ফন্ট সাইজ:
থিম:
সূর্য ডোবার আগে

পর্ব 28

লেখক: সুমদ্রামিএ

#সূর্য_ডোবার_আগে
পর্ব-৩০
লেখিকা ~ #সুমন্দ্রামিত্র
কঠোরভাবে প্রাপ্তমনষ্কদের জন্য।
.
.

বেলা বাড়ছে, পাল্লা দিয়ে রোদের তাপ। তবে সরাসরি গায়ে এসে লাগছে না, হালকা হিমেল হাওয়া ভেসে আছে দিনের বেলাতেও। রাস্তাঘাটে ছড়িয়ে ছিটিয়ে বাঁশ, তেরপল। দেড় সপ্তাহ ধরে চলা বাঙালীর মহোৎসব উৎসব ফাইন্যালি শেষ, এবার ডেকোরেটর্সদের ফিরে যাওয়ার পালা। ব্যস্ত যানজটে প্রতিদিনের মিনিট দশের বাড়ি ফেরার রাস্তা আজ যেন অনন্ত পথ। রিকশা থেকে নেমেই বড় একটা শ্বাস নিয়ে নিজেকে প্রস্তুত করলো তিন্নি আসন্ন ঝড়ের সামনাসামনি হতে। এ ঝড়ে নুয়ে পড়লে চলবে না।

যেন কিছুই হয় নি। রোজকার মতোই বাড়ি ফিরছে তিন্নি, এমনি স্বাভাবিক দৃঢ় পায়ে, গেট পেরিয়ে উঠোনে কলতলা পৌঁছতে পৌঁছতেই ভাস্বতীদেবী চলে এলেন বারান্দায়। পাড়াপড়শী সকলকে জানান দিয়ে কর্কশস্বরে চেঁচিয়ে উঠলেন
----ওখানেই দাঁড়াও! কোথায় গিয়েছিলে?

--- অফিসে ইম্পরট্যান্ট কাজ পড়ে গিয়েছিলো, বলেছিলাম তো বাবাকে।

একবারও গলা কাঁপলো না, আজ যেন নিপুণ অভিনয়ে নেমেছে তিন্নি। ভাস্বতীদেবী একটু থমকে গেলেন তিন্নির দৃঢ় গলা শুনে, সেটা ঢাকা দেওয়ার চেষ্টাতেই গলার ঝাঁঝ আর একটু বেড়ে গেলো।
--- তারপর? দুই দিন ধরে কোনো ফোন নেই, আমরা চিন্তা করে করে হয়রান হয়ে যাচ্ছি, দু পয়সা রোজগার করছো বলে কি সাপের পাঁচ পা দেখছো?

---- ফোনের চার্জার ছিল না সাথে।কাল সকালেও বাবাকে মেসেজ করে দিয়েছিলাম সেইজন্যই, যাতে অযথা চিন্তা না করো তোমরা। কাজ এসে গেলে এ ছাড়া আর কি করতে পারি আমি? রাত দেড়টায় বাড়ি ঢুকবো? নাকি এককথায় রেজিগনেশন দিয়ে দেব?

--- দেখেছো? মেয়ের চোপা দেখেছো? মুখ পুড়িয়ে বাড়ি ঢুকছে, পাড়া প্রতিবেশী ছিছিকার করছে আর উনি…..

মায়ের কথা থামিয়ে দিলো তিন্নি, শান্ত গলায় বললো --- পাড়া প্রতিবেশী তো আমি শনিবার অফিস যাওয়া নিয়েও ছি ছি করে মা! তবে তোমার কিছু জানার থাকলে আমার কলিগের নম্বর দিতে পারি যার বাড়িতে ছিলাম….. চিন্তা করো না, মেয়ে কলিগ সে।

---তিন্নি!!!
রঞ্জনবাবুর ভারী গলায় থমকে গেলো তিন্নি। বাবা কখন বারান্দায় চলে এসেছে খেয়ালই করে নি, নিজের মনে তর্ক করে যাচ্ছিলো। সংকুচিত হয়ে পড়ে চুপ করে গেলো তখনি।

--- কি অসভ্যতামি এটা? মা'র মুখে মুখে তর্ক করো না, ক্ষমা চাও এখনই! তোমার ফোনে চার্জ ছিল না অন্য কারো ফোনে ব্যবহার করো নি কেন?

-- সরি বাবা, আমি বুঝতে পারি নি, কাল সকালে তোমায় মেসেজ করে দেওয়ার পরও তোমরা এতটা চিন্তা করবে! কাজের চাপে মাথা কাজ করছিলো না!
চোখে চোখ মিলিয়ে মিথ্যে কথাগুলো বলতে পারলো না তিন্নি, মাটির দিকে তাকিয়ে ধীর স্বরে ঠোঁট দুটি নড়ে উঠলো ওর। মনে মনে ডুকরে কেঁদে উঠলো " আমাকে ক্ষমা করে দাও বাবা! তোমাকে মিথ্যে বলতে চাই না …. কিন্তু সত্যিটাও যে তোমাকে বলতে পারবো না!"

--- ভেতরে যাও এখন। ভাস্বতী, মেয়েটা সবে ঢুকলো বাড়িতে, বারান্দায় দাঁড়িয়ে পাড়ার লোক শুনিও না, যা বলার ঘরে বলো।

মা- মেয়ে কারোর দিকে না তাকিয়ে কথাগুলো বলে হুইলচেয়ার ঠেলে ভিতরে ঢুকে গেলেন রঞ্জনবাবু।
জ্বলন্ত চোখে তাকিয়ে থাকা ভাস্বতীদেবীকে পাশ কাটিয়ে রঞ্জনবাবুর পিছন পিছন তিন্নিও ঢুকে পড়লো ঘরে, সোজা বাথরুমে গিয়ে দরজা বন্ধ করে নিলো।

যুদ্ধের সবে শুরুও হয় নি, এখনই যে তিন্নির হাত পা কেঁপে অস্থির।

**************************__****************************

পিয়াসার সাথে কথা বলানোর দরকার পড়ে নি, তাও বিবেক দংশনে বুকের ভেতরটা ব্লাস্ট ফার্নেসের কয়লার মতো জ্বলছে যেন। মনের সাথে অনেক যুদ্ধ করে এক হঠকারী সিদ্ধান্তে উপনীত হলো তিন্নি, এই মিথ্যের বোঝা আর টেনে নিয়ে যেতে পারবে না ও। বাবাকে বলেই দেবে সত্যিটা। বড়োজোর কি হবে! বাবা রাগারাগি করবে, দুইদিন কথা বলবে না কিন্তু তিন্নির সকল বিপদে ঢাল হয়ে দাঁড়ানো দেবতার মতো মানুষটা নিশ্চয়ই ওকে বুঝবে - এই বিশ্বাসটুকু আছে তিন্নির। সবটা শুনলে বাবা নিশ্চয়ই তিন্নির পছন্দতে কোনো আপত্তি করবে না। বুক দুরুদুরু করছিলো তাও চব্বিশ বছরের নীতিশিক্ষা মাথায় রেখে তিন্নি ঠিক করলো- আজ রাতে অভিমন্যুর ফোন আসার অপেক্ষামাত্র, কাল সকালেই নিজের ভালোবাসার কথা বাবাকে জানিয়ে দেবে তিন্নি।
ধীর পায়ে মা-বাবার ঘরের দিকে এগোলো তিন্নি, সকালের এপিসোডটার জন্য ক্ষমা চাইতে। নক করে ঢোকার আগেই পা আটকে গেল মাটিতে।

-- দুধ দিয়ে কালসাপ পুষছিলাম এতদিন! খাইয়ে-পরিয়ে, লেখাপড়া শিখিয়ে বড়ো করলাম.... ভেবেছিলাম একটা মানুষ তৈরী হবে তা নয়, স্বার্থপর, ধিঙ্গি মেয়ে এখন মা বাবার সাথে তর্ক করবে, যথেচ্চার করবে! আমি আর কোনো কথা শুনতে চাই না! তুমি মেয়ের বিয়ে দেবে, জানুয়ারিতেই! এসব কথা পাঁচকান হওয়ার আগেই এই মেয়েকে বাড়ি থেকে বিদায় করো নয়তো সমাজে মুখ দেখতে পারবো না!

কানের ভেতর কে যেন গনগনে লোহার শলাকা ঢুকিয়ে দিল। সম্ভাব্য সব রকম পরিস্থিতির কথা ভেবে রেখেছিলো তিন্নি কিন্তু বিয়ের কথা মাথাতেও আসে নি। ঝড়ের বেগে মা বাবার ঘরে ঢুকে পড়লো ওনাদের কথার মাঝেই, যা আজ অবধি কোনোদিন দুঃসাহস অবধি করে নি তিন্নি।
--- কিসের বিয়ে? কার বিয়ে? আমি তো এখন বিয়ে করবো না!

তিন্নিকে আচমকা এভাবে ঘরে ঢুকতে দেখে প্রায় ঝাঁঝিয়ে উঠলেন ভাস্বতীদেবী
-- তোমার মতামত জানতে চাওয়া হয় নি এখানে। যা বলবো চুপচাপ শুনবে নয়তো ঠাঁটিয়ে একটা থাপ্পড় মারবো!

--- আহ্ ভাস্বতী! কি বলছো কি? তিন্নি তুই নিজের ঘরে যা, বড়োদের কথায় নাক গলাস না।

চরম উত্তেজনায় থরথর করে তিন্নির হাত কাঁপছে, রঞ্জনবাবুর দিকে তাকিয়ে বললো -- বাবা… তুমি মা'কে কিচ্ছু বলবে না? কি বলছে মা এসব আমার বিয়ে নিয়ে?

রঞ্জনবাবুকে কিছু বলার সুযোগ না দিয়েই রেগেমেগে চেঁচিয়ে উঠলেন ভাস্বতীদেবী -- বিয়ে তোমাকে করতেই হবে আর সেখানেই করতে হবে যেখানে আমি বলবো।

চড়াৎ করে মাথায় রক্ত চড়ে গেলো তিন্নির, একটু আগের শান্ত থাকার প্রমিস ভুলে গিয়ে মায়ের চোখে চোখ রেখে বললো -- আমি “না” বললে কি জোর করে আমার বিয়ে দেবে?

একমুহূর্ত থমকে গিয়ে বাঁজখাই গলায় দ্বিগুন জোরে চেঁচিয়ে উঠলেন ভাস্বতীদেবী -- হ্যাঁ তাই দেবো! কোথায় না কোথায় কার সাথে রাত কাটিয়ে মুখ পুড়িয়ে এসেছিস আবার বড়ো বড়ো কথা!

তারপর ঘুরে রঞ্জনবাবুর দিকে ফিরলেন।---- আর এই যে তুমি! এখনো ঠুঁটো জগন্নাথ হয়ে বসে থাকবে নাকি? আর একটু মাথায় তোলো মেয়েকে? মেয়ে আমার উচ্চশিক্ষিত, মেয়ে আমার কালচারাল, এ পরিবারে আমরা নাকি ওর যোগ্য সম্মান দিয়েই না, আরো কতো কি? এখন হলো তো? পাড়া প্রতিবেশী সবার সামনে মুখে চুনকালি মাখিয়ে দিলো!

নিজের মায়ের কাছ থেকে নোংরা কথাগুলো শুনতে শুনতে অপমানে তিন্নির প্রায় চোখ ফেটে জল বেরিয়ে এলো। তীব্র অভিমানে ফুঁসে উঠলো -- দুদিন অফিসের কাজে বাড়ি না ফিরলেই তোমরা জোর করে আমার বিয়ে দিয়ে দেবে? আর বাবা, তুমিই বা মা’কে কিছু বলছো না কেন?

--- আমরা কি তোর খারাপ চাইবো তিন্নি?
ধীর স্থিতধী স্বরটা ভেসে আসতে অবাক হয়ে তাকিয়ে রইলো তিন্নি,রঞ্জনবাবুর দিকে।

এতদিন তিন্নির ধারণা ছিল বাবার কাছে সবকিছু খুলে বলতে পারে ও, বাবা ওর বন্ধুর মতো। সমবয়সী, সমমনন। কিন্তু রঞ্জনবাবুও ওর বিয়ে নিয়ে এরূপ আগ্রহান্বিত দেখে তিন্নির সকল বিশ্বাস আজ যেন চূর্ণ বিচূর্ণ হয়ে গেলো। বালির বাঁধের মতো ঝুরঝুর করে ভেঙে পড়ছিলো তিন্নির সকল আত্মবিশ্বাস। এই পরিস্থিতিতে কি করে বলবে অভিমন্যুর কথা?

সম্বিৎ ফিরে এলো রঞ্জনবাবুকে উদ্দেশ্য করে ভাস্বতীদেবীর পরবর্তী বিষাক্ত কথাগুলোতে, তেঁতুল বিছের জ্বালাময়ী কামড়ের মতো তিন্নির গায়ে এসে ফুটলো শব্দগুলো
--- সব তোমার জন্য! মেয়েকে আস্কারা দিয়ে মাথায় তুলেছো তুমি। রোজগেরে মেয়ের সাতখুন মাফ? একা একা ঘুরতে যাচ্ছে, পরপর দু’রাত বাড়ির বাইরে কাটিয়ে এসেছে ... এসব খবর একবার ছড়িয়ে পড়লে কোন পরিবার ওকে ছেলের বৌ করে নিয়ে যাবে? না না! যা করার এখনই করো, আজই!

কর্কশ আওয়াজে ল্যান্ডফোনটা বেজে উঠেছে ততক্ষনে।
--- ফোন বাজছে ভাস্বতী, তুমি যাও। আমি তিন্নির সাথে কথা বলবো।

—- মেয়েকে অনেক ছাড় দিয়েছো এতোদিন, এবার লাগাম পরাও। আমাদেরও মানসম্মান বলে একটা ব্যাপার আছে।

গজগজিয়ে কথাগুলো ছুঁড়ে দিয়ে ঘর ছেড়ে ভাস্বতীদেবী বেরিয়ে গেলে স্থির গলায় রঞ্জনবাবু তিন্নিকে উদ্দেশ্য করে বললেন
--- বল এবার, কি বলার আছে তোর।

রাগে অভিমানে গলা বুজে আসছিলো তিন্নির। কি ভেবে এই ঘরে এসেছিলো আর কি হয়ে গেলো! শেষে বাবাও কি মনে করে বিয়েটাই তিন্নির জীবনের একমাত্র লক্ষ্য? কান্না পাচ্ছে না, শুধু অদ্ভুত একটা মানসিক ক্লান্তি ঘিরে ধরছে ওকে। কি দিয়ে শুরু করবে, কিছুই বুঝে উঠতে পারলো না! মুখ নিচু করে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলো তিন্নি! মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে ওর, শরীরের প্রতিটি রোমকূপ, প্রতিটি কোষ চেঁচিয়ে উঠছে তীব্র প্রতিবাদে।

চুপ করে কিছুক্ষন দাঁড়িয়ে থেকে ভাবনাগুলো গুছিয়ে নিয়ে জীবনে এই প্রথমবার বাবার সামনাসামনি গলা তুলে কথা বললো তিন্নি
-- না বাবা! এভাবে জোর করে যখন খুশি আমাকে না জানিয়ে তোমরা আমারই বিয়ে ঠিক করতে পারো না। আমার ইচ্ছে অনিচ্ছে বলেও একটা ব্যাপার আছে! আমি…. আ-মি এখন বিয়ে করবো না!

তিন্নির এরূপ উগ্র ব্যবহারে রঞ্জনবাবু অবাক হলেও নিজেকে সামলে নিলেন, গলার স্থিরতা বজায় রেখেই বললেন
--- একদিন না একদিন সবাইকেই বিয়ে করতেই হয় তিন্নি! এটাই নরমাল, সমাজের নিয়ম! আমাদেরও বয়স হচ্ছে, ভালো মন্দ কিছু হয়ে যাওয়ার আগে তোর একটা ব্যবস্থা করে দিলে... তোকে নিজের সংসারে থিতু করে দিলে আমাদেরও চিন্তা কম হয়!

ফুঁসে ওঠা রাগে চোখ ফেটে জল বেরিয়ে এলো তিন্নির। চেঁচিয়ে কথা বলা ওর স্বভাব নয়, চেঁচাতে গিয়ে কাশির দমকে গলা বুজে আসতে ভাঙা গলায় মনের প্রশ্নগুলো উজাড় করে দিলো
--- এটা আমার সংসার নয় বাবা? বিয়ে হয়ে গেলে তোমরা আমার জন্য চিন্তা করা বন্ধ করে দেবে?

—- বাপের বাড়ি তো দুদিনের রে মা! স্বামীর ঘরই তো মেয়েদের আসল বাড়ি। বড়ো হয়েছিস এবার তো তোর দায়িত্ব নেওয়ার জন্য একজনকে ঠিক করে দিতেই হবে, যে তোর দায়িত্ব নেবে, তোকে ভালো রাখবে.....আর কতদিন আমরা তোর দায়িত্ব নেবো?

বিস্ফারিত চোখে তিন্নি তাকিয়ে রইলো রঞ্জনবাবুর দিকে। অনবরত রবীন্দ্রনাথ-জীবনানন্দ আউড়ে যাওয়া মানুষটার মুখে বাংলা সিনেমার টিপ্যিকাল চরিত্রাভিনেতা বাবাদের স্টিরিওটিপিক্যাল ডায়লগ শুনে নিজের কানকেও বিশ্বাস হচ্ছিল না যেন। অব্যক্ত অভিমানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থেকে ধীরে ধীরে বললো
—- আমার "দায়িত্ব" দেবে আরএকজনের ওপর? কিসের দায়িত্ব? দুইবছর ধরে দেশের টপ কোম্পানিতে চাকরি করছি, বিজনেস মিটিং হ্যান্ডেল করছি, আমার দ্বিগুন বয়সী লোকের সাথে সমান তালে তাল মিলিয়ে মিলিয়ন ডলারের প্রজেক্ট সাবমিট করছি, তারপরও আমার দায়িত্ব নিতে আর একটা লোকের দরকার পড়ে?

--- বোকার মতো কথা বলছিস তিন্নি। চাকরি করা, স্বাবলম্বী হওয়া আলাদা জিনিস, তারপরও তোর ভালোমন্দর দায়িত্ব তো আমাদের ওপর থেকেই যায়!

--- তুমি এমন বলছো বাবা?!

--- এবার কিন্তু তুমি মুখে মুখে তর্ক করছো তিন্নি।

রেগে গেলে রঞ্জনবাবু তিন্নিকে তুমি সম্বোধন করেন। তিন্নি ঘাবড়ালো না, মুখ নিচু করেই বললো
--- এতদিন তোমাদের সব কথা মুখ বুঝে মেনে এসেছি! স্কুল-কলেজের কথা বাদ দাও তখন না হয় আমি ছোট ছিলাম কিন্তু এখন তো আমি অ্যাডাল্ট! একবার আমাকে জিজ্ঞেস করার প্রয়োজনটুকুও করলে না যে আমি কি চাই? তোমাদের কাছে কি আজও আমার মতামতের কোনো দাম নেই?

বলতে বলতে রঞ্জনবাবুর পায়ের কাছে বসে পড়ে কান্নায় অভিমানে ভেঙে পড়লো তিন্নি।
নিজের গোপন প্রেমের থেকেও আরো বেশি করে বুকে বাজছিলো অপমান আর অসহায়তা। একটি মেয়ে হয়ে জন্মানোর অসহায়তা। যে মেয়ে বাইশ বছর বয়স থেকে বিনা প্রশ্নে সংসার খরচ সামলাতে পারে, বেকার ভাইয়ের দায়িত্ব নিতে পারে, আন্তর্জাতিক অফিসে ভালো বেতনের চাকরি করতে পারে, অফিসের বিজনেস মিটিং করতে পারে, নিজের দ্বিগুন বয়সী সহকর্মীর সাথে সমান তালে তাল মিলিয়ে কাজ করতে পারে তারপরও কেন তার ব্যক্তিগত মতামত, পছন্দ অপছন্দ বলে কিছু থাকতে নেই? কেন একজন অ্যাডাল্ট হয়েও নিজের বিয়ে করা আর না করাটা ওর মতামত অনুযায়ী হতে পারে না?
টপটপ করে কয়েকফোঁটা জল পড়লো মাটিতে, রঞ্জনবাবু ওর মাথায় হাত রেখে স্নিগ্ধ স্বরে বললেন
-- কি হয়েছে রে মা? বিয়ের কথা শুনে এতো কাঁদছিস কেন? আমায় বল?

কান্নার দমক সামলে কোনোরকমে মুখ খুললো তিন্নি
-- এখন আমি বিয়ে করতে চাই না বাবা।

-- কেন? তোর কি কাউকে পছন্দ?

একটু আগেই তিন্নি ঠিক করেছিল বাবাকে জানিয়ে দেবে অভিমন্যুর কথা। কিন্তু এই মুহুর্তে গরম লোহার চিমটে দিয়ে কে যেন ওর জিভ টেনে ধরলো, বেজে উঠলো আত্মসম্মানবোধ। যেন ওর ইচ্ছে অনিচ্ছের তখনই গুরুত্ব দেওয়া হবে যখন অন্য আর একটি পুরুষ তিন্নির “দায়িত্ব” নেওয়ার জন্য প্রস্তুত! শিরা উপশিরা দিয়ে বয়ে যাওয়া রক্তস্রোত চিৎকার করে উঠলো অভিমন্যুর নাম, শুধু জিভ অসার হয়ে রইলো। তীব্র স্বাভিমানতায় একটি শব্দও বেরোলো না ওর মুখ দিয়ে।

-- কি রে? বল?
আবার জিজ্ঞেস করলেন রঞ্জনবাবু।জলভরা চোখ তুলে তাকালো তিন্নি
-- এখনই বিয়ে করাটা কেন জরুরি বাবা?

-- একদিন না একদিন বিয়ে তো করতেই হবে রে পাগল মেয়ে, তবে এখন কেন নয়? আমরা তোর ভালো চাই, নিজের সংসারে তোকে সুখী দেখতে চাই। কালকেই তো আর তোর বিয়ে হয়ে যাচ্ছে না, কথাবার্তা শুরু করলে.......

রঞ্জনবাবুর কথা শেষ হওয়ার আগেই তিন্নি থামিয়ে দিলো ওনাকে, অবরুদ্ধ স্বরে বললো
--- এখন না! এখন বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়।

-- কেন? কেন নয় বল?

প্রশ্নদুটো করেই থমকে গেলেন রঞ্জনবাবু। গত কয়েকদিন ধরে তিন্নির খাওয়াদাওয়ায় অরুচি, মুখ শুকিয়ে শুকিয়ে পুজোর চারদিন কাটানো, তারপর আজ এভাবে ভেঙেপড়া, অনুভূতির বিস্ফোরণগুলো বড্ডো অচেনা। তবে কি ভাস্বতী যা ভাবছেন তাই? মেয়েটা কবে এতো বড়ো হয়ে গেলো যে বাবাকেও মিথ্যে বলতে শিখে গেলো? ধীরে ধীরে মেয়ের অবনমিত চিবুক তুলে ধরে স্থির গলায় জিজ্ঞেস করলেন
-- তুই কি কাউকে পছন্দ করিস তিন্নি? এই দুদিন অফিস না গিয়ে তুই কি অন্য কোথাও কিছু …….

কথাগুলো শেষ করতে পারলেন না রঞ্জনবাবু, চোখে চোখ রাখতে পারলো না তিন্নি, কান্নাভেজা স্বরে কাতর আর্তি ফুটে উঠলো গলায়
-- বিশ্বাস করো বাবা, আমি এমন কিছু করি নি যাতে তোমার সম্মানের কোনো ক্ষতি হয়! নিজেকে গুছিয়ে নিতে আমায় একটু সময় দাও বাবা, মাত্র দুইটি মাস - ডিসেম্বর অবধি! সব বলবো তোমায়!

মেয়ের কথার মর্মোদ্ধার করতে পারলেন না রঞ্জনবাবু, বিস্মিত হয়ে বললেন
— কেন? ডিসেম্বরই কেন?

ফুঁপিয়ে উঠলো তিন্নি
—- আমার ওপর তোমার কি একটুও বিশ্বাস নেই, বাবা?

মর্মরমূর্তির মতো নিশ্চল হয়ে রঞ্জনবাবু বসে রইলেন দেখে এবার ডুকরে কেঁদে উঠলো তিন্নি
---- বাবা প্লিজ, কিছু একটা বলো। মা’কে আটকাও! তুমিও চুপ থাকলে আমি কার কাছে যাবো?

একটা শব্দও বেরোলো না মুখ দিয়ে, মেয়ের মাথায় হাত রেখে স্তব্ধ হয়ে বসে রইলেন রঞ্জনবাবু।

**************************__****************************

শ্রীরামপুরের ফিরিঙ্গিডাঙার আচার্য্যবাড়িতে কেমন যেন থমথমে পরিবেশ আজ। নিস্তব্ধতার গুমোট কালো চাদরে ঢেকে আছে বাড়িটি আর তার মানুষগুলোও। সারা দুপুর বিকেল সন্ধ্যে চলেছে রাগারাগি, কান্নাকাটি আর অশান্তির পালা, মুখে কুলুপ এঁটে চুপ করে সব গালাগালি হজম করে নিয়েছে তিন্নি, শুধু একটি ফোনের অপেক্ষায়। এক একটি মিনিট যেন এক একটি ঘন্টা! হাতে ফোন নিয়ে শূন্যচোখে বসে আছে তিন্নি, কিন্তু আজ যেন সময় কাটছেই না। ঘড়ির কাঁটা থমকে আছে একই ঘরে। অবশেষে ঠিক রাত এগারোটায় বহুপ্রতীক্ষীত ফোনটি এলো। গভীর গলাটি একটু চিন্তিত

-- শরীর ঠিক আছে সোনা?

-- হুমম।

— রাস্তায় কোনো অসুবিধে হয় নি তো?

— নাহহ্।

--- বাড়িতে কি বেশি কিছু .....

প্রিয় মানুষটির গলার আওয়াজ শুনেই সারাদিনের সকল অনুযোগ, অভিযোগ চোখের জল হয়ে ডুকরে বেরিয়ে আসতে চায়, প্রাণপনে ঠোঁট কামড়ে সে কান্না চেপে নিল তিন্নি। অভিমানী কান্না চাপতে এককথায় উত্তর সারছিলো কিন্তু এবার আর পারলো না। ভেঙে চুরমার হয়ে যাওয়ার আগের মুহুর্তে কান্নাচাপা অবরুদ্ধ স্বরে বলে উঠলো
--- অভিমন্যু? আজ অনেক মিথ্যে বলেছি, আর আমাকে মিথ্যে বলতে বাধ্য করো না প্লিজ।

কিছু না বলেও সব বলা হয়ে গেলো একটি কথায়। কয়েকপল অসহায় নীরবতা, অদৃশ্য রেডিওওয়েভের মধ্যে দিয়ে দুইপ্রান্তে বয়ে চলেছে পাশে না থাকার অক্ষমতার নিস্তব্ধ অভিশাপ। গভীর নিঃশ্বাস ফেলে অভিমন্যু ধীর গলায় বললো
--- সীমন্তিনী? সব কষ্ট কি তোমার একার?

ফুঁপিয়ে উঠলো তিন্নি -- জোর করো না অভিমন্যু, প্লিজ। আমি ঠিক সামলে নেবো।

পরিবারের প্রতি অভিমানে দাউদাউ করে জ্বলতে থাকা বুকের ভেতর চন্দনের স্নিগ্ধ প্রলেপ লাগিয়ে দেওয়ার মতো শান্ত গলায় অভিমন্যু বললো
--- আই নো দ্যাট সোনা! আমি জানি ইউ আর স্ট্রং, তুমি সবকিছু সামলে নেবে। তাও, যদি কোনোভাবে আমি হেল্প করতে পারি... প্রমিস মি, ইউ উইল লেট মি নো!

চুড়ান্ত ভালোবাসা আর কষ্ট মেশানো দু’এক ফোঁটা চোখের জল ভিজিয়ে দিলো বালিশ, তারপর খুব ধীর স্বরে তিন্নি বললো
--- এতো প্রমিস বোধহয় আমি রাখতে পারবো না অভিমন্যু। তুমি শুধু আমার সাথে থেকো, তাহলেই হবে।

গভীর একটা দীর্ঘশ্বাস পড়লো ওপ্রান্তে, ভারী গলাটা তারপর বলে উঠলো --- ও.কে। আ্যজ ইউ উইশ।

কিছুটা সময় দুজনের কেউই কথা খুঁজে পেলো না। তারপর অভিমন্যু একটু ইতস্তত করে কেমন অন্যরকম একটা স্বরে বললো
—- কাল সারাদিন একটা কথা তোমায় বলা হয় নি। ট্রুলি স্পিকিং বলতে "চাই নি" …. বললে হয়তো তোমার মুড্ খারাপ হয়ে যেত।

সারাদিনের সকল অপমান লাঞ্ছনা আর মা বাবার ওপর রাগ ভুলে গিয়ে ধক্ করে উঠলো তিন্নির বুকের ভেতরটা। শিঁড়দাঁড়া দিয়ে বয়ে গেলো ছমছমে শীতল একটা তড়িৎপ্রবাহ। রেসপন্স করতে ভুলে গেল তিন্নি, একটু থেমে নিস্পৃহ শান্ত গলায় অভিমন্যু বললো
--- এ’কয়দিন নিউজপেপার থেকে একটু দূরে থেকো।

দুর্গাপুজোর নবমীর রাত থেকে পরপর তিনরাত যখন অভিমন্যুর ফোন আসে নি, চারিদিকে ঢাকের বোল আর পাড়ার পুজো প্যান্ডেল ঘিরে আলোর রোশনাইয়ের মধ্যে থেকেও তিন্নি ছিল সেই আনন্দঘন মুহূর্তগুলি থেকে থেকে কয়েকশ যোজন আলোকবর্ষ দুরে! সেই ৬৫ ঘন্টার সিকিমের সীমান্তে সামান্যতম অশান্তিও হয়েছে কিনা - ভালো মন্দ যাহোক কিছু একটা খবরের আশায় সারা দিনরাত সকল অনলাইন নিউজচ্যানেলের ওয়েবসাইট আর টুইটারে গরুখোঁজা খুঁজে গিয়েছিলো তিন্নি! মিশন শেষ হওয়ার পর সেই যে অভিমন্যু ফোন করেছিল তারপর থেকে গত বাহাত্তর ঘন্টায় আর একবারও কোনো খবরের কাগজে চোখ বোলায় নি তিন্নি। কি হয়ে গেছে এই কটা ঘন্টায়? চরম আশংকায় গলা শুকিয়ে আসার আগের মুহূর্তে অস্ফুটে বললো
-- কেন?

--- জাস্ট ফর প্রিকশন। অনর্থক চিন্তা বাড়বে। আর…..

ঠান্ডা নিস্পৃহ স্বর অভিমন্যুর, কোনো আবেগ নেই তাতে। যে স্বর বারবার তিন্নির বুকে শীতল কাঁপন তুলে দেয়। হাজার একটা সম্ভাবনা আর প্রশ্ন তিন্নির মাথায় ছিনেজোঁকের মতো কিলবিল করে ওঠার আগেই একটু ইতস্তত করে অভিমন্যু আগের কথার রেশ টেনে বললো
-- ইটস বিকামিং বিট সিরিয়াস আউট হিয়ার।কয়েকদিন হয়তো নিয়মিত ফোন করতে পারবো না। চেষ্টা করবো কিন্তু হয়ে উঠবে না।

অজানা ভয়ে বুকের ভেতরটা ঢিপঢিপ করে উঠলো তিন্নির, অসহ্য একটা ব্যাথা পেট থেকে পাকিয়ে পাকিয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ছে। কোনো কথা বেরোলো না মুখ ফুটে, যেন কান্নাও ভুলে গেছে ও। অভিমন্যুর ভারী গলাটা এবার আর একটু কঠিন, যেন শীতল সতর্কবাণী
--- আ্যন্ড রিমেম্বার ইউ প্রমিসড মি, যা’ই হয়ে যাক না কেন, আর তুমি আসবে না।

বোবামুখে চাদর গুঁজে ফুঁপিয়ে উঠলো তিন্নি, উত্তরের অপেক্ষায় কয়েক সেকেন্ড নিস্তব্ধ থেকে গভীর একটা শ্বাস ফেলে অভিমন্যু বললো
--- নিজেকে শক্ত করো সীমন্তিনী! বলেছিলাম না, সামনে আরো কঠিন সময় আসবে?

​প্রচন্ড ঝড়ের আগেও বোধহয় এমনই নিস্তব্ধতা বিরাজ করে। দুইদিনের সুখস্বপ্ন ভুলিয়ে দিয়েছিল বাস্তব, বর্ডারে পোস্টেড্ ফৌজের জীবনে হলিডে নেই, প্রেম নেই! আছে শুধুই দেশমাতৃকার রক্ষার ভার, অটল নিষ্ঠা আর কর্ত্যব্য।
বোধকরি নিশ্বাস নিতেও ভুলে গিয়েছিলো তিন্নি! অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পর নিজের সম্বিৎ ফিরে পেয়ে চোখের জলগুলো মুছে নিলো, কোন এক অসীম সাহসে মনটা শক্ত পাথরে বেঁধে, গলা থেকে কান্নার আভাসটুকুও মুছে ফেলে দৃঢ় স্বরে বললো
-- ইটস ও.কে। ডু ইওর জব, আমি অপেক্ষা করে থাকবো।

দুপ্রান্তে একসাথে ঠিকরে বেরোনো ঘন দীর্ঘশ্বাসের সাথে মিশে থাকলো পাশে থাকার নিঃশব্দ অঙ্গীকার, নীরব ভালোবাসা বয়ে গেল ফোনের বেতারতরঙ্গের মধ্যে দিয়ে।

কয়েক সেকেন্ড পর অভিমন্যু ফোন রেখে দিলে দুরুদুরু বুকে গুগুল নিউজ খুললো তিন্নি ….. তারপর বিবিসি, টাইমস নাউ, এবিপি, NDTV, ZEE আর যত নিউজ চ্যানেল আছে, সব। তিনদিনের নিস্তব্ধতার পর “দ্য বিগেস্ট আউটব্রেক”; পাতার পর পাতা, চ্যানেলের পর চ্যানেলে একই নিউজ। টুইটার-ফেসবুকে ট্রেন্ডিং হ্যাশট্যাগ, সব মিডিয়াতেই একটাই খবর বারবার ফ্ল্যাশ হচ্ছে

“সিকিম সীমান্তে গোপন ঘাঁটি তৈরির চেষ্টা আটকে দেওয়ায় গর্জন শুরু চিনের।“
“সিকিমে সীমান্ত লঙ্ঘন চিনের, দুই বাহিনীর মধ্যে তুমুল ধস্তাধস্তি।”
“গত চব্বিশ ঘন্টায় ইন্দো চীন ডোকা’লা সীমান্তে ‘লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল’ (এলএসি) এরিয়াতে ভারতীয় এবং চিনা বাহিনীর তৎপরতা আচমকা বেড়ে গেছে। ’৬২-র ভারত-চিন যুদ্ধ আর ২০১৩ সালে জম্মু-কাশ্মীরের লাদাখে ২১ দিনের টানাপড়েনের পর দু’দেশের মধ্যে এত দিন ধরে উত্তেজনা জিইয়ে রয়েছে এই প্রথম। দু’দেশই সীমান্তে বিশাল বাহিনী পাঠিয়েছে এবং তারা এখন মুখোমুখি অবস্থানে। এই পরিস্থিতিতেই আজসিকিম গেলেন ভারতের সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত। সেনা সূত্রে জানানো হচ্ছে, জেনারেল রাওয়াতের এই সিকিম সফর আসলে রুটিনমাফিক। কিন্তু ভারত-ভুটান-চিন সীমান্তে উত্তেজনা আচমকা যে ভাবে বেড়েছে, তার প্রেক্ষিতে সেনাপ্রধানের সিকিম যাওয়া এবং বাহিনীর প্রস্তুতি ও বিন্যাস খতিয়ে দেখার কর্মসূচিকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। “

পড়তে পড়তে গলার কাছে কি যেন একটা দলা পাকিয়ে উঠছিলো তিন্নির, শরীর গুলিয়ে উঠলো। অসহ্য যন্ত্রনায় মাথার চুলগুলো দুহাতে খামচে ধরে চোখ বন্ধ করে নিলো তিন্নি, ঠোঁট কামড়ে রক্ত বার করে দিলো তাও শান্তি পেলো না। দিনকয়েক ভালোবাসার যুদ্ধে জিততে জিততে তিন্নি ভুলে গিয়েছিলো একটি অমোঘ বাস্তব ~ ভালোবাসার মানুষটি যে দেশের জন্য যুদ্ধ লড়তে ব্যস্ত। ওল্টাতে লাগলো মনের পাতা ........... গত ছত্রিশ ঘন্টা অভিমন্যুর সাথে গ্যাংটকে কাটানো প্রতিটি মুহূর্ত, অভিমন্যুর প্রতিটি স্পর্শ, প্রতিটি চুম্বন, প্রতিটি চোখের দৃষ্টি পুঙ্খানুপুঙ্খ ভাবে মনে পড়ছিলো তিন্নির, অনুভব করতে পারছিলো আর ভাবতে ভাবতেই ওর চোখ দিয়ে গড়িয়ে আসা অজস্র নিঃশব্দ নোনতা গরম জলে ভিজে যাচ্ছিলো বিছানার চাদর-বালিশ। বুকের ভিতরের পাঁজরগুলো রসিয়ে রসিয়ে কাটছে কে যেন ইলেকট্রিক করাত দিয়ে! হাহাকারে ভরে উঠছিলো হৃদয় “আর কি দেখা হবে?” “এই দেখা হয়েই কি শেষ দেখা ছিল?” ঈশ্বরের ইচ্ছায় আর কত কষ্ট পাবে তিন্নি "ভালোবাসা" নামক অপরাধটি করে?

আকুল কান্নায় ভেঙে পড়তে পড়তে আবারো সর্বশক্তিমান ঈশ্বরের কাছে কাতর প্রার্থনা করতে লাগলো তিন্নি "ওকে দেখো ভগবান, ওকে ভালো রেখো। যা পারো শাস্তি আমাকে দাও, কিন্তু ওকে অক্ষত রেখো। প্লিজ ভগবান, ওর যেন কিছু না হয়। ওর কিছু ক্ষতি হওয়ার আগে আমাকে উঠিয়ে নিও ঠাকুর, প্লিজ।"
সেই রাতে তিন্নির চোখে আর ঘুম এলো না। হয়তো দুইহাজার কিলোমিটার দূরে নামহীন শীতল পার্বত্য উপত্যকায় আর একজন পাথরদিল ইমোশনলেস আনরোমান্টিক ভূতও নির্ঘুমেই কাটিয়ে দিয়েছিলো সারা রাত।

.
.
.

তিনদিন পর তিন্নির অফিসে একটা কুরিয়ার প্যাকেজ এলো ওর নামে, প্রেরকের কোন নাম বা ঠিকানার কোন উল্লেখ নেই। বেশ ভারী বক্স। নাড়িয়ে চাড়িয়েও কিছু বোঝা যায় না ভেতরে কি আছে। অনেকটা কিন্তু কিন্তু করে প্যাকেজটা ওখানেই খুলে ফেললো তিন্নি তারপর ডেলিভারী বয়কে অবাক করে দিয়ে দুই চোখভর্তি জল নিয়ে হেসে ফেললো জোরে।
.
.
.
.

কি ছিল সেই প্যাকেজে? The Adventures of Tintin - চব্বিশটি বইয়ের অরিজিনাল কপি, একসাথে এক প্যাকেজে। ভিতরে একটা ছোট্ট নোট

~ এই’কয়দিন মিসেস বিয়াঙ্কার মন ভালো রাখার জন্য।

From ক্যাপ্টেন (মেজর হ্যাডক)
.
.
.
.
সব ভালোবাসা সমান হয় না, সব লাভ লেটারে “I LOVE YOU” লেখা থাকে না। 💋

ক্রমশঃ
© সুমন্দ্রা মিত্র। ভালো লাগলে নামসহ শেয়ার করবেন।
খবরসূত্র ইন্টারনেট। অনুগ্রহ করে একে সত্য কাহিনী বলে ভ্রম করবেন না।

***********************__******************************

#সূর্য_ডোবার_আগে
পর্ব-৩১
লেখিকা ~ #সুমন্দ্রামিত্র
কঠোরভাবে প্রাপ্তমনষ্কদের জন্য।
.
.

নভেম্বরের শুরু, বাতাসে হালকা শীতের আমেজ ছড়িয়ে। কালীপুজো ভাইফোঁটার পালা সবে শেষ হয়ে এখন বাঙালীর উৎসবহীন ম্যাড়মেড়ে রোজনামচা জীবন। ভোরবেলায় ঘাসে ঘাসে জমে থাকে জমাট শিশির। মোয়া আর নতুন গুড়ের গন্ধ মেখে থাকা নরম লেপমুড়ি দিয়ে ধোঁয়া ধোঁয়া সকালের দিনগুলিতে হিমের আলসেমিটা গায়ে মাখতে মাখতে শহর জেগে ওঠে আর নির্ঘুম তিন্নির চোখে লেগে থাকে জমাট কান্না।

শ্রীরামপুরের ফিরিঙ্গিডাঙা মোড়ের আচার্য্যবাড়িতে আজকাল বিরাজ করে এক চরম নিস্তব্ধতা। মা-মেয়ের সরাসরি কথা বন্ধ যদিও ভাস্বতীদেবীর ছিটকে আসা তির্যক বাক্যবাণ, অপমানের হুল এবং বিদ্রুপ বন্ধ হয় নি।
তিন্নি জবাব দেয় না, যেটুকু সময় বাড়িতে থাকে- মুক ও বধির সেজে থাকে! এই কয়েকদিনে বোধকরি গন্ডারের থেকেও পুরু হয়ে গেছে ওর গায়ের চামড়া। মাঝে মাঝে এক একটি সুতীব্র অপমানের ছুরি ফালা ফালা করে দেয় হৃৎপিন্ড তাও তিন্নি মনে চাপিয়ে নিয়েছে নিস্পৃহ কর্ত্যব্যের অভেদ্য বর্ম, অদৃশ্য তুলো কানে গোঁজা সর্বক্ষন। রঞ্জনবাবুর সাথেও তিন্নির আগের মতো সেই সহজ সরল সম্পর্ক আর নেই। নিঃশব্দে কাঁদে তিন্নি, মাঝে মাঝে গুমরে ওঠে তীব্র অভিমানে। নিজের লোকেদের থেকে আত্মসম্মানে ঘা পাওয়া বুঝি সবচেয়ে বড়ো আঘাত।

ছোট থেকে অবহেলা পেতে পেতে মা'র থেকে কোনোদিনই বিশেষ কোনো প্রত্যাশা ছিল না তিন্নির, কিন্তু শেষে বাবাও বুঝলো না ওকে? বয়ঃসন্ধিকাল থেকে থেকে তিন্নির আত্মসম্মান গড়ে তোলার মুখ্য কারিগর, তিন্নির সকল বিপদে ঢাল হয়ে যিনি দাঁড়িয়েছিলেন সবসময়, উচিত-অনুচিত, সত্যি-মিথ্যের ফারাক বোঝানো, কবিতার পাঠ দেওয়া যে মানুষটিকে তিন্নি দেবতার আসনে বসিয়েছিলো, এতো ন্যায়শিক্ষার শেষে সেই মানুষটাও যে বিয়েটাই তিন্নির জীবনের মুখ্য পরিণতি বলে মনে করেন- সে আঘাতটাই বড়ো বেশি বুকে বেজেছে তিন্নির, আরো বেশি কষ্ট পেয়েছে যখন ওর মতামত নেওয়ার প্রয়োজন বোধটুকুও কেউ করে নি। যেন সংসারে ও একটা বোঝা, ঘাড় থেকে নামিয়ে দিলেই শান্তি।
যে বাড়িটাকে তিন্নি নিজের বাড়ি বলে ভাবতো, আজ ঠারে-ঠোরে বুঝিয়ে দেওয়া হয়েছে এই বাড়ি তার নয়, এখানে সে ক্ষনিকের অতিথি মাত্র। যে পরিবারের সাথে সময় কাটানোর জন্য গত দুই বছরের ডেলি প্যাসেঞ্জারির কষ্ট মাথায় তুলে নিয়েছিল তিন্নি, আজ বুঝিয়ে দেওয়া হয়েছে এই পরিবার তার নয়, তিন্নির আসল পরিবার অপেক্ষা করছে অন্য কোথাও - মা'বাবার দেখে শুনে বুঝে নেওয়া কোনো এক অপরিচিত ফ্যামিলি যার সাথে তিন্নিকে কাটাতে হবে সারাজীবন। কারণ এটাই নরমাল - সমাজের নিয়ম। এ ব্যাপারে তিন্নির মতামতের দরকার নেই কারণ "মা বাবা কি সন্তানের খারাপ চায় কখনো"?

তাই নিজেকে বড্ডো গুটিয়ে নিয়েছে তিন্নি, একমনে শুধু দিন গুনে যায় কবে ডিসেম্বর আসবে। একটি আনপ্লানড্ ট্রিপ তিন্নির পৃথিবী ওলোটপালোট করে দিয়েছে, এক অনিশ্চিত ভালোবাসাকে কাছে এনে দিয়েছে - তারই সাথে চিরপরিচিত লোকগুলিকে দূরের করে দিয়েছে। নিজের পরিবারের সাথে নিঃশব্দ যুদ্ধ লড়তে লড়তেই তিন্নি ঠিক করেছিল যা’ই হয়ে যাক না কেন, অভিমন্যুকে একটা কথাও জানানো যাবে না।
এক তো সে পড়ে আছে দেশের কোন দুর্গম প্রান্তরে, প্রতি মুহূর্তে মৃত্যুর মুখোমুখি দাঁড়ানো অতন্দ্র প্রহরী, সেই মানুষটিকে নিজের অশান্তিময় জীবনের দুঃখের পালাগান শুনিয়ে আরো ব্যতিব্যস্ত করতে চায় না তিন্নি। সাথেসাথে বুকের কোন গভীরে গিয়ে মানে লেগেছিলো ওর, নিজের অসহায়তার জন্য আরেকজনের কাছে সদ্য শুরু হওয়া সম্পর্কের বার্ডেন চাপিয়ে দিতে। মা-বাবার থেকে পাওয় এই অবহেলা-কষ্টগুলো, অপমান, যন্ত্রনাগুলো যে নিতান্ত ব্যক্তিগত, একমাত্র ওর নিজের!

তাই অভিমন্যুর ফোন এলে নিখুঁত অভিনয় করে যায় তিন্নি, ভালো থাকার অভিনয় - খুশি থাকার অভিনয়। শব্দহীন অশ্রুগুলো লুকিয়ে নেয় মেকিহাসির আওয়াজে, রুদ্ধ হয়ে আসা স্বর বদলে নেয় ঠান্ডা লাগার অজুহাতে। তিন্নির সারাদিনের ঊষর রুক্ষজীবনে মিনিটকয়েকের ফোনকলটুকুই যে একঝলক টাটকা দখিন বাতাস, পরেরদিনটি বেঁচে থাকার জীবনীশক্তি, অমৃতসুধা। ওই সময়টুকু জগৎসংসার সবকিছু ভুলে যায় তিন্নি, আবার ফিরে পায় নিজেকে, নিজের মতো করে। অভিমন্যুর সাথে কথা বলে তিন্নি ফিরে পায় তার হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস, নতুন করে যুদ্ধ লড়ার সাহস।

Falling in love with you did not make sense
Yet, I fall head over heels every time I listen to your breaths.
To love you was the hardest thing I did
Tangled, intense and intricated that’s how I feel.
To be held in your arms, it felt so right
The thought of being together is keeping me up all night.
We cannot control the distance between us
We cannot constraint, our feelings are out of hand.
I scream at loudest, yet you can’t hear them
My silent tears were not to be condemned.
It wasn’t easy when I wished upon Every falling star
Believing in destiny that one day I’ll get what I want.
I will wait for you my Love! Does not matter if forever,
I will Always hold onto you that one day we’ll be together.
I will Always love you. Today tomorrow, forever and ever.

**************************__****************************

~ ফেয়ারওয়েল সায়ক। বেস্ট উইশেস ফর নেক্সট!

বাটারক্রিম ফ্রস্টিং সাদা কেকের ওপর আঁকা বাঁকা চকোলেট গানাশের ল্যাটিন হরফে লেখা লাইনদুটি। সবার তুমুল হাততালির মাঝে লজ্জা পাওয়া আরক্ত মুখে কেক কাটলো সায়ক।

আজ ওর লাস্ট ডে এই কোম্পানিতে, ক্যাফেটেরিয়ায় একটা ছোট্ট ফেয়ারওয়েল পার্টির আয়োজন করা হয়েছে প্রজেক্টটিম থেকে, তিন্নিও আছে। টিমের তরফ থেকে মিথিলেশ সায়কের হাতে তুলে দিল বিদায়ী স্মারক এবং তারপর ছোট্ট একটি গতানুগতিক স্পিচ্ - প্রজেক্টে সায়কের অবদান আর থ্যাঙ্কইউ নোট।

এরপর কেক কাটার পালা, তা সাঙ্গ হতেই টিমের বাকিরা হইহই করে উঠলো
– স্পিচ্! স্পিচ্! লাস্ট ডে রোস্টিং। স্পি-ই-চ্!

--- এই না না ! আমি কিছু রেডি করে আসি নি।

লজ্জা লজ্জা মুখে হাতপা নেড়ে ছাড়া পাওয়ার ভান করছিলো সায়ক, পেছন থেকে কে একজন চেঁচিয়ে উঠলো – স্পিক্ ইওর হার্ট আউট ম্যান! যা মনে আছে বলে দে আজ।

কান এঁটো করা লজ্জা লজ্জা মুখ করে হাসলো সায়ক। তারপর গলা খাঁকরি দিয়ে শুরু করলো
--- থ্যাংক ইউ সো মাচ গাইজ, আ্যকচ্যুয়ালি থ্যাংক ইউ ইজ নট এনাফ! কলেজ পাসআউট ফ্রেশার্স থেকে সফটওয়্যার আ্যনালিস্টের পথ তা সহজ ছিল না! এই প্রজেক্টে আছি দুইবছরেরও বেশি, সব সিনিয়ররা হাতে ধরে কাজ শিখিয়েছো, ভুল করলে বকেছো, কোডিং করা শিখিয়েছো। মিথিলেশদা, প্রবালদা তোমাদের সবাইকে মেন্যি মেন্যি থ্যাঙ্কস আমার যাবতীয় ভুলত্রুটিগুলো শুধরে দেওয়ার জন্য। এরপরও একজনের কথা না বললেই না, সে হলো সীমন্তিনী।

ক্যাফেটেরিয়ার দেড়মানুষ প্রমান স্বচ্ছ জানলার কাঁচে আঁকাবাঁকা ছায়া, বাইরের ছাইরঙা আকাশ ঢাকা ধুলো কুয়াশার জমাট মেঘে। দূরের নলবনের ধোঁয়াটে নীল জলরাশি আর এভারগ্রিন কলকাতার দিকে আনমনা হয়ে তাকিয়ে থাকা তিন্নি সায়কের কণ্ঠে হঠাৎ নিজের নাম শুনে চটকা ভেঙে চমকে উঠলো!
অবাকচোখে চড়ুইপাখির মতো ছোট্ট হাঁ করে তাকিয়ে রইলো সায়কের দিকে, আর টিমের সবার চোখ তখন তিন্নির দিকে।

সবকটা দাঁত বার করে হেসে সায়ক বললো
-- ইয়েস, সীমন্তিনী! আমার খুব ভালো বন্ধু!
এই অফিসে ছেড়ে যেতে একমাত্র ওকেই আমি মিস করবো! ওর সাথে আমার ঘন্টার পর ঘন্টা কাটানো মুহূর্তগুলো, ক্যাফেটেরিয়ায় একসাথে লাঞ্চ করা, নিচের ফুটে চা খেতে খাওয়া,সিসিডিতে কফি, সিকিমে আমাদের ঘুরতে যাওয়া, ওর কোডিং, প্রেজেন্টেশন স্কিল মানে কোনটা ছেড়ে কোনটা বলি! সব মিলিয়ে আমি ওর ডাই হার্ট ফ্যান!
কি তাই তো সীমন্তিনী? তুই আবার রাগ করছিস না তো এসব শুনে? ওহ্ কাম অন! আজ আমার লাস্ট ডে, আজ তো আমায় বলতে দে! কাল থেকে তোর একার রাজত্ব!

মুখটা হাঁ’ই হয়ে রইলো তিন্নির!
কি বলে যাচ্ছে এসব সায়ক? হাতে গোনা কযেকটা দিনের কথা এভাবে ফুলিয়ে ফাঁপিয়ে রোজানামচার মতো কেন বলছে টিমের সবার সামনে। টিমের দু তিনজনের চোখে অবিশ্বাসের দৃষ্টি আর বেশিরভাগের ঠোঁটেই মুচকি বিদ্রুপ!

মিথিলেশ এগিয়ে এসে সায়কের কাঁধে একটা হাত রাখলো
-- আই থিঙ্ক ইউ গট টু’উ এক্সসাইটেড! লেটস হ্যাভ দ্য কেক, শ্যাল উই?

টিমমেটদের হাসিঠাট্টা আর লাস্ট সেলফির দৌলতে তখনকার মতো কথাটা ধামাচাপা পড়ে যেতেও তিন্নির মুখের অন্ধকার আর ঘুচলো না, এককোণে চুপটি করে দাঁড়িয়ে ছিল ও!
সবাই কেক নিয়ে ব্যস্ত হয়ে পড়তে সায়ক ধীরে ধীরে এগিয়ে এসে ওর থেকে নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে হাসি হাসি গলায় বললো
—– সীমন্তিনী, তুই কিছু মনে করিস নি তো? সত্যিই আমি হয়তো একটু বেশিই এক্সসাইটেড হয়ে পড়েছিলাম! আসলে এসব স্পিচ দেওয়ার অভ্যেস নেই তো, কিছু প্রিপারেশনও ছিল না! যা মুখে এসেছে তাই বলে গিয়েছি! বাদ দে না! আজ আমার লাস্ট ডে, প্লিজ রাগ করিস না? কাল থেকে আর দেখা হবে না, লেটস ডিপার্ট অন এ গুড নোট।

পাছে মনের তেঁতোভাব মুখে চলে আসে সেই ভয়ে কথা বলতে ইচ্ছে করছিল না তিন্নির, সায়কের বাড়িয়ে রাখা হাতটা ধরতেও মন চাইছিলো না।

দেখেই সায়কের দাঁত বের করে রাখা আলো আলো মুখটা ঝুপ করে অন্ধকার হয়ে গেলো। চোখে মুখে একটা দুঃখ দুঃখ ভাব ফুটিয়ে বললো
-- সীমন্তিনী, কাউকে লাইক করা ক্রাইম কিনা আমি জানি না! আমার তোকে জেন্যুইনলী ভালো লাগতো আর একটা ভুল ধারণা ছিল… মে বি তুইও আমায় লাইক করিস। কিন্তু সেগুলো সবই পাস্ট! তোর “না”শোনার পর থেকে নিজেকে সরিয়ে নিয়েছি আমি। কিন্তু, তারপরও তুই এমন একটা বিহেভ করছিস যেন নিজের ফিলিংসটা তোর সাথে শেয়ার করে চূড়ান্ত অপরাধ করে ফেলেছি! জাস্ট পুট ইউরসেল্ফ অন মাই শু আ্যন্ড ইউ উইল আন্ডারস্ট্যান্ড হোয়াট আই আ্যম গোয়িং থ্রু।

সায়কের স্পষ্ট কথাগুলো শুনে একটু অপ্রস্তুতে পড়ে গেলো তিন্নি। মনে মনে ভাবছিলো, সত্যিই তো এভাবে ও কোনোদিন ভেবে দেখে নি! তাছাড়া যাওয়ার আগে অযথা তিক্ততা বয়ে বেরিয়েই বা কি লাভ! ক্যাজুয়ালি হেসে, সায়কের বাড়িয়ে রাখা হাতটা ধরে বললো
-- থ্যাংক ইউ ফর বিয়িং এ ফ্রেন্ড টু মি ইন দিস প্রজেক্ট। অল দ্য ভেরি বেস্ট অন ইওর নেক্সট ভেঞ্চার। নতুন অফিস. নতুন পরিবেশ - খুব ভালো থাকিস আর খুব ভালো করে কাজ করিস। এই অফিস ছেড়ে দিতে হলে পরে তোর’ই কাছে রেফারাল চাইবো কিন্তু!

দুজনেই হেসে ফেললো, তারপর সায়ক বললো
— যাওয়ার আগে তোর এই হাসিটাই মিস করছিলাম রে! ভালো থাকিস! আর অবশ্যই, যদি কোনোদিন কোনো হেল্প লাগে …. মনে রাখিস আই আ্যম জাস্ট ওয়ান কল আ্যওয়ে।
.
.
.

কাজের মধ্যে ডুবে থাকলে হুস করে সময় কেটে যায়।

ক্যাফেটেরিয়ার কেকপর্ব সমাপ্ত হওয়ার পর ঘন্টাদুই পেরিয়ে কখন যে ঘড়ির কাঁটা ছয়টায় পৌঁছে গেছে, তিন্নি খেয়ালই করে নি। আচমকা কম্পিউটার স্ক্রিনের টাস্কবারে চোখ পড়তে চমকে উঠলো। নাহ্! আর দেরি করলে হয়তো ছয়টা পঞ্চান্নোর লোকাল মিস হয়ে যাবে!

সারাদিনের কাজের ধকলের পর আবার দেড় দুই ঘন্টা ভিড় ঠেলে অশান্তিময় বাড়ির পরিবেশে ফিরতে ইচ্ছে করে না, তাও ফিরতে তো হবেই। জলদি হাতে পেন্ডিং টাস্কগুলো ড্রাফট করে বেরোনোর জন্য নিজের সিট্ ছেড়ে উঠে দাঁড়ালো তিন্নি।

ফ্রাইডে ইভনিং, অফিসও প্রায় ফাঁকা হয়ে এসেছে, দুমদাম আওয়াজে চোখে পড়লো একটু দূরে সায়ক ওর কম্পিউটার নিয়ে ধস্তাধস্তি করছে। তিন্নি উঠে দাঁড়াতেই দুর থেকে অপ্রস্তুতের হাসি হাসলো সায়ক
-- কি জ্বালা দেখেছিস? লাস্ট ডে আর এমনসময়ই কম্পিউটারটা বিগড়োতে হলো!

চোখ কপালে উঠলো তিন্নির! আজ না সায়কের এ অফিসে শেষ দিন? ওয়ার্কিং আওয়ার্স পেরিয়ে যাওয়ার পরও কি করছে অফিসে? মনের অবাকভাবটা মুখে ফুটে উঠলো ওর।
-- তুই যাস নি এখনো? ফেয়ারওয়েল হয়ে যাওয়ার পরও এতো লেট অবধি অফিসে কি করছিস!?

-- আরে! Bid adieu ইমেল লিখছিলাম, লাস্ট ইমেল ফ্রম মাই আই.ডি! ওটা না পাঠিয়ে কি করে যাই বল! সাড়ে ছয়টা বেজে গেছে, এখন তো হার্ডওয়্যার টীমও নেই যে কম্পিউটারটা ঠিক করে দেবে!

-- এতক্ষন কি করছিলি তবে?

-- এটা সেটা ব্যাকআপ নিতে নিতেই লেট্ হয়ে গেলো! তারপর কম্পিউটারটাও বারবার রিস্টার্ট হচ্ছিলো…….

সায়কের ওর দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকা দেখে কেমন গা শিড়শিড়িয়ে উঠলো তিন্নির। চট করে একবার হাতঘড়িতে চোখ বুলিয়ে নিতে বিরক্তিরা মাথাচাড়া দিয়ে উঠলো মনে মনে। এখানে দাঁড়িয়ে খেজুরে গল্প করতে থাকলে বাইরে অটোর লাইনও পাল্লা দিয়ে বাড়বে। সেটা বুঝেই চোখ সরিয়ে নিয়ে গলায় একছটাক চিন্তা মিশিয়ে রিক্যোয়েস্ট করার ভঙ্গীতে সায়ক বললো
--- সীমন্তিনী, তোর আই.ডি পাসওয়ার্ডটা দিয়ে যাবি? তোর সিস্টেমে লগইন করে মেলটা পাঠিয়ে দিয়েই বেরিয়ে যাবো আমিও।

ভুরু কুঁচকে উঠলো তিন্নির।
--- আমি এখনই বেরোচ্ছিলাম রে সায়ক, আর দেরি করলে সেই লাস্ট ট্রেনে বাড়ি যেতে হবে!

হাঁ হাঁ করে উঠলো সায়ক
--- না!না! আমার জন্য তোকে দেরি করতে হবে না! জাস্ট পাসওয়ার্ডটা দিয়ে বেরিয়ে যা, আমি মেল ড্রাফট করেই কম্পিউটার বন্ধ করে দেব।

বলতে বলতে চোখে মুখে একটা কাতর আবেদন ফুটিয়ে তুললো সায়ক!
মুখের ওপর "না" করতে গিয়েও থমকে গেলো তিন্নি।
একঝলক চিন্তা করলো সায়ককে কি ভরসা করে পাসওয়ার্ড দেওয়া উচিত হবে? ওদের প্রজেক্টে অ্যাডমিনিস্ট্রেশন সিকিউরিটি খুব কড়া, এমনভাবে পাসওয়ার্ড শেয়ার করা যায় না ঠিকই, কিন্তু আনঅফিসিয়াললি অনেকেই করে। কয়েকমাস আগেও যখন ওদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল সায়ক ওর কম্পিউটারে কাজ করেছে বা তিন্নি সায়কের কম্পিউটারে! তাছাড়া আজ তো বেচারার লাস্ট ডে! কি আর হবে?

একটু ভেবে কম্পিউটারটা আনলক করে দিয়ে তিন্নি বললো
-- যাওয়ার আগে মনে করে কম্পিউটার শাটডাউন করে দিস আর এগ্যেইন অল দ্য বেস্ট ফর ইওর ফিউচার!

প্রায় লাফিয়ে উঠে কান এঁটো করা হাসি হাসলো সায়ক

----- থ্যাংক ইউ! থ্যাংক ইউ সো মাচ সীমন্তিনী! আই উইল রিয়েলি মিস ইউ, অফকোর্স … আ্যজ এ ফ্রেন্ড !

আলতো হেসে অফিসে থেকে বেরিয়ে গেলো তিন্নি, পেছন ফিরে তাকালে দেখতে পেতো সায়কের একটু আগের নরম হাসি হাসি মুখ বদলে গেছে হঠাৎই, হিংস্র শ্বাপদের ন্যায় জ্বলজ্বল করছে চোখদুটো।

**************************__****************************

সেক্টর ফাইভের অটোর লাইন আর কলকাতার শুক্রবারের হালকা ট্রাফিক পেরিয়ে বিধাননগর স্টেশনে পৌঁছে সবে ট্রেনে উঠতে যাবে তিন্নি, ব্যাগের মধ্যে রাখা মুঠোফোন বেজে উঠলো তারস্বরে আর অন্যমনস্কতার ফলে একটুর জন্য চোখের সামনে দিয়ে ট্রেনটা বেরিয়ে গেলো!
বিরক্ত হয়ে বেজে যাওয়া ফোনটা বার করে ভুরু কুঁচকে উঠলো ওর, তারপর ব্যস্ত গলায় কলটা রিসিভ করলো তিন্নি
-- হ্যালো??

ওপ্রান্তে গাঁক গাঁক করে বেজে উঠলো মিথিলেশের গলা
-- এটা তুমি কি করেছো সীমন্তিনী?

আকাশ থেকে পড়লো তিন্নি
-- কি হয়েছে? হ্যোয়াই আর ইউ শাউটিং মিথিলেশ?

-- কোথায় আছো তুমি? কাম ব্যাক টু অফিস রাইট নাউ!

-- হোয়াট? হ্যোয়াই? আমি তো জাস্ট অফিস থেকে বেরোলাম, এখন বিধাননগর স্টেশনে!

-- প্রোডাকশন সার্ভার থেকে ৫ পেজের একটা কোড ডিলিট হয়েছে ঘন্টাখানেক আগেই, তোমার আই.ডি থেকে করা। পুরো সিস্টেম বসে গেছে, ক্রিটিকাল কল চলছে! হ্যোয়াই উড ইউ ডিলিট সামথিং ডাইরেক্টলি ইন সার্ভার!

-- কি বলছো কি মিথিলেশ! আমি তো কিছুই বুঝতে পারছি না!

-- সীমন্তিনী, আমি কম্পিউটারের সামনে বসে আছি! তুমি ডেভেলপার-এই কোডিংয়ের অ্যাডমিন অ্যাক্সেস একমাত্র তোমার আর অনসাইট ডেভলপারের কাছেই ছিল! অ্যান্ড ইট ইজ শোয়িং ইওর আই.ডি, ডট ৬:৩৫ PM।

মিথিলেশের কথার মাঝে চেঁচিয়ে উঠলো তিন্নি
-- হোয়াট ননসেন্স! আমি ৬:২০তে বেরিয়ে গেছি অফিস থেকে!

-- তাহলে কি তুমি বলতে চাইছো সিস্টেম ভুল দেখাচ্ছে?

পায়ের তলা থেকে আচমকা মাটি সরে গেলো তিন্নির! আজকের সায়কের ওভারফ্রেন্ডলি হাবভাব, গায়ে পড়ে কথা বলার চেষ্টা সবকিছু দিনের আলের মতো স্পষ্ট হয়ে গেল। নিজের অজান্তেই মুখ দিয়ে বেরিয়ে এলো
-- সায়ক!

সায়কের নাম শুনে থমকে গেলো মিথিলেশ, তারপর একটু পজ নিয়ে বললো
-- হোয়াট ডু ইউ মিন! সায়কের কাছে অ্যাডমিন অ্যাক্সেস ছিল না !

ঠোঁট কামড়ে ধরলো তিন্নি! এতবড়ো ট্রাপটা দেখতে পেলো না?
তিন্নির ডেস্কটপে "পাসওয়ার্ড" বলে একটা ফোল্ডারে শেয়ারড্রাইভ-প্রোডাকশন সিস্টেম-অ্যাডমিন যাবতীয় লগইন ডিটেল সেভ করা থাকে! যে কেউ কম্পিউটার খুলেই দেখতে পাবে! “বন্ধু” নামক মুখোশের আড়ালে সায়কের জিঘাংসা মাখানো কালো কদর্য রূপটা চিন্তা করে শিউড়ে উঠলো তিন্নি, ভিড় প্যাচপ্যাচে স্টেশনে দাঁড়িয়ে নিজের বোকামো স্বীকার করে নিলো
-- অফিস থেকে বেরোনোর মিনিটকয়েক আগে সায়ক আমার কম্পিউটার পাসওয়ার্ড নিয়েছিল…. ওর সিস্টেম ক্র্যাশ করে গিয়েছিলো আ্যন্ড হি হ্যাড টু সেন্ড দ্য bid adieu মেল্!

-- মাই গুডনেস! হাউ নেগলিজেন্ট ক্যান ইউ বি? ডোন্ট ইউ নো দ্য কোম্পানি পলিসি এগেইনস্ট শেয়ারিং পাসওয়ার্ডস?

ছটফট করে উঠলো তিন্নি
-- সায়ক কোথায়? লেট্ মি কল হিম!

-- ইট ওয়াজ হিস্ লাস্ট ডে সীমন্তিনী, আমরা ওর এগেইনস্ট কিছু করতে পারবো না! প্লাস তুমি যে এই আ্যলিগেশন আনছো, কোনো প্রমাণ আছে তোমার কাছে?

কিছুক্ষন থম হয়ে দাঁড়িয়ে থেকে ধীরে ধীরে তিন্নি বললো --- না! আই আ্যম এক্সট্রেমল্যি সরি মিথিলেশ!

মিথিলেশ বোধহয় বুঝতে পারলো তিন্নির অবস্থা! উত্তেজিত গলাটা অপেক্ষাকৃত স্বাভাবিক হয়ে এসে বললো
-- সীমন্তিনী, আমরা সবাই জানি তুমি আমাদের প্রজেক্টের অ্যাসেট কিন্তু ইউ হ্যাভ টু বি স্মার্ট টু! এনিওয়ে কাম ব্যাক টু অফিস রাইট নাউ! এখন আমাদের টিমের রেপুটেশন জড়িয়ে গেছে এর সাথে, আজ রাতের মধ্যেই ইস্যুটা সলভ করতে হবে আদারওয়াইজ দেয়ার উইল বি হিউজ এস্কালেশনস্।

তিন্নির উত্তরের অপেক্ষা না করেই খট্ করে কল কেটে গেল ওপ্রান্তে। বাজপড়া ল্যাম্পপোস্টের মতো কিছুক্ষন থম হয়ে দাঁড়িয়ে থেকে ওভারব্রীজের সিঁড়ি দিয়ে দৌড় লাগালো তিন্নি!

**************************__****************************

ক্যাববুক করার মতো সময় নেই হাতে!
স্টেশন থেকে দৌড়ে বেরিয়ে রুটের একটা রানিংঅটোকেই রিসার্ভ করে আধা ঘন্টায় আবার সেক্টরফাইভের অফিস পৌঁছলো তিন্নি।

সায়ক অনেকটাই ড্যামেজ করেছে কিন্তু তিন্নির কাছে ব্যাকআপ ফাইল ছিল। ওর নিজের হাতে বানানো কোড, চোখ বুজে টাইপ করে দিতে পারবে। ইমার্জেন্সি ট্রান্সপোর্ট রিকোয়েস্ট করে সিকিউরিটি টিমের সাথে ধস্তাধস্তি করে অনেক চেষ্টায় রাত সাড়ে আটটা নাগাদ প্রোডাকশন সিস্টেম যখন আবার চালু হলো, হাঁফ ছেড়ে বাঁচলো তিন্নি! সারাদিনের মানসিক চাপে বিধস্ত প্রায়! মাথার শিরাগুলো দপদপ করছে, এতরাতে বাড়ি যাবে কি করে ভেবে পাচ্ছিলো না!

মিথিলেশই ব্যবস্থা করে দিলো, তিন্নিদের কোম্পানির পলিসি অনুযায়ী রাত আটটার পর অফিস থাকতে হলে মেয়েরা ম্যানেজমেন্টের আ্যপ্রুভালে অফিসের ক্যাব পায়। ট্রেন-অটোর দুই ঘন্টার রাস্তা রাতের ফাঁকা রাস্তায় টানা গাড়িতে লাগলো একঘন্টারও কম।
রাত যখন সাড়ে নয়টার কাঁটা পেরিয়েছে, ধীরপায়ে বাড়ি ঢুকলো তিন্নি! সায়কের বিশ্বাসঘাতকতা যেন নিংড়ে নিয়েছে ওর সকল জীবনীশক্তি! ক্লান্ত শরীর তখন একটু বিছানা পেলে বাঁচে!

উঠোন পেরোতেই দেখলো শুভ দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে। তিন্নিকে দেখেই চেঁচালো
--- "মা আ! দিদি এসে গেছে"
তারপর চোখ টিপে তিন্নিকে বললো
-- "আজ তোর কপালে দুঃখ নাচছে"!

হে ভগবান!
আজ না প্লিজ? আবার কি হলো? আজ আর কোনো যুদ্ধ লড়ার শক্তি নেই তিন্নির।

উঠোন পেরিয়ে ঘরের বারান্দায় পা দিতেই ভাস্বতীদেবী এসে দাঁড়ালেন রাস্তা আটকে
-- লজ্জা করে না তোর এ বাড়িতে পা দিতে? মানসম্মান আর কিছু বাকি রাখলি না? এইসব করতেই বারবার আমাদের মিথ্যে কথা বলে বাইরে ঘুরতে যাচ্ছিস, লেট্ করে বাড়ি ফিরছিস তাই তো? শেষে কে না কে বাইরের উটকো লোকের কাছ থেকে এসব শুনতে হলো।

কে কি বললো আবার!
ধৈর্যের শেষ সীমায় এসে কাতর গলায় তিন্নি বলে উঠলো -- প্লিজ মা, আজ না! আজ আমি বড্ডো টায়ার্ড!

-- খবরদার, এক পা ভেতরে দেবে না! এ বাড়িতে থাকতে হলে চুপ করে আমার কথা শুনে তোমায় চলতে হবে, উঠতে হবে, বসতে হবে। না পোষালে রাস্তা খোলা আছে এই মুহূর্তে বেরিয়ে যাও।

ভাস্বতীদেবীর রুদ্র মূর্তি দেখে পা ওখানেই থমকে গেলো তিন্নির। শুভ পাশ থেকে বললো
-- মা! তোমার আদরের মেয়ের পাড়াতে সম্মান না থাকতে পারে কিন্তু আমার আছে! দয়া করে ঘরের ভেতরে এসব নাটক শুরু করো! আর দিদি, তোকেও বলিহারি! প্রেম কে না করে তাই বলে এইভাবে?

ধক্ করে উঠলোবুকের ভেতর। কি বলছে এসব শুভ?
গলা শুকিয়ে আসছিলো তিন্নির, ফ্যাকাশে হয়ে আসা মুখে ভাইকে জিজ্ঞেস করলো
-- হেঁয়ালি ছেড়ে বলবি কি হয়েছে?

-- তোমার অফিসের কলিগকে জিজ্ঞেস করো!
অন্ধকার থেকে রঞ্জনবাবুর গম্ভীর গলা শোনা গেলো!

পর্যায়ক্রমে শুভ, মা তারপর বাবার দিকে ফ্যালফ্যালিয়ে চেয়ে থেকেও তিন্নি কিছু বুঝে উঠতে পারলো না! তারপর বিদ্যুৎচমকের মতো বোধগম্য হলো বোধহয়!

সায়ক? আবারো ?
বাজপড়া তালগাছের মতো ওখানেই দাঁড়িয়ে রইলো তিন্নি বারান্দার কোলাপ্সিবলে গেট ধরে।

-- তিন্নি, ঘরে এসো। তোমার সাথে কথা আছে!

রঞ্জনবাবুর রাগ রাগ গলা শুনে বুকের ভেতর থেকে দুরুদুর একটা ভয়ে শরীর অবশ হয়ে এলো তিন্নির। কি বলবে, কি করবে কিছুই বুঝে উঠতে পারছিলো না। জীবনে এই প্রথমবার বাবাকে এতোটা রাগতে দেখে অদৃশ ফেভিকলে পা’গুলো সেঁটে রইলো মাটিতে, নিজেকে কেমন যেন স্ট্যাচুর মতন মনে হচ্ছিলো।
ভাস্বতীদেবী নিজের মতো বলে যাচ্ছিলেন
-- কিসের কথা? এতদিন ধরে যখন বলছিলাম মেয়েকে সামলাও, বিয়ে দিয়ে এবাড়ি থেকে বিদায় করো তখন আমাকে চোপা করছিলে! কিন্তু আজ? আজ তো ওরই বন্ধু শুভকে জানালো সব নিজে থেকে! আদর দিয়ে দিয়ে মেয়ের মাথা খেয়েছো, বন্ধুদের সাথে বেড়াতে যাওয়ার বাহানায় রাতের পর রাত বাড়ি ফিরছে না আর কতো চুনকালি মাখালে তোমার জল হয়ে যাওয়া রক্তটা জ্বলে উঠবে? ছিঃ ছিঃ! শুভ ছেলে হয়ে যা সাহস পায় না, তিন্নি সেখানে …….

শুভ ততক্ষনে ওর মোবাইলটা তিন্নির হাতে ধরিয়ে দিয়েছে, সামনে খোলা মেসেঞ্জারে সায়কের চ্যাট

“হাই শুভ! তুমি হয়তো আমাকে চিনবে না, আমি তোমার দিদির সাথে এক অফিসে কাজ করি, তোমার দিদির শুভানুধ্যায়ী! কিছু কথা তোমার বাড়িতে জানানো মনে হলো তাই এভাবে কন্টাক্ট করছি ……..” .

এরপর সায়ক লিখে গেছে গত জুনমাসে সিকিম বেড়াতে গিয়ে অভিমন্যুর সাথে তিন্নির দেখা হওয়া, তিন্নির একরাত হোটেলে না ফেরা, আর্মি ক্যাম্পে রাত কাটিয়ে পরের দিন ফেরা সব! তফাৎ এটাই, প্রকৃতপক্ষে যা যা হয়েছিল, সেই সত্যি ঘটনাগুলো টুইস্ট করে, বাড়িয়ে চড়িয়ে বিভিন্ন আঙ্গিকে নোংরা ইঙ্গিত মেশানো লেখা…. বাস্তব থেকে বহুক্রোশ দূরের গল্প।

পড়তে পড়তে গা গুলিয়ে উঠলো তিন্নির, পেটের ভেতর দিয়ে পাক খাওয়ানো একটা ব্যাথা ছড়িয়ে পড়ছে সারা শরীরে! দমবন্ধ হয়ে আসছে যেন । কোলাপ্সিবলে গেটটা ধরে থেকে মরিয়া হয়ে বলে উঠলো
--- আমি কি ঘরে ঢুকতে পারি? শরীরটা খুব খারাপ লাগছে।

গলার স্বরটা কি একটু জোরে হয়ে গিয়েছিলো? এক সেকেন্ড সব চুপচাপ তারপর……
.
.
.
ঠাসস্!

সজোরে একটা চড় এসে পড়লো তিন্নির গালে, তারপর আরো একটা। হাতে ধরা মোবাইল ছিটকে পড়ে গেলো বাগানে, পেছন থেকে শুভ ধরে না ফেললে তিন্নিও হয়তো ওখানেই পড়ে যেত!

মাথা ঘুরছে বনবন, চোখে অন্ধকার হয়ে আসছে সবকিছু। হাত পা কাঁপতে কাঁপতে ভাইয়ের হাত ছেড়ে মাটিতে বসে পড়লো তিন্নি, যত না আঘাতের তীব্রতায় তারচেয়েও বেশি বিস্ময়ে আর আকস্মিকতায়!
-- কি করছো কি মা??

চেঁচিয়ে কথাটা বলেই মায়ের মুখের দিকে তাকিয়ে শুভ চুপ করে গেলো! ভাস্বতীদেবীর এমন রূপ ও আগে কখনো দেখেনি! ভাঙাচোরা পুঁটলির মতো তিন্নি মুখ গুঁজে মাটিতে বসে আছে যেন কোনো কথাই ওর কানে ঢুকছে না।

সেদিকে তাকিয়ে ভাস্বতীদেবী সজোরে ঘোষণা করলেন
--- শয়তান মেয়ে! মা'র মুখে মুখে কথা বেড়েছে তোমার? এই তোমার শিক্ষা?এ বাড়িতে থাকতে হলে চোখ নিচু করে চলবি, মাথা নিচু করে চলবি,যখন যা বলবো - মুখ বুজে শুনবি। নাহলে এই দন্ডে বেরিয়ে যা বাড়ি থেকে, জানবো আজ থেকে আমার মেয়ে মরে গেছে।

কথাক’টা বলে ভাস্বতীদেবী দুমদুম্ পায়ে বারান্দা ছেড়ে ঘরে ঢোকার উপক্রম করলে স্তব্ধ গলায় রঞ্জনবাবু বললেন
-- এতো বড়ো মেয়েকে তুমি মারলে ভাস্বতী??

-- হ্যাঁ মারলাম! আরো আগেই মারা উচিত ছিল। আর শোনো, ছেলের বাড়িতে আমি হ্যাঁ বলে দিয়েছি, জগদ্ধাত্রীপুজোর পর ওরা পাকা কথা বলে যাবে।

ছাঁৎ করে উঠলো বুকের ভেতর, জড়দেহে সার ফিরে এলো তিন্নির! উঠে দাঁড়ানোর শক্তি নেই, হাঁটুমুড়ে মাটিতে বসে থেকেই লালআগুন হয়ে জ্বলতে থাকা গালটা চেপে অস্ফুটে বললো
-- কিসের পাকা কথা?

জবাবে ঘেন্না মেশানো একটা দৃষ্টি উপহার পেলো মায়ের কাছ থেকে, ভাস্বতীদেবীর হয়ে রঞ্জনবাবু উত্তর দিলেন
-- মাসখানেক আগে যারা তোমাকে দেখতে এসেছিলো, তারা তোমায় পছন্দ করে গেছে!

সহজ বাংলা কথাও যেন বোধগম্য হচ্ছিলো না তিন্নির ! আগের মতোই থম মেরে যাওয়া অস্ফুট স্বরে বললো
-- কে দেখতে এসেছিলো আমায়? কবে দেখলো?

এইবার ভাস্বতীদেবী কর্কশ স্বরে বলে উঠলেন -- বিজয়ার পর যারা বাড়ি এসেছিলো , ফুটো পাজামা পড়ে তুমি যাদের সামনে গিয়ে বসেছিলে।

পাগল পাগল লাগছে এবার তিন্নির। পুজোর পরপর কোনো এক রোববারের সকালে যারা বাড়ি বয়ে এসেছিলো, যাদের তিন্নি ভেবেছিল লাইফ ইনস্যুরেন্সের এজেন্ট, তাদের কথা বলছে কি মা? ওইজন্য ওঁনাদের অত খাতিরদারি, তিন্নিকে অত প্রশ্ন?!

মাথার ঘোলাটেভাব কেটে গিয়ে রাগে অপমানে থরথর করে হাত-পা কাঁপছে, মাথার শিরাগুলো দপদপিয়ে উঠেছে! চোখ বেয়ে টপ টপ করে নোনতা জলগুলো বেয়ে পড়তে একটু আগের সজোরে থাপ্পড় ভুলে চেঁচিয়ে উঠলো তিন্নি
-- আমাকে না জানিয়ে যার তার সামনে আমাকে দেখাচ্ছো তুমি? আমি কি বাজারের আলু পটল?

-- চুপ কর। চুপ কর তুই। একটা কথা বেরোবে না মুখ দিয়ে! বাইরে রাত কাটিয়ে ঘরে ফিরে আবার মা'র মুখে মুখে তর্ক? আর একটা থাপ্পড়ে মুখ ভেঙে দেব এবার।

রঞ্জনবাবুও এবার স্বাভাবিক স্থিতধা হারিয়ে ফেলেছেন, বিরক্ত হয়ে বললেন
–ভাস্বতী, অনেক হয়েছে! এবার শান্ত হও! আর তিন্নি? মার্ সাথে কিভাবে কথা বলতে হয় ভুলে গেছো তুমি? এতদিন ধরে এই শিক্ষা পেয়েছো? আর একটাও কথা নয়! শুভ, দিদিকে ঘরে নিয়ে যা।

-- মাইরি বলছি, মাঝরাতে সাতপাড়ার লোক জানিয়ে এসব নাটক দেখতে আমার ভালো লাগে না! বাড়ি না বাংলা সিরিয়াল!
গজগজ করে কথাগুলো বলতে বলতে তিন্নিকে হ্যাঁচকা মেরে দাঁড় করিয়ে দিয়ে ঘরে ঢুকে গেলো শুভ।

নাকের কাছে হাত নিয়ে দেখল তিন্নি, গড়িয়ে আসা চ্যাটচ্যাটে গরম রক্তে চোখের জল মিশে রয়েছে। ক্লান্ত অবসন্ন শরীরে মাথা নীচু করে ঘরে ঢুকলো নতুন আর একটা যুদ্ধ লড়তে, যে যুদ্ধে আগে থেকেই হেরে গিয়েছে তিন্নি।

ক্রমশঃ
© সুমন্দ্রা মিত্র। ভালো লাগলে নামসহ শেয়ার করবেন

***********************__******************************

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 28 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন