#বোকা_পাখি
#হাসিবুল_হাসিব
#পর্বসংখ্যা_০১
চারদিক অন্ধকার। ঝুম বৃষ্টি বর্ষিত হচ্ছে। সাইফ ছাদের দরজায় হেলান দিয়ে খোলা আকাশের দিকে মলিন মুখে তাকিয়ে বৃষ্টি দেখছে। কিছু মুহূর্ত নিস্তব্ধ থেকে সাইফ মনে মনে বলল,
"খোলা আকাশ, ঝুম বৃষ্টি— আজকে তোমার প্রিয় সবকিছুই আছে, শুধু তুমিই ভিজতে এলে না, বোকাপাখি।"
এরপর সে আবার নিস্তব্ধ। শুধু তার ভেতর থেকে একটা ভারী দীর্ঘশ্বাস বেরিয়ে এলো।
কিছুক্ষণ পর সে ধীরপায়ে ছাদে, খোলা আকাশের নিচে গিয়ে দাঁড়াল। মুহূর্তেই বৃষ্টি তার পুরো শরীর ভিজিয়ে দিল। তার মুখভঙ্গি আগের মতোই মলিন। সে মাথা উঁচু করে আকাশের দিকে তাকাল। বৃষ্টির ফোঁটাগুলো মুখ বেয়ে গড়িয়ে পড়ছে। ধীরে ধীরে সে চোখ বন্ধ করল। তার কানে বিদ্যুৎ চমকানোর তীব্র শব্দ ভেসে এলো।
৯ মাস আগে...
ঢাকার বনানীতে অবস্থিত একটি বড় বাড়ি। বারান্দায় টবভরা ফুলগাছ। ড্রয়িংরুমে পুরোনো পারিবারিক ছবিগুলো। রান্নাঘর থেকে ভেসে আসছে রকমারি খাবারের গন্ধ। এই বাড়িতেই একটি সম্ভ্রান্ত পরিবারের বসবাস।
শাহানা বেগম ডাইনিং টেবিলে বাহারি রকমের খাবার সাজিয়ে রাখছেন আর চিৎকার করে বলছেন,
— "কিরে ইতি, মাংস রান্না হয়েছে?"
ইতি রান্না করতে করতে উত্তর দিল,
— "খালাম্মা, আর একটু।"
সোফায় বসে শ্রেয়া ফোন দেখছে। এটা চোখে পড়তেই শাহানা বেগম রেগে শ্রেয়াকে উদ্দেশ্য করে বললেন,
— "এই অপদার্থ! বসে থেকে ফোন না চালিয়ে আমাকে একটু সাহায্য করলে তো পারিস। এত বছর পর আমার সোনার টুকরা ছেলে আসছে। অনেক আয়োজন করতে হবে।"
শ্রেয়া মুখ ভেংচে বলল,
— "আমি পারব না। তোমার ছেলে, তুমি করো কাজ। এমন ভাব করছো, যেন তোমার ছেলে নয়, কোনো রাষ্ট্রপতি আসছে!"
এরপর শ্রেয়া ডাইনিং রুম ত্যাগ করল।
শাহানা বেগম আর কথা বাড়ালেন না। কারণ তিনি জানেন, তার এই ঘাড়ত্যাড়া মেয়েকে কিছু করতে বলেও কোনো লাভ নেই। তিনি আবার কাজে মনোযোগ দিলেন। ইতি রান্নাঘর থেকে মাংসের বাটি এনে টেবিলে রাখল।
কিছুক্ষণ পর শ্রেয়া নিজের রুমে বসে ফোন ঘাঁটছে। তখন শাহানা বেগম তাকে ডাকলেন।
— "শ্রেয়া!"
শ্রেয়া নিজের রুম থেকেই বলল,
— "কী হয়েছে, মা? ডাকছো কেন?"
শাহানা বেগম চিৎকার করে বললেন,
— "তোর রাব্বি ভাইকে একটা কল দে তো।"
"রাব্বি ভাই" নামটা শোনার সঙ্গে সঙ্গে শ্রেয়ার ঠোঁটে একটা লজ্জা-মিশ্রিত হাসি ফুটে উঠল। তবে কল দেওয়ার আর সুযোগ হলো না। শাহানা বেগমের কথা শেষ হতেই রাব্বির কণ্ঠ ভেসে এলো,
— "কল দেওয়া লাগবে না, আন্টি। আমি চলে এসেছি।"
শাহানা বেগম পাশ ফিরে তাকাতেই দেখতে পেলেন, রাব্বি দুই হাতে দুইটা বাজারের ব্যাগ নিয়ে তার দিকেই এগিয়ে আসছে।
তিনি রাব্বির কাছে গিয়ে বললেন,
— "তোর আসতে এত দেরি হলো কেন?"
রাব্বি স্বাচ্ছন্দ্যে উত্তর দিল,
— "আমার ভাইটা এত বছর পর আমেরিকা থেকে ফিরছে। ভালো ফল আর মিষ্টি না আনলে হয় নাকি? তাই বাজারে গিয়ে বেছে বেছে ভালো ভালো ফল আর মিষ্টি নিয়ে এলাম। তাই এত দেরি হলো।"
শাহানা বেগম প্রশান্তিময় হাসি দিয়ে বললেন,
— "দে, আমাকে ব্যাগগুলো দে।"
রাব্বি ব্যাগগুলো তার হাতে তুলে দিলে তিনি সেগুলো নিয়ে রান্নাঘরের দিকে যেতে যেতে বললেন,
— "তুই বস, আমি আসছি।"
রাব্বি সোফায় গিয়ে বসে পকেট থেকে ফোন বের করে কিছু একটা দেখতে লাগল।
বাড়ির দারোয়ান দরজা খুলে দিতেই ভেতরে প্রবেশ করল একটি প্রাইভেট কার।
গাড়ির দরজা খুলে নেমে দাঁড়াল সাইফ। সামনে তার চিরচেনা বাড়িটা। সে একটা প্রশান্তির নিশ্বাস নিল।
সাইফ বাড়ির ভেতরে প্রবেশ করল।
রাব্বি নিজের মতো ফোনে ব্যস্ত। সে সাইফকে খেয়াল করেনি।
সাইফ পাশ থেকে বলে উঠল,
— "কিরে, বাঁদর!"
এই উদ্ভট সম্বোধন শুনে রাব্বি ভ্রু কুঁচকে বিরক্তি নিয়ে বলল,
— "কেরে তুই, শালা..."
পাশ ফিরে তাকাতেই দেখতে পেল সাইফ দাঁড়িয়ে আছে। সঙ্গে একটা ট্রলি ব্যাগ আর কাঁধে একটা ব্যাগ।
সাইফকে দেখে রাব্বির চেহারায় হাসির ঝলক দেখা দিল। সে সোফার ওপর মোবাইল ছুড়ে ফেলে তাকে জড়িয়ে ধরার উদ্দেশ্যে দৌড় দিল।
সামনে চলে এলো ট্রলি ব্যাগ। রাব্বি তাতে হোঁচট খেয়ে তাল সামলাতে না পেরে হুমড়ি খেয়ে সাইফের বুকে ঢলে পড়ল।
রাব্বির এমন আচমকা কর্মকাণ্ডে সাইফ নিজেও ভারসাম্য হারিয়ে ফেলল। দুই বন্ধু হুড়মুড় করে মেঝেতে পড়ে গেল।
দুজনেই খানিকক্ষণ চুপ থাকল। এরপর একসঙ্গে হু হু করে হেসে উঠল।
আওয়াজ পেয়ে রান্নাঘর থেকে বেরিয়ে আসেন শাহানা বেগম। এসে দেখেন, সাইফ আর রাব্বি মেঝেতে পড়ে আছে। তিনি চিন্তিত হয়ে বললেন,
— হায় আল্লাহ! তোদের লাগেনি তো?
পরক্ষণেই তিনি লক্ষ্য করলেন, তার দুই গুণধর বাদর হেসে গড়াগড়ি খাচ্ছে। তিনি চিন্তামুক্ত হয়ে একটা ভারী নিশ্বাস ফেলে বললেন,
— তোরা আর মানুষ হইলি না।
শ্রেয়া তখন সিঁড়ি দিয়ে নামছিল। সাইফ আর রাব্বির অবস্থা দেখে সে ফিক করে হেসে ফেলল।
মায়ের আওয়াজ পেয়ে সাইফ সেদিকে তাকাল। নিজের মাকে দেখতে পেয়েই,
— সর ব্যাটা!
বলে রাব্বিকে ধাক্কা দিয়ে নিজের ওপর থেকে সরিয়ে উঠে গিয়ে শাহানা বেগমকে জড়িয়ে ধরল।
শাহানা বেগমও পরম যত্নে নিজের ছেলেকে আগলে নিলেন।
তিনি জিজ্ঞেস করলেন,
— কেমন আছিস, বাবা?
সাইফ মুচকি হেসে বলল,
— আলহামদুলিল্লাহ, মা। ভালো আছি। তুমি কেমন আছো?
শাহানা বেগমের চোখে জল চিকচিক করে উঠল।
তিনি বললেন,
— এত দিন খুব একটা ভালো ছিলাম না। তবে তুই চলে এসেছিস, এখন থেকে খুব ভালো থাকব।
সাইফ লক্ষ্য করল, তার মায়ের চোখে অশ্রু টলমল করছে।
পেছন থেকে শ্রেয়া এসে মুচকি হেসে শাহানা বেগমকে জড়িয়ে ধরে সাইফকে উদ্দেশ্য করে বলল,
— এই ভাইয়া! সর। আসতে না আসতেই আমার মাকে দখল করে নিচ্ছিস।
শাহানা বেগম প্রশান্তির হাসি দিয়ে বললেন,
— ওরে, আমি তোদের দুজনেরই মা।
সাইফ শাহানা বেগমকে ছেড়ে শ্রেয়াকে জড়িয়ে ধরল। এরপর তার কপালে একটা চুমু খেয়ে জিজ্ঞেস করল,
— কেমন আছিস, বুনু?
শ্রেয়া মুচকি হেসে বলল,
— অনেক ভালো আছি, ভাইয়া। তুই?
— ভালো আছি। — সংক্ষেপে উত্তর দিল সাইফ।
শ্রেয়া আগ্রহ নিয়ে জিজ্ঞেস করল,
— ভাইয়া, আমার জন্য কী এনেছিস?
সাইফ গম্ভীর মুখে বলল,
— তোর জন্য আবার কী আনব?
শ্রেয়ার মুখের হাসি এক মুহূর্তেই মিলিয়ে গেল। অভিমানী কণ্ঠে বলল,
— কিচ্ছু আনিসনি?
সাইফ মুখটা আরও গম্ভীর করে বলল,
— না তো।
শ্রেয়া গাল ফুলিয়ে দুই হাত বুকের কাছে জড়িয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল।
সাইফ মুচকি হেসে তাকে দুই হাত দিয়ে নিজের দিকে ফিরিয়ে বলল,
— এনেছি, বোকা। অনেক কিছু এনেছি।
শ্রেয়া খিলখিলিয়ে হেসে উঠল।
— আমি জানতাম, ভাইয়া। তুই ভুলবি না।
শাহানা বেগম আর রাব্বিও হেসে ফেললেন।
শাহানা বেগম বললেন,
— হ্যাঁ, অনেক হয়েছে। যা বাবা, রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়।
রাব্বি মেঝে থেকে সাইফের কাঁধের ব্যাগটা তুলে তার হাতে দিয়ে বলল,
— হ্যাঁ ভাই, চল উপরে।
সাইফ দোতলায় নিজের রুমের উদ্দেশে হাঁটতে শুরু করল।
রাব্বি সাইফের ট্রলি ব্যাগটা মাথায় তুলে তার পেছন পেছন হাঁটতে লাগল।
শাহানা বেগম অবাক হয়ে বললেন,
— এই... এই রাব্বি! কী করছিস? ব্যথা পাবি তো!
ওটা টেনে নিয়ে যেতে হয়, ওটার তো চাকা আছে।
রাব্বি হাঁটতে হাঁটতেই বলল,
— আমি জানি, আন্টি। আমি এভাবেই নিয়ে যাব। আমার কুলিগিরি করে অভ্যাস আছে।
রাব্বির কাণ্ড দেখে শ্রেয়া আবারও ফিক করে হেসে ফেলল।
সাইফ সিঁড়ি বেয়ে উঠতে উঠতে বলল,
— শ্রেয়া, একটু পর আমার রুমে এসে তোর গিফটগুলো নিয়ে যাস।
— আচ্ছা, ভাইয়া। — উত্তর দিল শ্রেয়া।
সাইফ ওয়াশরুমে।
রাব্বি সোফায় হেলান দিয়ে বসে ফুল ভলিউমে গান শুনছে, আর সঙ্গে গাইছে—
কী করে বল তোকে বোঝাই,
হৃদয়জুড়ে তুই শুধুই একাই।
দুটি চোখে তোরই ছবি ভাসে দিবানিশি।
তোকে অনেক ভালোবাসি, তোকে অনেক ভালোবাসি।
বড় বেশি ভালোবাসি, তোকে অনেক ভালোবাসি।
এমন সময় শ্রেয়া ঘরে প্রবেশ করল।
হেসে বলল,
— কাকে ভালোবাসো, রাব্বি ভাই?
হঠাৎ শ্রেয়ার আগমন ও এমন প্রশ্ন শুনে রাব্বি ঘাবড়ে গেল।
তোতলাতে তোতলাতে বলল,
— না... মানে... হ্যাঁ... আছে একজন।
শ্রেয়া মুচকি হেসে বলল,
— তা কে সে?
রাব্বি রহস্যময় ভঙ্গিতে বলল,
— তা তো বলা যাবে না। তুমি খুঁজে নাও।
শ্রেয়া আর কথা বাড়াল না।
সে শুধু কিছুক্ষণ অপলক দৃষ্টিতে রাব্বির দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে চোখ ফিরিয়ে নিল।
ঠিক তখনই সাইফ ওয়াশরুম থেকে বেরিয়ে এল।
শ্রেয়া জিজ্ঞেস করল,
— ভাইয়া, ফ্রেশ হয়েছিস?
— হুম।
— নিচে চল। মা খেতে ডাকছে।
সাইফ মাথা নেড়ে বলল,
— হুম, যাচ্ছি। আর হ্যাঁ, টেবিলের ওপর তোর গিফট রাখা আছে।
গিফটের কথা শুনেই শ্রেয়া সেদিকে ছুটে গেল।
সাইফ আর রাব্বি রুম থেকে বেরিয়ে গেল।
শ্রেয়া অনেক আগ্রহ নিয়ে র্যাপিং পেপার ছিঁড়ে বক্সটা খুলল।
বক্স খুলেই দেখল, পুরোটা বিভিন্ন ধরনের বিদেশি চকলেটে ভর্তি।
মুহূর্তেই তার মনটা একটু খারাপ হয়ে গেল। কারণ, সে ভেবেছিল এর ভেতরে আরও ভালো কিছু থাকবে।
সে নিজেকে শান্ত করে মনে মনে বলল,
"আমার ভাইটাকে তো জীবনে প্রথমবার সামনাসামনি দেখছি। থাক, ও যা এনেছে, আমি তাতেই খুশি।"
এরপর শ্রেয়া বক্সটা খাটের ওপর নিয়ে গিয়ে উল্টে সব চকলেট ঢেলে দিল।
হঠাৎই সে রীতিমতো অবাক হয়ে গেল।
বক্সের ভেতর থেকে বেরিয়ে এল অ্যাপলের একটি দামি ল্যাপটপ।
এটাই সেই ল্যাপটপ, যেটা কিনে দেওয়ার জন্য সে প্রায় দুই বছর ধরে বাবার কাছে বায়না করে আসছে।
অনেক চকলেট দিয়ে ল্যাপটপটা এমনভাবে ঢেকে রাখা হয়েছিল যে, প্রথমে শ্রেয়া সেটি দেখতে পায়নি।
খুশিতে মুহূর্তেই তার মুখ উজ্জ্বল হয়ে উঠল।
সে খাটের ওপর ভালো করে বসে কিছুক্ষণ একদৃষ্টিতে ল্যাপটপটার দিকে তাকিয়ে রইল।
তারপর মুচকি হেসে আস্তে করে বলল,
— পাগল একটা!
এরপর সে একটা একটা করে চকলেট খেতে শুরু করল।
উপন্যাস প্রেমিরা সাপোর্ট কইরো। একটা উপন্যাস লেখতে অনেক কষ্ট করতে হয়।😓
তাই বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার কইরো।
ধন্যবাদ সবাইকে🥰
~চলবে ইনশাআল্লাহ~
পর্ব 1
পর্ব সম্পন্ন!
আপনি সফলভাবে পর্ব 1 শেষ করেছেন।
আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?
প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।
Google Play থেকে অ্যাপ নামান