ফন্ট সাইজ:
থিম:
মেঘপুঞ্জ

পর্ব 17

লেখক: বেলাডোনা তুজ

#মেঘপুঞ্জ
#বেলাডোনা_তুজ(লেখনীতে)
#পর্ব_১৭

মধ্যাহ্ন। সূর্যটা বেশ খানিকটা ওপরে উঠলেও রোদের তেজ তেমন একটা নেই। বরং পাহাড়ের বুক চিরে আসা হিমেল বাতাসের সঙ্গে মিশে নরম রোদটুকু এক অন্যরকম আবেশ তৈরি করেছে। চারপাশের পাহাড়ি ঢালগুলোতে রোদের আলো ছড়িয়ে পড়েছে আলতোভাবে। দূরের পাহাড়ের চূড়ায় এখনো কুয়াশার হালকা আস্তরণ লেগে আছে।

মেডিকেল ক্যাম্পের তাঁবুগুলোর ওপর রোদ এসে পড়েছে। কোথাও দু-একজন রোগী চিকিৎসার অপেক্ষায় বসে আছেন, কোথাও চিকিৎসক ও নার্সদের ব্যস্ত আনাগোনা। তাঁবুর বাইরে রাখা বেঞ্চগুলোতে কয়েকজন স্থানীয় মানুষ নিজেদের মধ্যে কথা বলছেন। মাঝেমধ্যে কারও ডাক, কারও কথাবার্তা আর চিকিৎসাসংক্রান্ত ছোটখাটো ব্যস্ততায় ঘিরে আছে ক্যাম্পগুলি। মাঝে মাঝে পাহাড়ি বাতাসে তাঁবুর পর্দাগুলো মৃদু দুলে উঠছে।

চিত্রলেখা তাঁবু থেকে বাইরে বেরিয়ে এলো।তীর্যকভাবে সূর্য অবস্থান নিলেও কিছুক্ষণ খোলার জায়গায় দাঁড়িয়ে থাকলেই মগজ গরম হয়ে উঠে। গরম ভাব লাগায় চিত্রলেখা গায়ের সুয়েটার খুলে মাথার উপর মেলে ধরল। আশপাশে চোখ বুলিয়ে নজরে এলো সেদিনকার খোলা চত্বরটা। মংচংথোই একা একা ঘাসের উপর বসে আছে। অদূরে বাচ্চারা দল বেঁধে খেলায় মশগুল। চিত্রলেখা বিপুল আগ্রহ নিয়ে এগিয়ে গেল।

ছেলেটা মন খারাপ করে আছে। যা চিত্রলেখা মংচংথোইয়ের চেহারা দেখেই আন্দাজ করতে পারল। চিত্রলেখা কাছে গিয়ে তার পাশে বসে পড়ল। তারপর ছেলেটির মুখের দিকে তাকিয়ে মৃদু স্বরে জিজ্ঞেস করল,

"কী হয়েছে, মংচংথোই? মন খারাপ কেন?"

মংচংথোই কোনো উত্তর দিল না। কেবল ঘাসের ওপর পড়ে থাকা ছোট্ট একটি শুকনো পাতা তুলে নিয়ে আঙুলের ফাঁকে ঘোরাতে লাগল। তার দৃষ্টি বারবার অদূরে খেলতে থাকা বাচ্চাদের দিকে চলে যাচ্ছে। চিত্রলেখা মন খারাপের কথা জিজ্ঞেস করায়, মংচংথোই এর নয়নজোড়া অশ্রুসিক্ত হলো। বাচ্চারা হয় আবেগী। তারা যখন কাউকে একটু বেশিই আপন করে নেয়, তখন আবেগটা পুরোপুরি ঢেলে দেয় তাকেই। চিত্রলেখা ব্যাপারটা লক্ষ করল।

"ওদের সঙ্গে খেলবে না?"

মংচংথোই এবার মাথা নাড়ল। তারপর অস্পষ্ট স্বরে কী যেন বলল। তার কথার সবটুকু বুঝতে না পারলেও চিত্রলেখা এটুকু আঁচ করতে পারল, অন্য বাচ্চারা তাকে খেলায় নিচ্ছে না। হয়তো কারণটা সেদিনের দূর্ঘটনাকে কেন্দ্র করেই!

চিত্রলেখা মংচংথোইয়ের মুখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। মংচংথোইয়ের চোখেমুখে জমে থাকা বিষণ্নতা দেখে তার মায়া হলো। তবে এই মুহূর্তে তাকে সান্ত্বনা দেওয়ার চেয়ে মন অন্যদিকে ফেরানোই বেশি ভালো বলে মনে হলো তার। চিত্রলেখা একবার অদূরে খেলতে থাকা বাচ্চাগুলোর দিকে তাকাল। তারপর আবার মংচংথোইয়ের দিকে ফিরে মৃদু হাসল। ছেলেটির হাতে তখনো সেই শুকনো পাতাটি। অন্যমনস্কভাবে সেটি নিয়ে নাড়াচাড়া করছে। চিত্রলেখা আলতো করে তার কাঁধে হাত রাখল।

"হাতে কাজ নেই এখন আমার। মংচংথোই, ঘুরতে যাবে?"

কথাটা শুনে মংচংথোই শুকনো পাতাটি নিয়ে নাড়াচাড়া থামিয়ে দিল। সে মুখ তুলে চিত্রলেখার দিকে তাকাল। চোখেমুখে আগের বিষণ্নতার পাশাপাশি এবার কিছুটা কৌতূহলও ফুটে উঠেছে। যেন প্রস্তাবটা তার মন্দ লাগেনি, কিন্তু সঙ্গে সঙ্গে রাজি হতেও পারছে না। কিছুক্ষণ চুপ থেকে সে ছোট্ট করে মাথা কাত করল। তারপর বেশ স্বাভাবিক ভঙ্গিতে প্রশ্ন করল,

"কিন্তু আপনি তো এখানের কিছুই চিনেন না!"

চিত্রলেখার ঠোঁটের কোণে হাসি আরও একটু প্রশস্ত হলো। কথায় যুক্তি আছে বইকি! এই পাহাড়ি এলাকায় সে নিজেই যেখানে পথঘাট ভালো করে চেনে না, সেখানে আবার মংচংথোইকে নিয়ে ঘুরতে যাওয়ার প্রস্তাব দিচ্ছে। তবে তাতে তার বিশেষ ভাবান্তর হলো না। বরং মংচংথোইয়ের কথার মধ্যেই সে একটা সুযোগ খুঁজে পেল।

চিত্রলেখা ভ্রু সামান্য উঁচু করে তার দিকে তাকাল। মুখে এমন এক আত্মবিশ্বাসী ভাব ফুটিয়ে তুলল, যেন ব্যাপারটা একেবারেই সহজ। সে হেসে উঠে বলল,

"তুমি চিনিয়ে দিবে!"

মংচংথোই এবার চিত্রলেখার মুখের দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে রইল। তারপর তার ঠোঁটের কোণে ধীরে ধীরে হাসি ফুটে উঠল। এতক্ষণ যে ছেলেটি মন খারাপ করে একা বসেছিল, সে-ই এবার ঘাসের ওপর থেকে উঠে দাঁড়ানোর জন্য হাত বাড়িয়ে দিল। চিত্রলেখা তার হাতটি ধরে আলতো টানে উঠে দাঁড়াতে সাহায্য করল।

মমংচংথোইয়ের মুখে হাসি ফিরতে দেখে চিত্রলেখারও ভালো লাগল। সে নিজের সুয়েটারটি হাতে গুছিয়ে নিল। মংচংথোই এবার বেশ আগ্রহ নিয়ে ক্যাম্পের বাইরের পথটির দিকে এগিয়ে গেল। মাঝেমধ্যে পেছন ফিরে চিত্রলেখা তার সঙ্গে আসছে কি না, সেটাও দেখে নিচ্ছে।

মংচংথোই এর পিছু হাঁটতে হাঁটতে চিত্রলেখা সহসা দাঁড়িয়ে পড়ল। মংচংথোই ততক্ষণে অনেকখানি পথ এগিয়ে গেছে।​ সে পেছনে ফিরে চিত্রলেখাকে দাঁড়িয়ে থাকতে দেখে কিছুটা অবাক হলো। সে দৌড়ে আবার তার কাছে ফিরে এল। উৎসুক কণ্ঠে জিজ্ঞেস করল,

"কী হলো? দাঁড়িয়ে গেলেন কেন?"

চিত্রলেখা একটু দূরে পাহাড়ের খাঁজে তৈরি হওয়া ছোট একটা মেঠোপথ আর ঝোপঝাড়ের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। চারপাশের নীরবতা ভেঙে বাতাসে যেন বুনো ফুলের সুবাস ভেসে আসছে। আলোকরশ্মি চারিদিকে ছড়াতেই প্রাণবন্ত হয়ে উঠল শীতের দ্বিপ্রহর। চিত্রলেখা প্রফুল্লচিত্তে বলল,

"কী সুন্দর! দেখেছো?"

বলতে বলতে চিত্রলেখা বিমোহিত হয়ে এগিয়ে গেল সেদিকে। মংচংথোই মাথা নাড়িয়ে পিছু নিল তার।

তারা দাঁড়িয়ে আছে অস্থায়ী শিবির ছেড়ে স্রেফ একটুখানি দূরে পাহাড়ি টিলা ঘেঁষে। খাঁজের দুদিকে শুভ্র রাঙা ক্ষুদ্রাকৃতির বুনো ফুল। ছোট ছোট ফুলগুলো গুচ্ছবদ্ধ হয়ে ফুটে আছে ঘাসের ফাঁকে, কোথাও আবার ঝোপের আড়ালে মুখ লুকিয়ে আছে। হালকা বাতাসে তাদের সরু ডাঁটাগুলো দুলে উঠছে মৃদু ছন্দে। ফুলের ওপর জমে থাকা শিশিরের ক্ষুদ্র বিন্দুগুলো রোদের আলোয় চিকচিক করছে।

পাহাড়ি ঢাল বেয়ে নেমে আসা মেঠোপথটি খুব বেশি প্রশস্ত নয়। দুপাশে ঘন সবুজ ঘাস আর নাম না জানা বুনো লতাগুল্ম পথটিকে যেন আপন করে রেখেছে। কোথাও কোথাও মাটির বুক চিরে বেরিয়ে এসেছে ছোট ছোট পাথর। তার ফাঁক গলে জন্মেছে কোমল ঘাসের চারা। পথের একপাশে কয়েকটি উঁচু গাছ মাথা তুলে দাঁড়িয়ে আছে। পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো ছড়িয়ে পড়েছে নিচের ঝোপঝাড়ে। আলো-ছায়ার মিশেলে পুরো জায়গাটুকুতে তৈরি হয়েছে অপূর্ব এক মায়াবী আবহ। দূরে তাকালে একের পর এক পাহাড়ের সারি চোখে পড়ে। কাছের পাহাড়গুলো গাঢ় সবুজে ঢাকা, আর দূরের পাহাড়গুলো কুয়াশার পাতলা পর্দায় কিছুটা আবছা হয়ে আছে। কোথাও পাখির ডাক, কোথাও ঝোপের ভেতর পাতার মর্মর শব্দ। তবু যেন জায়গাটি নির্জন প্রশান্তির ধ্রুব প্রতীক!

চিত্রলেখা কিছুক্ষণ নির্বাক হয়ে চারপাশ দেখল। তার দৃষ্টি কখনো বুনো ফুলের গুচ্ছে আটকে যাচ্ছে, কখনো দূরের পাহাড়ের সারিতে। কাঁধে ঝুলিয়ে রাখা জ্যাকেটটা সবুজ ঘাসের উপর ছুঁড়ে মারল। পেছনে দু'হাতের তালুর উপর ভর দিয়ে আলস্যে ভঙ্গিতে বসে পড়ল নির্মল ঘাসে।

মংচংথোই কিছুটা দূরে দাঁড়িয়ে চিত্রলেখার কাণ্ডকারখানা দেখছিল। তার চোখেমুখে কৌতূহলের ছাপ। চিত্রলেখাকে এভাবে ঘাসের ওপর নিশ্চিন্তে বসে থাকতে দেখে হয়তো সে কিছুটা অবাকই হয়েছে। কারণ এতক্ষণ পর্যন্ত সে চিত্রলেখাকে দেখেছে চিকিৎসার কাজে ব্যস্ত থাকতে, কখনো তাঁবুর ভেতর রোগী দেখতে, কখনো আবার ক্যাম্পের এদিক-ওদিক ছোটাছুটি করতে। অথচ এই মুহূর্তে তার মধ্যে ব্যস্ততার লেশমাত্র নেই। মংচংথোই ধীরে ধীরে এগিয়ে এসে তার পাশে বসে পড়ল। বসেই চারপাশে ছড়িয়ে থাকা বুনো ফুলগুলোর দিকে তাকাতে লাগল। তারপর ঘাসের ফাঁকে ফুটে থাকা একটি ছোট্ট ফুল আলতো করে তুলে চিত্রলেখার দিকে বাড়িয়ে দিল।

"এটা নিন।"

চিত্রলেখা ফুলটির দিকে তাকিয়ে কিছুটা বিস্মিত হলো। তারপর শিশুটির মুখের দিকে চেয়ে মৃদু হাসল।

"আমাকে দিচ্ছো?"

মংচংথোই মাথা নাড়ল। তার ছোট্ট মুখে তখন বেশ আন্তরিক একটা ভাব।

"হ্যাঁ। এখানে অনেক আছে। আপনি চাইলে আরও দেব।"

চিত্রলেখা ফুলটি হাতে নিয়ে একবার ভালো করে দেখল। ছোট্ট পাপড়িগুলো বাতাসে সামান্য কেঁপে উঠছে। সে ফুলটির দিকে তাকিয়েই বলল,

"না, একটা হলেই হবে। সবগুলো ছিঁড়ে ফেললে গাছগুলো ফুল দেবে কী করে?"

কথাটা শুনে মংচংথোই নিজের হাতে থাকা ফুলটির দিকে তাকাল। তারপর চারপাশের ফুলগুলোর দিকে চোখ বুলিয়ে বেশ সতর্কভাবে হাত সরিয়ে নিল। যেন এইমাত্র সে বুঝতে পেরেছে, ফুলগুলো শুধু তার দেখার জন্য নয়, গাছের ডালেই তাদের বেশি সুন্দর লাগে। চিত্রলেখা শিশুটির এমন ভঙ্গি দেখে হেসে ফেলল।

"তুমি তো দেখি বেশ ভালো বোঝো!"

মংচংথোই এবার তার দিকে তাকিয়ে ঠোঁটের কোণে ছোট্ট হাসি ফুটিয়ে বলল,

"আপনি ফুল ভালোবাসেন?"

"খুব। বিশেষ করে এমন নাম না জানা বুনো ফুল।"

"এগুলোর নাম আমি জানি।"

চিত্রলেখা ভ্রু সামান্য উঁচু করে তার দিকে তাকাল। মুখে চওড়া হাসি।

"তাই? বলো তো, কী নাম?"

মংচংথোই এবার ফুলগুলোর দিকে তাকাল। কয়েক মুহূর্ত চুপ থেকে মাথা নাড়ল।

"জানি না।"

চিত্রলেখা হেসে উঠল। হাসির রেশ তখনো তার কণ্ঠে লেগে আছে।

"তাহলে জানো কী করে?"

"দেখে দেখে চিনতে পারি। নাম জানি না।"

মংচংথোই এর সরল উত্তর শুনে চিত্রলেখার হাসি আরও একটু বাড়ল। সে মাথা নেড়ে সম্মতি জানাল।

"সেটাও কম কী! সবকিছুর নাম জানতে হবে এমন তো কোনো কথা নেই।"

বলতে বলতে হাতের ক্ষুদ্র ফুলটা মংচংথোই এর এক কানে গুঁজে দিল। পাশ থেকে আরো একটা ফুল ছিঁড়ে ছেলেটার অপর কানে গুঁজল। তারপর বিভিন্ন কোণ হতে পরখ করে হাসি মুখে শুধালো,

"এখন ঠিক আছে! সুন্দর লাগছে!"

মংচংথোই এবার বেশ সন্তুষ্ট মুখে হাসল। খানিকটা লজ্জাও পেল বেশ। কিছুক্ষণ দুজনেই চুপচাপ বসে রইল। পাহাড়ি বাতাসে চিত্রলেখার কপালের ওপর এসে পড়া কয়েকটি চুল বারবার উড়ে মুখের কাছে চলে আসছে। সে একহাতে সেগুলো কানের পেছনে সরিয়ে নিল। তারপর হাতের ফুলটির দিকে আরেকবার তাকিয়ে দূরের পাহাড়ের সারিতে চোখ রাখল। ছোট ছোট এক হাত তার দিকে বাড়িয়ে আসতে দেখে চিত্রলেখা আরেকদফা বিস্মিত হলো। ছোট্ট হাতটা এসে ঠেকল তার মাথার একপাশে। ক্ষুদ্রাকৃতির বুনো ফুলটা স্থান পেল তার কর্ণকুহরে, চুলের ফাঁকে!

আদুরেমাখা ভালোবাসা আর নরম তুলতুলে ফুল পেয়ে চিত্রলেখা খিলখিল করে হেসে উঠল। আচ্ছা, তার হাসি দেখে যে আড়াল থেকে কারো আঁখিজোড়ায় মুগ্ধতার রেশ এবং ঠোঁটে স্নিগ্ধতার পরশ লুকোচুরি খেলছে এটা কী চিত্রলেখা জানে?

#চলবে...

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 17 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন