ফন্ট সাইজ:
থিম:
কদম গুচ্ছের কাব্য গাঁথা

পর্ব 51

লেখক: তাবাসসুম তাজ্বওয়ারী

#কদম_গুচ্ছের_কাব্যগাঁথা(৫১)
#তাবাসসুম_তাজ্বওয়ারী

ঘরের ভেতরটা থমথমে। নির্ঝর আগের মতোই চেয়ারে বসে আছে। মাথার ক্ষ’ত থেকে র’ক্ত পড়া বন্ধ হলেও ব্যথাটা এখনো কমেনি। হাতের কবজিতে দড়ির ঘ’ষা লেগে ছি’লে লাল হয়ে আছে।

কিছুক্ষণ আগে শাহাদাত আহমেদ লোক পাঠিয়ে খবর দিয়েছেন আবারও কাগজপত্র নিয়ে বসবেন। এবার আর শুধু কথায় কাজ হবে না, প্রয়োজন হলে জোর করেই নির্ঝরের কাছ থেকে স্বাক্ষর আদায় করা হবে। একটু পরই দরজার বাইরে পায়ের শব্দ শোনা গেল। পরক্ষণেই দরজা খুলে ভেতরে ঢুকল দুজন লোক। তাদের একজনের হাতে কয়েকটি কাগজ, অন্যজনের হাতে কলম। একজন লোক বলল,

– উঠে বস। কাজটা শেষ করি।

নির্ঝর চোখ তুলে তাকাল। ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে বলল,

– আপনাদের কি মনে হয়, এত সহজে সই করে দেব?

লোকটি বিরক্ত হয়ে কাগজগুলো টেবিলের ওপর রাখল।

– বেশি কথা বলবি না। সাহেব অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন।

– অপেক্ষা করতে বলুন। আমার সই পাওয়ার আশা বাদ দিতে পারেন।

দ্বিতীয় লোকটি এগিয়ে এসে নির্ঝরের কাঁধ চেপে ধরল।

– বেশি চালাকি করলে কিন্তু ভালো হবে না।

নির্ঝর তার হাতের দিকে তাকিয়ে ধীর গলায় বলল,

– হাত সরান।

লোকটি হাত সরাল না। বরং আরেকজনকে ইশারা করতেই সে নির্ঝরের ডান হাতের বাঁধন কিছুটা ঢিলা করে শক্ত করে চেপে ধরল। নির্ঝর বাধা দেওয়ার চেষ্টা করল কিন্তু শরীর আর পারছে না। ক্লান্তি আর আঘা’তের কারণে শরীরে তেমন শক্তি পাচ্ছে না। একজন লোক কাগজ এগিয়ে আনতেই নির্ঝর মুখ ফিরিয়ে নিল।

– জোর করে আমার হাত দিয়ে সই করালেই সেটা বৈধ হয়ে যাবে না।

– সেটা নিয়ে তোর ভাবতে হবে না।

লোকটি নির্ঝরের হাত ধরে কলম ধরানোর চেষ্টা করল। নির্ঝর হাত শক্ত করে মুঠো করে রাখল।

– বলেছি তো, সই করব না!

লোকটি এবার রেগে গিয়ে তার কাঁধে ধাক্কা দিল। নির্ঝরের পিঠ চেয়ারের সঙ্গে আ’ঘাত লাগতেই আবার ব্যথা অনুভব করল। তবুও সে দমল না।

– শেষবারের মতো বলছি, সই কর!

– কতবার বলব? করব না!

