ফন্ট সাইজ:
থিম:
কদম গুচ্ছের কাব্য গাঁথা

পর্ব 50

লেখক: তাবাসসুম তাজ্বওয়ারী

#কদম_গুচ্ছের_কাব্যগাঁথা(৫০)
#তাবাসসুম_তাজ্বওয়ারী

মাঝে আরো একটা দিন কেটে গেছে কিন্তু নির্ঝরের খবর নেই। ওদিকে ঊষসীর দুশ্চিন্তা ধীরে ধীরে বাড়ছেই। মস্তিষ্কে ঘোরাফেরা করছে বিভিন্ন ধরনের চিন্তা সাথে ভয়। রেহনুমা প্রতিবার চেষ্টা করছে এটা সেটা বলে ওকে শান্ত করার। খবর অলরেডি তানভীরদের কাছে পৌঁছে গেছে। ওরা খোঁজ নিচ্ছে বলেছে কিন্তু এখনও আপডেট পায় নি!

রেহনুমা বিছানার একপাশে বসে ঊষসীর দিকে তাকাল। সকাল থেকে মেয়েটা কতবার যে ফোন হাতে নিয়েছে, তার হিসাব নেই। প্রতিবারই নির্ঝরের নম্বরে কল দিচ্ছে, আর প্রতিবারই একই উত্তর শুনে ফোনটা নামিয়ে রাখছে।
রেহনুমা ওকে বোঝানোর চেষ্টা করে বলল,

– দেখ, এত চিন্তা করিস না। হয়তো ফোনে চার্জ নেই। চট্টগ্রামে কোথায় আছে, কী কাজে ব্যস্ত আছে, সেটাও তো জানিস না।

ঊষসী বিরক্ত চোখে তাকাল।

– তাই বলে দুদিন? দুদিন ধরে ফোনে চার্জ নেই? একটা মেসেজও দিতে পারল না?

– ফোন হারিয়ে ফেলেছে, এমনও তো হতে পারে। সবকিছু নিয়ে এত খারাপ কিছু ভাবছিস কেন? বলা তো যায় না।

ঊষসী এবার ফোনটা বিছানার ওপর রেখে দিল। চোখেমুখে দুশ্চিন্তা স্পষ্ট।

– ফোন হারিয়ে ফেললে অন্য কারও ফোন থেকে একটা কল করতে পারতো না? ও তো জানে আমি কতটা চিন্তা করব। তাহলে অন্তত কাউকে দিয়ে একটা খবরও পাঠাল না কেন?

রেহনুমা কিছুক্ষণ চুপ করে রইল। ওকে শান্ত করতে চাইলেও এই মুহূর্তে সম্ভব নয় বুঝতে পারছে। সে উঠে ওর পাশে গিয়ে বসে বলল,

– হয়তো সুযোগ পায়নি। তুই তো জানিস, নির্ঝর ভাই কোনো কাজে পড়লে সেটা শেষ না করে উঠতে চান না। হয়তো এমন কোনো পরিস্থিতিতে আছেন, যেখানে ফোন ব্যবহার করতে পারছেন না।

– কিন্তু এমন কী কাজ যে দুদিন ধরে কারও সঙ্গে যোগাযোগ করার সময় পাচ্ছে না?

ঊষসীর কণ্ঠে এবার অভিমানের চেয়ে উৎকণ্ঠাই বেশি শোনা গেল। রেহনুমা ওর হাতের ওপর হাত রেখে বলল,

– দেখ, তানভীর আর মিরাজ ভাইরাও তো খোঁজ নিচ্ছে। ওরা বলেছে খবর পেলেই জানাবে। একটু ধৈর্য ধর।
ঊষসী মাথা নিচু করে বসে রইল। ফোনের স্ক্রিনে নির্ঝরের নামটা ভেসে আছে। সে আবারও কল দেওয়ার জন্য হাত বাড়াল, কিন্তু কয়েক মুহূর্ত পর থেমে গেল।

– আমার একদম ভালো লাগছে না, রেহনুমা।

কথাটা বলেই সে দীর্ঘশ্বাস ফেলল।

– যাওয়ার আগে কতবার বলল, পৌঁছে ফোন করবে, মাঝেমধ্যে খোঁজ নেবে। আর এখন...

