#মেঘপুঞ্জ
#বেলাডোনা_তুজ(লেখনীতে)
#পর্ব_২
আর্মি লরি'টা এসে থামল পাহাড়ি উপত্যকার গায়ে ছুটে চলা পাকা রাস্তার অন্তিম প্রান্তরে। গাড়ি থেকে একে একে বেরিয়ে এলো সৈন্যদল। চিত্রলেখা নিজেও নেমে পড়ল গাড়ি হতে। প্রয়োজনীয় সব সরঞ্জাম নিয়ে ছুটে চলল তারা।
এবার সে বুঝতে পারল, ক্ষণিক পূর্বে সাক্ষাৎ হওয়া এই আর্মি অফিসারটি কেন তাকে এখানে নিয়ে এসেছে? চারপাশের বাতাস পোড়া গন্ধ আর কান্নাকাটির আওয়াজে ভারী হয়ে উঠেছে। পাহাড়ি টিলার ঢালে থাকা বাঁশ ও ছনের তৈরি ঘরগুলোর অধিকাংশেই দাউদাউ করে আগুন জ্বলছে, আর কয়েকটা ঘর ইতোমধ্যে ভস্মীভূত হয়ে ছাইয়ে পরিণত হয়েছে। স্থানীয় পাহাড়ি নারী, পুরুষ ও শিশুরা ভয়ে এদিক-ওদিক ছুটোছুটি করছে। সেনাসদস্যরা মিলে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন আগুন নিয়ন্ত্রণে আনতে আর মানুষকে নিরাপদে সরিয়ে নিতে। ফায়ার সার্ভিসকে কল করেও ক্ষয়ক্ষতির পঞ্চাশ শতাংশ ঠেকানো যাবে কিনা কে জানে! কেননা ঘরগুলো বাঁশ আর ছন দ্বারা নির্মিত হওয়ার দরুন আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে এদিক-ওদিক। অধিকাংশ আবাস পুড়ে ছারখার।
এখন তাদের মানুষের প্রাণ বাঁচানোই মূল লক্ষ্য। নয়-দশ বছরের একটা শিশু ভয়ে গলা ফাটিয়ে চিৎকার করে কাঁদছে। পাশেই শুয়ে থাকা বৃদ্ধটি ব্যথায় গোঙ্গানোর মতো মুখ থেকে চাপা গলায় কি যেন বলছে। বৃদ্ধ লোকটির পা কিসের সাথে যেন আটকে গেছে। ঘরের একাংশের আগুনে পোড়া বাঁশটা মটমট শব্দে তুলে মাটির মেঝেতে ধসে পড়ল। অফিসারটি ধোঁয়া ও আগুনের তোয়াক্কা না করে ছুটে গেল বৃদ্ধলোকটার দিকে।
কাছে গিয়ে দেখল, কাঠের চালের ভারী একটা পোড়া কড়িকাঠ বৃদ্ধের বাঁ পায়ের ওপর এসে পড়েছে।কাঠটা এখনো দাউদাউ করে না জ্বললেও ধিকধিক করে জ্বলছে, আর তা থেকে নির্গত তপ্ত ধোঁয়া লোকটার মুখের ওপর গিয়ে পড়ছে। বৃদ্ধের চোখ-মুখ ব্যথায় নীল হয়ে এসেছে। লোকটি কোনো দ্বিধা না করে গ্লাভস পরা হাতে পোড়া কড়িকাঠটা এক টানে সরিয়ে ছুঁড়ে ফেলল দূরে। ফলে প্রচন্ড ধাক্কায় ছিটকে পড়া কাঠের জ্বলন্ত অংশ এসে পড়ল তার অগ্রবাহুতে। ভাগ্যিস পরনের ভারী তাপদায়ক জ্যাকেট'টা খুলে এসেছিল ঘরে ঝাঁপ দেওয়ার আগে। নয়তো এই তপ্ত শিখায় পুরো শরীরেরই আগুন লাগার মতো ভয়ঙ্কর দূর্ঘটনা ঘটে যেত এক মুহূর্তেই। অবশ্য ছ্যাঁকা খেলো কনুইয়ের ঠিক ঘেঁষে বলিষ্ঠ পেশিতে। জ্বালুনি সৃষ্টি হলো বটে তবে পাত্তা দেওয়ার উপযুক্ত সময়টুকু পেল না। অতঃপর নিচু হয়ে বৃদ্ধকে অপর বাহুতে তুলে নিয়ে ধোঁয়াটে জোন থেকে একটু দূরে তুলনামূলক নিরাপদ ও খোলা জায়গায় এনে শুইয়ে দিল।
"কুইক ডক্টর! ওনার পায়ে গভীর ক্ষত হয়েছে। সেই সাথে উনার শ্বাসকষ্টও শুরু হয়েছে। উনাকে চেক করুন আগে।"
গলায় হাঁপানোর শব্দ হলেও নির্দেশের স্পষ্টতায় কোনোপ্রকার ঘাটতি ছিল না। পুরুষনালীর কণ্ঠ নিঃসৃত বাক্য কর্ণগোচর হতেই চিত্রলেখা একজন রোগীকে বিদেয় দিয়ে এগিয়ে এলো। চিত্রলেখা দ্রুত নিচু হয়ে বসল। স্ট্রেথোস্কোপ দিয়ে বৃদ্ধের বুকের স্পন্দন মেপে নিয়ে স্যালাইন ওয়াটার দিয়ে ক্ষতস্থান ধুয়ে দিল। তারপর ব্যাগ থেকে গজ ও অ্যান্টিসেপ্টিক বের করে দক্ষ হাতে ব্যান্ডেজ বাঁধতে লাগল। লোকটা তখনো অস্ফুটস্বরে বারবার নাতির কথা বলে যাচ্ছে। চিত্রলেখা নরম গলায় বারংবার শান্ত হয়ে বসতে বলল।
সহসা কোথা হতে দশ বছরের একটা ছেলে দৌড়ে বৃদ্ধ লোকটার পেছন দিকে গলা জড়িয়ে ধরল। এটাই তার নাতি!
চিত্রলেখা ব্যান্ডেজ শেষ করে উঠে দাঁড়াল। গায়ের জ্যাকেটে ধোঁয়ার কালি, কপালে জমেছে ঘাম আর কুয়াশার মিশ্র বিন্দু। সে চোখ তুলে অভিমুখে দৃষ্টি নিক্ষেপ করল। অদূরে দাঁড়ানো লোকটাকে গভীরভাবে পরখ করল, অগুণতি মানুষের প্রাণ বাঁচানোর মতো নিদারুণ এক ব্যাকুলতা ঘিরে আছে লোকটার মাঝে। গায়ে লেগে আছে জলপাই-সবুজ বর্ণের আঁটসাঁট টিশার্ট বিধায় স্পষ্ট নেত্রপাত হলো কনুইয়ের ঊনমুখে পেশিতে সদ্য সৃষ্ট ক্ষত স্থানটা। ছিপছিপ হয়ে রক্ত ঝরতে আরম্ভ হয়েছে, হয়ত শক্তপোক্ত কিছুর সঙ্গে ঘষা খেয়েছে। লোকটা চলে যাচ্ছে। চিত্রলেখা ডাকল তাকে,
"শুনুন একটু!"
দাঁড়ায় না লোকটা। হয়তো তাকে এড়িয়ে যাচ্ছে নয়তো শুনতে পায়নি। শুনতে না পাওয়াটা অস্বাভাবিক কিছু নয় এই বীভৎস পরিস্থিতিতে। চিত্রলেখা এক সেকেন্ড দাঁড়াল না, দৌড়ের ভরে ক্ষিপ্রগতিতে হাঁটা ধরল।
আকস্মাৎ কোমল একটা হাত তার কব্জি আঁকড়ে ধরায় লোকটা ভড়কে না গেলেও সঙ্গে সঙ্গে দৃষ্টিজোড়া চকিত হলো। অবনত দৃষ্টি তুলে মেয়েলি কায়ার অধিকারীনীকে দেখল সে। চিত্রলেখা ঠোঁট নেড়ে এক নাগাড়ে বলে যাচ্ছে,
"আপনার বাহু থেকে রক্ত পড়ছে। ক্ষতটা ড্রেসিং করা দরকার।"
কথার পৃষ্ঠে লোকটা কিছু বলতে চাইল, সেই সুযোগ চিত্রলেখা দিল না। ফের বলল,
"এখানে অনেক ধুলো-বালি। ক্ষত খোলা রাখলে ইনফেকশন ছড়িয়ে পড়তে সময় নেবে না। বসুন এখানে। আমি ড্রেসিং করিয়ে দিচ্ছি।"
চিত্রলেখার কণ্ঠে এবার ফুটে উঠল স্পষ্ট পেশাদারিত্ব।লোকটা এক মুহূর্ত স্থির চোখে তার দিকে তাকিয়ে রইল। কোনো বাক্যব্যয় না করে সে পাশের একটা পোড়া কাঠের গুঁড়ির ওপর বসে পড়ল। চিত্রলেখা সময় নষ্ট করল না। ব্যাগ থেকে তুলা, অ্যান্টিসেপ্টিক আর ব্যান্ডেজ বের করে নিচু হয়ে বসল। পটু হাতে অ্যালকোহল দিয়ে রক্তের দাগ আর ধুলোবালি পরিষ্কার করতে লাগল। অ্যালকোহল ক্ষতে লাগতেই লোকটার মাংসপেশি সামান্য শক্ত হয়ে উঠল, কিন্তু মুখ থেকে টু শব্দটুকুও করল না।
"আপনার সহনশীলতা প্রশংসনীয়। তবে নিজের প্রতি এই উদাসীনতা মোটেও বুদ্ধিমানের কাজ নয়?"
চিত্রলেখা প্রশ্নবোধক দৃষ্টিতে তাকাল। চিত্রলেখা তখনও তার আহত হাতটা ধরে রেখেছিল। তা দেখে সে মৃদু হাসল, মাথা চুলকে রসিক কণ্ঠে বলল,
"ধন্যবাদ, ডক্টর। তবে মেডিকেল কারিকুলামে কি ইমার্জেন্সি ড্রেসিংয়ের সময় রোগীর হাত চেপে ধরে রাখার স্পেশাল কোনো নিয়ম-টিয়ম শেখানো হয়?"
তার কথার পিঠে চিত্রলেখা হুট করেই সচেতন হলো, সাথে লজ্জাও পেল বেশ। নিজের অনভিপ্রেত কাজটা উপলব্ধি করতেই চট করে হাতটি ছড়িয়ে নিল সে। গালে আলতো রক্তিমাভা ফুটলেও গলার স্বর স্বাভাবিক রাখার চেষ্টা করে, ভাঙ্গুরপ্রায় রাগান্বিত স্বরে বলল,
"আমি কোনো হাতুড়ে কিংবা জানোয়ারের ডাক্তার নই, সদ্য লাইসেন্স পাওয়া মানুষের ডাক্তার! রোগীকে স্থির রাখতে হাত ধরা একটা স্বাভাবিক প্রসেস। আর তাছাড়া আপনারা ব্যাটালোক'রা? সুন্দরী মেয়ে দেখলেই সুযোগ বুঝে এমন বাঁকা কথা বলতে চাওয়াটা আপনাদের জিনগত স্বভাব, তাই না?"
শেষাংশের দুটো বাক্য অযথাই লোকটাকে শোনাত না, যদি-না তাকে পূর্বেই লজ্জায় না ফেলত লোকটা। আগেভাগেই বললেই তো হয়ত,'আমার হাত ছাড়ুন, মেয়েলোক হাত ধরলে আমার গায়ে ফোস্কা পড়ে'!
ঠোঁটের কোণে জমা থমকে থাকা হাসিটা এবার শব্দহীন এক মৃদু অট্টহাসিতে রূপ নিল। সে চোখের কোণ সংকুচিত করে চিত্রলেখার লাল হয়ে যাওয়া মুখের দিকে তাকাল। চিত্রলেখা ভেবেছিল লোকটা তার কথায় ভালোই জব্দ হবে। জব্দ তো হয়েছে, তবে এই নির্লিপ্ত লোকটা নয়, জব্দ হয়েছে সে নিজেই। অলিভ-সবুজ টি-শার্টের কাঁধের দিকটায় একটু টেনে ধীরস্থিরে উঠে দাঁড়াল। দীর্ঘদেহের সুঠাম গড়নটা সামনে আসতেই চিত্রলেখাকে আরও একবার চিবুক উঁচিয়ে তাকাতে হলো।
"ওকে, সুন্দ্রী রমণী। আবার কখনো আহত হলে সর্বপ্রথম আপনাকেই খুঁজব তাহলে। এবার তবে আসি?"
সে তো লজ্জার জাঁতাকলে পৃষ্ঠ হয়েই ক্ষোভ ঝরতে এহেন অভিব্যক্তি করেছিল, ফের যে তাকে লজ্জায় পড়তে হবে সেটা কস্মিনকালেও চিত্রলেখা ভেবে দেখে নি। ততক্ষণে তার কানদুটো আরক্তিম হয়ে উঠেছে, হতবিহ্বল ন্যায় হুঁশ-জ্ঞান হারিয়ে ফট করে বলে উঠল,
"কোথায় যাচ্ছেন?"
পরক্ষণেই চিত্রলেখা জিভ কাটল। প্রকৃতঅর্থে সে এটা বলতে চায়নি। মাঝেমাঝে হয় না? কেউ কিছু বললে অনিয়ন্ত্রিতভাবে হুট করে প্রশ্ন করে বসি বা জবাব দিয়ে ফেলি। যদিও সেটা আমরা করতে চাই না। চিত্রলেখার ক্ষেত্রেও তাই। লোকটা যেখানে খুশি সেখানে যাক। ইচ্ছা হলে সিংহের গুহা থেকে ঘুরে আসুক। তার কি? কিচ্ছুটি না!
"দেখি, ফের সুন্দ্রী ডাক্তারের সান্নিধ্যে আসার কোনো অজুহাত খুঁজে পাই কিনা!"
বলতে বলতে ঠোঁট কামড়ে হাসল লোকটা। চোখ টিপে পেছন ঘুরে দীর্ঘ পদক্ষেপে অগ্রসর হলো অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজের দিকে। ধোঁয়ায় ধোঁয়াটে হয়ে যাওয়া অপরাহ্ণের আবছা আলোয় চিত্রলেখা কিছুক্ষণ স্থির হয়ে চেয়ে রইল লোকটার চলে যাওয়া পথের দিকে। পাহাড়ের বুক চিরে কনকনে ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে।
পদতলে জুতোটা কিছু একটার সঙ্গে আটকে যেতেই সে মাটির দিকে তাকাল। প্রথমে ভেবেছিল পাথর তবে আয়তাকার স্টিলের পেন্ডেন্টের মতো বস্তুটার উপর দৃষ্টি ফেলতেই সে ভ্রুকুটি করল। হাত বাড়িয়ে সেটা তুলে নিল। আয়তাকার স্টিলের দুটো 'ডগ ট্যাগ' ঝুলছে একটা ছোট চেইনে। এই জিনিসটার মালিক ওই লোকটা হওয়ার সিংহভাগ সম্ভাবনা রয়েছে। ঘুরিয়ে ফিরিয়ে পরখ করে নজরে এলো চকচকে মেটালের গায়ে খচিত ইংরেজি বর্ণমালা, 'CAPTAIN ORITRO'। নামের নিচে আরো কিছু লেখা রয়েছে। সেগুলো সে পড়ল না। দুটো মেটালের গাত্রেই একই শব্দগুচ্ছ!
#চলবে...