লোকটি কলমটা নির্ঝরের হাতে গুঁজে দেওয়ার চেষ্টা করতেই নির্ঝর হাতটা ঝটকা দিয়ে সরিয়ে দিল। কলম মেঝেতে ছিটকে পড়ল। লোকটি ক্ষিপ্ত হয়ে গালি ছুঁ’ড়ে নির্ঝরের গালে একটা চ’ড় বসিয়ে দিল। মাথাটা একদিকে হেলে গেল তার। কয়েক মুহূর্ত চোখ বন্ধ করে ব্যথাটা সামলে নিয়ে আবার সোজা হয়ে বসল নির্ঝর। আগুনে ঘি ঢালার মতো জিদ দেখিয়ে বলল,

– মা’রধর করে সই করানোর পরিকল্পনা? বেশ! দেখি কতদূর যেতে পারেন।

কথাটা শুনে লোকটি আরও ক্ষেপে গেল। সে নির্ঝরের চুলের মুঠি ধরে মাথাটা উঁচু করে ধরল।

– বেশি সাহস দেখাস না। এখানে তোর কথা শোনার কেউ নেই।

নির্ঝর তার হাত ছাড়ানোর চেষ্টা করল। কিন্তু শুধু একটা হাতের বাঁধন ছাড়া হলেও পা আর অন্য হাতের বাঁধন তাকে নড়াচড়া করতে দিচ্ছে না। অন্য লোকটি এবার তার ডান হাতটা শক্ত করে ধরে কলম ধরিয়ে দেওয়ার চেষ্টা করল।

– সই কর! নাহলে অবস্থা আরও খারাপ হবে।

নির্ঝর সমস্ত শক্তি দিয়ে হাতটা পেছনের দিকে টেনে নিল। এতে লোকটি ভারসাম্য হারিয়ে সামনের টেবিলের সঙ্গে ধাক্কা খেল। টেবিলের ওপর রাখা কাগজপত্র মেঝেতে ছড়িয়ে পড়ল।

– শা’লা!

দুজনই এবার একসঙ্গে নির্ঝরের ওপর ঝাঁপিয়ে পড়ল। একজন তার কাঁধ চেপে ধরল, অন্যজন হাতটা টেনে সামনে আনার চেষ্টা করছে। নির্ঝরও যথাসাধ্য প্রতিরোধ করল। ধস্তাধস্তিতে চেয়ারটা একবার এদিক, একবার ওদিক সরে যাচ্ছিল। এক পর্যায়ে গলায় ছু’রি ধরে হুমকি দেওয়া শুরু করল। ঠান্ডা ধাতব ফলাটা গলায় স্পর্শ করতেই নির্ঝর স্থির হয়ে গেল। অন্য লোকটি টেবিল থেকে কাগজগুলো তুলে তার সামনে ধরল।

– এবারও যদি সই না করিস, তাহলে এখানেই শেষ করে দেব।

নির্ঝর চোখ তুলে লোকটার দিকে তাকাল। গলায় ছু’রির চাপ সামান্য বাড়তেই চোয়াল শক্ত হয়ে গেল তার। তবুও হেসে বলল,

– এত আয়োজন করে এখানে এনেছেন। এখন মেরে ফেললে তো আর সই আদায় করতে পারবেন না।

– বেশি কথা বলিস না! সই কর!

– করব না।

লোকটি ক্ষিপ্ত হয়ে ছুরির ফলাটা আরও চেপে ধরল।

– নিজের জীবনের কোনো মায়া নেই?

নির্ঝর ঠান্ডা গলায় বলল,

– নিজের জীবন নিয়ে ভাবার সময় অনেক আগেই পার হয়ে গেছে। কিন্তু তোদের মতো লোকের কাছে মাথা নত করার ইচ্ছা নেই।

কথাটা শুনে লোকটি রেগে গিয়ে তার গালে আরেকটা ঘু’ষি বসিয়ে দিল। নির্ঝরের মাথা একদিকে হেলে পড়ল। ঠোঁটের কোণে সামান্য রক্ত জমল। তবুও সে সই করার কোনো আগ্রহ দেখাল না।
ঠিক তখনই বাইরে হঠাৎ গুলির শব্দ হলো। লোকগুলো মুহূর্তের জন্য থেমে গেল। দুজনেই দরজার দিকে তাকাল।

– কীসের শব্দ?

কেউ উত্তর দেওয়ার আগেই বাইরে কয়েকজনের চিৎকার শোনা গেল। ভারী পায়ের শব্দে মনে হলো একাধিক লোক দ্রুত গোডাউনের ভেতরের দিকে এগিয়ে আসছে।

– এদিকে দেখ! ওই ঘরটাও চেক কর!

পরক্ষণেই দরজায় প্রচণ্ড শব্দ হলো।
ধুম! ধুম! ধুম!

– দরজা খোল! তাড়াতাড়ি!

ভেতরের লোক দুজন একে অপরের দিকে তাকাল। একজন নিচু স্বরে বলল,

– শালা! আমাদের এখানে কীভাবে খুঁজে পেল?

নির্ঝর ধীরে মাথা তুলে দরজার দিকে তাকাল। মাথার যন্ত্রণা আর শরীরের দুর্বলতা সত্ত্বেও এবার সামান্য আশার আভাস ফুটে উঠল। দরজায় আবারও সজোরে আ’ঘাত পড়ল। ভেতরের লোক দুজন এবার সত্যিই ঘাবড়ে গেল। একজন দ্রুত বলে উঠলো,

– দরজাটা খুলিস না! আগে পেছনের রাস্তা দিয়ে বের হওয়ার ব্যবস্থা কর!

পেছনের রাস্তা দিয়ে বেরোতে গিয়ে দেখলো পুরো গোডাউন ঘেরাও করা হয়েছে। লোকগুলো ভয় পেয়ে গেল। এদিকে দরজা ধাম করে খুলে পড়তেই মুহূর্তেই একজন এসে নির্ঝরের গলায় ফের ছু’রি ধরল। অন্য দুজনও দ্রুত সরে গিয়ে নিজেদের অবস্থান শক্ত করল।
দরজার সামনে অস্ত্র হাতে কয়েকজন পুলিশ দাঁড়িয়ে আছে। তাদের সঙ্গে তানভীর, হাবিব ও মিরাজ এসেছে। তানভীরের চোখ মুহূর্তেই নির্ঝরের ওপর গিয়ে আটকে গেল। বন্ধুকে এভাবে র’ক্তাক্ত অবস্থায় চেয়ারের সঙ্গে বাঁধা দেখে তার চোয়াল শক্ত হয়ে উঠল। কিন্তু পরিস্থিতি বুঝে নিজেকে সামলে নিল।
একজন পুলিশ কর্মকর্তা সামনে এগিয়ে এসে দৃঢ় গলায় বললেন,

– তোরা চারপাশ দিয়ে ঘেরাও হয়ে গেছিস। অ’স্ত্র ফেলে আত্মসমর্পণ কর। এক্ষুনি!

ছু’রি হাতে থাকা লোকটি নির্ঝরের গলায় চাপ বাড়িয়ে বলল,

– কেউ সামনে আসবি না! এক পা এগোলেই ওকে শেষ করে দেব!

পুলিশ সদস্যরা সতর্ক হয়ে নিজেদের অবস্থান ধরে রাখলেন।

– দেখ, পরিস্থিতি আরও খারাপ করবি না। অস্ত্র নামিয়ে রাখ। তোদের পালানোর কোনো পথ খোলা নেই।

– আমাদের নিরাপদে বের হতে দিতে হবে। নাহলে এই ছেলেটাকে এখানেই মে’রে ফেলব!

তানভীর এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে ছিল। এবার সে এক পা সামনে এগিয়ে বলল,

– ভাই, একটু শান্ত হন। কেউ আপনাদের ওপর ঝাঁপিয়ে পড়ছে না। আগে নির্ঝরকে ছেড়ে দিন।

লোকটি তানভীরের দিকে তাকিয়ে ধমকে উঠল,

– তোকে কে কথা বলতে বলেছে? ওখানেই দাঁড়িয়ে থাক!

তানভীর সঙ্গে সঙ্গে থেমে গেল। তার চোখ একবার নির্ঝরের দিকে গেল। নির্ঝরও তার দিকে তাকিয়ে আছে। চোখাচোখি হতেই নির্ঝর সামান্য মাথা নাড়ল। তানভীর বুঝতে পারল, তাকে এখন কোনো বেপরোয়া পদক্ষেপ নেওয়া চলবে না। পুলিশ কর্মকর্তা আবার বললেন,

– শেষবারের মতো বলছি, ছু’রিটা সরিয়ে আত্মসমর্পণ কর। তোদের বিরুদ্ধে অপ’হরণ, অ’বৈধভাবে আটক রাখা এবং জোরপূর্বক স্বাক্ষর আদায়ের অভিযোগ রয়েছে। পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিন।

– কোনো কথা শুনব না! আমাদের বের হতে দিতে হবে!

তানভীর এবার একটু পাশ দিয়ে এগোনোর চেষ্টা করল। তার মুখে উদ্বেগের ছাপ থাকলেও কণ্ঠ স্বাভাবিক রাখার চেষ্টা করল।

– ভাই, আপনারা নিশ্চয়ই এখান থেকে বের হতে চান। কিন্তু নির্ঝরকে নিয়ে গেলে আপনাদের বিপদ আরও বাড়বে। ওর সাথে লোকেশন ট্র্যাকার আছে। ওকে ছেড়ে দিন। আমরা কেউ আপনাদের আটকানোর চেষ্টা করব না।

– আর এক পা এগোলে কিন্তু ওর গলা কে’টে দেব!

তানভীর সঙ্গে সঙ্গে হাত দুটো সামান্য উঁচু করে থেমে গেল।

– ঠিক আছে। এগোচ্ছি না।

তিনটে লোকই এক পাশে থাকায় তানভীর কথা বলতে বলতে সে ধীরে ধীরে এমন একটা অবস্থানে যাওয়ার চেষ্টা করছিল, যেখান থেকে লোকটির পেছনের দিকটা দেখা যায়। তবে তার প্রতিটি পদক্ষেপই সতর্ক। লোকটির মনোযোগ যেন নির্ঝরের ওপর থেকে অন্যদিকে না সরে যায় সেদিকেও খেয়াল রাখছে সে।
হাবিব মিরাজকে ইশারায় জিজ্ঞেস করল,

– তানভীর কী করছে?

মিরাজ চোখ সরু করে পরিস্থিতি পর্যবেক্ষণ করল। তারপর সে ও ইশারায় বোঝাল,

– ওর মাথায় কিছু একটা চলছে। তুই এখন চুপ থাক।

তানভীর ততক্ষণে নির্ঝরের কাছাকাছি অবস্থানে চলে এসেছে। নির্ঝর বুঝতে পারছিল, তানভীর ইচ্ছে করেই লোকটির মনোযোগ নিজের দিকে ধরে রাখছে।
কিন্তু ছু’রির ফলাটা এখনো তার গলায় ঠেকানো।
একটু ভুল হলেই বড় বিপদ হতে পারে। তানভীর এবার থেমে গিয়ে লোকটির চোখের দিকে তাকাল।

– ঠিক আছে। আপনারা যা বলবেন, আমরা শুনব। শুধু ছুরিটা একটু সরান। ওর মাথায় আঘাত লেগেছে, অনেকক্ষণ ধরে এভাবে আটকে আছে। আর কত কষ্ট দেবেন? আমরা বের হতে দেবো আপনাদের।

লোকটি কিছু বলার আগেই তানভীর ধীরে ধীরে আরও এক পা এগিয়ে গেল। এবার তার অবস্থান লোকটির পেছনের দিকে যাওয়ার মতো যথেষ্ট কাছাকাছি।
তবে সে এখনো সুযোগের অপেক্ষায়। লোকটির মনোযোগ একবারের জন্যও নির্ঝরের দিক থেকে সরছে না। সে আশেপাশে তাকিয়ে কিছু খুঁজছে। তার চোখ একবার মেঝের পাশে পড়ে থাকা একটি লোহার রডের দিকে গেল। খুব বেশি দূরে নয় হাত বাড়ালেই ধরতে পারবে। সে ধীরে ধীরে হাত বাড়িয়ে রডটা তুলে নিল। হাবিব আর মিরাজও ব্যাপারটা বুঝতে পেরে সতর্ক হয়ে গেল। পুলিশ সদস্যরা পরিস্থিতির ওপর নজর রাখছেন। কেউই হঠাৎ কোনো পদক্ষেপ নিতে চাইছেন না। সে সুযোগ বুঝে পেছন থেকে আঘা’ত করার জন্য হাত তুলল। কিন্তু ঠিক তখনই লোকটি যেন কিছু একটা টের পেয়ে পেছনে তাকাতে গেল।
তানভীরের হাত থমকে যাওয়ার সুযোগ ছিল না। সে দ্রুত র’ড দিয়ে আ’ঘাত করল। আঘাতটা লোকটির কাঁধ ও মাথার পাশের অংশে লাগতেই তার হাতের চাপ কিছুটা আলগা হয়ে গেল।
নির্ঝর মুহূর্তটুকু বুঝতে পেরে মাথাটা একদিকে সরিয়ে নিল। কিন্তু সবকিছু এত দ্রুত ঘটল যে নিজেকে পুরোপুরি সরিয়ে নেওয়ার সুযোগ পেল না।

ছ্যাঁৎ! ছু’রির ফলাটা গলার এক পাশ ছুঁয়ে কেটে গেল।

– আহ!

নির্ঝরের মুখ দিয়ে অস্ফুট শব্দ বেরিয়ে এল। লোকটির হাত থেকে ছু’রিটা ছিটকে পড়ল মেঝেতে। তানভীর আরেকবার তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতেই পুলিশ সদস্যরা দ্রুত এগিয়ে এসে লোকটিকে মাটিতে ফেলে নিয়ন্ত্রণে নিলেন। অন্য দুজন পালানোর চেষ্টা করলেও পুলিশ সদস্যরা তাদের আটকে ফেললেন।

– অ’স্ত্র ফেলে দে! হাত ওপরে!

কিন্তু সেদিকে তাকানোর মতো অবস্থায় নির্ঝর আর নেই।
ছু’রির আঘা’ত খুব গভীর না হলেও বিপজ্জনকভাবে গুরুত্বপূর্ণ র’ক্তনালির কাছ ঘেঁষে গেছে। মুহূর্তেই র.ক্ত বেরিয়ে আসতে শুরু করল। নির্ঝর খোলা এক হাত দিয়ে ক্ষতস্থান চেপে ধরার চেষ্টা করল কিন্তু শরীরের অবশিষ্ট শক্তিটুকুও যেন ফুরিয়ে আসছিল। মাথার পুরোনো আঘা’তের যন্ত্রণা আবার তীব্র হয়ে উঠল। চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে আসতেই সে আর নিজেকে সামলাতে পারল না। তানভীর দ্রুত তার কাছে ছুটে এল।

– নির্ঝর! এই নির্ঝর!

নির্ঝর চোখ তুলে বন্ধুর দিকে তাকানোর চেষ্টা করল। চোখের সামনে সবকিছু কেমন ঝাপসা হয়ে আসছে।

– আরে, মিরাজ, হাবিব! তাড়াতাড়ি এদিকে আয়!

হাবিব আর মিরাজও ছুটে এল। একজন পুলিশ সদস্য দ্রুত নির্ঝরের হাতের বাঁধন খুলতে শুরু করলেন। অন্যদিকে আরেকজন ওয়্যারলেসে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার জন্য যোগাযোগ করছেন। তানভীর নিজের রুমাল বের করে নির্ঝরের গলার ক্ষতস্থানের ওপর আলতোভাবে চেপে ধরল।

– নির্ঝর, আমার দিকে তাকিয়ে থাক। কিছু হবে না তোর। অ্যাম্বুলেন্স আসছে।

নির্ঝর কিছু বলতে চাইল কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। চোখের পাতা ভারী হয়ে আসছে। শরীরটা যেন আর নিজের নিয়ন্ত্রণে নেই। তানভীরের কণ্ঠ দূর থেকে ভেসে আসছে।

– এই নির্ঝর! চোখ বন্ধ করিস না বলছি!

কিন্তু নির্ঝরের পক্ষে আর চোখ খোলা রাখা সম্ভব হচ্ছিল না। এই মুহূর্তে তার মনে পড়ল ঊষসীর কথা। প্রথম দেখা হওয়ার পর থেকে এখন অব্দি শুধু ঊষসীর মুখটাই মনে পড়ছে তার। আসার আগে কতবার মনে করিয়ে দিয়েছিল, ঠিকমতো খেতে আর সময়মতো ফোন করতে।
আর বের হওয়ার সময় বলেছিল,

– তাড়াতাড়ি ফিরে আসবেন।

নির্ঝর বলেছিল, ফিরে আসবে। কিন্তু সে কি সত্যিই ফিরতে পারবে? ঊষসী নিশ্চয়ই এখনো অপেক্ষা করছে। হয়তো ফোনের দিকে তাকিয়ে আছে, হয়তো রাগ করে বসে আছে যে সে একটা ফোনও করেনি। মেয়েটা তো জানেই না তার সঙ্গে কী হচ্ছে। বুকের ভেতর হঠাৎ একটা অদ্ভুত কষ্ট অনুভব করল নির্ঝর।
এখনো তো অনেক কিছু বাকি। ঊষসীকে নিয়ে কত ছোট ছোট মুহূর্ত কাটানোর কথা ছিল। কত কথা বলা হয়নি। কতবার তার আবদারগুলো শুনেও না শোনার ভান করেছে। সারাজীবন একসাথে থেকে ছোট্ট একটা সংসার সাজানোর কথা ছিলো তো! শৈশব থেকে নিজের বলে কাউকে না পাওয়া নির্ঝর তো আশা করেছিল, ঊষসী তার নিজের হবে যাকে সে মন প্রাণ দিয়ে ভালোবাসবে, যে তাকে ভালোবাসবে নিঃস্বার্থ!
চোখের সামনে ঊষসীর মুখটা ভেসে উঠল। "ইশ,আরেকবার যদি ওকে দেখতে পেতাম!"
ভাবনাটা শেষ হওয়ার আগেই দৃষ্টি আরও ঝাপসা হয়ে গেল। তানভীরের কণ্ঠও ক্রমশ দূরে সরে যাচ্ছে।

– নির্ঝর! ভাই, আমার দিকে তাকিয়ে থাক!

নির্ঝর শেষবারের মতো চোখ মেলে বন্ধুর দিকে তাকানোর চেষ্টা করল। ঠোঁট সামান্য নড়ল, কিন্তু কণ্ঠ ফুঁড়ে কোনো কথা বের হলো না। পরক্ষণেই মাথাটা একদিকে কাত হয়ে গেল। চোখের পাতা ধীরে ধীরে বন্ধ হয়ে এল।

– নির্ঝর!

তানভীরের চিৎকারে গোডাউনের নিস্তব্ধতা ভেঙে গেল। বন্ধুর নিথর হয়ে যাওয়া শরীরটা সামলে ধরে সে আবার ডাকল,

– নির্ঝর! চোখ খোল, ভাই!

কিন্তু নির্ঝর আর সাড়া দিল না। তানভীর পাগলের মতো চেঁচালো,

– আপনাদের অ্যাম্বুলেন্স কোথায়? আমার বন্ধুটা সাড়া দিচ্ছে না!

বলেই নির্ঝরকে টেনে তোলার চেষ্টা করল। হাবির আর মিরাজও এসে সাবধানে ধরে বাইরে নেওয়ার চেষ্টা করল। আপ্রাণ চেষ্টা বন্ধুকে বাঁচানোর।

.

– ঊষসী! এই ঊষসী! তানভীর ভাইয়া ফোন দিয়েছে।

ঊষসী লাফিয়ে উঠল। ভাঙা কণ্ঠে বলল,

– কি বলেছে? নির্ঝরকে পেয়েছে? কোথায় ওনি?

রেহনুমা দ্রুত তার পাশে এসে ফোনটা এগিয়ে দিল। ঊষসী প্রায় ছোঁ মেরে ফোনটা হাতে নিয়ে কানে ধরল।

– হ্যালো, তানভীর ভাইয়া? নির্ঝর কোথায়? ওনাকে পেয়েছেন?

ওপাশ থেকে তানভীরের কণ্ঠ ভেসে এল,

– হ্যাঁ ঊষসী, পেয়েছি। চিন্তা করো না।

কথাটা শুনেই ঊষসীর বুকের ওপর থেকে যেন একটা ভার নেমে গেল। এতক্ষণ ধরে জমে থাকা চোখের পানি বাঁধ ভাঙল। ভাঙা গলায় আওড়ালো,

– সত্যি পেয়েছেন? উনি ঠিক আছেন তো?

তানভীর এক মুহূর্ত থেমে উত্তর দিল,

– হ্যাঁ, মানে... একটু আ’ঘাত পেয়েছে। তবে এখন আমরা ওকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। ডাক্তার দেখালেই সব বোঝা যাবে।

– কী হয়েছে ওনার? কোথায় আঘাত পেয়েছে? এতদিন ফোন বন্ধ কেন ছিল?

একসঙ্গে অনেকগুলো প্রশ্ন করে ফেলল ঊষসী। তানভীর ওপাশে নিজেকে সামলে নিয়ে বলল,

– আরে, একসঙ্গে এত প্রশ্ন করো না। আগে শান্ত হও। আমরা ওকে পেয়েছি, এটাই এখন সবচেয়ে বড় কথা।

– আমি ওনার সঙ্গে কথা বলব। ফোনটা ওনাকে দিন না, প্লিজ!

তানভীরের বুকটা মোচড় দিয়ে উঠল। সে যথাসম্ভব স্বাভাবিক করে বলার চেষ্টা করল,

– আমরা হসপিটালে আর এখন ও তো ভেতরে। ওর চেক আপ চলছে তাই কথা বলতে পারবে না।

– ওহ

– হ্যাঁ। এসব নিয়ে এখন ভেবো না। হাসপাতালে এনেছি। ডাক্তার দেখানোর পর পরিস্থিতি বুঝে তোমাকে আবার জানাব।

ঊষসী কিছুক্ষণ চুপ করে রইল। তারপর উদ্বিগ্ন গলায় বলল,

– আমি আসব। কোথায় নিয়ে যাচ্ছেন বলুন, আমি এখনই রওনা দিচ্ছি।

– ঊষসী! ঊষসী, এটা রাজশাহী নয় যে চলে আসবে! আমরা চট্টগ্রাম আছি। একটু বোঝো!

তানভীরের কথাটা শুনে ঊষসী কয়েক মুহূর্ত চুপ করে রইল। যেন কথাটা বুঝতে একটু সময় লাগছে তার। নির্ঝর চট্টগ্রামে আর সে রাজশাহীতে! এতক্ষণ যে মানুষটার জন্য অস্থির হয়ে ছিল, তাকে খুঁজে পাওয়া গেছে জেনেও এখনই দেখতে যাওয়ার উপায় নেই।

– তাহলে আমি কী করব? এখানে বসে থাকব?

কণ্ঠটা কেঁপে উঠল ঊষসীর। তানভীর ওপাশ থেকে দীর্ঘশ্বাস ফেলে বলল,

– আপাতত হ্যাঁ। আমরা তো আছি ওর সঙ্গে। তুমি একদম চিন্তা করো না। ওকে হাসপাতালে এনেছি, ডাক্তার দেখছেন। একটু সুস্থ হলে তোমার সঙ্গে কথা বলিয়ে দেব।

– ওনার জ্ঞান আছে?

প্রশ্নটা শুনে তানভীর থমকে গেল। এক মুহূর্তের জন্য মিরাজের দিকে তাকাল সে। তারপর স্বাভাবিক কণ্ঠে বলল,

– আছে... মানে, এখন ডাক্তাররা দেখছেন। তুমি এত প্রশ্ন করে নিজেকে আরও অস্থির কোরো না।

– আমি কি ওনার সঙ্গে একবারও কথা বলতে পারব না?

– ঊষসী, ওর ফোনটাও তো পাওয়া যাচ্ছে না। সম্ভবত কোথাও হারিয়ে ফেলেছে। আর এখন ওকে একটু বিশ্রাম নিতে দাও। কথা বলার মতো অবস্থায় এলে আমিই তোমাকে ফোন দেব।

ঊষসী ঠোঁট কামড়ে ধরে। চোখের পানি আটকানোর চেষ্টা করলেও পারল না। এতদিনের জমে থাকা দুশ্চিন্তা যেন একসঙ্গে বেরিয়ে আসতে চাইছে।

– ভাইয়া, সত্যি করে বলুন তো, নির্ঝর ভাই ভালো আছেন?

এবার তানভীরের কণ্ঠটা একটু নরম হলো,

– হ্যাঁ, ঊষসী। আমরা ওকে পেয়েছি। এখন আমাদের কাছে আছে। তুমি শুধু একটু ধৈর্য ধরো। ঠিক আছে?

ওপাশে আবার নীরবতা নেমে এল। ঊষসী ফোনটা কানে ধরে বসে রইল। তার চোখের সামনে বারবার ভেসে উঠছে নির্ঝরের চলে যাওয়ার আগের মুহূর্তটা। দরজার সামনে দাঁড়িয়ে কপালে আলতো করে দেওয়া সেই চুমু, যাওয়ার আগে বারবার সাবধানে থাকতে বলা সবকিছু।
সেদিন যদি সে আরেকটু জোর করত! যদি নির্ঝরকে একা যেতে না দিতো!

– ঊষসী?

তানভীরের ডাকে সম্বিত ফিরল তার।

– জি।

– আমি আপডেট পেলেই তোমাকে জানাব। নির্ঝরের সাথে কথা বলিয়ে দেবো। ভাইয়ার কথাটা শোনো? একটু শান্ত থাকো।

– আচ্ছা। প্লিজ, ওনার খেয়াল রাখবেন। আর একটু ভালো হলে আমাকে ফোন করতে বলবেন।

– অবশ্যই। তুমি চিন্তা করো না। কান্নাকাটি করে নিজেকে অসুস্থ করে ফেলো না। নির্ঝরকে ফিরে পেয়েছি আমরা। এখন ওর সুস্থ হওয়াটাই সবচেয়ে জরুরি।

ঊষসী আর কিছু বলতে পারল না। শুধু অস্পষ্ট স্বরে বলল,

– ঠিক আছে।

– রাখছি তাহলে। পরে কথা বলব।

ফোনের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। সে নিজের ফোনের কললিস্ট খুলল। শেষ কথা হয়েছিল দুদিন আগে। তারপর কতবার যে ফোন করেছে, তার হিসাবও নেই। নির্ঝরের নামের পাশে অসংখ্য মিসড কল। প্রতিবারই ভেবেছিল, এই বুঝি ওপাশ থেকে ফোনটা ধরে বলবে, "এতবার ফোন করছ কেন?" কিন্তু না! লোকটার গলা আর শুনতে পায় নি!

#চলবে…?

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 51 শেষ করেছেন।

আগের পর্ব উপন্যাস সমাপ্ত

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন