প্রণয়ের প্রতিচ্ছবি
দ্বিতীয় পর্ব:
ক্লাসের প্রথম দিনেই আনায়ার মনে হলো, আজকের দিনটা হয়তো একটু অন্যরকম হতে চলেছে।
আরিয়ান স্যার বোর্ডে কয়েকটি ইংরেজি বাক্য লিখে শিক্ষার্থীদের দিকে তাকালেন।
“আজ আমরা খুব সাধারণ একটি বিষয় শিখব—Present Tense। তবে শুধু মুখস্থ করলে হবে না, বুঝে শিখতে হবে। বুঝতে পেরেছ?”
সবাই একসঙ্গে উত্তর দিল, “জি, স্যার।”
আরিয়ান স্যার এবার ক্লাসের দিকে তাকিয়ে বললেন, “কেউ কি বলতে পারবে, Present Indefinite Tense-এর একটি উদাহরণ?”
ক্লাসে নীরবতা নেমে এল। আনায়া বইয়ের দিকে তাকিয়ে উত্তরটা মনে করার চেষ্টা করছিল। কিন্তু ভয়ে হাত তুলতে পারছিল না।
হঠাৎ পাশ থেকে নীলা ফিসফিস করে বলল, “বল না, তুই তো জানিস!”
আনায়া একটু সাহস করে হাত তুলল।
“জি, বলো।”
“স্যার, I read a book.”
আরিয়ান স্যার মৃদু মাথা নাড়লেন।
“Good. Very good. এবার বলো, বাক্যটির বাংলা অর্থ কী?”
“আমি একটি বই পড়ি।”
“ঠিক বলেছ। এভাবেই চেষ্টা করবে। ভুল হলেও সমস্যা নেই, ভুল থেকেই শেখা যায়।”
আনায়ার মুখে ছোট্ট একটা হাসি ফুটে উঠল। অনেক দিন পর ক্লাসে কোনো শিক্ষক তার উত্তর শুনে প্রশংসা করলেন।
ক্লাস শেষে সবাই যখন বেরিয়ে যাচ্ছিল, নীলা আনায়ার কাছে এসে বলল, “দেখেছিস! নতুন স্যার কিন্তু বেশ ভালো পড়ান।”
আনায়া মৃদু হেসে বলল, “হ্যাঁ, বুঝিয়ে পড়ান। আমারও ভালো লেগেছে।”
নীলা বলল, “তাহলে কাল থেকে নিয়মিত আসবি। একা একা পড়াশোনা করে আর কত দিন?”
আনায়া কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, “ইচ্ছে তো করে, নীলা। কিন্তু বাসার কাজ শেষ করতে করতেই সময় চলে যায়। পড়ার সময়ই পাই না।”
নীলার মুখটা মলিন হয়ে গেল।
“তোর জন্য খারাপ লাগে রে। তুই এত ভালো পড়তে চাস, অথচ…”
আনায়া কথাটা শেষ করতে দিল না।
“থাক, এসব বাদ দে। চল, বাসায় যেতে হবে।”
কলেজের গেট পেরিয়ে আনায়া একবার পেছনে তাকাল। তার মনে হলো, হয়তো আজ থেকেই তার জীবনে নতুন একটা অধ্যায় শুরু হলো। সে জানে না সামনে কী অপেক্ষা করছে, তবে একটা সিদ্ধান্ত সে নিয়ে ফেলেছে—যত বাধাই আসুক, পড়াশোনাটা সে ছাড়বে না।
অন্যদিকে, ক্লাসরুমে নিজের বইপত্র গুছিয়ে নিচ্ছিলেন আরিয়ান। নতুন কলেজ, নতুন শিক্ষার্থী—সবকিছুই তার কাছে নতুন। তিনি জানতেন না, এই সাধারণ দিনের ছোট্ট ঘটনাগুলো ভবিষ্যতে কত বড় পরিবর্তনের অংশ হয়ে উঠবে।
বাড়ি ফেরার পথে আনায়ার ফোনে নীলার মেসেজ এল—
নীলা: কাল কিন্তু কলেজে আসবি।
আনায়া: চেষ্টা করব।
নীলা: চেষ্টা না, আসতেই হবে!
আনায়া: আচ্ছা, দেখা যাক।
মেসেজের উত্তর দিয়ে আনায়া ফোনটা ব্যাগে রেখে দিল।
কিন্তু বাড়িতে পৌঁছানোর পরই তার অপেক্ষায় ছিল পরিচিত ব্যস্ততা
বাড়ির দরজা খুলতেই আনায়া বুঝতে পারল, আজও তার জন্য কোনো স্বস্তি অপেক্ষা করছে না।
“এতক্ষণ কোথায় ছিলি?”
রান্নাঘর থেকে সুফিয়া বেগমের কড়া কণ্ঠ ভেসে এল।
আনায়া ব্যাগটা নামিয়ে শান্ত গলায় বলল, “কলেজে ছিলাম, আম্মু।”
“কলেজে ছিলি, নাকি ঘুরে বেড়াচ্ছিলি? বাড়ির কাজগুলো কি আমি একা করব?”
না, আমি এখনই করে দিচ্ছি।”
কথাটা বলেই আনায়া দ্রুত রান্নাঘরের দিকে এগিয়ে গেল।
সকালের বাসনগুলো তখনো ধোয়া হয়নি। দুপুরের খাবারের পাত্রগুলোও রান্নাঘরের একপাশে পড়ে আছে। আনায়া চুপচাপ সব কাজে হাত লাগাল।
কাজ করতে করতেই তার মনে পড়ল আজকের ক্লাসের কথা। বিশেষ করে আরিয়ান স্যারের পড়ানোর ধরনটা।
মনে মনে Present Indefinite Tense-এর উদাহরণগুলো আওড়াতে লাগল।
“আমি বই পড়ি... I read a book...”
হঠাৎ সুফিয়া বেগমের কণ্ঠে তার ভাবনার ছেদ পড়ল।
“কী বিড়বিড় করছিস?”
“কিছু না, আম্মু। পড়াটা মনে করছিলাম।”
“আবার পড়া! আগে বাড়ির কাজ শেখ। পড়াশোনা করে কী হবে?”
আনায়া আর কোনো উত্তর দিল না।
অন্যদিকে, কলেজে...
নিজের কক্ষে বসে কিছু খাতা দেখছিলেন আরিয়ান। এমন সময় দরজায় টোকা পড়ল।
“May I come in, sir?”
আরিয়ান মাথা তুলে তাকালেন।
“Come in.”
একজন সহকর্মী ভেতরে এসে বললেন, “আরিয়ান, নতুন কলেজ কেমন লাগছে?”
“ভালোই। শিক্ষার্থীরাও বেশ মনোযোগী।”
আজকের ক্লাস কেমন হলো?”
আরিয়ান হালকা হেসে বললেন, “ভালো। তবে একজন শিক্ষার্থীকে একটু আলাদা মনে হলো। খুব চুপচাপ, কিন্তু উত্তরটা বেশ সুন্দর দিয়েছে।”
সহকর্মী মজা করে বললেন, “ওহ! প্রথম দিনেই শিক্ষার্থীদের নাম মনে রাখতে শুরু করেছেন দেখছি!”
আরিয়ান হেসে বললেন, “আরে না, তেমন কিছু নয়।”
তিনি আবার খাতার দিকে মনোযোগ দিলেন।
রাত ১০টা।
সব কাজ শেষ করে আনায়া নিজের ছোট্ট ঘরটায় এল।
পুরোনো টেবিলের ওপর বইগুলো সাজানো। পাশে একটা ছোট ডায়েরি।
সে ডায়েরিটা খুলে লিখল—
“আজ কলেজে খুব ভালো একটা দিন কেটেছে। নতুন ইংরেজি স্যার খুব সুন্দর করে পড়ান। অনেক দিন পর মনে হলো, আমিও হয়তো ভালো কিছু করতে পারব। জানি না কতটা পারব, কিন্তু চেষ্টা চালিয়ে যাব।”
লেখা শেষ করে ডায়েরিটা বন্ধ করল আনায়া।
তারপর বই খুলে পড়তে বসল।
কিন্তু সে জানত না, আগামীকাল কলেজে তার জন্য অপেক্ষা করছে এক নতুন ঘটনা।
পরদিন সকাল...
কলেজের গেটে ঢুকতেই নীলা দৌড়ে তার কাছে এল।
“এই আনায়া! জানিস, আজ কী হয়েছে?”
আনায়া অবাক হয়ে বলল, “কী হয়েছে?”
নীলা একটু রহস্যময় হাসি দিয়ে বলল—
“আজ নাকি আমাদের ইংরেজি স্যার একটা নতুন অ্যাসাইনমেন্ট দেবেন। আর সেটা করতে হবে জোড়ায় জোড়ায়!”
আনায়া বলল, “তো? এতে এত অবাক হওয়ার কী আছে?”
নীলা তার হাত ধরে বলল—
“অবাক হওয়ার বিষয়টা এখনো বলিনি। আমাদের পার্টনার স্যার নিজেই ঠিক করে দেবেন!”
আনায়া কিছু বলার আগেই কলেজের ঘণ্টা বেজে উঠল।
দুজনেই ক্লাসরুমের দিকে এগিয়ে গেল।
ক্লাসে ঢুকেই আনায়া দেখল, আরিয়ান স্যার ইতিমধ্যে এসে গেছেন। তিনি সবার দিকে তাকিয়ে বললেন, “আজকের অ্যাসাইনমেন্টের পার্টনার আমি নিজেই ঠিক করে দেব।” কথাটা শুনে আনায়ার বুকের ভেতর কেমন যেন অজানা কৌতূহল জাগল। আরিয়ান স্যার এবার খাতাটা হাতে নিয়ে নাম ডাকা শুরু করলেন। হঠাৎ তিনি বললেন, “আনায়া ইসলাম রাফা
চলবে...