ফন্ট সাইজ:
থিম:
তার অপেক্ষা

পর্ব 6

লেখক: mahima sultana

ষষ্ঠ পর্ব — দূরত্বের আড়ালে নতুন অধ্যায়

লন্ডনে আসার পর দেখতে দেখতে তিন দিন কেটে গেছে। রিদান খান নিজের ব্যবসায়িক কাজ আর একের পর এক মিটিং নিয়ে ভীষণ ব্যস্ত। সকাল থেকে রাত পর্যন্ত তার সময় কাটছে বিভিন্ন প্রজেক্টের হিসাব, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে আলোচনা এবং ব্যবসায়িক সিদ্ধান্তের মধ্যে।

তবে এত ব্যস্ততার মাঝেও চাটখিলের বাড়ির কাজের বিষয়টি সে ভুলে যায়নি।

একদিন সকালে নিজের অফিসের কক্ষে বসে ল্যাপটপে কাজ করছিল রিদান। এমন সময় তার সহকারী ভিডিও কলে যুক্ত হলো।

—স্যার, চাটখিলের বাড়ির কাজের আপডেট এসেছে। আপাতত কাজ ঠিকঠাকই চলছে।

রিদান ল্যাপটপের স্ক্রিন থেকে চোখ না সরিয়েই বলল,

—কাজের গতি বাড়াতে হবে।

—জি স্যার?

—যতজন শ্রমিক আছে, তার চেয়ে বেশি লোক নিয়োগ করো। প্রয়োজন হলে আলাদা কয়েকটা টিম তৈরি করো। আমি চাই, নির্ধারিত সময়ের আগেই বাড়ির কাজ শেষ হোক।

সহকারী একটু ভেবে বলল,

—স্যার, তাহলে খরচ কিছুটা বাড়বে।

এবার রিদান ল্যাপটপ থেকে চোখ তুলে তাকাল।

—টাকার চিন্তা তোমাকে করতে হবে না। কাজের মান যেন ঠিক থাকে। আর প্রতিদিন আমাকে আপডেট দেবে।

—জি, স্যার। আমি ব্যবস্থা করছি।

কথা শেষ করে রিদান কল কেটে দিল।

তারপর আবার নিজের কাজে মন দিল। আপাতত চাটখিলে ফিরে যাওয়ার কোনো পরিকল্পনা নেই তার। লন্ডনের কাজগুলো শেষ করতে হবে। বাবার রাজনৈতিক কিছু বিষয়েও তাকে পরামর্শ দিতে হবে। তাই অন্তত দুই মাস তাকে এখানেই থাকতে হবে।

অন্যদিকে, চাটখিলে বাড়ির কাজ ধীরে ধীরে এগিয়ে চলল। নতুন শ্রমিক যোগ হওয়ায় কাজের গতিও বেড়ে গেল। রিদানের সহকারী নিয়মিত সবকিছু দেখাশোনা করছিল।

এদিকে তাফিফার জীবনও আগের মতোই চলছিল।

কলেজ, বন্ধুদের সঙ্গে আড্ডা, বাড়ি ফিরে উপন্যাস পড়া—এই নিয়েই তার দিন কাটে। মাঝে মাঝে বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়া, ফুচকা খাওয়া আর ছোটখাটো দুষ্টুমি তো আছেই।

সেদিন রাতে নিজের ঘরে বসে নতুন কেনা একটি উপন্যাস পড়ছিল তাফিফা। গল্পের এক জায়গায় এসে সে এতটাই মগ্ন হয়ে গেল যে পাশের ঘর থেকে মায়ের ডাকও প্রথমে শুনতে পেল না।

—তাফিফা! এই তাফিফা!

দ্বিতীয়বার ডাক শুনে বই থেকে মুখ তুলল সে।

—জি, আম্মু!

—কতক্ষণ ধরে ডাকছি! খাওয়ার সময় হয়েছে, বইটা রেখে নিচে আয়।

—আচ্ছা আসছি!

বইয়ের পাতা ভাঁজ করে রেখে সে নিচে চলে গেল।

তার জীবনে তখনো কোনো নতুন অধ্যায় শুরু হয়নি। অথচ দূরের এক শহরে বসে একজন মানুষ অজান্তেই তার জীবনের সঙ্গে নিজের গল্প জড়িয়ে ফেলছিল।

---

দুই মাস পর।

লন্ডনের কাজ শেষ করে অবশেষে ঢাকায় ফিরল রিদান খান।

বিমানবন্দর থেকে সরাসরি সে খান বাড়িতে গেল। দীর্ঘদিন পর ছেলেকে কাছে পেয়ে সাফরিন খান বেশ খুশি হলেন।

—বাবা, এতদিন পর এলি! শরীর ঠিক আছে তো?

—হ্যাঁ, মা।

—কাজকর্ম সব শেষ হয়েছে?

—মোটামুটি।

সাফরিন খান ছেলের দিকে তাকিয়ে মৃদু হাসলেন।

—তুই সব সময় কাজ আর কাজ নিয়েই থাকিস। নিজের জন্যও একটু সময় রাখবি।

রিদান মায়ের কথার কোনো উত্তর দিল না। শুধু নিজের ঘরের দিকে এগিয়ে গেল।

সন্ধ্যায় খাবার টেবিলে বসে পরিবারের সঙ্গে কিছুক্ষণ সময় কাটাল সে। বাবা ব্যবসা ও রাজনৈতিক কাজের কিছু বিষয় নিয়ে কথা বললেন। রিদান মনোযোগ দিয়ে সব শুনল, প্রয়োজনীয় জায়গায় নিজের মতামতও দিল।

পরদিন সকালেই সে অফিসে চলে গেল।

দুই মাসের জমে থাকা কাজগুলো গুছিয়ে নিতে কয়েক দিন ব্যস্ত থাকতে হলো তাকে। এরই মধ্যে নতুন একটি প্রজেক্ট নিয়ে আলোচনা শুরু হলো। প্রজেক্টটির জন্য চাটখিলের আশপাশের এলাকায় কিছু জমি ও ব্যবসায়িক সম্ভাবনা যাচাই করার প্রয়োজন দেখা দিল।

মিটিং শেষে সহকারী ফাইল হাতে নিয়ে রিদানের কক্ষে এল।

—স্যার, নতুন প্রজেক্টের জন্য কয়েকটা লোকেশন বাছাই করেছি। এর মধ্যে চাটখিলের একটা জায়গা বেশ ভালো মনে হচ্ছে।

চাটখিল নামটা শুনে রিদান এক মুহূর্তের জন্য থেমে গেল।

তারপর স্বাভাবিক গলায় বলল,

—বিস্তারিত দেখাও।

সহকারী ফাইল খুলে বিভিন্ন তথ্য দেখাতে লাগল। রিদান মনোযোগ দিয়ে সব দেখল। প্রজেক্টের হিসাব অনুযায়ী জায়গাটি যথেষ্ট উপযুক্ত।

—ঠিক আছে। লোকেশনটা সরেজমিনে দেখতে হবে। আগামী সপ্তাহে চাটখিল যাওয়ার ব্যবস্থা করো।

—জি, স্যার।

সহকারী বেরিয়ে যাওয়ার পর রিদান কিছুক্ষণ ফাইলটির দিকে তাকিয়ে রইল।

দুই মাস।

পুরো দুই মাস সে চাটখিলে যায়নি। বাড়ির কাজের খবর নিয়েছে, ছবি দেখেছে, প্রয়োজনীয় নির্দেশ দিয়েছে। কিন্তু নিজে সেখানে যাওয়া হয়নি।

অবশেষে আবার যাওয়ার একটা কারণ তৈরি হলো।

---

পরের সপ্তাহে সকালবেলা রিদানের গাড়ি ঢাকার উদ্দেশ্যে নয়, চাটখিলের দিকে রওনা হলো।

গাড়িতে বসে সে ল্যাপটপে কিছু কাজ করছিল। পাশে সহকারী প্রজেক্টের কাগজপত্র নিয়ে বসে ছিল।

—স্যার, চাটখিলে পৌঁছাতে আর বেশি সময় লাগবে না।

রিদান সংক্ষিপ্তভাবে বলল,

—হুম।

কিছুক্ষণ পর সহকারী আবার বলল,

—আর স্যার, আপনার বাড়ির কাজও প্রায় অনেকটা এগিয়ে গেছে। নতুন টিম যোগ হওয়ার পর কাজের গতি বেশ বেড়েছে।

রিদান এবার জানালার বাইরে তাকাল।

—আজকে গিয়ে দেখে আসব।

দুপুরের দিকে তারা চাটখিলে পৌঁছাল। প্রথমে প্রজেক্টের জন্য নির্ধারিত জায়গাটি ঘুরে দেখল। এরপর রিদান নিজের বাড়ির নির্মাণকাজ দেখতে গেল।

