#পর্ব_১৮
#উপন্যা_শাপলা_ভেজা_আষাঢ়
#লেখনিতে_ইসমাইল_বিন_আব্দুল_আলিম
❌#কপি_করা_নিষিদ্ধ ❌
সুলতানপুর গ্রামের পাশের গ্রামের মারুফদের বাড়ির রুমের চেয়ারে বসে আছেন দিলোয়ার রহমান, রূপম আর মাসুদ রহমান। তাদের সামনের টেবিলে খুব যত্নে সাজিয়ে রাখা হয়েছে হরেক রকমের খাবার, জুস, শরবত, আপেলসহ আরও কত কী! ঠিক পাশেই বসে আছেন মারুফের বাবা ও মা। বাড়িটি বেশ বড়সড় একটা একতলা বাসা, আর চারপাশের পরিবেশটাও দারুণ সুন্দর। একটু দূরে সাদা পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছে মারুফ। তার গালে হালকা কাঁচা-পাকা দাড়ি, চোখ দুটো দেখলে মনে হবে যেন কোনো দক্ষ শিকারি,
খুনি মানুষের দৃষ্টি—অথচ মাঝে মাঝে সেই চোখেই আবার অদ্ভুত এক মায়া উঁকি দিয়ে যায়। লম্বায় সে একেবারে পারফেক্ট।
মাসুদ রহমান মারুফের উদ্দেশে জিজ্ঞেস করলেন, “তোমার পরিচয়টা একটু বলো তো বাবা?”
মারুফ একটু হেসে বলল, “জি, আমি মারুফ বিন ওমর। মাস্টার্স শেষ করে এখন বাবার সাথেই ব্যবসা সামলাই।”
মাসুদ রহমান আবার বললেন, “শাপলাকে কত দিন ধরে চেনো তোমরা?”
মারুফ বলল, “এই তো, কিছুদিন হলো ওর সাথে পরিচয় হয়েছে।”
দিলোয়ার রহমান অবাক হয়ে বললেন, “আপনারা হলেন আমাদের পাশের গ্রামের মানুষ, অথচ এত দিনে কখনো আপনাদের সাথে দেখা-সাক্ষাৎ বা পরিচয় হলো না তো!”
মারুফের মা পুরো সময়টা একদম চুপচাপ বসে রইলেন, দেখে মনে হচ্ছিল যেন তাকে জোর করে ধরে এনে সেখানে বসিয়ে রাখা হয়েছে।
তখন মারুফের বাবা ওমর ফারুক বললেন, “আসলে আমাদের সিঙ্গাপুরে বাড়ি আছে তো, বেশিরভাগ সময় ওখানেই থাকা হয়। গত এক বছর হলো গ্রামে এসেছি। তবে মারুফ আগে থেকেই গ্রামে ছিল, আমরা দুজনে ঢাকায় ছিলাম। এক সপ্তাহ হলো আমরাও গ্রামে এসেছি।”
মাসুদ রহমান বললেন, “তো আপনার ছেলে তো আমাদের মেয়েকে পছন্দ করেছে। এখন আপনারা বলুন, এই সম্পর্কটা কি আপনারা মেনে নিতে রাজি আছেন?”
ওমর ফারুক বললেন, “যেহেতু ছেলের পছন্দ, সে ক্ষেত্রে আর না করার কী আছে! তাছাড়া আপনারা হলেন সুলতানপুর গ্রামের চেয়ারম্যান বাড়ির ছেলে, আপনাদের মতো পরিবারের সাথে আত্মীয়তা করলে মন্দ হবে না।”
রূপম তখন মাঝখান থেকে বলে উঠল, “আঙ্কেল, শাপলা কিন্তু পড়াশোনা চালিয়ে যেতে চায়। ওর এই স্বপ্নটা পূরণ করার স্বাধীনতা ওকে দিতে হবে, এই শর্ত কিন্তু আমাদের থাকবে।”
ওমর ফারুক বললেন, “জি, কোনো সমস্যা নেই। আর মারুফের মুখে শুনলাম ও নাকি কালই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে? তবে আমাদের তরফ থেকেও একটা দাবি আছে এই বিয়ের ব্যাপারে।”
দাবিটার কথা শোনামাত্রই মাসুদ রহমান ও দিলোয়ার রহমান একটু ঘাবড়ে গেলেন। রূপম কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, “জি আঙ্কেল, কীসের দাবি?”
ওমর ফারুক গম্ভীর গলায় বললেন, “যৌতুক হিসেবে নগদ পাঁচ লাখ টাকা দিতে হবে।”
কথাটা শোনার পর মাসুদ রহমান যেন একেবারে জমে গেলেন! টাকা-পয়সা নিয়ে তাদের খুব একটা সমস্যা নেই, চাইলেই তারা দিতে পারবেন; কিন্তু কথাটা অন্যভাবেও তো বলা যেত! সরাসরি ‘যৌতুক’ হিসেবে চাওয়াটা কি খুব মানানসই হলো? কিছু দিন হলো সুলতানপুর সহ পাশের গ্রাম গুলোতে কিছু মেয়ের যৌতুক দিয়ে বিয়ে দেওয়ার পর সেই জামায় টাকা নিয়ে পালিয়ে গেছ, পুলিশ তাদের খুজছে তারা নাকি একটা পরিবার এর মতো ছোট গ্যংস্টার, পরে এসব কথা ভাবা বাদ দিলেন।
তবুও নিজের মেয়ের ভবিষ্যৎ ও সুখের কথা চিন্তা করে তিনি কোনো দ্বিরুক্তি না করে বললেন, “আচ্ছা, এই বিষয়ে আমরা পরে কথা বলব।”
এরপর আরও কিছু টুকিটাকি কথাবার্তা হলো। যাওয়ার সময় মাসুদ রহমান মারুফের বাবাকে অনুরোধ করেছিলেন একবার তাদের বাড়ি গিয়ে শাপলাকে দেখে আসার জন্য, কিন্তু মারুফ কিছুতেই চেয়ারম্যান বাড়ি যেতে চাইল না। সে সাফ জানিয়ে দিল, “আলাদা করে আর দেখার কিছু নেই! আমার শাপলাকে পছন্দ, আর সেটাই আমার মা-বাবারও পছন্দ।”
দিলোয়ার রহমান তখন মারুফের মায়ের দিকে তাকিয়ে একটু বিরক্তি নিয়েই বললেন, “আপনি তো একটা কথাও বলছেন না। আপনি কি এই বিয়েতে রাজি নন নাকি?”
মারুফের মা ম্লান হেসে বললেন, “ছেলের বাবা যখন রাজি, আর ছেলের যখন পছন্দ, তখন আমি আর না করব কীভাবে!”
সবশেষে কথাবার্তা পাকাপাকি হলো যে, আজ থেকে ঠিক দুই মাস পর বিয়ের দিন ঠিক করা হবে—এর মাঝে শাপলা অন্তত নিজের নতুন বিশ্ববিদ্যালয়টার সাথে একটু পরিচিত হয়ে নিক। নিজের মেয়ের সুখের কথা ভেবে শেষমেশ মাসুদ রহমান ওই পাঁচ লাখ টাকা যৌতুক দিতেই রাজি হয়ে গেলেন।
বাড়ি ফিরে আসার পর দিলোয়ার রহমান, মাসুদ রহমান ও রূপম যখন বাড়ির উঠানে এসে পৌঁছালেন, তখন দিহানসহ সবাই অধীর আগ্রহে তাদের অপেক্ষায় বসেছিল। ছোট শালিকের চোখ সবার আগে বাবা আর চাচার ওপর পড়ল।
শালিক চেঁচিয়ে বলে উঠল, “ওই দেখ, আব্বারা ফিরে এসেছে!”
শাপলা পেছন ফিরে তাকাল, তার বুক তখন অজানা আশঙ্কায় কাঁপছে—কে জানে কী খবর নিয়ে এল ওরা! কিন্তু শাপলার সব আশঙ্কা ভুল প্রমাণিত করে মাসুদ রহমান সোজা নিজের মেয়ের কাছে এগিয়ে এলেন এবং এক হাত দিয়ে তাকে বুকে জড়িয়ে ধরলেন।
রুবি বেগম তো কোনো খারাপ কিছু ঘটেছে ভেবে ভয় পেয়ে দৌড়ে এসে জিজ্ঞেস করলেন, “কী হয়েছে গো? সব ঠিকঠাক তো?”
রূপম হেসে বলে উঠল, “আমাদের ‘মিস কটকটি বেগম’-এর বিয়ের কথাবার্তা একদম পাকা!”
রূপমের মুখে এই কথা শুনে শাপলা লজ্জায় আরও শক্ত করে নিজের বাবাকে জড়িয়ে ধরল।
দিলোয়ার রহমান তখন গম্ভীর মুখে বললেন, “সব ঠিক আছে, কিন্তু ছেলের বাড়ি থেকে বিয়ের যৌতুক হিসেবে নগদ পাঁচ লাখ টাকা দাবি করেছে।”
কথাটা শোনা মাত্রই জাহানারা বেগম আঁতকে উঠে বললেন, “বল কী! এত টাকা!”
রুবি বেগমও মাথায় হাত দিয়ে বললেন, “বিয়েতে আবার এত টাকা যৌতুক দিতে হবে নাকি?”
পাঁচ লাখ টাকার যৌতুুকের কথা শুনে শাপলার ফুরফুরে মনটাও নিমেষেই খারাপ হয়ে গেল। কিন্তু সবার মুখে আবার একটু হাসির ঝিলিক ফুটিয়ে মাসুদ রহমান সান্ত্বনার সুরে বললেন, “শোনো, তাও আমরা রাজি হয়েছি। আমার মেয়ের পছন্দ বলে কথা! আর সবচেয়ে বড় কথা, বিয়ের পরেও ওরা শাপলাকে পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ দেবে, তাছাড়া ওদের সিঙ্গাপুরে বড় ব্যবসা আছে।”
দিহান তখন মজা করে বলে উঠল, “তাহলে তো আমাদের এই ‘মিস কটকটি বেগম’-এর বিয়ের সুস্বাদু মিষ্টি খাওয়া থেকে কেউ আটকাতে পারছে না দেখছি!”
শালিক মিষ্টি হেসে বলল, “আব্বা, আপার বিয়া কবে? আপা কি তাহলে অনেক দূরে চইলা যাইব?”
মাসুদ রহমান ছোট মেয়ে শালিককে নিজের কাছে টেনে নিয়ে আদর করে বললেন, “আরে মা, বিয়ের তো এখনও দুই মাস দেরি আছে! আর মেয়ে হিসেবে মানুষ তো একদিন সবারই বিয়ে হয়, অন্য বাড়ি যেতে হয়। তবে তার একটা দারুণ ব্যবস্থা হয়েছে—আগামীকালই আমি শাপলাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি করাতে পাঠাতে হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল্লাহ সরকার আমার খুব ভালো পরিচিত। উনি নিজেই ফোন করে জানিয়েছেন যে ওনার মেয়েও নাকি এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, তাই উনি বলেছেন শাপলা যেন ওনাদের বাসাতেই থাকে। এতে করে ওনার মেয়ের সাথে শাপলা প্রতিদিন একসাথে ক্লাসে যেতে পারবে, একা একা আর ওর কোনো কষ্ট হবে না।”
খবরটা শুনে সবাই বেশ খুশি হলো। আমিনা বেগম তখন মুচকি হেসে বলে উঠলেন, “শাপলার বিয়েটা হয়ে যাক, তারপর আগে রূপমের বিয়ে দেব, আর সবার শেষে আমার দিহানের বিয়ে!”
রূপম সাথে সাথে আপত্তি জানিয়ে বলে উঠল, “না না চাচি! আমি এখন কিচ্ছুতেই বিয়ে করছি না। যতদিন না একটা সরকারি চাকরি পাচ্ছি, ততদিন আমার বিয়ের কোনো নামগন্ধও নেই! তার চেয়ে বরং আগে দিহানের বিয়ে দিয়ে দিন।”
সবার মুখে হাসি থাকলেও গোলাপের মনটা কেমন যেন ছেত করে উঠল। শাপলার এই বিয়ের পুরো আয়োজন ও কথাবার্তাগুলো তার কাছে কেমন যেন একটু অদ্ভুত ও অমূলক ঠেকছিল। সবার ভিড় থেকে গোলাপ আস্তে করে বলে উঠল, “আচ্ছা চাচা, ছেলের বাড়ি থেকে কি কেউ এসে একবার শাপলাকে চোখের দেখা দেখে যাবে না?”
দিলোয়ার রহমান বললেন, “না রে মা, ছেলের বাবা তো পরিষ্কার বলেই দিয়েছে—মারুফের পছন্দ মানেই তাদেরও পছন্দ, তাই আলাদা করে দেখার আর কোনো দরকার নেই।”
এরপর সবাই যে যার মতো নিজেদের মধ্যে নানা কথা বলতে শুরু করল।
এদিকে টানা সতেরো ঘণ্টা পর অবশেষে নাফিসের একটা এসএমএস এসে পৌঁছাল দীপ্তির ফোনে। পড়াশোনার ফাঁকে ফাঁকে দীপ্তী এখন চুপিচুপি সেই মেসেজের উত্তর দিচ্ছে। আজ রাতেই নাকি নাফিস তার সাথে দেখা করতে চেয়েছে! কিন্তু দীপ্তী ভয়ে পরিষ্কার মানা করে দিয়েছে।
সে এসএমএসে লিখে পাঠাল—“আজ রাতে কোনোভাবেই দেখা করতে পারব না। কাল বিকেলে স্কুল ছুটির পর দেখা করব।”
নাফিস তখন নাছোড়বান্দা হয়ে দীপ্তির কাছে একটা আবদার বসল—সে যেন অন্তত তার কয়েকটা ছবি বা সেলফি তাকে পাঠায়। নাফিসের জোরাজুরিতে দীপ্তী শেষমেশ নিজের কয়েকটা সেলফি তুলে তাকে পাঠিয়ে দিল।
ঘড়ির কাঁটায় তখন রাত নয়টা।
আজ রাতের বেলা বাড়ির সবাই একসাথে বসে ডাইনিংয়ে খাচ্ছে—কারণ কাল সকালেই শাপলাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হতে হবে, সে রাজশাহী চলে যাবে পাকাপাকিভাবে। আগামী দুই মাস শাপলাকে ছাড়াই কাটাতে হবে ভেবে সবার মনে যেমন আনন্দের ঝিলিক আছে, তেমনি একটা চাপা কষ্টও কাজ করছে।
রূপম একটু আবেগপ্রবণ হয়ে বলল, “শাপলা, তুই রাজশাহী চলে গেলে আমরা কার সাথে ফাজলামো করব বল তো? কাকে ডেকে বলব ‘মিস কটকটি বেগম’?”
শাপলার মনটা তখন বিষাদে ভরে গেল। তবুও সে নিজেকে সামলে নিয়ে জোরপূর্বক হেসে বলল, “গোলাপ তো আছে! আমার সব শূন্যস্থান ও একাই পূরণ করে নেবে, রূপম ভাইয়া।”
রূপম দুষ্টু হাসি দিয়ে বলল, “সে তো বুঝলাম, কিন্তু গোলাপের তোর জায়গা পূরন করলে গোলাপ এর সেই জায়গাটা কি আর কেউ কখনো পূরণ করতে পারবে?” এভাবে হাসি খুশিতে রাতের খাবার চলতে লাগল।
খাওয়া দাওয়া শেষে মাসুদ রহমান নিজের রুম থেকে খাবার রুমে ফিরে এসে শাপলার হাতে সুন্দর একটা নতুন স্মার্টফোনের প্যাকেট বাড়িয়ে দিয়ে বললেন, “এই নে শাপলা, এটা তোর জন্য! আগেই তো তোকে বলেছিলাম না—ভালো জায়গায় চান্স পেলে তোর হাতে একটা নতুন ফোন তুলে দেব? এই দেখ, তোর সেই কথা আমি রেখেছি।”
বাবার হাত থেকে ফোনটা লুফে নিয়ে শাপলা আর নিজেকে ধরে রাখতে পারল না! সে খাওয়ার টেবিল থেকেই উঠে এসে সোজা বাবাকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে ফেলল। এই নতুন একটা ফোনের জন্য শাপলা কত দিন ধরে কত কান্নাই না করেছে! কিন্তু বর্তমানের এই খারাপের দুনিয়ায় বাবা-মা তো সহজে মেয়েদের হাতে স্মার্টফোন তুলে দিতে চান না।
দিহান তখন পরিবেশ হালকা করার জন্য দুষ্টুমি করে বলে উঠল, “আরে মিস কটকটি বেগম! এভাবে চোখের জল না ফেলে তাড়াতাড়ি খেয়ে নে তো! তোর ওই নতুন ফোন দিয়ে আজ রাতেই আমরা সবাই মিলে একটা ধামাকাদার সেলফি তুলব কিন্তু!”
চলবে....