ফন্ট সাইজ:
থিম:
অশুদ্ধ দরিয়া

2

লেখক: তাজরীন খন্দকার

আমার স্বামীর দ্বিতীয় স্ত্রী আমাকে এমনভাবে দেখতে লাগলো যেন আমি ঘরের কাজের লোক, আর কিচ্ছুনা। আমার হাতে সাজানো গুছানো রুমটা দখলে নিলো তো নিলোই এবার হঠাৎ করে এসে আমার কাছে আমার আলমারির চাবি চাইতে লাগলো।

আমার ব্যক্তিগত আলমিরার চাবি চাওয়ায় আমি প্রচন্ড রকম বিচলিত হলাম, উৎকণ্ঠার সহিত বললাম,

' ওইখানে আমার সব জরুরি জিনিসপত্র রাইখা রাখছি, আমার চাবি কাউকে দিমুনা।

সে আমার দিকে ক্ষিপ্ত চোখে তাকিয়ে হনহনিয়ে রুমে চলে গেলো। মূহুর্তের মধ্যেই আমার স্বামীকে সাথে নিয়ে ফিরে এলো। জামান এসে আমার সামনে দাঁড়িয়ে বললো,

' সোহানা? তোমার কাছে চাবি চাইলো দিলানা ক্যান?

আমি মুখ ঘুরিয়ে বললাম,

' আমার আলমারির চাবি দিয়া অন্য মানুষ কি করবো?

' যাই করার করুক, দাও।

' না দিমুনা।

আমার শাশুড়ী কোথা থেকে যেন এর মধ্যে ঢুকে গেলো। এসেই বললো,

' কিরে কি চলতাছে এইখানে?

আমার সতীন অভিমানের সাথে বললো,

' আম্মা আমি আলমারির চাবি চাইছি, দেয়না। আমার জিনিসপত্র নাইলে কই রাখমু?

আমার শাশুড়ী আমার শাড়ীর আঁচল টান দিয়ে নিজেই ধস্তাধস্তি করে চাবি খুলে ছেলের সেই বউকে দিয়ে দিলো। আর আমার দিকে ট্যারা চোখ করে বললো,

' সবকিছুতে হেই বেডিরও অধিকার আছে। এমন কুচুটে কাজবার আর দেখলেই সারে!

আমি কাঁদতে কাঁদতে ওখান থেকে সরে গেলাম। আলমারিতে আমার সবকিছু রয়েছে, টুকটাক সঞ্চয়, গলার একটা চেইন আর একজোড়া ঝুমকা যা আমার বাবার বাড়ি থেকে আমাকে দিয়েছে।

স্বামী যা দিয়েছিলো তা বিক্রি করে পরবর্তীতে মুদি দোকান দিয়েছে। নিজের কিছু ভালো কাপড়, হাতে বানানো কিছু কাঁথা, আরো সাংসারিক যেসব জিনিস আমার খুব পছন্দের সেসবই আলমারিতে অতি যত্নে লুকিয়ে রেখেছি। শুধু আলমারি নয়, ওই চাবির গোছাটায় সবকিছুর চাবিই আছে।

আমি রান্নাঘরে বসে কাঁদতেছি আমার শাশুড়ী পানি খাওয়ার বাহানায় রান্নাঘরে ঢুকলো। আমি চোখমুখ মুছে রান্নাঘর গুছানোর ভান করলাম। আমার শাশুড়ী গম্ভীর কণ্ঠে বললো,

' আফসানার লাইগা দুইডা মুরগীর ডিম সেদ্ধ বসাইয়ো।

আমি ঘাড় ঘুরিয়ে বললাম,

' মুরগির ডিম?

আমার শাশুড়ী গড়গড় করে বললো,

' হ মুরগীর ডিমের কথাই কইছি, বাচ্চা তুলামুনা মুরগীর। আফসানা রোজ ডিম খাইবো।

আমি আমার শাশুড়ীর ডিমের ঝুড়ির দিকে তাকালাম। কোনোদিনও ওই ঝুড়ির একটা ডিম কপালে জুটেনি। মাঝেমধ্যে ভাতের সাথে সিদ্ধ করে ছেলেকে নিজ হাতে খাইয়েছে, কিন্তু ছেলের বউকে ধরতেও দেয়নি।

ওইদিকে খাবার টাইম ছাড়া আফসানা রুম থেকে বের হতোনা। আমি আমার প্রয়োজনীয় জিনিস আনতেও বেকায়দায় পড়তাম। জানিনা কি হয়েছে, আমার তিন বছরের চেনা স্বামী যেন কয়েকদিনে অচেনা পুরুষ মানুষ হয়ে গেলো!

এর মধ্যে তার সাথে আলাদা করে দুটো কথা বলারও সুযোগ পেলাম না।

আমার যখন নতুন নতুন বিয়ে হয়েছিলো তখন আমার শাশুড়ী সবকিছু নিয়েই প্রচুর ঝামেলা করতো, কিন্তু আমার স্বামী বুঝতো এবং আমাকে বুঝাতো যে তার মা একটু এমনই যেন কষ্ট করে মেনে নিই, কেননা তার তো কেবল একটাই ছেলে। আমরা তাকে মেনে না নিলে তার আর কে আছে?

আর সেই মেনে নেওয়াই আমার জীবনকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। ভাতের থালা হাতেও কতবার বেশি খেয়ে ফেলার অপবাদ শুনেছি! কোনো একটা কিছুর কমতি হলেও কথা শোনাতো, আর ভুল ধরা তো প্রতি মূহুর্তের কাজ। এটা হয়না, এভাবে করি কেন? বাপের বাড়ি থেকে শিখি নাই কেন আরো কতকিছু!

চুপচাপ সহ্য করে গেলে পরিস্থিতি অনুকূলে থাকতো, মাঝেমধ্যে টুকিটাকি উত্তর দিলে সেদিন এমন কিছু করতো যে মরাকান্না কাঁদাতো!

আমার দাদীও এমন ছিলো, আমার মা সহ্য করে করে সংসার করে গেছে। নিজে কষ্ট করেছে বলে ভেবেছিলো ছেলের বউদের আদরে রাখবে, কিন্তু তার ভাগ্য এতটা খারাপ যে তারা তার সহজ সরলতাকে আরো দূর্বলতা ভেবে তাকে উল্টো কষ্ট দেয়। তার কষ্টের ঝুড়ি এতোই বিস্তার যে আমি যে দুটো কথা বলবো সেটাও হয়না কোনোদিন, তার দুঃখ বলাই শেষ হয়না। তাই আর মাকে নিজের কষ্টের কথা বলে বাড়তি কষ্ট দেইনা।

আলমারির চাবি নেওয়ার পরদিন সকালে গোসল দিয়ে চুল ঝাড়তে ঝাড়তে আমার সতীন যখন রান্নাঘরের দিকে গেলো, আমি দেখলাম আমার পছন্দের শাড়ীটা তার পরনে। কলিজাটা কেমন যেন মোচড় দিয়ে উঠলো, আমার জিনিস ব্যবহার করবে কেন?

আমি আস্তে আস্তে তার পেছনে দাঁড়ালাম। খেতে খেতে আমার উপস্থিতি আঁচ করে পেছনে তাকিয়ে একপ্রকার চমকে উঠে বললো,

' আরে আপনে?

আমি তাকিয়ে দেখি তার কানে আমার ঝুমকা আর গলায় আমার চেইন। নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলাম না। কিছুটা রেগেই বললাম,

' আমার জিনিসপত্রে হাত দেওনের সাহস কইত্তে হইলো?

রুটি চিবাতে চিবাতে আয়েশ করে বললো,

' সাহস? আমার জামাইয়ের দেওয়া জিনিস ব্যবহার করতে সাহস লাগবো নাকি?

' এগুলো আমার আম্মার, আমার বিয়ের সময় দিয়া দিছে। আপনার জামাইয়ের জিনিস বেইচা দোকান দিছে।জিগান গিয়া নাইলে।

আফসানা গলায় হাত দিয়ে বললো,

' উফফ তাইলে আপনের বাপের বাড়ির জিনিস? তাইলে খুইলা ফেলি, আমার বাপ আবার এতো ফকিন্নি না। এর চেয়ে ভালা জিনিসই দিবো আমারে, খালি তাড়াহুড়ায় বিয়াডা হইছে বইলা!

বলতে বলতেই খুলে আমার হাতে দিয়ে মুখ ভেংচিয়ে চলে যেতে যেতে বললো,

' কাপড় চোপড় আনি নাই তেমন, তাই শাড়ী খুলতে পারুম না।

আমি কিছু বললাম না। চেইনটা গলায় পরে নিলাম, কানের ছোট্ট রিংজোড়ার সাথেই ঝুমকাগুলো পরে নিলাম। রাখার মতো জায়গা নেই তাই পরে রাখাই উত্তম।

কিছুক্ষণ পর আমার শাশুড়ী এলো, এসে বললো,

' জলপই দিয়া টক তরকারি রাইন্দো তো। আফসানা খাইতে চাইছিলো। সুমির মা কইছিলো জলপই লাগলে আনতাম গিয়া। আইনা দিমুনে আমি।

আমি কোনো জবাব দিলাম না।

আজকে সকাল সকালই আমার শাশুড়ী খেয়ে নিয়েছিলো, তার প্রিয় বউমা যে তার খাওয়ার ধার ধারেনা ইতোমধ্যে তার বুঝা হয়ে গেছে। আমিও আমার শাশুড়ীর সাথে সাথেই খেয়ে ফেলেছিলাম। তাই হুকুম একটা দিয়ে ছেলের বউ খাইলো কিনা খোঁজ খবর নিয়ে আবারও বের হয়ে গেলো। হয়তো জলপাই আনতে বের হয়েছে।

কয়েকদিনে ওই বউয়ের জন্য এটা করো ওটা করো এসব শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছি। আর মানতে পারছিলাম না।

বারান্দার চেয়ারটায় বসে বাইরে তাকিয়ে কেবল চোখ মুছতেছি। ইদানীং আপনা আপনিই চোখ দিয়ে পানি পড়ে! ভাবনাগুলো এতটা ক্ষতদায়ক যে, চোখের পানি বাঁধ মানেনা। আপনি আপনিই পড়তে থাকে।

বারবার মিসক্যারেজ আর অসুস্থতা যদি আমার দূর্বলতা হয়েই থাকে তবে বিয়ে করেছে করুক। মেনে নেওয়া অসম্ভব তবুও নাহয় মেনে নিলাম, কিন্তু দুজনকে দুচোখে দেখার বিষয়টা কীভাবে মানবো? সে কোন প্রেসিডেন্টের মেয়ে যে সমান অধিকার থাকা সত্ত্বেও আমি তার হুকুমদারিতে চলবো? যদিও হুকুমগুলো আমার শাশুড়ীর মাধ্যমে আসে, কিন্তু কেন আসবে? এই বাড়ির বউ মানে তো আরেক বউকে যেভাবে চালাচ্ছে তাকেও সেভাবেই চালানো উচিত। শাশুড়ী এমনকি স্বামীও যেন কয়েকদিনে তার ইশারায় চলছে। অথচ আমার বিয়ের পরেরদিনই আমাকে চুলায় বসিয়ে দিয়েছিলো! আর এই বউ শুধু খাবার টাইমে বের হয়, বাকি সময় ঘরের দরজা আটকে বসে থাকে। আমার স্বামী ইচ্ছে হলে দোকান খুলে নাহলে সারাক্ষণ তার সাথেই বন্ধ ঘরে পড়ে থাকে।

তারা যা করছে তা নাজায়েজি কাজকারবার! অতিরিক্ত বিয়ের শর্ত তো এভাবে চলার কথা বলেনা! দুইজনকে সমান গুরুত্ব সম্মান আর চাহিদা পূরণ করার শর্তেই তো একজন আরেকটা বিয়ে করতে পারে। আমার রুম দখল করেছে, আমাকে কাজের মানুষ বানিয়ে তারা আয়েশ করছে তা কি করে হয়?

আমি সেদিন রান্নার জন্য গেলাম না। চেয়ার থেকে উঠে গিয়ে বিছানার উপর বসে রইলাম। আমার শাশুড়ী খানিকটা দেরি করেই জলপাই নিয়া ফিরলো। এসে আমাকে বসে থাকতে দেখে বললো,

' রানবা না? বইসা আছো ক্যান?

আমি জবাব দিলাম না। রান্নাঘর থেকে ঘুরে এসে বললো,

' সাড়ে বারোটা বাজতাছে, এখনো বসাইলানা খামুনা আজকা?

বিরবির করে বললাম,

' বউ কি আমি একলা এখন? তারেও কন রান্নাবাড়ায় আইতে।

মুখটা শাকচুন্নির মতো করে আমার দিকে তাকালো। তারপর ব্যঙ্গ করে বলে উঠলো,

' অইলোরে দেখরে তাইয়ে কি কয়? ফকিন্নি বেডি কারে রানতে কয় দেখরে জামান!

আবারও ধীর স্বরে বললাম,

' তাইনে কোন জমিদারের মাইয়া রানতে পারবোনা?

' ওরে বাবারে আমার মুখে মুখে কথা কয়। চাপার জোর বাড়ছে দেখি । একেবারে থেতলাইয়া দিমু চাপাচোপা! রানতে যা অক্ষনে অপয়া।

এমন বিশ্রী ব্যবহার সহ্য করতে না পেরে আমি উঠে জলপাই নিয়ে যাওয়া ধরলাম। তখন আমার শাশুড়ী বলতে লাগলো,

' শেষ কইরা দিলো আমার সংসারডারে। এই অপয়ার পা পড়নের পর থেইকা এই সংসার শেষ। আমার পোলা ছয়ডা বছর বিদেশ করছে কিছু হয় নাই, কি খালি তাইরে আনছে হের বিদেশের রিজিকও শেষ। এরপরে দেশে আইয়া দিলো ব্যবসা হেইডাতেও খাইলো ধরা! পোলাপান পর্যন্ত টিকেনা তাইর পেটে, কেমন অপয়া হলে এতবার পেট নষ্ট হয়?

কাঁদতে কাঁদতে নিজের শরীরটাকে কেবল এই মহিলার থেকে আড়াল করলাম। তারপর দেয়ালে হেলান দিয়ে উপরে তাকিয়ে কতক্ষণ যে কাঁদলাম! সবকিছু তো উপরে যিনি আছেন তার ইশারায়ই হয়, আমার এই বাড়িতে আসার সাথে তার বিদেশ থেকে একেবারে চলে আসার সম্পর্ক কোথায়? আমি তো তাকে আসতে বলিনি। আর ব্যবসার লসের সাথেই বা আমার সম্পর্ক কোথায়? তার ভাগ্য তাকে না দিলে আমার কি দোষ?

একের পর এক বাচ্চা না টিকার পেছনেও আমার হাত আছে? আমাকে অপয়া না বলে কোনোদিন তো একটা ভালো ডাক্তার দেখিয়ে পরীক্ষা নিরিক্ষা করেও দেখলো না কেন আর কোন সমস্যা থেকে আমার মিসক্যারেজ হচ্ছে?

ভেতর থেকে কেউ আসার আওয়াজ পেয়ে চোখমুখ মুছে নিলাম। তারপর বাইরের রান্নাঘরের দিকে পা বাড়ালাম। আমার হাতে জলপাই দেখে এক প্রকার দৌড় দিয়ে এসে আমার হাত থেকে জলপাই কেড়ে নিয়ে লবন মরিচ কিছু ছাড়াই কামড়ে কামড়ে খেতে শুরু করে দিলো আফসানা।

তার খাওয়া দেখে তাকে স্বাভাবিক মনে হলোনা, ভ্রু কুঁচকে তার দিকে তাকালাম, টকের তীব্রতা ভেবে আমারই চোখমুখ ভেংচিয়ে আসছিলো। তখনই মনে পড়লো আমি প্রথম যখন কন্সিভ করি, তখন প্রচুর টক খেতে মন চাইতো, মনে হতো এক কেজি তেঁতুল কিংবা কাঁচা আম নিমিষেই সাবাড় করে দিতে পারবো। এটা মনে হতেই আমার চোখ সন্দেহের ভারে তার দিকে স্থির হয়ে গেলো। তবে কি সে পূর্বে থেকেই গর্ভবতী? আর তা আমার শাশুড়ী জানে বলেই কি এতো খাতির যত্ন করছে? নিজের পালা মুরগীর ডিমও তাকে সিদ্ধ করে খাওয়ায়!

কিন্তু তা কীভাবে হবে? বিয়ে তো হলো এক সপ্তাহও হলোনা।

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে 2 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন