#ভায়োলেন্ট_অবসেসন
#পর্ব__৩৪
#লেখিকা_হামিদা_পারভীন_পারু
হ্যাশট্যাগ ছাড়া কপিকরা নিষিদ্ধ🚫
--- “এইবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে নিখিল! দেয়ালে ঘুষি মেরে মেরে হাড়ের ফ্যাটাল ফ্র্যাকচার করে বসে আছিস! এক্ষুনি হাত প্লাস্টার না করালে লাইফটাইমের জন্য ড্যামেজ হয়ে যাবে!”
নিখিল নিশ্চুপ। চোখের মণি দুটো স্থির। নিখিলের ফ্রেন্ড রিয়াদ একটু ঝুঁকে নিখিলের কাঁধে হাত রাখতে যেতেই সে ঝাঁজিয়ে উঠল,
--- “হাত পচে যাক কিংবা গলে যাক, কিচ্ছু যায়-আসে না! আগে স্নেহার সাথে আমার বিয়ে হবে; তারপর আমি হাতে প্লাস্টার করতে দেব। তা না হলে নিজে তো মরবই, ওকেও নিয়ে মরব! ও আমার না হলে আমি অন্য কারও হতে দেব না!”
নিখিলের দুই বন্ধু রিয়াদ আর নাবিল। নিখিলকে জোরজবরদস্তি করে হাসপাতালে আনতে পারলেও কোনোভাবেই ডাক্তারকে চিকিৎসা করতে দিচ্ছে না সে। একটাই শর্ত—আগে বিয়ে করবে, তারপর চিকিৎসা। তালুকদার বাড়ির কাউকেও নিজের খবর জানাতে দিচ্ছে না।
ঠিক তখনই কেবিনের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করল স্নেহা আর অনু। দরজা খোলার শব্দে নিখিল চট করে দরজার দিকে তাকিয়েই আবার নজর সরিয়ে নিল।
স্নেহাকে দেখেই রিয়াদ আর নাবিল যেন বেঁচে ফিরল। নাবিল একটা তপ্ত শ্বাস ফেলে বলল,
--- “আমরা একটু বাইরে যাচ্ছি। ওরা নিজেদের মধ্যে কথা বলুক।”
কথা শেষ করেই কেবিন ছেড়ে বেরিয়ে গেল তারা। অনুর দৃষ্টি নিখিলের রক্তাক্ত হাত থেকে গিয়ে ঠেকলো স্নেহার ওপর। নিচু স্বরে বলল,
--- “আমার মনে হয় তোমাদের একা কথা বলা উচিত। আমি বাইরে যাচ্ছি।”
পুরো কেবিন জুড়ে এখন নিখিল আর স্নেহা একা। নীরবতা ভেঙে স্নেহা ধীর কদমে নিখিলের দিকে এগিয়ে গেল।
এতক্ষণ বাদে নিখিল দৃষ্টি তুলে তাকাল স্নেহার পানে। কেবিনের বেডে পা ঝুলিয়ে বসে আছে সে। অবিন্যস্ত চেহারা, উস্কোখুস্কো চুল। পরনের সাদা শার্টটির ওপরের দুটো বোতাম খোলা, শার্টে রক্তের কালচে ছোপ ছোপ দাগ। নিখাদ কৃষ্ণবর্ণ চোখজোড়া রক্তিম বর্ণ ধারণ করেছে—উন্মাদনা আর ঘুমহীন ক্লান্তি স্পষ্ট সেখানে। শার্টের হাতা গুটানো পুরুষালি হাতটা মেডিসিন ট্রলির ওপর রাখা, সেখান থেকে টকটকে লাল রক্ত চুইয়ে নিচে পড়ছে।
স্নেহা একপলকে সবটা পর্যবেক্ষণ করে উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করল,
--- “আপনার হাতে কী হয়েছে? আর সারারাত কোথায় ছিলেন আপনি? বাড়ির সবাই চিন্তায় মরে যাচ্ছে! এত উন্মাদনা কিসের জন্য?”
স্নেহার এতসব প্রশ্ন উপেক্ষা করে নিখিল তার শেষ প্রশ্নের উত্তরে কেবল বলল,
--- “দুই দিনের ওই ছেলের মধ্যে এমন কী দেখলি তুই, যে ওর প্রেমে পড়ে গেলি? বল! কতবার দেখা হয়েছে তোদের? সর্বোচ্চ আট-দশ বার, তার বেশি তো নয়! এর মধ্যে কী এমন ভেলকি দেখাল সে?”
স্নেহার বুকের ভিতরটা ঢিপঢিপ করছে। নিজেকে সামলে নিয়ে একটু সাহস সঞ্চয় করে সে বলল,
--- “মানুষটাই প্রথম দেখায় ভালোবেসে ফেলার মতো।”
কথাটা যেন তীরের ফলার মতো নিখিলের বুক এফোঁড়-ওফোঁড় করে দিল। নিষ্পলক তাকিয়ে রইল সে স্নেহার দিকে। স্নেহার দৃষ্টি মেঝেতে নিবদ্ধ। নিখিল নিঃশব্দে এক দীর্ঘশ্বাস ফেলে বিষণ্ণ কিন্তু তীক্ষ্ণ কণ্ঠে প্রশ্ন ছুড়ল,
--- “আমার চেয়ে বেশি সুদর্শন সে?”
স্নেহা দৃষ্টি না তুলেই জবাব দিল,
--- “তুলনা করে দেখিনি কখনো।”
নিখিল চট করে উঠে দাঁড়াল। একদম স্নেহার মুখোমুখি এসে দাঁড়াল সে। স্নেহা না চাইতেও পিছিয়ে যেতে চাইলে, নিখিল এক হ্যাঁচকা টানে তাকে কাছে টেনে আনল। কালো নিকাবের আড়ালে শুধু স্নেহার ভয়ার্ত চোখদুটোই দেখা যাচ্ছে। নিখিল শীতল কণ্ঠে বলল,
--- “আমার দিকে তাকা।”
স্নেহা তাকাল না। নিখিল ধমক দিতেই সে ভয় পেয়ে চোখ তুলে তাকাল। সেই চোখজোড়ায় খেলা করছে এক বেপরোয়া জেদের দাবানল।
--- “নাভান তোকে ভালোবাসে? বলেছে কখনো?”—নিখিলের কণ্ঠে বরফশীতল নীরবতা।
--- “জানার সুযোগ পাইনি কখনো। কিন্তু আমি নাভান ভাইয়াকে পছন্দ করি জেনেও আপনি মাঝখানে ভিলেন হয়ে আসছেন কেন?”
--- “দেখ্, ভিলেন আর নায়কের পার্থক্য নিয়ে ডিসকাশন করতে চাচ্ছি না। আমি গত পাঁচ বছর ধরে তোকে ভালোবেসে আসছি। মাঝখান থেকে ওই নাভান না নাদান দুই দিনের ছেলে এসে তোকে নিয়ে যাবে, আর আমি বসে বসে আঙুল চুষব?”
স্নেহা স্তব্ধ হয়ে তাকিয়ে আছে নিখিলের দিকে। নিখিল নিজেকে কিছুটা শান্ত করে ফের বলল,
--- “নাভান তোকে ভালোবাসে না। ভালোবাসলে তোকে জানাত। আর নাভানের প্রতি তোর ফিলিংসটা জাস্ট সাময়িক ভালোলাগা। ভালোবাসা এত অল্প মুহূর্তে তৈরি হতে পারে না। ভালোবাসা তৈরি হয় সময়ের ভাঁজে গড়ে ওঠা তীব্র অনুভূতিতে।”
স্নেহা ভেজা চোখে তাকাল নিখিলের দিকে। কালো নিকাব মুখের কাছটায় নোনাজলে ভিজে উঠেছে। সে নিখিলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে জিততে পারবে না। স্নেহা শ্লেষাত্মক কণ্ঠে বলল,
--- “কী চান আপনি?”
--- “তালুকদার বংশের সবচেয়ে ছোট্ট আহ্লাদী মেয়েটার হৃদয়ের প্রেমোত্তাপ হতে চাই। সারাজীবন তো তোর সব আবদার মেনে আসলাম, আমার এই ছোট্ট আবদারটা না হয় তুই পূরণ করলি!”
নিখিলের উন্মাদনায় স্নেহার সমস্ত মানসিক ধৈর্য ভেঙে চুরমার হয়ে গেল। আর লড়াই করার শক্তি তার নেই।
নিখিল তীক্ষ্ণ কণ্ঠে শেষ প্রশ্ন করল,
--- “আমার এই ভালোবাসার পরিণতি তুই এক বুক হাহাকার আর মৃত্যু দিবি?”
স্নেহা কোনো উত্তর দিল না। তা দেখে নিখিল হাত বাড়িয়ে মেডিসিন ট্রলির ওপর থেকে একটা সূচালো সিরিঞ্জ তুলে নিয়ে এগিয়ে এল স্নেহার দিকে।
নিখিলের নিঃশ্বাসের তপ্ত আঁচ স্নেহার নিকাবের ওপর এসে পড়ছিল। নিখিল আরেকটু নিচু কণ্ঠে ফিসফিস করে বলল,
--- “তুই রাজি না হলে এই সিরিঞ্জের ভেতরের হাওয়া আমি নিজের শরীরে পুশ করে দেব। সেকেন্ডের ব্যবধানে তোর চোখের সামনে নিখিল নামক চ্যাপ্টারটা ক্লোজ হয়ে যাবে—হার্ট অ্যাটাক করে! সারাজীবন এই অপরাধবোধের বোঝা বয়ে বেড়াতে পারবি তো?”
স্নেহা আতঙ্কে চোখ বন্ধ করে ফেলল। নিখিলের এই মনস্তাত্ত্বিক চাপ আর বিভীষিকা তার তরুণ মস্তিষ্ক সহ্য করতে পারল না। নিখিলের সত্যিই কিছু হয়ে গেলে ওর মেজোমার কী হবে? নিজের কারণে মেজোমার কোল খালি হলে যে স্নেহা নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবে না! আর এই পরিবার ছাড়া স্নেহারই বা কে আছে? সে অঝোরে কাঁদতে কাঁদতে দিশেহারা হয়ে মাথা নাড়ল,
--- “না! প্লিজ... এসব করবেন না! আমি... আমি রাজি!”
নিখিলের রক্তিম চোখে তৎক্ষণাৎ খুশির ঝলক খেলে গেল,
--- “তাহলে এখনই কাজী ডাকি?”
--- “হাসপাতালে কেন? বাড়ি চলুন। আর আগে আপনার হাতের প্লাস্টার করান।”
নিখিল ভালো করেই জানে, বাড়িতে গেলে বাড়ির লোক এই বিয়েতে কখনোই রাজি হবে না। কারণ সে ব্ল্যাকমেইল করে স্নেহাকে বিয়ে করতে চাইছে। ঠিক এই কারণেই সে স্নেহাকে একা হাসপাতালে আসতে বলেছিল—যদিও অনু সাথে এসেছে, তবে মনে হয় না সে এখানে খুব একটা বাধা দেবে। নিখিল জেদি কণ্ঠে বলল,
--- “আগে তুই আমাকে বিয়ে করবি, তারপর হাতের ব্যবস্থা হবে।”
স্নেহা একটা দীর্ঘশ্বাস ফেলল। চোখের পাতা নামিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে বলল,
--- “আপনি ভীষণ জেদি নিখিল ভাই। ছোটবেলা থেকে দেখে আসছি আপনার নজর যে জিনিসে পড়েছে, তা নিজের করে তবেই ছেড়েছেন। এখন আপনার নজর আমার ওপর পড়েছে, হার মানা ছাড়া আমার আর কোনো উপায় নেই। কাজী ডাকুন।”
অজান্তেই নিখিলের ঠোঁটের কোণে তৃপ্তির হাসি ফুটে উঠল,
--- “সত্যি তুই রাজি?”
--- “হ্যাঁ। আমি ওয়াশরুমে যাব। যা করার তাড়াতাড়ি করুন।”
কথাটা বলেই স্নেহা ধীর পায়ে ওয়াশরুমের দিকে চলে গেল। নিখিল তাকে আটকালো না। কারণ সে জানে, স্নেহা এখন বেসিনের কল ছেড়ে অঝোরে কাঁদবে; এতক্ষণ বহু কষ্টে সে কান্নার শব্দ চেপে রেখেছিল। এখন কান্নাকাটি করে মন হালকা করুক, এরপর থেকে নিখিল তাকে আর কখনো কাঁদতে দেবে না।
নিখিল দরজার বাইরে দাঁড়িয়ে থাকা নাবিলকে আলতো ইশারা করল। প্রস্তুতি আগেই সম্পূর্ণ ছিল। ইশারা পাওয়া মাত্রই কেবিনে প্রবেশ করলেন এক বয়স্ক কাজী সাহেব। তাঁর পেছনে পেছনে ঢুকল নাবিল আর অনু।
ঠিক সেই মুহূর্তে ওয়াশরুম থেকে বেরিয়ে এল স্নেহা—একদম শান্ত, নিস্পৃহ। কিন্তু চোখের ঘন লম্বা পাপড়ির আর্দ্রতা স্পষ্ট জানান দিচ্ছে ভেতরের তোলপাড় হওয়া ঝড়ের কথা।
নিখিল তখন কেবিনের বেডে পা ঝুলিয়ে বসে আছে। তার ব্যান্ডেজ করা হাত ও দগদগে ক্ষত থেকে তখনও রক্তের ফোঁটা চুইয়ে পড়ছে। অথচ তার চেহারায় তীব্র যন্ত্রণার বিন্দুমাত্র ছাপ নেই; সেখানে রাজত্ব করছে এক পরম প্রাপ্তির উন্মাদনা।
স্নেহা পাশে এসে বসতেই নিখিল মেডিসিন ট্রলি থেকে একটি টকটকে লাল দোপাট্টা তুলে নিয়ে স্নেহার মাথায় গলিয়ে দিল। কালো বোরকার ওপর আবৃত সেই লাল দোপাট্টায় স্নেহাকে বিষাদময় রূপসী দেখাচ্ছে। স্নেহা কোনো প্রতিবাদ করল না; একরাশ নিস্তব্ধতা গায়ে জড়িয়ে মাথা নিচু করে বসে রইল।
কিন্তু গোল বাঁধল অন্য জায়গায়। কাবিননামায় তিনজন সাক্ষীর স্বাক্ষর প্রয়োজন, অথচ এখানে উপস্থিত আছে শুধু অনু আর নাবিল। তৃতীয় সাক্ষী রিয়াদের বোনের লেবার পেইন ওঠায় তাকে জরুরি ভিত্তিতে চলে যেতে হয়েছে। উপায় না দেখে নাবিল তার আরেক বন্ধুকে ফোন দিল।
ঠিক এমন সময় কেবিনের ভারী দরজা ঠেলে ভেতরে প্রবেশ করল এক সুঠামদেহের দীর্ঘকায় পুরুষ। এই অনাকাঙ্ক্ষিত মুহূর্তে নাভানকে কেবিনের দরজায় দেখে উপস্থিত সবার চোখেমুখে বিস্ময় ফুটে উঠল। কিন্তু নাভান সম্পূর্ণ ভাবলেশহীন। চোখেমুখে অনুভূতির ছিটেফোঁটাও নেই, কেবল চোয়াল দুটো শক্ত হয়ে আছে।
বিস্ময়ের ঘোর কাটতে না কাটতেই সবাইকে আরও অবাক করে কেবিনে প্রবেশ করল রিজভী! সুডৌল কাধ এবং বলিষ্ঠ দেহে জড়িয়ে আছে ব্ল্যাক শার্ট আর ব্ল্যাক কোট।
রিজভীর সেই প্রস্তরকঠিন, অনুভূতিহীন মুখমণ্ডল আর শীতল চাহনি দেখে অনুর চোখদুটো বিস্ময়ে ছানাবড়া হয়ে গেল। একদৃষ্টিতে তাকিয়ে রইল অনাকাঙ্খিত মানবের দিকে। মনে একটাই প্রশ্ন—লোকটা দেশে ফিরল কখন?
স্নেহার চিবুক অবধি লাল দোপাট্টায় ঢাকা। সে ওই অবস্থাতেই স্তম্ভিত চোখে তাকিয়ে রইল নাভানের দিকে। লোকটা এখানে কেন এসেছে—প্রশ্নটা তার মাথার ভেতর অবিরাম মোচড় দিয়ে চলেছে।
অন্যদিকে নিখিলের বুকে জমে উঠেছে আশঙ্কার মেঘ। রিজভী কি এখন বাধা দেবে? কিন্তু বিদেশ থেকে হঠাৎ এভাবে ফিরলই বা কেন? ধোঁয়াশার মাঝে দাঁড়িয়ে নিখিল দ্বিধাগ্রস্ত কণ্ঠে শুধাল,
--- "ভাইয়া, তুমি এখানে?"
নিখিলের প্রশ্ন এবং উপস্থিত প্রত্যেকের বিস্ময়ভরা চাহনি সম্পূর্ণ উপেক্ষা করে রিজভী তীক্ষ্ণ কণ্ঠে কেবল একটি বাক্য ছুড়ল,
--- "কী হচ্ছে এখানে?"
কেউ কোনো উত্তর দেওয়ার সাহস পেল না। নীরবতা ভেঙে নিখিল নিচু কিন্তু স্থির কণ্ঠে বলল,
--- "বিয়ে হচ্ছে। তবে একজন সাক্ষীর অভাব। প্লিজ তুমি বাধা দিও না।"
রিজভী তার অনুভূতিহীন চোখ দুটো নাভানের দিকে ফেরাল। সেই শীতল দৃষ্টিতে লুকিয়ে ছিল বিশেষ কোনো ইশারা। নাভান সঙ্গে সঙ্গে মৃদু ঘাড় নেড়ে তার অসম্মতি প্রকাশ করল। কিন্তু রিজভী নাছোড়বান্দা। সে নাভানের হাত ধরে টেনে চেয়ারে বসে থাকা কাজী সাহেবের পাশে এনে দাঁড় করাল। তার কেলের ওপর খোলা পড়ে আছে লাল মলাটের কাবিননামা। রিজভী তার তীক্ষ্ণ দৃষ্টি নাভানের ওপর স্থির রেখে গাম্ভীর্যপূর্ণ কণ্ঠে বলল,
--- "নাভান সাক্ষী দেবে।"
নাভান স্তব্ধ হয়ে গেল। স্নেহা বুকচাপা উৎকণ্ঠা নিয়ে শ্বাস আটকে তাকাল নাভানের দিকে। নাভানের সুডৌল চিবুক আরও শক্ত হয়ে উঠল। সে অস্ফুটে মাথা নেড়ে বোঝাতে চাইল, এই কাজ সে করতে পারবে না। নিজের হাতে ভালোবাসার মানুষের বিয়ের কাবিননামায় স্বাক্ষী হিসেবে স্বাক্ষর করার চেয়ে ভয়াবহ শাস্তি আর হতে পারে না! সে নিজেকে সামলে নিয়ে বিনীত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল,
--- "আপনি সাক্ষী দিলেই তো হয়। আমাকে কেন দিতে হবে?"
রিজভী বরফশীতল স্বরে জবাব দিল,
--- "আমার এখন সাক্ষী দেওয়ার মুড নেই।"
অনু তখন থেকে নির্নিমেষ চোখে রিজভীর দিকে তাকিয়ে আছে। লোকটার এমন খামখেয়ালী এবং কঠোর আচরণ তার বোধগম্য হচ্ছে না। নাভানকেই কেন বলির পাঁঠা বানাচ্ছে? অনুর নিষ্পাপ দৃষ্টি স্থির থাকলেও রিজভী তার দিকে একবারের জন্যও চোখ তুলে তাকাল না।
স্নেহার সব আশার আলো নিভে গেল। এ কেমন নিষ্ঠুর পুরুষকে ভালোবেসেছিল সে? নাভান তার নিজের বিয়ের সাক্ষী হবে—ভাবতেই স্নেহার চোখমুখ শক্ত হয়ে এল। অন্যদিকে নিখিলের ঠোঁটের কোণে ফুটে উঠল এক কুটিল, বিজয়ের হাসি।
কাজী সাহেব বিয়ের আনুষ্ঠানিকতা শুরু করলেন। নিখিলকে সম্মতি সূচক বাক্য বলতে বলা হলে সে কালবিলম্ব না করে বলে উঠল,
--- "কবুল, কবুল, কবুল, কবুল!"
এবার স্নেহার পালা। কাজী সাহেব যখন স্নেহাকে 'কবুল' বলতে বললেন, স্নেহার অবুঝ ও করুণ দৃষ্টি গিয়ে পড়ল নাভানের ওপর। কিন্তু নাভানের মুখচ্ছবি নির্দয়ভাবে অন্য একদিকে ফেরানো, সেখানে যন্ত্রণার কোনো চিহ্নমাত্র প্রকাশ পাচ্ছে না। স্নেহার মনে হলো, লোকটা সত্যিই তাকে কোনোদিন ভালোবাসেনি।
অভিমানের ভারী মেঘ জমে উঠল স্নেহার বুকে। দ্রুত চোখ ফিরিয়ে নিল সে। নিখিল তবে ঠিকই বলেছিল—নাভান তাকে ভালোবাসে না। বাসলে কি এভাবে নিজের হাতে তাকে অন্য কারও হাতে তুলে দিতে পারত?
তীব্র ক্ষোভ আর অভিমানে অন্ধ হয়ে স্নেহা নাভানকে শুনিয়েই বেশ স্পষ্ট ও চড়া গলায় বলে উঠল,
--- "কবুল, কবুল, কবুল!"
স্নেহার মুখ থেকে উচ্চারিত এই প্রতিটি শব্দ নাভানের বুকের ভেতরে ভেঙে পড়া নদীর মতোই ভাঙন ধরলো। বুকের পাজর মুচড়ে উঠে বেরিয়ে এল এক দীর্ঘশ্বাস—যা কারোর কান পর্যন্ত না পৌঁছালেও হয়তো আসমান পর্যন্ত ঠিকই পৌঁছে গেছে।
তবে নিজের ভেতরের এই উত্তাল ঝড়কে বাহ্যিক চেহারায় বিন্দুমাত্র স্থান পেতে দিল না সে। কাবিননামার ওপর চোখ রেখে নাভান এবার ধীরে স্নেহার দিকে তাকাল। মেয়েটি তখন মাথা নিচু করে বসে আছে।
বুকের গহীনে চেপে রাখা কথাটা আর কোনোদিন হয়তো বলা হবে না স্নেহা-কে—"ভালোবাসি!" বলা সম্ভবও নয়, কারণ নিয়তির অদৃশ্য শিকলে তার হাত-পা যে বাঁধা!
নাভানের বুকের গহীনে তখন প্রলয়ঙ্করি ভাঙন, অথচ নিখিলের অন্তরে নেমে এসেছে প্রশান্তি। একে একে বিয়ের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়ে গেল। কাজি সাহেব এবার সাক্ষীদের সাক্ষরের জন্য কাবিননামা এগিয়ে দিলেন।
নাভান যখন কলম হাতে নিল, তার মনে হলো হাতটা যেন হঠাৎ অবশ হয়ে আসছে। কলমের ডগা কাবিননামার পাতায় স্পর্শ করতেই এক বুক হাহাকার আর তীব্র ঘৃণায় তার মন অনাবৃতভাবে আওড়ে উঠল—
--- “অর্ধাঙ্গ হিসেবে যে স্বাক্ষর করার কথা ছিল, সেখানে আজ কাবিননামায় সাক্ষী হয়ে স্বাক্ষর দিতে হলো কেন? সৃষ্টিকর্তা কি আমাকে শাস্তি দিলেন, নাকি প্রমাণ করে দিলেন—জানোয়ারদের ভালোবাসায় পূর্ণতা আসে না?”
সাক্ষর পর্ব শেষে কাজি সাহেব হাত তুললেন মোনাজাতের জন্য। মোনাজাতের সেই নিস্তব্ধ মুহূর্তেই হঠাৎ রিজভীর সঙ্গে অনুর চোখাচোখি হলো। রিজভীর সেই তীক্ষ্ম দৃষ্টিতে অনু তড়িঘড়ি করে চোখ নামিয়ে নিল।
বিয়ে শেষ হতেই নাবিল আর কাজি সাহেব এবং নাভান কেবিন থেকে বেরিয়ে গেলেন। আচমকা রিজভী অনুর কান টেনে ধরে কেবিনের বাইরে নিয়ে গেলো। অনু কান ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করে ব্যথাতুর কণ্ঠে বলে উঠল,
--- “আঃ! ছাড়ুন! লাগছে তো! এভাবে টানাহেঁচড়া করছেন কেন?”
রিজভী ছাড়লো না।
পুরো কেবিনে এখন শুধুই নিখিল আর স্নেহা। এক দমবন্ধ করা নীরবতা। স্নেহা বেড থেকে উঠে চলে যাওয়ার জন্য পা বাড়াতেই নিখিল পেছন থেকে বাঁকা হেসে বলে উঠল,
--- "শাদি মোবারক, আমার প্রিয় শাহজাদী!”
স্নেহা থমকে দাঁড়িয়ে ধীর পায়ে পেছনে ফিরে তাকাল। তার মাথা থেকে সেই টকটকে লাল দোপাট্টা খসে ততক্ষণে মেঝেতে গড়াচ্ছে। স্নেহা একদৃষ্টিতে নিখিলের দিকে তাকিয়ে কঠিন কণ্ঠে প্রশ্ন করল,
--- "তা কেমন অনুভূতি হচ্ছে? তালুকদার বংশের ছোট মেয়ে ওরফে স্নেহা তালুকদারকে বিয়ে করতে পেরে?"
নিখিল ধীর পায়ে কয়েক কদম এগিয়ে এল। তাদের মাঝের দূরত্ব এখন নামমাত্র। এক অপার্থিব তৃপ্তির সুরে সে বলল,
--- "অনুভূতির তীব্রতা এতটাই বেশি যে তা ব্যাখ্যা করা অসম্ভব। একবার জড়িয়ে ধরি, বউ?"
উত্তরের আশা করল না মানব। মাঝের সামান্য দূরত্বটুকু চুকিয়ে এক ঝটকায় দু'হাতে টেনে নিল মেয়েলি ক্ষীনকায় দেহটাকে। এই আকস্মিক ও অনাকাঙ্ক্ষিত স্পর্শে শিউরে উঠল স্নেহা। এটা ছিল তাদের প্রথম কাছে আসা। পরমুহূর্তেই সে ছটফট করে উঠলো। সমস্ত শক্তি দিয়ে পুরুষালি বুক ঠেলে নিজেকে ছাড়িয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা করতেই নিখিল তাকে আরও শক্ত বন্ধনে পেঁচিয়ে ধরল। স্নেহার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল,
--- "টু বি হালাল বিবিজান। আরেকটু এভাবে থাকি! তৃষ্ণা মেটেনি।"
.
কান ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করেও কোনো লাভ হলো না। রিজভীর লৌহকঠিন গ্রিপ থেকে নিজেকে মুক্ত করার সাধ্য অনুর নেই।
তারা লিফটের ভেতরে প্রবেশ করল। রিজভী একহাতে লিফটের বোতাম চেপে ধরে অন্য হাতে অনুর কান শক্ত করে ধরে রেখেছে। অনু তখনও ছটফট করছে। রাগে তার পুরো শরীর রিরি করে উঠছে। চড়া গলায় চেঁচিয়ে উঠল,
--- “সমস্যা কী আপনার, হ্যাঁ?”
রিজভী অনুর কান আরেকটু শক্ত করে ধরে ওর দিকে ঝুঁকে নিচু কণ্ঠে বলল,
--- “সবাইকে পালাতে সাহায্য করতে করতে নিজেও পালাতে শিখে গেছিস দেখছি!”
অনু ঝাঁঝিয়ে উঠে বলল,
--- “আমি আবার কাকে পালাতে সাহায্য করলাম? উফফ! কান ছাড়ুন, লাগছে তো আমার!”
রিজভী দাঁত চেপে বলল,
--- “স্নেহা আর তুই বাড়ি থেকে পালিয়ে আসিসনি?”
হঠাৎই অনু চোখ তুলে তাকাল। সরু চোখে তাকিয়ে প্রশ্ন করল,
--- “আপনি কী করে জানলেন স্নেহা আর আমি পালিয়ে এসেছি?”
রিজভী অনুর কান ধরে আরেকটু কাছে টেনে এনে বলল,
--- “বাড়িতে এতগুলো সিকিউরিটি গার্ড রয়েছে। ওদের চোখ ফাঁকি দেওয়া এত সহজ?”
অনু কিছুটা ভীত কণ্ঠে বিড়বিড় করল,
--- “তার মানে বাড়ির সবাই সব জেনে গেছে?”
--- “না।”
--- “তাহলে আপনি জানলেন কী করে? আর দেশে ফিরলেনই বা কবে, কখন?”
রিজভী ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটিয়ে উল্টো প্রশ্ন করল,
--- “কৈফিয়ত চাইছিস? কোন অধিকারে?”
অনু একহাতে রিজভীর শক্ত হাতটি সরানোর বৃথা চেষ্টা করে বলল,
--- “আপনার শত্রু হওয়ার অধিকারে!”
--- “শত্রুদের কোনো অধিকার থাকে না।”
--- “অন্য শত্রুদের সাথে আমাকে মেলাবেন না!আমি আলাদা! তাই কৈফিয়ত চাওয়ার অধিকার আমার আছে।”
--- “ইন্টারেস্টিং।”
রিজভী আবার প্রশ্ন করল,
--- “নিখিলকে প্রশ্রয় দিয়ে বিয়েতে সাহায্য করলি কেন? সবার জন্য দরদ উথলে পড়ে তোর, তাই না?”
অনু আড়চোখে তাকিয়ে বলল,
--- “নিখিল ভাইয়া স্নেহাকে খুব ভালোবাসে। ওদের বন্ডিংটাও দারুণ। স্নেহা এখন বুঝতে পারছে না, তবে দেখে নিয়েন ওরাই বেস্ট কাপল হবে। তা ছাড়া আপনি চাইলেই তো বাধা দিতে পারতেন। কেন বাধা দেননি তা জেনে আমার লাভ নেই। কিন্তু নাভান ভাইয়াকে বিয়ের সাক্ষী বানালেন কেন? নিজে সাক্ষী দিলে কী হতো?”
রিজভী অনুর মুখের কাছে আরেকটু ঝুঁকে এসে বলল,
--- “আমার মতো জানোয়ার বিয়ের সাক্ষী হলে সেই বিয়ে টেকার সম্ভাবনা কম। নাভানের ভালো দিক থাকলেও আমার মধ্যে কোনো ভালো দিক নেই। তাই সাক্ষী দিইনি।”
অনু সরু চোখে রিজভীর দিকে তাকাল। কেন জানি না, পুরো বিষয়টাই তার কাছে খটকা লাগছে। কিছু একটা নিশ্চিত ঘটেছে, না হলে এরা হঠাৎ এভাবে এসে হাজির হবে কেন?
এমন সময় লিফটের দরজা খুলে গেল। রিজভী অনুর কান ছেড়ে ঘাড় ধরে নিয়ে যেতে লাগল। অনু চরম বিরক্ত হয়ে ছটফট করতে করতে চেঁচিয়ে উঠল,
--- “কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? ছাড়ুন বলছি!”
রিজভী অনুর চেঁচামেচিতে বিন্দুমাত্র কান দিল না। করিডোর পেরিয়ে ভারী অটোমেটিক দরজা ঠেলে সে অনুকে টেনেহিঁচড়ে এক নির্জন রুফটপে নিয়ে এল।
প্রাইভেট হাসপাতালের রুফটপটি বেশ চওড়া; চারপাশ কাঁচের রেলিং আর স্টিলের উঁচু সীমানা প্রাচীর দিয়ে ঘেরা। খোলা হাওয়ায় আসতেই রিজভী অনুর ঘাড় ছেড়ে দিল।
অনু কান আর ঘাড় ডলতে ডলতে ব্যথাতুর চোখে অগ্নিদৃষ্টিতে তাকাল। রাগে তার শরীর তখনও জ্বলছে। চড়া গলায় চেঁচিয়ে বলল,
--- “এভাবে জানোয়ারের মতো ঘাড় ধরে ছাদে নিয়ে এলেন কেন? আপনার কোনো ম্যানার্স নেই?”
রিজভী অনুর দিকে এক পা এগিয়ে গিয়ে গম্ভীর কণ্ঠে বলল,
--- “আমার স্নাইপারকেই অফার করিস আমাকে খুন করার জন্য? হোয়াট ননসেন্স!”
অনু অন্যদিকে মুখ ফিরিয়ে বলল,
--- “তো কী করতাম? আমি কি জানতাম ওটা আপনার লোক?”
রিজভী ঘাড় বাঁকিয়ে সরু চোখে তাকাল। বর্ষার ঢালের মতো ধারালো এবং উত্তাল জলরাশির মতো তীক্ষ্ণ ও নীল চোখের দৃষ্টি এখন অনুর ওপর নিবদ্ধ।
হঠাৎ সে প্রশ্ন করল,
--- “স্নাইপারকে ত্রিশ লাখ টাকার অফার দিয়েছিলি। তা ত্রিশ লাখ টাকা পেলি কোথায়?”
অনু হাত ডলতে ডলতে রিজভীর চোখের দিকে তাকাল। পরমুহূর্তেই দৃষ্টি সরিয়ে নিয়ে বলল,
--- “কেন, আপনার ব্ল্যাক কার্ড থেকে! সেদিন যে দিলেন, মনে নেই? ওটাতে তো প্রচুর টাকা আছে।”
--- “আমারই টাকা দিয়ে আমাকেই দুনিয়া থেকে সরানোর ছক? কার্ডটা ভুল মানুষের হাতে পড়ে গেছে দেখছি।”
কথাটা বলতে বলতেই এক পা এগিয়ে অনুর মুখোমুখি এসে দাঁড়ালো রিজভী। অনু একচুলও না পিছিয়ে চিবুক উঁচু করে অত্যন্ত তীক্ষ্ণ কণ্ঠে বলল,
--- “এটাকে মাস্টারমাইন্ড বলে! এসব ক্রিয়েটিভ বুদ্ধি আপনার মাথায় আসবে না, মিস্টার নীলতিমি!”
রিজভী প্যান্টের পকেটে দুই হাত গুঁজে, নিজের চওড়া বুক ফুলিয়ে বরফশীতল গাম্ভীর্য নিয়ে বলল,
--- “এক মুখে আর কত নামে ডাকবি আমাকে? কখনো নীলতিমি, কখনো ব্লু ক্রিস্টাল বল, তো কখনো আবার পান্ডা!”
অনু কপালে ভাঁজ ফেলে গভীর বিস্ময়ে প্রশ্ন করল,
--- “পান্ডা আবার কখন ডাকলাম?”
রিজভী নিজের ব্ল্যাক শার্টের কলারটা আলতো টানে সামান্য ঢিলে করে নিল। তারপর এক কদম এগিয়ে অত্যন্ত সংবিৎহীন গলায় জবাব দিল,
--- “যেদিন মাতাল হয়ে আমার নিষ্পাপ ঠোঁটের ভার্জিনিটি হরণ করেছিলি, ঠিক সেদিন!”
অনুর জোড়া ভ্রূ আরও বেঁকে এল। মাথা ঝেঁকে সম্পূর্ণ অপ্রস্তুত ও ক্ষিপ্ত কণ্ঠে শুধাল,
--- “ঠোঁটের ভার্জিনিটি হরণ করেছিলাম মানে? কী বোঝাতে চাইছেন আপনি? আর আমি মাতালই বা হতে যাব কেন, হ্যাঁ?”
রিজভী আরেক ধাপ সামনে এগিয়ে এল। অনু নিজেকে সামলাতে না পেরে স্বয়ংক্রিয়ভাবেই এক পা পিছিয়ে গেল। ছাদের কাঁচের রেলিং আর খোলামেলা বাতাসের বিপরীতে তারা মুখোমুখি দাঁড়িয়ে। রিজভী তার নীলচে ধারালো দৃষ্টি অনুর চোখের ওপর স্থির রেখে বিষাক্ত সুরে বলে উঠল,
--- “খুব তো নিজে মাতাল হয়ে একের পর এক ফায়দা তুলিস। আমি যদি কোনোদিন ঠিক এভাবে মাতাল হয়ে তোর ওপর থেকে ফায়দা তুলে নিই, সকালে উঠেই তো সোজা নারী নির্যাতনের মামলা ঠুকে দিবি আমার নামে!”
কথাগুলো যেন অনুর মাথার ওপর দিয়ে গেল। তার মস্তিষ্কের কোনো কোষে রিজভীর এই অদ্ভুত অভিযোগের হিসাব মিলছে না। সে কবে মদ খেল? আর এই লোকটাই বা কী হাবিজাবি বকে যাচ্ছে? কোনো সমীকরণ না মেলাতে পেরে ব্যর্থ হয়ে অনু উল্টো ঝাঁঝিয়ে উঠল,
--- “ফায়দা তুলবেন মানে কী, হ্যাঁ? অসভ্য, নির্লজ্জ, চরিত্রহীন একটা পুরুষ!”
রিজভী এক ভ্রু সামান্য চড়িয়ে, ঠোঁটের কোণে অত্যন্ত বাকা হাসি ফুটিয়ে বলল,
--- “বাহ্! তুই নিজে মদ খেয়ে মাতাল হয়ে আমার ওপর ঝাপিয়ে পড়ে চুম্মাচুম্মি করতে পারবি, সেটা একদম বৈধ? আর আমি মুখে একটু সত্যি কথা বললেই আমি অসভ্য? আসল অসভ্য তো তুই!”
কথাটা শোনামাত্রই অনু অজান্তেই ছিটকে দু’হাতে নিজের ঠোঁট দুটো শক্ত করে ঢেকে ফেলল। বুকের ভেতরে এক অজানা স্পন্দন তোলপাড় শুরু করে দিয়েছে। রিজভীর চোখের আত্মবিশ্বাস আর কথা বলার ধরন দেখে তার কেন জানি ভেতরে ভেতরে মনে হচ্ছে—লোকটা বানিয়ে বলছে না!
ঠিক সেই মুহূর্তেই অনুর ঝাপসা মস্তিষ্কে একটি স্মৃতির টুকরো ভেসে উঠল। সেদিন রিজভী তাকে জোর করে সেই তেঁতো 'গ্রিন চিলি উইথ করলার জুস' খাইয়ে দিয়েছিল। জুসের সেই ভয়ানক স্বাদ সহ্য করতে না পেরে সে সোজা কিচেনে গিয়ে ফ্রিজ খুলে লিটার লিটার পানি গিলেছিল।
অনুর হঠাৎ মনে পড়ল, পানির স্বাদটা অন্যরকম ছিলো। কয়েক ঢোক খেয়েই তৃপ্তি পেয়েছিল খুব।
ঘটনার ডালপালাগুলো যেন এবার ধীরে ধীরে একসূত্রে বাঁধতে শুরু করল। তার মানে সেই ড্রিংকসের ভেতরেই ভেজাল ছিল? আর সেই নেশার ঘোরেই সে এত বড় অকাজটা ঘটিয়ে বসে আছে?
ঘৃণা আর চরম অস্বস্তিতে অনুর হাত জোড়া তখনও ঠোঁটের ওপর জমে রয়েছে। এরপর অনু পুরোপুরি নিশ্চিত হওয়ার জন্য চিবুক সামান্য নামিয়ে নিচু গলায় প্রশ্ন করল,
--- “আমি... আমি সত্যিই আপনাকে কিস করেছিলাম?”
রিজভী একদম নির্বিকার ভঙ্গিতে কাঁধ ঝাঁকিয়ে নীরবে সম্মতি জানাল।
কথাটা শোনামাত্রই আচমকা অনুর পেটের ভেতর তীব্র গুলিয়ে উঠল। হঠাৎ অনুকে জোরে ওয়াক তুলতে দেখে রিজভী একটু নড়েচড়ে দাঁড়াল। সরু চোখে তাকে পর্যবেক্ষণ করে প্রশ্ন ছুড়ল,
--- “কী হয়েছে? এভাবে ওয়াক তুলছিস কেন?”
অনুর তখন কথা বলার মতো অবস্থা নেই। পেটের ভেতর থেকে বমি দলা পাকিয়ে গলার কাছে উঠে আসছে। তীব্র ঘৃণায় জ্বলতে থাকা একজোড়া চোখ তুলে সে একপলক রিজভীর দিকে তাকাল, তারপর এক পা পিছিয়ে নিজেকে সামলানোর বৃথা চেষ্টা করল। কিন্তু পারল না—অনবরত ওয়াক তুলতে তুলতে হাত দিয়ে পেট চেপে ধরল সে।
পরিস্থিতি বুঝতে না পেরে রিজভী পুনরায় কিছুটা ভ্রূ কুঁচকে জিজ্ঞেস করল,
--- “আরে! কী হয়েছে?”
অনু এবার আর নিজেকে আটকে রাখতে পারল না। হরহর করে বমি করে দিল সে। খালি পেটে থাকায় মুখ দিয়ে কেবল পানি আর পিত্তরস ছাড়া কিছুই বের হলো না। বমি শেষ করে হাঁপাতে হাঁপাতে অনু সোজা হয়ে দাঁড়াল। বুক ভরে ভারী শ্বাস নিতে নিতে সে রিজভীর দিকে তাকাল – তার সেই চোখজোড়া দিয়ে যেন আগুনের স্ফুলিঙ্গ ঝরছে!
হাঁপাতে হাঁপাতেই সে রুক্ষ ও তিক্ত কণ্ঠে চেঁচিয়ে বলল,
--- "আপনার ওই নর্দমার মতো জঘন্য ঠোঁটে আমি চুমু খেয়েছিলাম? ওহ গড! ভাবলেই গা গুলিয়ে বমি আসছে! আই মিন... ভাবতেই হচ্ছে না, বমি আমি অলরেডি করে দিয়েছি!"
কথাটা শুনে রিজভীর চোয়াল শক্ত হয়ে এল। চোখে অগ্নিদৃষ্টি ফুটিয়ে গম্ভীর কণ্ঠে বলল,
--- "তুই আমার এত পারফেক্ট ঠোঁটকে নর্দমা বলে অপমান করতে পারিস না! আমার নামে অন্য সব অপবাদ মেনে নিলেও এই ঠোঁটের অপমান আমি সহ্য করব না। নাভানের মতো খুতখুতে ছেলেও আমার এই ঠোঁটের প্রশংসা করে!"
রিজভীর এই অদ্ভুত আত্মঅহংকার ও আত্মপ্রশংসা চলাকালীনই অনু আবার ওয়াক তুলে দ্বিতীয় দফায় বমি করে দিল। এবারও খালি পেটের তরল ছাড়া কিছুই বের হলো না।
তা দেখে রিজভী এবার নিজের হাতের মুষ্টি শক্ত করে তেতে উঠল,
--- "তবে রে..."
*#চলবে*