ফন্ট সাইজ:
থিম:
ইস্কে শিদ্দাত্

পর্ব 1

লেখক: সানজিদা আক্তার মুন্নি

‎একজন মুসলিম মেয়ে হয়েও আজ তাজওয়াকে হতে হয়েছে এক অমুসলিম প্রিন্সের স্ত্রী! নিয়তির কী নির্মম পরিহাস, স্রষ্টায় সমর্পিত পবিত্র মুসলিম কন্যা তাজওয়ার আজ ঠাঁই হলো এক খ্রিষ্টান দানবের বন্দিশালায়!

ইংল্যান্ডের মেঘাচ্ছন্ন আকাশের নিচে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে রেড-মন্ট রাজবংশের অভেদ্য পাথুরে দুর্গ। দুর্গের সবচেয়ে সুরক্ষিত আর গুমোট প্রকোষ্ঠটিতে আজ নববধূর বেশে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে আছে তাজওয়া।

এই বিয়ে তার বিন্দুমাত্র স্বেচ্ছায় হয়নি। এর পেছনে লুকিয়ে রয়েছে রাজবংশের এক অসহ্য আর অযৌক্তিক, প্রাচীন অন্ধ বিশ্বাস। এই বংশের লোকরা দৃঢ়ভাবে মনে করেন যে, তাদের ওপর চেপে বসা যুগ যুগের অন্ধকার অভিশাপ শুধু তখনই কাটবে এবং তাদের আসন্ন রাজারা কালজয়ী হয়ে শাসন করতে পারবে, যদি তাদের রক্তে কোনো মুসলিম নারীর ছোঁয়া থাকে, যদি বিয়ে হয় কোনো মুসলিম মেয়ের সাথে।

ইংল্যান্ডের এই বৃহৎ সাম্রাজ্যে মুসলিম জনবসতি এমনিতেই হাতেগোনা। রাজ্যের এক দুর্গম প্রান্তে গুটিকয়েক মুসলিম পরিবারের বাস। সেখান থেকেই তাজওয়াকে বলতে গেলে পশুর মতো ছিনিয়ে আনা হয়েছে।

তার অসহায় বাবা-মাকে হত্যার হুমকি দিয়ে, অস্ত্রের মুখে জোরপূর্বক চাপিয়ে দেওয়া হয়েছে এই বিয়ে। তাজওয়ার বাবার চোখের পানি আর কাতর অনুরোধে বিয়েটা অবশ্য দুই বার সম্পন্ন হয়। প্রথমে তাদের নিয়মে আইনিভাবে রেজিস্ট্রি করে, আর তারপর ইসলামি নিয়মে, যা তারা নেহায়েত তাচ্ছিল্য আর দয়াপরবশ হয়েই মেনে নিয়েছে।

যার সাথে বিয়ে হয়েছে, সে কোনো রূপকথার রাজপুত্র নয়। সে প্রিন্স আর্থার, রাজ্যের হবু রাজা। তবে লোকচক্ষুর আড়ালে তার এক অন্য পরিচয় আছে, এক ভয়ংকর নামও আছে, তা হলো 'নরপিশাচ'।

তার নিষ্ঠুরতার কোনো নির্দিষ্ট পরিমাপ নেই, কোনো শেষও নেই। সে এক কথায় মহাপাপিষ্ট। রাজ্যের মানুষ আড়ালে-আবডালে ফিসফিস করে বলে, "এর চেয়ে বোধহয় চেঙ্গিস খানের রাজত্বও ঢের ভালো ছিল!"

আর্থার এখনো আনুষ্ঠানিকভাবে রাজা হয়নি, সিংহাসনে নামমাত্র বসে আছেন তার পিতা। কিন্তু পর্দার আড়াল থেকে ক্ষমতার মূল সুতো নাড়ে আর্থারই। আর মাত্র কিছুদিন পর, ত্রিশ বছর পূর্ণ হলেই সে আনুষ্ঠানিকভাবে রাজমুকুট পরবে।

এই ত্রিশ বছর বয়সেই তার নামের পাশে লেখা হয়ে গেছে সাড়ে দশ লক্ষেরও বেশি মানুষের মৃত্যুর হিসাব। সে মেরে ফেলেছে প্রায় সাড়ে দশ লক্ষের বেশি মানুষ। একবার ভেবে দেখুন, কতটা ভয়ংকর অমানুষ হলে এমনটা সম্ভব! কী পরিমাণ পাপান্ধ এই প্রিন্স আর্থার।

আর্থারের চোখে মানুষ এক বিষাক্ত কীট। তার নিজস্ব এক বিকৃত দর্শন আছে, তা হলো, পৃথিবীর বুকে মানুষের ভার যত কমবে, সমাজ, পৃথিবী আর প্রকৃতি তত বেশি ভালো থাকবে, বুক ভরে শ্বাস নিতে পারবে।

এই নরপিশাচ প্রিন্স যখন পুরোপুরি ক্ষমতা হাতে পাবে, তখন পৃথিবীর কী পরিণতি হবে, তা ভেবেই শিউরে উঠছে সবাই। সে বোধহয় অর্ধেক রাজ্যই সাফ করে ফেলবে।

ভাগ্যের নির্মম পরিহাসে এই আর্থারেরই স্ত্রী হয়ে আজ প্রাসাদে পা রাখতে হয়েছে তাজওয়াকে।

তাকে যে ঘরে এনে রাখা হয়েছে, তা প্রথম দেখায় একটি সাধারণ বাসর ঘরের মতোই মনে হবে। সুগন্ধি ফুলের ছোঁয়ায় হালকা করে সাজানো চারপাশটা বেশ ভালোই। কিন্তু ঘরের ভেতরে পা রাখতেই ধমনির রক্ত জট লেগে গেছে তার।

সাদা ধবধবে বিছানার চাদরের ওপর সযত্নে বিছানো লাল গোলাপের পাপড়ি কিন্তু ফুলের কোমলতাকে ছাপিয়ে চাদরের বুকে ছোপ ছোপ দাগ কেটে আছে তাজা মানুষের রক্ত। রক্তের উৎকট লৌহজ গন্ধ আর গোলাপের সুবাস মিলেমিশে ঘরে এক দমবন্ধ করা পৈশাচিক পরিবেশ তৈরি হয়েছে।

তাজা রক্ত প্রিন্স আর্থারের ভীষণ প্রিয়, তাই বাসর ঘরটিকেও এই বিকৃত রুচির আদলে সাজানো হয়েছে।

ভয়ে, আতঙ্কে থরথর করে কাঁপছে তাজওয়া। তার বুঝতে আর বাকি নেই যে, জীবনের এখানেই সমাপ্তি। তার সুন্দর জীবনটা একেবারে নিমিষেই বৃথা হয়ে গেল।

প্রথমত, একজন অমুসলিমের সাথে বিয়ে হলো, আর দ্বিতীয়ত, এই মানুষটি কোনো সাধারণ মানুষ নয়, আস্ত এক দানব। নিজের ভেতরেই নিজেকে কেমন মৃত বলে মনে হচ্ছে তার।

মনে হচ্ছে শরীরে আর কোনো প্রাণ নেই, শুধু আছে আতঙ্কে জমে যাওয়া একটা খোলস। বুক কাঁপানো ভয় নিয়ে ধীর পায়ে ঘরের খোলা বারান্দার দিকে এগিয়ে যায় তাজওয়া।

প্রকাণ্ড এই দুর্গের ওপর থেকে নিচের অন্ধকার জগৎটা কেমন দেখায়, তা একবার দেখতে চায় সে। হিমেল বাতাস মুখ ছুঁয়ে যায়, কিন্তু ভেতরের অস্থিরতা কমে না।

তার মনে একটাই চিন্তা বিষাক্ত সাপের মতো ফণা তুলছে, প্রিন্স যখন ঘরে পা রাখবে, তখন কী হবে? লোকটা তার সাথে কী করবে? হয়তো তাকেও নির্মমভাবে হত্যা করবে, কোনো এক বীভৎস পন্থায় ছিন্নভিন্ন করে ফেলবে।

কারণ আর্থারের তো জীবনে একটাই নেশা, একটাই উপাসনা, আর তা হলো মৃত্যু, শুধুই মৃত্যু।

তাজওয়া যখন বারান্দার দরজায় পা রাখতে যাবে, ঠিক তখনই চারপাশের গুমোট পরিবেশ ভেঙে করিডোরে শোনা যায় ভারী বুটের শব্দ।খট... খট... খট।শব্দটা এসে থামে দরজার ওপাশে। দরজার বড় কাঠের পাল্লাটা ক্যাঁচ শব্দ করে খুলে যায়। প্রবেশ করে প্রিন্স আর্থার।

ঘরে পা রাখতেই বাইরের দিক থেকে প্রহরীরা সশব্দে দরজাটা টেনে বন্ধ করে দেয়। এটাই রাজকীয় নিয়ম, সে প্রিন্স, সে কেন নিজের হাতে দরজা বন্ধ করবে?

প্রহরীদের আটকে দেওয়া দরজার ওই ভারী, ধাতব শব্দটাই তাজওয়ার কানে মৃত্যুর চূড়ান্ত পরোয়ানা হয়ে বাজতে থাকে।

আর্থার প্রবেশ করেই সোজা তাকায় বারান্দার দরজার দিকে। সেখানে স্থির হয়ে দাঁড়িয়ে আছে তাজওয়া।

এদিকে তাজওয়ার অবস্থা খারাপ। মেঝের সাথে আঠার মতো আটকে গেছে তার পা, পাথর হয়ে আছে সে। এক প্রাণঘাতী আতঙ্ক আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছে।

আর্থার এসেছে, মানে সাক্ষাৎ মৃত্যু এসে দাঁড়িয়েছে সামনে।

কপালে কয়েক ভাঁজ ফেলে ধীর পায়ে এগিয়ে যায় আর্থার। এগিয়ে এসে পাশে দাঁড়ায়।

বিয়ে করার কোনো ইচ্ছেই তার ছিল না। শুধু মায়ের কথা রাখতে গিয়েই বাধ্যবাধকতা। আর অচেনা কাউকে জীবনসঙ্গী করার তো প্রশ্নই ওঠে না!

না দেখেই মেয়েটিকে ভীষণ অপছন্দ হয়ে গেছে, তাজওয়া তার কাছে মারাত্মক বিরক্তির কারণ।

তাজওয়া একদৃষ্টে নিচের দিকে তাকিয়ে আছে, থরথর করে কাঁপছে তার পুরো শরীর। তাকে এভাবে কাঁপতে দেখে আর্থারের ঠোঁটের কোণে ফুটে ওঠে এক পৈশাচিক হাসি।

এটাই তো তার কাম্য! মানুষ ভয়ে কাঁপুক, তাকে দেখে আতঙ্কিত হোক, এতেই তার তৃপ্তি।

কোনো কথা না বলেই আর্থার ধীর হাতে হাত বাড়িয়ে দেয়। খোলা, তাম্রাভ দীর্ঘ কেশরাশির আড়ালে তাজওয়ার মুখখানা পুরোপুরি ঢাকা পড়ে আছে।

আর্থার সন্তর্পণে তার চুলগুলো সরিয়ে কানের পিঠে গুঁজে দেয়, তারপর আলতো করে থুতনি চেপে ধরে নিজের দিকে ওর মুখটা তুলে ধরে।

আতঙ্কে ও উত্তেজনায় তাজওয়ার দম বন্ধ হয়ে আসার উপক্রম হচ্ছে। লোকটা তাকে স্পর্শ করছে। বুকের ভেতরটা বোধহয় কেউ ভারী পাথর দিয়ে পিষে দিচ্ছে, ঠিকমতো শ্বাসটুকুও নিতে পারছে না।

আর্থারের তীক্ষ্ণ দৃষ্টি তাজওয়ার রূপের রেখা খুঁটিয়ে খুঁটিয়ে মেপে নিতে থাকে। বিয়ে হওয়ার সময় সে পর্দায় ঢাকা ছিল, তাই আর্থার ভেবেছিল হয়তো ও এত সুন্দর নয়, কুৎসিত, তাই নিজেকে ঢেকে রেখেছে।

কিন্তু এখন তো দেখছে চোখের সামনে এক অপ্সরী দাঁড়িয়ে আছে, যার রূপ হার মানাবে কল্পনার পরীদেরও।

এই রাজ্যের আর দশজনের মতো তার গায়ের রঙও ধবধবে সাদা, আর এর সাথে আলাদা বৈপরীত্য তৈরি করেছে একমাথা অগ্নিশিখার মতো ঝরে পড়া কেশধারা, যা নেমে গেছে একেবারে হাঁটু অবধি।

ফর্সা, জাদুময় রূপাবয়ব, চেহারায় লালচে আভা ছড়ানো। তীক্ষ্ণ নাক, টানা টানা চোখ আর ঠোঁটের গড়ন দেখে মনে হচ্ছে কোনো নিপুণ শিল্পীর নিখুঁত তুলির আঁচড়ে আঁকা।

মুগ্ধ দৃষ্টিতে কিছুক্ষণ নিরীক্ষণ করে আর্থার হঠাৎ একরাশ অবজ্ঞায় তাজওয়াকে ছেড়ে দেয়, তারপর গম্ভীর কণ্ঠে বলে ওঠে,

"আমি ভেবেছিলাম তুমি নিজেকে ঢেকে রাখো কারণ তোমার রূপ নেই। কিন্তু এখন দেখছি তুমি বেশ মোহময়ী! এতই যখন সৌন্দর্য তোমার, তবে নিজেকে এভাবে আড়ালে রাখো কেন?"

এমন অপ্রত্যাশিত মন্তব্যে তাজওয়া ভীষণ অপ্রস্তুত হয়ে পড়ে। আড়চোখে একবার প্রিন্সের দিকে তাকায়।

এর আগে কখনোই এত কাছ থেকে তাকে দেখার সুযোগ হয়নি। এখন প্রিন্সের পরনে গাঢ় কালো রঙের দীর্ঘ, রাজকীয় কোট।

কোটের বক্ষপটে বোনা রয়েছে সোনালি সুতোর জটিল নকশা আর চেইনের আভিজাত্য। কাঁধের দুপাশে সোনালি ঝালর বা ফ্রিঞ্জের কারুকাজ, পোশাকটিতে রয়েছে সামরিক আর রাজকীয় আভা।

কোমরে জড়ানো বহুমূল্য অলংকৃত বেল্ট। নিম্নাঙ্গে কালো প্যান্ট আর চকচকে কালো চামড়ার বুটজোড়া তার ব্যক্তিত্বকে আরও ধারালো করে তুলেছে।

দাড়িবিহীন ধবধবে ফর্সা চেহারায় মাথায় কালো, মাঝারি দৈর্ঘ্যের চুলগুলো খুব পরিপাটি করা।

তাজওয়া এতক্ষণ ভয়ে সিটিয়ে ছিল। আর্থারের অনাকাঙ্ক্ষিত স্পর্শ ভেতরটায় এক তীব্র ঘৃণার জন্ম দিয়েছে, পরক্ষণেই নিজেকে শক্ত করে নেয় সে।

মনে মনে ভাবে, যখন মৃত্যুই নিশ্চিত, তখন আর ভয় পেয়ে কী হবে?

সমস্ত জড়তা ঝেড়ে ফেলে সোজাসুজি আর্থারের চোখের দিকে তাকায়। তারপর শান্ত নিচু কণ্ঠে উত্তর দেয়,

"কারণ, আমি একজন মুসলিম।"

কথাটি শুনে আর্থার ভ্রু কুঁচকে তাকিয়ে তাচ্ছিল্যের সুরে বলে,

"তো?"

দৃষ্টি সরিয়ে মেঝের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে তাজওয়া বলে,

"মুসলিম নারীরা নিজেদের আপন পুরুষ ব্যতীত অন্য কোনো পরপুরুষের সামনে নিজেকে প্রদর্শন করে না।"

জবাবে আর্থার কিছুটা বিস্মিত হয়। তীক্ষ্ণ দৃষ্টিতে কিছুক্ষণ পরখ করে নেয়। তারপর ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটিয়ে বলে,

"বিষয়টা তো সুন্দর। সত্যিই তো, নিজস্ব নারী অন্য সবাই কেন দেখবে?"

তাজওয়া এবার বেশ শক্ত স্পষ্ট স্বরে বলে,

"জি, হ্যাঁ।"

আর্থারের দৃষ্টি আরও প্রখর হয় এখন। সে স্পষ্ট খেয়াল করে, একটু আগেও যে মেয়েটা তাকে দেখে ভয়ে কাঁপছিল, তার কাঁপুনি এখন আর নেই।

সে বেশ শক্তপোক্তভাবেই দাঁড়িয়ে আছে, গলার স্বরও কাঁপছে না। এই অতি স্বাভাবিক ভঙ্গি আর্থারের পক্ষে মেনে নেওয়া কষ্টকর হয়। তার আত্মসম্মানে আঘাত লাগে এতে।

ভ্রু যুগল সামান্য কুঁচকে আর্থার বলে,

"প্রথমে তো আমায় দেখে ভয়ে কাঁপছিলে। কিন্তু হঠাৎ দেখছি তোমার ভয়টা আর নেই, আমি লক্ষ্য করছি বিষয়টা।"

মন্তব্যে সাময়িকভাবে অপ্রস্তুত হয়ে পড়লেও দ্রুত নিজেকে সামলে নিয়ে নির্লিপ্ত চোখে চেয়ে সহজ ও সাবলীল কণ্ঠে জবাব দেয় তাজওয়া,

"আমি আমার সৃষ্টিকর্তা, এক আল্লাহ ব্যতীত আর কাউকেই ভয় করি না।"

"কিন্তু আমি তো সৃষ্টিকর্তায় বিশ্বাস করি না!"

কথাটি শুনে তাজওয়ার কপালে চিন্তার ভাঁজ পড়ে যায়। পরিবার তো খ্রিষ্টান! তাহলে আর্থার এসব কী বলছে? জানামতে আর্থার নিজেও একজন খ্রিষ্টান।

সে বিভ্রান্ত হয়ে প্রশ্ন করে বসে,

"কিন্তু আপনার পরিবার তো খ্রিষ্টান।"

অবজ্ঞার সুরে তাচ্ছিল্য করে আর্থার বলে,

"তারা সৃষ্টিকর্তায় বিশ্বাসী হতে পারে, কিন্তু আমি নই। আমি এসবের কোনো কিছুতেই বিশ্বাস করি না।"

'আস্তাগফিরুল্লাহ!' মনে মনে উচ্চারণ করে শিউরে ওঠে তাজওয়া।

তারপর স্পষ্ট স্বরে বলে,

"তার মানে আপনি একজন নাস্তিক।"

"নাস্তিক মানে কী?"

"যারা কোনো ধর্মই মানে না, অর্থাৎ আপনার মতো যারা সৃষ্টিকর্তায় অবিশ্বাসী। আমাদের চোখে একজন নাস্তিকের চেয়ে নিকৃষ্ট আর কিছুই হতে পারে না। এবার বুঝে নিন।"

কথাগুলো শুনে আর্থার রাগের বদলে শব্দ করে হেসে ওঠে। সে হাসতে হাসতেই বলে,

"আমি তো এমনিতেই এমন। তুমি বোধহয় আমার ইতিহাস জানো না।"

তার কথার পিঠে দৃষ্টি নিচু করে মৃদু স্বরে তাজওয়ার উত্তর আসে,

"জানি।"

হঠাৎ দৃষ্টির ধরন বদলে যায়। আচমকাই একদৃষ্টে তাকিয়ে থাকে তাজওয়ার দিকে। ফর্সা গালের ওপর ছড়িয়ে থাকা লালচে আভা তার নজর কাড়ে।

তাই নির্লজ্জের মতো নিজের ইচ্ছে প্রকাশ করে বসে,

"তোমার গালদুটো আমার বেশ পছন্দ হয়েছে। আমি কি তোমার গালে আমার ঠোঁট ছোঁয়াতে পারি?"

কথাটা শোনামাত্রই গা গুলিয়ে ওঠে তাজওয়ার। এই লোকটা তাকে ছোঁবে? রাগে আর ঘৃণায় গা জ্বলতে শুরু করে তার, শিরদাঁড়া বেয়ে নেমে যায় ঘিনঘিনে এক অনুভূতি।

সোজাসাপ্টা কড়া গলায় উত্তর দেয় তাজওয়া,

"না, পারেন না।"

তার এমন প্রত্যাখ্যান আর্থারের মোটেও পছন্দ হয় না। তার মতো মানুষের কাছে 'না' শব্দটা একেবারেই অগ্রহণযোগ্য।

বিদ্যুৎগতিতে হাত বাড়িয়ে থুতনি শক্ত করে চেপে ধরে আর্থার। তারপর জোরপূর্বক নিজের মুখ এগিয়ে নিয়ে তাজওয়ার ডান গালে নিজের ঠোঁট শক্ত করে চেপে ধরে।

বিস্ময়, ভয় আর ঘৃণায় ভেতরটা দুমড়েমুচড়ে যেতে শুরু করে তাজওয়ার। মুহূর্তের জন্য পুরোনো ভয়টা আবার জেঁকে বসে।

তার ডান গালের পর বাঁ গালেও একইভাবে ঠোঁট ঠেসে ধরে জোরে নিঃশ্বাস ছাড়ে প্রিন্স। এরপর গাল থেকে মুখ সরিয়ে নিয়ে থুতনি আরো শক্ত করে চেপে ধরে।

চোখের দিকে সরাসরি তাকিয়ে শ্বাপদের মতো হিসহিস করে ওঠে,

"আমি আর্থার, প্রিন্স আর্থার! আমাকে এভাবে 'না' বলাটা আমার একদমই পছন্দ নয়। আমি তো শুধু একটা চুমু খেতে চেয়েছিলাম, তোমার সাহস কী করে হয় আমাকে না বলার? এমনিতেও তোমাকে ছোঁয়ার কোনো ইচ্ছে আর রুচি আমার নেই। এই বিয়েতে আমার বিন্দুমাত্র আগ্রহ ছিল না, শুধু মায়ের কথা রাখতে গিয়ে বিয়েটা করা। এই বাড়িতে তোমাকে শুধুই একটা পাপেট হিসেবে রাখা হবে। আমার কাছ থেকে তুমি না পাবে স্ত্রীর কোনো অধিকার, না পাবে সম্মান, আর না মর্যাদা।"

কথাগুলো শেষ করেই ছেড়ে দেয় তাজওয়াকে। সে তাজওয়াকে ছেড়ে দেয় না বলে, বলা যায় একপ্রকার ছুড়ে ফেলে।

তাজওয়া নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে গিয়ে আছড়ে পড়ে বারান্দার দরজার পাশের কাঠের ফ্রেমের ওপর। প্রচণ্ড আঘাতে তার মনে হয় তার চোয়ালের হাড়গুলো বোধহয় একে একে গুঁড়িয়ে গেছে।

যন্ত্রণায় ককিয়ে ওঠে তাজওয়া।

তবে শারীরিক ব্যথার চেয়ে আর্থারের বলা কথাগুলো তাকে মানসিক স্বস্তি দেয় বেশি। স্ত্রীর মর্যাদা না পাওয়ার কথা শুনে একটুও খারাপ লাগেনি, বরং ভালোই লেগেছে।

এই জঘন্য লোকটা তাকে স্ত্রী হিসেবে মানবে না, এর চেয়ে বড় স্বস্তি আর কী হতে পারে! অন্তত আর্থারের মতো মানুষের স্ত্রীর অধিকার না পেয়ে সে বেঁচে তো গেল, এটাই এখন সবচেয়ে বড় নিয়ামত মনে হচ্ছে।

কাঁপা কাঁপা শরীরটাকে কোনোমতে সামলে নিয়ে সোজা হয়ে দাঁড়ায় তাজওয়া।

আর্থার খুব ধীর পায়ে, প্রায় শিকারি বাঘের মতো এসে দাঁড়ায় তার ঠিক পেছনে। দাঁড়িয়ে নিজের দীর্ঘ, শক্ত আঙুলগুলো দিয়ে অতি আদরে ছুঁয়ে দেয় তাজওয়ার রক্তিম কেশধারা।

কিন্তু মোহের রেশ কাটতে না কাটতেই আচমকা এক মুঠো চুল নির্দয়ভাবে খামচে ধরে আর্থার। যন্ত্রণায় চোখমুখ কুঁচকে যায় তাজওয়ার।

তাজওয়ার মুখের একদম কাছে ঝুঁকে এসে ফিসফিস করা কণ্ঠস্বরে আর্থার বলে,

"তোমার চুলগুলো কিন্তু ভীষণ সুন্দর। তবে ভালো করে মস্তিষ্কে গেঁথে নাও, তোমার কোনো কাজে আমি যদি সামান্যতম অসন্তুষ্ট হই, বা আমার পরিবারের কেউ যদি ঘুণাক্ষরেও টের পায় যে তোমার আর আমার মাঝে স্বামী-স্ত্রীর কোনো সম্পর্ক নেই, তাহলে এই সুন্দর চুল আর মাথার সাথে থাকবে না। তুমি এখন থেকে আমার দাস। তুমি আমার কেনা গোলাম, বুঝেছ?"

মাথার চামড়া ছিঁড়ে যাওয়ার উপক্রম হয়। যন্ত্রণায় ছটফটিয়ে ওঠে তাজওয়া। চোখ ফেটে পানি বেরিয়ে আসতে চায়।

ভাঙা গলায় আর্তনাদ করে ওঠে সে,

"জি, জি, আমি বুঝেছি। দয়া করে আমার চুল, চুলটা ছেড়ে দিন!"

তাচ্ছিল্যের এক হাসিতে আর্থারের ঠোঁটের কোণ বেঁকে যায়। অবজ্ঞার সাথে তার চুলগুলো ছেড়ে দেয় সে।

ছাড়া পেয়েই হাঁফ ছেড়ে বাঁচে তাজওয়া, দ্রুত কয়েক পা পিছিয়ে যায়। তার বুকের ভেতর হৃৎপিণ্ডটা পাগলের মতো আছড়ে পড়ছে।

কিছুটা নিরাপদ দূরত্ব বজায় রেখে, থরথর করে কাঁপতে থাকা ঠোঁটে আমতা আমতা করে জিজ্ঞেস করে,

"আমি কোথায় ঘুমাবো?"

শুষ্ক গলায় আর্থার বলে,

"আমার পাশে, ওই সুপরিসর বিছানায় ঘুমাতে পারো। কিন্তু মনে রেখো, যদি সেখানে ঘুমাও, তবে নিজের কুমারিত্ব হারাবে। আর নয়তো ওই কোণের সোফায় ঘুমাতে পারো, ওখানে তুমি সুরক্ষিত থাকবে। এবার তুমিই ভেবে নাও তোমার গন্তব্য কোনটা। আমার নগ্ন, উষ্ণ দেহের নিচে চাপা পড়বে, নাকি শান্তিতে সোফায় ঘুমাবে?"

এমন ভয়ংকর ও নির্লজ্জ প্রস্তাব শুনে সর্বাঙ্গ শিউরে ওঠে। তাজওয়ার এক মুহূর্ত না ভেবেই ত্রস্ত গলায় সে বলে ওঠে,

"আমি সোফাতেই ঘুমাবো, আমি সোফাতেই ঘুমাবো!"

এটা শুনে তাচ্ছিল্যভরা এক তপ্ত দীর্ঘশ্বাস ছাড়ে আর্থার। পেছনের দিকে তাকিয়ে বড় কামরার একপাশের একটা বন্ধ দরজার দিকে আঙুল নির্দেশ করে সে,

"ওই ঘরটা হলো তোমার প্রার্থনার ঘর। তুমি ওখানে তোমাদের নামাজ, না কী বলে, ওটা পড়বে। জায়গাটা তোমার প্রার্থনার জন্যই পবিত্র করে রাখা হয়েছে। ওর পাশেই আছে গোসলখানা, আর ভেতরের দরজায় বাথরুম। ওগুলো একান্তই তোমার। আর তার ঠিক পাশেরটা হলো আমার রূপঘর। খবরদার! আমার ওই ঘরে যাতে তোমার ছায়াও না পড়ে। যদি ভুল করেও ওখানে পা রাখো, তবে পা দুটো আমি কেটে পঙ্গু বানিয়ে দেবো।"

ভয়ংকর বন্দিদশার মাঝেও নামাজ পড়ার জন্য আলাদা একটা ঘরের ব্যবস্থা আছে শুনে মনে মনে এক চিলতে স্বস্তির নিশ্বাস ফেলে তাজওয়া।

বাধ্য ও ভীতসন্ত্রস্ত মেয়ের মতো মাথা নেড়ে উত্তর দেয়,

"জি, ঠিক আছে। আচ্ছা আমি কি ওই নামাজের ঘরেই ঘুমাতে পারি না?"

"না, পারো না।"

এটা শুনে তার মুখ হতে অজান্তেই বেরিয়ে আসে,

"কেন?"

মুখে পাল্টা প্রশ্ন শুনে মুহূর্তে আদিম, হিংস্র রূপে ফিরে আসে আর্থার। বাঘের মতো গর্জে উঠে ধমক দেয়,

"কেন? এই প্রশ্নটা আর কখনো করবে না! আমাকে উলটে বারবার প্রশ্ন করবে না তুমি। প্রশ্ন করা আমার তীব্র অপছন্দ। রাগটা আমি এখনো বহু কষ্টে দমিয়ে রেখেছি, আমাকে হিংস্র হতে বাধ্য কোরো না লাল চুলওয়ালী।"

ওর এমন ভয়ংকর ধমক খেয়ে ভয়ে সিটিয়ে যায় তাজওয়া। রক্তশূন্য হয়ে যায় তার মুখ। আরো কিছুটা দূরে সরে যায় সে।

লোকটা বোধহয় কোনো অস্ত্র ছাড়াই, শুধু কথা আর হুংকার দিয়েই তাকে মেরে ফেলবে!

তাকে দূরে সরে যেতে দেখে তার দিকে হনহন করে এগিয়ে আসে আর্থার। বাধা দেওয়ার সুযোগ না দিয়েই দাঁতে দাঁত চেপে তার হাতের কব্জিটা লোহার সাঁড়াশির মতো শক্ত করে খামচে ধরে সে।

আর ফিসফিস করে ওঠে বিষধর সাপের মতো,

"চলো আমার নতুন দাস, আমার একটা কাজ করে দেবে, চলো!"

কথাটি বলেই কোনো রকম আপত্তি বা কান্নার তোয়াক্কা না করে, একপ্রকার জোর করে হিঁচড়ে টেনে নিয়ে যেতে থাকে আর্থার।

#ইস্কে_শিদ্দাত্
#সানজিদা_আক্তার_মুন্নী
#পর্ব : - ১

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 1 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন