ফন্ট সাইজ:
থিম:
অশুদ্ধ দরিয়া

1

লেখক: তাজরীন খন্দকার

বিয়ের তিন বছরে আমার প্রায় ৯ বার গর্ভপাত হয়েছে। ডাক্তার বলেছে এভাবে বারবার বাচ্চার জন্য চেষ্টা না করে কয়েক বছর গ্যাপ দিয়ে তারপর বাচ্চা নিতে।

কিন্তু আমার শাশুড়ীর এক কথা, আমার পেটে কোনোদিনও সুস্থ সন্তান হবেনা। তাই আমার স্বামী যেন দ্রুত আরেকটা বিয়ে করে। কেননা আমার স্বামীই তার একমাত্র ছেলে, তার বংশবৃদ্ধির জন্য অবশ্যই সন্তান প্রয়োজন।

শুরুর দিকে আমার স্বামী বিষয়টাকে এতটা গুরুত্ব না দিলেও ইদানীং বুঝতে পারছি সেও চায় আরেকটা বিয়ে করতে। সে আমাকে ইনিয়েবিনিয়ে অনেকবার বুঝানোর চেষ্টা করেছে আমার সংসারে আরেকজন আসলে আমার আপত্তি আছে কিনা!?

কিন্তু আমি যতটা সম্ভব তার এমন কথাকে উপেক্ষা করে যাচ্ছি। যখনি এসব প্রসঙ্গে কিছু বলতে চায় তখন সেখান সরে পড়ি।

শেষবার যখন ৫ মাসের ভ্রুণটার গর্ভপাত হলো তার ঠিক ৪ দিন পর বিকেলেবেলা আমার শাশুড়ী হকারদের থেকে অনেকগুলো পুঁটিমাছ কিনে আমাকে সেগুলো কাটতে বললো। পরপর ৯ বারের গর্ভপাত আর ৬ বার ডিএনসির ব্যথা সহ্য করতে করতে আমি নিচে বসার শক্তি হারিয়ে ফেলেছিলাম। একটু বেশি সময় বসে থাকলে আমার তলপেট ব্যথায় ছিঁড়ে যেতো।

আমার এমন খারাপ সময়ে আমার শাশুড়ীর বিবেক আমাকে হতাশ করেছিলো। এতোগুলো পুঁটিমাছ দেখে রীতিমতো আমার কান্না পাচ্ছিলো, তবুও যেন সংসারের দায়িত্বের কাছে অসহায় ছিলাম। প্রচন্ড রকম খারাপ লাগা নিয়েই সেগুলো কাটতে বসলাম।

ভেবেছিলাম আমার শাশুড়ী হয়তো এসে আমার সাথে কাটবে, কিন্তু তিনি হকারের টাকা দিয়ে কোথায় যেন চলে গেলেন।

আমি বসে কিছুক্ষণ কাটার পর প্রচন্ড ব্যথায় কুঁকড়ে যাচ্ছিলাম। আপনা আপনি চোখ বেয়ে পানি পড়ছিলো।

শরীরি কষ্টে যখন আধমরা আমি হঠাৎ ঝাপসা ঝাপসা চোখে দেখলাম আমার স্বামী বাড়ির ভেতর ঢুকতেছে। তার পেছন পেছন আমার শাশুড়ী আর তার সাথে লাল শাড়ী পরিহিত একজন। কিছু বুঝে উঠার আগেই আমার শাশুড়ী বললো,

' সোহানা দেখো জামানের নতুন বউ, তোমার সতীন।

কথাটা বোধহয় কেবল শুনেছিলামই, এরপর ওখানেই লুটিয়ে পড়েছিলাম। এতক্ষণ ধরে আমার শরীর শরীরি কষ্টের ধকল সইতে পারলেও শেষ যা শুনেছে বা দেখেছে তা সইতে পারেনি।

ঘড়ির কাটায় টিকটিক আওয়াজ হচ্ছে। আমি চোখ খুলে দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত প্রায় দুইটা। আর আমি আমার রুমে নেই। আমার পাশে আমার শাশুড়ী নাক ডেকে ঘুমাচ্ছে।

আমি লাফ দিয়ে উঠে ছুটে গেলাম। দরজায় হাত দিতেই বুঝলাম দরজা ভেতর থেকে আটকানো। তখনই আমার মনে পড়লো শেষবার লাল শাড়ী পরিহিত একজন ছিলো যাকে আমার সতীন বলে আমার শাশুড়ী পরিচয় করিয়ে দিচ্ছিলো।

শরীরটা আবারও অসাড় হতে লাগলো। কোনো রকম হেলেদুলে বিছানার কাছে যেতে চাইলাম, তার আগেই খাটের পায়ায় ধরে ফ্লোরে বসে পড়লাম।

এই সংসারটার জন্য নিজেকে একপ্রকার উৎসর্গ করে দিয়েছিলাম। শেষ পর্যন্ত কিনা এটাই আমার প্রতিদান? আমার বাচ্চা টিকেনা তাই? সেখানে কি আমার হাত আছে?

স্বামীর আয় রোজকার কমে যাওয়ায় নিজের সব চাহিদা ত্যাগ করেছি, সংসারের কাজ করে দিনরাত এক করে কাপড় সেলাই করি, টুকটাক যা টাকা পাই তাও সংসারে দেই। কোনোদিন নিজেকে তাদের কাছে বোঝাও বানাইনি, তাহলে কেন আমার সাথে এমন করলো?

বাকিরাতটা যেন চোখের জলেই কেটে গেলো।

সকাল হতেই রান্নাঘরে গেলাম, খাবার বানালাম।

শাশুড়ী খেলোনা, বললো নতুন বউকে নিয়ে খাবে। শাশুড়ীর খাওয়ার আগে আমারও খাওয়ার অনুমতি নেই। তাই অপেক্ষা করতে লাগলাম। আগেরদিন দুপুরবেলা লাস্ট খেয়েছিলাম, খিদেয় পেট চুঁ চুঁ করছে। কিন্তু তবুও এক ফোঁটা পানি খাওয়ারও রুচি হচ্ছেনা।

শেষ পর্যন্ত তারা ঘুম থেকে উঠলো ১০ টায়। উঠেই ওয়াশরুমে ঢুকলো দুজন। এরপর প্রায় এক ঘণ্টা হতে চললো, আমার শাশুড়ী কিছু না খেয়েই পান মুখে দিয়ে বাইরে গেলো।

আমি আমার শাশুড়ীর রুমে বসে রইলাম।

হঠাৎ রান্নাঘরে আওয়াজ শুনে গিয়ে দেখি সেলোয়ার-কামিজ পরে আমার স্বামীর দ্বিতীয় স্ত্রী রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি খাচ্ছে। আমাকে দেখে গ্লাসের পানিটা একটু তড়িঘড়ি করে খেয়ে বললো,

' আপনারা খান নাই? এত্তগুলা রুটি রাখা যে?

আস্তে আস্তে জবাব দিলাম,

' না আমার শাশুড়ীর আগে আমরা খাইনা।

জিবে কামড় দিয়ে বললো,

' উফফ! তাইলে আগে খাইয়া ফেললাম?

আমি কোনো উত্তর দিলাম না। সে খুব স্বাভাবিক ভঙ্গিতে আবার বললো,

' যার যার খাবার টাইমে খাইবো, আগে পরের কি আছে?

বলেই হনহন করে চলে গেলো।

তার পরেই জামান এসে আমাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখলো। গলা খাঁকরে বললো,

' সোহানা তোমারে তো আগেই কইছিলাম, তুমি তো মত দেও নাই তাই না জানাইয়াই কইরা ফেলছি কাজটা।

বলে আমার জবাবের অপেক্ষা করলো। তারপর বললো,

' খাওন দিবা?

' বসেন দিতাছি।

জামান বারান্দার টেবিলটায় গিয়ে বসলো। আমি রুটি আর ভাজি নিয়ে দিলাম। জামান ডাকতে লাগলো,

' আম্মা কই খাইতে আইয়েন।

আমার শাশুড়ী পাশের ঘর থেকে ছুটে এলো। এসেই পান খাওয়া লাল মুখটা পরিষ্কার করতে বেসিনে গিয়ে কুলি করলো। তারপর হাঁক ছাড়লো,

' আফসানা কই গো? খাইতে আইয়ো।

জামান গম্ভীর গলায় বললো,

' আম্মা ও নাকি খাইয়া গেছে এখন। আপনি খান, আর সোহানারে ডাক দেন।

আমার শাশুড়ীর মুখটা একটু কালো হলো। বিরবির করে বললো,

' আমি আরো এতো বেলা পর্যন্ত না খাইয়া আছিলাম একলগে খামু বইলা।

যাকগে সোহানা আইয়ো খাইয়া লও।

আমি ধীরে ধীরে গিয়ে বসলাম

আমার শাশুড়ি বললো,

' কাল রাইতের বেলা ওমন কইরা ভান করছিলা কেন? পুরুষ মানুষের ক্ষমতা থাকলে চাইর বিয়াও করতে পারে। মাইনা নেও, আন্ধার মুখ ঠিক কইরা স্বাভাবিক চলাফেরা করো। আর মাছগুলান ফিরিজে রাখছি, সময় কইরা কাইটা লইয়ো।

কথাগুলো কলিজা ছিদ্র কইরা এপোড়ওপোড় করে দিলো। তবে তা নতুন না, বিয়ের পর থেকেই তার কথার ধারে আমাকে যতটা আঘাত করা যায় করতে থাকে।

আমি কিছু না বলে খিদার তাড়নায় একটা রুটি খেয়ে উঠে পড়লাম। আমার স্বামী বললো,

' একটা রুটি খাইলা যে? তুমি তো রোজ তিনটা খাও।

' পেট ভইরা গেছে।

বলেই থালাবাটি হাতে নিলাম, সে আমার দিকে কেমন করে যেন তাকালো। আমি খেয়াল করে দেখলাম না। দুপুরের রান্নার আয়োজন করতে রান্নাঘরে চলে গেলাম। আমার যখন বিয়ে হয় আমার স্বামী তখন কাতার প্রবাসী ছিলো, ভালোই আয় রোজকার ছিলো, তখন নতুন নতুন ইট পাথর দিয়ে বাড়িটা বানিয়েছে। বাড়ি দেখেই আমার পরিবারের লোকজন কিছু না ভেবে বিয়ে দিয়ে দিয়েছিলো। বিয়ের পর দুইমাস পর বিদেশে চলে গিয়েছিলো, এরপর কি যেন একটা ঝামেলায় একেবারে দেশে চলে আসে যা আজও আমি জানিনা। আর এসেই তার এক বন্ধুর সাথে মিলে ব্যবসা দেয়, সেখানে লস খেয়ে সহায় সম্বলহীন হয়ে এখন কেবল একটা ছোট মুদি দোকান চালায়৷ তাকে সাপোর্ট দিতে দিনরাত আমিও খাটনি করি।

দুপুরবেলা সবসময়ের মতো আমি একাই রান্নাবান্নার কাজ করছি। আমার শাশুড়ী কেবল লাকড়ি সংগ্রহ করে চুলার কাছে এনে দিয়েছিলো।

আমার স্বামীও সেদিন দোকান খুলেনি, আর ঘরের দরজাও খুলেনি।

দুপুরের রান্নার পরে আমার শাশুড়ী পুকুরে গোসল করতে গিয়েছিলো, আর আমি গোসল করে বের হয়ে তাই দেখলাম যা সকালে দেখেছিলাম, আমার সতীন আমার স্বামীকে নিয়ে খাবার খাচ্ছে, তারা নিজেরা নিজেরাই।

আমি কিছু না দেখার ভান করে গিয়ে নামাজে দাঁড়ালাম। আমার শাশুড়ীও এর মধ্যে এলো, তাকেও কিছু বলতে শুনিনি। অথচ বিয়ের কিছুদিন পর একবার আমার শাশুড়ী তার ভাইয়ের বাড়ি গিয়েছিলো, ভেবেছিলাম ওখান থেকে খেয়ে আসবে কিন্তু এসে আমাকে খাবার টেবিলে দেখে এতো বাজেভাবে কথা শুনিয়েছিলো যে পেটের খাবার মুখে আঙুল দিয়ে উগলে ফেলেছিলাম।

সবকিছু মুখে বুজে সহ্য করা ছাড়াও আমার উপায় নেই, আমার মা-বাবাই আমার ভাইদের সংসারে তাদের দয়ায় দুমুঠো খেতে পায়। আমি সেখানে কীভাবে অতিরিক্ত বোঝা হই?

পরেরদিন নতুন বউয়ের বাড়ি থেকে কয়েকজন মানুষ আসলো, তারা আসতেই আমাকে নানান পদ রান্নার জন্য আমার শাশুড়ী তাগাদা দিতে লাগলো। আমিও রান্না করলাম। তাদের খাবার দিলাম। তাদের খাবারদাবারের পর আমার শাশুড়ী আমাকে বললো,

' তুমি গিয়া রান্নাঘরে বইসা খাইয়া নাও।

আমি একটু অবাক হলাম, কেননা আমার শাশুড়ী তখনও খায়নি। আমাকে যেতে বললেও আমি গেলাম না ওখানেই দাঁড়িয়ে রইলাম। সামনে পর্দা, আর পর্দার ওপারে তারা।

আমার শাশুড়ি গিয়ে বসতেই একটা লোক বললো,

' মাঐ বিষয়ডা ধামাচাপা দেওয়ার দায়িত্ব আপনার উপরে দিলাম। ওইডা যেন কোনোভাবেই জানাজানি না হয়। আর আপনার পোলারে সিঙ্গাপুর নেওয়ার দায়িত্ব আমরার। কোনো চিন্তা কইরেন না, কিন্তু আরেকটা কথা কইয়া দেই, আমার বইনের সংসারে যেন অই বেডির কোনো খবরদারি না থাকে।

আমার কথা যে বললো তা বুঝতে কষ্ট হলোনা। আমার শাশুড়ী অনুনয় করে বললো,

' ওইডা কোনো বিষয় না। ও তো হাতের ইশারায় নাচে। আর বাড়াবাড়ি করলে না লাথি দিয়া বাইর কইরা দিমু?

আমি ওখান থেকে সরে গেলাম। মনে হলো সত্যিই যেন আমাকে লাথিটা মেরেছে। কিন্তু সব বুঝলেও বুঝতে পারিনি কোন বিষয় জানাজানি নিয়ে তারা ভয় পাচ্ছে? কোথাকার মেয়ে বিয়ে করেছে যে সিঙ্গাপুর অব্দি পাঠানোর ব্যবস্থা করতেছে!

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে 1 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন