ফন্ট সাইজ:
থিম:
অশুদ্ধ দরিয়া

6

লেখক: তাজরীন খন্দকার

ভীনদেশে না থাকা সত্ত্বেও ছেলে তার বাবার মৃত্যুর খবর পেলো ৫ দিন পর। নিজের স্ত্রী সন্তানকে নিয়ে বাড়িতে এলো ৫ দিনের দিন বিকাল বেলা৷ আর তিনি হলেন আমার ছোট ভাই আজম। দুপুরে আব্বার জন্য দুজন হুজুর দাওয়াত দিয়ে ছোটখাটো একটা দোয়ার আয়োজন করা হয়েছিলো।

ছোট ভাইকে বাড়ি আসতে দেখে আমার বড় ভাই কিছুটা আবেগময়ী হয়ে গেলো, গিয়ে ভাইয়ের গলা ধরে বললো,

' এতদিনে তোর কাছে চিঠি পৌঁছাইলো?

ছোট ভাইও বিমর্ষ গলায় বললো,

' গতকাল সন্ধ্যায় চিঠি পাইছি। শেষ রাইতের বাসে কইরা রওয়ানা দিছি। জানাজা তো পাইলাম না, আব্বার দোয়াডায়ও শরিক হইতে পারলাম না।

আমার আম্মা ঘর থেকে এসব দেখে চুপ থাকতে পারলোনা। বের হয়ে বললো,

' বাপের লাইগা দুই ভাইয়ের দরদ দেইখা বুকটা ভইরা গেলো আমার। এই দরদ বাঁইচা থাকতে দেখাইলে এতো কষ্ট পাইয়া মরেনা লোকটা!

ছোট ভাই আম্মাকে দেখে এগিয়ে যেতে যেতে বললো,

' আম্মা কেমন আছো?

আম্মা মুখ ফিরিয়ে নিয়ে বললো,

' আম্মা ডাকনের দরকার নাই। কয়ডাদিন বিছানায় পইড়া এতো যন্ত্রণা সইহ্য করছে তোরার বাপে, একটা ভাইয়েরও খোঁজ নেওনের দরকার মনে হয় নাই, এখন মিছা শোক কইরা কি হইবো? আর আমারে আম্মা ডাইকা কলঙ্কিত করিস না, আমার কোনো পুত নাই।

' আমি তো বাড়িত আছিলাম না, কেমনে জানুম আব্বার শইল খারাপ?

' কোনোদিন বাপের হাতে দুইটা টাকা দিয়া গেছত? বইলা যে, নেন আব্বা আপনার অসুখ বিসুখ হইলে খরচ কইরেন? না আমারে কোনোদিন দিছত? রুজিরোজগার তো কম করস না!

ছোট ভাই চুপ করে রইলো কিছুক্ষণ, তারপর বড় ভাইকে দেখিয়ে বললো,

' ভাই তো বাড়িত আছিলো, আব্বারে চিকিৎসা করায় নাই ক্যান?

আম্মা ক্ষুব্ধ হয়ে বললো,

' তোরা একজন আরেকজনরে ঠেলবি, মাইঝখানো আমরা মইরা পইড়া থাকমু! বড় বেডি কয় আপনার ছোট পোলার বউ তো কিছু করেনা, আমারে খালি দেখেন! তার লাইগা অসুখ হওনের লগে লগে তারা শ্বশুর বাড়িত বেড়ান গেছে। আমি একলা মানুষ আমার ঘাড়ে সেই মানুষটারে টানার দায়িত্ব লগে গরুটারেও থুইয়া গেছে। আমি কি এতকিছু পারি? সেই জোর শইল্লে আছে?

মরনের ৫ দিন পরে আইয়া শোক দেখায়! তোর মতো তোর ভাইয়ের কপালেও তোরার বাপের জানাজা নসিব না হইলে মঙ্গল হইতো!

আমি আম্মার পাশে এসে দাঁড়িয়ে আম্মাকে শান্ত হতে বললাম। আমাকে দেখে ছোট ভাই মুখ ফিরিয়ে বউ আর বাচ্চাকে বললো,

' চলো ঘরেতে যাই।

আমাকে এড়িয়ে যাওয়া বুঝতে পেরেও আমি বললাম,

' ভাই ভাবী আপনারা কেমন আছেন?

কেউই কোনো জবাব দিলোনা। ঘরের ভেতরে চলে গেলো। আম্মা আমার হাত টেনে ঘরে নিতে নিতে বললো,

' এমন কুলাঙ্গার মানুষরা তোর ভাই হইতে পারেনা। ডাকিস না এদের ভাই বইলা! এতদিন তোর বাপের মুখের দিকে তাকাইয়া চুপ থাকতাম, কিছু গোলমাল শুনলেই শ্বাসকষ্ট বাইড়া যাইতো, বুকে ব্যথা হইতো। এখন কি আমি কিছু ডরাই?

আমি চুপ করে রইলাম। আম্মা ঘরের দরজায় পা রেখে বললো,

' তোর কাকার কাছে গেছিলি?

' না আম্মা।

' তাইলে এখন যা। তোর চাচা এখন বাড়িত্তে বাইর হইবো।

' আম্মা আমার ডর লাগে।

' যা কইতাছি কর, ডরাইলে সারতোনা।

' আচ্ছা যাই।

আমি ধীর পায়ে কাকাদের ঘরে গেলাম। কাকা শার্টের শেষ বোতামটা লাগাচ্ছে। আমাকে দেখে বললো,

' সোহানা, আয় বস।

' কাকা একটা জরুরি কথা আছিলো।

' কি কথা কবি?

' চাচা নূরপুরে যাইবেন?

' ক্যান?

' তাইনের লগে দেখা করবেন, কইরা কইবেন আমি তার থেইকা তালাক চাই। রাজী না হইলে কইবেন, আমার মোহরানা দেওন লাগবোনা, আর আব্বার দেওয়া আসবাবপত্রও পারলে রাইখা দিক শুধু যদি পারে আমার সেলাই মেশিনটা যেন আমারে দিয়া দেয় ।

কাকা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বললো,

' তুই সব দাবিদাওয়া ছাইড়া হের কাছ থেইকা তালাক নিবি?

' জ্বী কাকা।

' ক্যান দাবি ছাড়বি? তোর মোহরানা তোর অধিকার, দিবোনা ক্যান?

' কাকা আমারে এমনে ছাড়তে চাইবোনা, হের ওই বউয়ের লগে সংসার করতে কইবো। আমি এইডা পারুম না কাকা।

কাকী এর মধ্যে সেখানে এলো। ধীরে ধীরে আমার কাছে এসে বললো,

' কত যন্ত্রণা সইহ্য করলে মাইয়া মানুষ সব কিছুর বিনিময় তালাক চায়? আহারে মাইয়াডা! কত্তো আদরের আছিলো বাপের! আজকা ভাই বাঁইচা থাকলে হেরে খবর কইরা ছাড়তো।

কাকা বললো,

' ভাই নাই, আমি কি মইরা গেছি?

কাকার কথায় আমি কেঁদে ফেললাম। কাকা সাইকেলটা ঘর থেকে বের করতে করতে বললো,

' আমি এখনই নূরপুর যামু, চিন্তা করিস না।

কাকী আমার মাথায় হাত রেখে বললো,

' তোরে তোর ভাইরা খাওন না দিলে আমরার ঘরে আইয়া খাইয়া যাবি , আমার একটা মাইয়া থাকলে কি আমি ফালাইয়া দিতাম?

আমি মাথা নেড়ে হ্যাঁ সম্মতি দিয়ে চোখ মুছতে মুছতে চলে আসলাম। কাকী আমাকে বেশিই আদর করে, তার কোনো মেয়ে নেই বলে। তারও দুইটা ছেলে, এক ছেলেকে ঋণ করে দুবাই পাঠিয়েছে, আরেকটা আমার বয়সের, কলেজে পড়ে। কাকা এখনো সুস্থ সবল, সবজির ব্যবসা করে কোনো রকম সংসার চালাতে পারে। তাদের আশা এখন বিদেশ পাঠানো ছেলের উপর, যদি ঋণ শেষ করে উঠে দাঁড়ায় তবেই সংসারটা সচ্ছল হবে। আম্মা আব্বা সবসময় তাদের মাথার উপরে ছায়ার মতো ছিলো, বিপদে আপদে পাশে থেকেছে। তাই তারাও আমাদের জন্য মায়া করে।

'

রাত ৮ টায় কাকা এলো। সাইকেল থেকে নেমেই সাইকেলের ক্রিং ক্রিং হর্ণ দিয়ে আমার নাম দিয়ে ডাকাডাকি করতে লাগলো। আম্মা বললো তোর কাকাকে এদিকে এসে কথা বলতে বল।

আমি ডেকে বললাম,

' কাকা আম্মাও কথা শুনবো, এখানে আইয়েন।

কাকা দরজায় এসে দাঁড়াতেই আমি বেতের মোড়াটা নিয়ে পেতে দিলাম। কাকা মোড়ায় বসে আম্মাকে উদ্দেশ্য করে বললো,

' নূরপুর গেছিলাম ভাবী বুঝছেন? গিয়া যা দেখলাম সোহানার শাশুড়ী রান্দে, আর সোহানার জামাই ছায়া পইড়া যাওয়ায় তার বউয়ের কাপড়চোপড় ঘরে নিতাছে, আমারে দেইখাই একেবারে চেপ্টা খাইয়া গেছে। আমি কইলাম কিও মিয়া, বউ থুইয়া মাইরে দিয়া রান্দাইতাছো?

আম্মা ফাঁকে দিয়ে বললো,

' কি কন? বুড়া মানুষরে দিয়া রান্দায়?

' সেইডাই তো দেখলাম ভাবী,আর আমি এইডা কওনের লগে লগে হের মা রান্দা থেইকা উইঠা আইয়া কয়, মাইয়া আটকাইয়া রাইখা ট্যাস মাইরা কথা কইতে শরম করেনা?

আমিও মুখের উপর কইয়া দিছি, আরেক বেডি কি শোকেসে সাজাইয়া রাখনের লাইগা আনছেন? আমরার মাইয়ারে কামের বেডি ওই বেডিরে রাজরানী এইডা তো হয়না বেয়াইন!

এরপর বেডি কয়, আমরার বাড়ির বউরে জলদি পাঠানের ব্যবস্থা করেন।

আমি আমতা আমতা করে বললাম,

' কাকা আপনি তালাকের কথা কন নাই?

পরক্ষণে কাকা বললো,

' কই নাই মানে? এরপরে কইছি সম্মান না দিলে খালি কামলা খাটনের লাইগা মাইয়া দিমুনা। দুইজন মানুষ লইয়া আমরার গেরামে গিয়া মাইয়ারে ছাড়ান দিয়া আইতে কইবেন পোলারে। তখন জামান কয়, কাকা আমি বউ ছাড়ুম না। এরপর কইছি এতো বউ রাখনের ইচ্ছা থাকলে আরেক বেডি আনছত ক্যান? তখন দেখি ওই বেডি ঘর থেইকা বাইর হইছে। আমার কথা শুইনা কয়, যে একবার বাইর হইয়া গেছে তারে আননের এতো পায়তারা ক্যান? ছাইড়া দিলেই হয়!

পরে সুযোগ পাইয়া খালি মেশিন চাই নাই, সব জিনিসপত্র ফেরত চাইছি। নগদ টাকা না দিতে পারে, কিন্তু জিনিসপত্র ফেরত আনমু না ক্যান? এইসব দিতে গিয়া আমার ভাইয়ের দুই পোলার লগে সম্পর্ক খারাপ হইছে, সেইসব কি ওই বাড়িত সাজাইয়া রাখনের লাইগা দিয়া রাখুম নাকি? লোক লইয়া বইলে দেহমোহরের কথাও তুলমু।

' থাক কাকা বাদ দেন। না দিতে চাইলে নাই। এইগুলা খাইয়া আর কদ্দূর যাইবো?

' যদ্দূরই যাক, ছাড়ন যাইবোনা। দেখা যাক না কি হয়! কইলো তো শুক্কুরবারে জুম্মার পরে আইবো।

' তোর সবকিছু নিয়া আইছিলি তো?

' এইখান থেকে দেওয়া দুই পদ সোনার জিনিস গায়ে পরা ছিলো, আর সেলাই টেলাই করি যে কিছু টাকা জমাইছিলাম ওইটাও তখন লগেই আছিলো। এছাড়া কিছুই আনি নাই। আম্মার শাড়ী পইরা কাটাইতাছি দেখেন না?

' হ বুঝছি, থাক তাইলে। আমার আবার ময়মুরুব্বি কয়জনরে বিষয়ডা বুঝায়া কওন লাগবো। শুক্কুরবারের দরবারে যেন বিষয়ডা মিটমাটের দিকে না যায়।

' আইচ্ছা কাকা।

আম্মা কাকাকে ডেকে বললো,

' রুস্তম আর আজমরে সময় কইরা সব কইয়েন।

' আইচ্ছা ভাবী কমুনে।

কাকা চলে যাওয়ার পর আমি আম্মার দিকে তাকিয়ে বললাম,

' আম্মা শুক্কুরবার আইতে আর কয়দিন?

' বেশিনা তিনদিন। দেখতে দেখতেই চইলা যাইবো। তুই এক কাজ কর, কাইলকা হাটে যা, গিয়া তোর লাইগা এক জোড়া জুতা আর দুইসেট কাপড় নিয়া যায়। আমার পুরান শাড়ীতে তোরেও বিধবা বিধবা লাগে।

' কয়ডা টাকা আছে, খরচ কইরা ফেললে কি হইবো আম্মা?

' আল্লায় যা করবো পরে দেহন যাইবো, তোরে সাইজা গুইজা থাকতে দেখলেই আমার ভাল্লাগে। কতো বছর পর তুই হইলি, কতো সাজাইতাম তোরে। সাজাইয়া সাজাইয়া নিজেই তাকাইয়া থাকতাম, মাঝেমইধ্যে মনে হইতো আমারই না নজর লাইগা যায়। আমার সেই মাইয়াডা কেমন হইয়া গেছে! মুখটার দিকে তাকান যায়না।

' এখন কি আর সাইজা থাকনের বয়স আছে আম্মা?

' কতো বয়স তোর?

আমি চুপ করে রইলাম। আম্মা চিরুনি এনে আমার লম্বা রুক্ষ আর জট পাকানো চুলগুলো ধীরে ধীরে আঁচড়ে দিতে লাগলো।

পরেরদিন সকাল সকালই আম্মা আমাকে হাটে যাওয়ার জন্য তাগাদা দিলো, বললো সাবান আর তেলও যেনো নিয়ে আসি। চুল ধুয়ে চুলে তেল দিয়ে দিবে।

আমি আম্মার বোরকা আর মুখোশ পরে গ্রামের বাজারের দিকে হাঁটা ধরলাম। আম্মার জুতাজোড়াগুলোরও তলা ক্ষয় হয়ে গেছে। মনে মনে চিন্তা করলাম আম্মার জন্যও একজোড়া জুতা কিনবো।

হাটের যাওয়ার পথে দূর থেকে আমার স্কুলটা চোখে পড়লো, পুরনোদিনগুলো চোখে ভেসে উঠলো। তাকাতে তাকাতে সেই মোড়ের দিকে তাকালাম যেদিকে স্কুলে ঢুকে। আনমনা হয়ে তাকিয়ে আছি হঠাৎ মোড়ের টঙ দোকানটার বেঞ্চিতে কাউকে বসে থাকতে দেখে বুকটা ধুক করে উঠলো। মনে হচ্ছে চেনা কোনো মানুষ। মুখের একপাশ দেখেছি, মাথা নিচু করে বসে আছে। হাঁটার দ্রুততায় জায়গাটা পার করে ফেলেছি তাই তেমন একটা খেয়াল করতে পারিনি।

ক্লাস এইটে উঠার পর এই বেঞ্চে একটা ছেলেকে প্রতিদিন স্কুলটাইমে বসে থাকতে দেখতাম। বান্ধবীরা বলতো সে নাকি আমার জন্য বসে থাকে। ভয়ে কোনোদিন চোখ তুলে তাকাইনি, কিন্তু স্কুলে যাওয়ার পথে এবং আসার পথে সবসময় এই জায়গাটাতে সে বসে থাকতো। একদিন সাহস করে পেছন পেছন এসে আমার হাতে একটা কাগজ দিয়েছিলো, আমি ভয়ে প্রথমে ধরিনি। তাই পেছন পেছন অনেকদূর চলে এসেছিলো। তাকে পেছন ছাড়াতে শেষ পর্যন্ত কাগজটা হাতে নিয়েছিলাম, তার পরেই হাট থেকে ফেরা আজম ভাই কীভাবে যেন রাস্তায় এই কাণ্ড দেখে ফেললো। আমার চোখের সামনে ছেলেটার মুখে সজোরে ঘুষি মেরেছিলো, এতো জোরে আঘাত করেছিলো যে সাথে সাথে তার নাক ফেটে রক্ত পড়ছিলো। আমি ভয়ে তখন কাঁপছিলাম। এরপর ভাই আমাকে বলেছিলো, বাড়ি চল, পা কাইটা ঘরে লুলা বানাইয়া বসাই রাখুম।

তাই করেছিলো, আমার স্কুলে যাওয়া বন্ধ হয়ে গিয়েছিলো, যদিও পা কাটে নাই কিন্তু যা করেছিলো তা পা কাটার চেয়ে কম ছিলোনা। এরপর কোনোদিন ওই পথে আমি যাইনি। অনেক বছর পর এই রাস্তায় পা রেখে শেষদিনের ঘটনাটা জীবন্ত মনে হচ্ছিলো।

বাজারে গিয়ে নিজের জন্য কাপড় নিলাম, আর দুইজোড়া স্যান্ডেল নিলাম। তেল,সাবানও নিলাম। ফেরার পথে একটা দোকানে দেখলাম সিঙ্গারা বানাচ্ছে, আমি খুচরো দুই টাকা দিয়ে একটা সিঙ্গারা নিলাম।

বাজার পার হয়ে মুখোশটা তুলে খেতে খেতে বাড়ির দিকে হাঁটতেছি। জীবনে প্রথমবার আমি বাজারে নিজে কেনাকাটা করেছি, কেমন যেন একটা আনন্দ লাগছে। সিঙ্গারা আমার অনেক পছন্দ, আব্বা আগে সবসময় ফেরার সময় আমার জন্য সিঙ্গারা নিয়ে যেতো। আব্বা অসুস্থ হলো প্রায় ৫ বছর, সেই থেকে আর সিঙ্গারা খাইনি,বিয়ের পর জামানকে বলেছিলাম একদিন, সে বলেছিলো তার মা দেখলে যদি কিছু বলে? এরপর আর কোনোদিন বলিনি।

সিঙ্গারার শেষটুকু মুখে পুড়ে গিলার সময় বুঝলাম গলায় আটকে গেছে। হেঁচকি উঠে গেলো, আমি তড়িঘড়ি করে রাস্তার পাশের একটা বাড়ির ভেতরে ঢুকে তাদের টিউবওয়েল থেকে হাত দিয়ে পানি খেতে লাগলাম। ব্যাগগুলো রেখেছিলাম টিউবওয়েলের পাড়ে। আমি পানি খেয়ে মাথা তুলে দেখি একটা দুষ্ট বাচ্চা আমার ব্যাগগুলো নিয়ে রাস্তার দিকে দৌঁড় দিয়েছে। আমিও পেছন পেছন দৌঁড় দিলাম। একটু জোরে দৌঁড় দিয়েই আমার তলপেটে ব্যথা শুরু হয়ে গেলো। আমি পেটে চেপে ধরে নিচু হয়ে হাঁপাচ্ছি। মনে মনে ধরে নিলাম ব্যাগ গেছে আমার। তখনি আমার সামনে এসে কেউ দাঁড়ালো। আমি তাকিয়ে দেখি আমার ব্যাগ, খুশি হয়ে ব্যাগ হাতে নেওয়ার সময় শুনলাম ব্যাগ ফিরিয়ে দেওয়া মানুষটা বলছে,

' সোহানা তুমি? তোমারে মরনের আগে আরেকবার দেখুম স্বপ্নেও ভাবি নাই।

আমি মাথা তুলে তাকিয়ে দেখলাম সেই আধপাগল ছেলেটা, যে আমাকে চিঠি দেওয়ার অপরাধে আমার ভাইয়ের ঘুষিতে নিজের নাক ফাটিয়েছিলো!

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে 6 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন