ফন্ট সাইজ:
থিম:
চড়ুইপাখির ঘুলঘুলি

পর্ব 12

লেখক: ইসরাত তন্বী

#চড়ুইপাখির_ঘুলঘুলি |১২|

রাতের অবসান ঘটিয়ে নতুন দিনের সূচনা। সকাল ছয়টা। রাতের অন্ধকার আর দিনের আলোর মধ্যে এখন যেন এক নিঃশব্দ সন্ধি চলছে। ঢাকার আকাশজুড়ে ছড়িয়ে আছে ধূসর নীলের মায়াবী আস্তরণ। কোথাও কোথাও মেঘের গায়ে লেগে থাকা আবছা কমলা আভা জানান দিচ্ছে নতুন দিনের আগমনী বার্তা। পুরোনো বাড়িগুলোর জানালায় এখনো রাতের ঘুমঘুম স্পর্শ। অথচ রাজপথে ধীরে ধীরে সঞ্চারিত হচ্ছে প্রাণের স্পন্দন। বাতাসে রাতের জমিয়ে রাখা শীতলতা এখনো পুরোপুরি মিলিয়ে যায়নি। রাস্তার ধারের গাছগুলো নির্বাক প্রহরীর মতো দাঁড়িয়ে আছে। পাতার ডগায় জমে থাকা শিশিরবিন্দু মাঝেমধ্যে টুপ করে ঝরে পড়ছে। দূর থেকে ভেসে আসছে পাখিদের ডানা ঝাপটানোর শব্দ। তার ফাঁকে ফাঁকে কোনো বাসের ইঞ্জিনের ভারী গর্জন এসে মিশছে ভোরের নিস্তব্ধতায়। শহরটা যেন এখনো এক অদ্ভুত দ্বিধার মধ্যে আটকে আছে। একদিকে ঘুমন্ত অলিগলির নিস্তব্ধতা, অন্যদিকে জীবিকার তাগিদে ঘর ছেড়ে বেরিয়ে পড়া মানুষের ব্যস্ত পদচারণা। দিনের চেনা কোলাহল এখনো ঢাকাকে পুরোপুরি গ্রাস করেনি। ফলে আলো আঁধারির এই সন্ধিক্ষণে শহরের আড়ালে লুকিয়ে থাকা একটুকরো কোমল সৌন্দর্য সহজেই চোখে পড়ছে। দেওয়ান নিবাসের সুবিশাল আঙিনার বাগানে পাশাপাশি দাঁড়িয়ে আছে অগ্নিভ এবং অরিত্র। দুজনের দৃষ্টিই নিবিষ্ট অদূরের একটি বকুলগাছের ডালে। সেখানে একজোড়া নাম না জানা পাখি বসে আছে। কখনো ডানা ঝাপটাচ্ছে, কখনো আবার নিজেদের মধ্যে কিচিরমিচির করে কী যেন আলোচনা করছে। তাদের ক্ষুদ্র জগতে যেন ব্যস্ততার অন্ত নেই। হঠাৎ একটা শব্দে অগ্নিভের মনোযোগ বিচ্ছিন্ন হলো। নিবাসের ভেতর থেকেই শব্দটা এসেছে বলে মনে হলো তার। হয়তো কারও হাত থেকে কিছু পড়ে গেছে। প্রাতঃকালের নিস্তব্ধতা এতটাই গভীর যে সামান্য শব্দটুকুও স্পষ্টভাবে তার শ্রবণেন্দ্রিয়ে পৌঁছে গেল। ঘাড় ঘুরিয়ে পাশে তাকাল সে। অরিত্র আজ বেশ সকাল সকালই উঠে পড়েছে। ছেলেটার গম্ভীর মুখের দিকে চেয়ে প্রশ্ন ছুড়ল অগ্নিভ,
“রাতে কোথায় ছিলি? বাড়ি ফিরতে এত দেরি হলো কেন?”
অরিত্র সামনের দিক থেকে দৃষ্টি সরাল না। একই ভঙ্গিতে গম্ভীর গলায় সংক্ষিপ্ত জবাব দিল,
“কাজে ছিলাম।”
এমন দায়সারা উত্তরে অগ্নিভের ভ্রু জোড়া কুঁচকে এল। বিরক্তি মেশানো কণ্ঠে পুনরায় প্রশ্ন করল,
“সেটাই তো জানতে চাইলাম। কাজটা কী?”
এবার অগ্নিভের কথা শেষ হওয়ার আগেই নিরেট গলায় উত্তর এল,
“আই ডিড সামথিং ফর মাই পিচ অব মাই মাইণ্ড। আই হোপ, বিষয়টা আর খুলে বলার প্রয়োজন পড়বে না।”
সত্যিই, এরপর আর বাড়তি কোনো শব্দ উচ্চারণের প্রয়োজন পড়ল না। বিচক্ষণ অগ্নিভ সহজেই বুঝে নিল ভাইয়ের কথার অন্তর্নিহিত অর্থ। সামনের দিকে দৃষ্টি ফেরাতে গিয়েও হঠাৎ কিছু একটা মনে পড়ল তার। পুনরায় অরিত্রের উদ্দেশে জানতে চাইল,
“এদিকটা নিয়ে কিছু ভেবেছিস? সবকিছু ঘেঁটে ঘ হয়ে গেছে। যার অস্তিত্ব পৃথিবী থেকে বিলীন হয়ে গেছে, তাকে নতুন করে জনসম্মুখে হাজির করা মানেই নিজের বিপদ নিজে ডেকে আনা। একেবারে আছোলা বাঁশ পিছনে ঢুকে যাওয়ার মতো অবস্থা হবে।”
এত গুরুত্বপূর্ণ আলোচনাতেও অরিত্রের মধ্যে বিশেষ কোনো হেলদোল দেখা গেল না। বিষয়টা নিয়ে তার আগ্রহ কিংবা উদ্বেগ কোনোটাই যেন প্রকাশ পেল না। বরং অনাগ্রহী ভঙ্গিতে প্রত্যুত্তর করল,
“তবে নিশ্চিত থাকো, বাঁশটা কারও না কারও জায়গামতোই ঢুকবে। বিপক্ষ দল বিচক্ষণ আর চতুর না হলে খেলে আনন্দ পাওয়া যায় না। তুমি জনসাধারণ সামলাও। তোমার রেপুটেশনে যেন কেউ আঁচড় কাটতে না পারে।”
অগ্নিভ মনোযোগের সহিত কথাগুলো শুনল। পুনরায় সামনের দিকে দৃষ্টি ফিরিয়ে নিল। বকুলের ডালে বসে থাকা পাখি দুটো তখনো নিজেদের মধ্যে আলাপ আলোচনায় মগ্ন। সেদিকে তাকিয়েই অনেকটা স্বগতোক্তির সুরে বলল,
“শালার মানুষ হচ্ছে একেকটা মাদারবোর্ড। নিজের দোষগুলো আড়াল করে অন্যের দোষ খুঁজে বেড়ায়।”
অরিত্র শুনল কথাগুলো। তবে প্রত্যুত্তরে একটা শব্দও উচ্চারণ করল না। প্রয়োজনবোধ করল না। পাশে দাঁড়িয়ে থাকা ভাই নামক মানুষটাকে সে বেশ ভালো করেই চেনে। তাই নীরব থাকাটাই শ্রেয় মনে করল। নয়ত আবার কী বলতে কী বলে বসে। মুখে তো কোনো রাখঢাক নেই। অগ্নিভও আর কথা বাড়াল না। প্রখর মননশক্তি দিয়ে কিছু একটা ভাবতে লাগল। এবারের নির্বাচন যে খুব একটা সহজ হবে না, তা সে বেশ ভালো করেই আঁচ করতে পারছে। রাজনীতির ময়দানে প্রতিপক্ষকে সরিয়ে দেওয়া যতটা সহজ মনে হয়, বাস্তবে বিষয়টা ততটা সরল নয়। রাস্তার জঞ্জাল পরিষ্কার করতে খুব বেশি সময় লাগবে বিষয়টা এমন নয়। এর জন্য শুধু প্রয়োজন সঠিক সময় আর নিখুঁত পরিকল্পনা। দুই ভাইয়ের নীরবতার মধ্যিখানেই বেশ কিছুক্ষণ সময় কেটে গেল। হঠাৎ মস্তিষ্কে একটি বিষয় উঁকি দিতেই অরিত্রের দিকে ফিরল অগ্নিভ। জানতে চাইল,
“চড়ুইয়ের বিষয়টা নিয়ে কিছু ভেবেছিস? কোমরে আঁচল বেঁধে মাঠে নেমেছে মেয়েটা। ও কিন্তু একেবারে ফেলনা নয়। আমার মহামান্য ডিজে শ্বশুর হুজুরের রক্ত ওর শরীরেও আছে। এত সহজে হাল ছাড়বে বলে তো মনে হয় না।”
