#পর্ব_১৫
#উপন্যা_শাপলা_ভেজা_আষাঢ়
#লেখনিতে_ইসমাইল_বিন_আব্দুল_আলিম
❌#কপি_করা_নিষিদ্ধ ❌
মাঝখানে কেটে গেল ঠিক ছয়টি মাস। এই অর্ধবছরের ব্যবধানে চেয়ারম্যান বাড়ি থেকে শুরু করে পুরো সুলতানপুর গ্রামে ঘটে গেল অনেক ঘটনা।
কৈশোরে পা দেওয়া দীপ্তীর বয়সটাই তো এখন এমন—যে বয়সে মন সহজে কারও প্রেমে পড়তে চায়, ভালোবাসার আকর্ষণে হারিয়ে যেতে চায়। ঠিক এক মাস আগে সুলতানপুর সরকারি স্কুল ও কলেজের মাঠের পেছনে দাঁড়িয়ে নাফিস নামের এক ছেলের সাথে প্রথম পরিচয় হয়েছিল দীপ্তীর। মেয়েটিকে দেখার পর থেকেই নাফিসের মনে ধরেছিল, আর সে বেশি দিন দেরি না করে নিজের মনের কথা সোজা জানিয়ে দেয় দীপ্তীকে। নাফিসের সেই সরল ভালোবাসার আকুলতা দীপ্তী আর এড়াতে পারেনি। রোজকার অভ্যাসের মতো আজও স্কুলের ছুটির পর সেই মাঠের পেছনের নিরিবিলিতে নাফিসের হাত ধরে পাশাপাশি বসে সময় কাটাচ্ছে দীপ্তী।
এদিকে আজ রাতে প্রকাশিত হবে শাপলার বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার রেজাল্ট! গত ছয় মাস ধরে শাপলার এইচএসসি পরীক্ষা শেষ হয়েছে, সে রেজাল্টেও বেশ ভালো ফল করেছে, এবং ভার্সিটি ভর্তির জন্য হাড়ভাঙা প্রস্তুতিও নিয়েছে। পরীক্ষার এই লম্বা সময়ে মারুফের সাথেও শাপলার খুব বেশি একটা দেখা হয়নি। আজ সারাদিন নিজের ঘরে বসে আছে শাপলা। তার মুখজুড়ে থমকে আছে গভীর উদ্বেগের ছাপ, চোখে এক অদ্ভুত অজানা ভয়—কে জানে ভাগ্যে কী লেখা আছে!
তার এই টেনশন দেখে দিহান, গোলাপ আর ছোট শালিক ঘরের ভেতর এদিক থেকে ওদিক পায়চারি করে বেড়াচ্ছে। শাপলার রুমের ভেতর একবার তারা ঢোকে, আবার বাইরে বের হয়।
অস্থির হয়ে শাপলা একটু রেগে গিয়ে বলে উঠল, “কী ভাই আপনারা শুরু করেছে টা কী বলুন তো? আর একটু পরেই তো রেজাল্ট দেবে, আপনারা এভাবে চক্কর কাটছেন কেন আমার মাথাটা আরও খারাপ করে দেওয়ার জন্য?”
গোলাপ মিষ্টি হেসে বলল, “আরে পাগলী! তোর এই কাঙ্ক্ষিত রেজাল্ট শোনার জন্য তো আমরাও কম অপেক্ষা করছি না!”
দিহান দুষ্টু হাসি দিয়ে বলল, “আমাদের এই ‘মিস কটকটি বেগম’ তো এক্কেবারে সেরা কোনো পাবলিক ইউনিভার্সিটিতেই চান্স পাবে দেখিস!”
দিহানের মুখে এ কথা শুনে গোলাপ আর শালিক দুজনেই খিলখিল করে হেসে উঠল। অন্য কোনো দিন হলে এই হাসিখুশিতে দীপ্তীও ওদের সাথে যোগ দিত, কিন্তু আজ সে নেই। সে এখন পড়াশোনার মিথ্যা বাহানা দিয়ে নিজের রুমে লুকিয়ে থাকে। কিন্তু কেন সে এমন আড়ালে থাকে, তা কেবল দীপ্তীই ভালো জানে! নাফিস তাকে একটা গোপন স্মার্টফোন উপহার দিয়েছে। প্রথমে দীপ্তী নিতে রাজি না হলেও পরে নাফিসের জোরাজুরিতে ঠিকই লুফে নিয়েছে। এখন নিজের ঘরের দরজা বন্ধ করে লুকিয়ে সেই ফোনে সে শুধু মেসেঞ্জারে নাফিসের সাথেই ঘণ্টার পর ঘণ্টা চ্যাট করে কাটায়। নাফিসের এই প্রেমের কথা পরিবারে দীপ্তী ছাড়া আর কেউ জানে না।
নিজের বাবার ফোন শাপলার কাছে ছিলঠিক এমন সময় মাসুদ রহমানের ফোনে একটা মেসেজ ঢুকল। স্ক্রিন অন করতেই দেখা গেল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল নোটিফিকেশন—
> University of Rajshahi
> Congratulations! You have been selected for admission to the University of Rajshahi.
>
মেসেজটা দেখা মাত্রই শাপলা আনন্দে ফেটে পড়ে চেঁচিয়ে উঠল! পাশের ঘর থেকে একে একে সবাই দৌড়ে ছুটে এল। শাপলা এক লাফে গিয়ে তার মা রুবি বেগমকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। ততক্ষণে উপস্থিত সবাই বুঝে গেছে শাপলার কোথাও একটা দারুণ জায়গায় চান্স হয়েছে!
মাসুদ রহমান হাঁপাতে হাঁপাতে এগিয়ে এসে জিজ্ঞেস করলেন, “কী রে মা, বল তো কী হয়েছে?”
শাপলা এবার নিজের বাবাকে শক্ত করে জড়িয়ে ধরে গদগদ কণ্ঠে বলল, “আব্বা! আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স হয়েছে গো!”
খবরটা শোনার সাথে সাথেই ঘরের ভেতরের বাতাস যেন আনন্দের বন্যায় ভেসে গেল। শাপলা এরপর দৌড়ে গিয়ে জাহানারা বেগমকে জড়িয়ে ধরে বলে উঠল, “দাদি! ও দাদিগো! আমি চান্স পেয়ে গেছি গো!”
জাহানারা বেগম দুহাত দিয়ে শাপলার মাথায় হাত বুলিয়ে চোখের জল মুছে বললেন, “আলহামদুলিল্লাহ! আমার নাতনিটা আজ মুখ উজ্জ্বল করেছে সবার।”
মাসুদ রহমান মুচকি হেসে ঘোষণা দিলেন, “শাপলা, তোর এই খুশিতে আমি আজ পুরো বাড়িতে মিষ্টিমুখ করাব! তাছাড়া তোর জন্য তো ভালো ভালো জায়গা থেকে বিয়ের সম্বন্ধও আসতে শুরু করেছে রে...”
বলেই তিনি যখন কথাটা শেষ করলেন, তখন মুহূর্তের মধ্যে শাপলার ফুরফুরে মুখটা কালো মেঘে ঢেকে গেল। সে সঙ্গে সঙ্গে গম্ভীর মুখে মাসুদ রহমানের উদ্দেশে বলে উঠল, “আব্বা, আমি এখন বিয়েটিয়ে করব না! আমার সামনে আরও পড়াশোনা বাকি আছে, আমি এখন শুধু নিজের কেরিয়ার নিয়ে ভাবব।”
মাসুদ রহমান মেয়ের মাথায় হাত বুলিয়ে বুঝিয়ে বললেন, “আরে পাগল মেয়ে, এখন তো আর বিয়ে করে শ্বশুরবাড়ি চলে যেতে বলছি না! ওরা শুধু এসে তোকে আংটি পরিয়ে দেখে যাবে, বাকি সব পড়াশোনা শেষ হওয়ার পর...”
শাপলা সবার দিকে তাকিয়ে দৃঢ় গলায় বলে উঠল, “না বাবা! আমি পরিষ্কার বলে দিচ্ছি, আমি এখন বিয়ে করব না। তাছাড়া আমার মনে মনে পছন্দ করা একজন মানুষ আছে, আমি যদি বিয়ে করি তবে তাঁকেই করব!”
শাপলার এমন সাহসী ও সাফ কথা শুনে উপস্থিত সবাই একদম বাকরুদ্ধ হয়ে গেল!
জাহানারা বেগম ভুরু কুঁচকে আকাশ থেকে পড়ার মতো করে জিজ্ঞেস করলেন, “বলিস কী রে! তুই প্রেম করিস নাকি কার সাথে? কবে করলি? কার গলায় মালা পরাবি শুনি? কে সেই ছেলেটা?” একসঙ্গে অনেকগুলো প্রশ্ন ছুড়ে দিলেন তিনি।
দিলোয়ার রহমান গম্ভীর গলায় বলে উঠলেন, “হ্যাঁ, বল তো শুনি ছেলেটা কে?”
শাপলা একটু ঘাবড়ে গিয়ে ঢোক গিলে বলল, “আমি তো বলিনি যে আমি ওর সাথে প্রেম করি... আসলে ছেলেটা আমাকে ভালোবাসে, আর আমারও ওকে বেশ ভালো লাগে।”
মাসুদ রহমান একটু নরম হয়ে বললেন, “আচ্ছা ঠিক আছে! কে সেই ছেলে, আগে আমাদের সামনে এনে দাঁড় করা, তার সাথে কথা বলে দেখি।”
শাপলা যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছিল না! তার বাবা এত সহজে, কোনো রকম রাগারাগি না করে তাদের সম্পর্কের কথা এভাবে মেনে নেওয়ার কথা বলবেন—সেটা সে ভাবতেই পারেনি।
রুবি বেগম মেয়ের হাত ধরে কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন, “বল তো মা, কে সেই ছেলে? কী করে সে?”
শাপলা আমতা আমতা করে বলল, “আম্মা... ছেলের নাম মারুফ। বর... মানে ওকে আসতে বলো আব্বা, তারপর সব সামনা-সামনি শুনে নিও তোমরা।”
শাপলার মুখ থেকে মারুফের নাম বের হওয়া মাত্রই দিহান বাঁকা হেসে বলে উঠল, “আল্লাহ রে! শাপলা তুই তো দেখছি একেবারে গভির জলের মাছ রে! লুকিয়ে লুকিয়ে এত দূর জল গড়িয়েছিস!”
দিহানের কথা শুনে শাপলা লজ্জা পেয়ে খিকখিক করে হেসে ফেলে বলল, “তুমি আর গোলাপ বুঝি খুব কম সাতার জানো, দিহান ভাইয়া? তোমরা যে ভেতরে ভেতরে কী ঘটাচ্ছ তা কি আমি জানি না নাকি!”
কথাটা বলেই শাপলার হঠাৎ খেয়াল হলো—ঘরের ভেতর তার আব্বা-চাচা থেকে শুরু করে বাড়ির বড়রা সবাই উপস্থিত রয়েছে! সে ভুল করে নিজের মুখেই সব ফাঁস করে দিতে দিতে জিভ কেটে হাত দিয়ে নিজের মুখ চেপে ধরল।
দিহান আর গোলাপ লজ্জায় সঙ্গে সঙ্গে মাথা নিচু করে ফেলল।
দিলোয়ার রহমান চোখ গোল গোল করে জিজ্ঞেস করলেন, “মানে কী রে? শাপলা কী সব আবোল-তাবোল বকছে রে?”
দিহান আমতা আমতা করে পরিস্থিতি সামলে নিয়ে বলল, “আরে চাচ্চা! ওই ‘মিস কটকটি বেগম’ সবসময় আবল-তাবল বকে তো, ওর কথা আর কি ধরছেন! বাদ দিন তো ওসব!”
উপস্থিত বাকিরা শাপলার সেই অর্ধেক কথার মানে ঠিকমতো বুঝতে না পারলেও, আমিনা বেগম ঠিকই ধরে ফেলেছেন। তিনি মৃদু মিষ্টি হেসে মিটমিট করে তাকাচ্ছেন। সেদিন দিহানের সেই পাগলামি আর জেদের পর থেকেই তো আমিনা বেগম মনে মনে গোলাপকেই নিজের পুত্রবধূ হিসেবে মেনে নিয়েছেন, যদিও সেই কথা এখনো আনুষ্ঠানিকভাবে কাউকে খুলে বলা হয়নি।
রুবি বেগম চিন্তিত মুখে বললেন, “শহরের ওই অচেনায় জায়গায় একা একা থেকে ও কীভাবে পড়াশোনা চালাবে গো?”
শাপলা মাকে আশ্বস্ত করে শক্ত গলায় বলল, “মা, তুমি একটুও চিন্তা কোরো না! আমি ঠিক সামলে নেব। জীবনে বড় কিছু করতে হলে একটু আধটু কষ্ট তো করতেই হয়।”
এই বলে সে আর এক মুহূর্তও না দাঁড়িয়ে মাসুদ রহমানের হাত থেকে ফোনটা নিজের মুঠোয় তুলে নিয়ে সোজা নিজের রুমে চলে গেল। তার পিছু পিছু দিহান, শালিক আর গোলাপও রুমের ভেতর ঢুকল।
বাইরে ড্রয়িংরুমে তখনো পিনপতন নীরবতা।
জাহানারা বেগম চিন্তিত গলায় বললেন, “শাপলা কোন ছেলের কথা যেন বলল রে? তোদের কারো কিচ্ছু জানা আছে নাকি এ বিষয়ে?”
মাসুদ রহমান মাথা নেড়ে বললেন, “না তো আম্মা, আমি তো কিচ্ছু জানি না! তবে মেয়েটার যখন ছেলেটাকে পছন্দ হয়েছে, তখন আর জোর করতে চাই না। তা ছাড়া আমি কোনোভাবেই চাই না যে আমাদের বংশের কেও ২৪ বছর আগের মত কাজ করে পরিবার থেকে আলাদা থাকুক, বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার পথ বেছে নিক।”এগুলো আর না হোক।
দিলোয়ার রহমান সায় দিয়ে বললেন, “তাও তো বটেই! তবে আগে দেখতে হবে ছেলেটা কেমন, তার খোঁজখবর নিতে হবে। রাতে যখন রুপম বাড়ি ফিরবে, তখন আমরা সবাই বসে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব।”
ওদিকে নিজের রুমে এসে শাপলা হাত কাঁপাতে কাঁপাতে মারুফের নাম্বারটা ডায়াল করে কল দিল।
দিহান পাশে দাঁড়িয়ে কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, “কাকে ফোন দিচ্ছিস রে শাপলা?”
শাপলা ব্যস্ত গলায় বলল, “মারুফকে!”
শালিক অবাক হয়ে জিজ্ঞেস করল, “মারুফ আবার কে রে আপা?”
দিহান দুষ্টু হাসি দিয়ে বলে উঠল, “তোর হবু দুলাভাই হয় রে ও!”
গোলাপও তখন তাদের সাথে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে।
ফোন কানে দিয়ে শাপলা অধীর আগ্রহে ডেকে উঠল, “হ্যালো মারুফ ভাইয়া...?”
দিহান তখন ফিসফিস করে বাকিদের থামিয়ে দিয়ে বলল, “এই চুপ! ধরছে ফোন?
চলবে.....