#সূর্য_ডোবার_আগে
পর্ব-২৮
লেখিকা ~ #সুমন্দ্রামিত্র
কঠোরভাবে প্রাপ্তমনষ্কদের জন্য।
.
.
.
আজ কোজাগরি পূর্ণিমা।
নীলচে আকাশে এখনো দিনের আলো লেগে আছে হালকা সিঁদুরের মতো। কাঁসার থালার মতো মস্তো বড়ো চাঁদ উঠেছে আকাশের একদিকে, আর একদিকে সূর্য অস্ত যাচ্ছে।
সিকিম থেকে সুর্যাস্ত দেখা যায় না, হিমালয়ের আড়ালে ঝুপ করে সূর্য ডুবে যায় হঠাৎ করে। ড্রাইভারকে ছুটি দিয়ে দিয়েছে অভিমন্য। ফেরার সময় ও নিজের ড্রাইভ করে ফিরবে। আশেপাশে ওরা দুজন ছাড়া আর লোকমাত্র নেই। ঝাপসা কুয়াশারা ঘিরে ধরছে ওদের, নরম ধোঁয়ার চাদরে। তিন্নি আর অভিমন্যু বসে আসে একটা পাথরের ছায়াতলে, গ্যাংটক থেকে অনেক দূরে, কোন এক নাম না জানা পাহাড়ের খাদের ধারে। কাঞ্চনজঙ্ঘার শুভ্রফেন শিখর আকাশ ছুঁয়েছে যেন। ময়াল সাপের মতো এঁকেবেঁকে ধূসররঙা সিল্করুট চলে গেছে পাহাড়ের গা বেয়ে বেয়ে কোন সুদূরে। পায়ের তলায় সুগভীর খাড়া খাদ, জায়গায় জায়গায় সুবিশাল তিব্বতি পতাকা লাগানো, পতপত করে উড়ছে যেন হংসবলাকা।
কি এক অপূর্ব ভালোলাগায় আচ্ছন্ন হয়ে আছে তিন্নির মন, সেই যে কখন থেকে অভিমন্যুর বুকে মাথা দিয়ে রেখে বসে আছে, একচুলও নড়ে নি। হঠাৎ কোথা থেকে ছুটে আসা অক্টোবরের হিমে ভেজা দমকা উত্তুরে হাওয়ায় তিন্নি একটু কেঁপে উঠতে, ওর গায়ে জড়ানো গরম পশমের চাদরটা ঠিক করে দিতে দিতে অভিমন্যু বললো -- কি ভাবছো বলো তো?
অভিভূত হয়ে তিন্নি তখনও তাকিয়ে ছিল দূরের দিকে, নিশ্বাস বন্ধ করে যেন শুষে নিচ্ছিলো অভিমন্যুর বুকের ওম আর প্রকৃতির এই অসহ্য সুন্দর রূপ! অনেকক্ষন পর অস্ফুটে ওর পাতলা ঠোঁটদুটি নড়ে উঠলো।
Agar firdaus bar roo-e zameen ast,
Hameen ast-o hameen ast-o hameen ast.
এ আমায় কোথায় নিয়ে এলে অভিমন্যু? কাশ্মীর নয়, এটাই তো স্বর্গ আমার কাছে!
মৃদু হাসলো অভিমন্যু। আলতো করে তিন্নির রেশমের মতো মোলায়েম খোলাচুলে হাত বুলিয়ে বললো --- আগেরবার তোমার সিকিম ঘোরা হয় নি, তাই এইবার কাছাকাছির মধ্যে সিকিমের সবচেয়ে সুন্দর জায়গায় নিয়ে এলাম তোমায়। পছন্দ?
--- পছন্দ? এত শান্ত, নিস্তব্ধ পরিবেশ, লোকের কোলাহল নেই, যানবাহনের আওয়াজ নেই! শুধু পাখির ডাক, পাইন আর রডোডেন্ড্রনে জমে থাকা কুচিকুচি হিম, নীল আকাশ, গোলাপি চাঁদ…. মনে হচ্ছে এখানেই থেকে যাই সারাজীবন!
গলার মধ্যে শব্দ করে হাসলো অভিমন্যু, তিন্নিকে আরেকটু কাছে টেনে ওর ছোট্ট কপালে নিজের ঠোঁটদুটো ছুঁইয়ে নরম আদরে ভরিয়ে দিলো ওকে
-– সা-রা জী-বন?? আর তোমার চাকরি? আমার ডিউটি?
কয়েকপল নীরবতা। আর একটু ঘন হয়ে বসলো ওরা। ভিতর থেকে ডুকরে ওঠা দীর্ঘশ্বাস গোপন করলো না তিন্নি, গলায় বিষাদের ছোঁয়া
-- কাল থেকে আবার তুমি আলাদা, আমি আলাদা! আর তোমাকে এভাবে কাছে পাবো না অভিমন্যু! কত ভালো হতো না যদি আমরা নোম্যাডিক হতাম? কোনো সমাজ থাকতো না, নিয়ম থাকতো না, বর্ডার থাকতো না, যুদ্ধও না। শুধু আমরা দুজন, একসাথে, চিরকাল! এভাবে তোমার বুকে মাথা রেখে সারাজীবন কাটিয়ে দিতাম! এর থেকে সুন্দর আর কি আছে?
কড়াপড়া শক্ত আঙুলগুলো ছুঁয়ে গেল তিন্নির মুখ, ঠোঁটের কোণ। চোখে চোখ রেখে মেজর বললেন
--- তুমি!
হেসে ফেললো তিন্নি, চিকচিক করে উঠলো ওর চোখ। --- যাহ! আমি সুন্দর?
তিন্নির কথার ধরনে হেসে ফেললো অভিমন্যুও। একটা নিঃশ্বাস ছেড়ে দুইদিকে মাথা নাড়িয়ে বললো --- তুমি নিজে জানোই না তুমি কতটা সুন্দর। এমনি এমনি ছেলেরা তোমার প্রেমে পড়ে টুপটাপ? সায়ক, মানব, আমাদের সিকিম রেজিমেন্টের হাফ ব্যাটেলিয়ন, তোমার সেই চা দোকানী .... লিস্ট শেষই হবে না!
চোখ পাকালো তিন্নি --- যা খুশি না? মজা ওড়াচ্ছো আমার?
অস্তগামী সূর্যের লালচে আলো এসে পড়লো তিন্নির পানপাতা মুখে, ঝলসে দিলো অভিমন্যুর বুকের ভেতর। একেই কি বলে “কনে দেখা আলো”? চোখ ফেরাতে পারলো না অভিমন্যু। চুম্বকের মতো টেনে ধরছে যেন, অন্য সব কিছু ভুলে যেতে চায় মন। তিন্নির দিকে চেয়ে থাকতে থাকতে গলার স্বর পাল্টে গেলো অভিমন্যুর, ঘন ভারী গলায় বললো
--- আমার চোখের দিকে তাকাও সীমন্তিনী, তোমার মনে হয় আমি মজা করছি?
কি ছিল সেই স্বরে, অনেকচেষ্টা করেও ভারী হয়ে আসা চোখদুটো নিয়ে অভিমন্যুর দিকে তাকাতে পারলো না তিন্নি। গলায় ফুটে উঠলো জমাটবাঁধা অভিমান।
— জানি না অভিমন্যু... মাঝে মাঝে মনে হয় আমি হয়তো তোমার যোগ্য নই! মনে হয় .... তোমার পাশে আমি খুব বেমানান, খুব সাধারণ। সাধারণকে কি ভালোবাসা যায়?
--- তাই কি সীমন্তিনী? সত্যিই তুমি জানো না কি, আমি তোমাকে ভালোবাসি কিনা?
ঝিন ধরে গেছে সারা শরীরে, একদৃষ্টিতে দূরের দিকে তাকিয়ে ছিল তিন্নি, মন দিয়ে দেখছিলো হিমালয়ের কোলে নীল আকাশ জুড়ে রঙমিলান্তি খেলা। সূর্যাস্তের কমলারঙা সূর্যটা তখন ডুবে যাচ্ছে জমাট সবুজ পাহাড়ের কোলে। ধীরে ধীরে আকাশের গায়ে লাগছে সূর্য ডোবার লালচে কমলা ছোঁয়া। আর কিছু সময় পরই একটু একটু করে গোলাপি আকাশের রঙ বদলে যাবে ধূসর থেকে ঘন কালো রাতে।
বেশকিছুক্ষন অপেক্ষা করেও তিন্নির দিক থেকে কোনো রেসপন্স না পেয়ে এবার বামহাত দিয়ে ওর নিচু হয়ে থাকা চিবুকটা তুলে ধরলো অভিমন্যু, তারপর শান্ত স্বরে বললো
-- সীমন্তিনী! তুমি সত্যিই সুন্দর কিন্ত আজ থেকে চল্লিশ বছর পরও কি শরীরের সৌন্দর্য্যটা ম্যাটার করবে? নাকি মনের সৌন্দর্য্যটা? আমি তোমার মনটাকে ভালোবেসেছি ম্যাডাম, তোমার চরিত্রটাকে ভালোবেসেছি। তোমার কবিতা, তোমার নরম মনটা, এই যে তুমি হঠাৎ হঠাৎ সবার মাঝে থেকেও হারিয়ে যাও... এই যে তুমি টলটলে চোখ নিয়েও দাঁড়িয়ে থাকো, নিঃশব্দে কাঁদো, এই যে হঠাৎ হঠাৎ চোখ পাকিয়ে, ঠোঁট ফুলিয়ে তাকাও আমার দিকে ..... তোমার ছোট ছোট অভিমান, ছেলেমানুষিগুলো আমি ভালোবাসি সীমন্তিনী। এই যে তুমি নিঃস্বার্থভাবে আমায় ভালোবাসো তার জন্য আরো বেশি করে যে তোমায় ভালোবাসি।
শুনতে শুনতে শরীর অসাড় হয়ে আসছিলো। অভিমন্যুর বুকের ওম, কোলোন মিশ্রিত ওর তীব্র পুরুষালি গন্ধ, অভিমন্যুর স্পর্শ সব মিশিয়ে কেমন একটা ঘোরের মধ্যে চলে যাচ্ছিলো তিন্নি।
অভিমন্যু বলে চললো
-- দুপুরে হোটেলরুমে বলছিলে না তুমি খুব দুর্বল? কে বলে? তুমি তো সেই চালাকচতুর মেয়েটা যে কিনা হিল্লি দিল্লি করে বেড়ায় একা একা।অল্পচেনা বন্ধুদের সাথে ঘুরতে চলে আসে বাড়ি থেকে অত দূরে। এক রেজিমেন্টে সেনার সামনে দাঁড়িয়ে ইন্ডিয়ান আর্মির কর্নেলের সাথে সমান দাপটে কথা বলে! আমি সেই মেয়েটার মনের জোরকে ভালোবাসি, যে কিনা মাথা ঠান্ডা রেখে এক ফোনেতে সিকিম উড়ে আসে গুলিতে আহত প্রেমিককে দেখতে…..
নাহ!
আর কোন সংশয় নেই, আর কোনো ইনসিকিউরিটি নেই, আর কোন পিছুটান নেই।
সারাগায়ে কাঁটা দিয়ে উঠছিল তিন্নির, অভিমন্যুর কথাগুলো শুনতে শুনতে। বুকের ভেতরে ঘটা প্রবল আবেগের বিস্ফোরণে নিজেকে আর ধরে রাখতে পারছিলো না।হয়তো আরো কিছু বলে যেত অভিমন্যু, তিন্নি বলতে দিলো না।
প্রেয়সীর উদ্দাম আশ্লেষের গভীর চুম্বনে মুখের কথা মুখেই রয়ে গেল অভিমন্যুর।
কোজাগরী পূর্ণিমার মরচে পড়া সন্ধ্যায় #সূর্য_ডোবার_আগে র মুহূর্তে লালচে গোলাপি আকাশকে সাক্ষী রেখে প্রবল আবেগে দুজোড়া ঠোঁট মিশে গেলো হিমালয়ের বুকে। এই শেষবেলায় যখন আকাশে অস্তরাগ আর ছায়া নেমে আসছে নিচের ঝুমজমিতে, ঘরে ফেরা হিমালয়ান মোনাল আর হর্নবিলরা যখন বাড়ি ফিরছিলো, ওরা দেখে গিয়েছিলো সিকিমের কোনো এক পাহাড়ি খাদের পাশে নাম না জানা অনেকগুলো তুষারশুভ্র হিমালয়ের শৃঙ্গের সামনে, হেমন্তের টুপটাপ ঝরে পড়া হিম আর আবছা কুয়াশার ধোঁয়া ধোঁয়া চাদরে দুটো মানুষ পাশাপাশি বসেও এক হয়ে ছিল।
**************************__****************************
অনেক অ-নে-কক্ষণ পর যখন আলাদা হলো ওরা, সূর্য তখন প্রায় ডুবে গেছে পশ্চিমাকাশে, লালচে মাথাটুকু দেখা যায় ছোট্ট মেঘের আড়াল থেকে।
তিন্নির দুইচোখে দুটি চুমু দিয়ে অভিমন্যু আবদার করলো -- এবার একটা কবিতা।
ছলছল চোখে হাসলো তিন্নি, মুখ নীচু করে শুকনো ঘাস ছিঁড়তে ছিড়তে বললো --- কি শুনতে চাও?
-- তোমার যা খুশি। এনিথিং।
কিছুক্ষন ভাবলো তিন্নি তারপর বিদ্যুৎচমকের মতো মাথায় এলো কটি লাইন। অস্তমান সূর্যের দিকে তাকিয়ে শুরু করলো--
এতই অসাড় আমি, চুম্বনও বুঝিনি ।
মনে মনে দিয়েছিলে, তাও তো সে না-বোঝার নয়-
ঘরে কত লোক ছিল, তাই ঋণ স্বীকার করিনি ।
ভয়, যদি কোন ক্ষতি হয় ।
কী হয়? কী হতে পারতো? এসবে কী কিছু এসে যায়?
চোখে চোখ পড়ামাত্র ছোঁয়া লাগলো চোখের পাতায়-
সেই তো যথেষ্ট স্বর্গ- সেই স্পর্শ ভাবি আজ; সেই যে অবাক করা গলা
অন্ধকারে তাও ফিরে আসে…
স্বর্গ থেকে আরো স্বর্গে উড়ে যাও আর্ত রিনিঝিনি
প্রথমে বুঝিনি, কিন্তু আজ বলো, দশক শতক ধ’রে ধ’রে
ঘরে পথে লোকালয়ে স্রোতে জনস্রোতে আমাকে কি
একাই খুঁজেছো তুমি? আমি বুঝি তোমাকে খুঁজিনি?
শুনশান নির্জন হিমালয়, অস্তগামী লাল সূর্য, তারই সাথে গোলাপি আকাশের এককোনে থালার মতো বড়ো চাঁদ, কোজাগরী পূর্ণিমা। জনমানবের চিহ্নমাত্র নেই, খোলা প্রান্তরে প্রিয়তম নারীর উদ্দাত্ত কণ্ঠের এমন রোমান্টিক কবিতা শুনে কি এক অব্যক্ত অনুভুতিতে বারবার অভিমন্যুর বুকের রক্তে ছলাৎ করে উঠছিলো! শেষ হয়ে যাওয়ার পরও সে কবিতার প্রতিধ্বনি ঘুরে ঘুরে ফিরছিল পাহাড়ের গায়ে ধাক্কা খেয়ে খেয়ে… তারপর সব নিস্তব্ধ, শুধু ভেসে আসছিলো পাখির ডাক।
তিন্নির গলার রেশটুকু মিলিয়ে যাওয়ার পরও বেশ কিছুক্ষন বুঁদ হয়ে বসে রইলো অভিমন্যু, অনেকক্ষন পর যেন হুঁশ ফিরে এলো ওর, তিন্নির কপালে একটা আলতো চুমু দিয়ে বললো -- অসাধারণ।
-- মম…হুমম! থ্যাংক ইউ!
তিন্নির ঠোঁটে হালকা হাসি নজর এড়ালো না অভিমন্যুর, জিজ্ঞাসু চোখ তুলে বললো -- কি?
পেটের ভেতর থেকে গুলগুলিয়ে উঠে আসা হাসির স্রোত চাপা দেওয়ার ব্যর্থ চেষ্টায় তিন্নি মুখ ঘুরিয়ে বললো -- কিছু না তো?
-- কিছু তো বটেই!
তিন্নির দিকে চেয়ে থেকে মেজর অভিমন্যু সেনের ভুরু কুঁচকেই রইলো। কিছু একটা হয়েছে ও বুঝতে পারছে কিন্তু ঠিক “কি” হয়েছে ধরতে পারছে না। তারপর হঠাৎ যেন একটা যোগসূত্র খুঁজে পেলো অভিমন্যু, জোর করে তিন্নির মুখ নিজের দিকে ঘুরিয়ে নিয়ে বললো -- এই কবিতাটাই কেন?
হাসি আর মুখে ধরছে না তিন্নির, ঠোঁট চিপে বললো -- এমনিই!
--- সীমন্তিনী?
উফফ!
কিচ্ছু বোঝে না কেন এই আনরোমান্টিক ভূতটা? সব কথা স্পষ্ট করে বলতে হয় নাকি? নিজের দৃষ্টি দূরের পাহাড়ের দিকে ফিরিয়ে তিন্নি খুব ধীর গলায় থেমে থেমে বললো
-- হোয়েন ওয়াজ আওয়ার ফার্স্ট কিস অভিমন্যু? তোমার কি মনে হয়, সাড়ে চারমাস আগে সেই বৃষ্টিভেজা সকালে তোমার তাঁবুতে ক্রেডিট কার্ডটা আমি এমনি এমনিই ফেলে রেখে গিয়েছিলাম উইদআউট এনি হোপ অর এক্সপেক্টেশন?
টিক টক, টিক টক।
নিঃশব্দ গ্রেনেড ফাটার আগে কয়েক সেকেন্ডের নির্বাক নীরবতা। গুনে গুনে পাঁচসেকেন্ড পর অভিমন্যুর মুখ হাঁ, চোখ বিস্ফারিত প্রায়! অস্পষ্ট গলায় বলে উঠলো
-- ইউ মিন …… সেদিন ভোরে তুমি জেগেছিলে?
-- ইয়েস স্যার!
দুজোড়া চোখ তাকিয়ে রইলো একে অপরের দিকে, নিষ্পলক। বিস্ফারিত গাঢ় বাদামী চোখে ফুটে উঠেছে অবাক বিষ্ময়, বুদ্ধিদীপ্ত দীঘলকালো ছলছলে একজোড়া চোখে ভালোবাসার নিঃস্বার্থ সমর্পন। চোখের ভাষায় প্রবাহিত হল তীব্র ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিওওয়েভ, পৃথিবীর ম্যাপ আর ভূগোলকে বুড়োআঙ্গুল দেখিয়ে সুদূর হিমালয়ে আছড়ে পড়লো আরব সাগরের উত্তাল ঢেউ, কোনো এক নির্জন পাহাড়ি পাদদেশে। দৃঢ় আলিঙ্গনবদ্ধ আরেকটি চুম্বন, এবারের আবেগ আরো তীব্র। এবারের চাহিদা আরো স্পষ্ট, একান্ত জৈবিক।
অনেকক্ষন পর যখন চারিপাশ ঘন অন্ধকার হয়ে এসেছে, ঝিঁঝিরা ছেড়েছে ডাক; অনেক নিচে গ্যাংটক শহর যখন স্ট্রিটলাইটের ঝাপসা সাদা ভেপারআলোয় হীরের মালার মতো সেজে উঠেছে, নিজেকে তিন্নির থেকে আলাদা করে নিয়ে অভিমন্যু বললো
--- আজ এটুকু থাক। এরপর যেদিন তোমাকে সবার সামনে নিজের বলে পরিচয় দেবো সেদিন নাহয় বাকিটা সেরে নেব। কেমন?
অন্ধকারেও তিন্নির গালদুটো যে টুকটুকে লাল হয়ে উঠলো স্পষ্ট বুঝতে পারলো অভিমন্যু। হেসে বললো -- চলো ফিরি।
ভিজে ভিজে হিমেল হাওয়ার ভিতর আসন্ন বিচ্ছেদের, মনকেমনের পুরোনো গন্ধটা ফিরে এলো। আর মাত্র দশ ঘন্টা একসাথে থাকা! ঠান্ডা পাথুরে চাতাল থেকে উঠতে গিয়ে বুকের ভেতর থেকে ডুকরে ওঠা কান্নাটা সামলে নিলো তিন্নি, আজ আর কোনো চোখের জল ফেলা নয়।
ফটফটে সাদা জোৎস্নায় ঢাকা শুনশান রাস্তা, এত রাতে পাহাড়ে গাড়ির সংখ্যা নামমাত্র। চাঁদনী রাতে কয়েকটি নিঝুম তারাকে সাক্ষী রেখে নিঃশব্দে গাড়িতে বসে রইলো ওরা কিছুক্ষন, আজকের সুন্দর বিকেলটার রেশ কাটে নি যেন তখনও। অনেকক্ষন পর বড়ো একটা শ্বাস ফেলে জীপ স্টার্ট করেও কি ভেবে আবার বন্ধ করে দিলো অভিমন্যু। তিন্নির দিকে ফিরে বললো — গ্যাংটক পৌঁছে আমি অন্য রুম নিয়ে নেবো।
সামনের অন্ধকার রাস্তার দিকে তাকিয়ে কি যে ভাবছে তা ও নিজেই জানে। মুখের একটা পেশীও কাঁপলো না, স্থির দৃঢ় গলায় তিন্নি একটি শব্দই উচ্চারন করলো — না।
থমকে গেল অভিমন্যু— ইটস রীয়েলি নট এ প্রবলেম! ইউ ডোন্ট হ্যাভ টু কম্প্রোমাইজ! আমার কোনো অসুবিধে নেই...
-- না।
স্থিরপ্রতিজ্ঞ গলা তিন্নির, এর নড়চড় হবে না যেন।কয়েকপল স্তব্ধ হয়ে থেকে অভিমন্যু আরেকবার জিজ্ঞেস করলো -- আর ইউ শিওর?
-- ইয়েস!
**************************__****************************
হোটেলের রুমে ঢুকে রুম সার্ভিসে অল্প কিছু নিয়মরক্ষার খাবার আনিয়ে খাওয়াদাওয়ার পাট চুকলো নিঃশব্দে। সারাদিনের ধকল, ক্লান্তি, তারপর স্বল্পদূরত্ব হলেও ড্রাইভিং, শরীর আর দিচ্ছিল না অভিমন্যুর। কালকের ব্যাণ্ডেজ করা ক্ষতস্থানটা আরেকবার জরিপ করে আর একটু ফ্রেশ হয়ে নিয়ে বিছানায় এলিয়ে দিয়েছিলো ওর শ্রান্ত শরীর। চোখে বুজে গিয়েছিলো কখন কে জানে!
আট্যাচড্ বাথরুমে ফ্রেশ হতে গিয়েছিলো তিন্নি, মিনিট দশ পর ফিরে দেখলো সুবিশাল কিংসাইজ বেডের একপাশে অভিমন্যু টানটান লম্বা, চোখের ওপর একটা হাত আলগোছে রাখা। রুমের চড়া হলুদ আলো অফ করে দিয়ে দুটো মৃদু আলোর বেডল্যাম্প জ্বেলে দিল তাড়াতাড়ি, ঘড়িতে দেখলো সবে সাড়ে সাতটা! চারপাশের নিস্তব্ধতায় আর ঝিঁঝিঁপোকার ডাকে তাতেই মনে হচ্ছে মধ্যরাত্রি! ঠান্ডাটা একটু বেড়েছে যেন। রুমহিটারের টেম্পারেচার চেক করলো তিন্নি, ঠিকই তো আছে! তাও ওর হাত পা ঠান্ডা হয়ে আসছে কেন?
মিনিট দুই-তিন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো তিন্নি, মাথায় ঘুরছে একটাই প্রশ্ন~ ও কোথায় শোবে? অভিমন্যুর সাথে এক বেডে? নাকি লিভিংরুমের সোফায়?
ইচ্ছে করে টুংটাং খসখস মৃদু আওয়াজ করলো যদি অভিমন্যু চোখ মেলে তাকায় কিন্তু সে যেন ধ্যানমগ্ন! বোকার মতো কিছুক্ষন দাঁড়িয়ে থেকে তারপর অতি সন্তর্পনে বেডের একদম কোনায় এসে বসলো, ততক্ষনে তিন্নির করা ইচ্ছাকৃত মৃদু শব্দে এতদিনের সেনানীজীবনের অভিজ্ঞতায় আর অভ্যেসে ঘুমের ঝিম ভেঙে গেছে অভিমন্যুর। স্পষ্ট বুঝতে পেরেছে যখন গুটি গুটি হালকা পায়ে তিন্নি এসে বসলো সুবিশাল বেডের একপ্রান্তে। একমুহূর্তে সারাশরীর সজাগ হয়ে উঠেছিল অভিমন্যুর, তাও মনের চাঞ্চল্য এতটুকু প্রকাশ না করে চোখ বুজিয়ে কাঠের মতো পড়ে রইলো ঘুমের ভান করে!
উফফ্!
ঠান্ডাটা জম্পেশ লাগছে এবার! কিন্তু গায়ে কি দেবে তিন্নি? লেপ যে একটাই! তবে কি হোটেলের কোমল গরম তুলতুলে লেপ ছেড়ে অভিমন্যুর কিনে দেওয়া নতুন পশমের শাল গায়ে শীতে কাঁপতে কাঁপতে ঘুমোবে? কয়েকঘন্টারই তো ব্যাপার!
এমন পরিস্থিতিতে এই প্রথমবার পড়েছে তিন্নি! নিজেই অবাক হয়ে গেল ভেবে, সাধারণ থেকে অতিসাধারণ ব্যাপারেও কত কত কনফিউশন! নিজের ভাবনাতে নিজেই তলিয়ে যাচ্ছিলো সম্বিৎ ফিরলো অভিমন্যুর গলায়! চোখ তার বন্ধ আগের মতোই, মৃদু স্বরে বললো
--- ইটস বীন এ লং ডে। একটু রেস্ট নিয়ে নাও, ভোররাতে বেরোতে হবে।
অজানা উত্তেজনায় বুক ঢিবঢিব করে উঠলো তিন্নির, অভিমন্যু জেগে আছে?
নিষিদ্ধ একটা চাহিদা শীতল সরীসৃপের মতো পাক খেয়ে খেয়ে জড়িয়ে ধরেছে সারা শরীর। গলা শুকিয়ে আসছে আর ঠান্ডা হয়ে যাচ্ছে হাত পা। শরীরের সকল কোষ, রক্তকনিকা, পিট্যুইট্যারী নিঃসৃত আড্রিনালিনহরমোনের উশৃঙ্খল, উদ্দাম প্রবাহে উন্মাদ নৃত্যে মেতেছে বোধহয়।
তাই কোনো প্রতিক্রিয়া প্রকাশ করলো না তিন্নি। চোখ মেলে তাকালে অভিমন্যু দেখতে পেতো, উত্তর দেওয়ার মতো অবস্থায় নেই তিন্নি। প্রচন্ড শীতেও কপালে বিন্দু বিন্দু ঘাম ফুটে উঠেছে ওর, ঠোঁট কামড়ে ধরেছে এতজোরে প্রায় রক্ত বেরিয়ে আসবে! একদৃষ্টিতে ও তাকিয়ে আছে অভিমন্যুর দিকে… নিস্পলক, শুধু চেয়েই আছে। তিন্নির মাথায় আর মনে তখন কি চলছে তা বোধহয় স্বয়ং ঈশ্বরেরও অজানা।
কিছুক্ষন পর ধীর স্থির গলায় অভিমন্যু বললো, তখনও ওর চোখের পাতা বোজা --- এমন করে তাকিয়ে থাকলে কি করে ঘুমোবো ম্যাডাম?
একহাত লম্বা জিভ কাটলো তিন্নি!
ভগবান এমন করে কেন বানিয়েছে এই মানুষটাকে, চোখ বন্ধ করেও সব বুঝে যায়! কিছুই কি লোকানো যায় না এর থেকে?
হাতেনাতে ধরা পড়ে যাওয়ার লজ্জায় লাল-নীল-গোলাপি হয়ে গিয়ে একনিমেষে নরম লেপের তলায় ঢুকে পড়ে মুখ লোকালো তিন্নি! কিন্তু বেশিক্ষন কি পারা যায়? অল্পকাল পরেই দমবন্ধ হয়ে আসতে লেপের ভিতর থেকে ভীরু চোখে মুখটা অল্প বার করে দেখল অভিমন্যু ওরই দিকে তাকিয়ে!
চোখাচোখি হতেই সাথে সাথে লেপের তলায় সেঁধোলো তিন্নি তারপর নিজের ছেলেমানুষিতে নিজেই অতিষ্ঠ হয়ে আবার বেরিয়ে এলো। চুপ করে ওকে দেখে যাচ্ছিলো অভিমন্যু, তিন্নি একটু শান্ত হলে চোখভরা হাসি নিয়ে রাশভারী জমাট গলায় বললো
—- কি চাই? দাবীটা কি?
উত্তর দিল না তিন্নি!
দুজনের মধ্যে দুরত্ব তখন একহাতেরও কম। ম্যাথেমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির মিলিত ইক্যুয়েশনে ভরপুর মন নিয়ে লেপের ফাঁক দিয়ে তুলতুলে আদুরে বেড়ালের মতো জুলজুল চোখে তাকিয়ে রইলো অভিমন্যুর দিকে। সবকথা কি মুখে স্পষ্ট করে বলতে হয় নাকি?
কয়েকপল চোখে চোখে বয়ে গেলো অনেক না বলা কথা, নিঃশব্দ বিদ্যুৎপ্রবাহ। একদৃষ্টিতে তিন্নির দিকে তাকিয়ে থেকে ওর মুখে স্পষ্টাক্ষরে ফুটে ওঠা সুপ্ত আকাঙ্খা, অভিব্যক্তিগুলো পড়ে নিলো অভিমন্যু। ওর ভেতরেও যে একই মানসিক চাঞ্চল্যে ছটফট করছে মন! বড় করে একটা শ্বাস ফেলে মনকে শক্ত করলো অভিমন্যু তারপর চোখ বুজিয়ে নিয়ে সোজা হয়ে শুয়ে বললো —- আজ নয়।
চুরচুর শব্দে কোথাও কাঁচের গ্লাস ফাটলো কি? নাকি তিন্নির মন? অস্ফুটে ঠোঁট নড়লো ওর —
কেন?
গভীর একটা শ্বাস ছাড়লো অভিমন্যু। তারপর চোখ বন্ধ রেখেই স্থিরদৃঢ় গলায় বললো
— বিকজ ....আই ডোন্ট ওয়ান্ট ইউ টু রিগ্রেট আওয়ার ফার্স্ট টাইম এভার, ইভেন ফর এ সেকেন্ড।
.
.
.
অপলক তাকিয়ে রইলো তিন্নি অভিমন্যুর দিকে। প্রতিটি শব্দ মাছের কাঁটার মতো ফুটে উঠলো গলায়, হৃৎপিণ্ডে হচ্ছিলো নিঃশব্দ রক্তক্ষরণ।চুঁইয়ে চুঁইয়ে গড়িয়ে পড়া শোণিতকণার নোনতা স্বাদে ভরে উঠলো মুখের ভেতর তারপর মর্মার্থ করলো ইমোশনের ছিঁটেফোঁটাহীন আপাতকঠিন শব্দগুলির পেছনে লুকিয়ে থাকা অন্তর্নিহিত অনুভূতি আর কারণগুলো।নিজের মনকে তিন্নি যত না ভালো বোঝে, অভিমন্যু হয়তো তার চেয়েও বেশি তিন্নির মনের ভাব অনুধাবন করতে পারে! রাগ নয়, প্রত্যাখ্যানের অভিমান নয়, অন্যরকম একটা অনুভূতিতে মন ভরে যাচ্ছিল ওর। কষ্ট মাখানো রক্তাক্ত একটা ভালোবাসা যেন ছড়িয়ে যাচ্ছিলো বুকের গভীর থেকে শিরায় শিরায়। কিছু কিছু অনুভূতির হয়তো সত্যিই কোনো নাম হয় না।
অনন্তর চরম দুঃসাহসে লেপের গরম ওম ছেড়ে গুটিশুটি মেরে তিন্নিএগিয়ে গেলো, কয়েকমাসের পরিচিত, ভালোবাসার যে মানুষটিকে সবচেয়ে বেশি ভরসা করে তিন্নি, নিজের থেকেও বেশি। অভিমন্যুর বুকের ওপর, নিজের পরম নির্ভরতার জায়গাটার ওপর মাথা রেখে অবাধ শান্তিতে চোখ বুজিয়ে নিল! দুটি হৃৎপিণ্ডের মিলিত ধুকপুকানি ছাড়া আর কোনো শব্দ শোনা যায় না, কয়েকপল পর বুক ভরে শ্বাস নিলো অভিমন্যু, তিন্নির শ্যাম্পুকরা চুলের গন্ধ, মেয়েলি সুবাস মিশ্রিত হয়ে আছে সেই বাতাসে।
চোখ তখনও বন্ধ, অভিমন্যুর বলিষ্ঠ হাতজোড়া তারপর ধীরে ধীরে জড়িয়ে ধরলো তিন্নিকে, নিজের সাথে নরমভাবে মিশিয়ে। আলগোছে বাম হাত দিয়ে এসে পড়লো তিন্নির মাথায়, চুলে বিলি কেটে দিতে লাগলো।
মিনিটকয়েকের নীরবতা, তারপর অনেক সাহস করে তিন্নি ফিসফিসিয়ে উঠলো — অভিমন্যু?
— হুমম?
— ঘুমোচ্ছো?
আবছা অন্ধকারে চাপা হাসির শব্দ হলো একটা
— হুমম।
মনে মনে ঠোঁট ফুলিয়ে চুপ করে গেল তিন্নি! কিছুক্ষন পর অভিমন্যু বললো
— কেন?
খুব আস্তে, আবছা হয়ে আসা স্বরে তিন্নির পাতলা ঠোঁটদুটি নড়ে উঠলো, প্রায় না শোনার মতোই
— পিহুর কথা বলবে না?
কিছুক্ষন নিস্পন্দ হয়ে থেকে তিন্নিকে একটুও না সরিয়ে হাত বাড়িয়েপাশের বেডসুইচটা অন করলো অভিমন্যু। আর সাথে সাথে মোলায়েম হলুদ আলোর বন্যায় ভেসে গেল মে ফেয়ারের সুবিশাল স্যুইট!
**************************__****************************
একটু একটু করে অভিমন্যু বলছিলো ওর কথা। পিহুর কথা, অভিমন্যুর বাবা শহীদ জেনারেল অর্জুন সেনের কথা, মা'র কথা, দাদু, নীলিমাদেবী…… স-ব। একবারও বাধা না দিয়ে তিন্নি শুনে যাচ্ছিলো নীরব হয়ে। শুনতে শুনতে ওর ডাগর কালোচোখদুটি জলে ভরে উঠছিলো, কখনো বা অভিমন্যুর শক্ত কড়াপড়া আঙ্গুলগুলো জড়িয়ে নিচ্ছিলো নিজের মুঠিতে, নিঃশব্দে বুঝিয়ে দিচ্ছিলো সাথে থাকার অঙ্গীকার। আসলে, যতই দৃঢ় অবিচল মন হোক না কেন, সব মানুষই দিনের শেষে স্পেশাল একজনের সাথে তার সকল কথা শেয়ার করতে চায়। প্রিয় মানুষটার সাথে নিজের সব সুখ-দুঃখ ভাগ করে নিতে চায়, “নিজের করে” তাকে পেতে চায় - যে সম্পর্কে থাকবে না কোনো লুকোছুপি বা গোপনীয়তা, নির্দ্বিধায় যার কাছে মনের সুপ্ত অনুভূতি… সব প্রকাশ করা যায়, যাকে অনায়াসে বিশ্বাস করা যায়, যার ওপর ভরসা রাখা যায়, পাগলের মতো যাকে ভালোবাসা যায়। কতদিন পর নিজের মন খুলে একান্ত পার্সোনাল কথাগুলো কারো সাথে শেয়ার করছিলো অভিমন্যু, যা আগে কোনোদিন কাউকে বলে নি। বুকের কোন গভীরে পাথর হয়ে জমেছিলো কথাগুলো, নিংড়ে বার করে আনতে প্রথম প্রথম একটু কষ্ট হচ্ছিলো ঠিকই কিন্তু কিছুসময় পর বহতা নদীর মতোই স্বাভাবিকভাবে বেরিয়ে আসছিলো মনের গোপনতম কথন। অভিমন্যুর কথার স্রোত যখন থামলো, ওদের দুজনের মন যেন একতারার একসুরে বাঁধা পড়ে গেছে, একে অপরকে নিবিড় আলিঙ্গনে জড়িয়ে রইলো পরম শান্তিতে, অবাধ নিশ্চিন্তে। যেন পৃথিবী ওলোটপালোট হয়ে গেলেও ওদের এই অটুট বন্ধন আর ভাঙবে না।
.
.
.
.
রাত সাড়ে বারোটা।
বাইরে নিঝুম পৃথিবী, ঝিঁঝিপোকারাও ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছে, নির্ঘুম চোখে একা জেগে অভিমন্যু। ওর চওড়া পাথরকঠিন বুকে মাথা রেখে কেমন নিষ্পাপ সরল শিশুর মতো ঘুমিয়ে পড়েছে তিন্নি। মুখটা অল্প হাঁহয়ে আছে, তিতির পাখির মতো তিরতির করে শ্বাস চলছে একটু একটু। নরম হাতে পরম নির্ভরতায় আঁকড়ে আছে অভিমন্যুকে। গভীর একটা নিঃশ্বাস পড়লো অভিমন্যুর। বড্ডো সরল, বড্ডো ভালো এই মেয়েটা..নিরন্তর একে আগলে রাখতে চায় মন। অভিমন্যুর নির্মম রুক্ষ মরুভূমি জীবনে তিন্নি যেন এক চিলতে বর্ষার মেঘ। খুব সাবধানে অভিমন্যু তিন্নির মুখের ওপর এসে পড়া রেশমের মতো মোলায়েম চুলগুলো আলতো হাতে সরিয়ে দিয়ে একদৃষ্টিতে তাকিয়ে রইলো যেন হৃদয়ে এঁকে নিলো তিন্নির ছবি। মনে পড়ে গেলো সাড়ে চার মাস আগের একটি ভোররাত, প্রথম চুম্বন কি ভোলা যায়?
সীমান্তে শত্রুর বুকে মৃত্যুভয়ের কাঁপন তুলে দেওয়া, দেশের বিভিন্ন ট্রেনিং একাডেমিতে আর্মি ক্যাডেটদের কঠোর প্রশিক্ষক, ভারতীয় সেনাবাহিনীর দুর্দন্ডপ্রতাপ মেজর এবং র'য়ের এজেন্ট পাত্থরদিল অভিমন্যু সেনের ঠোঁট পালকের থেকেও নরমকরে মৃদু স্পর্শ করলো তিন্নির ছোট্ট কপাল, তারপর ওর পাতলা গোলাপি ঠোঁট।
মাত্র তিন সেকেন্ড।
নিজের সকল ভালোবাসা ওই দুইটি চুম্বনের মধ্যে দিয়ে প্রকাশ করে নিজেকে সরিয়ে নিলেন মেজর। ঘুমের মধ্যেই তিন্নির ঠোঁটের কোণে হালকা একটা হাসি ফুটে উঠলো। ক্রমশ সেই হাসি সংক্রামিত হলো অভিমন্যুরও চোখে, ঠোঁটের কোণে। তিন্নির হৃৎপিণ্ডের লাবডুবের সাথে তালে তাল মিলিয়ে অভিমন্যুর হৃদয়ও একই গতিতে চলতে লাগলো, দুজনের নিঃশ্বাস একই ছন্দে বাঁধা পড়লো। কোমল মিষ্টি মিষ্টি একটা সুখের আমেজে ঘুম জড়িয়ে এলো অভিমন্যুর চোখে, হাত বাড়িয়ে বেডসুইচটা অফ করে দিয়ে নিজের দুহাতের মাঝে তিন্নিকে বুকের মধ্যে জড়িয়ে নিলো চোখ বন্ধ করে।
.
.
.
ক্রমশঃ(রবিবার দুপুর দুটোয়)
কবিতা ~ "স্পর্শ" ©জয় গোস্বামী।
© সুমন্দ্রা মিত্র। ভালো লাগলে নামসহ শেয়ার করবেন।
***********************__******************************
#সূর্য_ডোবার_আগে
পর্ব-২৯
লেখিকা ~ #সুমন্দ্রামিত্র
কঠোরভাবে প্রাপ্তমনষ্কদের জন্য।
.
.
.
ভোর সাড়ে তিনটে।
স্মার্টওয়াচের হালকা ভাইব্রেশনে ঘুম ভেঙে গেলো অভিমন্যুর। তিন্নি তখনও গভীর ঘুমে আচ্ছন্ন, বালিশ ছেড়ে সারারাত ওর বুকের ওপরই মাথা রেখে ঘুমিয়েছে। এক হাতে শক্ত করে আঁকড়ে আছে অভিমন্যুকে, যেন ধরে রেখেছে ওকে! যেতে দেবে না কোথাও।
অজান্তেই মুখের কোণে হাসি ফুটে উঠলো অভিমন্যুর, ঘুমন্ত তিন্নির কপালে একটা ছোট্ট চুমু দিয়ে খু-উব আস্তে করে ডাকলো
--- গুডমর্নিং, সোনা।
--- উমম্মম্ … গুডনাইট। ঘুমোতে দাও।
কোমল শরীরটা আরএকটু জড়িয়ে ধরলো পেশীবহুল হাত, মোমের মতো নরম হয়ে মিশে গেল অভিমন্যুর বুকে। তিন্নির ঘুমজড়ানো আধো আধো স্বরে মেজরের ইমোশনলেস বুকের ভেতরটাও ধক্ করে উঠলো যেন! একফোঁটাও ইচ্ছে করছে না উঠতে, খালি মনে হচ্ছে সময়টা এখানেই থমকে যাক.. মুহূর্তগুলো ধরা থাকুক এভাবেই হাতের মুঠোয়, আজীবন।
সকালের প্রথম দীর্ঘশ্বাসটা গোপন করে নিয়ে আলতো হাতে তিন্নির কপালে লেগে থাকা এলোমেলো নরম চুল সরিয়ে দিতে দিতে অভিমন্যু মৃদু স্বরে বললো
— যেতে হবে তো এবার সোনা? ফ্লাইটের সময় হয়ে এলো।
— ন্ ন্না..... যাবো না!
হেসে ফেললো অভিমন্যু — বাহ্! আর তোমার চাকরি?
আগের মতোই চোখ বুজিয়ে ঘুমঘুম মাখা আধোজড়ানো স্বরে তিন্নি জবাব দিলো — করবো না।
— আমার ডিউটি?
—- ছেড়ে দেবে!
— বাহ্! আর তোমার বাবা?
এবার কাজ দিল ওষুধে।
তড়াক করে লাফিয়ে উঠে বিছানায় বসে রইলো তিন্নি! ঘুমের চটকা তখনও ভাঙে নি, মুখচোখ স্বল্প ফোলা। হততম্বের মতো এদিক ওদিক চেয়ে ঘড়ি খোঁজার চেষ্টা করছে ক’টা বাজলো- পুরো কার্টুনের মতো! তা দেখে প্রাণখোলা হাসিতে ফেটে পড়লো অভিমন্যু।
.
.
.
ঘুম ভাঙার সাথে সাথে বিছানা ছাড়তে পারে না তিন্নি, ইহজগতে ফিরে আসতে সময় লাগে ওর। লাগোয়া বাথরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে এসে অভিমন্যু আরএকবার তাড়া লাগাতে চটকা ভাঙলো ওর। প্রায় উচ্চিংরেঙের মতো লাফিয়ে লাফিয়ে কোনোরকমে মুখচোখ ধুয়ে, চুলটুল আঁচড়ে দশ মিনিটে তিন্নি রেডি। অভিমন্যু ফিটফাট রেডি হয়েই ছিল, তিন্নি বাথরুম থেকে বেরোতে এককাপ তাজা কফি বাড়িয়ে দিলো ওর দিকে। কান এঁটো করা হাসি উপহার দিয়ে জ্বলন্ত কফির কাপ গলায় উপুড় করে তিড়িংবিড়িং করে আবার ব্যাগ গুছোতে শুরু করলো তিন্নি।কাল'ই গুছিয়ে রাখলে আজ দেরি হতো না! অবশ্য গোছানোর মতো জিনিস তো কিছুই নেই, আছে শুধু অফিস ব্যাগ! সে তো মিনিট দুইয়ের কাজ! কি আর করা! না তাকিয়েও তিন্নি স্পষ্ট বুঝতে পারছিল, একদৃষ্টিতে অভিমন্যু দেখে যাচ্ছে ওকে। একবার ব্যাগ গুছোনো হলেও তা ফেলে ছড়িয়ে দিয়ে আবার গুছোচ্ছিলো তিন্নি! নিজেকে এটুকু ব্যস্ত রাখলেও যে মনখারাপের কালো মেঘের বৃষ্টি ঝরে পড়বে না দুচোখ দিয়ে। কিন্তু সে ছল আর কতক্ষণের! যেতে তো হবেই। এখন না হোক, পাঁচ মিনিট পর - আজকেই, একটু পরেই।
অভিমন্যুর বলে রাখা ড্রাইভার চলে এসেছে, এখনই না বেরোলে আজ আর ফ্লাইট ধরা হবে না তিন্নির। যাওয়ার আগে শেষবারের মতো চোখ বুলিয়ে তিন্নি দেখে নিলো নরম কার্পেটে মোড়ানো মে ফেয়ারের সুদৃশ্য সুসজ্জিত বিলাসবহুল স্যুইট, গত পনেরো ষোলো ঘন্টায় হোটেলের রুমটিই যেন হয়ে উঠেছিল তিন্নির সাজানো সংসার। হোটেল ঘরের সুবিশাল ব্যলকনি, লালনীল কার্পেট, সেরামিক কফিকাপ, সোফা, মেমোরিফমের বেড, তুলো তুলো লেপ - সবেতে ছড়িয়ে ওর আর অভিমন্যুর একসাথে কাটানো মুহূর্তগুলো, সবকিছু যেন বড্ডো আপন হয়ে গিয়েছিলো এই কয়েক ঘন্টায়। বোধহয় উত্তর সিকিমের সেই মিলিটারি তাঁবু থেকে ফেরত আসতেও এতো মনখারাপ করে নি তিন্নির। তখন তো ছিল অনিশ্চয়তার দোলাচল, এখন যে মনের মানুষটাকে নিজের হাতে করে আবার পাঠিয়ে দেওয়া অনেক দূরে, বিপদের মাঝে। সাজানো খেলাঘর নিজের হাতে ভেঙে দিয়ে এবার চলে যাওয়ার পালা।হঠাৎ করে বুকের ভেতরটা যেন খালি হয়ে গেল তিন্নির। আরএকটুও কি ধরে রাখা যেত না এ সময়টুকু? ডুকরে একটা কান্না উঠে আসছে ভেতর থেকে। জলভরা চোখে মনে মনে “বাই” করলো নিজের একদিনের সংসারকে।
অভিমন্যু নির্বিকার! চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলো তিন্নিকে, সকালে ঘুম থেকে ওঠার পর সেই যা দুটি কথা, তারপর থেকে বোবায় পেয়েছে ওকে! কিছু বলে নি। ছলছল চোখে তিন্নি তাকালো অভিমন্যুর দিকে। মনে মনে একটা সুপ্ত ইচ্ছে, যাওয়ার আগে শেষবারের মতো যদি সে টেনে নেয় নিজের কঠিন বুকে, তিন্নির সবচেয়ে নিশ্চিন্তের জায়গাটিতে। কিন্তু সে যে আজ কঠিন পাথরের দেওয়াল!
-- আমি রেডি।
-- সব গুছিয়ে নিয়েছো?
সেই আগের মতো স্বাভাবিক গম্ভীর কেজো গলা অভিমন্যুর, আবেগের ছিঁটেফোঁটা নেই। তিন্নির বুকের ভেতর থেকে ফুঁপিয়ে কেঁদে উঠলো কে - সব কি আর নেওয়া যায়? যার জন্য আসা, তাকেই তো ফেলে রেখে যেতে হচ্ছে।
একটুও কথা বলতে ইচ্ছে করছে না ওর, ব্যাগ ঘাঁটার বাহানায় অস্ফুটে আওয়াজ করলো - হুমম।
--- আরএকবার দেখে নাও।
টুক করে আড়চোখে একবার অভিমন্যুর দিকে তাকালো তিন্নি। পাথরের মতো সে মুখ, ইমোশনের ছিটেফোঁটা নেই! হঠাৎ খুব খু-ব রাগ হলো তিন্নির! মাথার মধ্যে যেন একশোটা ফুলঝুরি জ্বলে উঠলো একসাথে, অভিমান আর রাগের। দীর্ঘ সাড়ে চারমাস পর ওদের দুজনের দেখা, খবর পাওয়ার আটঘন্টার মধ্যে ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলে, অফিস-ফ্যামিলি-সমাজ সবাইকে কাঁচকলা দেখিয়ে দুইহাজার মাইল দূর থেকে ছুটে এলো এতদূর, চলে যাবে এবার…… তাতেও কি কোনো হেলদোল হয় না এই পাথরকঠিন মানুষটার? মন বলে কি কোনো পদার্থ নেই এর মধ্যে? কাল রাতে মনে হয়েছিল এবার বোধহয় মানুষটার মনের দেওয়াল ভাঙতে পেরেছে তিন্নি, কিন্তু কোথায় কি? অভিমন্যুর কংক্রিট মনে বোধহয় একশোটা কাঁটাতারের ব্যারিকেট।
ঠিক আছে তবে। চাইলে তিন্নিও শক্ত হতে পারে! দুচোখে ফুটে আসা অভিমানের নোনতা জল ঢোঁক গিলে আটকে নিলো তিন্নি। ঠোঁট টিপে বললো
-- সব নিয়েছি, চলো।
কথাটা বলেই ছটফটিয়ে উঠলো মন। আরএকবার অভিমন্যুর দিকে তাকালো তিন্নি, এবার পূর্ণদৃষ্টিতে! মনে হলো যেন, অভিমন্যুর ঠোঁটের কোনায় হালকা মুচকি হাসি লেগে আছে। তিন্নির মনখারাপ দেখে ওর কি মজা লাগছে?
ভালো! নিক মজা, আমার কি!
চিড়বিড়ানি রাগে জ্বলতে জ্বলতে গটগট করে স্নিকার্স পায়ে হোটেলের রুম ছেড়ে প্যাসেজে এসে মুখ ফুলিয়ে অভিমন্যুর অপেক্ষা করতে লাগলো তিন্নি। ঠিক তখনই শুনশান হোটেল করিডোরে হু হু করে একরাশ মনকেমন মেশানো উত্তুরে হাওয়ার শীতল ঝাপ্টা হটাৎ গায়ে এসে লাগলো। ঠিক যেন সাড়ে চারমাস আগে অভিমন্যুর সাথে প্রথম দেখা হওয়া ট্রেনের সেই সন্ধ্যেটা স্মৃতির পাতা থেকে উঠে এলো সামনে!
একটু আগের রাগ, অভিমান, হতাশা সব যেন সেই হাওয়ার দাপটে এলোমেলো হয়ে গুলিয়ে গেলো মনে, পড়ে রইলো শুধু আসন্ন বিচ্ছেদের বেদনা। সম্বিৎ ফিরে এলো তিন্নির, মাথার সবকটি নিউরোন একযোগে চিৎকার করে উঠলো ~ কি হবে তুচ্ছ অভিমান করে? আজ ফিরে যাওয়ার পালা, কাল থেকে সেই লং ডিস্ট্যান্সের অভিশাপ, মিনিট দশেকের ফোনে কথা বলা আর তার সাথে তিন্নির একলা কান্না, একলাই কষ্ট পাওয়া! অভিমন্যু না হয় আনরোম্যান্টিক ভূত কিন্তু তিন্নি তো নয়!
দুই সেকেন্ডের মধ্যে ঝড়ের বেগে শুনশান হোটেল করিডোর থেকে আবার হোটেলরুমে প্রবেশ করে বন্যার জলোচ্ছাসের মতো তিন্নি ঝাঁপিয়ে পড়লো অভিমন্যুর বাড়িয়ে রাখা বহু প্রতীক্ষিত বলিষ্ঠ বাহুবন্ধনে, যেন সে জানতোই তিন্নি ফিরে আসবে। মেদহীন টানটান পাথরকঠিন বুকে মুখ লুকিয়ে কান্নাভেজা অবরুদ্ধ গলায় তিন্নি বললো
—- এটা ভুলে গিয়েছিলাম যে।
চাপা হাসির একটা শব্দ হলো অভিমন্যুর গলায়।
স্ট্রবেরি লিপগ্লস লাগানো নরম গোলাপি ঠোঁটগুলো অভিমন্যুর ঠোঁটের প্রবল পরাক্রমে বন্দী হয়ে যাওয়ার ঠিক আগের মুহূর্তে তিন্নি বুঝতে পারলো ওর পা দুটো আর মাটিতে নেই, আনরোম্যান্টিক ভূতটার তামাটেরঙা পেশীবহুল হাতজোড়া দৃঢ় আলিঙ্গনে জড়িয়ে ধরে ওকে কোলে তুলে নিয়েছে ততক্ষনে!
হাসি কান্না মিলেমিশে গেল একসাথে, তিড়িং করে মনব্যাঙাচি পদ্মপুকুরে ডুব দিলো বোধহয়। ছোট ছোট রাগ, ভুল বোঝাবুঝি আর মান অভিমানগুলো না হয় মিটে যাক এভাবেই। বেঁচে থাকুক পাগলকরা ভালোবাসারা।
**************************__****************************
গ্যাংটক থেকে বাগডোগরা ১২০ কিলোমিটার রাস্তা, সময় লাগে সাড়ে তিনঘন্টা। ভোররাতের ফাঁকা রাস্তায় আর্মির দক্ষ ড্রাইভারের হাতে তা এসে দাঁড়ালো আড়াই ঘন্টায়। সারাটা রাস্তা তিন্নির হাত গ্রেপ্তার ছিল অভিমন্যুর কড়াপড়া শক্ত হাতের মুঠোয়, তিন্নির মাথা অভিমন্যুর বুকে এলানো। দু-একটি গরম চোখের জল টপটপ করে মাঝে মাঝে ভিজিয়ে দিচ্ছিলো অভিমন্যুর শার্ট, আর পুড়িয়ে দিচ্ছিলো অভিমন্যুর বুকের ভেতর। ধরে থাকা হাতের মুঠি শক্ত হচ্ছিলো আরো, পাশাপাশি থেকেও আরো ঘনিষ্ঠ হয়ে বসছিলো ওরা ব্যাকসিটে। গাড়িতে তৃতীয়ব্যক্তির উপস্থিতি তখন তুচ্ছ ওদের কাছে! অবাক হয়ে অভিমন্যু উপলব্ধি করছিলো- কালকের তিন্নি আর আজকের সীমন্তিনীতে যেন আকাশপাতাল তফাৎ। জনসমক্ষে অভিমন্যুর স্বল্প ছোঁয়াতেও কুঁকড়ে উঠছিলো যে মেয়ে, একরাতের মধ্যে সেই আড়ষ্ঠতা বদলে গেছে ঝকঝকে আত্মবিশ্বাসে।মনের যাবতীয় ইনসিকিউরিটির কালি ধুয়ে মুছে প্রেমের আলপনা এঁকে নিয়েছে হৃদয়ে, সমাজ আর লোকের চোখটাটানোতে হয়তো আর কেয়ার করে না তিন্নি।
ভোর ছয়টা। শিলিগুড়ি এয়ারপোর্টের বাইরে ঘন কুয়াশা! চেকিংয়ের গেটের ঠিক আগে অভিমন্যু দাঁড়িয়ে, টইটম্বুর জলভরা চোখে তিন্নি ওর দিকে চেয়ে -- আবার কবে দেখতে পাবো?
-- আর তো দেড় মাস মাত্র! দেখতে দেখতে কেটে যাবে!
মানুষখেকো বাঘ যেমন একবার নররক্তের স্বাদ পেলে আর বন্য জন্তুর দিকে ফিরেও চায় না, প্রেমপিয়াসী মানুষগুলোও তেমনি।
গত ছত্রিশ ঘন্টায় তিন্নির কাছে একটা সম্পূর্ণ নতুন জগৎ উন্মুক্ত হয়ে গেছে, যে জগৎ অভিমন্যুময়, আগের থেকে অনেক অনেক তীব্র এই আকর্ষণ, যা পরিবার মানে না, সমাজ মানে না, ভৌগোলিক দূরত্ব মানে না - সবকিছু ছারখার করে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া বিধ্বংসী সর্বনাশী ভালোবাসা। সেই আগুনে রসায়নে দাউদাউ করে জ্বলছে তিন্নির মন, হয়তো বা অভিমন্যুরও।
মুখ নিচু করে নিলো তিন্নি! গলার কাছে কান্নাটা দলা পাকিয়ে উঠছে তাও বেরোচ্ছে না। বুকের ভেতরটা মুচড়ে উঠছে বারবার। অভিমন্যু শান্ত গলায় বললো --সাবধানে থাকবে।
--- হুম-ম।
--- ফিরে গিয়ে কান্নাকাটি করবে না।
--- ও.কে।
--- আর কখনো অমন হুটহাট করে চলে আসবে না। খবর পেলেও না।
---- আচ্ছা।
একটি শব্দে উত্তর সারছিলো তিন্নি, বেশি কথা বললে চোখ ফেটে জল বেরিয়ে যাবে। না বলা কথাগুলো, বুকের ভেতরে হাঁকুপাঁকু করছিলো বেরোনোর জন্য, ছটফট করছিলো প্রাণ। কিছুক্ষন গলায় স্বর ফুটলো না কারোরই!
অভিমন্যুর আঙুলের অগ্রভাগ এবার ছুঁয়ে গেলো তিন্নির অবনত মুখ, ঠোঁটের পাশ। চলে যেতে যেতেও স্পর্শটা থমকে গেলো একটি এক্সট্রা সেকেন্ড তারপরই হাত সরিয়ে নিয়ে ঘন গম্ভীর গলায় অভিমন্যু বললো
---- আর…. এতো ভালোবেসো না আমায়!
এতক্ষনে ছলছলে দীঘলকালো চোখদুটি তুলে অভিমন্যুর চোখে চোখ রাখলো তিন্নি, ফিচ করে হেসে বললো —– সেটা সম্ভব নয়!
বলেই অভিমন্যুর দিকে সরে এসে ও কিছু বুঝে ওঠার আগেই দু’পায়ে ডিঙি মেরে ওকে সপাটে জড়িয়ে ধরে গালে একটা ভিজে চুমু মাখিয়ে দিলো তিন্নি!
এইবার হেসে ফেললো অভিমন্যু , কপালে ভুরু তুলে বললো --- সবাই দেখছে সীমন্তিনী!
জেদি বাচ্চার মতো মাটিতে পা ঠুকে তিন্নি বললো --- দেখুক! আর আমার কিচ্ছু যায় আসে না।
গভীর দৃষ্টিতে একে অপরের দিকে চেয়ে ছিল ওরা, অপলক। ছেড়ে যেতে মন চায় না। ইচ্ছে করছিলো দুই হাতের মধ্যে জড়িয়ে ধরে আবার, সমাজ-সংসার চুলোয় যাক ~ ওরা দুজনে শুধু মিলেমিশে একাকার হয়ে যায় আবার।
নিজেকে সংযত করে নিয়ে আপাতগম্ভীর মুখোশটায় ফিরে গেলেন মেজর, তিন্নির হাতটা নিজের হাতে নিয়ে বললেন
--- প্রমিস মি সীমন্তিনী, ফিরে গিয়ে তুমি ভালো থাকবে। নিজের জন্য না হলেও আমার জন্য, প্লিজ?
সে স্বরে হাসি বা মজার ছিটেফোটাও নেই। চোখ তুলে তাকাতে তিন্নি দেখলো অভিমন্যুর মুখ থমথম করছে! খুব অস্ফুটে ঠোঁটদুটি নড়ে উঠলো তিন্নির
-- প্রমিস।
--- গুড গার্ল।
ফ্লাইট ছাড়ার সময় হয়ে গেছে! ফাঁকা এয়ারপোর্টের আননোউন্সমেন্ট গমগম করে উঠতে শেষবারের মতো তিন্নির গালে আঙ্গুল ছুঁইয়ে অভিমন্যু বললো – জলদি ফিরে আসবো, ডিসেম্বরে।
তিন্নির বুজে আসা গলা দিয়ে শব্দতিনটি ছিটকে বেরোলো কোনোরকমে, গত ছত্রিশ ঘন্টায় এই প্রথমবার
--- আই লাভ ইউ।
— আই লাভ ইউ টু।
মিলিসেকেন্ডের মধ্যে অভিমন্যুর চোখে চোখ রাখলো তিন্নি, গলায় আবছা জেদের আভাস — আই লাভ ইউ মোর।
চাপা হাসিতে ভেসে গেলো অভিমন্যুর মুখ — আই নো দ্যাট!
তিন্নি কোনোদিন অভিমন্যুকে "বাই" বলে না। আজও বললো না! বাগডোগরা এয়ারপোর্টে ভোর সাড়ে ছয়টায় চোখে জল মুখে হাসি নিয়ে দুটো প্রাণ এক মন নিয়ে আলাদা হয়ে গেলো, আগামী দেড় মাসের জন্য।
**************************__****************************
প্রেম এমন এক অনুভূতি যা অতিবড়ো ভীতুকেও করে তোলে সাহসী! প্রেমের রঙিন চশমায় অতি বড়ো শত্রুকেও মনে হয় আপন, অতি বড়ো আপন হয়ে যায় শত্রু।
শ্রীরামপুর স্টেশনে বেলার হাওড়া লোকাল এসে থামলো যখন, ঘড়ির কাঁটা এগারোটা পেরিয়েছে। ধীর পায়ে লেডিস কম্পার্টমেন্ট থেকে নামলো তিন্নি। কি বলবে বাড়িতে এখনো কিছু ভেবে উঠতে পারে নি, আধাখেঁচড়া একটা গল্প বানিয়েছে বটে কিন্তু সেটা কতটা বিশ্বাসযোগ্য তা ভগবানই জানেন।
গতকাল সারাদিন ফোন সুইচ অফ ছিল ওর, চার্জার ছিল না সাথে। সকালদিকে গ্যাংটকের হসপিটাল থেকে বেরোনোর আগে আগে ফোন বন্ধ হয়ে যাওয়ার আগে সেই যে বাবাকে একটা মেসেজ করে দিয়েছিলো ~ বিশেষ কারণবশত পুজোর দিনও ঘরে ফিরতে পারবে না তিন্নি… সেই শেষ যোগাযোগ! এরূপ কান্ডজ্ঞানহীনতার ফলাফল কি হবে তা না বোঝার মতো বোকা বা অনভিজ্ঞ নয় তিন্নি, সম্ভাব্য সকল পরিস্থিতির মুখোমুখি হওয়ার জন্য মন শক্ত আর গায়ের চামড়া পুরু করে নিয়েছে তিন্নি, আজ যাই হয়ে যাক না কেন, যত কটু কথায়ই ও শুনুক না কেন, ভুলেও প্রত্যুত্তর করবে না তিন্নি। "বোবার শত্রু নেই " এই আপদবাণী আজ তিন্নির moto।
যদিও প্রথম ধাক্কাটা খেলো শ্রীরামপুর স্টেশনেই। রোজকার বাঁধাধরা রিকশা- রতনকাকু ব্যস্ত ছিল অন্য প্যাসেন্জারের সাথে দরদামে, তিন্নিকে দেখে এগিয়ে এলো
—- দিদিমনি এতো বেলায়? সবে ফিরছো নাকি?
ভুরু উঁচিয়ে তাকিয়ে রইলো তিন্নি! রতনকাকু কি করে জানলো ও কোথাও গিয়েছিল? স্পষ্ট করলেন প্রবীন রিক্সাচালক
—- পরপর দুইদিন তোমার বাড়ি ঘুরে এলাম, শুনলাম তুমি নাকি অফিস থেকে বাড়ি ফেরো নি, দুইরাত? আমাকে তো স্টেশনের রমেশ চা'ওলা আবার বললো তুমি নাকি বাড়ি থেকে পালিয়ে গেছো, তা আমি বললুম “ইশশ্! দিদিমনিকে সেই ছোট্টবেলা থেকে দেখছি। দিদিমনি অমন মেয়েমানুষই না!”
তারপর তাড়া লাগলেন প্রবীণ রিকশাচালক। --- তা ওঠো ওঠো! রোদের মধ্যে অমন হাঁ করে দাঁড়িয়ে থাকলে চলবে!
রতনকাকুর কথাগুলো কানের মধ্যে ছোটোখাটো সুতলি বোম্ব ফাটাচ্ছিল যেন। মুখ লাল হয়ে গেছে তিন্নির। রিকশায় পা দেওয়ার আগেই থমকে গেলো আবার, পিছন থেকে আসা একটি ডাকে
—- কি রে তিন্নি, এই এখন ফিরলি নাকি? বাহবা! কি অফিস তোদের রে! তোর কাকিমা কাল রাতে পুজোর প্রসাদ দিতে গেসলো, শুনলো তুই নাকি লক্ষ্মীপুজোর রাতেও ঘরে ফিরলি না! তোর কাকিমার তো কি চিন্তা !কোজাগরী লক্ষ্মীপুজোতেও অফিস যেতে হয় এ আবার কেমনধারা কাজ! আমি বললুম, আরে আজকালকার চাকরি এমনই! এ কি আর আমাদের দশহাজারি মাইনের কলমপেষা দশটা -পাঁচটার ডিউটি! বড়ো বড়ো স্যালারির চাকরিতে বাড়ি না ফেরার মতো অমন ছোটোখাটো ব্যাপার ঘটেই! তবে একটা কথা বলি মাথায় রাখিস .....দিনকাল ভালো নয় রে মা! কে কোথায় কি রটাবে বল দেখি! আমরা না হয় তোকে ছোট থেকে চিনি কিন্তু বেপাড়ার লোকজন কিসব অকথা কুথা রটাবে.....
স্টেশনের ঠিক আগেই গাঁক গাঁক স্বরে চেঁচিয়ে উঠলেন পাড়ার এক বর্ষীয়ান জ্যেঠু। কথার হুলের মধ্যে লুকিয়ে রাখা তির্যক ব্যঙ্গ স্পষ্ট। মাত্র আটচল্লিশ ঘন্টায় সারা শ্রীরামপুর রটে গেছে নাকি তিন্নি বাড়ি ফেরেনি দুইরাত?? দপদাপিয়ে ওঠা অসহ্য রাগে মাথাটা ফেটে যাবে এবার! যতটুকু ভদ্রতা বজায় রক্ষা যায়, থম হয়ে আসা গলায় তিন্নি বললো
— অফিসের কাজে আটকে গিয়েছিলাম, এই ফিরলাম। বাড়ি যাই জ্যেঠু? অনেক বেলা হলো।
— হ্যাঁ হ্যাঁ! যা! সবাই চিন্তা করছে বাড়িতে। তবে যেটা বললাম খেয়াল রাখিস। মানে…….. আজকাল তোরা আবার নারীর মুক্তি, নারী স্বাধীনতা নিয়ে লাফাস বটে কিন্তু অমন চাকরিরই বা কি দরকার যাতে পাঁচজনে কুকথা বলে, কানাকানি করে? মেয়েদের তো জানিস, একটা কথা রটে গেলে তিল থেকে তাল হয়… বুঝলি কিনা? হেঁ হেঁ!
মাথায় জ্বলে ওঠা হাজারটা তুবড়ি ফেটে ওঠার আগের মুহুর্তে তিন্নির মনে হলো ষাটোর্দ্ধ পাড়ার জ্যেঠু আর বছর চব্বিশের সায়কের কথার কি আশ্চর্য্য মিল। সম্পর্ক-শিক্ষা-পরিবেশ, জেনারেশন গ্যাপ বলে আদতেই তবে কিছু নেই? সবই মানসিকতা? পা আটকে গেল মাটিতে।একটু আগে নিজেকে করা প্রমিসটা বেমালুম ভুলে গিয়ে তিন্নি মুখ ফস্কে বলেই ফেললো এবার
—- বুল্টিদি, মানে আপনার মেয়েও নাইটশিফ্ট করে ... তাই না? ও তো এখন দিল্লীকে আছে শুনেছিলাম? কদিন হলো যেন বাড়ি ফেরে নি? দুর্গাপুজোতেও এলো না!
— আরে, ওর কি আর তোদের মতো কলকাতায় বসে কাজ? ওদের কত বড়োসড়ো ব্যাপার বল দেখি! নিত্যদিন দেশবিদেশের বড়ো বড়ো সাহেবদের সাথে ইংরেজিতে ফোনে কথা বলতে হয়, ওদের সময়মতো চলতে হয়। আমাদের এসব ছুটকোছাটকা পুজোটুজোতে আসতে দেবে নাকি!
শুকনো একটা মেকি হাসি ফুটে উঠলো তিন্নির মুখে, ঠান্ডা স্বরে বললো
—- হ্যাঁ জ্যেঠু! সেটাই বলছিলাম। আমাকেও এমন সাহেবদের সাথেই তাল মিলিয়ে কাজ করতে হয় তো, তবে কলকাতায় বসেই। বুল্টিদির কলসেন্টারের চাকরিতে যেমন আমাদের দুর্গাপুজোর শিডিউল মেনে ছুটি দেয় না, আমার চাকরিতেও তাই লক্ষীপুজোয় ছুটি নেই !এই দেখো না, যেমন বুল্টিদিকে নাইটশিফ্ট করতে হয় আর আমাকে শনিবারগুলোতেও অফিস !
দুই বছর ধরে সপ্তাহে পাঁচদিন নিয়মকরে তিন্নিকে দুবেলা স্টেশন পৌঁছে দেওয়ার দায়িত্ব প্রবীণ এই রিক্সাচালকের ওপর। তিন্নির গলার আঁচ বুঝতে সময় লাগেনি ওঁনার, গলা খাঁকড়ি দিলেন — দিদিমনি, ওঠো গো এবার । বাবুর সাথে অনেক গল্প করলে…. এবার বাড়ি চলো! মুখখানি শুকিয়ে গেছে!
--- আসছি জ্যেঠু। দেরি হয়ে যাচ্ছে।
উত্তরের প্রতীক্ষা না করেই রিকশায় উঠলো তিন্নি।
মফস্বল শহর। কথা চাপা থাকে না! দাবানলের মতো গুজব বাড়তে থাকে। তবে কলেবরে এতটা বাড়বে তা তিন্নির কল্পনায় ছিল না! সকাল থেকে লুকিয়ে রাখা চিন্তাগুলো গরম রক্ত হয়ে ফেটে বেরিয়ে আসবে যেন নাক কান দিয়ে! বড়ো বড়ো তিনটে শ্বাস নিয়ে চোখ বন্ধ করে অভিমন্যুর মুখটা মনে আনার চেষ্টা করলো তিন্নি যাতে মাথায় জ্বলে ওঠা আগুনটা একটু হলেও শান্ত হয়। বারুদের স্তুপের মতো জ্বলতে থাকা উত্তেজনা প্রশমিত হয়ে এলে মনস্থির করলো তিন্নি।
অসত্য আর মিথ্যার উর্নীভ জালে যখন নিজেকে জড়িয়েই ফেলেছে তিন্নি, সে যুদ্ধ জিতেই ফিরতে হবে। মনে পড়ে গেলো অভিমন্যুর বলা কথাগুলো "এই পৃথিবীতে কেউ তোমায় ভালো থাকতে দেবে না সীমন্তিনী, চেনা-অচেনা, কেউ না কেউ অলওয়েজ তোমার নামে কোনো বাজেকথা বলবে, তোমাকে বাজে ভাববে, অলওয়েজ জাজ করবে।লোকে কি ভাবছে সেটা না ভেবে নিজের ভালো থাকাটা যে নিজেকেই শিখে নিতে হবে সীমন্তিনী!"
কাল রাতের পর থেকে তিন্নি অন্তত একটি বিষয়ে সম্পূর্ণভাবে নিঃসংশয়, ওর প্রতি অভিমন্যুর পাগলকরে দেওয়া ভালোবাসা, যে ভালোবাসা মিথ্যে নয়। সেই ভালোবাসার নতুন করে ফিরে পাওয়া আত্মবিশ্বাসের জোরে চিরকালের ন্যায় নীতি আদর্শ মেনে চলা পাশের বাড়ির ভীরু ভীরু মেয়েটা স্টেশন থেকে বাড়ি ফেরার দশমিনিটের রাস্তায় তার বলা একটি মিথ্যেকে বাঁচাতে আরো হাজারটি সাংঘাতিক নতুন মিথ্যের বোড়ে দিয়ে দাবার চালের পাকা ঘুঁটি সাজাতে লাগলো। হাতে সময় অল্প, এই খেলায় কিস্তিমাৎ করতেই হবে।
~ Beauty may be dangerous, but Intelligence is lethal. A beautiful woman with Intelligence can destroy a man, a family, or a nation.
প্রেম মানুষকে দিয়ে কি কি’ই না করিয়ে নেয়। মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকে জেলায় টপার, বোর্ডের পরীক্ষায় রাজ্যের মধ্যে সপ্তম এবং নবম স্থান অধিকার করা মিস সীমন্তিনী আচারিয়া শ্রীরামরুম স্টেশন থেকে বাড়ি ফেরার মিনিটদশেকের রাস্তায় একটি বুনোট মিথ্যার জাল বুনে ফেললো, একবারের জন্যও বুকের ভেতর কাঁপলো না ওর। সমাজ চুলোয় যাক, ওকে যে ভালো থাকতেই হবে। অভিমন্যুর জন্য!
বাড়িতে ঢোকার ঠিক আগের মুহূর্তে কন্টাক্ট লিস্ট খুঁজেপেতে একটা নম্বরে ডায়াল করলো তিন্নি, চার পাঁচবার রিং হওয়ার পর ওপ্রান্তে ফোনটা রিসিভ হলো উচ্ছসিত কণ্ঠে
--- হেই গার্ল! হোয়াটস আপ?
এতটুকু গলা কাঁপলো না তিন্নির, অভিমন্যুর মতোই দৃঢ় আত্মপ্রত্যয়ের ছাপ ওর গলায়
--- পিয়াসা? আমার একটা হেল্প চাই, ক্যান ইউ ডু ইট? নো কোয়েশ্চনস আস্কড?
.
.
.
ক্রমশঃ(মঙ্গলবার দুপুর দুটোয়)
© সুমন্দ্রা মিত্র। ভালো লাগলে নামসহ শেয়ার করবেন।
***********************__******************************