#চড়ুইপাখির_ঘুলঘুলি |১১|
দুপুরের সূর্য তখন মধ্যগগনে। অথচ প্রকৃতির চিরচেনা উজ্জ্বলতায় আজ কেমন যেন মলিনতার ছায়া। আকাশজুড়ে ছড়িয়ে থাকা সাদা মেঘগুলোও যেন শোকের ভারে স্থির হয়ে আছে। বাতাসের মৃদু প্রবাহে গাছের পাতাগুলো সামান্য নড়ে উঠছে বটে তবে চারপাশের নিস্তব্ধতায় তার শব্দটুকুও বড়ো বিষণ্ন শোনাচ্ছে। দূরের বৃক্ষরাজি প্রখর রোদের নিচে নিশ্চুপ দাঁড়িয়ে আছে। পাখিদের কিচিরমিচিরও আজ কেমন ক্ষীণ। উঠানের একপাশে বৃক্ষের শাখাপ্রশাখা ভেদ করে রোদের ছটা এসে পড়েছে অন্যপাশে জমাট বেঁধে আছে গাছের নিবিড় ছায়া। অথচ কোথাও স্বস্তি নেই। দুপুরের চেনা প্রাণচাঞ্চল্যকে ছাপিয়ে চারপাশে ছড়িয়ে পড়েছে এক অদ্ভুত বিষণ্নতা। মনে হচ্ছে, প্রকৃতিও আজ শোকের ভারে নুয়ে পড়েছে। ইতোমধ্যে লাবণ্যদের বাড়ির উঠানে এসে উপস্থিত হয়েছেন সংসাদ সদস্য অগ্নিভ দেওয়ান। সঙ্গে রয়েছে তার ছোট ভাই অরিত্র দেওয়ান সহ দলের কয়েকজন কর্মী। তাকে ঘিরে পুলিশের কর্মকর্তাদের আনাগোনাও বেড়েছে। উঠানের একপাশে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে উৎসুক জনতা। উপস্থিত রয়েছেন এসপি শাহির জাওয়াদ। বয়সের হিসাবে এখনো যুবকই বলা চলে। অগ্নিভ ও অরিত্র উঠানের মাঝ বরাবর দাঁড়িয়ে আছে। তাদের পেছনে দলের কর্মীরা। সম্মুখে অবস্থান করছেন এসপি শাহির জাওয়াদ। তার তীক্ষ্ণ দৃষ্টি নিবদ্ধ হয়ে আছে উঠানের মাঝখানে পড়ে থাকা বস্তাটির উপরে। বেশ মনোযোগ দিয়ে কিছু একটা পর্যবেক্ষণ করছেন। মাঝেমধ্যে তদন্তকারী কর্মকর্তাদের সঙ্গেও টুকটাক কথা বলছেন। আশপাশের মানুষের ফিসফাস, চাপা কান্না আর চাপা উত্তেজনায় ভারী হয়ে উঠেছে বাড়ির পরিবেশ। লাবণ্য ও তার মা ঘরের সামনের মেঝেতেই থম মেরে বসে আছেন। দুজনের দৃষ্টি নিবদ্ধ মাটির দিকে। চারপাশে এত মানুষের আনাগোনা, এত কথাবার্তা কোনো কিছুতেই তাঁদের বিশেষ মনোযোগ নেই। যেন এই পৃথিবীর সমস্ত কোলাহল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন তারা। বেঁচে থাকার তাগিদে শুধু শ্বাসটুকুই চলছে অথচ ভেতর থেকে কখন যেন নিথর হয়ে গেছে। তাদের আগলে রেখেছেন নিনিতাসহ কয়েকজন প্রতিবেশী মহিলা। চড়ুই একপাশে চুপচাপ দাঁড়িয়ে আছে। চারপাশের পরিস্থিতি বোঝার চেষ্টা করছে। বাড়িটা যেন এক অস্বাভাবিক আতঙ্কের আবরণে ঢাকা পড়েছে। উঠানের মাঝখানে পড়ে থাকা বস্তাটিকে ঘিরে উপস্থিত প্রত্যেকের মনে এখন একটাই প্রশ্ন, ওই বস্তার ভেতরে কি সত্যিই বাড়ির ছেলেটি রয়েছে? ওটা কি লিয়নেরই লাশ? এসপি শাহির জাওয়াদ এই পর্যায়ে দৃষ্টি সরিয়ে অগ্নিভের দিকে তাকাল। গম্ভীর স্বরে বলল,
“বস্তাটা আমার তত্ত্বাবধানে নিতে চাইছি, স্যার। কেসটা ক্রিটিক্যাল। উপর মহল থেকে দায়িত্ব যখন আমার ওপর দেওয়া হয়েছে, তখন সময় অপচয় করতে চাই না।”
অগ্নিভের মুখে অদ্ভুত এক বিষাদের ছাপ স্পষ্ট। যেন এই ঘটনাতে সে ভীষণ মর্মাহত। কথাটাতে সম্মতি জানিয়ে সংক্ষিপ্ত উত্তর দিল,
“জি, শিওর।”
এসপি শাহির জাওয়াদ ঘাড় ঘুরিয়ে পাশের পুলিশ কর্মকর্তাদের দিকে তাকালেন। নির্দেশ দিলেন,
“বস্তাটা মর্গে পাঠানোর ব্যবস্থা করুন।”
ওনারা বাধ্যের মতো মাথা নাড়লেন। এতক্ষণ নিশ্চুপ হয়ে বসে থাকা লাবণ্যর মা এবার ধীরে ধীরে মুখ তুলে তাকালেন। চারপাশে এত মানুষের আনাগোনা, অথচ কোথাও ওনার লিয়ন নেই। বুকের ভেতর জমে থাকা অসহায়ত্বটুকু আর আটকে রাখতে পারলেন না। নিরস কণ্ঠে প্রশ্ন করলেন,
“কোথায় নিয়ে যাবেন আমার ছেলেকে? ওকে দাফন করে দিন। আর কষ্ট দিয়েন না। আমি আমার জীবনে কখনো দুটো ধমকও দিইনি আমার ছেলেকে। ওকে খুব যন্ত্রণা দিয়ে মারা হয়েছে। আপনারা আর বাড়াবেন না, অনুরোধ।”
কথাগুলো শেষ হতেই হাউমাউ করে কান্নায় ভেঙে পড়লেন তিনি। এতক্ষণ ধরে বুকের ভেতর চেপে রাখা আর্তনাদ যেন একসঙ্গে বেরিয়ে এল। উপস্থিত মানুষগুলোর বুকেও কেমন একটা চাপা হাহাকার ছড়িয়ে পড়ল। চড়ুই এতক্ষণ প্রধান ফটকের দিকে তাকিয়ে ছিল। খুঁজছিল পরিচিত একটি মুখ। কিছুক্ষণের মধ্যেই পেয়েও গেছে। দরজার একপাশে ক্যামেরা হাতে দাঁড়িয়ে আছে সাংবাদিক রওনক নির্বান। মানুষটার সঙ্গে কথা বলা প্রয়োজন তার। কিন্তু লাবণ্যর মায়ের কান্নার করুণ সুরে মুহূর্তেই দৃষ্টি সেদিক থেকে সরে গেল। কিছুক্ষণ স্থির চোখে তাকিয়ে রইল মধ্যবয়স্ক নারীটার দিকে। বুকের ভেতরটা আজ কেমন একটা সূক্ষ্ম ব্যথায় জর্জরিত হয়ে আছে। দীর্ঘশ্বাস ফেলে সেখানেই দাঁড়িয়ে বেশ উচ্চ স্বরে বলল,
“আন্টি, এখনো নিশ্চিত হওয়া যায়নি ওটাই আমার লিয়ন কি না! লাশ নিয়ে যেতে দিন। যদি লিয়নই হয়, তবে বিচার চাইবেন না আপনার ছেলের? এই যে একুশ বাইশ বছর নিজের সবটুকু দিয়ে বড়ো করলেন, সেই প্রাণের হত্যাকারীর মুখ স্বচক্ষে দেখবেন না? এত সহজে ছেড়ে দেবেন? অজাতগুলোকে পায়ে পিষতে না পারেন, থুতু তো অন্তত ছুড়তে পারবেন।”
মাত্র কয়েকটি বাক্য। অথচ মুহূর্তেই যেন বদলে গেল মৃতপ্রায় বাড়িটার পরিবেশ। উপস্থিত প্রতিটি মানুষের বিস্মিত দৃষ্টি নিবদ্ধ হলো চড়ুইয়ের দিকে। তবে সেদিকে বিশেষ ভ্রুক্ষেপ করল না সে। তার সমস্ত মনোযোগ এখন কাঙ্ক্ষিত একটি উত্তরের অপেক্ষায়। লাবণ্যর মায়ের কান্না হঠাৎ করেই থেমে গেল। একদৃষ্টে তাকিয়ে রইলেন চড়ুইয়ের দিকে। পাশ থেকে ভেজা গলায় লাবণ্য বলে উঠল,
“অনুমতি দাও মা। লিয়নের মৃত্যুর বিচার চাইব আমরা।”
লাবণ্যর মায়ের চোখের পলকটুকুও যেন পড়ছে না। মস্তিষ্কজুড়ে কী চিন্তা ঘুরপাক খাচ্ছে, তা বোঝার উপায় নেই। এভাবেই নীরবতার মধ্যে কয়েক মুহূর্ত কেটে গেল। তারপর কিছুটা অবিশ্বাস আর সংশয় মিশিয়ে জানতে চাইলেন,
“বিচার! এদেশে বিচার চাইলে পাওয়া যায়? আমার ছেলের বিচার কে পাইয়ে দেবে?”
চড়ুই যেন এতক্ষণ এই প্রশ্নটারই অপেক্ষায় ছিল। তৎক্ষণাৎ তীক্ষ্ণ, ঝাঁঝালো কণ্ঠে প্রত্যুত্তর করল,
“একসঙ্গে সবাই মিলে চেষ্টা তো করাই যায়। কতদূর পারব জানি না। তবে এই দেহে যতদিন প্রাণ থাকবে, ততদিন চেষ্টা থাকবে, আন্টি। কিছু না পারলেও জনগণের সামনে মুখোশধারীদের মুখোশগুলো তো টেনেহিঁচড়ে খুলতে পারব।”
লাবণ্যর মা আর কিছু বললেন না। ফিরতি কোনো শব্দও উচ্চারণ করলেন না। কেবল একদৃষ্টে চড়ুইয়ের দিকে তাকিয়ে রইলেন। মেয়েটা তাদের জন্য এতটা করছে কেন? কীসের টানে? উত্তরটা ওনার জানা নেই। অগ্নিভ এবং অরিত্র দুজনেই ভ্রু কুঁচকে চড়ুইয়ের দিকে তাকিয়ে আছে। একপর্যায়ে দুই ভাই পরস্পরের দিকে একঝলক দেখল। যেন ওই সামান্য কয়েক সেকেন্ডেই নিজেদের মধ্যে নিঃশব্দে অনেক কথা আদান প্রদান করে নিল। অগ্নিভ ধীর পায়ে কয়েক কদম এগিয়ে গেল। তারপর আলগোছে ডান হাঁটুতে ভর দিয়ে বসল লাবণ্যর মায়ের সামনে। ডান হাতটা বাড়িয়ে স্নেহভরে ওনার মাথায় রাখল। শান্ত এবং শীতল কণ্ঠে বলল,
“আমিও সঙ্গে আছি, আন্টি। ভয় নেই। আমাদের আগে নিশ্চিত হওয়া প্রয়োজন, লাশটা কার। তারপরই ভেবেচিন্তে সব পদক্ষেপ নিতে হবে। ”
লাবণ্যর মা অগ্নিভের দিকে স্নেহমাখা দৃষ্টিতে তাকালেন। ছেলেটা আবারও ওনার ভরসার জায়গা হয়ে উঠছে। চড়ুইমায়ের কষ্ট হয়তো এবার খানিকটা কমবে। নয়ত এই দেশে একা লড়াই করা এত সহজ নয়। ভদ্রমহিলা যন্ত্রের ন্যায় মাথা নেড়ে সম্মতি জানালেন। কথা বলতে আর ইচ্ছে হলো না ওনার। কণ্ঠনালি যেন নীরব এক যুদ্ধে লিপ্ত হয়েছে। শুধু আখিযুগল ছলছল করে উঠল। পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হতেই এসপি শাহির জাওয়াদ নিজের দায়িত্ব পালনে ব্যস্ত হয়ে পড়লেন। পুলিশ কর্মকর্তাদের নির্দেশে বস্তাটা মর্গে পাঠানোর ব্যবস্থা করা হলো। এরপর এসপি শাহির জাওয়াদসহ উপস্থিত পুলিশ কর্মকর্তারা একে একে প্রস্থান করলেন। চড়ুই আড়চোখে পাশে তাকাতেই অরিত্রের শাণিত দৃষ্টির সঙ্গে তার চোখাচোখি হয়ে গেল। দপ করে জ্বলে উঠল মেয়েটার লোচন জোড়া। দুজনের কেউই আগে চোখ সরাল না। দৃষ্টিতে জমে আছে পরস্পরের প্রতি দুর্বোধ্য এক ঘৃণা। নীরব সেই দৃষ্টিবিনিময়ে যেন লুকিয়ে আছে অদূর ভবিষ্যতের কোনো সংঘাতের পূর্বাভাস। হয়তো এখান থেকেই দুজনের জীবনে রচিত হতে চলেছে সম্পূর্ণ নতুন এক অধ্যায়। এমন এক অধ্যায়, যার পরিণতি সম্পর্কে এখনো কেউই অবগত নয়।
.
রাত তখন বারোটা ছুঁয়েছে। আকাশের গায়ে চাঁদ থাকলেও তার আলোয় বিশেষ কোনো ঔজ্জ্বল্য নেই। কখনো মেঘের আড়ালে লুকোচুরি খেলছে, আবার কখনো মেঘের ফাঁক গলে উঁকি দিচ্ছে। শহরের মাথার ওপর ছড়িয়ে থাকা আকাশটুকু কেমন ধোঁয়াটে। মেঘের খণ্ডগুলো ভেসে বেড়াচ্ছে অলস ভঙ্গিতে। সারাদিনের উত্তাপ পেরিয়ে বাতাসে খানিকটা শীতলতা নেমেছে। কৃষ্ণচূড়ার ডালপালায় রাতের হাওয়া মৃদু দোল তুলছে। প্রকৃতির বুকে জমে থাকা অন্ধকারের বুক চিরে মাঝেমধ্যে ভেসে আসছে ঝিঁঝিঁ পোকার একটানা ডাক। ঢাকার রাস্তাগুলোতে দিনের চেনা ব্যস্ততার আর বিশেষ কোনো চিহ্ন অবশিষ্ট নেই। সিগন্যালের লাল সবুজ আলো অনবরত বদলাচ্ছে, অথচ থেমে থাকা গাড়ির দীর্ঘ সারি নেই। দূরে কোথাও কোনো বাসের ভারী ইঞ্জিনের শব্দ রাতের নিস্তব্ধতাকে খানিকটা নাড়িয়ে দিয়ে আবার মিলিয়ে যাচ্ছে। অলিগলির মুখে দুই একটা রিকশা দাঁড়িয়ে আছে। চালকেরা হয়তো শেষ যাত্রীর অপেক্ষায়। কোনো কোনো বাড়ির ছাদে এখনো জ্বলছে টিমটিমে আলো। কেউ হয়ত রাত্রি বিলাসে ব্যস্ত। শহরের এই গভীর রাতে মানুষের চোখের আড়ালে কত শত গল্প যে নিঃশব্দে ডালপালা মেলছে, তার হিসাব রাখার কেউ নেই। রাত যত গভীর হচ্ছে, ঢাকার পরিচিত মুখটাও ততই অপরিচিত হয়ে উঠছে। মনে হচ্ছে, শহরটা দিনের সমস্ত অভিযোগ, অভিমান আর কোলাহল নিজের ভেতর গুটিয়ে নিয়ে কারও অজান্তে এক দীর্ঘশ্বাস ফেলছে। এমন সময় দেওয়ান নিবাসের সুবিশাল ড্রয়িংরুমের সোফায় আধশোয়া হয়ে বসে আছে অরণি। প্রিয় মানুষটার জন্য প্রতীক্ষার প্রহর গুনছে সে। কিছুক্ষণ পরপরই চোখ বুলিয়ে নিচ্ছে দেওয়ালঘড়ির দিকে। আজ অগ্নিভ বেশ আগেভাগেই বাড়ি ফিরেছে, অথচ এখনো অরিত্রের ফেরার নামগন্ধ নেই। অরণির চোখেমুখে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। নির্বাচন যত ঘনিয়ে আসছে, বাড়ির মানুষগুলোর চোখ থেকে ততই ঘুম উধাও হচ্ছে। কারও যেন একদণ্ড স্বস্তিতে থাকার উপায় নেই। অরণির আকাশকুসুম ভাবনার মাঝেই সদর দরজা খোলার মৃদু আওয়াজ ভেসে এল। চকিতে ফিরে সেদিকে তাকাল সে। তৎক্ষণাৎ অতীব প্রতীক্ষিত মুখটা চোখের পর্দায় ভেসে উঠল। ঠোঁটের কোণে প্রশস্ত হাসি ফুটে উঠল তার। চোখেমুখে ছড়িয়ে পড়ল খুশির ঝিলিক। অরিত্রকে বেশ বিধ্বস্ত দেখাচ্ছে। এতক্ষণ কোথায় ছিল কে জানে! পাঞ্জাবির এদিক ওদিকও বেশখানিকটা কুঁচকে আছে। কোনোদিকে না তাকিয়ে সোজা দোতলার উদ্দেশ্যে সিঁড়ির দিকে পা বাড়াল সে। সিঁড়ির কয়েক ধাপ উঠেও হঠাৎ থেমে গেল। পেছন ফিরে তাকাল। ততক্ষণে অরণির হাসিমাখা বদন কিছুটা ম্লান হয়ে এসেছে। অরিত্রের কপালে ভাঁজ পড়ল। ভ্রু কুঁচকে বরাবরের মতোই গম্ভীর স্বরে প্রশ্ন ছুড়ল,
“এত রাতে না ঘুমিয়ে এখানে কী তোর?”
জবাব দিতে সময় নিল না অরণি। রিনরিনে কণ্ঠে বলল,
‘আপনার জন্য অপেক্ষা করছিলাম।”
অরিত্রের কপালে দৃশ্যমান ভাঁজ আরও স্পষ্ট হলো। সরু দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে প্রশ্ন করল,
“আমার সঙ্গে তোর কী? অপেক্ষা কেন করছিস? তোর শরীর খারাপ হলে সেই দায়ভার আমায় দেওয়ার জন্য?”
একের পর এক প্রশ্নের তোপে পড়ে অরণি কিছুটা ইতস্তত বোধ করল। কয়েক মুহূর্ত সময় নিয়ে উত্তর দিল,
“সকালে নাস্তা করার পর থেকে আপনি এখনো কিছু খাননি।”
অরিত্র এবার অবাক না হয়ে পারল না। মেয়েটা এমন অদ্ভুত কেন? তার খাওয়া না খাওয়া নিয়ে এত মাথাব্যথারই বা কী আছে? কিছুটা বিতৃষ্ণা নিয়ে শীতল কণ্ঠে ফের জানতে চাইল,
“আমার খাওয়া না খাওয়ায় তোর কী আসে যায়? এই শরীর সব সয়ে যাওয়ার ক্ষমতা রাখে। চুপচাপ গিয়ে ঘুমিয়ে পড়।”
নিজের কথায় ইতি টেনে পুনরায় উপরের সিঁড়ির দিকে পা বাড়াল অরিত্র। ঠিক তখনই পেছন থেকে অরণি বলে উঠল,
“আমিও খাইনি।”
ব্যস! থেমে গেল অরিত্রের চলন্ত পদযুগল। কয়েক মুহূর্ত নিশ্চুপ দাঁড়িয়ে রইল সে। কিছু একটা ভাবল। অতঃপর অরণির দিকে না ফিরেই দৃঢ় কণ্ঠে আদেশ ছুড়ল,
“ভাত বেড়ে রাখ। ফ্রেশ হয়ে আসছি।”
অরণির মুখে মুহূর্তেই বিজয়ীর হাসি ফুটে উঠল। খুশিতে গদগদ হয়ে জবাব দিল,
“আচ্ছা, আমি খাবার গরম করি।”
ওড়নার শেষাংশ তর্জনী আঙুলের সাহায্যে ঘুরিয়ে হেলেদুলে রান্নাঘরের দিকে চলে গেল মেয়েটা। ঠোঁটের কোণে হাসি লেগেই আছে। যেতে যেতে গুনগুনিয়ে সুর তুলেছে। অরিত্র ততক্ষণে আবার সিঁড়ির দিকে এগিয়েছে। হঠাৎই তার কর্ণগোচর হলো গানের দুটো লাইন,
আমি বাকে আমার মনটা বাকে
আজও পারলাম না আমার মনরে চিনিতে
অরিত্রের বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এল। মেয়েটাকে নিয়ে আর পারা গেল না! তার মতো একটা মানুষের জন্য নিজের পবিত্র অন্তরটাকে প্রতিনিয়ত কলুষিত করে চলেছে। অথচ এই মানুষটার কাছ থেকে প্রতিদানে কীই বা পাওয়ার আছে তার? দিনশেষে নসিবে কী লেখা আছে, কে জানে! হাহ্!
.
রাতের নিস্তব্ধতা গভীর থেকে গভীরতর হচ্ছে। ঘড়ির কাঁটা তিনটার ঘর পেরিয়েছে বেশ কিছুক্ষণ হলো। ব্যালকনির খোলা দরজা গলে রাতের শীতল হাওয়া অনবরত কক্ষের ভেতরে প্রবেশ করছে। অথচ ঘরের বাতাসে কেমন এক দমবন্ধ করা বিষণ্ণতা জমে আছে। ব্যালকনির রেলিংয়ে দুই হাত রেখে আসমানের দিকে তাকিয়ে আছে অগ্নিভ। আঙুলের ফাঁকে ঠাঁই পেয়েছে জ্বলন্ত সিগারেট। সেখান থেকে কুণ্ডলী পাকিয়ে ওঠা ধোঁয়া রাতের বাতাসে মিশে ক্রমশ হারিয়ে যাচ্ছে। তার থেকে কয়েক হাত দূরত্বে ঘরের ভেতরে বিছানায় আধশোয়া হয়ে নিশ্চুপ বসে আছে পাখি। দুজনের মাঝখানে ব্যবধান খুব বেশি নয় অথচ এই মুহূর্তে মনের দূরত্ব যেন কয়েক যোজনের। কারোর চোখেই ঘুমের লেশমাত্র নেই। দুজনের মাঝখানে কথার আদান প্রদান বন্ধ হয়ে গেছে অনেকগুলো ঘণ্টা হলো। অভিমানের পর পুনরায় অভিমান জমে কখন যে নীরবতার দুর্ভেদ্য দেয়াল তুলে দিয়েছে, তার হিসাব কারোর কাছে নেই। বাইরে রাতের ঝিরঝিরে হাওয়ায় গাছের পাতাগুলো মৃদু কেঁপে উঠছে। দূর আকাশে চাঁদের আলো ক্রমশ ফিকে হয়ে আসছে। অথচ একই ছাদের নিচে থাকা দুটি মানুষের ভেতরকার অন্ধকারটুকু কাটার কোনো লক্ষণ নেই। একজন পারছে না নিজের অসহায়ত্ব প্রকাশ করতে অপরজন পারছে না নিজের সিদ্ধান্তে স্থির হতে। কী এক দমবন্ধ করা মুহূর্ত! নীরবতার ভারে যেন ঘরের প্রতিটি কোণ ভারী হয়ে উঠেছে। এভাবেই আরও কতক্ষণ পেরিয়েছে কে জানে! তবে ইতোমধ্যে অগ্নিভের দুটো সিগারেট শেষ হয়েছে। বুকের ভেতরটা কেমন জ্বালাপোড়া করছে তার। পাখির ওই ভারাক্রান্ত আননখানা তাকে একটুও স্বস্তি দিচ্ছে না। এমনিতেই চারপাশের পরিস্থিতি সহ সবকিছু এলোমেলো হয়ে আছে। তার ওপর এই নীরবতা যেন অসহ্য হয়ে উঠছে। আরও মিনিট দুয়েক ব্যালকনিতে দাঁড়িয়ে রইল অগ্নিভ। না, এভাবে আর সম্ভব নয়। উলটো ঘুরে দাঁড়াল। বড়ো বড়ো পা ফেলে ঘরের ভেতরে প্রবেশ করল। বিছানার পাশে এসে দাঁড়িয়ে মৃদু স্বরে ডাকল,
“প্রাণপ্রিয়া?”
পাখি ঘুমায়নি। এতক্ষণ শুধু নেত্রপল্লব বুজে রেখেছিল। অগ্নিভের কণ্ঠস্বর শ্রবণেন্দ্রিয়ে পৌঁছাতেই চোখ মেলে তাকাল। থমথমে মুখে সংক্ষিপ্ত জবাব দিল,
“জি।”
অগ্নিভ তার পাশেই বিছানায় বসল। চোখে চোখ রেখে জানতে চাইল,
“কথা বলবি না? এই দেখ, আমি ঠিকমতো শ্বাসও নিতে পারছি না।”
নিঃশ্বাসটা একটু আটকে বেশ নাটকীয় ভঙ্গিতেই বলল অগ্নিভ। এমন নরম, আদুরে কথায় পাখির আঁখিযুগল অশ্রুতে টইটম্বুর হয়ে উঠল। উঁহু, খুশিতে কিংবা অনুশোচনায় নয়। মানুষটার সেই চিরচেনা স্বভাবটুকু আবারও খুঁজে পেয়েছে বলে। কিন্তু এখন গলে গেলে তো চলবে না। তার জীবনের কঠিন সময় যে এরই মধ্যে শুরু হয়ে গেছে। আবেগের বশবর্তী হয়ে নিজের অবস্থান থেকে সরে দাঁড়াতে চায় না সে। তাই রসহীন কণ্ঠে বলল,
“প্রয়োজন পড়েনি, তাই বলিনি। পড়লে বলব।”
অগ্নিভের মসৃণ কপালে ভাঁজ পড়ল। মেয়েটাকে এমন কঠিন রূপে একদম মানাচ্ছে না। সবার সঙ্গে দৃঢ় সত্তাটা যায় না। অকস্মাৎ তড়িৎগতিতে এগিয়ে এসে পাখির মুখোমুখি হলো সে। দুজনের নাকের ডগা পরস্পরকে স্পর্শ করল। অগ্নিভের পুরুষালি শক্ত হাতটা আলতো করে ঠাঁই পেল পাখির দীর্ঘ কেশের খোঁপায়। হিসহিস কণ্ঠে বলল,
“আমার থেকে ভালো তোকে কেউ বাসবে না, মিলিয়ে নিস। পৃথিবীর সর্বপ্রান্ত ঘুরে এলেও এটাই ফিল করবি। দেওয়ান বংশের ইতিহাসে লেখা থাকবে, অগ্নিভ দেওয়ান ব্যতীত তার প্রাণপ্রিয়াকে পৃথিবীসম কেউ ভালোবাসতে পারেনি। নাকি যেই সৌন্দর্যের মোহে পড়েছিলি, সেটা নেই বলে মন উঠে যাচ্ছে তোর?”
এতক্ষণে পাখির ঠোঁটের কোণ ঘেঁষে তাচ্ছিল্যের হাসি উঁকি দিল। ফিসফিসে স্বরে বলল,
“পুরুষের অর্ধেক সৌন্দর্য তার কথা বলার ধরনে, আর বাকি অর্ধেক তার চরিত্রে। এখন দেখুন, আপনার কোনটাতে ঘাটতি।”
অগ্নিভ সরু দৃষ্টিতে পাখির দিকে তাকিয়ে রইল। পাখিও দৃষ্টি সরাল না। আর কতদিন এভাবে লুকোচুরি খেলবে মানুষটা? আর কতদিন কথার আড়ালে সত্যিটুকু ঢেকে রাখবে? একসময় ধীরে ধীরে পাখিকে ছেড়ে দিল অগ্নিভ। বুকভরা দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়াল। কোনো প্রত্যুত্তর না দিয়ে পুনরায় ব্যালকনির দিকে পা বাড়াল।
তার প্রস্থানের দিকে তাকিয়ে শান্ত অথচ ভারী কণ্ঠে বলে উঠল পাখি,
“আমার রাগের চেয়ে, আমার আগ্রহ হারিয়ে ফেলাটা বেশি স্থায়ী। রাগ তো ক্ষণস্থায়ী। কিন্তু কেউ একবার মন থেকে উঠে গেলে তাকে দ্বিতীয়বার আর আগের স্থানে বসাতে পারি না।”
#চলবে
লেখনীতে: #ইসরাত_তন্বী
(ভুলত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সকলের গঠনমূলক মন্তব্য ও রেসপন্সের আশা রাখি।)