#মন_কেমনের_দিনে [৩]
#সানজিদা_খানম_স্বর্ণা
নিজের বেহায়া মনটাকে ধরে বেঁধে আরও সাতদিন ঘরবন্দি করে রাখলাম। ফারাবি নামের অভদ্র ছেলেটা আমার আত্মসম্মানে ভয়াবহ আঘাত করেছে। আমি সেদিনের চূড়ান্ত অপমানের বদলা নিচ্ছি নিজেকে তার থেকে আড়াল রেখে। আমার অবচেতন মনের মাঝে হয়তো সুক্ষ্ণ কূটনীতি লুকিয়ে ছিল। ভেবেছিলাম আমাকে না দেখে বোধহয় ছেলেটা অপরাধবোধে ভোগবে। অপমান করেছে বিধায় অনুশোচনা হবে। অথচ তেমন কিছুই হলো না।
দিন সাতেক পরে একদিন রুমমেট ফাহমিদা আপা আমাকে ডেকে বলল,
“এই রেশমী, তুমি নাকি বাড়িওয়ালার ছেলের দিকে সারাক্ষণ হা’ করে তাকিয়ে থাকো?”
আমার বিস্ময়ের সীমা রইল না। ফারাবি বাড়িওয়ালার ছেলে? বিস্ময়বোধের সাথে একরাশ লজ্জার অনুভূতি ঘিরে ধরল আমায়।
লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করল। এবং পরপরই রাগে গা কাঁপতে লাগল। ছেলেটা জনে জনে এসব গুজব ছড়াচ্ছে? না জানি কতজনের কাছে এসব বাজে কথা ছড়িয়েছে। ভাবতে গিয়ে একটা ভয়ের অনুভূতিও ঘিরে ধরল আমায়।
আপুর দিকে তাকিয়ে অসহায় মুখ করে বললাম, “কার কথা বলছেন আপু? আমি তো কিছুই বুঝতে পারছি না।”
“বুঝতে পারছো না! অথচ ফারাবি তোমার নামে এতো বড় রিউমার ছড়াল? আশ্চর্য!”
আপুর কন্ঠে সংশয়। আমার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে রইলেন ফাহমিদা আপু। আমার হাঁসফাঁস লাগতে শুরু করেছে। ইসস, কী বিশ্রী পরিস্থিতি! আমতা-আমতা করলাম,
“আমিও তো কিছুই বুঝতে পারছি না আপু।”
আমার সরল মুখের অসহায়ত্ব বোধহয় দাগ কাটল ফাহমিদা আপুর হৃদয়ে। প্রশ্রয়ের হাসি হেসে, সান্ত্বনার সূরে বলল,
“আচ্ছা, মন খারাপ করো না রেশমী। আজকালকার ছেলেগুলো বড্ড বাজে স্বভাবের হয়। বাড়িওয়ালার ছেলে এজন্য নিজেকে সর্বেসর্বা মনে করে বোধহয়। দাঁড়াও আংকেলের কাছে বিচার দিব আমি…”
আমি আঁতকে উঠলাম আপুর পরিকল্পনা শুনে। বিচার দিলে অবশ্যই কেঁচো খুড়তে কেঁউটে বেরিয়ে আসবে। সকলের মুখে মুখে গবেষণা হবে আমাকে নিয়ে। আমি সেটা কোনো ভাবেই চাই না। রাজশাহী আমার স্বপ্নের শহর। ছোটবেলা থেকেই এই শহরে পড়াশোনা করার স্বপ্ন দেখেছি আমি। নিজের চারপাশে অসুস্থ পরিবেশ নিয়ে এই শহরে বাস করা অসম্ভব। তাই আপুর হাত ধরে অনুনয়ের স্বরে বললাম,
“প্লিজ আপু। কিছু বললে ব্যাপারটা হিতে বিপরীত হবে। উনি যদি রাগ করে আমাকে বাসা ছেড়ে চলে যেতে বলে তখন আমি কোথায় যাব? আপনি তাকে কিছু বলবেন না প্লিজ…”
আপু আমার অনুরোধ মেনে নিলেন। তিনি এই বিষয়ে আর কোনো উচ্চবাচ্য করলেন না। আর আমি মনে মনে সুযোগ খুঁজতে লাগলাম ফারাবি ছেলেটার সাথে আরও একবার দেখা করার। ছেলেটাকে ইচ্ছেমতো কথা শুনাতে না পারলে আমার মনে কিছুতেই শান্তি ফিরবে না। ভেতরে ভেতরে আগুন জ্বলতে লাগল আমার। একদিন বিধাতা আমাকে সেই সুযোগ করে দিলেন। বিকেলগুলো যাতে আর কোনো অভদ্র ছেলের চিন্তায় কাতর না হতে হয় সেই জন্য বিকেল চারটায় একটা টিউশনি যোগাড় করে ফেললাম। অবশ্য খুঁজতে হলো হন্যে হয়ে। একদিন টিউশনি থেকে ফেরা পথে ঝমঝমিয়ে বৃষ্টি নামল শহর জুড়ে। নিজেকে বৃষ্টির কবল থেকে বাঁচাতে দৌড়ে একটা চায়ের দোকানের ছোট ছাঊনির নিচে গিয়ে দাঁড়ালাম। ধরণীর বুকে তখন ঘোর সন্ধ্যা নামছে আয়োজন করে। আমার মতো আরও অনেকেই আশ্রয় নিয়েছে ছোট্ট টিনের চালার নিচে। আমি গিয়ে দাঁড়ানোর কয়েক সেকেন্ডের মাঝে মধ্যবয়সী এক ভদ্রলোক এসে আমার গা’ ঘেঁষে দাঁড়াল। ভীষণ অস্বস্তি নিয়ে দূরে সরে গেলাম আমি। শয়তান লোকটা দৃষ্টি অন্যদিকে রেখে আবারও আমার খানিকটা কাছে সরে এল।
বৃষ্টিভেজা শ্রাবণ সন্ধ্যায় ভীষণ অসহায়বোধ করলাম আমি। মনে মনে নিজেকে গালি দিতে লাগলাম ক্রমাগত। কেন, কী প্রয়োজন ছিল এখানে দাঁড়ানোর? একে তো লোকে লোকারণ্য হয়ে আছে জায়গাটা, তারপর সিগারেটের গন্ধে পেটের নাড়িভূঁড়ি অবধি বেরিয়ে আসতে চাইল। চোখেমুখে স্পষ্ট বিরক্তি নিয়ে দাঁড়িয়ে বৃষ্টি থামার অপেক্ষা করতে লাগলাম আমি।
জঘন্য লোকটা আবারও আমার গা ঘেঁষে এসে কনুই দিয়ে স্পর্শকাতর স্থানে গুঁতো বসাতে উদ্যত হলো। ঠিক সেই মুহূর্তে আমাদের মাঝখানে রক্ষাকর্তার মতো উদয় হলো ফারাবি। ছেলেটাকে দেখে আমি বিস্ফোরিত লোচনে তাকালাম। ফারাবির মুখ গম্ভীর। চোখের দৃষ্টিতে ভয়াবহ তীব্রতা। অসভ্য লোকটা ফারাবিকে মাঝখানে আবিষ্কার করে ভীষণ অসন্তুষ্ট হলো। রুষরক্ত নয়নে ফারাবির দিকে তাকিয়ে মুখ ঘুরিয়ে অন্যদিকে চলে গেল। লোকটাকে ইংরেজিতে একটা গালি দিয়ে ফোঁস করে দীর্ঘশ্বাস ফেলে আমার দিকে তাকাল ফারাবি। গমগমে কন্ঠে প্রশ্ন করল,
“এই সন্ধ্যা বেলায় আপনি এখানে কি করছেন?”
প্রশ্নটায় একটা প্রচ্ছন্ন অধিকারবোধের সুর বয়ে গেল। আমি অবশ্য জবাব দিলাম না। আমার উপর ওই মানুষটার অধিকারকে অনধিকারচর্চা মনে হলো। তাছাড়া মনের কোণে পাহাড় সমান অভিমান জমেছে। বিমর্ষ চিত্তে নির্বাক দাঁড়িয়ে রইলাম আমি। যেন ফারাবি নামের ছেলেকে আমি কোনো কালেই চিনতাম না। ফারাবি আবার বলল,
“মেঘ বালিকা, আপনি কথা বলছেন না কেন?”
বড্ড রাগ হলো সম্ভোধনের বাহার দেখে। নাটকবাজ! বিশ্বসেরা অভিনেতা এই ছেলে। ভীষণ রকম বিরক্ত হলাম আমি। এবারও জবাব না দিয়ে মুখ ঘুরিয়ে নিলাম অন্যদিকে। আকাশ থেকে রূপোলী সুতোর মতো বৃষ্টি নামছে অঝোর ধারায়। মনে হলো, বুঝি বিষণ্ণ আকাশ তার সমস্ত অভিমান অশ্রুধারায় মিশিয়ে দিচ্ছে ধরণির বুকে। আমি নির্নিমেষ তাকিয়ে রইলাম সেদিকে। আর ফারাবি তাকিয়ে রইল আমার দিকে। আমি তার দিকে না তাকিয়েও তার গাঢ় দৃষ্টি অনুভব করতে পারলাম। অস্বস্তি হলো আমার। বিরক্ত হয়ে এক পর্যায়ে ভ্রু কুঁচকে প্রশ্ন করলাম,
“আপনার সমস্যা কী বলুন তো? এভাবে তাকিয়ে আছেন কেন?”
ফারাবির চশমার আড়ালে লোকায়িত চোখদুটো নির্বিকার, অনুভূতিহীন। ঠোঁটের কোণে একটা গা জ্বালানো হাসি। প্রশ্নের জবাব না দিয়ে সে আমার দিকে তাকিয়ে রইল দীর্ঘক্ষণ। নিরবে নিরীক্ষণ করে গেল আমাকে। একপর্যায়ে গাঢ়স্বরে আওড়াল,
“তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়,
সে কি মোর অপরাধ?”
আবারও অসহ্য ন্যাকামি। কিন্তু তবুও কেন যেন আমার শরীর কেঁপে কেঁপে উঠল। বুকের ভেতর ছলকে উঠল প্রেম সাগরের ঢেউ। হৃদপিণ্ডে শব্দ হলো দ্রিমদ্রিম। সারা দেহজুড়ে বয়ে গেল তড়িৎপ্রবাহ। শুকনো ঢোক গিললাম আমি। কন্ঠে আগের মতো উত্তাপ খুঁজে পেলাম না। বরং গলা শুকিয়ে এল। চেহেরায় কোনোভাবেই রূঢ় ভাব ফিরিয়ে আনতে পারলাম না। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে কৃত্রিম ক্রোধ নিয়ে বলার চেষ্টা করলাম,
“এসব নাটকের মানে কী ফারাবি? আর টিপিক্যাল প্রেমিকের মতো এমন ডং করার উদ্দেশ্যটাই বা কী?”
আমার কন্ঠটা মিউ মিউ করা ছোট্ট বেড়ালের মতো শোনাল। এই পর্যায়ে নির্লজ্জের মতো দাঁত কেলিয়ে হাসল ফারাবি। মানে, উদ্দেশ্য কোনোটাই পরিষ্কারভাবে ব্যখ্যা না করে চলে গেল ভেতরের দিকে। আমি হতভম্ব হয়ে ছেলেটার চলে যাওয়া দেখলাম। মোটেও ভরাট, পেশীবহুল পুরুষালি গড়ন নয় ছেলেটার। বেশ ছিপছিপে, হালকা-পাতলা গড়নের শরীরে হালকা সবুজ রঙের একটা ঢিলেঢালা টি-শার্ট পরিহিত। গভীর চোখে এই ছেলেটাকে দেখলে মনের গোপন অলিন্দে কেন যেন প্রেমের সংগীত বাজে। আচ্ছা, এই ছেলেটা কী জানে কী ভয়াবহ সুদর্শন সে? আমি যে ওর চোখে মুখে লেগে থাকা দুষ্টুমিভরা সারল্যটুকুতে কী ভীষণ অসহায়বোধ করি, সে কি সেটা জানে?
ফারাবি ফিরে এল মিনিট দুয়েক পর। ওর দুই হাতে মাটির ভাঁড়ে ধোঁয়া উঠা গরম চা। আমার দিকে একটা ভাঁড় বাড়িয়ে দিয়ে কৌতুকের সুরে বলল,
“এই নিন, চা খান ম্যাডাম। বৃষ্টি ভেজা সন্ধ্যায় সুদর্শন পুরুষের পাশে দাঁড়িয়ে চা খাওয়ার আনন্দই আলাদা।”
নিজেকে সুদর্শন দাবী করে হাসোজ্জল মুখে দাঁড়িয়ে থাকে ফারাবি। আর আমি প্রবল বিরক্তি নিয়ে বাঁকা চোখে তাকাই ছেলেটার দিকে। ক্ষুব্ধ কন্ঠে বলে উঠি,
“আপনি নিজেকে খুব স্মার্ট ভাবেন তাই না?”
“ভাবার কিছু নেই, আমি সত্যিই স্মার্ট।”
ফারাবির মুখে চরম সত্য শুনে আমার বুক ধুকপুক করল। কিন্তু অনুভূতিগুলো একান্ত আমার নিজের। আমার মনের বিরুদ্ধে মস্তিষ্কের একটা অংশ প্রচন্ড লড়াই চলছে। শত অপমানের পরেও মনটা খুব করে এই ছেলেটার সান্নিধ্য চায়। আর মস্তিষ্ক বারবার সতর্ক করে, বারবার সাইরেল বাজায়—
“খবরদার, খবরদার রেশমী। এই ছেলেটাকে কোনো ভাবেই ভালোবাসা চলবে না। এই ছেলেটার সাথে কোনো ভাবেই মোলায়েম কন্ঠে কথা বলা যাবে না। কারণ এই ছেলেটা তোকে চরম অপমান করেছে, মানুষের কাছে তোর নামে গুজব ছড়িয়েছে। সুতরাং সাবধান…”
আমি মনের অনুভূতিটুকু একান্ত নিজের মাঝে চেপে রাখি। এবং মস্তিষ্কের সতর্কবার্তা মেনে নিয়ে তীক্ষ্ণ চোখে তাকাই ছেলেটার দিকে। ফারাবি এখনো চায়ের ভাঁড় আমাকে দিকে বাড়িয়ে ধরে আছে। চোখের ইশারায় বারবার গ্রহন করার নির্দেশ দিচ্ছে ফারাবি। আমি গ্রহন করলাম না বৃষ্টিভেজা সন্ধ্যায় ছেলেটার চা'য়ের নিমন্ত্রণ। বড্ড অবহেলায় ফিরিয়ে দিলাম,
“স্যরি ফারাবি, আমি কোনো সুদর্শন পুরুষের পাশে দাঁড়িয়ে চা খাবার অভিজ্ঞতা অর্জন করতে চাই না। কারণ আমার চোখে আপনি মোটেও সুদর্শন পুরুষ নন।”
হো হো হাসল ফারাবি। ভ্রু নাঁচিয়ে বলল,
“খুব দুঃখের বিষয় হলো আপনি গুছিয়ে মিথ্যে বলতে পারেন না, রেশমী।”
আমি কপাল কুঁচকে তাকালাম। গাম্ভীর্যতা ফোটানোর খুব চেষ্টা করলাম চোখেমুখে। আমার হাসফাস লাগতে শুরু করল। জীবনের আঠারোটা বসন্ত পাড় করেও কোনো ছেলের প্রেমে পড়িনি। ফারাবির প্রতি সেইজন্যই আমার অনুভূতি ভীষণ তীব্র, প্রবল। নিরুপায় হয়ে বললাম,
“আচ্ছা, আপনি কি চান স্পষ্ট করে বলুন তো?”
বলতে বলতে অকারণ কঠিন হয়ে এল আমার মুখের রেখা। ফাহমিদা আপুর কাছে আমার নামে আজেবাজে কথা বলার ঘটনাটা মনে পড়ে গেল হঠাৎ। উত্তরের অপেক্ষায় তীব্র চোখে চেয়ে রইলাম ছেলেটার দিকে। ফারাবি ভীষণ অবাক হলো। সবিস্ময়ে প্রশ্ন ছুঁড়ল,
“আমি! আমি আবার কী চাইব?”
“কিছুই চান না?”
“আপনি এই চা'টুকু খান, এটাই চাই আপাতত। আপনার প্রতিক্ষায় আমার চা'ও ঠান্ডা হয়ে যাচ্ছে।”
প্রতীক্ষা! বড়ো ভারী একটা শব্দ। আমার প্রতীক্ষায় ব্যয় করার মতো এতো সময় আছে ছেলেটার? হঠাৎ করে কেন যেন এই কথাটা বেশ ভালো লাগল আমার। হাত বাড়িয়ে নিয়েই চুমুক বসালাম মাটির পেয়ালায়। অবশ্য আমার কালক্ষেপণে ক্রমশ স্তিমিত হয়ে এসেছে পেয়ালার তরল পানীয়ের উত্তাপ। এক চুমুকে চা' শেষ করে অঝোর শ্রাবণ ধারার দিকে তাকিয়ে রইলাম আমি। একটু অন্যমনস্ক ভাবে প্রশ্ন করলাম,
“আপনি আমাকে শুধু শুধু কেন হ্যারাস করছেন ফারাবি? রুমমেট আপুর কাছে আমার নামে মিথ্যে মিথ্যে কতগুলো কথা কেন বললেন?”
প্রশ্নটা করার সময় আমি একবারও তাকালাম না ছেলেটার দিকে। কারণ আমার প্রশ্ন শুনে সে যদি সামান্যতমও অসহায় বোধ করে তাহলে আমার অন্তরে ব্যথা অনুভূত হবে। কারণ আমি নিজের অনুভূতি জানি, নিজের মনের দোলাচলের সঙ্গে আমি খুব পরিচিত। আমি উদাসভাবে তাকিয়ে রইলাম অবিরাম বর্ষণের দিকে। নীলিমার বুকজুড়ে তখন অবিশ্রান্ত মেঘের দুরন্ত ছুটোছুটি। ফারাবি নিজের চায়ের পেয়ালা ছুঁড়ে ফেলল কাঁদা জলের মাঝে।
সাবলীল ভাবে বলল,
“আমি কথাগুলো বলায় আপনার মন খারাপ হয়েছে, রেশমী? আমার উপর রাগ হয়েছে খুব?”
আমি মাথা উপর-নিচ করে ‘হু’ বুঝালাম। অকারণেই ভীষণ মন খারাপ হয়ে গেল। তারমানে সত্যিই নিজের মুখে আপুকে ওই কথাগুলো বলেছে ফারাবি? কিন্তু কি কারণে? কারো জন্য নিজের অন্তরের গহীনে অনুভূতি লালন করা কি দোষের কিছু? আমি তো প্রকাশ করেনি নিজের অনুভূতি। চেপে রেখেছি নিজের মাঝে। একান্ত গোপনে, নিভৃতে…তবুও কেন এই অপবাধের ভার বইতে হবে আমাকে? আমার চোখের কোণে জল টলমল করে উঠল। ফারাবি আমার উত্তর বুঝে নিয়ে কাতর কন্ঠে আওড়াল,
“তবুও তো একদিন ছুটে এসে আমায় প্রশ্ন করলেন না। আমাকে চেপে ধরে জিজ্ঞেস করলেন না, কেন এতো মিথ্যাচার করেছি আমি। নিজের স্বচ্ছতা প্রমাণের জন্য আমার জবাবদিহিতা গ্রহন আপনার দায়িত্ব ছিল না?”
আমি বোকার মতো তাকালাম ছেলেটার মুখের দিকে। ঠোঁটের কোণে অহেতুক হাসি ঝুলিয়ে রেখেছে ফারাবি। ওই এক চিলতে হাসিটুকু বড্ড দুর্বোধ্য ঠেকল আমার চোখে। ছেলেটা নিজে মিথ্যে কথা বলে আবার আমাকে প্রশ্ন করছে, কেন কৈফিয়ত চাইনি তার কাছে? ওকে কাঠগড়ায় দাঁড় না করিয়ে আমি বোধহয় বিরাট অপরাধ করে ফেলেছি। এসব অবাস্তব কথা আমার মাথার উপর দিকে গেল। ভীষণ আশ্চর্য হয়ে বললাম,
“মানে?”
“মানে কিছু না, বৃষ্টি থেমে গিয়েছে। আপনি বাড়ি যান। আমি রিকশা ডেকে দিচ্ছি…”
আমাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে ফারাবি কোথা থেকে একটা রিকশা ডেকে আনল। কাঁদা মাটিতে নোংরা হয়ে গেল ছেলেটার দামী সাদা জুতো। প্যান্টের নিচের অংশেও কাঁদার ছিঁটেফোঁটা উঠে এল অবলীলায়। সেদিকে ভ্রুক্ষেপ করল না ফারাবি। বরং ভীষণ সম্মানের সহিত আমাকে রিকশায় তুলে দিল। রিকশাওয়ালাকে বারবার বলে দিল ঠিকানা। যেন ছেলেটা আমার দায়িত্ব পালন করছে, সে ভিন্ন বোধহয় আমার আর কোনো অভিবাবক নেই। ফারাবির ওই দায়িত্বশীল পুরুষ সত্তার দিকে আমি ফ্যালফ্যাল করে চেয়ে রইলাম। আর রিকশার দূরত্ব বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে চোখের আড়ালে চলে গেল চাশমিশ ছেলেটা। আমার অন্তরে একরাশ দুর্বোধ্য প্রশ্ন জাগিয়ে ছেলেটা মিলিয়ে গেল দুরত্বের কুয়াশায়।
—চলমান—