দাঁড়িয়ে থাকা বয়স্ক কাজী সাহেব।
রেবেকা নাভানের দিকে তীক্ষ্ণ চোখে চাইলেন। কড়া কণ্ঠে প্রশ্ন ছুড়লেন,
— "তোমাদের মধ্যে সত্যিই কোনো সম্পর্ক নেই?"
নাভান নিরেট কণ্ঠে জবাব দিল,
— "না।"
— "আমার সামনে নাটক সাজাবে না! ঠিক আকদের মুখে এসে সব লন্ডভন্ড করে দিলে! পুরো পাড়ার সামনে আমার মান-সম্মান ধূলিসাৎ হলো! আর তোমার ওই আংটি হারিয়ে যাওয়ার গল্প অন্য কাউকে বলো। এবার নিজের পথ দেখো!"
নাভান আর কথা বাড়াল না। পরিস্থিতি আরও জটিল করার ইচ্ছে তার ছিল না। সে এক পা পিছিয়ে ঘুরে দাঁড়াল চলে যাওয়ার জন্য। কিন্তু তখনই রেবেকার চড়া কণ্ঠস্বর ভেসে এলো,
--- “কাজী সাহেব, আপনি ভেতরে চলুন। এই মেয়ের একটা ব্যবস্থা করতে হবে। আজ পালাতে ব্যর্থ হয়েছে, কাল আবার কোন অঘটন ঘটাবে তার ঠিক নেই। চুনকালি মাখাতে তো আর বাকি রাখল না!"
পেছনে ফিরতেই নাভানের চোখ সরু হয়ে এলো। রেবেকা তিতিরকে প্রায় টেনেহিঁচড়ে ভেতরে নিয়ে যাচ্ছেন। নাভানের মস্তিষ্কে মুহূর্তেই রক্ত চড়ে গেল। সে দ্রুত এগিয়ে এলো,
--- “কী ব্যবস্থা করবেন আপনি? কাজীকে ভেতরে ডেকে নিয়ে যাচ্ছেন কেন?"
রেবেকা থমকে দাঁড়িয়ে নাভানের দিকে ঘুরে দাঁড়ালেন। শক্ত কণ্ঠে জবাব দিলেন,
--- “আমার ঘরে এমন বিষাক্ত রূপবতী মেয়েকে আমি আর এক মুহূর্ত রাখব না! আজকের এই ঘটনার পর কাল ও কার সাথে পালিয়ে যাবে, তার কি কোনো গ্যারান্টি আছে? কুলহারা মেয়ে আমার ঘরে থাকা মানেই সমাজে কলঙ্কের গুঞ্জন! এই মেয়েকে আজই আমি বিয়ে দেব!"
নাভান শীতল কণ্ঠে প্রশ্ন করল,
— "পাত্র কোথায় পেলেন? একটু আগেই তো পাত্রপক্ষ বিয়ে ভেঙে চলে গেল। বললেন এমন মেয়েকে কেউ ঘরে তুলবে না। তাহলে এখন কাকে দিয়ে বিয়ে দেবেন?"
রেবেকা কূটিল হাসলেন,
— "কেন? আমার নিজের পঙ্গু ছেলেটা ঘরে বসে আছে না? এই দুটোর বিয়ে দিলে ঘাড় থেকে দুটো বোঝাই একসাথে নামবে! অন্য কোনো ভদ্র পরিবার তো একে জীবনেও ঘরে তুলবে না। আমার ঘরে যেহেতু থাকবে, একটা পরিচয় নিয়ে থাক!"
নাভানের চোয়াল শক্ত হয়ে উঠল,
— "আপনি একটা সুস্থ মেয়েকে জোর করে একজন মানসিক ভারসাম্যহীন পঙ্গু ছেলের ঘাড়ে চাপিয়ে দিতে পারেন না! মেয়েটার পুরো জীবন শেষ হয়ে যাবে। এমন নোংরামি করার চেষ্টা করলে এই বাড়ির কাউকে আমি আস্ত রাখব না।"
--- "আহা রে! কত দরদ! মধু খাওয়া শেষ, এখন আর মায়াকান্না কাঁদতে হবে না! বের হও আমার বাড়ি থেকে!"
নাভান নিজেকে শান্ত রাখার ব্যর্থ চেষ্টা করে বলল,
--- "অন্তত কিছু সময় দিন, একটা ভালো ছেলের সাথে ওর বিয়ে দিন।"
--- "ওই মেয়ের তো সাতকপালে ভাগ্য যে আমার বাড়ির বউ হচ্ছে! তোমার যদি এতই মুরোদ থাকে, তবে একটা ভালো পাত্র হাজির করো; নয়তো নিজে বিয়ে করে উদ্ধার করো! সব তো তোমার জন্যই হলো।"
নাভান চরম ক্ষুব্ধ হয়ে তিতিরের দিকে তাকাল। লাল বেনারসি পরা মেয়েটি জড়পুতুল হয়ে দাঁড়িয়ে আছে; চোখের জলে গাল ভেসে যাচ্ছে, কিন্তু মুখে কোনো শব্দ নেই।
নাভান শান্ত অথচ গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল,
--- "আপনি চুপ করে আছেন কেন? নিজের জীবন নিয়ে আপনার কি কোনো মাথাব্যথা নেই?"
তিতির আস্তে করে মাথা তুলল। ঘন পল্লবযুক্ত ভেজা চোখের গভীরে ছিল শুধু এক নিঃস্ব শূন্যতা। সে ভাঙা গলায় জবাব দিল,
--- "যেখানে মাথা গোঁজার ঠাঁইটুকুই নেই, সেখানে জীবন নিয়ে ভাবাটা আমার জন্য বিলাসিতা। আমার কোনো অমত নেই। আপনি... আপনি দয়া করে চলে যান। অনেক করেছেন, আর না।"
কথাটা নাভানের বুকে তীক্ষ্ণ তীরের মতো বিঁধল। এক প্রখর অপরাধবোধ তাকে গ্রাস করে ফেলল। সে যদি আজ সন্ধ্যায় না আসত, তবে তিতিরের জীবনটা এভাবে ধ্বংসের মুখে দাঁড়াত না। তার একটি ভুলের মাশুল দিতে গিয়ে একটা নিষ্পাপ মেয়ের জীবন ছাই হয়ে যাচ্ছে।
নাভান নিজেকে নিয়ন্ত্রণে রেখে রেবেকাকে বলল,
--- "আমাকে কিছুটা সময় দিন, আমি ভালো ছেলে খুঁজে এনে দেব। তবুও এমন কাজ করবেন না।"
রেবেকা নিজের জেদে অটল থেকে বললেন,
--- "আজই বিয়ে দেব আমি। ও যদি অমত করে, তবে এখনই ঘর থেকে বের করে দেব। যেখানে গিয়ে থাকবে থাকুক, আমার কিছু যায় আসে না।"
--- "ওই পশু ছেলেকে বিয়ে না করলে বাড়ি থেকে বের করে দেবেন?"
--- "হ্যাঁ!"
কথাটা বলেই তারা তিতিরকে নিয়ে ভেতরে চলে গেল।
নাভান এবার তার শান্ত খোলস ছেড়ে বেরিয়ে এলো। যুক্তি দিয়ে কথা বলে লাভ নেই। সে বাইরে অপেক্ষারত গার্ডদের আসার সিগন্যাল দিল। সঙ্গে সঙ্গে লোহার গেট ঠেলে ১০-১২ জনের মতো কালো পোশাকধারী সশস্ত্র গার্ড গার্ডেনে প্রবেশ করল। নাভান গার্ডদের বাইরে সতর্ক অবস্থায় থাকতে বলে নিজে ড্রয়িংরুমে প্রবেশ করল।
ড্রয়িংরুমে ঢুকে দেখতে পেল, তিতির সোফায় নিস্তেজ হয়ে বসে আছে। কৃত্রিম আলোয় স্পষ্ট তার উদাসীনতা ও গভীর অসহায়ত্ব। নাভানকে আবার ভেতরে ঢুকতে দেখে রেবেকা চেঁচিয়ে কিছু বলতে যাচ্ছিলেন। কিন্তু নাভান সোজা তার দিকে তাকিয়ে আদেশের সুরে বলল,
--- "আপনার মূল সমস্যা তো সমাজ আর এই মেয়ের অবিবাহিত থাকা, তাই তো? ও অবিবাহিত থাকলে আপনার মান-সম্মানে চুনকালি পড়ে?"
রেবেকা থমকে গিয়ে বললেন,
--- "হ্যাঁ!"
নাভান তিতিরের দিকে ঘুরল। গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল,
--- "এটা ছাড়া আপনার আর থাকার কোনো জায়গা নেই?"
তিতির নেতিবাচকভাবে মাথা নাড়ল। কিছুক্ষণ আগেই ওর ভাই ফোনে এই খবর শুনে স্পষ্ট জানিয়ে দিয়েছে – ও যেন ওই বাড়িতে আর না ফেরে। তাই এখন এই একটাই ঠিকানা অবশিষ্ট আছে।
নাভান কয়েক সেকেন্ড চিন্তা করে বলল,
--- "লেডিস হোস্টেলে থাকবেন? আমি সব ব্যবস্থা করে দেব।"
*#চলবে*