বাকি কথাটা শেষ করল না ঊষসী। ঠোঁট কামড়ে অন্যদিকে তাকাল।
রেহনুমা ওকে জড়িয়ে ধরে বলল,

– সব ঠিক হয়ে যাবে। দেখিস, একটু পরেই হয়তো ফোন করে বলবে, এতবার ফোন দিচ্ছ কেন?

ঊষসী ক্ষীণ স্বরে বলল,

– ফোনটা একবার আসুক। তারপর না হয় বকব।

কথাটা বললেও তার চোখ বারবার ফোনের স্ক্রিনের দিকে চলে যাচ্ছিল। যেন যেকোনো মুহূর্তে নির্ঝরের নামটা ভেসে উঠবে।

.

অন্যদিকে,
ঘরটা নিস্তব্ধ। চারপাশে স্যাঁতসেঁতে একটা গন্ধ। মাথার ওপর ঝুলে থাকা একটি মিটমিটে বাতি ছাড়া আশপাশে আলোর কোনো ব্যবস্থা নেই। একটি চেয়ারে হাত-পা বাঁধা অবস্থায় বসে আছে নির্ঝর। কপালের একপাশে কে’টে গেছে, গালেও র’ক্তের দাগ। শার্টের কলার এলোমেলো। একটু পরই মাথার ভেতর তীব্র যন্ত্রণা নিয়ে ধীরে ধীরে চোখ মেলল নির্ঝর। প্রথমে কিছুই স্পষ্ট বুঝতে পারল না। চোখের সামনে সবকিছু ঝাপসা লাগছে। কয়েকবার চোখের পাতা ফেলতেই ঘরের অস্পষ্ট অবয়বগুলো ধীরে ধীরে পরিষ্কার হলো। মাথা তুলে চারপাশে তাকানোর চেষ্টা করতেই কপালের ক্ষ’তস্থানে টনটনে ব্যথা অনুভব করল। হাত নাড়াতে গিয়ে বুঝল, দুটো হাতই চেয়ারের হাতলের সঙ্গে শক্ত করে বাঁ’ধা। পা দুটোও আটকানো।
কিছুক্ষণ আগের ঘটনাগুলো মনে করার চেষ্টা করল সে।
চট্টগ্রামে আসার পরই আইনজীবীর সঙ্গে দেখা করতে বেরিয়েছিল। এরপর নির্দিষ্ট জায়গায় পৌঁছে কয়েকজন লোকের সঙ্গে কথা হয়। জমির কাগজপত্র নিয়ে আলোচনা করার কথা ছিল। কিন্তু কথাবার্তার একপর্যায়ে পরিস্থিতি অন্যদিকে মোড় নেয়। একেকজন তার বিরুদ্ধে উল্টো কথা বলছিল। নির্ঝর ঠান্ডা মাথায় সমাধান করতে চাইলেও ওরা সেটা হতে দিচ্ছিলো না। তারপর পেছন থেকে আ’ঘাত। এরপর আর কিছু মনে নেই।

নির্ঝর দাঁতে দাঁত চেপে হাতের বাঁধন ছাড়ানোর চেষ্টা করল। কিন্তু দড়িগুলো এত শক্ত করে বাঁধা যে সামান্য নড়াচড়াতেই কবজিতে ব্য’থা অনুভূত হলো।
ঠিক তখনই দরজার বাইরে কারও পায়ের শব্দ শোনা গেল। কিছুক্ষণ পর দরজা খুলে ভেতরে প্রবেশ করলেন একজন মধ্যবয়স্ক লোক। তাঁর পেছনে আরও একজন দাঁড়িয়ে রইল। লোকটিকে দেখামাত্র নির্ঝরের চোখেমুখের অভিব্যক্তি বদলে গেল। জং ধরা মস্তিষ্কে দুইয়ে দুইয়ে চার মিলিয়ে ফেলল। এতো বড় ষড়যন্ত্র ধরতে না পাড়ার আফসোসও হলো খানিকটা। কয়েক মুহূর্ত সে স্থির দৃষ্টিতে লোকটির দিকে তাকিয়ে রইল। তারপর ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে বলল,

– বাহ! শেষ পর্যন্ত আপনিই?

লোকটি নির্ঝরের সামনে এসে দাঁড়ালেন। মুখে কোনো অপরাধবোধ নেই, বরং নির্ঝরের প্রতিক্রিয়া দেখে বেশ সন্তুষ্ট বলেই মনে হলো।

– চিনতে পেরেছিস তাহলে?

নির্ঝর এবার সোজা হয়ে বসার চেষ্টা করল। মাথার যন্ত্রণাটা এখনো বেশ তীব্র, তবুও কণ্ঠে দৃঢ়তা বজায় রেখে বলল,

– এতদিন ভাবতাম, আপনি টাকার পা’গল কিন্তু ধন সম্পদের জন্য কেউ এতটা নিচে নামতে পারে সেটা ভাবিনি। আপনাকে একসময় মামা বলেছি ভাবতেই ঘিন্না হচ্ছে!

নির্ঝরের মামা হালকা হেসে বললেন,

– তোর এত ভাবারও দরকার নেই। বুঝেছিস এইটুকুই যথেষ্ট।

– আমাকে এখানে আনার জন্য এত বড় নাটক সাজানোর দরকার ছিল?

– নাটক না সাজালে তুই আসতিস?

নির্ঝর কয়েক মুহূর্ত চুপ করে রইল। তারপর বলল,

– ওই আইনজীবীও আপনাদের লোক?

– সব জানাতে হবে নাকি তোকে?

নির্ঝরের মাথা ক্যালকুলেশন করেই চলেছে। এখানে আসার পর যা যা কথা হয়েছে সেখানে বেশ কিছু অযৌক্তিক কথা বার্তা শুনেছে, দুজন দুরকম কথাও বলেছে! সে আবার বলল,

– বায়নাপত্র, অগ্রিম টাকা, ক্রেতাপক্ষ সবই মিথ্যা?

ওর মামা এবার কোনো উত্তর দিলেন না। শুধু নির্ঝরের সামনে থাকা টেবিলের ওপর কয়েকটি কাগজ রাখলেন।

– এত প্রশ্ন করে লাভ নেই। কাজের কথায় আসি।

নির্ঝর কাগজগুলোর দিকে তাকিয়ে আবার তাঁর দিকে চোখ ফেরালো। ফের শুধাল,

– কী কাজ?

– আরে ধীরে সুস্থে বলতে দে।

ওর মামা সামনের চেয়ারটা টেনে নির্ঝরের মুখোমুখি বসলেন। টেবিলের ওপর রাখা কাগজগুলো একবার উল্টেপাল্টে দেখে নির্ঝরের দিকে এগিয়ে দিলেন।

– এগুলো ভালো করে দেখ। তোর জন্যই এত আয়োজন।

নির্ঝর কাগজগুলো হাতে নেওয়ার চেষ্টা করল। কিন্তু হাত বাঁধা থাকায় সেদিকে তাকিয়েই থাকতে হলো।

– কী আছে এতে?

– কিছু সম্পত্তির কাগজপত্র। তোর সইটা দরকার।

নির্ঝর ভ্রু কুঁচকে তাকাল। বুঝতে অসুবিধে হলো না কীসের ষড়যন্ত্র চলছে।

– আমার সই দিয়ে কী করাতে চান?

– সেটা তোর না জানলেও চলবে। তুই শুধু সই করে দে। তাহলেই তোকে এখান থেকে ছেড়ে দেওয়া হবে।

নির্ঝর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর হঠাৎই চোয়াল শক্ত করে বলল,

– তার মানে এতক্ষণ ধরে যে জমি বিক্রির নাটক সাজালেন, সেটা শুধু আমাকে এখানে আনার জন্য?

লোকটি নির্লিপ্ত ভঙ্গিতে বললেন,

– বুদ্ধি তো কম নেই তোর। এতক্ষণে বুঝতে পেরেছিস।

নির্ঝর ক্রোধ নিয়ে বলল,

– বাহ! জমি বিক্রির নামে জাল বায়নাপত্র তৈরি করলেন, ভুয়া ক্রেতা সাজালেন, আইনজীবী পর্যন্ত ঠিক করলেন। এত কিছুর পর এখন আবার আমাকে অপহরণ করে এনে জোর করে সই করাতে চাইছেন? আপনাদের সাহসের প্রশংসা করতেই হয়!

মামা নির্বিকার ভঙ্গিতে বললেন,

– বেশি কথা না বলে কাজটা করে ফেল। অযথা সময় নষ্ট হচ্ছে।

– আপনি কি সত্যিই ভাবছেন, এভাবে আমাকে দিয়ে সই করিয়ে নিলেই সবকিছু আপনার হয়ে যাবে?

– হবে কি না সেটা আমি দেখবো, তোকে ভাবতে হবে না।

– ভাবতে হবে না? আমার সম্পত্তি, আমার সই, অথচ আমাকে কিছুই জানতে হবে না?

নির্ঝরের কণ্ঠ এবার উঁচু হলো। বাঁধা হাত দুটো একবার ঝাঁকিয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতেই চেয়ারটা সামান্য নড়ে উঠল। কবজির দড়িতে টান পড়ে ব্যথা হলো, কিন্তু সে সেদিকে ভ্রুক্ষেপ করল না।

– আগে হাতের বাঁধন খুলুন। তারপর সামনাসামনি বসে কথা বলুন। নাকি জানেন, মুখোমুখি দাঁড়িয়ে এসব বলার সাহস আপনার হবে না?

মামার মুখের হাসিটা মিলিয়ে গেল। গম্ভীর হয়ে বলল,

– তোর মুখের ভাষা ঠিক কর।

– ভাষা? আপনি আমাকে এখানে তুলে এনেছেন, হাত-পা বেঁধে রেখেছেন, আর এখন আমার কাছেই ভাষা ঠিক রাখার আশা করছেন?

নির্ঝরের মামা ওর দিকে তাকাতেই নির্ঝর কড়া চোখে তাকিয়ে আবার শান্ত কঠিন গলায় বলল,

– একটা কথা মনে রাখবেন। আমাকে এখানে আটকে রেখে আপনি হয়তো কিছু সময়ের জন্য নিজের উদ্দেশ্য হাসিল করতে পারবেন। কিন্তু এই নাটকের শেষটা আপনার পক্ষে যাবে না।

ওর মামা শাহাদাত আহমেদ কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে বললেন,

– এত ভাব নিস না। ভালোভাবে বুঝিয়ে বলছি তোকে। হাত খুলে দিচ্ছি চুপচাপ সাইন কর। যেখানে যেখানে সই করতে বলব, সেখানে সই করে দিবি।

নির্ঝরের ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি ফুটল। ওর আ’গুনে ঘি ঢালার মতো করে বলল,

– আর যদি না করি?

শাহাদাত আহমেদ রেগে কাগজগুলো তার সামনে থাকা টেবিলের ওপর ছুড়ে দিয়ে বলল,

– তাহলে তোকে একটু ভালোভাবে বোঝাতে হবে।

নির্ঝর এবার সোজা হয়ে বসার চেষ্টা করল। বাঁধা হাত দুটোতে টান পড়তেই কবজির কাছে দড়ি আরও শক্ত হয়ে গেল। দাঁতে দাঁত চেপে ব্যথা গিলে নিলো তবুও কণ্ঠে বিন্দুমাত্র ভয় প্রকাশ পেল না।

– আপনার বোঝানোর কিছু নেই। যা বোঝার বুঝে গেছি। আর একটা কথা, এই কাজের পরও যদি ভেবে থাকেন আমি ভয় পেয়ে চুপচাপ সাইন করে আপনাকে ছেড়ে দেব, তাহলে ভুল ভাবছেন।

মামা এবার সামান্য হেসে বললেন,

– নিজের অবস্থাটা একবার দেখেছিস? এখানে বসে আমাকে হুমকি দিচ্ছিস? ভুলে গেছিস তোর বউ যে একা আছে? নিজের কথা না ভাবলেও অন্তত নিজের বউয়ের কথা ভাবতে পারিস।

নির্ঝর ওর মামার দিকে চোখ গরম করে তাকাতেই লোকটা সোজা হয়ে দাঁড়িয়ে হো হো করে হেসে বলল,

– তোর বউ যে তোরই বাড়িতে একা আছে, সেটা কিন্তু আমি বেশ ভালো করেই জানি। সঙ্গে কে আছে, কখন বের হয়, কখন ফিরে আসে কোথায় যায় এসব খবর রাখাও আমার জন্য খুব কঠিন কিছু না।

কথাটা শুনে নির্ঝরের মুখের অভিব্যক্তি মুহূর্তেই বদলে গেল।

– ঊষসীর কথা বলছেন কেন?

– কেন, ওর কথা বললে সমস্যা কী? শুনেছি, তুই চলে আসার পর থেকে মেয়েটা একাই আছে।

নির্ঝরের চোয়াল শক্ত হয়ে উঠল।

– ওর সঙ্গে এসবের কী সম্পর্ক?

– সম্পর্ক তৈরি করতে কতক্ষণ? তুই যদি সহযোগিতা না করিস, তাহলে অন্যভাবে ভাবতে হবে।

নির্ঝর এবার আর নিজেকে সামলে রাখতে পারল না। চেয়ারের হাতল আঁকড়ে ধরে কঠিন স্বরে বলল,

– খবরদার! আমার সঙ্গে যা করার করুন। কিন্তু ঊষসীকে এই ঝামেলার মধ্যে টানবেন না। ওর কোনো ক্ষ’তি হলে আপনাকে আমি ছেড়ে কথা বলব না।

মামা নির্ঝরের রাগ দেখে কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর ঠান্ডা গলায় বললেন,

– তাহলে সই করে দে। তোরও ঝামেলা শেষ, আমাদেরও।

নির্ঝর এক মুহূর্তও দেরি করল না। ফের একই জবাব,

– করব না। আমি আপনাকে শেষবারের মতো সতর্ক করছি। ওর দিকে নজর দেওয়ার চেষ্টা করবেন না।

– সতর্ক করছিস? আমাকে?

শাহাদাত আহমেদ হেসে উঠলেন। তারপর নির্ঝরের সামনে রাখা কাগজগুলোতে আঙুল ঠুকে বললেন,

– তোর অবস্থা দেখেছিস? নিজের হাত-পা পর্যন্ত নাড়াতে পারছিস না। আর আমাকে সতর্ক করতে এসেছিস!

নির্ঝর এবার সামনের দিকে ঝুঁকে এল। কপালের ক্ষত থেকে গড়িয়ে পড়া র’ক্ত গালের পাশ বেয়ে নেমে এলেও সেদিকে তার কোনো খেয়াল নেই।

– আমার সঙ্গে আপনার যা শত্রুতা সেটা আমার সঙ্গেই রাখুন। ঊষসীকে এর মধ্যে টানবেন না। ও এই সম্পত্তির কিছুই জানে না, আপনার সঙ্গেও ওর কোনো বিরোধ নেই।

– বিরোধ থাকলেই কি শুধু মানুষকে কাজে লাগাতে হয়? তোর দুর্বল জায়গাটা কোথায়, সেটা জানলেই তো যথেষ্ট।

নির্ঝরের চোয়াল শক্ত হয়ে গেল।

– আপনি ভুল করছেন। ওকে দিয়ে আমাকে বাধ্য করতে পারবেন না।

– তাই নাকি?

এরপর আবার ওর সামনে বসে জেদ দেখিয়ে বলল,

– আমার ছেলের সাথে তোরা কি করেছিস আমি ভুলে যায় নি নির্ঝর! ওকে জেল খাটতে হয়েছে শুধু তুই আর তোর বউয়ের জন্য।

নির্ঝর কয়েক মুহূর্ত তাঁর দিকে তাকিয়ে রইল। তারপর ঠান্ডা স্বরে বলল,

– আপনার ছেলে আমার বাড়িতে এসে আমার স্ত্রীর সঙ্গে যা করার চেষ্টা করেছিল, সেটা ভুলে গেছেন?

– আমার ছেলে তোর স্ত্রীর কোনো ক্ষতি করেনি!

– ক্ষতি করার চেষ্টা করাটাও অপরাধ! নাকি নিজের ছেলে বলে তার সব অপরাধ আপনার চোখে নির্দোষ মনে হয়?

শাহাদাত আহমেদ টেবিলের ওপর হাত চাপড়ে উঠলেন।

– মুখ সামলে কথা বল!

– কেন? সত্যি কথা শুনতে কষ্ট হচ্ছে?

নির্ঝরের কণ্ঠে এবার স্পষ্ট ঘৃণা।

– নাবিদকে আমি জেলে পাঠাইনি। ও নিজের কাজের ফল পেয়েছে। আর আপনি যদি মনে করেন, আপনার ছেলের অপরাধের জন্য আমি বা ঊষসী দায়ী তাহলে আপনার বিচারবুদ্ধি নিয়ে আমার সত্যিই সন্দেহ আছে। অবশ্য সেটা যে আপনার নেই সেটা আমি খুব ভালো করেই জানি।

শাহাদাত আহমেদ রাগে দাঁত চেপে বললেন,

– অনেক বড় হয়ে গেছিস, তাই না? নিজের মামাকে অপমান করতেও এখন দ্বিধা হয় না!

নির্ঝর তাচ্ছিল্যের হাসি হাসল।

– যেদিন আমার মা’য়ের মৃত্যু হয়েছে সেদিন থেকেই আপনার প্রতি ওই সম্মানটুকুও আর অবশিষ্ট নেই। সেটারও মৃ’ত্যু হয়েছে।

শাহাদাত আহমেদ দাঁত কিড়মিড় করে কিছু বলতে যাবেন নির্ঝর আবার বলল,

– আর একটা কথা পরিষ্কার করে দিই। নাবিদ নিজের অপরাধের জন্য শাস্তি পেয়েছে। কিন্তু আপনি যদি সেই ঘটনার প্রতিশোধ নিতে ঊষসীর কোনো ক্ষ’তি করার চেষ্টা করেন, তাহলে সেটা আরেকটা অপরাধ হবে। এবারও আমি চুপ করে থাকব না।

শাহাদাত আহমেদ কিছুক্ষণ নির্ঝরের দিকে তাকিয়ে রইলেন। তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ালেন।

– দেখা যাবে, শেষ পর্যন্ত কে কাকে থামাতে পারে।

নির্ঝরও চোখ সরাল না তেজি কণ্ঠে বলল,

– অবশ্যই দেখা যাবে। একটা কথা মনে রাখবেন, আমার সঙ্গে শত্রুতা করতে গিয়ে ঊষসীর কোনো ক্ষতি হলে, আপনার এই প্রতিশোধের হিসাবটা অনেক ভারী হয়ে যাবে।

শাহাদাত আহমেদ আর কোনো উত্তর না দিয়ে দরজার দিকে এগিয়ে গেলেন। বেরিয়ে যাওয়ার আগে একবার পেছনে ফিরে তাকিয়ে বললেন,

– সই করার জন্য তোকে আবারও সময় দিচ্ছি। আশা করি, পরেরবার এত জেদ দেখাবি না।

দরজাটা বন্ধ হয়ে গেল। নির্ঝর স্থির হয়ে বসে রইল। রাগে তার হাত দুটো মুঠো হয়ে আছে। কিন্তু এখন সবচেয়ে বেশি ভাবাচ্ছে ঊষসীর কথা। শাহাদাত আহমেদ যে শুধু তাকে আটকে রাখার জন্যই এই নাটক সাজায়নি, সেটা এখন পরিষ্কার। ঊষসীকে নিয়েও তার কোনো পরিকল্পনা থাকতে পারে। ঘরের বাইরে পায়ের শব্দ মিলিয়ে যাওয়ার পর নির্ঝর ধীরে ধীরে চারপাশে তাকাল। আপাতত কেউ নেই। সে হাতের বাঁধন ছাড়ানোর চেষ্টা করল কয়েকবার। কিন্তু দড়িগুলো এমনভাবে বাঁধা যে কোনোভাবেই সুবিধা করতে পারল না। বরং কবজির ব্যথাটা ক্রমশ বাড়ছে। শেষমেশ না পেরে দাঁত দিয়ে নিজের জ্যাকেট কোনো রকম এক কাঁধ থেকে নামিয়ে কিছু একটা চেক করলো সব ঠিক আছে বুঝতে পেরে একটা স্বস্তির শ্বাস ছাড়লো।

.

তানভীর বেশ কিছুক্ষণ ধরে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। নির্ঝরের নম্বরে একাধিকবার কল করেও কোনো লাভ হয়নি। প্রতিবারই ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।
পাশে বসে থাকা মিরাজ বিরক্ত হয়ে বলল,

– আর কতবার কল দিবি? ফোন তো বন্ধই বলছে।

তানভীর ফোনটা নামিয়ে বলল,

– তিন দিন পার হয়ে যাচ্ছে মিরাজ। এদিকে আমরা এখনো চট্টগ্রাম পৌঁছাতেই পারি নি।

মিরাজ কিছুক্ষণ চুপ থেকে বলল,

– ওই আইনজীবীর সঙ্গে যোগাযোগ করেছিস?

– করেছি। প্রথমে যে নম্বর থেকে যোগাযোগ করেছিল, সেটাতে এখন ফোন যাচ্ছে না। শা’লার! আরেকটা নম্বর জোগাড় করেছিলাম, সেটাও বন্ধ। সব এক সঙ্গে জুটেছে।

হাবিব বলল,

– ওকে একা আসতে দেওয়াটা ঠিক হয় নি।

– আমরা কি গুণক্ষরেও টের পেয়েছিলাম নাকি? ও তো ব্যবস্থা করে গেছে আমাদের আরো আগে রওনা দেওয়া উচিত ছিলো।

এর মধ্যে তানভীরের ফোনে ইশরাকের ফোন এলো।

– হ্যাঁ ভাই বলেন।

– নির্ঝরের কোনো খোঁজ পেয়েছ?

– না ভাই এখনও চট্টগ্রাম পৌঁছায়নি!

– এদিকে ঊষসীর অবস্থা ভালো না। মেয়েটা পাগ’লের মতো করছে।

– একটু সামলান ভাই। ওকে বইলেন আমরা নির্ঝরকে নিয়েই আসব। টেনশন করতে না করেন। আল্লাহ চাইলে নির্ঝরের কিছু হবে না।

– ইনশাআল্লাহ আপডেট জানিও আমাকে।

– হ্যাঁ ভাই।

#চলবে…?

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 50 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন