ফন্ট সাইজ:
থিম:
মন কেমনের দিনে

পর্ব 4

লেখক: সানজিদা খানম স্বর্ণা

#মন_কেমনের_দিনে [৪]
#সানজিদা_খানম_স্বর্ণা

রিকশা এসে ঠিক ঠিক আমার বাসার সামনে থামল। নামার সময় খেয়াল করলাম বাড়িওয়ালা ভদ্রলোক আমার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে। অকারণ ভয়ে আমার হাত পা কাঁপতে লাগল। বুক ধকধক করতে লাগল। তখন সন্ধ্যা মিলিয়ে রাত নেমেছে ধরণীতে। বাগানের আবছা আলোয় ভদ্রলোকের তীব্র দৃষ্টি আমার চোখ এড়াল না। বাসায় ঢুকার সময় আমি ভদ্রলোকের দিকে তাকিয়ে ফ্যাকাসে ভঙ্গিতে হাসলাম। সত্যি বলতে এই লোকটাকে আমি একবিন্দুও পছন্দ করিনা। ভদ্রলোক বড্ড বিরক্তিকর মানুষ। উনার সাথে কোনো সমস্যা নিয়ে আলোচনা করতে গেলেই প্রথমে কপাল কুঁচকে তাকান। অত:পর নিজের অক্ষমতা প্রকাশ করে অনবরত অপ্রয়োজনীয় কথা বলেন। অসহ্য একটা মানুষ। কোন দুর্ভাগ্যের জেরে এই ব্যক্তি আমার ক্রাশের বাবা হলো কে জানে?

রিকশাওয়ালা আমার কাছ থেকে ভাড়া নিলেন না। উনার ভাড়া নাকি আগেই মিটিয়ে দেওয়া হয়েছে। অসহায়ত্বের সাথে সাথে বড্ড বিরক্তি এসে জেঁকে ধরল আমায়। ফারাবির কাছে আমি ত্রিশ টাকা ঋণী হয়ে রইলাম। কেউ আমার কাছে পাঁচ টাকা পেলেই অস্বস্তি, অশান্তিতে আমার ঘুম হারাম হয়ে যায়। সেদিন রাতভর আমি কম্বলের নিচে শুয়ে শুয়ে ভেবে চললাম ফারাবির দুর্বোধ্য কথাগুলো। মনে মনে পণ করলাম এর পরের বার দেখা হলে ত্রিশ টাকা ফিরিয়ে দেবার সঙ্গে সঙ্গে রহস্যপূর্ণ কথাগুলোর মানে জিজ্ঞেস করব। দুর্ভাগ্যজনকভাবে ফারাবির সাথে পরবর্তী অনেকগুলো দিন আমার আর দেখা হলো না। আমি অনুভব করলাম ছেলেটাকে না দেখলে এখন আর আগের মতো অস্বস্তি লাগে না। দমবন্ধকর কষ্ট হয়না। হয়তো ফারাবির দুর্ব্যবহারই এই অনীহার নৈপথ্যের কারণ। আমি নিয়মিত ভার্সিটিতে যাই। অবসর সময়ে প্রেমের উপন্যাস পড়ে সময় ব্যয় করি। এবং মাঝে মাঝে খুব রাতে যখন ফারাবির কথা মনে পড়লে ফাঁকা ফাঁকা অনুভূতি হয় তখন ডায়েরি হাতে চুপিচুপি লিখতে বসি মনের কথা। আমার কিন্তু প্রতিদিন ফারাবিকে মনে পড়ে না। ওর কথা মনে পড়ে মাঝরাতে, উদাস দুপুরে কিংবা ছুটির দিনের অবসন্ন বিকেলগুলোতে। আমি তখন একান্ত নিজের মতো করে ফারাবিকে চিঠি লিখি। চিঠিগুলোর ভাষা অনেকটা এরকম—

“প্রিয় ফারাবি,
তুমি কি জানো তুমি অত্যন্ত দুর্ভাগা একজন পুরুষ। আমার হৃদয় নিংড়ে সবটুকু প্রেম আমি তোমায় দান করতে চেয়েছিলাম। ভালোবাসার বিপুল ঐশ্বর্য নিয়ে আমি তোমার দোরগোড়ায় গিয়ে দাঁড়াতে চেয়েছিলাম কিন্তু তুমি স্বইচ্ছায় সেই পথ বন্ধ করে দিয়েছো। যেই পুরুষ নারীর আকুন্ঠ প্রেম অনুধাবন করতে পারে না সে পুরুষকে আমার বড় অসহ্য লাগে। ঘৃণা জন্মে মনে… তাই বলি, ফারাবি তুমি বড় দুর্ভাগা একজন।

ইতি,
শেষ বিকেলের সেই মেয়েটি

এরকম আরও অসংখ্য চিঠিতে ভরে আছে আমার ডায়েরীর পাতা। আমি জানিনা এই কথাগুলো লেখার কি মানে? আমার অবচেতন মন কী চায়? কিন্তু ফারাবির কথা স্মরণ হলেই, বুকের ভেতর হাহাকার উথলে উঠলেই আমি ফারাবিকে দোষী সাব্যস্ত করে চিঠি লিখি। ছেলেটা যদি আমার সাথে রূঢ় না হতো তবুও হয়তো একটা প্রেম হবার সম্ভাবনা ছিল। আমি তো দেখতে এতোটাও খারাপ নই। আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে বরাবর মুগ্ধ হই আমি। ওই তো কী সুন্দর চোখ! পাতলা ঠোঁট, তীক্ষ্ণ নাক এবং সুনিপুণ চেয়ালের গড়নে নিজের চোখে আমাকে বেশ রূপবতী লাগে। শুধু গায়ের রঙ শ্যামবর্ণের। ফারাবি আমার চেয়ে কয়েকগুণ ফর্সা। ওই ধবধবে গায়ের রঙ নিয়েই কি ওর এতো অহং?

আকাশে মস্ত বড়ো একটা চাঁদ উঠেছে। বারান্দায় বসে বুকের মাঝে চাপা ব্যথা অনুভূত হলো। নিশ্বাস নিতে কষ্ট হচ্ছে কেন যেন। মাঝে মাঝে আমার এমন হয়। ভেবেছিলাম ফারাবির ঘোর থেকে বোধহয় বের হতে পেরেছি। কিন্তু এই মুহুর্তে মনে হলো এই ছেলেটার ঘোর থেকে আমি শত বছরেও বোধহয় বের হতে পারব না। আজ সন্ধ্যায় আবারও এক ঝলক চোখের দেখা হয়েছে ছেলেটার সঙ্গে। কোনো কথা হয়নি দুজনের মাঝে। অপরিচিতের মতো ফারাবি আমাকে এড়িয়ে গেছে। ছেলেটার এই অবহেলা বড্ড পীড়া দিল আমায়। কুশল প্রশ্নটাও কি করা যেতো না? কিংবা একটা আন্তরিকতার হাসি ঠোঁটে এঁকে পাশ কাটিয়ে চলে যেতে পারতো ছেলেটা! কিন্তু সে সেটা করেনি। এমন ভাবে অবজ্ঞা করেছে যেন আমাকে সে কোনোদিনই চিনতো না। ওর অবজ্ঞাতে আমার বুকের ভেতর তীব্র প্রেমের অনুভূতি আবার ফিরে এল। ছেলেটা যেন মুখের উপর চপেটাঘাত করে বুঝিয়ে দিয়ে গেল আমি তার জীবনে নিঃপ্রয়োজনীয়। আমাকে ঘিরে সে বিন্দুমাত্র অনুভূতি লালন করে না মনের কোণে। অবশ্য আমি নিজের অনুভূতিগুলোকেই ঠিকঠাক বুঝতে পারছি না। অসহ্য লাগছে সব, অসহ্য লাগছে এই পৃথিবী। নিজের বারোভাতারি মন নিয়ে বড্ড বিপদে পড়ে গেলাম।

রাগে-দুঃখে মাঝরাতে বারান্দায় বসে ঝরঝর করে কাঁদতে লাগলাম আমি। কাঁদতে লাগলাম নিজের সমস্ত অনুভূতিকে নিঃশেষ করে দিয়ে। মনে মনে পণ করলাম, আর কখনোই ফারাবিকে নিয়ে ভাববো না আমি। কখনোই ভাববো না। এবং সেই রাতেই একটা ভয়াবহ কাজ করে ফেললাম আমি। ফারাবিকে নিয়ে লেখা সমস্ত চিঠি ছিঁড়ে কুটিকুটি করে ডাস্টবিনে ফেলে দিলাম। ডায়েরীটাও যতটুকু সম্ভব নষ্ট করে পরদিন ফেলে দিলাম নর্দমায়।

ফারাবির সাথে আমার দেখা হলো আরও অনেকগুলো দিন পর। ছেলেটাকে ঘিরে দিন তারিখের হিসাব ততদিনে নিষ্প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। আমি নিজের জীবনে বড্ড ব্যস্ত হয়ে উঠেছি। আমার প্রথম সেমিস্টারের পরীক্ষা শেষ হয়েছে বেশ কয়েকদিন আগে। আমি তখন মুক্ত বিহঙ্গের মতো ডানা মেলে আকাশে-বাতাসে উড়ছি। প্রকৃতিতে তখন শীতকাল। আমাদের বাসার সামনে চিতই পিঠার পসরা সাজিয়ে বসেছে এক বৃদ্ধা। পিঠা কিনতে গিয়েই দেখা হলো ছেলেটার সঙ্গে। সেদিন খুব ভালোভাবে লক্ষ্য করলাম ছেলেটাকে। বেশ অনেকখানি রোগা হয়েছে ছেলেটা, চশমার আড়ালের চোখদুটোর নিচে কালি পড়েছে। ছেলেটাও পিঠা কিনে ফিরছিল। সিঁড়িতে উঠতে উঠতে বহুদিন পর কথা বললাম তার সাথে,

“ফারাবি সাহেব কি খাওয়া-দাওয়া করেন না নাকি? চেহেরা এমন চেঙ্গিস খানের মতো ভেঙে যাচ্ছে কেন?”

ফারাবি ঠোঁটের কোণে শুকনো হাসি টানল। ভীষণ রকম ক্লান্ত চেহেরায় সেই হাসিটি বড্ড বিশ্রী লাগল আমার চোখে। কিন্তু আশ্চর্যজনক ভাবে এই ছেলেটাকে বিশ্রী হাসিতেও দারুণ মানায়। সে মৃদুস্বরে জবাব দিল,
“আমি তো না হওয়া প্রেমিকার বিরহে দিন দিন শুকিয়ে যাচ্ছি। আপনি কিসের অভাবে এমন পাঠ কাঠির মতো শুকিয়ে যাচ্ছেন রেশমী?”

অপ্রেমিকা! আমার মনে যেমন ফারাবিকে ঘিরে প্রেমের অনুভূতি লুকিয়ে আছে তার মনেই একই অনুভূতি নিয়ে বাস করছে অন্য কেউ? আমার প্রেমে ডুবন্ত মনটা বোধহয় মর্মাহত হলো। আর ওর পরবর্তী কথাটায় বেশ আশ্চর্যও হলো বেশ অনেকখানি। আয়নায় রোজ নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখি আমি। নিজের শুকিয়ে যাবার কোনো প্রমাণ চোখে পড়ে না। তবুও হাসিমুখে মিথ্যে জবাব দিলাম,

“পড়াশোনার বেশ চাপ যাচ্ছে ইদানীং। তাই হয়তো…”

ফারাবি সিঁড়ির ধাপ পেরুতে লাগল আমার শ্যামবর্ণা আদলে অপলক চেয়ে চেয়ে। আমার আবার অস্বস্তি হলো। ছেলেটাকে যতবার ভুলে যাবার চেষ্টা করি ততবার দ্বিগুণ উদ্দোম নিয়ে সে ফিরে আসে আমার জীবনে। অবশ্য প্রেম নিয়ে আসে না। সে আসে এক পৃথিবী অপ্রেম নিয়ে। যেই অপ্রেমের অনলে দগ্ধ হয়ে আমি পুড়তে থাকি দিনের পর দিন। দিনের পর দিন…

পরিস্থিতি স্বাভাবিক করতেই ঝরঝরে গলায় বললাম,
“তারপর আপনার দিনকাল তবে ভালোই যাচ্ছে? ভালোই আছেন?”

ফারাবি গাঢ় চোখে তাকাল আমার দিকে। আমিও অদ্ভুত সম্মোহনে তাকিয়ে রইলাম তার চশমার আড়ালের চোখদুটোতে। চলন্ত পা জোড়া থেমে গেল অকারণেই। কেন যেন মনে হলো ছেলেটার নির্ভয় সেই চাহনিতে লুকিয়ে আছে একরাশ প্রেম। যেই প্রেম আমার মনে বাসা বেঁধেছে সেই প্রেম বোধহয় কাবু করেছে ফারাবিকেও। প্রেমোদকের গাঢ় চাহনিতে আমার হৃদয় কেঁপে কেঁপে উঠল। আমি ঠোঁটে লম্বা হাসি টেনে ভ্রু নাচালাম। ফারাবি দীর্ঘশ্বাস প্রকাশে ‘হুহ’ শব্দ করে চোখ নামিয়ে নিল। মৃদুস্বরে বলল,
“আমি ভালো নেই। আপনি ভালো আছেন তো, রেশমী?”

এই প্রশ্নের কোনো মানে নেই। কারণ এই ছেলেটার সাথে দীর্ঘদিন দেখা না হলে আমার ঘোর কেটে যেতে থাকে। আমার হৃদয়ের অলিন্দে দোলা দেওয়া প্রেমময় অনুভূতি ফিকে হয়ে যায়। সুতরাং অন্তত তাকে ভেবে বহুদিন আমার মন খারাপ হয়না। কিন্তু আমি অনুভব করছি, আজকের পর আমার আবার মন খারাপ হবে। রাতটা কেটে যাবে দমবন্ধকর অস্বস্তিতে। অপ্রেমের যন্ত্রণায় ভেঙেচুরে যেতে থাকবে বুকের পাঁজর। কারণ ফারাবি নামের ছেলেটা আমাকে জানিয়েছে সে ভালো নেই। তার এই ভালো না থাকা কেড়ে নিবে আমার সমস্ত ভালো থাকাকে। আমি শুকনো ঢোঁক গিলে প্রতিত্তোর করলাম,
“ভালো আছি। কিন্তু আপনি ভালো নেই কেন?”

“এমনি। কেন যেন কিছুই ভালো লাগে না। পড়াশোনার খুব চাপ যাচ্ছে…”

ফারাবির কন্ঠে কাতরতা। ছেলেটার কাতর কন্ঠে আমি ভীষণ উদ্বিগ্নবোধ করলাম। কেন যেন মনে হলো ফারাবি ভালো নেই। আমার অপ্রেমিক ফারাবি ভালো নেই। ব্যাপারটা উপলব্ধি করতেই মনাকাশে মেঘ জমল। চোখ উপচে জল গড়িয়ে পড়তে চাইল। ভেজা কন্ঠে বললাম,
“আপনি যেন কোন ইয়ারে পড়েন…”

আমি এমনভাবে প্রশ্নটা করলাম যেন বোঝা যায় তার পড়াশোনার বর্ষটি জানতাম। ভুলে গিয়েছি এই মুহুর্তে। আমার প্রশ্নের জবার দেবার আগেই দুজনের পথ আলাদা হয়ে গেল। কারণ ইতোমধ্যে তিনতলায় এসে দাঁড়িয়েছি আমরা। সুন্দর হাসি উপহার দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকে গেলাম আমি। এবং এরপর সারাটা দিন ছেলেটার ওই ভগ্ন চেহেরাটা চোখের সামনে ভাসতে লাগল। কেন যেন ছেলেটার প্রতি আমার পুরনো প্রেম আবার জেগে উঠল। চেপে রাখা অনুভূতিগুলো মুহুমুহু এসে আঘাত হানতে লাগন মনের বদ্ধ দরজার কপাটে। বেয়ারা, বেয়াদপ মনটাকে কোনো ভাবেই ফারাবির ভাবনা থেকে মুক্ত করতে পারলাম না। আর না পারলাম আমার পাগলাটে অনুভবের কথা কাউকে জানাতে।

ফারাবির প্রতি অপরিসীম প্রেম মনে লুকিয়ে গুমরে মরতে লাগলাম দিন-রাত। আমার কোমল মনটা প্রেমের ব্যথায় জর্জরিত হয়ে উঠল। সেই শীতের রাতে আমি উদাস হয়ে চেয়ে রইলাম আকাশপানে। কুয়াশাজড়ানো অন্ধকারের মাঝে কেবল দেখতে পেলাম ফারাবির নির্দোষ, সরল মুখ। চশমাপরা ক্লান্ত চোখ। আমার উদাস নিশিযাপন দেখে ফাহমিদা আপু এসে ভ্রু কুঁচকে বললেন,
“তোমার কি হয়েছে রেশমী। শরীর খারাপ? এখানে এভাবে দাঁড়িয়ে আছো কেন?”

আমি মৃদু হেসে জানালাম,
“না, আপু। আমার শরীর ভালো, মনটা সামান্য খারাপ।

আপু আমাকে ঘরে এসে ঘুমাতে বললেন। বই পড়ার নির্দেশ দিলেন। কিন্তু আমি উনার নির্দেশগুলো হাসিমুখে মেনে নিলেও পালন করলাম না। সারাটা রাত দাঁড়িয়ে রইলাম বারান্দায়। নিঝুম, নিরব রাতে আমি তাকিয়ে রইলাম কুয়াশায় ঢাকা চাঁদের দিকে। এবং দাঁড়িয়ে রইলাম রাতের শেষ প্রহর অবধি। সারারাত ভেবে চললাম ফারাবির কথা, বাবা-মায়ের কথা, ছোট ভাইয়ের কথা। প্রিয় মানুষগুলোর কথা স্মরণ করে আমার ভীষণ রকম কান্না পেয়ে গেল। আমি কাঁদলাম খুব করে। নিজেকে উজার করে কাঁদলাম সারা রাত।

শেষ রাতের দিকে আমার খুব শীত করতে লাগল। অনুভব করলাম আমার সারা শরীর জুড়ে অসম্ভব ব্যথা। চোখদুটো জ্বলছে। সারা শরীরে জেঁকে বসেছে প্রেমজ্বর। অসভ্য ফারাবির প্রেমে আমি আবারও কাবু হয়ে গেলাম। ছেলেটার ভালো না থাকা আমাকেও ভালো থাকতে দিল না। দিন তিনেক পর জ্বরেরধাক্কা সামলে উঠলাম আমি। এই তিনিটে দিন মায়ের মতো আমার সেবা করল ফাহমিদা আপু। মেয়েটার যত্নে আমার রিতীমত কান্না পেয়ে গেল। সুস্থ হয়ে আপুর দিকে তাকিয়ে কৃতজ্ঞতার সুরে বললাম,
“আপনি এতো ভালো কেন আপু?”

ফাহমিদা আপু হাসল। বই থেকে মুখ তুলে কৌতুকের সুরে বলল,
“আচ্ছা, আমি খুব ভালো বুঝি?”
“অনেক ভালো আপু। একদম মায়ের মতো।”

আমার কথা শুনে আপুর ঠোঁটের কোণে আবার হাসি ফুটে উঠল। পরপরই একটু বিষণ্ণ কন্ঠে বলল,
“এই না, আমার এখনো বিয়ে হয়নি রেশমী। এখুনি বুড়ি বানিয়ে দিও না।”

বলতে বলতে আপু একা একাই হাসতে লাগল কল্লোল তুলে। প্রথমে হাসিটি দেখতে ভালো লাগলেও ক্রমেই সেই হাসিটিকে অপ্রকৃতস্থ মানুষের মতো লাগল। আমি দেখলাম হাসতে হাসতে বিষণ্ণ হয়ে গেছেন আপু। উনার চোখের কোণে জমেছে জমে উঠেছে নোনা জল। আপু নিজের বিষণ্ণ মুর্তি আড়াল করতেই বুঝি বেরিয়ে গেল ঘর ছেড়ে। আমি জানি এখন আপু অনেকক্ষণ সময় ধরে কাঁদবে। আমি জানিনা ফাহমিদা আপুর মতো একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্টের জীবনে কী এমন দুঃখ আছে সেটার ভার সইতে না পেরে মাঝে মাঝেই এমন হৃদয় কাঁপানো কান্নায় নিজেকে উজার করেন আপু। আপুর চলে যাওয়ার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললাম আমি। ছোট্ট ঘরখানায় রিনরিন শব্দ তরঙ্গ তুলে আরও অনেকক্ষণ বাজতে লাগল ফাহমিদা আপুর হাসি।

—চলমান—

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 4 শেষ করেছেন।

আগের পর্ব উপন্যাস সমাপ্ত

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন