পর্ব ২
#তুমি_কারো_নও
#লেখিকা_মিশু (মোহান)
----
সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলো তাসিফা। আজ তার মনটা বেশ ফুরফুরে। কারণ, আজ ভার্সিটিতে তার প্রথম দিন!
রাতে উত্তেজনায় ঠিকমতো ঘুমাতে পারেনি সে। নতুন জায়গা, নতুন পরিবেশ, নতুন কিছু মানুষের সঙ্গে পরিচয়, সব মিলিয়ে মনের মধ্যে অন্য রকম একটা অনুভূতি কাজ করছে। আনন্দ হচ্ছে, আবার অল্পস্বল্প নার্ভাসও লাগছে। ঢাকার তেমন কিছুই চেনা নেই তার। চিনবেই বা কীভাবে? এত দিন তারা গ্রামেই ছিল।তাসিফার জন্যই সবাই গ্রাম ছেড়ে ঢাকায় এসে বাসা ভাড়া নিয়ে থাকতে শুরু করেছে। মেয়ের ভবিষ্যতের কথা ভেবে আলমগীর আলম ঢাকায় নতুন ব্যবসাও শুরু করেছেন।
সবকিছুই তাসিফার কাছে এখনো নতুন। তবে নতুন এই জীবনের শুরুটা নিয়ে তার আগ্রহের কমতি নেই।
সবুজ রঙের চুড়িদার পরেছে তাসিফা। চুলগুলো সুন্দর করে বেণি করে নিয়েছে। মুখে সামান্য সানস্ক্রিন আর ঠোঁটে নুড কালারের লিপস্টিক। সাজ বলতে এটুকুই। তাতেই তাকে বেশ মিষ্টি দেখাচ্ছে।
কাঁধে টোট ব্যাগ ঝুলিয়ে নিজের রুম থেকে বেরিয়ে এল তাসিফা। ডাইনিংয়ে এসে দেখল, আয়রা বেগম নাশতা পরিবেশন করছেন।
মেয়েকে দেখে তিনি বললেন,
-"কিরে, বলদের মতো দাঁড়িয়ে আছিস কেন? আয়, বসে পড়। নাশতা খেয়ে নে।"
তাসিফা আর দেরি করল না। মায়ের কথা শুনে চুপচাপ চেয়ারে বসে পড়ল। আজ প্রথম দিন বলে এমনিতেই একটু আগে বের হতে হবে। তার ওপর ঢাকার রাস্তাঘাটও ভালো করে চেনা নেই। তাই সময়মতো পৌঁছানো নিয়ে মনে মনে একটু চিন্তা হচ্ছে তার।
আলমগীর আলম মেয়ের দিকে তাকিয়ে বললেন,
-"তাসিফা মামণি, সাবধানে যাবে। আর ভার্সিটিতে গিয়ে মন দিয়ে পড়াশোনা করবে, ঠিক আছে?"
তাসিফা বাবার দিকে তাকিয়ে মাথা নেড়ে সম্মতি জানাল।
-"আচ্ছা, বাবা।"
আলমগীর আলম আবারও বললেন,
-"আজ আমি তোমাকে দিয়ে আসব? প্রথম দিন, নতুন জায়গা। একা যেতে কোনো সমস্যা হবে না তো?"
-"আরে না, বাবা! আমি একাই যেতে পারব। তুমি চিন্তা কোরো না। কোনো সমস্যা হলে তোমাকে কল করব।"
মেয়ের আত্মবিশ্বাস দেখে আলমগীর আলম আর জোর করলেন না।
এদিকে নাশতা শেষ করে উঠে দাঁড়ানোর আগেই আয়রা বেগম তাসিফার কাছে এগিয়ে এলেন। মেয়ের মাথায় হাত রেখে দোয়া-দরুদ পড়ে ফুঁ দিয়ে দিলেন।
-"সাবধানে যাবি। আর বাসা থেকে বের হওয়ার আগে আয়াতুল কুরসি পড়ে নিবি। নতুন জায়গা, তাই একটু বুঝেশুনে চলাফেরা করবি।"
-"আচ্ছা, মা।"
মায়ের কথা মতো আয়াতুল কুরসি পড়ে নিলো তাসিফা। তারপর ব্যাগটা কাঁধে ঠিক করে নিয়ে দুজনের দিকে তাকাল। মুখে তার মিষ্টি হাসি।
-"আমি তাহলে আসি?"
-"যা, সাবধানে যাস।" বললেন আয়রা বেগম।
দুজনের কাছ থেকে বিদায় নিয়ে অবশেষে বাসা থেকে বেরিয়ে পড়ল তাসিফা।
----
ভার্সিটিতে প্রথম দিন এসেই র্যাগিংয়ের শিকার হলো তাসিফা।
তার সামনে দাঁড়িয়ে আছে তিনজন মেয়ে। তিনজনের পরনেই ওয়েস্টার্ন পোশাক। তাদের মধ্যে একজন তাসিফার দিকে তাকিয়ে বলল,
-"তোমাকে একটা কাজ দেব। সেটা করতে হবে।"
তাসিফা একটু ঘাবড়ে গেল। নতুন ভার্সিটি, তার ওপর প্রথম দিনেই এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে, তা সে কল্পনাও করেনি।
-"কী কাজ, আপু?"
পাশে দাঁড়িয়ে থাকা আরেকটি মেয়ে আঙুল তুলে দূরে দাঁড়িয়ে থাকা একটি ছেলেকে দেখাল।
-"ওই যে ব্রাউন কালারের পোলো টি-শার্ট পরা ছেলেটাকে দেখতে পাচ্ছ না? ওকে গিয়ে লাভ ইউ বলতে হবে।"
তাসিফা মেয়েটির দেখানো দিকে তাকাতেই চোখ দুটো ছানাবড়া হয়ে গেল।
কী! এই খ্যাক খ্যাকওয়ালা লোকটাকে লাভ ইউ বলতে হবে? এর চেয়ে ভালো তো মাটির সঙ্গে মিশে যাওয়া। কিন্তু দাঁড়াও, এই লোক আবার এই ভার্সিটিতে পড়ে নাকি?
তাসিফা তখনো মনে মনে নিজের দুর্ভাগ্যকে দোষারোপ করছে। এমন সময় প্রথম মেয়েটি ধমকের সুরে বলে উঠল,
-"হেই, তোমাকে যা বলেছি, সেটা করো।"
তাসিফা ইতস্তত করে বলল,
-"আমি পারব না, আপু। অন্য কিছু করতে বলুন।"
মেয়েটি এবার চোখমুখ শক্ত করে তাকাল।
-"যদি না করো, তাহলে তোমাকে ভার্সিটি থেকে বের করে দেব। ইউ নো হোয়াট? মাই ড্যাড ইজ অ্যান এমপি। তোমাকে বের করতে আমার এক সেকেন্ডও লাগবে না।"
পাশের মেয়েটি হেসে উঠল।
-"থাক, রিদি! এভাবে বলিস না। পরে আবার ভয়ে কেঁদে দেবে।"
কথাটা বলেই তিনজন একসঙ্গে হো হো করে হেসে উঠল।
তাসিফার ইচ্ছে করছিল, এক্ষুনি এখান থেকে পালিয়ে যায়। কিন্তু মেয়েগুলোর হুমকির কথা ভেবে সাহস পাচ্ছে না। শেষমেশ আর কোনো উপায় না পেয়ে অনিচ্ছাসত্ত্বেও জুয়িনের দিকে এগিয়ে গেল সে।
এদিকে মেয়েগুলোর মুখে শয়তানি হাসি। জুয়িনের স্বভাব সম্পর্কে তারা বেশ ভালোভাবেই জানে। এর আগেও অনেক মেয়ে তাকে প্রপোজ করেছে, আর প্রতিবারই জুয়িন সবার সামনে তাদের ধমক দিয়ে অপমান করেছে। এবারও যে এর ব্যতিক্রম হবে না, তা নিয়ে তাদের বিন্দুমাত্র সন্দেহ নেই।
তাসিফা ছোট ছোট পা ফেলে জুয়িনের সামনে গিয়ে দাঁড়াল। জুয়িনের পাশে দাঁড়িয়ে আছে সিয়াম আর রিদ।
তাসিফাকে এভাবে সামনে এসে দাঁড়াতে দেখে সিয়াম ভ্রু তুলে বলল,
-"কোনো সমস্যা আপু?"
সিয়ামের কথা শুনে জুয়িনও মুখ ফিরিয়ে তাসিফার দিকে তাকাল।
তাসিফা একবার জুয়িনের মুখের দিকে তাকাল। তারপর মনে সাহস সঞ্চয় করে সরাসরি তার চোখের দিকে তাকিয়ে বলে উঠল,
-"লাভ ইউ!"
কথাটা বলেই নিজের হাত দিয়ে মুখ চেপে ধরল সে।
জুয়িন ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। মেয়েটার এমন কাণ্ডে প্রথমে কিছুটা অবাক হলেও পরক্ষণেই তার দৃষ্টি আটকে গেল তাসিফার চোখ দুটোয়। এই মেয়ের চোখ এত সুন্দর কেন? নিজের অজান্তেই কয়েক মুহূর্তের জন্য থমকে গেল জুয়িন।
কিন্তু পাশ থেকে সিয়ামের হৈচৈয়ে তার ভাবনায় ছেদ পড়ল।
-"এসেছে আরো একজন ধমক খেতে।"
সিয়ামের কথা শুনে রিদও মুচকি হাসল। তবে জুয়িনের মুখের ভাব বদলাল না। সে ভ্রু কুঁচকে তাসিফার দিকে তাকিয়ে প্রশ্ন করল,
-"কে পাঠিয়েছে তোকে?"
তাসিফা এবার যেন নিজের ভয়টুকু ভুলে গেল। চোখমুখ শক্ত করে বলল,
-"এই আপনি আবারও আমাকে 'তুই' বলে ডাকছেন!"
জুয়িন দুই হাত বুকের ওপর আড়াআড়ি রেখে নির্বিকার গলায় বলল,
-"মাই উইশ। কাউকে কৈফিয়ত দিতে পছন্দ করি না।"
তাসিফা মনে মনে জুয়িনকে একগাদা গালি দিল। লোকটার কথাবার্তা শুনলে মনে হয়, দুনিয়ার সব অভদ্রতা যেন একাই নিজের মধ্যে ধারণ করে রেখেছে।
এবার রিদ কৌতূহলী হয়ে দুজনের দিকে তাকাল।
-"জুয়িন, তোরা দুজন দুজনকে চিনিস নাকি?"
জুয়িন সংক্ষিপ্তভাবে উত্তর দিল,
-"কাল তোদের এই মেয়ের কথাই বলেছিলাম।"
কথাটা শুনে সিয়াম আর রিদ দুজনেই হৈ হৈ করে উঠল। তাদের উচ্ছ্বাসের কারণ বুঝতে না পেরে তাসিফা বোকার মতো তাকিয়ে রইল।
কাল তার কথা বলেছে মানে? কী কথা বলেছে? আর এই দুজন এমন লাফাচ্ছে কেন?
কিছুই বুঝতে না পেরে তাসিফা জুয়িনের দিকে তাকিয়ে প্রশ্ন করল,
-"আমার কী কথা বলেছেন আপনি?"
জুয়িন বিরক্তির সুরে বলল,
-"মুড নেই বলার। আর ক্লাসে যা। আমার সামনে আর আসবি না।"
কথাটা শুনে তাসিফার মুখটা অপমানে লাল হয়ে উঠল। আর এক মুহূর্তও সেখানে দাঁড়াল না সে। দ্রুত পায়ে সেখান থেকে চলে গেল নিজের ক্লাসের দিকে।
ক্লাসে পৌঁছেই মনে মনে জুয়িনকে একের পর এক গালি দিতে লাগল তাসিফা।
কী সাংঘাতিক বেয়াদব লোক রে বাবা! আমাকে বলে কি না, তার সামনে আর যেতে না! হুহ! যেন আমি খুব আগ্রহ নিয়ে তার সামনে যাই! বয়ে গেছে আমার তার সামনে পড়তে।
রাগে গজগজ করতে করতেই হঠাৎ তাসিফার মাথায় একটা দুষ্টু বুদ্ধি খেলে গেল। মুহূর্তেই তার মুখে ফুটে উঠল শয়তানি হাসি।
----
ক্লাস শেষ হতেই তাসিফা ক্যান্টিনে চলে এল। সকাল থেকে এত কিছু ঘটে গেছে যে, এখন তার ভীষণ খিদে পেয়েছে। তাই পছন্দমতো একটা স্যান্ডউইচ নিয়ে ক্যান্টিনের এক পাশে বসে পড়ল সে।
মাত্রই স্যান্ডউইচে কামড় দিতে যাবে, এমন সময় সকালের সেই তিনটি মেয়েকে আবার সামনে এসে দাঁড়াতে দেখল তাসিফা।
তার হাতটা মাঝপথেই থেমে গেল। আবার কী হলো? এরা কি তাকে শান্তিতে খেতেও দেবে না?
তাসিফা কিছু বলার আগেই রিদি প্রশ্ন করল,
-"বলেছ 'লাভ ইউ'?"
তাসিফা সোজা হয়ে বসে মাথা নেড়ে বলল,
-"জ্বি।"
রিদি চোখ সরু করে তাকাল।
-"মিথ্যে কেন বলছো?"
তাসিফা অবাক হওয়ার ভান করে বলল,
-"মিথ্যে কেন বলব, আপু?"
-"তুমি তাকে ‘লাভ ইউ’ বললে, আর সে তোমাকে কিছু বলল না?"
-"হ্যাঁ, বলেছে তো।"
তাসিফার উত্তর শুনে তিনজনই পরস্পরের মুখের দিকে তাকাল। রিদি তাড়াতাড়ি জিজ্ঞেস করল,
-"কী বলেছে?"
তাসিফা নিরীহ মুখ করে উত্তর দিল,
-"বলেছে, আমাকে কে পাঠিয়েছে।"
-"তুমি কী বলেছ?"
-"আমি কিছু বলিনি।"
কথাটা শুনে মেয়েগুলোর মুখে স্বস্তি ফুটে উঠল। এতক্ষণ যেন দম বন্ধ করে অপেক্ষা করছিল তারা। তাসিফার কাছ থেকে আর কিছু না শুনেই তিনজন দ্রুত ক্যান্টিন থেকে বেরিয়ে গেল।
তাদের এমন তাড়াহুড়ো দেখে তাসিফা কিছুক্ষণ তাকিয়ে রইল। এরপর আর সময় নষ্ট না করে স্যান্ডউইচে মনোযোগ দিল সে।
কিন্তু তাসিফার খাওয়া আর বেশিদূর এগোল না। কিছুক্ষণের মধ্যেই একটি মেয়ে এসে তার পাশে বসে পড়ল।
#চলবে