বাড়ির সামনে গাড়ি থামতেই সে নেমে পড়ল।

শ্রমিকেরা নিজেদের কাজে ব্যস্ত। কেউ দেয়ালের কাজ করছে, কেউ আবার অন্য অংশে। রিদান পুরো জায়গাটা ঘুরে দেখল। কয়েকটি বিষয় নিয়ে ঠিকাদারকে নির্দেশ দিল।

সবকিছু দেখে সে সন্তুষ্ট হলো।

কাজ শেষ করে গাড়িতে ওঠার আগে সহকারীকে বলল,

—কাল সকালে আবার এখানে আসব। আজকের বাকি কাজগুলো শেষ করে আমাকে রিপোর্ট দেবে।

—জি, স্যার।

গাড়ি আবার চলতে শুরু করল।

---

পরদিন।

কলেজে সেদিন তাফিফার ক্লাস একটু দেরিতে শেষ হলো। বের হওয়ার সময় তার এক বান্ধবী বলল,

—চল, আজকে একটু সামনে যাই। নতুন একটা দোকান হয়েছে, দেখবি?

তাফিফা ব্যাগটা কাঁধে নিয়ে বলল,

—চল। তবে বেশি দেরি করা যাবে না। আম্মু আবার বকা দিবে।

বন্ধুরা হাসতে হাসতে কলেজের সামনের রাস্তা ধরে হাঁটতে লাগল।

তাফিফা হাঁটতে হাঁটতে এক বান্ধবীর সঙ্গে গল্প করছিল। এমন সময় রাস্তার পাশ থেকে পরিচিত একটি ছেলের কণ্ঠ ভেসে এল।

—এই তাফিফা!

তাফিফা ঘুরে তাকাল।

ছেলেটি তার কলেজেরই পরিচিত। মাঝেমধ্যে কলেজের বিভিন্ন কাজে কথা হয়। তাফিফা স্বাভাবিকভাবেই তার সঙ্গে কথা বলল।

—কী হয়েছে?

—একটু দাঁড়াও। তোর কাগজটা নিয়ে যা।

—কোনটা?

ছেলেটি ব্যাগ থেকে কয়েকটি কাগজ বের করল। সেই কাগজটি তাফিফাকে দিল। কাগজটি তাফিফার ছিল।

তাফিফা কাগজটা নিয়ে চলে যেতে চাইলো।

ঠিক তখনই আরেকজন ছেলে এসে তাকে ডাক দিল। সে তাফিফার পরিচিত জুনিয়র। কোনো একটি বিষয় নিয়ে তারা কথা বলতেছিল ।

তাফিফা তার কথাও মনোযোগ দিয়ে শুনল।

দূর থেকে দৃশ্যটা দেখলে মনে হতো, তিনজন বেশ স্বাভাবিকভাবেই কথা বলছে। কিন্তু রাস্তার অন্য পাশে দাঁড়িয়ে থাকা কালো গাড়িটির ভেতরে বসা একজনের কাছে দৃশ্যটা মোটেও স্বাভাবিক লাগছিল না।

রিদান খান।

প্রজেক্টের কাজ শেষে ফেরার পথে গাড়িটি সেখানে থেমেছিল। সহকারী তখন একটি ফোনে কথা বলছিল।

রিদানের চোখ পড়েছিল তাফিফার ওপর।

প্রথমে সে কিছু বলল না। শুধু তাকিয়ে রইল।

কিছুক্ষণ পর দেখল, তাফিফা ছেলেটির দিকে তাকিয়ে হাসছে। আবার জুনিয়র ছেলেটির প্রশ্নের উত্তরও বেশ মনোযোগ দিয়ে দিচ্ছে।

রিদানের কপালে ভাঁজ পড়ল।

—ওই ছেলেটা কে?

সহকারী ফোনের কথা শেষ করে তাকাল।

—কোন ছেলেটা, স্যার?

রিদান চোখের ইশারায় সামনে দেখাল।

সহকারী একবার তাকিয়ে বলল,

—মনে হয় কলেজের কেউ হবে, স্যার।

রিদান আর কিছু বলল না।

তার চোখ তখনো ওদের দিকেই।

কিছুক্ষণ পর তাফিফা বন্ধুদের সঙ্গে সেখান থেকে চলে গেল। রিদানও জানালার বাইরে থেকে চোখ সরিয়ে নিল।

নিজের মনেই বিরক্ত হয়ে ভাবল,

সবার সঙ্গেই এত হাসিমুখে কথা বলতে হয় নাকি?

ভাবনাটা আসতেই সে নিজেই একটু থমকে গেল।

তাফিফা কার সঙ্গে কথা বলবে, কার সঙ্গে হাসবে—এসব নিয়ে তার এত মাথাব্যথা কেন?

সে তো মেয়েটির কেউ নয়।

তবুও বিষয়টা তার ভালো লাগল না।

---

বিকেলের দিকে রিদান নতুন প্রজেক্টের একটি মিটিংয়ে গেল। সেখানে স্থানীয় কয়েকজন ব্যবসায়ী ও দায়িত্বশীল ব্যক্তি উপস্থিত ছিলেন।

মিটিং চলাকালে একজন ব্যক্তি প্রজেক্টের একটি বিষয় নিয়ে আপত্তি তুললেন। রিদান মনোযোগ দিয়ে তার কথা শুনল। এরপর শান্ত গলায় নিজের বক্তব্য তুলে ধরল।

—আমি বুঝতে পারছি আপনার আপত্তির জায়গাটা কোথায়। তবে প্রজেক্টের কাগজপত্র অনুযায়ী এখানে কোনো অনিয়মের সুযোগ নেই। প্রয়োজন হলে সংশ্লিষ্ট সব নথি আপনাদের সামনে উপস্থাপন করা হবে।

লোকটি আবারও কিছু বলতে যাচ্ছিলেন। ঠিক তখনই রিদানের সহকারী কয়েকটি কাগজ সামনে এগিয়ে দিল।

রিদান সেগুলো টেবিলে রাখল।

—আরেকটা বিষয় পরিষ্কার করে দিই। এই প্রজেক্ট নিয়ে কারও ব্যক্তিগত স্বার্থের কারণে কোনো বাধা তৈরি হলে সেটা আমি মেনে নেব না। আইনগতভাবে যা করার, সেটাই করা হবে।

তার কণ্ঠে কোনো উচ্চস্বরে রাগ ছিল না। কিন্তু কথাগুলোর দৃঢ়তা উপস্থিত সবাইকে চুপ করিয়ে দিল।

মিটিং শেষে একজন স্থানীয় ব্যক্তি সহকারীকে আলাদা করে বললেন,

—আপনাদের স্যারকে আগে দেখিনি। কিন্তু ওনার পরিবারের নাম তো শুনেছি। খান পরিবারের সঙ্গে কাজ করা সহজ বিষয় নয়।

সহকারী শুধু মৃদু হাসল।

রিদান এসব কথা শুনেও কোনো প্রতিক্রিয়া দেখাল না।

তার পরিচয় ও পরিবারের প্রভাব সম্পর্কে অনেকেই জানে। তবে সে নিজের কাজের ক্ষেত্রে অপ্রয়োজনীয় পরিচয় ব্যবহার করতে পছন্দ করে না।

------

সেদিন বিকেলে প্রাইভেট শেষ হতে একটু দেরি হয়ে গিয়েছিল তাফিফার। ক্লাস শেষ হওয়ার পর বান্ধবীদের সঙ্গে কিছুক্ষণ গল্প করতে করতে কলেজের সামনের রাস্তা ধরে হাঁটছিল সে।
এক বান্ধবীকে নিয়ে হাসাহাসি করতে করতে এগোচ্ছিল তারা। তাফিফার হাতে একটা বই আর কাঁধে ব্যাগ। তার স্বভাবটাই এমন—নিজের পরিচিত মানুষদের সঙ্গে থাকলে বেশ চঞ্চল, হাসিখুশি। কিন্তু অপরিচিত কোনো ছেলে সামনে পড়লে হঠাৎ করেই কেমন চুপ হয়ে যায়।
রাস্তার একটু সামনে কয়েকজন ছেলে দাঁড়িয়ে ছিল। তাদের মধ্যে একজন তাফিফাকে দেখে পাশের বন্ধুকে কিছু একটা বলল। তারপর ইচ্ছা করেই একটু জোরে হেসে উঠল।
তাফিফা কথাগুলো শুনতে পেয়েছিল। কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখাল না। বান্ধবীর সঙ্গে কথা বলতে বলতে সামনে এগিয়ে গেল।
কিন্তু ছেলেগুলো যেন আজ তাদের পিছু ছাড়বে না।
তাফিফা আর তার বান্ধবী কিছুটা সামনে এগিয়ে যাওয়ার পরই তাদের একজন সামনে এসে দাঁড়াল।

—এই যে, একটু শুনবেন?

চলবে..

---

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 6 শেষ করেছেন।

আগের পর্ব উপন্যাস সমাপ্ত

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন