ফন্ট সাইজ:
থিম:
ইস্কে শিদ্দাত্

পর্ব 8

লেখক: সানজিদা আক্তার মুন্নি

#ইস্কে_শিদ্দাত্
#সানজিদা_আক্তার_মুন্নী
#পর্ব : - ৮
গহিন অরণ্যের বুক চিরে এগিয়ে যাচ্ছে এক রহস্যময় শিকারি দল। শতবর্ষী প্রাচীন গাছপালার নিবিড় বুননে তৈরি হওয়া শামিয়ানার কারণে সূর্যের আলো জঙ্গলের মাটিতে পৌঁছানোর বৃথা চেষ্টা করে যাচ্ছে। পাতার ফাঁক গলে দু-এক চিলতে রোদ্দুর মাটিতে লুটিয়ে পড়ছে, তাও এক অজানা আতঙ্কে বিবর্ণ। চারদিকে এক গা ছমছমে, দমবন্ধ করা নিঝুম পরিবেশ বিরাজ করছে। শুধুমাত্র শুকনো পাতার ওপর অশ্বক্ষুরের নিয়মিত শব্দ, মাঝে মাঝে ঘোড়ার মৃদু হ্রেষাধ্বনি আর বুনো জন্তুর ভারী শ্বাসের আওয়াজ চারপাশের থমথমে পরিবেশকে খানখান করে দিচ্ছে। বিস্তীর্ণ, দুর্গম জঙ্গলের প্রতিটি ধূলিকণা হয়তো জানে, আজ এখানে কে প্রবেশ করেছে। চারপাশের প্রকৃতি এক অমোঘ ভয়ে তটস্থ হয়ে আছে।
তাজওয়াকে নিয়ে আজ শিকারে বেরিয়েছে আর্থার। আর্থারের বাহন আজ তার ভীষণ প্রিয়, দুর্লভ ধবধবে সাদা ঘোড়াটি। আর্থারের চোখে তাজওয়া এক পবিত্র নারী, নিখাদ স্ফটিকের মতো অমলিন। আর এই পবিত্রতার প্রতীক হিসেবেই আজ শুভ্র রঙের ঘোড়াটির বরাদ্দ হয়েছে। ঘোড়াটি সাধারণ কোনো অশ্ব নয় এর সুঠাম, পেশিবহুল শরীর, রাজকীয় গ্রীবা এবং সর্বোপরি এর নীলচে চোখজোড়া যে কাউকেই এক মোহনীয় আবেশে আচ্ছন্ন করে ফেলবে। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পাগলের মতো খুঁজে, অনেক রক্ত ঝরিয়ে, অবশেষে আরবের এক দুর্গম প্রান্তর থেকে বিপুল সম্পদের বিনিময়ে ঐশ্বরিক অশ্বটি কিনে এনেছে আর্থার। এই ঘোড়ার পিঠে আজ পর্যন্ত আর্থার ছাড়া অন্য কারও বসার সৌভাগ্য অথবা দুর্ভাগ্য কোনোটাই হয়নি। কিন্তু আজ পরিস্থিতি ভিন্ন। আজ তাজওয়া উঠেছে এই ঘোড়ায়।

তাজওয়ার পরনে কুচকুচে কালো রঙের এক দীর্ঘ বোরকা। তার মুখমণ্ডলের পুরোটাই নিকাবে ঢাকা। সে পৃথিবীর রূপ, রস, গন্ধ উপলব্ধি করছে ঠিকই, কিন্তু পৃথিবীর কোনো মানুষের সাধ্য নেই তাজওয়ার পবিত্র চেহারায় এক পলক দৃষ্টি দেওয়ার। আর্থারের ঘোড়ার ঠিক দুই পাশে সমানতালে, নিঃশব্দে ছুটে চলেছে তার পোষা দুটি ভয়ংকর নেকড়ে। নেকড়ে দুটি সাক্ষাৎ শয়তানের প্রতিরূপ মনে হয় মানুষের। একটি নেকড়ের গায়ের রং রক্তজবার মতো হিংস্র লাল, অন্যটির রং শুভ্র সাদা। প্রকৃতির এক বিচিত্র খেয়ালে লাল নেকড়েটির চোখের রং ঘোড়াটার মতোই নীলচে, আর সাদা নেকড়েটির চোখ ভয়ংকর রক্তবর্ণ লাল, ঠিক সারাক্ষণ ক্রোধে জ্বলছে। এদিকে আর্থারের চওড়া, পাথুরে কাঁধে স্থির হয়ে বসে আছে তার পোষা এক প্রকাণ্ড আকৃতির কালো রেভেন কাক। মাঝে মাঝে কাকটি তার কুচকুচে কালো ডানা ঝাপটে কর্কশ স্বরে ডেকে উঠে জানান দিচ্ছে নিজের অশুভ উপস্থিতি।
