ফন্ট সাইজ:
থিম:
মেঘপুঞ্জ

পর্ব 18

লেখক: বেলাডোনা তুজ

#মেঘপুঞ্জ
#বেলাডোনা_তুজ(লেখনীতে)
#পর্ব_১৮

ভাঙা জানালা দিয়ে দ্বিপদ স্ট্যান্ডের ওপর দাঁড় করানো একটি স্নাইপার রাইফেল। রাইফেলের সঙ্গে যুক্ত বিশেষ অপটিক্যাল যন্ত্রে চোখ রেখে চারপাশ পর্যবেক্ষণ করছে অরিত্র। ঘরটিতে আলো-বাতাসের প্রবেশ খুব একটা নেই। দেয়ালের প্লাস্টার খসে পড়েছে। মেঝের একপাশে জমে আছে ভাঙা ইটের টুকরো আর ধুলোর স্তর। জানালার ফাঁক দিয়ে আসা দুপুরের আলোটুকু অরিত্রের ইউনিফর্মের একাংশে এসে পড়েছে। তার মুখে কোনো অভিব্যক্তি নেই। চোখেমুখে ফুটে আছে গভীর মনোযোগ। বাইরে পাহাড়ি পরিবেশের স্বাভাবিক নীরবতা থাকলেও পরিস্থিতি যে পুরোপুরি স্বাভাবিক নয়, তা বোঝা যাচ্ছে তার সংকোচহীন চেহারা দেখেই।

পুরোনো এই ভবনটা অবস্থিত মেডিকেল ক্যাম্প থেকে কিছুটা দূরে, পাহাড়ের অন্য পাশে সেনাবাহিনীর নির্ধারিত অনুশীলন এলাকার এক প্রান্তে। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় ভবনটির বর্তমান অবস্থা বেশ জরাজীর্ণ। চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ঝোপঝাড় আর বুনো গাছপালা জায়গাটিকে আরও নির্জন করে তুলেছে। তাই আজকের অনুশীলনের জন্য এই ভবনটিকেই বেছে নেওয়া হয়েছে। বাইরে খোলা জায়গায় কয়েকজন সেনাসদস্য নিজেদের নির্ধারিত অনুশীলনে ব্যস্ত। আর ভবনের ভেতরে অবস্থান নিয়েছে অরিত্র। তার পরনে জলপাই রঙের সামরিক পোশাক। পাহাড়ের বিভিন্ন স্থানে স্থাপন করা নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে অনুশীলন চালাচ্ছে সেনাসদস্যরা। অরিত্রও নিজের নির্ধারিত অবস্থান থেকে একের পর এক নিশানা পর্যবেক্ষণ করছে। দীর্ঘ সময় ধরে একই ভঙ্গিতে অবস্থান করায় তার চোখেমুখে ক্লান্তির সামান্য ছাপ ফুটে উঠেছে। তবু মনোযোগে কোনো ঘাটতি নেই।

হঠাৎ দূরের পাহাড়ি ঢালের দিকে দৃষ্টি স্থির হলো তার। লক্ষ্যবস্তুর আশপাশে নয়। বরং তার খানিকটা দূরে সবুজ ঘাসে ঘেরা খোলা জায়গাটিতে নড়াচড়া চোখে পড়ল। অরিত্র কিছুক্ষণ সেদিকে তাকিয়ে রইল। জায়গাটা মেডিকেল ক্যাম্পের আশপাশের পাহাড়ি ঢালের মতোই দেখাচ্ছে। দূরত্বের কারণে সবকিছু স্পষ্ট বোঝা না গেলেও একটি পরিচিত অবয়ব চোখে পড়ল তার।

একটা ছেলে ঘাসের ওপর বসে আছে। তার কানের দুপাশেই ফুল। হাসছে সে। আরে, এটা মংচংথোই না? অরিত্র সেদিক থেকে দৃষ্টি সরিয়ে লক্ষ্যবস্তু খুঁজতে রাইফেলের দিক পরিবর্তন করল। রাইফেলের স্কোপ ঘুরালো বাঁ দিকে। সঙ্গে সঙ্গেই অবাকের চেয়ে পুলকিত হতেই বেশি দেখা গেল তাকে। পাশেই চিত্রলেখা! এত দূর থেকেও তাকে চিনতে ভুল হলো না। তাছাড়া তার দৃষ্টিশক্তি নিঃসন্দেহে অন্যান্য মানুষের তুলনায় প্রখর। এটা অরিত্র বাজি রেখে বলতে পারবে! ছোটবেলায় বেশি বেশি ছোট মাছ খেত তো তাই!

দুজনের মধ্যে বেশ ভাব জমেছে বলেই মনে হচ্ছে। কখনো মংচংথোই এর দিকে তাকিয়ে হাসছে চিত্রলেখা, কখনো বা আবার চারপাশের ফুলগাছের দিকে মনোযোগ দিচ্ছে। অরিত্র লেন্সের সামনের দিকে থাকা ফোকাস রিংটি ঘুরিয়ে ঝাপসা ভাব দূর করল। এতে লক্ষ্যবস্তু আরো স্পষ্ট রূপে নজর কাড়ল তার।

অরিত্রের ঠোঁটের কোণে অজান্তেই ক্ষীণ হাসি ফুটে উঠল,

"আরে বাহ্‌! ফুলের কানে ফুল!"

চিত্রলেখার কর্ণগাত্রে, চুলের ফাঁকে শুভ্র-রাঙা বুনো ফুল গুঁজা। চিত্রলেখার এলোমেলো কেশের ভাঁজে ফুলটা বেশ মানিয়ে গেছে। অরিত্রের মনে হলো, মেয়েটা বোধহয় ফুল ভালোবাসে। নইলে ছোট্ট ছেলেটার কানে ফুল গুঁজে দেওয়ার পর নিজের চুলেও এমন করে ফুল জড়িয়ে বসে থাকত না!

ঘাড় কাত করে নিজের ভাবনাকে প্রশয় দিতে রাইফেল অপটিক্যালে ফের দৃষ্টি রাখল।

"টার্গেটকে কী শুধু দেখেই যাবি নাকি গুলিও ছুঁড়বি?"

পেছন থেকে ভেসে এলো পরিচিত কারো কণ্ঠস্বর। অথচ সেই কণ্ঠের মালিককে চিনতে অরিত্র চিনতে পারলে তো! চিনবে কীভাবে? চেনার জন্য ঘোর তো অন্তত কাটাতে হবে! কে প্রশ্ন করল, সেই খবর না রেখেই কথার পিঠে মোহগ্রস্ত স্বরে জবাব দিল সে,

"হ্যাঁ, সেটা তো করতেই চাই। বাট..মাই টার্গেট ইজ সো প্রিটি!"

বলেই আলতো ভাবে হাসল সে। এরই মাঝে অরিত্র সম্বিত ফিরে পেল। হুট করেই তার উপলব্ধি হলো নিখিল এসে রাইফেল তাক করা ভাঙা জানালাটার পাশ ঘেঁষে দাঁড়িয়েছে। একপা আড়া-আড়িভাবে, বুকে দু'হাত গুঁজে আছে। অরিত্র বোকার মতো পেছন ফিরল। শ্লা! ঠোঁট চেপে হাসছে! দাঁতে দাঁত চাপল অরিত্র, রাইফেলের স্কোপ হতে দৃষ্টি সরিয়ে নিখিলের দিকে বিব্রত চোখে চাইল। নিখিল হাসি চেপে ভ্রু নাচিয়ে বলে উঠল,

"হাসছিলি কেন?"

অরিত্রর মুখের হাসিটা মুহূর্তেই মিলিয়ে গেল। যেন এতক্ষণে তার ঘোর কাটল। চোখ সরু করে নিখিলের দিকে তাকাল সে। বন্ধুর ঠোঁটের কোণে লেগে থাকা চাপা হাসিটুকু দেখে মনে মনে বিরক্ত হলো। তবে মুখে তা প্রকাশ না করে বেশ স্বাভাবিক ভঙ্গিতে বলল,

"হাসছি! কোথায় হাসছি? আমি তো রাইফেলে নিশানা করছিলাম।"

কথাটা বলেই আবার রাইফেলের দিকে দৃষ্টি ফেরানোর ভান করল অরিত্র। যেন তার সমস্ত মনোযোগ এতক্ষণ ধরে অনুশীলনেই নিবদ্ধ ছিল। অথচ নিখিলের চোখ এড়ানোর মতো কিছুই ঘটেনি। সে জানালার পাশেই দাঁড়িয়ে রইল। বুকে হাত গুঁজে রাখা অবস্থানটুকুও বদলাল না। জানালা বাইরে একবার দৃষ্টি রেখে, ফের ফিরিয়ে নিল। তারপর কেবল ঠোঁটের কোণে সামান্য হাসি রেখে শান্ত স্বরে বলল,

"রাইফেলে নিশানা করলে কেউ মুচকি মুচকি হাসে না আর ফুল.. ফুল বলে বিরবিরও করে না।"

নিখিলের কথায় অরিত্রর হাতের নড়াচড়া থেমে গেল। কয়েক সেকেন্ড নিশ্চুপ থেকে ঘাড় ঘুরিয়ে বন্ধুর দিকে তাকাল সে। পুনরায় স্কোপে অভিনিবেশ করল। ফিচলে হেসে বলল,

"তোর পর্যবেক্ষণ ক্ষমতা দিন দিন ভয়ংকর হয়ে উঠছে, দেখছি!"

খানিকটা সময় অতিবাহিত হওয়ার পরও নিখিলকে একইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে অরিত্র ভ্রু উঁচিয়ে অপ্রসন্ন গলায় শুধালো,

"অ্যাই, তোর কী কোনো কাজ নেই? এখনো দাঁড়িয়ে আছিস!"

অরিত্রের কথায় নিখিল এবার পেশাগত সামরিক ভঙ্গিমায় সিনা টান টান করে দাঁড়াল। মুখের চাপা হাসিটুকুও নিমেষে সরিয়ে নিয়ে গম্ভীর স্বরে বলল,

"স্যার, পরবর্তী সেশনের আগে সরঞ্জামগুলো পরীক্ষা করে নেওয়া হয়েছে। এখন শুধু আপনার নির্দেশনার পালা!"

অরিত্র তার নিশানা হতে দৃষ্টি সরিয়ে নিখিলের নির্বিকার মুখের দিকে তাকাল। মুখে কিচ্ছুটি বলল না। কঠিন মুখে নিজ পজিশন থেকে সরে এলো। যেন তার মুখয়ব বলছে, ডাকার আর সময় পেলি না! গোল্লায় যাক সব! যাব না আমি!

ভাব প্রকাশে 'যাব না,যাব না' করলেও অবশেষে অনিচ্ছা সত্ত্বেও ভবন প্রস্থান করার প্রস্তুতি নিল অরিত্র।

"রাইফেলের কাছাকাছি ভুলেও ঘেঁষবি না। স্কোপে চোখ রাখা তো একেবারেই নিষেধ, বলে দিলাম। খবরদার কথার হেরফের হয়েছে তো..!

যাওয়া আগে সে রীতিমতো হুমকি-ধামকি দিয়ে গেল নিখিলকে। কিন্তু কে শুনে কার কথা! চোখ পাকানো তো দূর, অরিত্র কেঁদে মরে গেলেও সে এখন অরিত্রের হুমকিকে তোয়াক্কা করবে না। নিখিল উৎসুক নেত্রে এক চোখ বন্ধ করে অপর চোখ খোলা রেখে রাইফেলের অপটিক্যালে দৃষ্টি রাখল। নজরে এলো চিত্রলেখা! রাইফেলের রেঞ্জ ঘুরিয়ে কমাতে কমাতে সুর করে বলল,

"ওওহ,আচ্ছা! হাসির তাহলে কারণটা এই-ই!

তারপর মাথা উঠিয়ে দরজার দিকে তাকিয়ে চুপিসারে হেসে উঠল নিখিল!
_

পাহাড়ি ঢালের সেই নিরিবিলি জায়গাটিতে তখনও বসে আছে চিত্রলেখা আর মংচংথোই। দুজনের মাঝখানে ছড়িয়ে-ছিটিয়ে আছে কয়েকটি ছোট্ট বুনো ফুল। বাতাসে ঘাসের ডগাগুলো দুলছে মৃদু ছন্দে। দূরের পাহাড়ের গায়ে রোদের আভা পড়ে সবুজ রংটাকে আরও উজ্জ্বল করে তুলেছে।

চিত্রলেখা একবার চারপাশে চোখ বুলিয়ে মংচংথোইয়ের দিকে তাকাল। ছেলেটা তখন ঘাসের ডগা নিয়ে খেলছে। তার কানের পাশে গুঁজে দেওয়া ফুল দুটো বাতাসে সামান্য দুলছে। দৃশ্যটা দেখে মৃদু হাসল সে। তারপর খানিকটা অনুসন্ধিৎসু স্বরে জিজ্ঞেস করল,

"তুমি যে এতক্ষণ ধরে আমার সঙ্গে বসে আছো, এতে মা খুঁজবে না? আসার সময় তো বলেও আসো নি কাউকে!"

প্রশ্ন শুনে মংচংথোইয়ের আঙুলের নড়াচড়া থেমে গেল। ঘাসের ডগাটা হাতের মধ্যে রেখেই সে কিছুক্ষণ নিচের দিকে তাকিয়ে রইল। তারপর খুব সহজ, নির্লিপ্ত ভঙ্গিতে মুখ তুলে বলল,

"আমার মা নেই!"

কথাটা শুনে চিত্রলেখার মুখের হাসি ধীরে ধীরে মিলিয়ে গেল। সে ছেলেটার মুখের দিকে তাকিয়ে রইল কয়েক মুহূর্ত। এমন সহজভাবে কথাটা বললেও এর পেছনের শূন্যতাটুকু যেন এড়িয়ে যেতে পারল না। কী বলবে বুঝতে না পেরে একটু ইতস্তত করল। তারপর কণ্ঠস্বর যথাসম্ভব স্বাভাবিক রেখে জানতে চাইল,

"তাহলে বাবা?"

মংচংথোই এবারও খুব একটা ভাবল না। আগের মতোই সংক্ষিপ্ত উত্তর দিল,

"নেই!"

চিত্রলেখার ঠোঁটের কোণে আটকে থাকা হাসিটুকু এবার পুরোপুরি মুছে গেল। সে কিছুক্ষণ চুপ করে ছেলেটার দিকে তাকিয়ে রইল। ছোট্ট মুখটায় দুঃখের কোনো স্পষ্ট ছাপ নেই, নেই কোনো অভিযোগও। যেন কথাগুলো তার কাছে খুব পরিচিত, বহুবার বলা। অথচ চিত্রলেখার কাছে উত্তর দুটো কেমন ভারী হয়ে এসে ঠেকল। কেন জানি শেষ কথাটায় হুট করে মন খারাপ হয়ে গেল চিত্রলেখার! চোখের কোণে নোনাজল জমলো! সে মন ভার করে জিজ্ঞেস করল,

"থাকো তবে কার সাথে?"

"দাদুর সাথে!"

তারপর দুজনেই নীরব। মংচংথোই অদূর পাহাড়ের পানে তর্জনী তুলে বলল,

"ওই পাহাড়টার ওপাশে একটা সুন্দর জায়গা আছে!"

চিত্রলেখা ছেলেটার দেখানো দিকে তাকাল। পাহাড়ের সবুজ ঢাল একটার আড়ালে আরেকটা মিশে দূরে চলে গেছে। কোন পাহাড়টার কথা বলছে, তা ঠিক বোঝা গেল না।

"সুন্দর জায়গা? কেমন জায়গা সেটা?"

মংচংথোই এবার বেশ উৎসাহ নিয়ে তার দিকে ফিরল। ছোট্ট মুখটায় ফুটে উঠল চেনা হাসি।

"অনেক ফুল আছে সেখানে। ছোট ছোট ফুল। আবার বড় ফুলও আছে। পাশে একটা গাছ আছে, গাছটাতে অনেক পাখি আসে।"

চিত্রলেখা আগ্রহ নিয়ে শুনল। ছেলেটার বর্ণনা শুনে জায়গাটা একবার দেখার ইচ্ছা জাগল মনে।

"তুমি সেখানে প্রায়ই যাও?"

ঝোপের আড়ালে খচখচানির শব্দ হলো। চিত্রলেখা আমলে নিল না। বিড়াল হবে হয়তো!

মংচংথোই চিত্রলেখার প্রশ্নের উত্তর দিতে মুখ খুলল। কিন্তু তার আগেই ঝোপের আড়াল থেকে আবারও খসখস শব্দ ভেসে এলো। এবার শব্দটা আগের চেয়ে একটু স্পষ্ট। চিত্রলেখা কথার মাঝখানে থেমে গেল। ঘাড় ঘুরিয়ে ঝোপের দিকে তাকাল। বাতাসে পাতাগুলো নড়ছে ঠিকই, তবে শব্দটা কেবল বাতাসের কারণে হচ্ছে বলে মনে হলো না।

"চুপ! শব্দ করবি না!"

চারজন লোক বেরিয়ে এলো ঝোপের আড়াল থেকে। চারজনের পরনেই মলিন পোশাক। হাতে দেশীয় অস্ত্র। তাদের একজনের হাতে ধারালো দা, অন্যজনের হাতে লম্বা ছুরি। যেন আটঘাট বেঁধেই এসেছে। মুখোভঙ্গি কঠিন, চোখেমুখে স্পষ্ট হিংস্রতা।

চিত্রলেখা মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। পরিস্থিতি বুঝতে খুব বেশি সময় লাগল না তার। মংচংথোই ভয়ে গুটিসুটি মেরে চিত্রলেখার হাত খামচে ধরল। চিত্রলেখা এই তিনজনকে চেনে। বাকি একজনকে চিনে না। সেদিনও এসেছিল এই তিনজনই! চিত্রলেখার সাথে সেদিন যেই লোকটার সাথে কথার যুদ্ধ হয়েছিল, সেই লোকটা এগিয়ে এলো,

"সেদিন বেঁচে গিয়েছিলি! আইজকা মাতাব্বরি করলে খবর আছে!"

চিত্রলেখা লোকটার শাসানো সুরকে গুরুত্ব দিল না। বরং উল্টো ভয় দেখিয়ে তেজিয়ান কণ্ঠে বলল,

"এখন ঠিক দুপুর বেলা! তার চেয়ে বড়ো কথা, সেনা ক্যাম্প কাছাকাছি না হলেও খুব দূরে নয় কিন্তু!"

লোকটা পিছিয়ে গেল। দলের আরেকজন সামনে এগোলো। নেতানো গলায় প্রস্তাব রাখল,

"আপনেরে একটা ভালো প্রস্তাব দেই। এখান থেকে চলে যাইবেন সোজা অন্ধ মাইনষের মতো। আমগোর কামে স্বাক্ষী হওয়া মানুষকে আমরা ছেড়ে দেই না। মাইয়া হলে তো আরও না। তবে আপনারে দিতাছি!"

সে শুনল না আততায়ীদের প্রস্তাব। মিলিটারি ট্রেনিংয়ে প্রথমেই শিখানো হয় বিবেকের তাড়না! কোনো সহযোদ্ধা কিংবা বিপদগ্রস্ত সিভিলিয়ানকে কখনোই বিপদের মুখে ফেলে আসা যাবে না। বিবেকের কাছে জবাবদিহিতা আর একনিষ্ঠ আনুগত্যের তাগিদে সামরিক প্রথার বিরোধিতা করতে করতে পারল না চিত্রলেখা। তার মনেও সেই শিক্ষাই দৃঢ়ভাবে গেঁথে আছে। নিজের নিরাপত্তার কথা ভেবে মংচংথোইকে এই লোকগুলোর হাতে ছেড়ে দিয়ে চলে যাওয়া তার পক্ষে সম্ভব নয়।

চিত্রলেখা তীক্ষ্ণ চাহনি নিক্ষেপ করে, সন্দিগ্ধ গলায় বলল,

"আপনারা কী মানব পাচারকারী?"

প্রশ্নটা শুনে লোকগুলোর মধ্যে মুহূর্তের জন্য নীরবতা নেমে এলো। যে লোকটা এতক্ষণ কথা বলছিল, সে চোখ সরু করে চিত্রলেখার দিকে তাকাল। দলের নেতা গোছের লোকটা নীরবতা ভেঙে গলা খাকারি দিল। পিক করে মুখ থেকে পান-সুপারির রস ফেলে বলল,

"বহুত ভালা-মন্দ আলাপ হইছে। দুজনকেই বেঁধে নিয়া আয়। কামে দিব। একটাও আকামের না!"

আততায়ীদের মধ্যে একজন কিছু বলতে চাইলেও নেতা শ্রেণীর লোকটা কারো কথা শোনার মেজাজে নেই। তাই আর শোনা হলো না লোকটার মতামত। বিরক্তির চোখে চেয়ে কাজে লেগে পড়তে আদেশ করল বাকিদের।

চিত্রলেখা কথার পিঠে প্রতিবাদটুকু করার সুযোগ পেল না। ফের নিশ্বাস নেওয়ার আগেই চিত্রলেখা সংজ্ঞা হারালো!

#চলবে...

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 18 শেষ করেছেন।

আগের পর্ব উপন্যাস সমাপ্ত

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন