অবরুদ্ধ অধ্যায়
লেখিকা: উমা আক্তার তানিশা
দ্বিতীয় পর্ব
বিকেল প্রায় পাঁচটা। জানালার ফাঁক দিয়ে নরম রোদ এসে পড়েছে ঘরের মেঝেতে। আজ ভার্সিটি ছুটি, তাই জিনিয়ার মনটাও বেশ ফুরফুরে। কোনো ক্লাসের তাড়া নেই, নেই পড়াশোনার চাপ। নিজের ঘরে বসে অলস সময় কাটাচ্ছে সে।
এদিকে রান্নাঘরে ব্যস্ত সময় পার করছেন জিনিয়ার মা নাসরিন বেগম। মেয়ের পছন্দের খাবার রান্না করছেন তিনি।
জিনিয়ার জীবনে বাবার ভালোবাসার গল্পটা একটু অন্যরকম। তার আসল বাবা মারা যান, যখন জিনিয়ার বয়স মাত্র ছয় বছর। সেই ছোট্ট বয়সেই বাবাকে হারানোর কষ্ট বুঝতে শিখেছিল সে। পরবর্তীতে তার মা মাহবুব হাসানকে বিয়ে করেন। মাহবুব হাসান একটি সরকারি কোম্পানির ম্যানেজার। তিনি জিনিয়ার নিজের বাবা না হলেও কখনো ভালোবাসার অভাব বুঝতে দেননি। বরং নিজের মেয়ের মতোই আগলে রেখেছেন তাকে। জিনিয়াও তাঁকে ভীষণ ভালোবাসে।
আর পরিবারের সবচেয়ে ছোট সদস্য জিনিয়ার ভাই রাফি। সে সপ্তম শ্রেণিতে পড়ে। পড়াশোনার চেয়ে দুষ্টুমিতেই তার আগ্রহ বেশি। সারাক্ষণ বোনের সঙ্গে খুনসুটি করা, মাকে বিরক্ত করা আর বাবার কাছে নানা আবদার করাই তার কাজ।
রাফি আর জিনিয়ার সম্পর্কটা অনেকটা বন্ধুর মতো। দুজনের মধ্যে সারাক্ষণ খুনসুটি লেগেই থাকে। কখনো রাফি জিনিয়ার জিনিসপত্র লুকিয়ে রাখে, আবার কখনো জিনিয়া ভাইয়ের প্রিয় চকলেটগুলো চুরি করে খেয়ে ফেলে। তবে দিনশেষে একজন আরেকজনের সবচেয়ে কাছের মানুষ। জিনিয়া বাইরে থেকে যতই গম্ভীর হোক, ছোট ভাইয়ের সামনে তার সব গাম্ভীর্য উধাও হয়ে যায়। রাফির সামান্য মন খারাপও জিনিয়ার সহ্য হয় না। ভাইয়ের মুখে হাসি ফোটানোর জন্য সে নিজের সবটুকু দিয়ে চেষ্টা করে।
হঠাৎ জিনিয়ার ফোনটা বেজে উঠল। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখল, তার বান্ধবী সায়নী কল করেছে।
কল রিসিভ করতেই ওপাশ থেকে সায়নীর উচ্ছ্বসিত কণ্ঠ ভেসে এলো,
— হ্যালো, কই তুই?
— এই তো বাসায়। কেন?
— চল, আজ পুচকা খেতে যাব।
জিনিয়া সঙ্গে সঙ্গেই বলে উঠল,
— ধুর! আজকে যাব না। বাসায় ভালো লাগছে।
সায়নী নাছোড়বান্দা। সে একের পর এক অনুরোধ করতেই থাকল। অবশেষে বান্ধবীর জোরাজুরিতে রাজি হয়ে গেল জিনিয়া।
জিনিয়া দেখতে বেশ মায়াবী। তার লম্বা, ঘন কালো চুলগুলো পিঠ ছাড়িয়ে কোমর ছুঁয়েছে। চুলগুলো স্বাভাবিকভাবেই সুন্দর, খুব একটা সাজানোর প্রয়োজন হয় না। তার চোখ দুটো টানা টানা, চোখের মণিতে এক ধরনের গভীরতা রয়েছে। ঘন পাপড়ির আড়ালে চোখ দুটো যেন সবসময় কিছু একটা খুঁজে বেড়ায়। নাকটি ছোট, ঠোঁট দুটি স্বাভাবিক গোলাপি আভাযুক্ত। গায়ের রং উজ্জ্বল শ্যামলা। সব মিলিয়ে মেয়েটির চেহারায় একটা স্নিগ্ধতা আছে। অতিরিক্ত সাজগোজ তার একদম পছন্দ নয়। সাধারণ সাজেই তাকে বেশ মানিয়ে যায়।
আয়নার সামনে দাঁড়িয়ে নিজের লম্বা চুলগুলো আঁচড়ে নিল জিনিয়া। এরপর আলমারি থেকে একটি কালো বোরকা বের করে পরে নিল। বোরকার সঙ্গে কালো হিজাবটাও সুন্দর করে গুছিয়ে নিল। হাতে ঘড়ি আর কাঁধে ছোট ব্যাগ নিয়ে বের হওয়ার জন্য তৈরি হয়ে গেল সে।
রুম থেকে বের হয়ে মাকে জানিয়ে দিল,
— মা, আমি সায়নীর সঙ্গে একটু বাইরে যাচ্ছি। ফিরতে বেশি দেরি হবে না।
মা রান্নাঘর থেকেই বললেন,
— সাবধানে যাস। আর সময়মতো বাসায় ফিরিস।
— আচ্ছা মা!
মাকে বলে দরজা পেরিয়ে বাইরে বেরিয়ে গেল জিনিয়া।বাসা থেকে বেরিয়ে কিছুদূর যেতেই সায়নীর সঙ্গে দেখা হয়ে গেল জিনিয়ার। সায়নীকে দেখেই জিনিয়া বলল,
— এতক্ষণ কোথায় ছিলি? সেই কখন থেকে অপেক্ষা করছি!
সায়নী হেসে বলল,
— আরে বাবা, একটু দেরি হয়েছে। চল, আগে পুচকা খাই। প্রচণ্ড খিদে পেয়েছে।
দুজন মিলে রাস্তার পাশের পরিচিত পুচকার দোকানটিতে গিয়ে বসল। সায়নী দোকানদারকে উদ্দেশ্য করে বলল,
— মামা, দুই প্লেট পুচকা দেন তো!
জিনিয়া আশপাশে চোখ বুলিয়ে দেখল। আজ রাস্তায় অন্য দিনের তুলনায় বেশ ভিড়। চারদিকে মানুষের আনাগোনা, আর কিছুক্ষণ পরপরই ভেসে আসছে স্লোগানের আওয়াজ। মনে হচ্ছে, আশপাশে কোনো রাজনৈতিক কর্মসূচি চলছে।
জিনিয়া সেদিকে তাকিয়ে থাকতেই পাশের টেবিলে বসা কয়েকটি মেয়ের কথোপকথন কানে এলো।
একজন মেয়ে বেশ উত্তেজিত হয়ে বলল,
— জানিস, আমাদের এলাকায় নাকি একজন হ্যান্ডসাম নেতা এসেছে!
আরেকজন সঙ্গে সঙ্গেই বলে উঠল,
— হ্যাঁ রে! নাম কী যেন... মির্জা রায়হান! দেখেছিস তাকে? একদম সিনেমার নায়কের মতো!
কথাটা শুনে জিনিয়া মনে মনে ভাবল,
'নেতা আবার হ্যান্ডসাম হয় নাকি? এদের আর কোনো কাজ নেই!'
পরক্ষণেই নিজের মনে নিজেই বিরক্ত হলো।
'ধুর! লোকটা কে, না কে—তাতে আমার কী? আমি আবার এসব ভাবছি কেন?'
এদিকে সায়নী পুচকার প্লেট সামনে এগিয়ে দিয়ে বলল,
— এই জিনিয়া! কী এত ভাবছিস? পুচকা ঠান্ডা হয়ে যাচ্ছে!
জিনিয়া ভাবনার জগৎ থেকে ফিরে এসে বলল,
— কিছু না। খাচ্ছি তো!
কিন্তু পাশের টেবিলের মেয়েগুলোর কথাবার্তা তখনো থামেনি। বারবার একটি নামই কানে আসছিল—মির্জা রায়হান।
নামটা কেমন যেন অদ্ভুতভাবে কানে আটকে গেল জিনিয়ার। যদিও সে বিষয়টাকে আর গুরুত্ব দিল না।পুচকা খাওয়া শেষ করে জিনিয়া ও সায়নী দোকান থেকে বেরিয়ে রাস্তার পাশে হাঁটতে লাগল। চারদিকে তখনও মানুষের ভিড়। দূর থেকে ভেসে আসছে স্লোগানের আওয়াজ।
হঠাৎ জিনিয়ার চোখ পড়ল রাস্তার অপর পাশে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধার দিকে। বৃদ্ধাটি রাস্তা পার হওয়ার চেষ্টা করছেন, কিন্তু চারপাশের ভিড়ের কারণে ঠিক সাহস করে উঠতে পারছেন না।
ঠিক সেই মুহূর্তে দ্রুতগতিতে একটি কালো গাড়ি এগিয়ে আসতে দেখা গেল। বৃদ্ধাটি কিছু বুঝে ওঠার আগেই জিনিয়া দৌড়ে গিয়ে তাঁর হাত ধরে রাস্তার এক পাশে সরিয়ে আনল।
গাড়িটি হঠাৎ থেমে গেল।
ড্রাইভার বিরক্ত হয়ে গাড়ির দরজা খুলে নেমে এল।
— এই যে মেয়ে! রাস্তার মাঝখানে এভাবে চলে আসেন কেন? চোখে দেখেন না?
জিনিয়া রাগে চোখ বড় বড় করে তাকাল।
— চোখ তো আমার ঠিকই আছে। আপনার আছে তো? সামনে একজন বৃদ্ধা মানুষ দাঁড়িয়ে ছিলেন, সেটা দেখতে পাননি?
— আপনি কি জানেন, কার গাড়ির সামনে এসে দাঁড়িয়েছেন?
জিনিয়া ঠোঁট বাঁকিয়ে বলল,
— কার গাড়ি, সেটা জানার আমার কোনো আগ্রহ নেই। রাস্তাটা কি আপনাদের ব্যক্তিগত সম্পত্তি? গাড়ি আছে বলে কি মানুষকে পিষে দিয়ে চলে যাবেন?
ড্রাইভার আবার কিছু বলতে যাচ্ছিল, তার আগেই জিনিয়া বলে উঠল,
— বড়লোকের গাড়ি, বড়লোকের ক্ষমতা—সবই বুঝলাম। কিন্তু মানুষের জীবনের দাম কি আপনাদের কাছে এতটাই কম? একটু ধীরে গাড়ি চালালে কি সম্মান কমে যেত?
গাড়ির ভেতরে বসে থাকা যুবকটি জানালার ফাঁক দিয়ে পুরো ঘটনাটা দেখছিলেন। তাঁর পরনে কালো শার্ট, কবজিতে দামি ঘড়ি। মুখের বেশিরভাগ অংশ আড়াল করে রেখেছে গাড়ির ভেতরের ছায়া। চোখ দুটো স্থির, দৃষ্টিতে এক অদ্ভুত গাম্ভীর্য। তাঁকে দেখে বোঝার উপায় নেই, এই মুহূর্তে তাঁর মনে কী চলছে। চারপাশের কোলাহলের মাঝেও তিনি ছিলেন সম্পূর্ণ নীরব। তবে তাঁর সেই নীরবতার আড়ালে যেন লুকিয়ে আছে এক অজানা গল্প।
জিনিয়া তখনো ড্রাইভারের দিকে তাকিয়ে বলছে,
— আর কখনো কোনো অসহায় মানুষের সঙ্গে এমন করবেন না। গাড়ি চালাতে জানলেই রাস্তায় রাজত্ব করা যায় না!