এতক্ষণে অরিত্রের নমনীয় ঘাড়টা বেঁকে পাশে ফিরল। তীক্ষ্ণ দৃষ্টিতে ভাইয়ার দিকে তাকাল। ঠোঁটের কোণে ফুটে উঠল এক চিলতে বাঁকা হাসি। অতঃপর শোনা গেল তার পৌরুষদীপ্ত, গুরুগম্ভীর ও শীতল কণ্ঠস্বর,
“সেটা আমার ওপরেই ছেড়ে দাও।”
অগ্নিভ চোখের ইশারায় সম্মতি জানাল। ঠিক তখনই পেছন থেকে ভেসে এল এক নারীকণ্ঠ,
“আপনাদের দুর্দিন শুরু হয়ে গেল নাকি? এটা তো হওয়ারই ছিল।”
অগ্নিভ এবং অরিত্র দুজনেই পেছন ফিরে তাকাল। দৃষ্টির সম্মুখে ভেসে উঠল পাখির নিষ্পাপ আননখানা। তাদের কথোপকথন কতটুকু তার কানে পৌঁছেছে, তা ঠিক বোঝা গেল না। হয়তো শুনেছে, হয়তো শোনেনি। তবে শুনে থাকলেই বা কী! খাঁচায় বন্দি বিহঙ্গ আর কত দূরই বা উড়তে পারে? তার উড়ে বেড়ানোর সীমানা তো আগে থেকেই নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। দুজনকে নিজের দিকে তাকাতে দেখেই পাখির ঠোঁটের কোণে হাসির রেখাটা আরও প্রসারিত হলো। কথার প্রসঙ্গ পাল্টে স্বাভাবিক ভঙ্গিতে বলল,
“চা-নাশতা গোছানো হয়েছে। আসুন।”
বরাবরের মতই স্বভাবসুলভ দৃঢ় কণ্ঠে অরিত্র সংক্ষিপ্ত জবাব দিল,
“আচ্ছা।”
উত্তর পেয়েই পাখি ঘুরে দাঁড়াল। পা বাড়াল নিবাসের দিকে। চলে যাওয়ার আগে একবার অগ্নিভের সঙ্গে চোখাচোখি হলো তার। অগ্নিভ স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল মেয়েটার প্রস্থানের দিকে। বিগত কয়েকদিনেই অদ্ভুতভাবে মেয়েটা বদলে গেছে। অস্ফুট স্বরে বিড়বিড় করে আওড়াল অগ্নিভ,
“নরম মাটি পুড়ে ইটে পরিণত হলে তাকে ভাঙা খুব একটা সহজ নয়।”
.

সময় দ্বিপ্রহর। ঘড়িতে একটা বেজে পঁয়ত্রিশ মিনিট। প্রখর রোদ ঢাকার পুরোনো দালানগুলোর গায়ে হেলে পড়েছে। আকাশের নীলচে বিস্তারে সূর্যটা বেশ উজ্জ্বল। সকালের তুলনায় তার তেজও বেড়েছে কয়েক গুণ। শহরের রাজপথে ব্যস্ততার এক ভিন্ন চিত্র। স্কুলফেরত শিশুদের কোলাহল, সাধারণ মানুষের তাড়াহুড়ো আর দুপুরের খাবারের বিরতিতে বাইরে বেরিয়ে পড়া কর্মজীবীদের পদচারণায় অলিগলিগুলো মুখর হয়ে উঠেছে। বাসের জানালা গলে কন্ডাক্টরের হাঁক ভেসে আসছে। রিকশার ঘণ্টা আর যানবাহনের হর্ন একাকার হয়ে মিশে যাচ্ছে রাজপথের চিরচেনা কোলাহলে। ফুটপাতের পাশ ঘেঁষে সাজানো ফলের দোকানগুলোতে পেয়ারা, পেঁপে আর কলার স্তূপের ওপর রোদ এসে পড়েছে। মাঝেমধ্যে পুরোনো মডেলের কোনো প্রাইভেট কার ধীরগতিতে এগিয়ে যাচ্ছে যানজটের ভেতর দিয়ে। সবমিলিয়ে ব্যস্ত একটা সময় পার করছে সকলে। দুপুরের খাবারের বিরতিতে বাবা মেয়ে একত্রিত হয়েছে। জেলা পুলিশ সুপারের কার্যালয়ের দ্বিতীয় তলায় অবস্থিত ওনার নিজস্ব চেম্বারে পাশাপাশি বসে আছেন শুয়াইব শিকদার এবং চড়ুই। ওনাদের ঠিক সামনের আসনে রয়েছেন জেলা পুলিশ সুপার শাহির জাওয়াদ। চেম্বারটি বেশ প্রশস্ত। কক্ষের একপাশজুড়ে গাঢ় কাঠের বুকশেলফ। তাতে সারি সারি সাজানো আইনবিষয়ক গ্রন্থ, গুরুত্বপূর্ণ নথিপত্র ও বিভিন্ন সরকারি প্রতিবেদন। দেয়ালে টাঙানো বাংলাদেশের মানচিত্রের পাশে শোভা পাচ্ছে জাতীয় পতাকা ও পুলিশের মনোগ্রাম। কক্ষের মধ্যিখানে রাখা ভারী কাঠের বিশাল ডেস্ক। তার ওপর গোছানো কয়েকটি ফাইল, সরকারি টেলিফোন, কম্পিউটার আর কাচের পেপারওয়েট। ডেস্কের পেছনে উঁচু পিঠওয়ালা চেয়ারটি যেন কক্ষের গাম্ভীর্য আরও বাড়িয়ে তুলেছে। জানালার হালকা পর্দা ভেদ করে দুপুরের আলো এসে পড়েছে মেঝের ওপর। একপাশে রাখা চামড়ার সোফা ও কয়েকটি অতিথি চেয়ার। কক্ষের ভেতরটা বাইরের তপ্ত আবহাওয়ার তুলনায় বেশ শীতল। তবে সেই প্রশান্তির মধ্যেও বাইরে থেকে ভেসে আসছে দাপ্তরিক ব্যস্ততার মৃদু শব্দ। করিডরে পুলিশ সদস্যদের আনাগোনা, ওয়্যারলেস সেটের খসখসে আওয়াজ, মাঝেমধ্যে টেলিফোনের রিংটোন সব মিলিয়ে কার্যালয়জুড়ে সারাক্ষণই একধরনের কর্মচাঞ্চল্য বিরাজ করছে। কক্ষটার সাজসজ্জায় আড়ম্বরের চেয়ে শৃঙ্খলা ও কর্তৃত্বের প্রকাশই বেশি। এখানে প্রতিটি কথার আলাদা গুরুত্ব রয়েছে। প্রতিটি সিদ্ধান্তের সঙ্গে জড়িয়ে থাকে অসংখ্য মানুষের নিরাপত্তা ও দায়িত্বের ভার। কাজের সুবাদে শুয়াইব শিকদারের সঙ্গে এসপি শাহির জাওয়াদের বেশ ভালো সখ্য রয়েছে। এসপি শাহির জাওয়াদ‌ বরাবরই নিষ্ঠার সাথে সকল কাজ করে থাকে। গত রাতেও দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয়েছে। লিয়নের হত্যা সংক্রান্ত বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন ওনারা। শুয়াইব শিকদার ইতোমধ্যেই জানিয়েছেন, মামলাটি তিনি নিজেই লড়বেন। অন্যদিকে চড়ুইও শাহিরের সঙ্গে লিয়নের বিষয়টা নিয়ে সরাসরি কথা বলতে চেয়েছিল। একমাত্র মেয়ের আগ্রহ ও আবদারকে গুরুত্ব দিয়েই আজ ওনাদের এই একত্রিত হওয়া। শাহির মৃদু হেসে সম্ভাষণ জানাল,
“আসসালামু আলাইকুম। কী অবস্থা আপনাদের?”
বিষয়টি সম্পর্কে সে আগে থেকেই অবগত। শুয়াইব শিকদার গত রাতেই ওনাকে প্রয়োজনীয় বিষয়গুলো জানিয়েছেন। প্রত্যুত্তরে শুয়াইব শিকদার বললেন,
“ওয়ালাইকুমুস সালাম, স্যার। এই তো, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন?”
শাহির হাসিমুখেই বলল,
“আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চা নাশতার একটু ব্যবস্থা করি? যদিও দুপুরের সময় এখন।”
শুয়াইব শিকদার তৎক্ষণাৎ মাথা নেড়ে অসম্মতি জানালেন। নাকচ করে দিলেন,
“না, না স্যার। সেসবের কোনো প্রয়োজন নেই। বাবা মেয়ে আমরা খেয়েই এসেছি।”
শাহির আর জোর করল না। সামনের টেবিলে রাখা ফাইলগুলোর দিকে একবার চোখ বুলিয়ে নিয়ে বলল,
“আমাকে একটু পরেই বেরোতে হবে। বুঝতেই পারছেন, বর্তমান কেসটা নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছি। যাই হোক, মূল কথায় আসি। আপনার মেয়ে যেটা বলতে চায়, বলতে পারে।”
পরোক্ষ ইঙ্গিতটুকু বুঝতে অসুবিধা হলো না চড়ুইয়ের। সে সামান্য নড়েচড়ে বসল। একবার জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে প্রশ্ন করল,
“স্যার, প্রথমেই জানতে চাই, উদ্ধার হওয়া লাশটা যে লিয়নের, সেটা কি নিশ্চিত হওয়া গেছে?”
প্রশ্নটা শুনে শাহিরের মুখে সামান্য চিন্তার ছাপ ফুটে উঠল। কয়েক মুহূর্ত ভেবে উত্তর দিল,
“জি না। এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে বিষয়টা আমার কাছে বেশ জটিল মনে হচ্ছে। এখানে একাধিক পক্ষের চাল থাকতে পারে। লাশটা যদি সত্যিই লিয়নের হয়, তাহলে প্রশ্ন হচ্ছে, তাকে এভাবে ফেলে গেল কে? আর কেনই বা এমনভাবে ফেলে রাখা হলো? আবার এমনও হতে পারে, কাউকে ফাঁসানোর উদ্দেশ্যে পুরো ঘটনাটা সাজানো হয়েছে। আমি এখন মর্গে যাব। লাশের পরিচয় ও অন্যান্য আলামত যাচাই করার পর বিষয়টা আরও পরিষ্কার হবে। একটু সময় লাগলেও কেসটা সমাধান করতে পারব বলে আশা রাখছি।”
চড়ুই এবং শুয়াইব শিকদার গভীর মনোনিবেশ দিয়ে শাহিরের মুখনিঃসৃত প্রতিটা শব্দই শুনলেন। কিছুক্ষণ নীরব থেকে কোনো একটা কিছুর হিসাব মেলাতে চাইল চড়ুই। অতঃপর নিজেই প্রসঙ্গ উত্থাপন করল,
“স্যার, লিয়ন ছাত্রলীগের একজন সদস্য ছিল। এলাকার বর্তমান এমপির ভাইয়ের দলের পোলাপানের সঙ্গেও তার বেশ ভালো ওঠাবসা ছিল। কিন্তু যতদূর জানি ওর চরিত্র এবং ব্যবহার খুবই ভালো ছিল। আমার ধারণা, এই বিষয়গুলো সম্পর্কে ওনারা অন্তত কিছুটা হলেও অবগত। ইভেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, লিয়নের কেসটা পুলিশ যথাযথ গুরুত্ব দিয়ে দেখছে না বলে আমার মনে হচ্ছে। আমি যদি ভুল না ভেবে থাকি, তাহলে এর পেছনে ক্ষমতাবান কারও প্রভাব রয়েছে। হয়তো সেই প্রভাবের কারণেই তদন্তের গতি বাধাগ্রস্ত হচ্ছে।”
চড়ুইয়ের বলা কথাগুলো শেষ হতেই শাহির সম্মতিসূচক ভঙ্গিতে মাথা নাড়ল,
“ইয়েস, আমার মাথাতেও এই বিষয়টাই ঘুরপাক খাচ্ছে। আমিও ওনাদের সঙ্গে কথা বলব। সরাসরি কথা না বললে অনেক কিছুই পরিষ্কার হবে না। মানুষের মুখ মিথ্যে বলতে পারে, কিন্তু চোখ অনেক সময় সত্যিটা ঠিকই প্রকাশ করে দেয়।”
চড়ুই মাথা নেড়ে সহমত জানাল। হঠাৎই তার মনে পড়ল আরও একটা বিষয়। পুনরায় বলতে শুরু করল,
“স্যার, আরও একটা বিষয় আপনাকে জানানো প্রয়োজন। হাসপাতালে সম্প্রতি আছিয়া নামের চৌদ্দ বছর ছয় মাস বয়সি একজন মেয়ে এসেছিল। রেপ সারভাইবার ছিল সে। ওনার বাবা ছিলেন সাবেক বিএনপি নেতা। ওনাদের ধারণা, মেয়েটার ওপর নির্যাতনের সঙ্গে জড়িত ব্যক্তিটিও সম্ভবত প্রতিপক্ষ দলের একজন ছাত্রলীগ কর্মী। শুধু তাই নয়, আছিয়ার বাবাও বিগত কয়েকদিন থেকে নিখোঁজ। আমার কেন যেন মনে হচ্ছে, লিয়নের ঘটনা আর আছিয়ার ঘটনাটা কোনো না কোনোভাবে পরস্পরের সঙ্গে সম্পর্কিত। আপনি যদি এই দিকটাতেও একটু নজর দেন, তাহলে হয়তো তদন্তে গুরুত্বপূর্ণ সূত্র পাওয়া যেতে পারে।”
কথাগুলো শুনতেই শাহিরের কপালে কয়েকটা ভাঁজ স্পষ্ট হয়ে উঠল। সে কিছুটা গম্ভীর হয়ে বসল। ভাবল কিয়ৎক্ষণ। ভ্রু কুঁচকে জানতে চাইল,
“আছিয়া নামের মেয়েটার বিস্তারিত তথ্য আপনার কাছে আছে? থাকলে কি আমাকে দিতে পারবেন?”
চড়ুই সম্মতিসূচক মাথা নাড়ল। পাশ ব্যাগ থেকে একটা ফাইল বের করে সামনের টেবিলের উপর রাখল। সেটা শাহিরের দিকে এগিয়ে দিয়ে বলল,
“জি, স্যার। এখানে আছিয়ার সব ডিটেইলস আছে।”
শাহির ফাইলটা হাতে তুলে নিল। কয়েকটা পৃষ্ঠা উল্টেপাল্টে দেখল। মনোযোগ দিয়ে কিছুক্ষণ পড়ল। ফাইল থেকে দৃষ্টি সরিয়ে চড়ুইয়ের দিকে তাকাল। ঠোঁটে মৃদু হাসি ফুটিয়ে বলল,
“থ্যাংকস আপনাকে। তবে একটা প্রশ্ন। আপনি আমাকে এতটা সাহায্য করছেন কেন?”
প্রশ্নটা শুনে চড়ুইয়ের ঠোঁটের কোণে এক চিলতে বাঁকা হাসি ফুটে উঠল। বিন্দুমাত্র দ্বিধা না করে প্রত্যুত্তর দিল,
“কারণ আমার লক্ষ্যও আপনার মতোই, স্যার। একজন সর্বহারা মাকে তার সন্তান হত্যার বিচার পাইয়ে দেওয়া।”
প্রতিটা শব্দের মাঝে নিহিত আছে দৃঢ়তা এবং তেজস্বীতা। কথাগুলো শুনে মুহূর্তের জন্য থমকাল শাহির। অপ্রত্যাশিত হলেও বাক্যটা তার মনে গভীরভাবে দাগ কাটল। সামনের আসনে বসে থাকা মেয়েটার প্রতি একধরনের মুগ্ধতা অনুভব করল সে। এই বয়সে এমন দৃঢ় মানসিকতা, অন্যায়ের বিরুদ্ধে এমন প্রতিবাদ এবং একজন অসহায় মায়ের জন্য নিঃস্বার্থভাবে এগিয়ে আসার মন মানসিকতা সত্যিই প্রশংসার দাবি রাখে। সে কয়েক মুহূর্ত চড়ুইয়ের দিকে তাকিয়ে রইল। তারপর বিষয়টা নিয়ে আরও কিছুক্ষণ টুকটাক আলোচনা করল। শুয়াইব শিকদারও এ পর্যায়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন। জানিয়ে দিলেন, লিয়নের হত্যা মামলাটা তিনি নিজেই লড়বেন। যেকোনো পরিস্থিতিতেই হোক, ন্যায়বিচার প্রতিষ্ঠার লড়াই থেকে তিনি পিছু হটবেন না।
শুয়াইব শিকদারের দৃঢ় প্রত্যয় শুনে শাহির সন্তুষ্টিসূচক হাসি দিল। চড়ুইও বাবার সিদ্ধান্তে মনে মনে স্বস্তি পেল। অপরদিকে বাবা মেয়ে দুজনেই শাহিরের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করল। দশ জন খারাপ হলে চারজন অবশ্যই ভালো হবে। এটাই প্রকৃতির নিয়ম। পৃথিবীর বুকে খারাপের পাশাপাশি ভালো মানুষও বসবাস করছে। তাইতো এই ধরিত্রী এখনো মানুষের বাসযোগ্য আছে।
.

মধ্যরাত। ঘড়ির কাঁটা একটার ঘরে স্থির হয়েছে বেশ কিছুক্ষণ হলো। ঘন অরণ্যের বুক চিরে দাঁড়িয়ে থাকা পরিত্যক্ত গেস্ট হাউসটাকে দূর থেকে দেখলে মনে হয় বহু বছর আগেই সময়ের সঙ্গে তার সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। চারপাশের সুউচ্চ বৃক্ষরাজি মাথা তুলে এমনভাবে দাঁড়িয়ে আছে যে আকাশের একফালি চাঁদের আলোও ঠিকমতো মাটি ছুঁতে পারছে না। গাছের ঘন পাতার ফাঁক গলে নেমে আসা জ্যোৎস্না মাটিতে ছড়িয়ে পড়ার আগেই অন্ধকারের অতলে হারিয়ে যাচ্ছে। মাঝেমধ্যে রাতজাগা কোনো নিশাচর পাখির ডানা ঝাপটানোর শব্দে অরণ্যের নিস্তব্ধ পরিবেশ খানিকটা কেঁপে উঠছে। দূরে কোথাও শেয়ালের দীর্ঘ হুক্কাহুয়া ডাক ভেসে এসে আবার মিলিয়ে যাচ্ছে গাছপালার গভীরে। গেস্ট হাউসটার জরাজীর্ণ দেয়াল বেয়ে বুনো লতাগুল্ম উঠে গেছে অনেকটা উঁচুতে। ভাঙা জানালার কপাটগুলো বাতাসের সামান্য ঝাপটায় কেঁপে কেঁপে উঠছে। বাড়ি খাচ্ছে পাশের রংচটা দেওয়ালের সঙ্গে। ছাদের কার্নিশ থেকে ঝুলে থাকা মাকড়সার জালে জমেছে রাতের শিশির। আশপাশে বিরাজমান নিস্তব্ধতা আর স্যাঁতসেঁতে মাটির গন্ধে বাতাস ভারী হয়ে আছে। কোথাও জনবসতির চিহ্নমাত্র নেই। নেই মানুষের চলাচল কিংবা জীবনের সামান্যতম কোলাহল। এখানে কেবল অরণ্যের নিজস্ব কিছু শব্দ আর তার ফাঁকে ফাঁকে এমন এক নিস্তব্ধতা বিরাজ করছে। যার গভীরতা অনুভব করলেও বুকের ভেতর অজানা শঙ্কা জমে ওঠে। গেস্ট হাউসটার পেছন দিকে পাথর আর শ্যাওলায় ঢাকা একটি সরু প্রবেশপথ নেমে গেছে মাটির গভীরে। যার উপর পুরোটাই ঘাস দ্বারা আবৃত। উপরে কেউ দাঁড়িয়ে থাকলেও বোঝার উপায় নেই। সেখান থেকেই শুরু হয়েছে অন্ধকার সুড়ঙ্গের বিস্তৃতি। ভেতরের বাতাস ভারী ও স্যাঁতসেঁতে। দেয়ালের গায়ে জমে থাকা জলবিন্দু মাঝেমধ্যে টুপ করে পাথুরে মেঝেতে পড়ছে। ক্ষীণ সেই শব্দটুকুও সুড়ঙ্গের দীর্ঘ গর্ত বেয়ে প্রতিধ্বনিত হয়ে বহুগুণে ফিরে আসছে। মাটির নিচের এই জগতে রাত কিংবা দিনের কোনো পার্থক্য নেই। বাইরের আকাশে চাঁদ ডোবে, ভোর হয়, পাখিরা ডেকে ওঠে, সূর্য ওঠে, অস্ত যায় অথচ এখানে সময় যেন বহু আগেই থমকে গেছে। সুড়ঙ্গের দুই পাশের দেয়ালজুড়ে কোথাও কোথাও দৃশ্যমান মরিচা ধরা লোহার দরজা, ভারী শিকল আর অন্ধকার প্রকোষ্ঠ। বন্ধ দরজাগুলোর ওপারে কী আছে, বাইরে থেকে তা বোঝার উপায় নেই। শুধু মাঝেমধ্যে কোনো অজ্ঞাত কক্ষের ভেতর থেকে ভেসে আসে অস্পষ্ট কিছু শব্দ, যা এই বদ্ধ নিস্তব্ধতাকে আরও ভয়ংকর করে তোলে। অরণ্যের অপরূপ সৌন্দর্য আর মাটির নিচে লুকিয়ে থাকা নিষ্ঠুরতার মধ্যে যেন আকাশ পাতাল ব্যবধান। প্রকৃতি তার আপন নিয়মে রাতকে আগলে রেখেছে অথচ সেই রজনীর বুকেই মানুষের তৈরি এক নরক নিঃশব্দে নিজের অস্তিত্ব টিকিয়ে রেখেছে। সুড়ঙ্গের পঞ্চম সেল। সেখানে একটা কাঠের চেয়ারে শক্ত করে বেঁধে রাখা হয়েছে একজন মানুষকে। ক্ষতবিক্ষত শরীরজুড়ে জমাট বাঁধা রক্তের কালচে নীল দাগ স্পষ্ট। মাথার মাঝ বরাবর গভীর ক্ষত, যার দুই প্রান্ত সামান্য ফাঁক হয়ে আছে। ডান হাতটি ভেঙে অস্বাভাবিকভাবে ঝুলে আছে। বাম পা-টাও হাঁটু থেকে বিচ্ছিন্ন। দেখে মনে হচ্ছে, ধারালো কোনো অস্ত্রের এক কোপেই কেটে ফেলা হয়েছে সেটা। ক্ষতস্থানের আশপাশে মাছি ভনভন করছে। শরীরের অবস্থা এমন যে, তাকে জীবিত বলেও বিশ্বাস করা কঠিন। তবু প্রাণটুকু এখনো নিভে যায়নি। ক্ষণে ক্ষণে শরীর কেঁপে উঠছে, বুকটা কষ্ট করে ওঠানামা করছে। ঠোঁটের ফাঁক গলে বেরিয়ে আসছে ক্ষীণ গোঙানির শব্দ। ঠিক সেই সময়েই সুড়ঙ্গের নিস্তব্ধতা ভেদ করে ভেসে এল একজোড়া জুতোর ঠকঠক আওয়াজ। শব্দটা ধীরে ধীরে এগিয়ে এসে একসময় চেয়ারটার ঠিক সামনে থেমে গেল। চেয়ারে বাঁধা জীর্ণশীর্ণ মানুষটা আতঙ্কে যতটুকু সম্ভব নিজের শরীর গুটিয়ে নেওয়ার চেষ্টা করল। অন্তর কুণ্ঠিত হলো ওনার। পরমুহূর্তেই অন্ধকারের বুক চিরে দপ করে জ্বলে উঠল একটা লাইটার। তার ক্ষীণ, হলদেটে আলোয় ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠল একজন পুরুষের অবয়ব। মুখটা আজ আর কাপড়ে বাঁধা নেই। চেয়ারে বসে থাকা মানুষটা বহু কষ্টে নেত্রপল্লব মেলে সামনে তাকাল। পরিচিত একটি মুখ চোখে পড়তেই তার বিবর্ণ ঠোঁটের কোণে ক্ষীণ হাসির রেখা ফুটে উঠল। অস্ফুট স্বরে কোনোরকমে আওড়াল,
“প…পানি?”
একটু পানির জন্য প্রাণটা ছটফট করছে। তার ধারণা এই মানুষটার থেকে সে একটু হলেও পানি পাবে। কিন্তু তাকে অবাক করে দিয়ে সেলজুড়ে ছড়িয়ে পড়ল মৃদু হাসির শব্দ। হাসিটুকু থামতেই তাচ্ছিল্য মেশানো কণ্ঠে ভেসে এল একটা বাক্য,
“উপরে যেয়ে খুব করে পানি খাস।”

#চলবে
লেখনীতে: #ইসরাত_তন্বী

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 12 শেষ করেছেন।

আগের পর্ব উপন্যাস সমাপ্ত

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন