ফন্ট সাইজ:
থিম:
অশুদ্ধ দরিয়া

3

লেখক: তাজরীন খন্দকার

আমার স্বামী গোপনে বিয়ে করে রেখেছিলো এমন চিন্তা মাথায় আনতে পারছিনা। কেননা বিদেশ থেকে আসার পর সে কোনোদিন কোথাও গিয়ে একরাতের জন্যও থাকেনি। তাহলে তার সদ্য বিয়ে করা বউ গর্ভবতী হবে কি করে? নাকি আমিই বেশি বেশি ভাবছি?

প্রায় ৫-৬ টা জলপাই এমনি সাবাড় করে দিয়েছে। ওর মুখে কোনো প্রতিক্রিয়া না থাকলেও আমার দাঁত শিরশির করছিলো তাই আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। হাতে আরো কয়েকটা গুঁজে দিয়ে রান্না বসাতে চলে গেলাম।

আমার রান্নার মাঝখানে কোথা থেকে যেন আমার স্বামী হাতে করে একটা মাঝারি সাইজের ইলিশ মাছ নিয়ে এলো। আমি তাকাতেই হেসে বললো,

' সোহানা রানতেছো? দেখো বাজার থেইক্কা ইলিশ মাছ নিয়া আইলাম।

আমি জবাব না দিয়ে চুলার মুখে আরো কয়েকটা লাকড়ি ঠেলে দিলাম। আমার স্বামী আমার পাশে বসে বললো,

' রান্না শেষভাগে? মাছটা আজকে রান্ধন যাইবো?

আমি বিরক্তি নিয়ে বললাম,

' না যাইবোনা।

' ক্যান?

' আমার হাত কয়ডা? আমি মাছ কাটাকাটি করলে চুলায় বইবো কে?

' আইচ্ছা আমিই কাইটা তৈয়ার কইরা দিমু।

চোখ ত্যাড়া করে আমি তাকালাম। অবাকও হলাম, যে কিনা নিজে কোনোদিন পাতের ভাতটাও নিয়ে খায়না সে নাকি মাছ কেটে দিবে! যদিও বিদেশে কাজটাজ সবই করেছে, কোনো কিছুই অজানা না। তবে আমাকে বিয়ে করার পর কোনোদিন গোসলের পর লুঙ্গিটাও ধুতে দেখিনি।

যেমন বলেছে তেমনই করেছে। দা নিয়ে আমার পাশেই মাছ কাটতে বসে পড়েছে। আঁশ ছাড়াতে ছাড়াতে আমাকে বললো,

' দেখো তো হইতাছে কিনা?

আমি ঘাড় ঘুরিয়ে বললাম,

' হইতাছে।

তারপর ঘাড় ঘুরানো অবস্থাতেই তার মুখটার দিকে তাকিয়ে রইলাম।

আঁইশ ছাড়ানোর মধ্যে আমার তাকিয়ে থাকা খেয়াল করলো, মাথা তুলে তাকিয়ে বললো,

' তাকায়া আছো ক্যান?

' আপনারে এই কয়দিনে কেমন জানি পরপুরুষ মনে হইতাছে। আমারে কি আর কোনোদিন আপনার লগে রাখবেন না?

তার হাতটা একটু স্থির হয়ে গেলো। আমতা আমতা করে বললো,

' কি যে কও। আফসানা তো নতুন, কডা দিন যাক। তোমার লাইগা আর ওর লাইগা আলাদা আলাদা রুম রাখুম। তোমরা দুইজনেই তো আমার বউ। সমান অধিকার না?

দীর্ঘশ্বাস ছেড়ে বললাম,

' সমান অধিকার!

গেইট থেকে উঁকি দিয়ে আফসানা দেখলো জামান আমার কাছে বসে মাছ কাটতেছে। কেমন যেন তাড়াহুড়া করে ছুটে এলো। এসে স্বামীর মাথার উপর দাঁড়িয়ে বললো,

' আরে কইতে না কইতে ইলিশ মাছ লইয়াও আইছেন?

আমি তার দিকে তাকিয়ে আবারও একটা দীর্ঘশ্বাস ছাড়লাম এই ভেবে যে মাছটা আজকেই রান্নার তাগাদা তার দ্বিতীয় স্ত্রীর জন্য ছিলো!? আমারও তো কতকিছু খেতে ইচ্ছে করতো, ইনিয়েবিনিয়ে অনেকবার কতো কি আবদারও করেছি! কোনোদিন তো এভাবে সাথে সাথে আনতে দেখিনি। হয় ভুলে যাওয়ার অজুহাত দিয়েছে নয়তো মা কি বলবে সেই অজুহাত!

জামান আফসানার কথায় হাসতে হাসতে বললো,

' বাজারে গিয়া দেখি ভালা ভালা ইলিশ উঠছে, দেইখাই তোমার কথা মনে পড়লো, তাই দেরি করি নাই আর।

মাছগুলো পিস করে নিজেই ধুয়ে আমার পাশে রাখলো। আমার অন্য রান্না প্রায় শেষদিকে। আমি মাছের বাটিটা হাতে নিয়ে বললাম,

' ইলিশ কি ভাজা খাইবো?

আফসানা বললো,

' না ইলিশ ভাঁপা খামু।

আমি হাত থেকে মাছের বাটিটা রেখে দিয়ে বললাম,

' এইসব ভাঁপামাপা আমি পারিনা, যারডা তেই করুক।

বলেই চুলার তরকারির কড়াই নিয়ে ঘরে চলে গেলাম। আর ফিরেও দেখলাম না তারা কি করছে!

শুধু আমার স্বামী হতবিহ্বল হয়ে আমার চলে আসার দিকে তাকিয়ে বলতে শুনলাম,

' আমি কইরা দিমু সমস্যা নাই। তুমি কও কেমনে রান্ধে? কি কি দেয়?

এরপর কি বলেছে আর করেছে শুনিনি। আমি আমার রুমে গিয়ে সবকিছু আরেকবার দেখে নিলাম, দেখলাম সব ঠিকঠাকই আছে। তারপর কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে গেলাম গোসল করতে।

বালতি পরিপূর্ণ হওয়ার পর যখন ট্যাব বন্ধ করলাম তখন আমার শাশুড়ীর চিল্লাফাল্লা শুনলাম বাইরে। মাছ রান্নার দায়িত্ব ওদের দিয়ে এসেছি বলে হয়তো তার চিল্লাচিল্লি। বুঝলাম আরেকদফা গালাগালি অপেক্ষা করছে আমার জন্য। পরোয়া করলাম না, করুক গালিগালি। এটাই আমার নসিবে আছে, ফেরানোর উপায় নেই।

গোসল শেষ করে নিজের রুমটা ফাঁকা পেয়ে ওখানে গিয়ে দরজা বন্ধ করে নামাজে দাঁড়ালাম।

দুই রাকাতে যেতেই দরজার উপর একের পর এক ধাক্কা দিতে লাগলো। আমার স্বামী রান্নাঘর থেকে জোরে হাঁক ছেড়ে ছেড়ে বারণ করতে চাইছে, কিন্তু শাশুড়ী অনবরত ধাক্কা দিতেই থাকলো। কোনো রকম সালাম ফিরিয়ে আলমারির গোপন ড্রয়ারে থাকা আমার টুকটাক সঞ্চিত টাকাগুলো নিয়ে নিলাম, এই ঘর এমন ফাঁকা পাওয়া দুষ্কর তাই নিজের সামান্য অর্থগুলো নিজের সাথে রাখাই ভালো। তারপর গিয়ে দরজা খুলে দিলাম।

দরজা খুলতেই আমার শাশুড়ী হিজাবের উপর থেকেই আমার চুলে মুঠো করে ধরে বললো,

' পোড়ামুইখা বেডি! কত্তো বড় কইলজা তোর আমার পুতেরে দিয়া মাছ কাটাস, আবার রানতে কস?

আমি তার হাতটা চুল থেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বললাম,

' আমি একলা কেমনে রান্না আর কাটাকাটি করুম? আপনার পোলা নিজেই কাটতে চাইছে, তারে জিগান গিয়া। আর ইলিশের ভাঁপা কি আমি রানতে জানি?ঠিকমতো না হইলেও তো আবার গালাগালি করবেন।

' তাইয়ে চোপা করে আবার। যেইডা করতে কইবো ওইডাই করবি, নাইলে এই বাড়িত জায়গা নাই।

বলেই চুল ছেড়ে দিলো। এদিকে আমার স্বামী খুন্তি হাতে এসে মধ্যে দাঁড়ালো আর আমার শাশুড়ীকে বললো,

' আম্মা কি আরম্ভ করলেন আপনে?

আমার শাশুড়ী বললো,

' আফসানা তো কইলো হে তেজ দেখাইয়া রান্নাঘর থেইকা বের হইয়া আইছে। এতো তেজ কইত্তে দেখায় ফকিন্নির মাইয়া?

আমি কাঁদতে কাঁদতে আফসানার দিকে তাকালাম। তারপর আমার স্বামীর দিকে তাকিয়ে বললাম,

' আপনার সংসারের ভাত মনে হয় আমার রিজিকে নাই। আপনাদের মইধ্যে আমি একটা কালপ্রিট হইয়া আছি। তালাক দিয়া দেন, চইলা যাই!

জামান কাঁপা কাঁপা গলায় বললো,

' কি কইতাছো? তালাক দিমু ক্যান?

এতদিনের হাহাকারগুলো গলা ফেটে বের হয়ে এলো, চিৎকার করে বললাম,

' তবে কি দিনের পর দিন আমি নরকযন্ত্রণা সইবো? আগে জানি সব সহ্য কইরা আপনার মুখের দিকে তাকায়া সব ভুইলা যাইতাম? এখন কি আছে এই বাড়িত থাকনের লাইগা? আপনেরে যে কোনোদিন নিজের দাবি করতে পারুম না, তা বুঝা শেষ! আজকে আপনার বউ কইলো আমি তেজ দেখাই, কালকে কইবো তার দিকে খেদাইয়া আইছি, পরশু কইবো গায়ে হাত তুলছি। তার কথা শুইনা আপনার মা আমাকে পিডাইবো, আপনি পিডাইবেন, সব সহ্য করমু? কতো করমু আর?

ধীর স্বরে জামান বললো,

' কই যাবা তুমি?

' যেদিকে দুচোখ যায়।

' আমি সব ঠিক কইরা দিমু। এমন কথা কইয়োনা। কিছুদিন ধৈর্য্য ধরো আর।

আফসানা পেছন থেকে জামানের হাত ধরে টান দিয়ে বললো,

' সব ঠিক করতে আইছেন? চুলায় যে রান্ধা রাইখা আইছেন হুঁশ আছে?

জামান দ্রুত পায়ে রান্নাঘরে চলে গেলো। আমার শাশুড়ী আমার দিকে ক্ষিপ্ত চোখে তাকিয়ে বললো,

' যা কই যাবি। তোর বাপ মা অইতো ভাত পায়না খাইতো তোরে জুতায়া দুইদিন গেলে বাইর করবো বাড়িত্তে, দেখিস।

আমি কিছু না বলে খোলা দরজা দিয়ে নিজের রুমটার দিকে আবারও তাকালাম। তারপর গেইট দিয়ে বের হতে হতে বললাম,

' আল্লাহ যেন দ্বিতীয়বার এই গেইটে পাও না রাখায়।

মুখ ভেংচিয়ে আমার শাশুড়ী বললো,

' হুহহহহহ দেখুমনে,এই বাড়ির দানাপানি ছাড়া তুই কেমনে বাঁচস!

আমি চলে যাওয়ার সময় জামান একবার ডেকে বললো,

' সোহানা বেডি মানুষের এতো জিদ্দি ভালানা কইয়া দিলাম। ভালা বুঝলে ঘরে যাও।

আমি কিছু না শুনেই খালি পায়ে হাঁটতে লাগলাম। নামাজের হিজাবটা শুধু মাথায় দেওয়া। পরনের কাপড়টাই শুধু সাথে। বাকি যত যা ছিলো সবই যত্নে রেখে এসেছি ঘরটায়।

হাঁটতে হাঁটতে প্রায় আসরের সময় খেয়াল করলাম দূরে আমার বাবার বাড়ির বড় আমগাছটা দেখা যাচ্ছে। ক্ষেতের আইল ধরে হাঁটতে হাঁটতে মাটির রাস্তায় উঠলাম।

শরীর যেন চলছিলোনা, রান্না করে এলাম ঠিকি কিন্তু সেই খাবার আমার মুখে তোলার নসিব হলোনা। ক্ষুধার্ত পেট,দূর্বল শরীর নিয়ে রাস্তার পাশের কড়ই গাছটার নিচে বসে পড়লাম। হঠাৎ করে সাইকেলের একটা হর্ণে পেছনে তাকাতেই জব্বার কাকা বলে উঠলো,

' কিরে সোহানা এইখানে বইসা আছস ক্যান?

মৃদু হেসে বললাম,

' কাকা বাড়িত যামু, একটু জিরাইতেছি।

' তোর আব্বারে দেখতে আইছস?

থতমত খেয়ে বললাম,

' আব্বার কি কিছু হইছে কাকা?

কাকা ঘাবড়ে গিয়ে বললো,

' ও তুই জানস না? তোর আব্বার অবস্থা তো রাইত থেইকাই খারাপ । খাওয়াদাওয়া বন্ধ হইয়া গেছে, তার শ্বাসকষ্টডাও বাইড়া গেছে।

আমি বসা থেকে উঠে দাঁড়িয়ে অস্থির গলায় বললাম,

' কাকা আব্বার কি জবান বন্ধ হইয়া গেছে?

' হ। আমি ডাক্তার খবর দেওনের লাইগা যাইতাছি।

আমার অসাড় হয়ে যাওয়া শরীরে কেমন যেন একটা শক্তি ভর করলো। এক প্রকার দৌঁড়াতে দৌঁড়াতে কিছুক্ষণের মধ্যে বাড়িতে চলে গেলাম। বাড়ির বাইরের বাঁশের বেড়ার গেইটটা খুলতেই দেখি বাড়ির ভেতরে বেশ শোরগোল।

আমি দৌঁড়ে ঘরে ঢুকে দেখি আম্মা মাটিতে পড়ে বিলাপ করে কাঁদতেছে। বিছানায় আব্বা লুঙ্গি পরে খালি গায়ে শুয়ে আছে। আমি আরেকটু খেয়াল করতেই বুঝলাম আব্বার তো কোনো শ্বাসকষ্ট নাই! কাকা মিথ্যা কথা বললো কেন?

পাশ থেকে কাকী বললো,

' সোহানারে তোর আব্বা দুইডা মিনিটও হইলোনা দুনিয়া ছাইড়া চইলা গেছে। তোরে এক নজর দেখার লাইগা কয়ডাদিন কি যে ছটফট করছেরে সোহানা! তুই আইলি তো আইলি কিন্তু তোরে শেষ দেখা দেখলোনা তোর বাপটা।

কথাটা শুনতেই কলিজাটা যেন ছিঁড়ে গেলো। চোখ দিয়ে অঝোরে পানি পড়তে লাগলো, ভাঙা ভাঙা স্বরে কেবল বললাম,

' খবর পাঠাইলা ক্যান তোমরা?

কাকী বললো,

' ক্যান খবর পাঠাইছেনা? তোর শাশুড়ীর ঘরের লগে ঘর যার, আমেনার মা? আইছিলো তার মাইয়া দেখতো, তারে কইয়া দিছেনা তোর আম্মা?

এটা শুনে বুঝার বাকি নেই আমার শাশুড়ী যে আমাকে বিষয়টা ইচ্ছে করে জানায়নি। আমি চলে আসলে তার ঘরে কামলা দিবে কে? বিয়ের পর কখনোই তো দুটো দিন ভালোমতো থাকতে দেয়নি।

গলায় আঁটকে থাকা আর্তনাদমাখানো কান্নাগুলো সশব্দে বাইরে বের হয়ে এলো। চিৎকার করে কাঁদতে লাগলাম।

এতদিন এতো কষ্ট সহ্য করেছি, কোনোদিন রাগ করে বাবার বাড়ি চলে আসার দুঃসাহস করিনি।

আজ যখন নরকের মতো সংসারটাকে বিদায় দিয়ে চলে এলাম, সেদিনই কেন আব্বা দুনিয়া ছেড়ে চলে গেলো?

এমনকি দুইটা মিনিটের জন্য বাপের শেষ নিঃশ্বাসটাও দেখলাম না।

আমার শাশুড়ী হয়তো ঠিকিই বলে, আমি আসলেই অপয়া!

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে 3 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন