“তোমার স্বামী নাকি ইদানিং পতিতালয়ে যাতায়াত শুরু করেছে, পাখি? আবার হোটেলেও নাকি মেয়ে নিয়ে যায়। শুনলাম আবাসিক হোটেলের একজন নিয়মিত কাস্টমার সে। তুমি কি কিছুই জানো না? নাকি সব জেনেও চুপ আছ? একজন এমপির চরিত্র এতটা নিকৃষ্ট কীভাবে হতে পারে?”
কথাগুলো সাত মাসের গর্ভবতী পাখির কর্ণগোচর হতেই ঘাড় ঘুরিয়ে পাশে চাইল সে। বিছানার উপর প্রতিবেশী রোদেলা বসে আছে। তীব্র বিতৃষ্ণা নিয়ে কথাগুলো বলল সে। সম্পর্কে পাখির ভাবী হয়। সমবয়সীই তারা। বড্ড মিল দুজনের মধ্যে। কথাগুলো শুনেও আহামরি ভ্রুক্ষেপ দেখা গেল না পাখির ভেতরে। কেবল ঠোঁটের কোণ ঘেঁষে একচিলতে অবজ্ঞার হাঁসি স্থান পেল। পুনরায় নিজের কাজে মনোযোগী হয়ে পড়ল সে। ভাবটা এমন যে কিছুই শোনেনি। কলমি শাক বেছে রাখছে একটা ঝুড়িতে। পাখির বাম হাতটা কনুই থেকে নেই। চোখ ধাঁধানো সৌন্দর্যের ভেতর এইত এতটুকুই খামতি আছে তার। এটুকুও ভালোবাসার মানুষের থেকে পাওয়া কলঙ্ক। ঠিক শশীর গায়ের কালিমার মতোই। রোদেলার বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এল। এই মেয়ে যে এত ধৈর্য কোথায় থেকে পায় সে ভেবে পায় না। একটা সংসারে দুটো বাচ্চা আছে, আবার ওই যে একটা মাতৃগর্ভে বড়ো হচ্ছে। তবুও পুরুষ মানুষ এই সময়ে এসে কীভাবে পরিবর্তন হতে পারে? মানুষ বড়ো অদ্ভুত প্রাণী। রোদেলা আরও কিছু বলতে নিচ্ছিল ঠিক সেই সময় কক্ষে প্রবেশ করল অদ্রি আর অন্বয়। দুজন জমজ। অন্বয়, অদ্রির চেয়ে তিন মিনিটের বড়ো। তাদের বয়স সবে চার। ভাই-বোন দুজন ছুটে এসে মায়ের পাশে ধপ করে বসে পড়ল। তারা দুজন ঘেমে নেয়ে একাকার। নিশ্চয় বাগানে দৌড় ঝাঁপ করছিল। অন্বয় হাঁপাতে হাঁপাতে শুধাল,
“মাম্মাহ, বাবাহ আসছে বাসায়। তোমার কাজ একনো হয়নি? দাদি বললেন রান্নাঘরে যেতে।”
পাখির হাতের কাজ শেষ। শাকগুলো অনেকক্ষণ ধরেই বাছছে সে। সন্ধ্যে ঘনিয়ে এল বলে। শাশুড়ি আম্মা রান্না চাপাবেন চুলোয়। সেই মানুষটা এসে আবার রাতে খাবে। মুচকি হেসে মাথা নাড়ল সে,
“এইত হয়ে গেছে সোনা। যাব রান্নাঘরে।”
শাকগুলো গুছিয়ে নিচ্ছিল পাখি। সেই সময় অদ্রি ফিসফিস করে বলল,
“মাম্মাহ, আজ বাবাহ এর সাথে রাতে খাব আমি আর ভাইয়া। তুমি কিন্তু এইটা মোটেও ভুলে যাবে না।”
মেয়ের কথায় পাখির মুখের হাসি বাড়ল। বাবাকে তেমন একটা কাছে পায় না তারা। ভদ্রলোক যখন বাসায় ফেরে তখন বাচ্চা দুটো ঘুমিয়ে পড়ে। আবার সেই সাত সকালেই বাড়ি থেকে বের হয়ে যায়। বাচ্চাগুলো অত সকালে ওঠে না। এমনও হয়, এক সপ্তাহেও বাবার সঙ্গে সাক্ষাৎ হয় না তাদের। আজ বাবা সন্ধ্যায় বাসায় আসবে শুনে তারা ভীষণ উৎফুল্ল হয়ে আছে। আনন্দ আকাশচুম্বী। সামনে ইলেকশন তাই ভদ্রলোকের ব্যস্ততা একটু বেশিই। পরিবারকে তেমন একটা সময় দেওয়া হয়ে ওঠে না। মেয়েকে জবাব দিল পাখি,
“ভুলব না, মা। তোমরা দুজন ফ্রেশ হয়ে এসে ফ্যানের নিচে বসো আগে। শরীর শুকিয়ে নাও। নয়ত গায়ে ঘাম বসে অসুস্থ হয়ে পড়বে।”
দুই ভাই-বোন বাধ্যের মতো মাথা নাড়ল। মায়ের বড়ো বাধ্য তারা। পরপরই উঠে ওয়াশ রুমে চলে গেল। পাখিও কাজ গুছিয়ে আস্তে ধীরে বসা থেকে উঠে দাঁড়াল। এতক্ষণে তাকাল রোদেলার দিকে। স্নিগ্ধ একটা হাসি দিল,
“তুমি একটু বসো ভাবী। আমি এগুলো আম্মাকে দিয়ে আসি।”
রোদেলা ততক্ষণে উঠে দাঁড়িয়েছে। এই কথার পরিপ্রেক্ষিতে সে নাকচ করে উঠল,
“আজ আর থাকছি না। সময় সুযোগ করে পরে আসব। এখন যাই। ওহ্, হ্যাঁ ট্যুরের কথাটা তোমার জনাবকে বলে দেখিও। পারমিশন পেলে জানাবে আমায়।”
পাখি হাসিমুখে মাথা নেড়ে সম্মতি দিল। নিজেও আর না করল না। বেলা প্রায় শেষ হয়ে আসছে। এই সময় সবারই নিজের সংসারে কাজ থাকে। দুজন একসাথেই ঘর থেকে বেরিয়ে গেল। রোদেলার বাড়িটা একেবারে পাশেই। শিক্ষিত এবং স্বাধীনচেতা একজন নারী সে। পেশায় একজন শিক্ষিকা। কোনো দিক দিয়েই কম নয়। তাই তো পাখির মতো সুন্দর, নরম মনের মেয়েটার সাথে ভাব জমেছে তার। যবে থেকে এই বাড়িতে পাখির বন্দি জীবনের গল্প শুনেছে, তবে থেকেই মেয়েটার প্রতি তার আলাদা একধরনের মায়া কাজ করে। ওই দিন থেকেই এই দেওয়ান নিবাসে আনাগোনা তার। নিজের ভালো পাগলেও বোঝে অথচ পাখি বুঝেনি। সৎ মনের মানুষগুলোকে সবসময় খুব ধূর্ততার সাথেই ঠকানো হয়। হাহ্!
.
আজকের সন্ধ্যাটা তেমন একটা জাঁকজমকপূর্ণ না। সন্ধ্যা নামল খুবই আস্তে ধীরে যেন। পশ্চিম আকাশটা কমলা হয়ে ছিল অনেকক্ষণ। এখন নীল আসমানে মিটমিট করে জ্বলছে কোটি কোটি নক্ষত্র। প্রকৃতির বুকে বয়ে চলেছে ঠাণ্ডা ঝিরঝিরে হাওয়া। শরীর স্পর্শ করলে অন্যরকম শান্তি অনুভব হচ্ছে। সাঁঝের ক্ষণে বিদ্যুৎ বিভ্রাট রোজকার ঘটনা। আজও সন্ধ্যা সাতটা বাজতেই বিদ্যুৎ চলে গেছে। পুরো পাড়া অন্ধকার। ক্ষণে ক্ষণে শোনা যাচ্ছে জেনারেটরের ভটভট শব্দ। সম্ভ্রান্ত পরিবারগুলোতে আইপিএস নেওয়া আছে। তাদের অবশ্য বিদ্যুৎবিভ্রাটে আহামরি সমস্যা নেই। শহরের ব্যস্ত রাস্তায় ল্যাম্পপোস্টের হলদে নিয়ন আলো জ্বলছে। রিকশার টুংটাং, আর যানবাহনের হর্নের ক্যাঁ ক্যাঁ শব্দ মাথা ধরিয়ে দেওয়ার উপক্রম। সিএনজি সহ রাস্তা ভরা বেবিট্যাক্সি আর কালো ধোঁয়ার বাসও দৃশ্যমান। ফার্মগেট, নিউমার্কেট, গুলিস্তানে মানুষের ভিড়। ফুটপাতে সিডির দোকানে জেনারেটরের সাহায্যে বাজছে হাবিব ওয়াহিদের গান। পাশেই আবার এমপিথ্রি এর দোকান। রাস্তার পাশের চায়ের দোকানে অনেকেই বসে আছে। সবধরণের বয়সের মানুষের উপস্থিতি বিদ্যমান সেখানে। অধিকাংশের হাতে ধোঁয়া ওঠা গরম চায়ের কাপ। কারও হাতে আবার Nokia 6300 মোবাইল ফোন। স্ক্রিনে সাপের গেম স্পষ্ট। সাঁঝের এই ক্ষণে সবাই নিজের মতোই জীবন উপভোগ করতে ব্যস্ত।
এই সময়ে শিকদার নিকেতনে চায়ের আড্ডার আসর বসেছে। নিকেতনে আইপিএস নেওয়া আছে। তাই বিদ্যুৎ বিভ্রাটের সময়েও বাড়ির সর্বকোণে আলোর উপস্থিতি পরিলক্ষিত। ঝলমল করছে একেবারে। বসার ঘরে পরিবারের সবাই বসে আছেন কেবল একজন ব্যতীত। পরিবারের একমাত্র কর্তা অ্যাডভোকেট শুয়াইব শিকদার, ওনার স্ত্রী আলেয়া বেগম এবং বৃদ্ধা মা রোকসানা বেগম বসে গল্পগুজব করছেন। পরিবারের ছোট কন্যা চড়ুই নিজ কক্ষে অবস্থান করছে। তাকে ডেকে পাঠানো হয়েছে। হয়ত কিছু সময়ের মাঝেই পারিবারিক বৈঠকে যোগদান করবে। হলোও তাই। ঠিক পাঁচ মিনিটের মাথায় বসার ঘরে উপস্থিত হলো চড়ুই। শরীরে কালো রঙের একখানা থ্রি পিস জড়ানো। ওড়নাটা মাথায় তুলে নিজেকে সুন্দরভাবে আবৃত করে রেখেছে। মুখটা ব্যতীত মাথার একটা চুলও দেখার সুযোগ নেই। সে এগিয়ে এসে বাবার পাশেই বসল। আলেয়া বেগম হাসিমুখে মেয়ের দিকে চায়ের কাপ এগিয়ে দিলেন। চড়ুই ক্ষীণ হেসে সেটা নিল। সম্মুখে অপর সোফায় বসা রোকসানা বেগম নাতনিকে শুধালেন,
“পড়ালেখা কেমন চলতাছে দাদুভাই? আজও লাশ কাটছনি?”
চায়ের কাপে এক চুমুক দিয়ে দাদির দিকে তাকাল চড়ুই। অধর জুড়ে হাসির রেশ ছড়িয়েছে। দাদি যে এইসবে ভীষণ ভয় পায় সে জানে। সে এখন ইন্টার্নশিপে আছে। মাঝেমধ্যে সিনিয়র সার্জনদের তত্বাবধানে অপারেশন বা অ্যাসিস্ট করার, হাতে কলমে সুযোগ হয়। একদিন দাদিকে সেই গল্প শুনিয়েছিল সে। সেই থেকে মানুষটা দিনে একবার হলেও তাকে এইটা জিজ্ঞাসা করবেই। চড়ুই হেসে উত্তর দিল,
“না, দাদী। আজ আর কিছু কাটাকাটি করি নাই।”
পাশ থেকে শুয়াইব শিকদার মেয়েকে প্রশ্ন করলেন,
“সব ঠিকঠাক আছে তো, আম্মু? কোনো সমস্যা হচ্ছে না তো?”
চড়ুই দুদিকে মাথা নাড়ল,
“না, আব্বু। তোমার ওদিকে সব ঠিকঠাক তো? ইদানিং কাজের চাপ খুব বেশি নাকি? সবসময় ক্লান্ত দেখায় তোমায়।”
এই প্রশ্নে একটু সময় নিয়ে প্রত্যুত্তর করলেন শুয়াইব শিকদার,
“বর্তমান এমপি অগ্নিভ দেওয়ানের বিরুদ্ধে অভিযোগ তুলে বিপক্ষ দলের একজন মামলা করেছেন। কোনো উকিল ওনার হয়ে লড়তে রাজি ছিল না। ওই কেইসের দায়িত্ব আমি নিয়েছি। এগুলো নিয়ে একটু ব্যস্ততা এবং দুশ্চিন্তায় দিন কাটছে এই যা। বাকিসব ওকে, আম্মু।”
গম্ভীর এবং শক্ত শোনাল ওনার কণ্ঠ। আলেয়া বেগমের কপালে নিগূঢ় ভাঁজের সৃষ্টি হলো। ওনার মুখটা ফ্যাকাসে দেখাল। রোকসানা বেগম অবাক হয়ে চেয়ে আছেন ছেলের দিকে। মুখ ফসকে বলে বসলেন,
“নিজের মেয়ে জামাইয়ের বিরুদ্ধে কোর্টে লড়বি তুই? ভালো দেখাইব বিষয়টা? মাইনসে ছি ছি করব না?”
বৃদ্ধার মুখের কথা বাতাসে মিলিয়ে যাওয়ার পূর্বেই শুয়াইব শিকদার ওনার দিকে কঠিন চাহনিতে তাকালেন। মা, না হয়ে অন্য কেউ হলে দুই চার ঘুষি মেরেও দিতেন বোধহয়। ছেলের ওমন দৃষ্টিতে মিইয়ে এলেন রোকসানা বেগম। আনন্দমুখর কক্ষখানা এক মুহুর্তের জন্য নীরবতার ধুম্রজালে মুড়িয়ে গেল। পরক্ষণেই শোনা গেল শুয়াইব শিকদারের গলার আওয়াজ,
“চড়ুই আম্মু ব্যতীত দ্বিতীয় আর কোনো মেয়ে নেই আমার। কেউ পূর্বে থেকে থাকলেও মনের ভেতর জীবন্ত দাফন করেছি আমি তাকে।”
মুখের কথাতে সমাপ্তি টেনে উঠে দাঁড়ালেন শুয়াইব শিকদার। পা বাড়ালেন দরজার দিকে। এতক্ষণ চড়ুই ছিল সম্পূর্ণ নীরব দর্শক। কয়েক সেকেন্ডের জন্য আঁখি জোড়া বুঁজে নিল। অমনিই মানসপটে ভাসল বড়ো আপার নিষ্পাপ বদনখানা। তড়িৎ গতিতে নেত্রপল্লব মেলে তাকাল সে। কী যেন ভেবে পিছন থেকে বলে উঠল,
“আমি পাশে আছি, আব্বু। যেকোনো প্রয়োজনে জাস্ট একটাবার আমায় স্মরণ করবে।”
শুয়াইব শিকদারের চলন্ত পদযুগল থেমে গেল। ঘাড় বাঁকিয়ে একঝলক পেছনে দেখলেন। মুখের আদলে কিঞ্চিৎ পরিবর্তন এল বৈকি। সুক্ষ হাসলেন বোধহয় মানুষটা। ইশারায় আচ্ছা বুঝিয়ে সেই পায়েই প্রস্থান করলেন। চড়ুই থমকে বসে রইল। বক্ষ পিঞ্জরে সুক্ষ একটা ব্যথা প্রকট হয়ে উঠছে। রোকসানা বেগম হা হুতাশ করে উঠলেন,
“বউমা, মোর পোলাডারে বোঝাও। জামাইয়ের কিছু হলে আমাদের মেয়েরই কপাল পুড়ব। আর কারোর কিচ্ছুটি হইব না। তার দুইটা সন্তান আছে ওই ঘরে।”
শাশুড়ির বলা কথাগুলো শুধু শুনলেন আলেয়া বেগম। ফিরতি একটা শব্দও উচ্চারণ করতে পারলেন না। কেবল গাল বেয়ে নিঃশব্দে টপটপ করে পানি ঝরে পড়ল। না, জীবন তো এমন দূর্বিষহ হওয়ার কথা ছিল না। ছোট্ট সুন্দর সংসার খানায় কার নজর পড়েছিল কে জানে!
.
দেওয়ান নিবাস। বিশাল প্রাসাদোপম অট্টালিকা। উঁচু লোহার ফটক পেরিয়ে ঢুকতেই দুপাশে ছাঁটা সবুজ ঘাসের বাগান, রঙিন ফুলের সারি আর নুড়ি বিছানো প্রশস্ত পথ। তিনতলা বিশিষ্ট বাড়ির মেঝে মার্বেল পাথরের। এছাড়াও ঝাড়বাতি, কারুকার্যখচিত আসবাব আর ভারী পর্দা প্রতিটি কক্ষকেই আভিজাত্যের রুপ দিয়েছে। সামনের বারান্দায় সারি সারি স্তম্ভ, আঙিনায় দামি গাড়ি, আর বাড়ির আনাচেকানাচে কর্মচারী ও গার্ডসদের ব্যস্ত আনাগোনা। সব মিলিয়ে দেওয়ান নিবাসের সবখানে ক্ষমতা, প্রতিপত্তি ও বংশীয় আভিজাত্যের এক রাজকীয় ছাপ স্পষ্ট। ঘড়ির কাঁটার দখলদারিত্ব আটটা বিশের ঘরে। সন্ধ্যে পেরিয়ে রাতের সময় চলমান এখন। পাখি এতক্ষণ রান্নাঘরে ছিল শাশুড়ির নিকট। কাজের খালা আর শাশুড়ির সাথে টুকটাক গল্প করছিল। এই মুহূর্তে গুটি গুটি পায়ে নিজ কক্ষে প্রবেশ করল সে। ঘরে ঢুকতেই প্রথমেই নজর কাড়ল ফর্সা উন্মুক্ত পুরুষালী চওড়া পিঠটা। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আছে অগ্নিভ। শরীরে সফেদ রঙা লুঙ্গি জড়ানো। ঘাড় ছুঁইছুঁই সিক্ত চুলগুলো বেয়ে টপটপ করে দুয়েক ফোটা পানি গড়িয়ে পড়ছে। ডান হাতে থাকা চিরুনিটা চলমান মাথাতে। চুল আঁচড়ানো শেষ করে ড্রেসিং টেবিল থেকে হাতঘড়িটা উঠিয়ে নিল সে। হাতে ঘড়ির চেইন বাঁধা অবস্থাতেই উলটো ঘুরে দাঁড়াল অগ্নিভ। হাতের কাজ শেষ করে বিছানায় রাখা শুভ্র রঙের শার্টটা হাতে তুলে নিল। তা গায়ে জড়িয়ে বোতাম লাগানো অবস্থায় পাখির দিকে তাকাল। হালকা বাদামি মণি জোড়ার দৃষ্টি সবসময়ের মতোই তীক্ষ্ণ। অধরযুগল যৎকিঞ্চিত প্রসারিত হলো। হাসল ক্ষীণ। মেয়েটার উপস্থিতি সে আগেই টের পেয়েছিল। পাখি গোমড়া আননে সামনে এগিয়ে গেল। বিছানার একপাশে চুপটি করে বসল। বউয়ের এমন আচরণে অগ্নিভের ভ্রু যুগল কুঁচকে গেল। কপালে ভাঁজের দেখা মিলল। প্রশ্ন ছুঁড়ল। কণ্ঠস্বরে গাম্ভীর্যের ছাপ স্পষ্ট,
“কিছু হয়েছে, আশালতা? মুড অফ কেন? আম্মা কিছু বলেছে? হুঁ?”
পাখির পূর্ণ নাম আশালতা শিকদার। অতিরিক্ত নরম স্বভাবের জন্য সেই ছোট্ট থেকে সবাই ভালোবেসে পাখি বলেই ডাকে। কিন্তু এই মানুষটাই কেবল ব্যতিক্রম। পাখির দৃষ্টি মেঝেতে নিবিষ্ট ছিল। এই পর্যায়ে চোখ তুলে সামনে চাইল। বরাবরের মতোই রিনরিনে গলায় বলল,
“দেওয়ান নিবাস থেকে কিছু দিনের জন্য মুক্তি পেতে চাই। সামনে রোদেলা ভাবীর ছুটি আছে। আশেপাশের কোথাও ট্যুরে যেতে চাইছি ওনার সাথে।”
মেয়েটার কথা মাটিতে পড়ার পূর্বেই অগ্নিভ ভ্রু কুঁচকে জানতে চাইল,
“কোথায় যাবে? এই অবস্থায় চলাফেরা করতে পারবে, হুঁ? নাকি সেধে অপমান হতে বাবার বাড়িতে যাবে?”
কথাগুলো কর্ণগোচর হলো পাখির। কিন্তু আহামরি গুরুত্ব দিল না। নিজের ডান হাতটা ফুলো পেটের উপর আলতো করে রাখল,
“সবকিছু বড্ড অসহনীয় লাগছে। কিন্তু ওরজন্য হলেও আমায় বাঁচতে হবে। এইকয়টা মাস ওকে এই বাড়ির আবহাওয়া থেকে দূরে রাখতে চাই। আপনার সংস্পর্শ…”
অকপটে কথাগুলো বলেও মেয়েটা নিজের মুখের শেষ বাক্যখানা সম্পূর্ণ শেষ করতে পারল না। পুনরায় দৃষ্টি নামিয়ে বসে রইল। কোথাও একটা জড়তা কাজ করল। তার এমন কথাতে অগ্নিভের ললাটে প্রতীয়মান ভাঁজের সংখ্যা দ্বিগুণ বাড়ল। দৃষ্টি সরু হলো। ডান ভ্রু তুলে ইশারায় উঁচু পেটটা দেখিয়ে প্রশ্ন করল,
“কেন আমার সংস্পর্শে এলে ওর জাত যাবে?”
এইবার প্রশ্নের পিঠেই নরম গলার উত্তর ভেসে এল,
“তা যাবে বৈকি!”
পাখির কণ্ঠে উপহাস স্পষ্ট। অগ্নিভ কিছুক্ষণ নিশ্চুপ রইল। আলগোছে বেড সাইড বক্সের উপর থেকে সিগারেট আর লাইটার উঠিয়ে নিল। সিগারেটে আগুন ধরিয়ে ঠোঁটের ভাঁজে রাখল। পরপরই মাথা নেড়ে অবজ্ঞার সুরে মৃদু আওয়াজে হেসে ফেলল। কয়েক কদম এগিয়ে এসে পাখির মুখোমুখি দাঁড়াল। এক হাতে আলতো করে তার মাথার পিছনের দিকটা চেপে ধরল। মেয়েটার অবুঝ চাহনিতে চোখ স্থির রাখল। পর মুহূর্তেই একটু ঝুঁকে অধর এগিয়ে ধোঁয়া ছাড়ল মেয়েটার অধর বরাবর। অপরপক্ষ কিছু বুঝে ওঠার পূর্বেই নিজের ঠোঁটজোড়া দিয়ে শক্ত করে ওই নরম ঠোঁট দুটো চেপে ধরল। হিসহিসিয়ে বলল,
“আমার স্পর্শে যখন তোর জাত যায়নি তখন ওর ও যাবে না, প্রাণপ্রিয়া। আমার থেকে তোর নিষ্কৃতি নেই। ও তোর একার অংশ নয়। আমারও অংশ। ভুলভাল কোনো চিন্তা মাথাতেও আনিস না। একদম প্রাণে মেরে দেবো। তোর বাপে আমায় কম জ্বালাচ্ছে না। তুই অন্তত থাম একটু।”
মুখের কথাতে ইতি টেনে মিনিটের ব্যবধানেই পাখিকে ছেড়ে দিল অগ্নিভ। দূরে সরে দাঁড়াল। অদূরে খিড়কির সম্মুখে দাঁড়িয়ে রইল। তার হাতে থাকা জলন্ত সিগারেট থেকে কুণ্ডুলি পাকিয়ে কালো ধোঁয়া উড়ছে। পরক্ষণেই মিশে যাচ্ছে বেনামি হাওয়ায়। এই অবস্থায় সিগারেটের ধোঁয়া সহ্য করা পাখির পক্ষে সম্ভব হলো না। তাছাড়া ওই ধোঁয়া শরীরের জন্য বড্ড ক্ষতিকরও বটে। একহাতে মুখ ধরে কেশে উঠল মেয়েটা। স্বামী নামক মানুষটার ছোঁয়ায় আজ শরীর গুলিয়ে এল তার। এর আগে কখনো তো এমন অনুভব হয়নি। প্রথমবারের মতোই এমনটা অনুভব হচ্ছে। স্কন্ধে অবহেলায় পড়ে থাকা ওড়নার শেষাংশ উঠিয়ে ঠোঁট দুটোতে বারকয় ঘষা দিল। মুহুর্তেই লাল হয়ে গেল অধরযুগল। যেন অপরপক্ষের অস্তিত্ব সে এভাবেই জীবন থেকে চিরতরে মুছে নিঃশেষ করে দিতে চায়। এই সবের কোনো কিছুই অগ্নিভের দৃষ্টি এড়াল না। ঠোঁটের কোণ ঘেঁষে ক্রুর হাসি জায়গা করে নিল। পাখি একরাশ বিরক্তির সাথে বলল,
“সবসময় আব্বুকে টানবেন না তো। বেশি ঝামেলা হলে অরিত্র ভাইয়ার সাহায্য নেন।”
পুনরায় অগ্নিভের ওষ্ঠজোড়ার ভাঁজে পিষ্ট হলো সিগারেটখানা। শূন্যে ধোঁয়া ছেড়ে পৌরুষদীপ্ত প্রগাঢ় গলায় বলল,
“ছোট ভাইয়ের দ্বারস্থ হতে বলছ, প্রাণপ্রিয়া? বড্ড বোকা তুমি।”
একটু থেমে ফের বলল। এইবার অগ্নিভের গলার আওয়াজ গম্ভীর এবং শীতল শোনাল,
“আমার কাছে ভালোবাসা কিংবা টাকা কোনো কিছুরই অভাব নেই। তুমি এখানে রাজরানী হয়ে ছিলে, আছ এবং ভবিষ্যতেও থাকবে, আশালতা।”
এই কথাগুলো শ্রবণেন্দ্রিয়ে পৌঁছাতেই পাখির কেন যেন ভীষণ হাসি পেল। তাচ্ছিল্য হাসল সে। বিড়বিড় করে আওড়াল,
“এইজন্যই সব অপাত্রে দান করছেন। হাহ্!”
#চলবে
#চড়ুইপাখির_ঘুলঘুলি |১|
লেখনীতে: #ইসরাত_তন্বী