ফন্ট সাইজ:
থিম:
অশুদ্ধ দরিয়া

25

লেখক: তাজরীন খন্দকার

সোহানা ভেবেছিলো আফসানা অতীত ছেড়ে নতুন জীবন শুরু করেছে। শহরে এসেছে স্বামী সংসার সবই ভিন্ন, এমনকি আগের সন্তানকেও ফেলে এসেছে।

কিন্তু সাদিদের মুখে তার ছেলের প্রসঙ্গে শুনতেই সোহানার অদ্ভুত লাগতে শুরু করলো। যদি আগের ছেলে সাথেই থাকে তবে নিশ্চয়ই সেই ছেলের বাবা যে ছিলো, দ্বিতীয়বার পালিয়ে যাওয়ার কথাও শুনেছিলো , তার সাথেই নিশ্চয় আফসানা আছে।

তবে কেন সেদিন আফসানা তার সংসার ভেঙে যাচ্ছে বলে আকুতি জানাচ্ছিলো? পুরাতন সবকিছু হলে তো তার পার্টনারের সবকিছু জানার কথা। সাদিদ তো খারাপ কিছু বলেনি। শুধু সত্যিটা প্রকাশ করেছিলো।

ওদের আগামাথা কিছুই বুঝার উপায় নেই,কখন যে কার সংসার করে! কি থেকে কি সমস্যা দাঁড় করায় তারাই জানে।

সোহানার অন্যমনস্কে সাদিদ বললো,

' মা রাফি ছেলেটা ডেঞ্জারাস। আমার সাথে কি করলো দেখোনি?

সোহানা কিছুটা অস্বস্তি নিয়ে বললো,

' দেখেছি বাবা, তাইতো আমার ভয় করছে। ওরা সবাই দলেবলে আমাদের পেছনে পড়েছে। তোমাকে সাবধানে থাকতে হবে। লাগলে সাথে গার্ড নিবে।

' তুমিও সাবধানে থাকবে মা।

' হুম ।

'

কিছুদিন পর।

সাদিদ ক্যাম্পাসে বসে আছে। তার পাশে তার দুইটা বন্ধু বসে আছে। সাদিদ এক্সামের পর প্রথম ভার্সিটি আসলো।

তাদের কথা আড্ডার মধ্যে হঠাৎ একজনের ফোন আসলো, সে উঠে চলে গেলো। আরেকজন কাঁধ চাপড়ে বললো,

' বন্ধু থাক আজ আসি।

সাদিদ অবাক হয়ে বললো,

' আমরা না আজ লং ড্রাইভের প্ল্যান করলাম, কতদিন কোথাও যাইনা, শহর থেকে দূরে কোথাও ঘুরে আসলে ফ্রেশ লাগবে। এতক্ষণ তো তাই বলছিলি হঠাৎ এমন নড়বড়ে হয়ে গেলি কেন তোরা?

' তোর লং ড্রাইভে যাওয়ার পার্টনার এসে গেছে তাই আমরা বিদায় হই।

সাদিদ বামে ঘাড় ঘুরিয়ে দেখলো আয়াত কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। তার বন্ধুরা যেহেতু তাদের ব্রেকাপ নিয়ে জানেনা, তাই তাকে দেখেই হয়তো তাকে স্পেস দিতে সরে পড়েছে। সাদিদও সাথে সাথে উঠে সেখান থেকে সরে যেতে চাইলো। সাথে সাথে আয়াত দৌঁড়ে এসে তার হাত চেপে ধরে বললো,

' সাদিদ যেওনা দাঁড়াও।

' হাত ছাড়ো আয়াত। আমি কিন্তু খারাপ ব্যবহার করবো। এতো মানুষের সামনে অপমানিত হতে না চাইলে হাত ছেড়ে দাও।

আয়াত হাত ছেড়ে দিয়ে বললো,

' তাহলে শেষবার আমার কথা শুনো।

' কি শুনবো শাহজাহান চৌধুরীর কন্যা? আমাকে আপনি কি শুনাবেন আর?

আয়াত অবাক হয়ে বললো,

' কি বলছো? আমার বাবা তো সিদ্দি...

' হয়েছে অনেক হয়েছে আপনাদের নাটক। আপনার পুরো গোষ্ঠীই অভিনয়ে সেরা, আপনাদের অভিনয়ে ভুল ধর‍তে পারে এমন কেউ দুনিয়ায় সৃষ্টিও হয়নি।

' সাদিদ একটা কথা বলা জরুরি।

' আচ্ছাহ? বলো তবে শুনি?

' আসো বসে কথা বলি।

' তোমার সাথে বসার রুচি নেই আমার।

' এভাবে তো কিছু বলা যায়না।

সাদিদের ইচ্ছে না থাকা সত্ত্বেও গিয়ে বসলো। কথা শোনা জরুরি, নাহলে সবকিছু স্পষ্ট হওয়া সম্ভব নয়।

সাদিদের পাশেই বসলো আয়াত। সাদিদ কিছুটা দূরত্ব বাড়ালো। আয়াত বলে উঠলো,

' কার থেকে জেনেছো আমি শাহজাহান চৌধুরীর মেয়ে যে?

' আপনি কি ভুলে গেছেন আপনার এলাকা আর আমার এলাকা সেইম? একটা আস্ত মানুষের পরিচয় পাওয়া খুব কঠিন কিছু?

' আমার মনে হচ্ছে অন্যভাবে জেনেছো? কেউ তোমাকে কিছু বলেছে!

' আচ্ছা কে বলতে পারে?

আয়াত একটু বিড়ম্বনার সহিত বললো,

' না আমি জানিনা। কিন্তু এই কথা এলাকা থেকে জেনেছো বিশ্বাস কর‍তে কষ্ট হচ্ছে। তবে হ্যাঁ আমার বাবা শাহজাহান চৌধুরীই, আমি তার দ্বিতীয় স্ত্রী আফরোজার সন্তান।

' তাহলে পরিচয় লুকালে কেন তোমরা?

' কারণ আমার বাবাকে তোমার মা বাবা ঘৃণা করে।

' বাহহ সব জানো দেখছি? তাহলে আমার ধারণাই ঠিক। প্রতিশোধ নিতে আমার পিছু নিয়েছো?

' না আমি কিছু জানতাম না তখন।

' কখন জানতেনা বলোতো? প্লিজ মিথ্যা বলোনা। এখন পুরো দুনিয়াও যদি তোমার পক্ষে সাক্ষী দেয় যে তুমি নির্দোষ, তবুও আমি তোমাকে মেনে নিবোনা। তাই সত্যিটাই বলো, যেন তোমাকে ঘৃণার পাল্লাটা কিছু হলেও হালকা হয়।

' যেদিন আমাদের এক্সিডেন্ট হলো সেদিন আমার ফুপিয়াম্মু আমাকে আমার পরিচয় লুকাতে বলেছে। আর উনাকে আমি আম্মুই ডাকি আসলে। উনি আমাকে আপন করেই নিজের কাছে রেখেছেন। উনি আমাকে বললেন তোমার বাবাকে উনি দেখেছিলেন, এরপর উনি বিষয়টা নিশ্চিত হতে তোমার মাকেও তোমার কেবিনে লুকিয়ে দেখেছেন। আমাকে বললেন ওদের সাথে আমার বাবার পুরাতন শত্রুতা আছে। কখনো জানলে তোমরা আমাদের মেনে নিবেনা। আবার ফুপিকেও তোমার মা পছন্দ করেনা, তবুও আমার বাবার থেকে হয়তো কম ঘৃণা করে। তাই ধরা যেহেতু পড়েছে তাই তার পরিচয়ই যেন দেই। তাই আমি তোমাকে আগেও আমার মায়ের নাম আফরোজা বলেছিলাম। হয়তো মনে রাখোনি, সেদিন মায়ের নাম আফসানা বলার পর বিশ্বাস করে নিয়েছিলে। যেহেতু দুটো নামই কাছাকাছি ছিলো।

' প্লিইইজ আয়াত। আর মিথ্যা বলোনা। বলোনা যে নিধিকে সরানোর পেছনে তোমার হাত নেই!

এবার আয়াতের চক্ষু বড় হলো। সাদিদ এটা বলে কিছুটা ঘাবড়ে গেলো। আয়াত ইনিয়েবিনিয়ে এতকিছু মিথ্যা বলে নিধিই সবকিছু বলেছে এটা জানতে চাইছিলো কিনা কে জানে? তারা তো নিধিকে রেস্ট্রিকটেড রেখেছে। কিছু প্রকাশ হলেই মেরে ফেলার হুমকি দিয়েছে। সাদিদ থতমত করে বললো,

' ভেবোনা নিধি এসব বলেছে! তোমার পরিচয় জানার পর থেকে আমার সন্দেহ হচ্ছে তোমরাই এটা করেছো কিনা। কেননা তোমরা সব কর‍তে পারো। তোমার বাবা আর যার কাছে থাকো তোমরা সবাই জঘন্য। খুব জঘন্য!

আয়াত কথাটাকে নিলোনা। সে বললো,

' নিধির সাথে তুমি কথা বলেছিলে?

' না বলিনি, আমাকে সবখান থেকে ব্লক করে রেখেছে। তবে আমি তাকে খুঁজতেছি।

আয়াত থম মেরে আছে। সাদিদের অনেক গিল্টি হচ্ছে। নিধির নাম নেওয়া উচিত হয়নি। যদি নিধি বলেছে সন্দেহে আবারও তারা নিধির উপর আক্রমণ করে? ওরা অযথা যেসব করেছে, এখন সবকিছু ফাঁস হওয়ার পেছনে নিধিকে সন্দেহ করলে না জানি আরো কি করে!

কি যেন ভেবে সাদিদ বললো,

' আচ্ছা নিধি কি জানে বলোতো? তোমার প্রতিক্রিয়া দেখে মনে হচ্ছে সত্যিই নিধির সাথে কিছু খারাপ করেছো। যদি তোমরা করে থাকো, সবার কলিজা ছিঁড়ে বের করবো। এর আগে মা এমনি ছেড়ে দিয়েছিলো এবার এমনি এমনি ছেড়ে দিবোনা।

' আচ্ছা আমাকে এতটাই খারাপ মনে হয় তোমার?

সাদিদ ধীরে ধীরে বললো,

' খারাপই তো, মনে হওয়ার কি আছে! আর কিছু বলতে চাও? আজই তোমাকে শেষ শুনবো। কিছু থাকলে বলো, এই সুযোগ আর কোনোদিন আসবেনা।

আয়াত ভ্রু কুঁচকে বললো,

' যদি আর কোনোদিন সুযোগই না আসে, তাহলে আজ কিছু বলেই কি হবে!

' ঠিক আছে বলোনা। সত্যি এমনি সামনে আসবে। চেপে রাখতে পারবেনা।

আয়াত বিরক্তি নিয়ে উঠে চলে গেলো। চলে যেতে যেতে ব্যাগ থেকে ফোন বের করলো।

সাদিদের মনে হলো আয়াত নিধির বিষয়টায় ক্ষুব্ধ হয়েছে,এখনি হয়তো সবকিছু তার সাঙ্গপাঙ্গদের বলবে!

সাদিদও আর দেরি করলোনা। তাদের সতর্ক করা জরুরি।

তাড়াতাড়ি করে উঠে পড়লো৷

'

কলিং বেল চাপতেই নিধির মা দরজা খুলে সাদিদকে দেখে বললো,

' একি আজ আবার কি পার্সেল? যাই হোক আজ রিসিভ হবেনা। দুই নাম্বার জিনিসপত্র দিয়ে যান, যত্তসব।

' আন্টি আমি কোনো ডেলিভারি বয় নয়।

' তাহলে?

সাদিদ বিষয়টাকে না ঘুরিয়ে পেঁচিয়ে বলে দিলো,

' আমি সাদিদ।

নিধির মায়ের চোখমুখের রঙ মূহুর্তেই পাল্টে গেলো। মুখের ওপর দরজা বন্ধ কর‍তে যাচ্ছিলো তখনই সাদিদ কিছুটা জোরপূর্বকই তাদের ঘরে ঢুকে পড়লো। নিধির মা চেঁচিয়ে বললো,

' বাসায় ডাকাত পড়েছে! আবার ওরা এসেছে।

সাদিদ তাকে থামতে বলা সত্ত্বেও থামছিলোনা। নিধি ঘর থেকে ছুটে এলো। তার সাথে তার বাবাও ছুটে এলো, হাতে একটা রামদা। এসেই বললো,

' কোথায় ডাকাত কোথায়?

সাদিদ দৌঁড়ে ততক্ষণে নিধির পেছনে লুকিয়ে পড়েছে। নিধি বললো,

' বাবা প্লিজ শান্ত হোন। সে ডাকাত নয়। তার কোনো দোষ নেই।

নিধির মা বললো,

' দোষ নেই মানে কি? ওরাই তো ডাকাতি করিয়েছে।

তখন আবারও নিধির বাবা দা উঁচু করলো আর বললো,

' এইটা তোদের শায়েস্তা করতেই ঘরে রাখছি,একেবারে গলা থেকে মাথা আলাদা করে ফেলবো।

নিধি হাত উপরে করে বললো,

' বাবা থামো। ডাকাতি করতে এলে কি সে একা আসে? তার প্রাণের ভয় নেই? সে এসবে জড়িত না বাবা কেন বুঝতেছো না? প্লিজ এটা নামাও।

' তাহলে কে করালো এসব? ওরা তো এই ছেলের নামই নিয়েছে।

' নাম নিয়ে কি বলেছে? বলেছে সাদিদের পিছু ছেড়ে দিতে। সাদিদ কি তার পিছু ছাড়াতে লোক পাঠাবে? নিজেই তো সরে যেতে পারতো।

' তাহলে ওর পরিবার পাঠিয়েছে। ও ওই পরিবারের ছেলে তাহলে নির্দোষ কীভাবে?

সাদিদ এবার বের হয়ে বললো,

' আমার পরিবার একেবারেই নির্দোষ আঙ্কেল। আপনি কখনো আমার বাবা কিংবআ মা'র সাথে কথা বললে বুঝতে পারতেন। উনারা এরকম কাজ করাবে দূর, কোনোদিন শত্রুদেরও আঘাত করেনি। তবুও শত্রু হয়ে গেছে, শত্রুতা করে যাচ্ছে। অতীতের ছাড় দেওয়া শত্রুরাই শক্তি নিয়ে আবার প্রতিশোধের জন্য নেমেছে। কিন্তু ভাগ্য খারাপ বলে আপনাদের উপরে এর প্রভাব পড়েছে আঙ্কেল, যারা এই কাজটা করেছে তারা আমার জীবন সঙ্গী হিসেবে অন্য কাউকে দেখতে চায়, তাই নিধিকে সরানোর জন্য এসব করেছে। আমার পরিবার তো নিধিকে মেনেই নিয়েছে এমনকি এখনো যদি বলি তাই করবে। এমনকি বাবার সাহায্যেই আপনাদের নতুন ঠিকানা পেয়েছি।

' মিথ্যা বলছো। তোমার বাবা সম্পর্কে খোঁজ নিয়েছি, বিরাট ব্যবসায়ী আমাদের মতো ছোট পরিবারে আত্মীয়তা করবে এটা অসম্ভব ব্যপার।

' আপনি বিশ্বাস করছেন না? তাহলে আপনার সামনেই আমি ফোন দিবো?

নিধির বাবা চুপ করে রইলো। সাদিদ ফোন বের করে আর বাবাকে ফোন লাগালো। রিংয়ের শেষভাগে গিয়ে ফোন রিসিভ হলো। সাদিদ বলে উঠলো,

' বাবা একটা কথা বলতে ফোন দিয়েছি। তুমি কি ফ্রী?

' বলো বাবা, তোমার জন্য আমি সবসময় ফ্রী।

' বাবা নিধিকে আমি বিয়ে করতে চাই।

' এতো খুশির খবর! প্রস্তাব নিয়ে যাবো আমরা?

' হ্যাঁ বাবা। আমি তাদের বাড়িতেই আছি। নিধির বাবার সাথে কথা বলবে?

' হ্যাঁ হ্যাঁ দাও।

নিধির বাবা হাত দিয়ে না করতে লাগলো। তবুও জোর করে তার হাতে ফোনটা দিলো। আর দা'য়ের দিকে তাকিয়ে ভয়ে ভয়ে একটু সরে দাঁড়ালো। টিটু বললো,

' আসসালামু আলাইকুম ভাই। কেমন আছেন?

নিধির বাবা বললো,

' ওয়ালাইকুমুস সালাম। ভালো নাই আমরা । আপনার ছেলের জন্য আমার পরিবারের শান্তি নষ্ট হয়েছে। কারা যেন আমাদের উপর দলবদ্ধভাবে কোনো না কোনোভাবে আক্রমণ করেছে। আমার জীবনের প্রায় ২৪ বছর কাটানো বাসাটাও তাদের অনিষ্টতার জন্য ছেড়ে আসতে হয়েছে। এখন একটু ভালোই ছিলাম, কিন্তু আপনার ছেলে আবারও অশান্তি নিয়ে এসেছে। সে দূরে থাকলেই আমরা শান্তিতে থাকি, ওরা সাদিদ থেকে দূরে থাকার হুমকিই দিয়েছিলো। প্লিজ ওকে চলে যেতে বলুন।

' আমি শুনেছি, আমার ওয়াইফ আমাকে বিষয়টা বলেছিলো। আপনাদের ভয় হলে আমি আপনাদের জন্য কড়া সিকিউরিটির ব্যবস্থা করবো।

' সিকিউরিটি লাগবেনা, শুধু ওকে দূরে থাকতে বলুন। তাতেই আমরা ভালো থাকবো।

' কিন্তু আমার ছেলে তো নিধিকে বিয়ে করার কথা বলছে?

' না ভাই আমরা আমাদের যোগ্যতায় কাউকে খুঁজে নেবো। প্রেমের মাশুল যদি এভাবে দিতে হয় তাহলে বিয়ের মাশুল কি হবে ভাবুন? আপনাদের টাকা বেশি ঝামেলা বেশি, টাকা জোরে নিরাপত্তার অভাবও হয়না কিন্তু আমাদের কি হবে? ছেড়ে দিন আমাদের।

' আচ্ছা আমরা কি আপনাদের সাথে সরাসরি কথা বলতে পারি? এভাবে আসলে সবকিছু বুঝাতে পারছিনা। আপনি যেমন ভাবছেন বিষয়গুলো তেমন জটিলও না। চাইলেই সমাধান করা সম্ভব।

' আমি এতকিছু বুঝিনা। আমাদের উপর আবারও কোনো অন্যায় হলে আমি আপনার নামেও মামলা করবো।

' আচ্ছা ঠিক আছে তা করলে করবেন। কিন্তু আমাকে কথা বলার জন্য একটা সময় দিন।

' আচ্ছা আগামীকাল আমি বাসায় থাকবো আপনারা আসতে পারেন যেকোনো সময়।

' ধন্যবাদ ভাই। আমি একটা জরুরি কাজে আছি, এখন রাখছি।

ফোন কেটে যাওয়ার পর নিধির বাবা ফোনটা সাদিদের হাতে দিলো। সাদিদ ফোন হাতে নিয়ে বললো,

' বিশ্বাস হলো তো আমার বাবা দাম্ভিক কিংবা খারাপ মানুষ নন?

নিধির বাবা কোনো জবাব দিলোনা। সাদিদ বললো,

' আমি জানি এসব কারা করেছে তাই সাবধান কর‍তে এসেছি। তারা কোনোভাবে জেনে গেছে আমি সবকিছু জেনে গেছি। আর তাই আবারও অশৃঙ্খলতা কর‍তে পারে।

নিধির বাবার শান্ত চেহেরাটা আবারও অশান্ত হলো। রাগী চোখে তাকিয়ে বললো,

' আমি বুঝেছিলাম তুমি আবার বিপদ ডেকে আনছো। যদি কিছু হয় আমাদের, তোমাদেরকে একেবারে ফাঁসিয়ে দিবো। আমি আজই থানায় গিয়ে সবকিছু জানিয়ে আসবো।

' বাবা বলেছে তো আপনাদের নিরাপত্তার ব্যবস্থা করবে। ভয় পাবেন না।

' দেখি কি করে তবে!

সাদিদ হেসে নিধির মার দিকে তাকিয়ে বললো,

' ক্ষমা করুন আমাকে, প্রথমবার মিথ্যা পরিচয় দিয়েছিলাম আর আজকেও জোর করে ভেতরে এসেছি। আসলে এছাড়া উপায় ছিলোনা।

নিধির মা জবাব দিলোনা। নিধি তার মাকে ঝাঁকিয়ে বললো,

' মা আমি বলেছিলাম ওরা খারাপ না। যতবার বলেছি ততবার তুমি আমাকে জুতা খুলে পিটিয়েছো!

নিধির মা বললো,

' আজও পিটাবো! তোকে পিটাতে কি অন্য কারো ভালো খারাপ যাচাই করতে হবে?

নিধি তার মা'কে ধরে বললো,

' আমি জানি তুমি আর পিটাবেনা।

সাদিদ দরজার দিকে পা বাড়িয়ে বললো,

' আমি আসি? সাবধানে থাকবেন।

কেউই বিদায়সূচক কিছু বললোনা। হয়তো ভয় কিংবা জড়তা।

সাদিদ বের হয়ে গাড়িতে উঠলো। গাড়ি স্টার্ট করতেই লুকিং গ্লাসে সে একটা বাইক দেখলো। সাদিদ সাথে সাথে গাড়ি থেকে নেমে যেতেই দেখলো বাইক ততক্ষণে উল্টোদিকে চলে যাচ্ছে।

সাদিদের মনে সন্দেহ সঞ্চার হলো। তবে কি তার পিছু নিয়ে কেউ এসেছিলো! আয়াত কাউকে পিছু নিতে পাঠিয়েছিলো নিশ্চয়ই! কি করলো এটা সে? হাতে ধরে শত্রুদেরকে ঠিকানা চিনিয়ে দিলো! তবে ওরা খুঁজে নিতোই, সতর্ক থাকাটাই এখন বিষয়।

সাদিদ তীব্র অস্থিরতা নিয়ে বাড়ি ফিরলো।

পুরো একটা রাত কেটে গেলো টেনশনে। সোহানাও সব শুনে চিন্তা করছিলো। যদিও টিটু পুলিশি নিরাপত্তাসহ আলাদা অনেকগুলো গার্ডও ওই বাড়ির জন্য মোতায়েন করেছে।

তবুও যেন ভয় কমছিলোনা। কিছু হলে সত্যিই জবাব দেওয়ার মুখ থাকবেনা। তাদের মুখোমুখি হয়ে সবকিছুর সমাধানের চেষ্টা কর‍তে হবে।

ভোরবেলা টিটুর ফোনে একটা কল এলো। পুলিশ সদস্য থেকে কলটা এসেছে। কল রিসিভ হতেই পুলিশ সদস্য বললো,

' আমরা সন্দেহভাজন দুজনকে রাত তিনটায় ধরেছি। এতো রাতে বিরক্ত কর‍তে চাইনি বলে সকালে জানালাম।

টিটু অস্থির গলায় বললো,

' ওরা কি কিছু স্বীকার করেছে?

' না কিছু স্বীকার করেনি। বলছে তারা এমনিতেই ঘুরাঘুরি করছিলো।

' আটকে রাখুন পরে সবটা দেখছি।

সোহানা আর টিটু সকাল সকালই নিধিদের বাসায় যাওয়ার জন্য প্রস্তুত হতে লাগলো। সাদিদও প্রস্তুত হচ্ছে। তারা বিয়ের প্রসঙ্গেও কথা বলবে তাই ভালোভাবেই যাওয়ার প্রস্তুতি নিয়েছে। টিটু বলতে লাগলো,

' আমাকে কিন্তু বারোটার মধ্যে অফিসে যেতে হবে। তার আগেই ওদের সাথে সব আলাপ আলোচনা শেষ করতে হবে।

সকাল ১০ টায় তারা বের হলো। বাসা থেকে গাড়ি নিয়ে বের হতেই সোহানা দেখলো আফসানা বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। বাড়ির ঠিকানা কিভাবে পেলো এটা নিয়ে শঙ্কা হলেও সে অবাক হলো এই সময় আসা নিয়ে। গার্ডরা তাকে সরানোর চেষ্টা করছে। সোহানা জানালা খুলে গার্ডদের থামিয়ে তাকে আসতে দিতে বললো। টিটু বললো,

' একি করছো কি? ওকে কেন আসতে দিলে?

' মনে হচ্ছে চমকপ্রদ কিছু অপেক্ষা করছে। চেহেরা দেখো, কেমন হয়ে আছে!

সোহানা ডাকতেই আফসানা ছুটে এলো। এসেই অনুনয় করে বললো,

' আমার ছেলেকে পুলিশ কেন গ্রেফতার করেছে? ওরা বলেছে এটা আপনাদের অর্ডার। কেন এমন করলেন? কি করেছে ও?

সোহানা হেসে বললো,

' তাহলে দুজনের মধ্যে তোমার ছেলেও ছিলো? তাহলে তো বেশ ভালো হয়েছে। ঠিক জায়গায় টোপ পড়েছে।

আফসানা আরো কিছু বলতে চেয়েছিলো। সোহানা প্রসন্ন হাসির সাথে গ্লাস তুলে দিলো।

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে 25 শেষ করেছেন।

আগের পর্ব উপন্যাস সমাপ্ত

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন