ফন্ট সাইজ:
থিম:
অশুদ্ধ দরিয়া

24

লেখক: তাজরীন খন্দকার

নিধি যেন পুরোদমে ফেঁসে গেলো। ফেঁসে গিয়েও সে মিথ্যা বলেই যাচ্ছিলো। শেষ পর্যন্ত আর তার জায়গায় ঠিক থাকতে পারলোনা। সাদিদকে কোনো কিছু বলেই বুঝাতে না পেরে সে কাঁদতে শুরু করে দিলো।

নিধিকে কাঁদতে দেখে সাদিদ তার কাঁধ ছুঁয়ে নিচু স্বরে বললো,

' তুমি সবটা না বললে সবকিছুর সমাধান হবে কি করে? আমাকে বলো ওরা কি তোমাকে ফোর্স করেছে? আমাকে ছেড়ে দিতে বাধ্য করেছে?

কিন্তু নিধি কেঁদেই যাচ্ছে। গালমুখ চোখের পানিতে ভেসে একাকার। সাদিদ টিস্যু এগিয়ে দিলো, নিধি চোখমুখ মুছে কান্নারত অবস্থাতেই বললো,

' তোমাকে ভালোবেসে আমার জীবনের সবকিছুই শেষ হয়ে গেছে সাদিদ! আমার পুরো পরিবার এর জন্য ভুগছে। আমি আর কি করতাম?

সাদিদ অবাক হয়ে বললো,

' আমি কি করেছি? সব তো তুমিই করলে। আমাকে ছেড়ে গেলে, কারো ভয়েই যাও বা স্বইচ্ছায় যাও সেটা তুমি করেছো! আমার তাতে কি ভুল ছিলো?

' তোমার ভুল নেই, কিন্তু তোমাকে ভালোবাসা আমার ভুল ছিলো সাদিদ।

' আমাকে ভালোবাসা ভুল? তাহলে কি রাফি আয়াত কিছু করেছিলো?

' জানিনা আমি। ওইসব কান্ড কারা করেছে স্পষ্টভাবে এখনো জানিনা আমি। আমার বাবাকে রাস্তায় কয়েকবার আক্রমণ করেছে,আমাদের বাড়িতেও ধ্বংসযজ্ঞ চালিয়েছে। এক রাতে এসে আমাদের বাড়িতে এমনসব কান্ড করে গেছে যা মুখে বলতে পারবোনা। এরপর টাকাপয়সা সোনাদানা নিয়ে সবশেষে শুধু বলে গেছে আমি যেন সাদিদকে ছেড়ে দেই, নাহলে এর চেয়ে খারাপ কিছু করবে!

তখনো আমার পরিবার তোমার সম্পর্কে জানতোনা, এরপর এসব কান্ডকারখানা দেখে তারা মনে করলো তোমার পরিবার প্রভাবশালী বলে ছেলের পিছু ছাড়াতে মেয়ের পরিবারের উপর আক্রমণ করছে।

' কিন্তু তখন আমি কেন এসব শুনিনি?

' তখন আমাদের মধ্যে রাগারাগি ছিলো সাদিদ। এক সপ্তাহ আমাদের মধ্যে যোগাযোগ ছিলোনা। মনে নেই আমার ইউনিভার্সিটিতে কেন গিয়েছিলে? আমাকে কোথাও পাচ্ছিলেনা বলে। সে রাতে আমার বাসার সবার ফোনও নিয়ে গিয়েছিলো ওরা।

' হ্যাঁ তখন আমি তোমাকে নিয়ে আজেবাজে কথা শুনেছিলাম। তাই স্বচক্ষে দেখতে গিয়েছিলাম।

নিধি এবার একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললো,

' হ্যাঁ। সেদিনও আমি জানতাম না আমার আরেকটা বয়ফ্রেন্ড আছে যে!

' তাহলে আমি গিয়ে যা দেখলাম?

' তুমি আসার কিছুক্ষণ আগে মুখে মাস্ক পরা দুইটা ছেলে বাইক দিয়ে এসে আমার হাতে একটা কাগজ ধরিয়ে চলে গেলো। আমি খুলে দেখি তাতে লেখা,

'' সাদিদ আসছে কিছুক্ষণের মধ্যে, এখনি যদি ওকে ফেরানোর চেষ্টা না করস তবে আজ রাতে তোদের ঘরের সবাইকে কোপাবো। এবার আর ডাকাতি কর‍তে যাবোনা। নিজেকে এবং পরিবারকে বাঁচাতে চাইলে, তোর ডিপার্টমেন্টের পেছনে গোলাপি শার্ট পরা একটা ছেলে দাঁড়িয়ে আছে, তার কাছে যা।''

এটা পড়ে আমি ভীষণ ভয় পেলাম। আগের রাতের ডাকাতি কান্ডে এমনিতেই ভীত ছিলাম। আমার সম্পর্কের জন্য এসব হয়েছে জেনে বাবা অনেক বকেছে আমাকে, মা আমাকে স্যান্ডেল খুলে পিটিয়েছে। বলেছে সাদিদ ফাদিদ যেই হোক আজকের পর যদি কোনোদিন কোথাও এই নামের সাথে আমাকে পায় তাহলে গলা টিপে মেরে ফেলবে। ওইদিন এসাইনমেন্ট জমা দেওয়ার লাস্ট ডেইট নাহলে আমি ইউনিভার্সিটিতেও হয়তো যেতাম না। কিন্তু যাওয়ার পর ওদের এই প্রস্তাবও আমার জন্য স্বস্তির ছিলো, আমি জানি রাগ কমে গেলে তুমি আবার সব ঠিক করতে উঠে পড়ে লাগতে কিন্তু আমি তো ঠিক করতে পারতাম না। তাই আমি সেই গোলাপি শার্টের ছেলের দারস্থ হলাম, ভেবেছিলাম সে হয়তো তাদের ভাড়া করা সহজ সরল মাধ্যম, হাতে ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। আমি যেতেই বললো, তোমাকে বাঁচতে হলে আমার সাথে প্রেমের অভিনয় করতে হবে।

তাই করলাম, কিছুক্ষণের মধ্যে তুমিও এলে আর সবকিছু দেখলে আমাকে ইচ্ছেমতো গালাগালি করলে, আমি চুপচাপ শুনে গেলাম। তুমি এতকিছু বলার পরও আমার সেদিন খারাপ লাগেনি, পরিবারের কাছে দায়বদ্ধ ছিলাম যে তাই হয়তো। মনে হয়েছিলো সাদিদ আমাকে এতো তাড়াতাড়ি ঘৃণা করে ফেললো, এতো না চাইতেই আশীর্বাদ আমার জন্য! এরপর এরপর তো সবকিছু জানোই..

নিধি যতক্ষণ কথাগুলো বললো,সাদিদ কেবল তার দিকে তাকিয়েই রইলো। তার মধ্যে অগাধ অপরাধবোধ সৃষ্টি হচ্ছে আর আকাশসমান স্তব্ধতা আষ্টেপৃষ্ঠে জাপ্টে ধরেছে। অনেককিছু মাথায় আসছে তার। সে কি করলো নিধির সাথে? একবারও সে বুঝলোনা নিধি এমন কর‍তে পারেনা? নিধি মাত্র ৭ দিনের মনমালিন্যে অন্তত আরেকটা সম্পর্কে চলে যেতে পারেনা! কিন্তু সে তাকে অন্য মেয়েদের কাতারেই ফেলে দিলো, আর একেবারে ছেড়ে দিলো!

আর ওরা ঠিক তাই করলো যা তার মায়ের সাথে করেছিলো। ওরা তাহলে প্রতিশোধ নিতেই দলেবলে এক হয়েছে?

সাদিদের বেশ অস্বস্তি হচ্ছে। এইসব শুনলে তার মা ঠিক থাকতে পারবেনা। একসাথে সব বিপদের মুখোমুখি হতে পারবেনা।

সাদিদের নিরবতা দেখে নিধি বলে উঠলো,

' সাদিদ আমাকে আর আমার পরিবারকে প্লিজ আর হুমকিতে ফেলোনা! আমরা পুরাতন বাসাটা পর্যন্ত ছাড়তে বাধ্য হয়েছি। ওদের ভয়ে ধীরে ধীরে আমার ইউনিভার্সিটি আসাও বন্ধ হয়ে গিয়েছিলো।

সাদিদ এবার নিরবতার আড়মোড়া ভেঙে বললো,

' রাফির কথা না কি বললে? ওর সাথে তখন যোগাযোগ কর‍তে কীভাবে? এতকিছু তোমাকে কখন বললো?

' সে ইউনিভার্সিটি আসতো। আমার পিছু নিতো, আমি তাকে ভুক্তভোগী মনে করেছিলাম। চেহেরাটা তখন এতো ইনোসেন্ট ছিলো! আমি ভাবতাম সে হয়তো তোমাকে আরো বিশ্বাস করাতে এই অভিনয় চালিয়ে যাচ্ছে। কিন্তু ধারণা ভুল ছিলো, সে আমাকে পছন্দ করতো। আমি না চাইলেও কথা বলতো। একদিন আমাকে বললো তুমি নাকি আয়াত নামে কারো সাথে মিশতেছো। এরপর আয়াতের সাথে তার সম্পর্ক আর তাদের বাসায় আয়াতের থাকার কারণ নিয়ে বললো। এরপর আমার কেন জানি মনে হলো আমাকে সরিয়ে রাফির বোন কেন সাদিদের সাথে ঘুরে বেড়াবে? তখন থেকেই রাফিকে আমার অন্য রকম লাগতো। আমি দূরে থাকার চেষ্টা করতে থাকলেই সে আসল রূপে ফিরে আসলো আর আমার সাথে অনেকবার অপ্রীতিকর কান্ড ঘটানোর চেষ্টাও করেছিলো। একেবারে ভেঙে পড়েছিলাম আমি। ও কিংবা ওর দলবল আমাদের বাসার নিচে দাঁড়িয়ে থাকতো। এর পরপরই বাসা পরিবর্তন করে ফেলেছিলো বাবা। আর আমার একেবারে ইউনিভার্সিটি আসা বন্ধ হয়ে গেলো, দুই সেমিস্টার গ্যাপও হলো। মা বলতো সাহস করে যেতে, কিন্তু আবারও ওরা আমার পিছু নিয়ে বাসা চিনে ফেলে কিনা তাই আমি আর ভার্সিটি যেতাম না। এক বছর পর আমাকে মা বোরকা পরে যাওয়ার অনুরোধ করলো। আমিও তাই করেছি, নতুন ক্লাসে চেনা কেউ ছিলোনা, কেউ আমাকে চিনতোনা আমি কাউকে চিনতাম না। কোনো বিপদও আর আসেনি। কিছুদিন আগে তুমি যেদিন আমাকে খুঁজতে ইউনিভার্সিটি গেলে আমি তোমাকে দেখেছিলাম। কিন্তু আমি ভয়ে দ্রুত পালিয়ে গিয়েছিলাম। কিন্তু শেষ পর্যন্ত তুমি আমার বাসার ঠিকানাও যোগাড় করে ফেললে! কেন করলে? কেন শান্তিতে থাকলে দিলেনা?

' তোমাকে আমার প্রয়োজন নিধি। তাই মন তোমার টানে ছুটে গিয়েছিলো। আমাকে ক্ষমা করো তুমি! আমার জন্যই তোমাদের উপর দিয়ে এতকিছু হয়ে গেলো। ওরা আমাকে ওদের অস্ত্র হিসেবে টার্গেট করেছে। তাই আমার সাথে জড়িয়ে থাকা মানুষটাকে সরিয়ে ওদের লোককে দিয়ে সেই জায়গা দখল দিতে চেয়েছিলো।

নিধি মনে হয় সাদিদের কথা কিছুই বুঝলোনা। কিন্তু নিধি কোনো প্রশ্ন করলোনা। যেন আর কথা বাড়াতে চাচ্ছিলোনা। সাদিদের সাথে দেখা করতে এসেছে জানটা হাতে নিয়ে। শত্রুরা দেখে ফেললে শেষ!

তাড়ার সাথে নিধি বললো,

' না ক্ষমা চাওয়া লাগবেনা। শুধু আমার পিছু ছেড়ে দাও। আর কাউকে বলোনা আমি তোমাকে সব বলেছি। আমাকে বলে দিয়েছিলো এসব তোমাকে যেদিন জানাবো এরপরদিন আমাদের সবার জানাজা করবে!

প্লিজ সাদিদ আমার জন্য না হোক আমার মা-বাবার কথা ভেবে হলেও তুমি যেভাবে ছিলে ওভাবে থাকো। আমাদেরও থাকতে দাও। প্লিজ সাদিদ প্লিইইজ!

সাদিদ দেখলো নিধি চোখ বন্ধ করে হাত দুটো এক করে অসহায়ের মতো তার কাছে মুক্তি চাচ্ছে! সাদিদ নিধির করজোড়ে থাকা হাতদুটো বুকের সাথে চেপে ধরলো, চোখ বন্ধ অবস্থাতেই নিধিকে জড়িয়ে ধরলো। নিধিও জোর করলোনা, সাদিদের স্পর্শে দুই বছর আগের অপূর্ণ প্রেমের আকস্মিক বিচ্ছেদ ভুলে ভেতরের সবটা উজাড় করে কেবল কাঁদলো! এরপর যখন হুশ এলো নিধি ধাক্কা দিয়ে সাদিদকে সরিয়ে দিয়ে বললো,

' চলে যাচ্ছি। আর কোনোদিন খুঁজো না আমাকে,যদি বাঁচতে দিতে চাও আমাদের! এটাই আমার শেষ অনুরোধ।

সাদিদ নির্বাক হয়ে নিধির চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলো। আশেপাশে তাকিয়ে বুঝার চেষ্টা করলো কেউ তাদের দেখছে কিনা। তেমন কেউই নেই। সময়টা সকাল দুপুরের মাঝামাঝি, তাই জায়গাটা একেবারেই ফাঁকা। সাদিদ নিজের চোখমুখ মুছে দ্রুত গিয়ে গাড়িতে উঠলো। ততক্ষণে নিধি চলে গেছে।

পুরো গাড়িতে সাদিদের আয়াতের সাথে কাটানো সময়গুলো চোখে ভাসতে লাগলো! কি অদ্ভুত মায়াজালে তাকে মুড়ে ফেলেছিলো আয়াত! একটাবারের জন্যও তার ভালোবাসায় খাঁদ খুঁজে পায়নি সে। কতো যত্ন, কতো আকুলতা, কতো ভালোবাসা মনে হতো পৃথিবীর বুকে আয়াতই হয়তো ভালোবাসার একমাত্র উপমা যার ভালোবাসায় বিন্দুমাত্র ভেজাল নেই। সে না চাইলেও তার ভালোবাসার কাছে হার মেনেছিলো একটা সময়।

লোকে হয়তো তাই বলে, অতি ভক্তি চোরেরই লক্ষণ!

বিষন্ন চেহেরায় সাদিদ ঘরে প্রবেশ করলো। ঘরে রান্নাবান্না চলছে, রান্নার সুবাস ছড়িয়ে পড়েছে পুরো ঘরে। তবে তার মা-বাবা কেউই বাসায় নেই। তারা থাকেওনা সারাদিন। সোহানা বিকালে ফিরে এলেও টিটুর আসতে অনেক লেট হয়।

সাদিদ নিজের রুমে না গিয়ে তার মায়ের রুমে গেলো। সে মনে মনে আওড়াচ্ছে কীভাবে সবকিছু তার মাকে বলবে! উঠছে বসছে, পায়চারি করছে। আয়াত চেয়ারম্যানের মেয়ে! কীভাবে হতে পারে? আফসানার মেয়ে ছিলো, ওই পর্যন্ত ঘৃণার বাঁধ ছিলো, কিন্তু চেয়ারম্যানের মেয়ে? ওটা তো অবাঁধ ঘৃণার সমষ্টি। ওই নোংরা লোকটার নাম ভবিষ্যতে শুনতে হবে তার মা হয়তো কল্পনায়ও তা ভেবে রাখেনি। চেয়ারম্যানের কাজের সাজা পর্যন্তই হয়তো তাকে দাপন করে ফেলেছিলো, কিন্তু চেয়ারম্যান এতো বছর পর নিজের মেয়েকে কীভাবে লেলিয়ে দিতে পারে? হয়তো এক ভুলের জন্য তার সবকিছু লণ্ডভণ্ড হওয়ার দায় সোহানাকেই দিচ্ছে তাই সোহানার সুখে থাকা তার সহ্য হচ্ছেনা। কীভাবে সহ্য হবে? চেয়ারম্যানের অসম্মান যে এখনো চুকেনি,অথচ সোহানার নাগাল পাওয়াও মানুষের স্বপ্ন।

'

সোহানার ফিরতে সন্ধ্যা হলো। হাসপাতালে গিয়েছিলো বাড়ি আসার আগে। আজমের স্ত্রীর অবস্থা কিছুটা উন্নতির দিকে, ডাক্তার আরোকিছুদিন ওখানেই চিকিৎসা চলবে বললো।

সোহানা ফিরে এসেই দেখলো ছেলে ড্রয়িংরুমের সোফার উপর ঘুমিয়ে পড়েছে।

সোহানা দেখলো অসাবধানে ঘুমানোর জন্য সাদিদের ঘাড়টা বেঁকে আছে। সে গিয়ে বসে মাথাটা সোজা করে দিতে চাইলো। তখনি হুড়মুড়িয়ে উঠে বসলো সাদিদ। সোহানা একটু ভয় পেলো। অস্থির গলায় বললো,

' একি কিছু হয়েছে? খারাপ স্বপ্ন দেখছিলে? এভাবে উঠলে কেন?

সাদিদ তখন ঘামছিলো। মুখে কোনো শব্দ নেই। সোহানা হাত দিয়ে কপাল গাল মুছে দিয়ে বললো,

' এখানে কেন শুলে বাবা? ঘুম আসলে রুমে ঘুমাতে।

' তোমার জন্য বিকাল থেকে অপেক্ষা করছিলাম ।

' কেন কেন? খারাপ কিছু হয়নি তো?

' হয়েছে মা। সবকিছুই খারাপ হয়ে যাচ্ছে। আমাদের জন্য আরেকটা পরিবার শাস্তি পাচ্ছে।

' আমাদের জন্য মানে?

' মা নিধি? ও আমাকে ছেড়ে যায়নি ওকে জোর করে বাধ্য করেছে ওরা।

' কি বলো? কারা বাধ্য করেছে? আফসানা আর আয়াত?

' এদের সাথে আরেকজন জড়িত মা।

' কে?

' চেয়ারম্যান! ওই তোমাদের এলাকার সেই বিকৃত মানসিকতার চেয়ারম্যান যে ছিলো সে।

' শাহজাহান চৌধুরী?

' হ্যাঁ।

' ও আবার কি করলো?

' ওই সব করেছে। ওর প্রতিশোধ নিতে ও নিজের মেয়েকে ঠেলে দিয়েছে। আয়াত ওর মেয়ে। আর আয়াতের মা চেয়ারম্যানের ফুফাতো বোন। মেয়েকে ওর কাছে দিয়েছে আমার কাছাকাছি হওয়ার জন্যই মনে হয়।

সোহানা বিষ্ময়ের সাথে নিজের মুখ চেপে ধরলো।

সাদিদ বলতে লাগলো,

' চুরি ডাকাতি, অঘটন যা যা তোমার সাথে করেছিলো সবকিছু নিধির পরিবারের সঙ্গে করেছে। তাদেরকে হুমকির মধ্যে রেখেছে, ভয়ে সে সবকিছু ছেড়েছুড়ে মমি হয়ে গেছে মা। প্রাণচঞ্চল মেয়েটা নির্জীব হয়ে গেছে একেবারে।

' আয়াত তোমার কাছাকাছি আসতে নিধিকে সরিয়েছে?

' তাই মনে হচ্ছে!

' ছিহ! কি জঘন্য এরা। খারাপে খারাপে বংশধর! আর এখন একটা নিষ্পাপ বাচ্চা মেয়েকে এসব অপকর্মের জন্য অস্ত্র বানিয়ে নিয়েছে।

' মা ও নিষ্পাপ নয়, ও সঙ্গ দিয়েছে বলেই সম্ভব হয়েছে। আয়াতও ওদের মতো খারাপ চরিত্রের। মা আমার সবকিছুর জন্য প্রচন্ড অনুশোচনা হচ্ছে। আমি পুড়ে যাচ্ছি!

সোহানা ছেলেকে জড়িয়ে ধরে বললো,

' আমি নিধির পরিবারের সুরক্ষার ব্যবস্থা করবো। চিন্তা করো না।

' না ও বিষয়টা জানাজানি কর‍তে নিষেধ করেছে। তাহলে তাদের সাথে আবারও খারাপ করবে। ওরা এখন সেইফ আছে। ভেবেছে পথের কাঁটা সরে গেছে।

' কিন্তু বাবা এভাবে ওদের ছেড়ে দিলে আরো বেশি করবে। আমরা কি দূর্বল এখন? আমাদের পাশে এখন সবাই আছে, লোক আছে শক্তি আছে। ওরা কি আমাদের সাথে পেরে উঠবে?

' কিন্তু মা ওদেরও খারাপশক্তি আছে, আর ওরা নোংরা প্রকৃতির। আমার ভয় করছে সবকিছু জানাজানি হলে যদি ওরা নিধির সম্মানে হাত দেয়? কারণ আফসানার ছেলে নিধিকে পছন্দ করে।

সোহানা আশ্চর্যের চরম পর্যায়ে পৌঁছে বলে উঠলো,

' আফসানার ছেলে? সেই অবৈধ ছেলে যেটা জামানের ছেলে বলে চালিয়ে দিয়েছিলো?

' হ্যাঁ মা।

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে 24 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন