ফন্ট সাইজ:
থিম:
অশুদ্ধ দরিয়া

5

লেখক: তাজরীন খন্দকার

বড় ভাইয়ের বউয়ের সাথে বেয়াদবি করার অপরাধে বিচার সালিশ বসানো হয়েছে। আমি নাকি তাকে আর তার মাকে নিয়ে খারাপ কথা বলেছি। সেখানে আমার বাড়ির আশেপাশের লোকজন সবাই জড়ো হয়েছে। ভাবীর উদ্দেশ্য যে ভিন্ন সেটা বুঝা যাচ্ছে। তিনি চাচ্ছেন কোনো একটা অজুহাতে আমার স্বামীর দ্বিতীয় বিয়ে আর আমার সাংসারিক ঝামেলার কথা সবাই জানুক। আর আমি যেন বেইজ্জত হই! কেননা এতদিন ধরে সবাই জানে আমার বড় বাড়িতে বিয়ে হয়েছে, আর আমি অনেক সুখে আছি। যেই সুখে থাকার জন্য বাবা তাদের জমি পর্যন্ত বিক্রি করেছিলো! এখন সবার সামনে আমাকে এবং আমার বাবার সিদ্ধান্তকে ছোট করতেই সামান্য একটা কথাটাকে বাড়িয়ে এতো বড় করেছে।

আমি যখন ভাবীকে বলছিলাম ভাইকে আরেকটা বিয়ে করানোর কথা, তখন জামান দাঁড়িয়ে আমার কথা শুনছিলো, কিন্তু ভাবীর খারাপ প্রতিক্রিয়া শুরু হওয়ার পর সে আর সেখানে দাঁড়ায়নি। জামান চলে যাওয়ার পর ভাবীর চিল্লাফাল্লা আরো বেড়েছিলো, মানুষ জমানোই তার উদ্দেশ্য ছিলো। এমন কাণ্ডে ভেবাচেকা খাওয়া আমি তাকে যতই থামতে বলছিলাম তার গলার আওয়াজ যেন আরো বাড়ছিলো, শেষ পর্যন্ত পরিস্থিতি খারাপ দেখে আম্মা আমাকে শক্ত থাকার জন্য বললো, আর বললো সে কি কর‍তে চায় তা দেখ!

শেষ পর্যন্ত বিষয়টা সমাধানের জন্য ভাই কয়েকজনকে ডেকে সালিশ বসালো, সেখানে ছোট বড় অনেকেই ছিলো। ভাইও তার বউকে করা অপমানের জবাব চায়। জীবনে প্রথমবার আমার জন্য সালিশ বসলো, কতকিছু সহ্য করলাম, কতো ঘটনা আমার সাথে ঘটে গেলো শুধুমাত্র লোকসম্মুখে লজ্জায় পড়তে হবে বলে বলিনি। সবসময় নিজেকে সুখী আর স্বাভাবিক দেখানোর চেষ্টা করেছি।

আমাকে ডেকে সালিশে নেওয়া হলো। ভাবীকে আমি কি বলেছি সেটা ভাবী বলেনা, শুধু বলে আমাকে সবার সম্মুখে সব জিজ্ঞাসা করতে!

পাশের বাড়ির মুরব্বি চাচা আমাকে বললেন,

' সোহানা তোর ভাবীরে তুই কি কইছস হাছা কইরা ক তো? তারে আর তার মারে কি তুই খারাপ গালি দিছস?

আমি ভেতরকার অস্থিরতা সামলে অত্যন্ত স্বাভাবিকচিত্তে বললাম,

' না চাচা আমারে কি আপনারা চিনেন না? আমি কি খারাপ গালাগালি করার মতন মানুষ?

' সেইডা আমরা সবাই জানি, তয় কি কইছস সেইডা ক?

আমি চুপ করে রইলাম। এমন একটা কথা বলেছি যেটা বললে আমার পুরো ইতিহাস ধরেই টান দিতে হবে।নাহলে তাদেরকে কিছু বুঝানো যাবেনা! আর আমার ভাবী সেটাই চাচ্ছে। আমাকে চুপ থাকতে দেখে আমার ভাবী হাত নাড়িয়ে নাড়িয়ে বললো,

' দেখছেন? আমার কথা তো বিশ্বাস করেন নাই, দেখেন মাইয়া কথা কয়না। কি কইছে কইতে কন?

আমার আম্মা বেড়ার ফাঁক দিয়ে উদাস হয়ে তাকিয়ে আছে। তার সাদা রঙের শাড়ীর আঁচলটা একটু দেখা যাচ্ছে। আম্মা আমাকে সব সত্যি কথা বলার জন্য তাগিদ দিয়েছে, ভয় না পাওয়ার অনুরোধ করেছে। আমি আম্মার অবিচল তাকিয়ে থাকাকে অনুমান করতে পারলাম, ভেতরে একটা সাহস এলো!

থমথমে গলায় বললাম,

' চাচা আপনাদের জামাই আরেকটা বিয়া করছে। আমি তার সংসার একেবারে ছাইড়া আইছি, আমার শাশুড়ী আমার উপর অত্যাচার করে, আমার সতীন আসার পর আমার জামাইও আমার দিকে আর ফিরা তাকায়না। আমারে তালাক দেয় নাই, আমি সহ্য না করতে পাইরা চইলা আইছি!

আমি এইটুকু বলে থামতেই আমার আপন কাকা যিনি, তিনি দাঁড়িয়ে গেলেন। পুরুষালী তেজে বলে উঠলেন,

' হের কতো বড় কইলজা হে আরেকটা বিয়া করছে?! কার আদেশে হে বিয়া করলো? আমার ভাতিজির বাপ মইরা গেছে বইলা কি আমরাও মইরা গেছি ? এই হেরে খবর পাডা। দেইখা লমু।

আমার ভাইও চোখ বড় করে তাকিয়ে আছে। কাকা ভাইয়ের দিকে তাকিয়ে বললো,

' রুস্তম তোর বইনেরে রাইখা তার জামাই আরেক বিয়া করে, তুই ঘরে চুপচাপ বইয়া রইছত?

ভাই আমতা আমতা করে বললো,

' আমি তো খালি জানলাম, আমারে তো কেউ কিছু কয় নাই।

' তোরে কয় নাই?

' না কাকা।

মুরব্বি চাচা তাদের কথার মাঝখানে আমার দিকে তাকিয়ে বললো,

' আইচ্ছা জামাইয়ের ব্যবস্থা পরে করতাছি, এখন তোর ভাবীর লগে বেয়াদবি করলি ক্যান সেইডা ক?

আমি ভাবীর দিকে একবার তাকালাম, তারপর আশেপাশে তাকিয়ে দেখলাম সবাই ইতোমধ্যে কানাকানি,ফিসফাস শুরু করেছে, আমার জামাই আর শ্বশুর বাড়ি যে এমন তারা তা বিশ্বাস করতে পারছেনা! এতো বিব্রতকর পরিস্থিতির মধ্যেও ঘাবড়ালাম না, সাহস করে বলতে লাগলাম,

' চাচা আপনাদের জামাই আইছিলো আমারে নেওনের লাইগা , আম্মা তার আরেক বিয়ার কথা শুইনা রাগ কইরা নিতে দেয় নাই। পরে ভাবী তারে কইলো আমাদের মা মেয়ের নাকি তেজ বেশি, দুই বিয়া কোনো সমস্যা না, আম্মায় নাকি ফুসলাইয়া আমার সংসার ভাঙবো। আমি রাগের বশে ভাবীরে কইছি সমস্যা না হইলে তার জামাইরে যেন আরেকটা বিয়া করায়, আর ভাবীর আম্মা তো ভালা মানুষ ফুসলাইবোনা। এতেই চেইত্যা গেছে উনি, এইটুকুই চাচা। তখন উনি আমাকে এভাবে বলাতে আমিও বলে ফেলছি!

আমার কথা শুনে আমার কাকা বললো,,

' কথার প্রসঙ্গে কথা কইছে, গালাগালি করলো কই? সুজনের মা তুমি এই কথা লইয়া সালিশ বসাইছো?

ভাবী দেখলো পরিবেশ বদলে গেছে, সবাই আমার দিকে আঙুল তোলার বদলে সহানুভূতি দেখাচ্ছে। কিছু বুঝতে না পেরে চিৎকার করে বললো,

' জামাই কি সাধে আরেক বিয়া করে? একে তো তাইর চরিত্রে দোষ তার উপরে বাচ্চা টিকেনা, বেডা মানুষ কি দিনের পর দিন এমন বেডি নিয়া থাকবো? জামাইডা তো ভালা,তাও ছাইড়া দেয় নাই আবার নিতেও আইছে। জামাইয়ের লগে ফিরা যাইতে কইয়া কি খারাপ করছি? এই কথা কওনের পরেই ফোঁস কইরা উঠছে, নিজের ভাইরে নিয়াও কথা তুলছে, ওর ভাইয়ে নাকি আরেক বিয়া করবো! সাথে আবার আমার আম্মারে নিয়াও খোঁচা দিলো, আমার আম্মারে নিয়া কথা কওনের সাহস পাইলো কইত্তে?

চাচা কিছু বলার আগেই আমি রেগে প্রশ্ন ছুড়লাম,

' আমার চরিত্রে দোষ পাইছেন কই আপনে? আমার চরিত্র নিয়া কথা কইলেন ক্যান?

ভাবী মুখটাকে বিশ্রী অঙ্গভঙ্গী করে বললো,

' এইট পাশ করনের আগে যে ঘরে বইছো মনে নাই? উত্তরপাড়ার এক পোলার কাছ থেইকা চিঠি লইছিলা তোমার ছোট ভাই দেইখা ফেলছিলো,ভুইলা গেছো? এখন সাধু সাজো?

আমি কপালে হাত রেখে দুইবার বললাম,

' আল্লাহ আপনার মুখে লাগাম দিক, লাগাম দিক! তিলরে তাল বানাইতে আপনার জুড়ি নাই!

ভাবী প্রসঙ্গ পাল্টে বললো,

' আইচ্ছা এতক্ষণ যা হইছে সবাই শুনছে, এখন মুরব্বি চাচা আমার কথা শুনেন, আমরারে লুট কইরা ওর বিয়া দিছে, আমরার আর কিচ্ছু নাই, সংসার করবো নাকি করবো না তারারটা তারা বুঝুক, কিন্তু এই বাড়িত আমি জায়গা দিমুনা। আমার শাশুড়ী ওরে প্রশ্রয় দিলে মেয়েরে নিয়া অন্য কোথাও চইলা যাক।

চাচা কিছুটা বিপাকে পড়ে গেলেন, আমার দিকে তাকিয়ে বললেন,

' সোহানা জামাই যদি দুই বউ লইয়া, ভরনপোষণ দিয়া রাখতে পারে তাইলে সংসার ভাঙনের কি দরকার?

আমি অসহায়ের মতো চাচার দিকে তাকালাম। কি সুন্দর আমার ভাবীর কথাগুলোকেই যুক্তিসঙ্গত মনে করলো! আমার ভাইও বললো,

' চাচা ঠিকি কইছে, একটা সংসার ভাঙ্গন মুখের কথা না। বাচ্চাকাচ্চা একটা হইয়া গেলেই সব ঠিক হইয়া যাইবো। আমরাও আরেকবার বিয়া দেওনের সাধ্য নাই আর মানসম্মানেরও একটা পরশ্ন আছে!

আমি অনেককিছু বলতে চেয়েও পারলাম না। চাচা আমাকে হুশিয়ারি দিলো ভাবীর সাথে যেন পরবর্তীতে এই ধরনের তর্কে না যাই। সব বিচার আচারের পর আমার ভাবীর ঠোঁটের কোণে হাসি দেখলাম। এটাই তো চেয়েছিলো, আমার অসম্মানি! এরপর সবাই যার যার মতো করে চলে গেলো।

আমি শেষবার আমার ভাইয়ের দিকে তাকিয়ে দেখি সে বউয়ের পিছু পিছু ঘরে ঢুকতেছে, তার বউ চোখমুখ কুঁচকে কি যেন বলছে, শোনা না গেলেও কি হতে পারে অনুমান করা যাচ্ছে।

আমি ভেতরে যেতেই আম্মা আমাকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে বললো,

' দুনিয়া বিরুদ্ধে চইলা গেলেও আমার মাইয়ার অশান্তি আমি সহ্য করুম না। তুই যা চাইবি তাই করবি। লাগলে তুই কাগজ বানাইয়া নিজে ডিভোর্স দিবি। তুই আমার কইলজার টুকরা, আমি তোরে কষ্ট পাইতে দিমুনা। কান্দিস না আর!

কাঁদতে কাঁদতে বললাম,

' আম্মা সবাই তো আমার ডিভোর্স মাইনা নিবোনা, ওরা আমার দেনমোহরের টাকাও দেয় নাই, আর আব্বার দেওয়া জিনিসপত্রও ওই বাড়িত। এরপর আবার ওরা বউ ছাড়তে না চাইলে ঝামেলা বাড়বো আম্মা। আইন আদালতে যাইতে পারুম না, আমরার কি সেই হেডাম আছে?

' ছাড়বোনা মানে? তোরে সবকিছু দিতে হইবো বইলাই ছাড়তাছেনা। তখন ফুটানি মারাইয়া লাখ টাকা কাবিন দিছে, ছাইড়া দিলে দিবো কইত্তে? হের আছেডা কি? তুই খালি একবার কইয়া দেখ তোর দাবিদাওয়া নাই আর কিছু দেওন লাগবোনা,দেখিস এক মিনিট দেরি করে কিনা!

' আম্মা ভাইরাও আমাদের দিকে চাইবোনা, সংসার ছাইড়া আইসা যামু কই? আমার লাইগা তোমারও পুতের ভাত উঠবো!

' তাইলে একটা কথার জবাব দে, তুই কি সারাজীবন ওই সংসারে কাটাইতে পারবি? তোর অই শাশুড়ী আর সতীনের লগে?

এটা শুনতেই আমি চুপ করে গেলাম। আম্মা আমার মাথায় হাত রেখে বললো,

' এইডা এক দুইদিনের জিন্দেগী নারে মা, জামান যদি বিয়া না করতো আমি কইতাম শাশুড়ীরে সইহ্য কর, কয়দিনই আর বাঁচবো বেডি! কিন্তু তোর সতীন? তুই যেই বর্ণনা দিছস তাতে বুঝা গেছে ওই বেডি জামাইয়ের ভাগ তোরে দিবোনা, তুই বড় বউ হইলে কি হইবো তোরে উঠাইবো আর বসাইবো!

' আম্মা?

' বল!

' আফসানারে আমার সন্দেহ হয়! আমার কাছে লাগে সে বিয়ার আগেই পেট বান্ধাইছে।

আম্মা মুখে হাত দিয়ে বললো,

' কস কি? জামান হেরে আগেই বিয়া করছে? তোরে না জানাইয়া?

' জানিনা আম্মা, কিন্তু ওর ভাই একদিন আইছিলো, আমার শাশুড়ীরে কি জানি একটা গোপন রাখনের কথা কইতেছিলো বারবার, আর কইতেছিলো জামানরে ওরা সিঙ্গাপুরে পাঠানের ব্যবস্থা করতেছে। এতকিছু ক্যান করবো আম্মা? ঘাপলা লাগেনা?

আম্মা একটুখানি চুপ থেকে বললো,

' আমি যা ভাবতাছি তা মুখে আনাও পাপ। এমন হইলে ধইরা নে তারার ধ্বংস তারাই ডাইকা আনতাছে!

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে 5 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন