ফন্ট সাইজ:
থিম:
চড়ুইপাখির ঘুলঘুলি

পর্ব 2

লেখক: ইসরাত তন্বী

#চড়ুইপাখির_ঘুলঘুলি |২|

রাত নয়টা। দেওয়ান নিবাসের বিশাল বাড়িজুড়ে নেমে এসেছে রাতের স্নিগ্ধতা। বাগানের সারি সারি গাছের ফাঁকে ফাঁকে জ্বলছে মৃদু আলোর ল্যাম্পপোস্ট। তিনতলা বাড়িটার বারান্দায় হলুদাভ আলো ছড়িয়ে আছে। দূরের ঝোপঝাড় থেকে ভেসে আসছে ঝিঁঝিঁ পোকার একটানা ডাক। হালকা বাতাসে বাগানের ফুলগাছগুলো দুলছে ধীর লয়ে। বাড়ির সামনের প্রশস্ত উঠোনে নিরাপত্তারক্ষীর পায়চারি দৃশ্যমান। বাড়ির ভেতর থেকে ভেসে আসছে মানুষের চাপা কথাবার্তা। সব মিলিয়ে রাজকীয় আভিজাত্যের মাঝেও বাড়িটাকে ঘিরে রয়েছে এক শান্ত, স্নিগ্ধ রাতের আবহ। দেওয়ান পরিবারের সকলে এই সময়ে ডাইনিং টেবিলে উপস্থিত, কেবল একজন ব্যতীত। বাড়ির ছোট ছেলে অরিত্র দেওয়ান অনুপস্থিত। বাইরে আছে সে। নিজ কাজে ব্যস্ত থাকায় এখন আসতে পারবে না বলে জানিয়েছে। আজ একটু আগেই রাতের খাবারের আয়োজন করা হয়েছে। বাড়ির বড়ো ছেলে অগ্নিভ দেওয়ান নিবাসে আছে কি-না! অগ্নিভের দুইপাশে অদ্রি আর অন্বয় বসেছে। এছাড়াও খাওয়ার টেবিলে উপস্থিত আছে পরিবারের কর্তা, অগ্নিভ আর অরিত্রের বাবা আব্দুল আজিজ দেওয়ান, পরিবারের কর্তী সৈয়দা নুরুন্নেসা বেগম, পাখি এবং তার ননদ অরণি। আব্দুল আজিজ দেওয়ানের মৃত বোনের একমাত্র মেয়ে অরণি। মায়ের মৃত্যুর পর থেকে এবাড়িতেই থাকে সে। মেয়েটা দেওয়ান পরিবারের সদস্যই এখন। সবার ভীষণ আদুরে। বয়সও খুব বেশি নয়। বড়ো জোর বাইশ হবে। সবাই টুকটাক করে খেতে ব্যস্ত। অগ্নিভ অবশ্য নিজে না খেয়ে নিজের সন্তানদের নিজ হাতে খাইয়ে দিচ্ছে। এতেই অদ্রি আর অন্বয়ের খুশি দেখে কে! বাচ্চা দুটোর মুখ থেকে হাসি সরছে না আজ। শাশুড়ি মায়ের পাশে বসে খাওয়ার ফাঁকে ফাঁকে মুগ্ধ চোখে নিজের বাচ্চা দুটোকে দেখছে পাখি। সন্তানই তো প্রতিটা মা-বাবার বেঁচে থাকার কারণ। তার ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। সবাই যখন চুপচাপ খেতে ব্যস্ত তখন অদ্রি খুশিতে গদগদ হয়ে বলে উঠল,
“তুমি বেস্ট, বাবাহ। এভাবে রোজ আমাদের খাইয়ে দিবে, কেমন? তোমার হাতে খাবারের স্বাদ এত্তওওওওওওও বেড়ে যায়, বাবাহ।”
শেষ বাক্যটা টেনেই বলল বাচ্চাটা। চোখে মুখে উপচে পড়া খুশি ভীড় জমিয়েছে। তার সাথে যোগদান করল অন্বয়,
“তুমি কিন্তু এইবার পালাই পালাই করতে পারবে না, বাবাহ। আমাদের খাইয়ে দিতেই হবে তোমায়।”
দুজন একপ্রকার নাছোড়বান্দা। অগ্নিভ এক মুহুর্তের জন্য থমকাল। তার সামান্য এই কাজটুকুতে বাচ্চা দুটো কী খুশি! আচ্ছা সে কী ব্যস্ততার চক্করে একটু বেশিই দুরত্ব বাড়িয়ে ফেলেছে সন্তানদের থেকে? হয়ত তাই! অগ্নিভ ঘাড় ঘুরিয়ে একঝলক পাখির দিকে দেখল। মেয়েটা তাকিয়েই ছিল বিধায় দৃষ্টিতে দৃষ্টি মিলল কিয়ৎসময়ের জন্য। পাখির মুখনিঃসৃত শেষ বাক্যটা অগ্নিভের মস্তিষ্কে বেশ দখল চালাচ্ছে। ভাবাচ্ছে অনেককিছুই। পরপরই চোখ সরিয়ে নিয়ে কিছু একটার হিসাব মেলাতে চাইল অগ্নিভ। নুরুন্নেসা বেগম হেসে বললেন,
“দাদুভাই, বাবা তো ইদানিং ঠিকমতো বাসায় আসার সময়ই পায় না। একটু কনসিডার করা যায় না?”
দুই ভাই-বোন দ্রুত দুদিকে মাথা নাড়ল। যার অর্থ না। এইবার আর বাবার পালানোর সুযোগ নেই। নুরুন্নেসা বেগম হেসে ফেললেন। আব্দুল আজিজ দেওয়ান নাতি নাতনির কাণ্ড দেখে মিটিমিটি হাসছেন। অরণির মুখ থেকেও হাসি সরছে না। সবাইকে অগত্যা অগ্নিভের উত্তরের আশায় থাকতে হলো। যদিও সবটা সম্পর্কে তারা অবগত। অথচ সবাইকে অবাক করে দিয়ে অগ্নিভ মুচকি হাসল। তুলনামূলক নরম গলায় বলল,
“ডিনার আমার হাতে, ওকে? ডিল কি ডান আমার বিচ্ছুর দল?”
বাবার কথা কর্ণগোচর হতেই অদ্রি আর অন্বয় একে অপরের দিকে চাওয়াচাওয়ি করল। পরক্ষণেই দুজন সমস্বরে বলে উঠল,
“ডিল ডান, বাবাহ। লাভ ইউউউউ।”
মাত্রাতিরিক্ত খুশিতে বাচ্চা দুটো বাবার দুই গালে টপাটপ চুমু খেয়ে বসল। অগ্নিভ এই পর্যায়ে অধর প্রসারিত করে হেসে ফেলল। ভীষণ শান্তি অনুভব করল সে। আব্দুল আজিজ দেওয়ান মুখে হাসি ধরে ছেলের কাছে জানতে চাইলেন,
“সময় ম্যানেজ করতে পারবে তুমি? ”
অগ্নিভ চোখ ঘুরিয়ে বাবার দিকে তাকাল। সেই চিরচেনা গুরুগম্ভীর কণ্ঠস্বরে জবাব দিল,
“জি, অরিত্র রাতের এই সময়টুকু ম্যানেজ করে নিতে পারবে।”
ছোট ছেলের কথা শুনতেই আব্দুল আজিজ দেওয়ান আশ্বস্ত হলেন। নয়ত অন্য কাউকে তিনি ঠিকমতো বিশ্বাস করতে পারেন না। রাজনীতির মাঠে সুযোগ পেলে কেউই তা হাতছাড়া করে না। পিঠপিছে ছুরি তো বিশ্বস্তরাই মারে। উনি মাথা নাড়লেন,
“আচ্ছা, এইটাই ভালো হবে।”
কেউ আর কিছু বলল না। যে যার মতো খেতে লাগল। অথচ পাখির গলা দিয়ে খাবার নামছে না। একদৃষ্টে চেয়ে আছে অগ্নিভের দিকে। বাবা হিসেবে চমৎকার এই পুরুষটা স্বামী হিসেবেও চমৎকার হওয়ার কথা ছিল। হ্যাঁ, ছিল বৈকি! অরণি এতক্ষণ নীরব দর্শক ছিল। ভাবীকে না খেয়ে বসে থাকতে দেখে আস্তে করে শুধাল,
“শরীর খারাপ লাগছে, ভাবী? খাচ্ছ না যে কিছুই?”
এই প্রশ্নে পাখি ঈষৎ নড়েচড়ে বসল। তাকাল মেয়েটার দিকে। একটু হাসার চেষ্টা করল,
“না, ঠিক আছি, বোন। এইত খাচ্ছি।”
কথাগুলো বলেই তীব্র অনিহা নিয়ে এক লোকমা খাবার মুখে তুলল সে। সবাই এক পলক পাখিকে দেখল। শ্বশুর, শাশুড়ির মুখে হাসি থাকলেও অগ্নিভের মুখমণ্ডল গম্ভীর। মেয়েটার হঠাৎ হঠাৎ কী যে হয়! সে কিছুই বুঝে উঠতে সক্ষম হয় না। তবে এইবার তার মনটা বড্ড অস্থির লাগছে। কারণ তার নিজেরও অজানা।
.

রাতের শেষ প্রহর। ঘড়ির কাঁটার দখলদারিত্ব তিনটা বিশের ঘরে। চারপাশে নেমে এসেছে এক থমথমে নিস্তব্ধতা। আকাশের বুকে চাঁদটা মলিন। তার আলোয় বাগানের চার পাশের গাছগুলোকে কেমন ছায়ামূর্তির মতো দেখাচ্ছে। দূরে কোথাও শিয়াল ডেকে উঠতেই নিস্তব্ধতা আরও গাঢ় হয়ে আসছে। গাছের পাতায় পাতায় বয়ে যাচ্ছে হিমশীতল বাতাস। মাঝেমধ্যে ঝরে পড়ছে শিশিরভেজা পাতা। চারপাশের অন্ধকারে যেন জমাট বেঁধে আছে অজানা কোনো আশঙ্কা। দূরের রাস্তার ওপারের বাড়িগুলো অশরীরীর ন্যায় দাঁড়িয়ে আছে। জানালার কাচে চাঁদের ম্লান আলো স্থির হয়ে আছে। এত রাতে মানুষের কোলাহল নেই, নেই কোনো ব্যস্ততা। শুধু নিস্তব্ধতার বুক চিরে দেয়ালঘড়ির টিকটিক শব্দ জানান দিচ্ছে সময়ের গম্ভীর পদচারণা। মনে হচ্ছে, গোটা পৃথিবী নিঃশ্বাস আটকে কোনো অপ্রত্যাশিত ঘটনার অপেক্ষায় রয়েছে। হ্যাঁ, সত্যিই তাই! ঢাকার মহাসড়কের পাশ ঘেঁষে বিস্তৃত অরণ্যের একটু ভেতরেই বেশ কয়েকজন যুবকের পদচারণা স্পষ্ট। শিশির ভেজা পাতায় পদযুগলের শব্দ ছপছপ শোনাচ্ছে। নীরবতার মাঝে ওই সামান্য আওয়াজটুকুতেই শরীর শিরশির করে উঠছে। হাড়হিম করা পরিবেশ বিদ্যমান। দুজন যুবক কোদাল হাতে মাটি খুঁড়ছে। পাশেই একটা রক্তাক্ত বস্তা এবং দুইটা রক্তাক্ত কুড়াল বড্ড অবহেলায় পড়ে আছে। বস্তাটার মুখ সেলাই করা। তবুও ফাঁকফোকর দিয়ে কয়েকটা কাঁটা আঙুল দেখা যাচ্ছে। বস্তাটাকে ঘিরে আরও দুজন যুবক দাঁড়িয়ে আছে। তারা মূলত পাহারা দিচ্ছে। মাটি খুঁড়তে থাকা একজন, সাইফুল নামের যুবকটা সোজা হয়ে দাঁড়াল। কণ্ঠ গলার খাদে নামিয়ে একটা নাম ধরে বলে উঠল,
“অরিত্র ভাইজান, মাটি খোঁড়া শেষ। আপনে একটু দেইখা যান।”
অদূরে একটা বাইকের সাথে হেলান দিয়ে বসে আছে অরিত্র। শরীরে শুভ্র রঙা পাঞ্জাবী পাজামা জড়ানো। তামাটে গাত্রবর্ণ। মুখটা ঢাকা পড়ে আছে একটুকরো কালো কাপড়ের অন্তরালে‌। চোখ দুটো ব্যতীত মুখের কোনো অংশ স্পষ্ট নয়। গাঢ় বাদামি মণি জোড়ার দৃষ্টি প্রখর। কাঁধ ছুঁয়ে থাকা স্তরকাটা চুলগুলো এলোমেলোভাবে কপালের দুপাশে ছড়িয়ে আছে। আক্ষরিক অর্থে যাকে নেকড়ে ছাঁট চুল বলে আরকি। হাতে ফোন নিয়ে কিছু একটা করতে ব্যস্ত সে। বুড়ো আঙুলের ডগায় লাল রক্ত প্রতীয়মান। যা শুকিয়ে কড়কড়ে হয়ে গেছে। সাইফুলের কথাটা শুনতেই অরিত্রের নমনীয় ঘাড়টা বেঁকে তার দিকে ঘুরল। ফোনের স্ক্রিনের আলোয় মণি দুটো জ্বলজ্বল করছে। যেন নিখুঁত কোনো শিকারী ওই নেত্র যুগল। সে বাইকের উপর থেকেই দেখল খোঁড়া গর্তটা। জবাবে পৌরুষদীপ্ত দৃঢ় গলার আওয়াজ ভাসমান হলো চারপাশ জুড়ে,
“বস্তার মুখ খোল রাফিজ।”
রাফিজ নামের ছেলেটা আদেশ পেতেই দ্রুত বস্তার মুখের সেলাই খুলে দিল। কাজ সেরে তাকাল অরিত্রের দিকে। ভাইজানের নির্লিপ্ত চাহনি দেখেই রাফিজ নিজের পরবর্তী কাজটুকু সহজেই বুঝল। বস্তার ভেতর থেকে কাটা মাথাটা বের করে বাইরে রাখল‌। অরিত্র পাজামার পকেট থেকে আলগোছে একটা সেন্ট ডুপোন্ট লাইটার বের করল। সেটাতে আগুন জ্বালিয়ে দুআঙুল দিয়ে ছুঁড়ে মারল। সেটা চোখের পলকে উড়ে যেয়ে কাটা মাথাটার উপর পড়ল। মুহূর্তের ব্যবধানে নেত্রের সামনে অগ্নিশিখা দাউ দাউ করে জ্বলে উঠল। বাদামি মণিজোড়াতে বহ্নিশিখার প্রতিবিম্ব স্পষ্ট হলো। পরপরই শোনা গেল অরিত্রের গুরুগম্ভীর কণ্ঠস্বর,
“সব একসাথে পুঁতে দে।”
ব্যস এতটুকুই! বড্ড স্বল্পভাষী সে। তার আদেশ পেতেই সাইফুল এবং আরেকজন যুবক গর্ত থেকে উঠে পড়ল। পরপরই শোনা গেল ধপ করে কিছু পড়ার আওয়াজ। বস্তাটা সহ ছাইগুলো গর্তে ফেলে দিয়েই মাটি চাপা দিয়ে দিল চারজন মিলে। নিস্তব্ধ রাতের আঁধারে কার কোলের সন্তান মাটিতে শায়িত হলো কে জানে! এত নিষ্ঠুরতার শিকার হওয়ার কারণই বা কী! কোন গোত্রের মানুষ হয়ে এত বড়ো দুর্ভাগ্য হলো যে শেষ গোসল টুকুও পেল না। হয়তো মা নামক মানুষটা এখনো জানেন না, তাঁর বুকের ধনটা মাটির নিচে নিথর হয়ে আছে। হয়তো অপেক্ষায় আছেন তার ফেরার। অথচ সে ফিরবে না আর কোনো দিন। মাটির নিচে চাপা পড়ে রইল তার পরিচয়, অস্তিত্ব, আর বেঁচে থাকার সমস্ত অধিকার। আর বিচার? যদি সে নির্দোষ হয়ে থাকে তাহলে আদৌও কখনো সঠিক বিচার মিলবে কি? কী অদ্ভুত এই দেশ! যেখানে মৃত্যুর পরেও মানুষ তার প্রাপ্য বিচার, সম্মানটুকু পায় না।
.

পরদিন দুপুর বেলা। সূর্যি মামার স্থান মধ্য আসমানে। মাথার ওপর প্রখর রোদ। রাজপথজুড়ে রিকশা, বাস আর প্রাইভেট কারের অন্তহীন ভিড়। ট্রাফিক সিগন্যালে আটকে থাকা গাড়িগুলোর হর্ন আর পথচারীদের কোলাহলে মুখর চারপাশ। রাস্তার ধারে ফুটপাতজুড়ে হকারদের পসরা। চারপাশের ভবনগুলো চুপচাপ দাঁড়িয়ে আছে। গরমে পিচঢালা রাস্তা ঝাঁঝালো হয়ে উঠেছে। বাতাসে ধুলো আর যানবাহনের ধোঁয়া। কনক্রিটের তৈরি ব্যস্ত নগরীটা যেন এক মুহূর্তের জন্যও থামতে জানে না। সবসময় নিজস্ব ছন্দে ছুটে চলে অবিরাম। সময় বারোটা বেজে পাঁচ মিনিট। আদালত প্রাঙ্গণের ব্যস্ত ভবনটির দোতলায় অবস্থিত প্রতিষ্ঠিত আইনজীবী শুয়াইব শিকদারের চেম্বারটি। দরজার বাইরে পিতলের ফলকে খোদাই করে লেখা ওনার নাম ও পরিচয়। ভেতরে ঢুকতেই চোখে পড়ে গাঢ় বাদামি কাঠের বড়ো টেবিল। তার ওপর সাজানো মামলার নথিপত্র, কয়েকটি মোটা আইনের বই আর একটি কালো টেলিফোন। দেয়ালজুড়ে কাঠের বুকশেলফ, সারি সারি বই। একটা ফাইলভর্তি আলমারিও দৃশ্যমান এককোণে। একপাশে মক্কেলদের বসার জন্য চামড়ার সোফা, অন্য পাশে জানালার ধারে ছোট্ট বসার জায়গা। ঘরের সিলিং ফ্যানটি ঝড়ের গতিতে ঘুরছে। জানালার ওপাশ থেকে ভেসে আসছে আদালত প্রাঙ্গণের মানুষের কথাবার্তা, আইনজীবীদের হাঁকডাক আর যানবাহনের হর্ন। ঘরজুড়ে পুরোনো কাগজ, বাঁধানো বই আর কাঠের আসবাবের মিশ্র গন্ধ। সব মিলিয়ে চেম্বারটিতে বিরাজ করছে এক গম্ভীর, অভিজাত পরিবেশ। যেখানে প্রতিটি নথির আড়ালে লুকিয়ে আছে কোনো না কোনো মানুষের ভাগ্য নির্ধারণের গল্প। শুয়াইব শিকদার নিজ চেম্বারে, নিজের জন্য নির্ধারিত চেয়ারে বসে আছেন। ওনার সম্মুখে থাকা টেবিল সংলগ্ন অপর চেয়ারে মুখোমুখি অবস্থান করছে এমপি অগ্নিভ দেওয়ান। এখানে এসেছে মিনিট পাঁচ হতে চলল। দরজার সম্মুখে দুজন যুবক ও দাঁড়িয়ে আছে। অগ্নিভের দলের ছেলে তারা। সামনে ইরেকশন। তাই সবসময় দলের পোলাপান থাকে তার সাথে। শুয়াইব শিকদারের মুখমণ্ডল গম্ভীর। অথচ অগ্নিভের ঠোঁটের কোণ ঘেঁষে দুষ্টু হাসি খেলা করছে। এতক্ষণে মুখ খুলল সে। সালাম দিল,
“আসসালামুয়ালাইকুম, মহামান্য শ্বশুর হুজুর। কেমন আছেন?”
এমন অদ্ভুত সম্বোধনে তেলে বেগুনে জ্বলে উঠলেন শুয়াইব শিকদার। চোখ মুখ অধিকতর কঠিন হয়ে উঠল। যদিও এটা প্রথম বার নয়। ওনাকে খোঁচা দিয়ে এই বলেই সম্বোধন করে অপরপক্ষ। উনি সালামের উত্তর দিলেন,
“ওয়ালাইকুমুস সালাম।”
পরপরই চিবিয়ে চিবিয়ে বললেন,
“আমি তোমার কেউ নই। আমার ভদ্রতার সুযোগ নিও না। ভদ্রলোকের সাথে ভদ্র ব্যবহার করতে শেখো যদি পরিবার থেকে সেই শিক্ষা পেয়ে থাকো।”
অগ্নিভের মসৃণ কপাল গুটিয়ে এল। চোখ দুটো ছোট ছোট করে ফেলল। বেশ গম্ভীর হয়ে বলল,
“জি, শিক্ষা পেয়েছি বলেই তো এত সুন্দর সম্বোধন করলাম আপনাকে। নয়ত অন্যদের মতো আমার বিপক্ষ দলের লোক হওয়াতে আগে খাঁটি বাংলায় কয়েকটা শব্দ বলে নিতাম।”
তার মুখের কথা শেষ হওয়ার সাথে সাথেই খুক খুক করে কেশে উঠলেন শুয়াইব শিকদার। অগ্নিভ টেবিলের উপর থাকা পানির গ্লাসটা এগিয়ে দিল। উনি গ্লাস নিয়ে এক চুমুক পানি খেলেন। বড়ো বড়ো চোখে অগ্নিভের দিকে চেয়ে রইলেন। এই ছেলের মুখে তো কোনো রাখঢাক নেই। ওনার ধারণার চেয়েও অনেক বেশি বেয়াদব এই ছেলে। হবেই না কেন! রাজনীতি নামক নর্দমা থেকে উঠে এসেছে তো। মনের ভাবনায় ইতি টেনে শুয়াইব শিকদার পুনরায় কঠিন গলায় জানতে চাইলেন,
“হঠাৎ এখানে আসার কারণ কী এমপি সাহেব? আমার চেম্বারে আপনার পায়ের ধুলো পড়াই নিজেকে খুবই ধন্য মনে হচ্ছে।”
শেষ বাক্যে উপহাসের সুর লেপ্টে ছিল। এতে অগ্নিভের অধরযুগল একপাশে কিঞ্চিৎ উঁচু হলো। বাম হাতটা উঁচু করতেই পিছন থেকে একজন এসে একটা চিঠির খাম দিয়ে গেল। সেটা টেবিলের উপর রাখল সে,
“আসন্ন ২০ই আগস্ট আমার ছোট্ট একটা সম্মেলন আছে, মহামান্য শ্বশুর হুজুর। আপনি আমন্ত্রিত সেখানে। বিশেষ অতিথি হিসেবে থাকবেন। নিজের সভা সম্মেলনে বিপক্ষ দলের কেউ না থাকলে মন মেজাজ ভালো লাগে না।”
শুয়াইব শিকদার ভ্রু গুটিয়ে চেয়ে আছেন অগ্নিভের হাতে থাকা খামখানার দিকে। বিশ তারিখ আগামী পরশু মানে আগামীকালের পরের দিন পড়ছে। আবার কী ছক কষছে এই ছেলে? মুখে বললেন,
“আমি রাজনীতির কেউ নই। নিজেদের মতো আমাকেও রাস্তার জঞ্জাল মনে না করলেই উপকৃত হবো।”
ওনার কথা মাটিতে পড়ার পূর্বেই অগ্নিভের প্রত্যুত্তর ভেসে এল। গলার আওয়াজ দৃঢ় কিন্তু হিমশীতল শোনাল,
“অথচ রাস্তার কুত্তাদের সাহায্য করছেন শুধু আমার বিপক্ষ দল বলে। আমার আর আপনার মধ্যে যৎকিঞ্চিত ও তফাৎ নেই, মহামান্য শ্বশুর হুজুর। গু খায় সব মাছেই দোষ হয় কেবল পাঙ্গাসের। হাহ্!”
মুখের কথা শেষ করেই উঠে দাঁড়াল অগ্নিভ। সবসময়ের মতোই লুঙ্গি আর শার্ট জড়ানো শরীরে এবং পায়ে চামড়ার জুতা দৃশ্যমান। শুয়াইব শিকদারের সম্মুখে দাঁড়িয়ে একটু ঝুঁকল,
“আমার জন্য খোঁড়া গর্ত আপনাকে ডাকছে। সাবধানে চলাফেরা করবেন মহামান্য শ্বশুর হুজুর। সঙ্গে পরিবারেরও খেয়াল রাখবেন। আজ আসি। সময় মত আসবেন কিন্তু। নয়ত বড়ো কিছু মিস করে যাবেন।”
অগ্নিভ কথা শেষ করে শার্টের সামনে ঝুলানো সানগ্লাসটা চোখে পরে নিল। উলটো ঘুরে হাঁটা ধরল। ছেলে দুটো ব্যস্ত হাতে দরজাটা খুলে দিল। বাক্যগুলো বেনামি হাওয়ায় মেশার আগেই কাঠের দরজাটা দেওয়ালের সাথে শব্দ তুলে বাড়ি খেল। শুয়াইব শিকদার কিছুক্ষণ থমকে বসে রইলেন। পরক্ষণেই খামটা হাতে উঠিয়ে নিলেন। সেটা খুলে ভেতরের চিঠিটা বের করলেন। চোখের সামনে মেলে ধরলেন। সেখানে ক্রমশ স্পষ্ট হলো একটা ঠিকানা আর নির্দিষ্ট একটা সময়। এবং নিচে ছোট্ট করে লেখা দুইটা বাক্য,
“আপনার উপস্থিতি কাম্য, মহামান্য শ্বশুর হুজুর। নয়ত আমি কিন্তু ভাত খাব না।”
এতটুকুই, সম্মেলনের 'স' টুকুই নেই ওখানে। কী ধূর্ত এই ছেলে! এ তো চোখের সামনে থেকেও চালাকি করে গেল। দিনে দুপুরে চোখে ধুলো দিয়ে যাওয়া যাকে বলে। ঠিকানাটা কেমন যেন পরিচিত লাগল ওনার নিকট। আঁখি জোড়া বুঁজে কিছু একটা মেলানোর চেষ্টা করলেন। দুইয়ে দুইয়ে চার মিলিয়েও ফেললেন। অমনিই কপালে চিন্তার ছাপ স্পষ্ট হলো। চিন্তিত মুখে অস্ফুট স্বরে আওড়ালেন,
“শীট!”
দ্রুত বসা থেকে উঠে পড়লেন। ত্বরান্বিত পায়ে এগিয়ে জানালার নিকট এসে দাঁড়ালেন। দেখলেন আদালত প্রাঙ্গণ থেকে পর্যায়ক্রমে পাঁচটা বিএমডব্লিউ গাড়ি বেরিয়ে গেল। শুয়াইব শিকদারের মুখমণ্ডল শক্ত হয়ে উঠল। লোচন যুগল সাক্ষাৎ জলন্ত অগ্নিকুণ্ড। হাতের শক্ত মুঠোয় কাগজ খানা পিষ্ট হলো।

#চলবে
লেখনীতে: #ইসরাত_তন্বী

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 2 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন