['মেঘপুঞ্জ' মূলত ডিফেন্স রিলেটেড উপন্যাস। অ্যাকশন,থ্রিলার, রোমান্টিক জনরার। পাঠক সুবিধার্থে বলে দেয়,একজন উচ্চপদস্থ আর্মি আফিসার এবং ডক্টর আর্মি এর সন্ধি, পরিস্থতির সংকটতা, সম্পর্কের টানপোড়ন এবং একনিষ্ঠ দায়িত্বের মধ্য দিয়ে দুজনার কেমিস্ট্রি নিয়েই এই গল্পের যাত্রা। গুটিকয়েক শব্দ ছাড়া উপন্যাসটির সাথে বাস্তবের কোনো মিল নেই। তাই বাস্তবতার সাথে মিল খোঁজে নিজেকে হতাশ করবেন না। হ্যাপিং রিডিং!]
#মেঘপুঞ্জ
#বেলাডোনা_তুজ(লেখনীতে)
#পর্ব_১
সময়টা জানুয়ারি মাস। শীতকাল। ভ্যাপসা গরম আর কাঠখোট্টা রোদ ৩-৪ মাসের জন্য গা ঢাকা দিয়েছে কনকনে শীতের আড়ালে।
বিকাল পাঁচটা নাগাদ। ক্লান্ত বিকালের হেলানো লাল বৃত্তাকার সূর্যটা আবছা আবছা কুয়াশার পৃষ্ঠভাগে গা ঢাকা দিয়েছে। ফলে অবসন্ন লালচে-হলদে কিরণমালা এই শীত শীত অপরাহ্ণে ঠিকঠাক সুবিধা করতে পারছে না। বাইরে বের হওয়া মানুষজন গায়ে আরামদায়ক পোশাক পরেছে। চট্টগ্রাম সেনানিবাসের পিচ ঢালা রাস্তা দিয়ে হঠাৎ হঠাৎ শাঁ শাঁ শব্দ তুলে দু-চারটা মিলিটারি লরি কিংবা অলিভ রঙের মাইক্রোবাস ছুটে চলছে ক্যান্টনমেন্টের অভ্যন্তরে।
ক্যাফেটেরিয়ার ভেতর থেকে ভেসে আসা টুংটাং শব্দে নীরব বাহির হতে মনোযোগ সরিয়ে দৃষ্টি নিপাত করল তার ঠিক সম্মুখে বসা তরুণীর দিকে। না, শব্দটা সে করছে না। শব্দ সৃষ্টির কারণস্বরূপ সে দেখল, বিহান বেশ মনোযোগের সহিত চা'য়ের কাপে অনবরত নাড়াচাড়া করছে; ফলস্বরূপ টুংটাং অনুরণন সৃষ্টি হচ্ছে। তার পাশেই তৃধা বসে বসে চা'য়ের কাপে এনার্জি বিস্কুট ভিজিয়ে ধীরে-সুস্থে মুখে পুরছে। নীরব মুখ ফুটে কিছু বলল না। কেবল কপালে সামান্য ভাঁজ ফেলে তাদের কান্ড দেখতে লাগল।
হ্যাঁ, নীরব ঠিকি বলেছে। শব্দ চিত্রলেখা করছে না। সে তো চুপচাপ বসে আছে চেয়ারে গা এলিয়ে। টানা চারদিনের অবসন্ন মেয়েলি কায়া। বিরতহীন পরিশ্রমের চাপে পড়ে চুলে চিরুনি চালানো অবধি হয়নি বোধহয়। অলসতার নিমিত্তে অগাছালোভাবে পিঠের এক-তৃতীয়াংশে পড়ে আছে ঘনকালো চুল। অলসতা আর কায়িক যুদ্ধ তাকে দারুনভাবে জেঁকে ধরেছে। আর ধরবে না'ই বা কেন? সেই পাঁচ-ছ'বছর পূর্বের ক্যাডেট কঠোরতা এবং দৃঢ়শৃঙ্খলার গণ্ডি পেরিয়ে মেডিকেল কলেজে অ্যাডমিটের পর থেকে বাধ্যবাধকতা হতে সে ছুটি নিয়েছে। অবশ্য অ্যানাটমি আর ফিজিওলজি'ও তাকে কম প্যারা দেয় নি!
ঘাড় আর চোয়ালের মধ্যকারে হাত রেখে টেবিলে কনুই ঠেকিয়ে চিত্রালেখা একমনে তৃধা'কে পরখ করছে। তৃধা একপলক চাইল তার পানে। ইশারায় সাধল তাকে আধখাওয়া বিস্কুট'খানা। প্রত্যুত্তরে সে চোখ উল্টিয়ে মুখে ভেংচি কাটল।
"আমার খাওয়ায় নজর দিচ্ছিস কেন? সাধলাম আবার ভেংচি কাটছিস?"
"চা'য়ের বিস্কুট ডুবিয়ে খেতে পারি না আমি। শুধু চা খাই।"
"হ্যাঁ, জানি। স্রেফ চা নয়; সাথে জিভ, ঠোঁট পুড়ানো আগুন চা! তোরও বদ অভ্যেস কম না!"
অতঃপর খাওয়ায় আবারো মনোনিবেশ করল তৃধা।
কিছুক্ষণ বাদে চিত্রলেখা হুট করেই লাফ মেরে চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল। চেয়ারের সাথের শক্ত ফ্লোরের সংঘর্ষে বিহান ধড়ফড়িয়ে উঠল। মুখোমুখি দিকে চেয়ার ছাড়ার আওয়াজে নীরব চট করে দৃষ্টি তুলল, সাথে তৃধাও এমনকি চিত্রালেখা নিজেও। তিনটে কৌতূহলী চোখজোড়া তার দিকেই দৃষ্টি নিক্ষেপ করে আছে। সে পাংশুটে মুখে বলল,
"খুব্বে বিরক্ত লাগছে,সাথে এক ঘেয়েমি। এর মাঝে তোরা আবার মুখে কুলপ এঁটে বসে আছিস।"
যতটা শক্তি নিয়ে সে চেয়ার থেকে উঠে দাঁড়িয়েছিল তবে কথা বলতে ততটাও মুখে জোর পেল না। মুখে ক্লান্তি ও বিরক্তি দুটোই ছাপ স্পষ্ট।
"না, রোজা রেখেছি রোজা। তাই বাকব্রত পালন করছি।"
"হাতে চা'য়ের কাপ ধরে বলছিস,রোজা রেখেছি!"
তৃধা ভুল শুধরিয়ে দিল বিহানের। বিহান চা'য়ের কাপে আগের মতো টুংটাং করতে বলল,
"চারটায় ঘুম থেকে উঠছি। এরপর থেকে যা প্রশিক্ষণ শুরু হয়েছে না আড্ডা দেওয়া তো দূর, প্রশিক্ষণকালীন হিসু ধরলেও সার্জেন্ট এর কাছে অনুমতি চাওয়ার মতো মুখে জোরটুকু পাচ্ছি না।"
"ওহ্, এই কারণেই কী তুই যেখানে দাঁড়িয়েছিলি সেখানে মাটি সমেত ঘাসগুলি ভেজা ছিল?"
তৃধা ফিক করে হেসে দিল নীরবের কথায়। বিহান স্টিলের চামচটা ছুঁড়ে মারল নীরব'কে উদ্দেশ্য করে। নীরব সেটা দুহাতে খপ করে ধরে ফেলল। চিত্রলেখাও ঠোঁট এলিয়ে ঈষৎ হাসল। বাইরের পানে অবলোকন করে,
"আকাশের রঙটা দেখ, কী সুন্দর! চল পাহাড়ে গিয়ে দুটো ছবি তুলে নিয়ে আছি। পাহাড়ের উপর দাঁড়ালে নিশ্চয় মুহূর্তটা আরো চমৎকার লাগবে।"
"যা তুই! প্রতিদিন ভোরে পাহাড়ি রাস্তায় দৌড়াতে দৌড়াতে আমার গা ম্যাজ ম্যাজ করছে। তাছাড়া আজকে রবিবার। সাপ্তাহিক ছুটির দিন। আমি কোত্থাও যাবো না,ব্রো। এখানে বসে বসে দূর থেকেই পাহাড়ের সৌন্দর্য..."
বলেই বিহান তার পা দুটো টান টান করে নীরবের উরুর উপর রেখে চেয়ারে আরামসে মাথা এলিয়ে দিতে গেলে, নীরব ঝাটকা মেরে তার পাদুটো সরিয়ে দেয়। চোখ গরম করে তাকায় তার দিকে। চিত্রলেখার দৃষ্টি ঘুরে তৃধার দিকে পড়লে সে বলে,
"ভাবছি আরো তিন কাপ চা খাবো উইথআউট তাড়াহুড়োয়। এক কাপ বিস্কুট ডুবিয়ে আর বাকি দু'কাপ আগুন চা। যাতে সামনে একসপ্তাহ চা ছাড়া দিব্যি কাটিয়ে দেওয়া যায়।"
তৃধার কথা শুনে চিত্রলেখা একটা দীর্ঘশ্বাস ছাড়ল। তার এই বন্ধুদের কাছ থেকে এর চেয়ে বেশি আর কী-ই বা আশা করা যায়! একজন ক্লান্তি কাটানোর বাহানায় চা বানিয়ে নিজেকে ভাসিয়ে দিতে চায়, আর অন্যজন পুরো ক্যাডেটের প্রশিক্ষণ শেষে এখন নড়তেও নারাজ।
"ছুটির দিনের এমন বিকেলেও কেউ এভাবে ক্যাফেটেরিয়ায় আটকে থাকে? থাক, তোরা। বসে বসে চা গিল আমি গেলাম।"
চিত্রলেখা বিরক্তি মাখানো গলায় ঘড়ির দিকে তাকাল। সাড়ে পাঁচটা বেজে গেছে। পাহাড়ে উঠলে সূর্য ডোবার শেষ লালচে আলোটুকু হয়তো পাওয়া যেতে পারে।
নীরব তার চায়ের শেষ চুমুকটা দিয়ে শান্ত গলায় বলল,
"পাহাড়ের রাস্তার দিকে এখন একা যাওয়া ঠিক হবে না, চিত্রলেখা। অন্ধকার নেমে আসছে, আর শীতে পাহাড়ের বাঁকগুলোতে কুয়াশা জমে আগেই ধোঁয়াটে হয়ে যায়।"
প্রত্যুত্তরে সে কিছু না বলেই ক্যাফেটেরিয়া থেকে চটজলদি বের হয়ে এলো। ক্ষণিক বাদে আবার ফিরেও এলো।
"কিরে ফিরে এলি যে? পাহাড়ে ছাগল দেখে ভয় পেলি নাকি?"
"আমার মাথা! ক্যামেরা নিতে ভুলে গেছি।"
বিহানের কথার বিপরীতে ঝটপট জবাব দিয়ে টেবিল থেকে পকেট সাইজ ক্যামেরা'টা নিয়ে অতিবিলম্বে বেরিয়ে এলো ক্যাফেটেরিয়া হতে।
_
বাহিরে আসতেই হিমশীতল হাওয়া এসে গায়ে বিঁধল। গায়ে জড়ানো উষ্ণাবৃত জ্যাকেট'টার আলগা করা জিপার লাগিয়ে দিল। চট্টগ্রাম সেনানিবাসের নিকটে এই আঁকাবাঁকা পাহাড় ঘেরা পথগুলো শীতে এক অদ্ভুত রূপ ধারণ করেছে। রাস্তার দু'ধারের বড়, মাঝারি ধাঁচের গাছে কুয়াশার পানি জমে আছে।
হাঁটতে হাঁটতে সে পাহাড়ের উঁচু টিলাটার দিকে এগোতে লাগল, যেখান থেকে পুরো ক্যান্টনমেন্টের একটা বড় অংশ একনজরে দেখা যায়। বেশ কিছুটা উঁচু রাস্তা পেরিয়ে যখন সে কাঙ্ক্ষিত টিলাটার ওপর গিয়ে দাঁড়াল, তখন চারপাশ নীরবতায় ডুবে গেছে। দূরে পাহাড়ের চূড়ায় লালচে-বেগুনি মেঘের পুঞ্জ ঘনীভূত হয়ে আছে। বাঁশ-ছনের বাড়িগুলি কুয়াশা চাদরে মোড়ে ছোট ছোট ঝাপ্সা রূপে ধরা দিচ্ছে।
চিত্রলেখা পকেট থেকে ক্যামেরা বের করল। উদ্দেশ্য, পাহাড় আর মেঘের মেলবন্ধনটা ফ্রেমবন্দি করা। মেডিকেল কোরে প্রশিক্ষণের প্রথম দিনই যোগাযোগ করার যাবতীয় যন্ত্র জমা নিয়ে নেওয়া হয়। এটা সে জানত তাই বুদ্ধি করে এই পকেট সাইজের ক্যামেরাটা সঙ্গে করে নিয়ে এসেছিল। পাহাড়ের ছবি তোলা হবে, ঝরনার ছলাৎ ছলাৎ পানি ছোঁয়া হবে, ফ্রেম বন্দি হবে মাচার উপর জুম ঘর। চাকরিতে যোগ দেওয়ার পর দ্বিতীয়বার পাহাড়ের ছবি তোলার ফুরসত মিলে কিনা কে জানে! যে-ই সৌন্দর্য ভাষা প্রকাশে অসম্ভব তা ফ্রেমবন্দি করতে ভালো লাগে তার, ভালো লাগে তার স্মৃতি জমাতে!
হঠাৎ কোথা থেকে যেন এক জোড়া বুটের ভারী ও গম্ভীর শব্দ শোরগোল তুলে তার দিকে এগোতে লাগল। একদম সেনা নিয়মে মেপে মেপে ফেলা প্রতিটি কদম! চিত্রলেখা ক্যামেরা থেকে চোখ সরিয়ে পেছনে তাকাল। ধোঁয়াটে কুয়াশার চাদর ফুঁড়ে বেরিয়ে এলো এক সুঠাম কায়াবৃত্ত। পরনে অলিভ রঙের খাকি পোশাক। কুয়াশার হালকা ভেজা ভাব তার কপালে এসে ছোট ছোট বিন্দুর মতো জমেছে। লোকটি চিত্রলেখার খুব কাছাকাছি এসে একমুহূর্ত থমকে দাঁড়াল। তীক্ষ্ণ চোখে তাকে ওপর-নিচ পরখ করে বলল,
"সন্ধ্যা পার হতে চলল। ক্যান্টনমেন্টের এই নির্জন টিলায় আপনি একা কী করছেন, মিস?"
কণ্ঠে গাম্ভীর্য ছিল কিনা চিত্রলেখা জানে না তবে আদেশের সুরটা একদম ভালো লাগল না। যেন লোকটা এখানকার অধিপতি। তার অনুমতি ব্যতীত এখানে একটা পাতাও নড়ার জো নেই! লোকটা একটু বেশিই ভাব নিল না? সে ভ্রূ জোড়া সামান্য কুঁচকে নিজেকে সামলে নিয়ে উত্তর দিল,
"ছবি তুলছি। আর সৌন্দর্য উপভোগ করছি, যেটা মনে হয় অপরাধ নয়?"
লোকটি হাতের ঘড়ির দিকে একপলক তাকিয়ে একটা ঠান্ডা দীর্ঘশ্বাস ফেলল। তারপর চিত্রলেখার চোখের দিকে তাকিয়ে মৃদু হাসল অথচ শক্ত গলায় বলল,
"সৌন্দর্য উপভোগ করার সময়সীমা পার হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই পাহাড়ের ওপরের চেকপোস্ট বন্ধ হবে আর কুয়াশায় দৃশ্যমানতা শূন্যে নামবে। এখনই নিচে নামুন।"
চিত্রলেখা কিছুটা দমে গেলেও মুখে তা প্রকাশ পেতে দিল না। সে চিবুক উঁচিয়ে বলল,
"আমি মেডিকেল ব্লকের ক্যাডেট ছিলাম, রুলস আমারও অজানা নয়।"
"মেডিকেল কলেজের রুলস আর প্রফেশনাল মিলিটারির গ্রাউন্ড রুলস এক নয়। আপনি নামছেন, নাকি গার্ড ডেকে এসকোর্ট করাতে হবে?"
চিত্রলেখা কিছুটা অপমানবোধ করল। লোকটা অপ্রত্যক্ষভাবে তাকে অর্ধচন্দ্রের ভয় দেখালো না? তবে কিছুই করার নেই। উপায়ান্তর না পেয়ে চিত্রলেখা সুরসুর করে টিলা থেকে নেমে দাঁড়াল। তাকে নেমে যেতে দেখে লোকটা চলে গেল নিজ সৈন্যদলের নিকট। তারা এসেছিল মাটিতে পোঁতা সুপ্ত ল্যান্ডমাইন এর সন্ধান পেয়ে। মাটির নিচে মাইন শনাক্ত হওয়ার পর সৈন্যরা এলাকাটি সম্পূর্ণভাবে ঘিরে ফেলল ব্যারিকেড দিয়ে। সাইনবোর্ডে লাল মার্কার দিয়ে 'Danger Mines! Don't Enter!' লিখে ব্যারিকেডের সম্মুখে খুঁটি দিয়ে গেঁড়ে দিল। লেখা শেষে পেছন ফিরতেই দেখল, মেয়েটা এখনো কিছুটা দূরে দাঁড়িয়ে অসন্তুষ্ট মুখে ক্যামেরা নেড়েচেড়ে দেখছে। তাকে সরু দৃষ্টিতে পরখ করতে দেখে পাশে থাকা একজন সৈনিক সামান্য এগিয়ে এসে বলল,
"স্যার, কিছুদিন আগে আর্মি মেডিকেল কোর-এ যোগ দেওয়া একদল ডাক্তারদের শর্ট কোর্স শুরু হয়েছে না? উনি বোধহয় ওই ক্যাডেট দলেরই সদস্য।"
লোকটা জবাব দিল না। সে গত পনেরো দিন যাবত ছুটিতে ছিল। গত সন্ধ্যায় সে ক্যান্টনমেন্টে যোগ দিয়েছে। কথার পৃষ্ঠে প্রত্যুত্তর না করে আদেশের সুরে বলল,
"মাইনগুলো অপসারণের কাজে বিস্ফোরক নিষ্ক্রিয়করণ টিম'কে খবর দাও।"
"ইয়েস স্যার।"
এমন সময় হঠাৎ ওয়াকিটকিতে ঝংকার তুলল কর্কশ এক শব্দ। এরপর ওপাশ থেকে ভেসে এল ভারী একটা কণ্ঠস্বর,
"স্যার, লেফটেন্যান্ট নিখিল স্পিকিং! পাহাড়ের পাদদেশের সীমান্ত ঘেঁষা ত্রিপুরা পল্লীতে আকস্মিক আগুন লেগেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমাদের অতিরিক্ত টিম প্রয়োজন, কয়েকজন সাধারণ মানুষ আহত হয়েছে সাথে আমাদের গুটিকয়েক সৈন্যরাও। ওভার!"
"রজার দ্যাট! অতিরিক্ত টিম পাঠাচ্ছি। মেডিকেল টিম'কে অ্যালার্ট করে দিন। আউট!"
লাইন বিচ্ছিন্ন হয়ে গেল। এক মিনিট সময় ব্যয় না করে লোকটা তার দলকে নির্দেশ দিল, ঘটনাস্থলে যাওয়ার প্রস্তুতি নিতে। তারপর এগিয়ে এসে চিত্রলেখার সামনে এসে দাঁড়াল। নত মস্তকে চিত্রলেখা ওয়াকিটকি'র সমস্ত বার্তা শুনছিল। লোক তার কাছাকাছি আসতেই সে অবিলম্বে চোখ উঁচিয়ে চাইল।
"আপনিও সঙ্গে আসুন, ডক্টর!"
#চলবে...