ঘোড়ার পিঠে তাজওয়াকে ঠিক নিজের সামনে বসিয়েছে আর্থার। এক হাতে ঘোড়ার শক্ত লাগাম ধরে আছে সে, অন্য হাত দিয়ে তাজওয়াকে আষ্টেপৃষ্ঠে আগলে রেখেছে। আর্থারের প্রশস্ত বক্ষপটে পিঠ ঠেকিয়ে বসে আছে তাজওয়া। একটু পরপরই আর্থার নিচু হয়ে তাজওয়ার ঘাড়ের কাছে, নিকাবের ঠিক পেছনের অংশে নাক ডুবিয়ে লম্বা শ্বাস টেনে ঘ্রাণ নিচ্ছে। তাজওয়ার শরীরের নিজস্ব এক সুবাস আছে, যা আর্থারকে পাগলের মতো নেশাগ্রস্ত করে তোলে। সুবাসের টানেই সে বারবার তাজওয়ার দিকে ছুটে যায়।
তাজওয়া আড়ষ্ট হয়ে বসে আছে। তার পুরো শরীর একটা অজানা আতঙ্কে জমে বরফ হয়ে আছে। সে বুঝতে পারছে না এই মুহূর্তে তার কী করা উচিত। তার হৃৎপিণ্ড বুকের খাঁচায় এমনভাবে আছড়ে পড়ছে, ঠিক যেকোনো মুহূর্তে তা পাঁজরের হাড় ভেঙে বাইরে বেরিয়ে আসবে। নিজের এক হাত পেছনে নিয়ে সে আর্থারের রাজকীয়, ভারী কোটটা শক্ত করে খামচে ধরে রেখেছে। তাজওয়ার ভয়, এই মানসিক রোগী আর্থার মাঝরাস্তায় কোনো কারণ ছাড়াই তাকে ঘোড়া থেকে নিচে ফেলে দিতে পারে! আর্থারের পক্ষে কিছুই অসম্ভব নয়। তাজওয়ার প্রাণান্তকর ভয়, আড়ষ্টতা আর অসহায়ত্ব আর্থারের চোখ এড়ায় না। তাজওয়ার কাঁপুনি দেখে আর্থারের ঠোঁটের কোণে ফুটে ওঠে এক চিলতে বন্য, তৃপ্তির হাসি। তাজওয়ার ভয় পাওয়াটা আর্থার বিচিত্রভাবে উপভোগ করে।
হঠাৎ অরণ্যের হিমেল নিথরতা ভেঙে আর্থারের ভারী, গম্ভীর আর গমগমে কণ্ঠস্বর বেজে ওঠে, "তুমি জানো? তুমিই পৃথিবীর প্রথম নারী, যাকে আমি আমার ঘোড়ায় উঠিয়েছি। আমি আমার প্রেমিকাকেও কখনো ঘোড়ায় তুলিনি।"
কথাটা শুনে তাজওয়া ভীষণ চমকে ওঠে। তার মেরুদণ্ড বেয়ে এক ঠান্ডা স্রোত নেমে যায়। পাষাণ, অনুভূতিহীন, নিষ্ঠুর লোকটারও প্রেমিকা ছিল! যে মানুষের হৃদয়ে বিন্দুমাত্র মায়ার লেশ নেই, সে ভালোবাসতে জানে? নাকি এটাও তার কোনো ভয়ংকর খেলার অংশ? ভয় আর প্রবল কৌতূহলের এক বিচিত্র মিশ্রণে তাজওয়া ঢোক গিলে সাহস সঞ্চয় করার চেষ্টা করে। একটু থেমে সে অস্ফুট স্বরে বলে, "একটা কথা বলি?"
আর্থার একগাল হেসে, বেশ ফুরফুরে মেজাজে অনুমতি দেয়, "বলো।"
তাজওয়া কাঁপা কাঁপা গলায়, প্রতিটি শব্দ সাবধানে উচ্চারণ করে জিজ্ঞেস করে, "আপনার প্রেমিকা এখন কোথায়?"
আর্থার নির্লিপ্ত হেসে, ঠিক খুব সাধারণ একটা কথা বলছে কিংবা কোনো তুচ্ছ ঘটনার বিবরণ দিচ্ছে, এমন নির্বিকার ভঙ্গিতে বলে, "দুনিয়ার বাইরে!"
তাজওয়া আঁতকে ওঠে। তার চোখের মণি প্রসারিত হয়ে যায়। এই ভয়ংকর লোক নিজের প্রেমিকাকেও মেরে ফেলেছে! যে মানুষকে সে ভালোবাসত, তাকে পৃথিবী থেকে সরিয়ে দিতে তার হাত কাঁপেনি! ভয়ে ভয়ে তাজওয়া অস্ফুট স্বরে বলে, "মেরে ফেলেছেন?"
"হ্যাঁ।" আর্থারের উত্তরটা আসে একদম সোজাসাপ্টা, কোনো রকম অনুশোচনা ছাড়াই।
"কী কারণে?" তাজওয়ার কণ্ঠস্বর এবার প্রায় ফিসফিসানিতে পরিণত হয়।
আর্থার মুচকি হেসে অতিশয় সহজ গলায় বলে, "আমাকে ধোঁকা দিয়ে আমার দাসের সাথে বিছানায় চলে গিয়েছিল। ব্যস, তাই ওকে মেরে ওর মাংস আমি আমার শিকারি পাগলা কুত্তাগুলোকে খাইয়ে দিয়েছি। বিশ্বাসঘাতকদের এরচেয়ে ভালো কোনো শাস্তি হতে পারে না, তাই না?"
কথাটা শোনামাত্র তাজওয়ার শিরায় শিরায় কনকনে স্রোত বয়ে যায়। তার মনে হতে থাকে, পেটের ভেতর সবকিছু উলটপালট হয়ে যাচ্ছে। বমির উদ্রেক হয় তার। সে আরও শক্ত করে আর্থারের কোট চেপে ধরে। তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। সে কাঁপাকাঁপা স্বরে, প্রায় আর্তনাদের মতো করে বলে, "আপনি কি ওকে ভালোবাসতেন না? তার প্রতি আপনার একটুও মায়া হয়নি? একজন মানুষকে এমন ভয়ংকর পরিণতি দিতে আপনার বুক কাঁপেনি?"
আর্থার এবার তাচ্ছিল্যের হাসি হাসে। তার হাসিতে কোনো উষ্ণতা নেই, আছে নিছক এক হিমেল ক্রুরতা। সে বলে, "শোনো মেয়ে, আর্থারের মধ্যে মায়াদয়া বলতে কোনো শব্দের অস্তিত্ব নেই। মায়া জিনিসটা দুর্বলদের জন্য। ওর সাথে আমার নামে প্রেম ছিল ঠিকই, কিন্তু ও সবসময় আমার সাথে শারীরিক সম্পর্কের ধান্দায় থাকত। সারাক্ষণ ওর মাথায় একমাত্র কামনার আগুন জ্বলত। আর যখন আমি ওর নোংরা প্রস্তাবে রাজি হইনি, ও সুযোগ পেয়ে আমারই এক দাসের সাথে শুয়ে পড়েছে। যে নারী নিজের কামনা নিয়ন্ত্রণ করতে পারে না, তাকে কুকুরের খাবারে পরিণত হওয়াই মানায়।"
তাজওয়া তীব্র বিস্ময়ে চোখ বড় করে বলে ওঠে, "মানে? আপনি কেন রাজি হননি? আপনারা তো প্রেমিক প্রেমিকা ছিলেন!"
আর্থার গম্ভীর হয়ে যায়। তার ঠান্ডা কণ্ঠে এবার এক অচেনা অহংকার আর কাঠিন্য ঝরে পড়ে। সে বলে, "আমি ওকে মর্যাদা দিয়ে, স্ত্রী বানিয়ে ছুঁতে চেয়েছিলাম। বিয়ের আগে এসব নোংরামি আমার কাছে ভীষণ অসম্মানের। আমি কোনো সস্তা পুরুষ নই, রাস্তার পশুর মতো কামনায় অন্ধ হয়ে যাব। তাছাড়া, আমার চাহিদা বহন করার ক্ষমতা সবার নেই। আমার চাহিদা মারাত্মক, ভয়ংকর। ভার সহ্য করার মতো পবিত্রতা আর শক্তি ওর ছিল না।"
তাজওয়া এটা শুনে একেবারে চুপ হয়ে যায়। তার মস্তিষ্কের সব কোষ অবশ হয়ে আসছে। লোকটার চিন্তাধারা এতটাই জটিল আর ভয়ংকর, তা সাধারণ মানুষের বোধগম্য নয়। একদিকে সে বিশ্বাসঘাতকতার শাস্তিস্বরূপ প্রেমিকাকে কেটে কুকুরকে খাওয়াচ্ছে, অন্যদিকে বিয়ের আগে শারীরিক সম্পর্ককে সর্বোচ্চ অসম্মানজনক বলে মনে করছে! স্ববিরোধী, উন্মাদ লোকটার সাথে তার ভবিষ্যৎ কী, তা ভেবেই তাজওয়ার চোখ ফেটে জল আসতে চায়।
বেশ কিছুক্ষণ দুজনের মধ্যে এক অস্বস্তিকর, দমবন্ধ করা শব্দহীনতা বিরাজ করে। শুধুমাত্র অরণ্যের নির্জনতা ভেঙে ঘোড়ার খুরের টগবগ শব্দ আর নেকড়েগুলোর হাঁপানির আওয়াজ শোনা যাচ্ছে। বনের পরিবেশ ক্রমশ আরও অন্ধকার হয়ে আসছে। একটু পর আর্থার নিজেই নিথরতা ভেঙে এক নতুন প্রসঙ্গের অবতারণা করে। সে কিছুটা কৌতূহলী গলায় জিজ্ঞেস করে, "কাল রাতে দেখলাম তুমি মাটিতে মাথা ঠেকিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছ। ফিসফিস করে অনেক কিছু চাইছ। আচ্ছা, তোমাদের আল্লাহ কি এসব ফরিয়াদ সত্যিই শোনেন? তিনি কি এতই বেকার, তোমাদের মতো সাধারণ মানুষের কান্না শোনার সময় পান?"
তাজওয়া কয়েক সেকেন্ড স্তব্ধ হয়ে থাকে। আর্থারের প্রশ্নটা তার বিশ্বাসের মূলে নাড়া দেয়। যে আল্লাহকে সে নিজের একমাত্র ভরসাস্থল বলে মনে করে, তার সম্পর্কে এমন অবজ্ঞাপূর্ণ কথা সে সহ্য করতে পারে না। তার ভেতরের ভয়টা মুহূর্তের জন্য উধাও হয়ে যায়। নিজের বিশ্বাসের জোরে শান্ত কিন্তু অতিশয় দৃঢ় গলায় তাজওয়া বলতে শুরু করে, "আল্লাহ শুধু আমাদের নন, আল্লাহ পুরো পৃথিবীর, সমগ্র সৃষ্টিজগতের একমাত্র মালিক। আসমান ও জমিনের চাবিকাঠি তাঁরই হাতে। বান্দার ফরিয়াদ আল্লাহ কখনো ফিরিয়ে দেন না। তিনি সব শোনেন, সব বোঝেন, সব দেখেন। অন্ধকার রাতের কালো পাহাড়ের ওপর দিয়ে হেঁটে যাওয়া কালো পিঁপড়ের পায়ের আওয়াজও আমার আল্লাহর কান এড়ায় না। আপনি যাকে বেকারত্ব বলছেন, সেটা তাঁর অনন্ত রহমত। যখন যার যা প্রয়োজন, তিনি ঠিক উপযুক্ত সময়ে তা প্রদান করেন। তিনি হয়তো দেরি করেন, কিন্তু কখনো ভুলে যান না।"
তাজওয়ার অটল বিশ্বাস আর শান্ত কণ্ঠস্বর শুনে আর্থার একটু স্থির হয়। তার ভেতরে একটা অলক্ষ্য ধাক্কা লাগে। সে মাথা নেড়ে বলে, "বুঝলাম। তোমার বিশ্বাস বেশ শক্ত। আচ্ছা, মোহাম্মদ কে? আমি অনেক জায়গায় এই নামটা শুনেছি। তিনি কে?"
তাজওয়ার কণ্ঠে এবার পৃথিবীর সবচেয়ে প্রগাঢ় শ্রদ্ধা আর নিখাদ ভালোবাসা ফুটে ওঠে। সে বলতে গেলে ভুলেই যায় কার সাথে কথা বলছে। সে আবেগাপ্লুত কণ্ঠে বলে, "মুহাম্মদ ﷺ হলেন আমাদের প্রিয় নবী ও ইসলামের সর্বশেষ রাসুল। তিনি আল্লাহর বান্দা ও প্রেরিত রাসুল, আল্লাহ নন। তাঁর ওপর পবিত্র কুরআন নাজিল হয়েছে। তিনি কোনো সাধারণ রাজা অথবা শাসক ছিলেন না। তিনি মানুষকে এক আল্লাহর ইবাদত করতে, কুসংস্কারের অন্ধকার থেকে আলোর পথে চলতে, সত্য ও ন্যায়ের ওপর অবিচল থাকতে এবং সুন্দর চরিত্র গড়ে তুলতে শিক্ষা দিয়েছেন। তাঁর জীবন আমাদের জন্য একমাত্র আদর্শ। তাঁর নাম উচ্চারণ হলে আমরা সম্মানের সাথে ﷺ বলি, যার অর্থ তাঁর ওপর শান্তি বর্ষিত হোক। তাই যখন তাঁর নাম নেবেন, শুধুমাত্র নামটা বলবেন না, বলবেন মুহাম্মদ ﷺ।"
আর্থার খুব মনোযোগ দিয়ে তাজওয়ার কথাগুলো শোনে। তার চোখে এক বিচিত্র সমীহের দৃষ্টি ফুটে ওঠে। সে বলে, "বিষয়টা বেশ সুন্দর। তাঁর সম্পর্কে আমি যতটুকু শুনেছি, ইতিহাসে সবচেয়ে সম্মানিত ব্যক্তি তিনি। এমনকি শত্রুরাও তাঁকে বিশ্বাস করত। আচ্ছা আমি যদি কখনো মুসলিম হই, আমাকেও কি তাঁর মতো জীবন অনুসরণ করতে হবে? আমাকেও কি তোমাদের মতো নিয়মকানুন মানতে হবে?"
তাজওয়া দীর্ঘশ্বাস ছেড়ে বলে, "জি, তিনি যে আদর্শ দেখিয়েছেন তা অক্ষরে অক্ষরে মানতে হবে। ইসলাম মানেই হলো আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। আর আপনি তো মুসলিম হয়েছিলেন, তাই না? বিয়ের দিন কালেমা পড়েই তো আপনি আমাকে বিয়ে করেছেন। আপনি ইতিমধ্যেই মুসলিম।"
আর্থার অবাক হয়ে ভ্রু কুঁচকে ফেলে। ঘোড়ার লাগাম ধরা হাতটা তার সামান্য কেঁপে ওঠে। সে বলে, "বিয়ের দিনে যে রিচুয়াল করানো হয়েছিল, ওখানে কালেমাও ছিল? আমি ভেবেছিলাম ওটা শুধু তোমাদের গোত্রের একটা প্রথাগত আইনি চুক্তি!"
তাজওয়া ধীরে ধীরে মাথা নেড়ে বলে, "জি, ওটা কালেমা ছিল। আপনি না জেনেই ইসলামের আশ্রয়ে প্রবেশ করেছেন।"
কথা বলতে বলতে তারা নিবিড় জঙ্গলের একেবারে কেন্দ্রে চলে এসেছে। জায়গাটা তুলনামূলকভাবে বেশ অন্ধকার, স্যাঁতসেঁতে আর ভয়ংকর রকম চুপচাপ। প্রকাণ্ড গাছের শেকড় জালের মতো ছড়িয়ে আছে মাটিতে। আর্থার হঠাৎ ঘোড়ার লাগাম টেনে ধরে। ঘোড়াটা পা ঘষে থেমে যায়। সাথে সাথে নেকড়ে দুটো সতর্ক ভঙ্গিতে দাঁড়িয়ে পড়ে। আর্থার কোনো কথা না বলে নিজের পিঠের ভারী তূণীর থেকে একটি সুদৃশ্য, ধারালো তীর আর একটি বড়সড় ধনুক বের করে। তারপর অপ্রত্যাশিতভাবে ধনুকটা তাজওয়ার হাতে ধরিয়ে দেয়।
তাজওয়া চমকে ওঠে। সে ধনুকটা নিতে চায় না। কিন্তু আর্থার হিমেল, নির্দয় গলায় নির্দেশ দেয়, "দুই হাতে সুন্দর করে, শক্ত করে ধরো ধনুকটা। একদম কাঁপবে না। যদি হাত ফস্কে যায় কিংবা ধনুক নিচে পড়ে যায়, তবে আমি তোমাকে সোজা ঘোড়া থেকে নিচে ফেলে দেব। আর নিচে আমার নেকড়েগুলো ক্ষুধার্ত হয়ে আছে।"
এমন ভয়ংকর হুমকিতে তাজওয়ার হাতের আঙুলগুলো ভয়ে থরথর করে কাঁপতে থাকে। ধনুকের কাঠটা তার কাছে বরফের মতো জমাট মনে হয়। আর্থার পেছন থেকে তাজওয়ার হাতের ওপর নিজের বড়, রুক্ষ আর শক্ত হাত দুটো রাখে। দুজনের মাঝে এক সুতোর দূরত্ব নেই। আর্থারের প্রশস্ত শরীরের উত্তাপ আর বুনো ঘ্রাণ তাজওয়াকে আচ্ছন্ন করে ফেলছে। তাজওয়া ভয়ে কাঁপছে, তার শ্বাসপ্রশ্বাস দ্রুত হয়ে গেছে। আর্থার তাজওয়ার হাত দিয়েই সামনের দিকে অনেকটা বামে, ঘন ঝোপের আড়ালে লুকিয়ে থাকা একটি পূর্ণবয়স্ক হরিণকে শিকার করার উদ্দেশ্যে নিশানা তাক করে।
তাজওয়ার কাঁপুনি কিছুতেই থামছে না। ধনুকের ছিলা টানটান করতেই তার হাত পিছলে যাওয়ার উপক্রম হয়। আর্থার নিজের দাঁতে দাঁত চেপে তাজওয়ার কাঁধে নিজের শক্ত থুতনি রাখে। তারপর একেবারে কানের কাছে মুখ নিয়ে হিসহিস করে ফিসফিসিয়ে বলে, " লাল চুল-ওয়ালি আর একবার নড়লে আমি সত্যিই তোমাকে ঘোড়া থেকে ফেলে দেব। আমার ধৈর্য পরীক্ষা কোরো না।"
তাজওয়া নিজেকে কোনোভাবেই সামলাতে পারছে না। তার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। সে মিনতি করে, করুণ স্বরে বলে, "আমার হাত কাঁপছে। আমি কখনো এসব ধরিনি। আমি ছেড়ে দিই ধনুকটা? আমি পারব না।"
আর্থার কোনো দয়া দেখায় না। সে তাজওয়ার দুই হাতের আঙুলের ভাঁজে নিজের আঙুলগুলো শক্ত করে গলিয়ে দেয়, ঠিক এক লোহার শিকল দিয়ে তাজওয়ার হাত বেঁধে ফেলেছে মনে হশ। কঠিন গলায় সে বলে, "নড়ো না আমি যা করছি, চুপচাপ তা করতে দাও। শুধু চোখ খোলা রাখো!'
এই বলে আর্থার তাজওয়ার হাত দিয়েই তীব্র শক্তিতে ছিলা টেনে ধরে। ধনুকের ছিলা একেবারে তাজওয়ার গাল ঘেঁষে টানটান হয়ে থাকে। তারপর তীক্ষ্ণ চোখে নিশানা স্থির করে, মুহূর্তের ভগ্নাংশে তীরটা ছুড়ে মারে আর্থার। সাঁই করে বাতাস চিরে এক ভয়ংকর শব্দ করে ছুটে যায় তীরটা। চোখের পলক ফেলার আগেই তীরটা সোজা নির্দিষ্ট হরিণের পেট এফোঁড় ওফোঁড় করে দেয়। যন্ত্রণায় এক বুকফাটা আর্তনাদ করে মাটিতে লুটিয়ে পড়ে হরিণটা। রক্তে ভেসে যায় চারপাশের সবুজ ঘাস। পেছন থেকে আর্থারের পাহারায় থাকা একজন সৈন্য দ্রুত ছুটে যায় শিকারটা নিয়ে আসতে।
আর্থার ঘোড়া থামিয়ে নেয়। তার দুপাশের নেকড়েগুলো পাথরের মূর্তির মতো জমে যায়। ঘোড়া থেকে এক লাফে নিচে নেমে পড়ে আর্থার। তারপর এক হাতে ঘোড়ার লাগাম ধরে দাঁড়ায়। তাজওয়া ঘোড়ার পিঠে আড়ষ্ট হয়ে বসে আছে। সে বুঝতে পারছে না এই রক্তপিপাসু, পাগল পিশাচটা এখন কী করবে। তার চোখের সামনে একটা নিরীহ প্রাণীর নির্মম মৃত্যু তাকে ভেতর থেকে কাঁপিয়ে দিয়েছে।
আর্থার তার পেছনে থাকা সৈন্যদের দিকে তাকায়। তার চোখেমুখে এখন এক বিচিত্র রাজকীয় গাম্ভীর্য। সে গম্ভীর, ভরাট কণ্ঠে নির্দেশ দেয়, "জঙ্গলের ভেতর আজ রাত্রিযাপনের ব্যবস্থা করো। তোমাদের কুইনের সাথে আমি আজ এখানেই থাকব। বড়সড় তাঁবু খাটাও, চারদিকে মশাল জ্বালিয়ে কড়া প্রহরার ব্যবস্থা করো।"
আদেশ পেয়েই সৈন্যরা তৎক্ষণাৎ নিজেদের কাজে লেগে পড়ে। কেউ তাঁবুর কাঠ নামাচ্ছে, কেউ আশেপাশের ঝোপ পরিষ্কার করছে। তাজওয়া শুধু আর্থারের দিকে তাকিয়ে থাকে। অজানা এক প্রগাঢ় ভয়ে তার বুক কাঁপছে। নিবিড় জঙ্গলে, ভয়ংকর মানুষটার সাথে তাকে রাত কাটাতে হবে! আর্থার তাজওয়ার পিঠে এক হাত রেখে সামনের দিকে পা বাড়ায়, ঘোড়াও তার সাথে বাধ্য অনুগতের মতো পা মেলায়। দৃশ্যটা সত্যিই বিস্ময়কর আর অবাস্তব, ঘোড়ার ওপর কালো বোরকা পরা তাজওয়া বসে আছে, তার পিঠে হাত রেখে হেঁটে চলছে ভয়ংকর দর্শনের আর্থার, আর্থারের কাঁধে নির্দিষ্ট কালো রেভেন আর দুই পাশে পাহারাদারের মতো নিঃশব্দে হাঁটছে হিংস্র নেকড়ে দুটো।
সূর্য সেসময় পশ্চিম আকাশে হেলে পড়েছে। বনের ভেতর আলো ক্রমশ কমে আসছে, নেমে আসছে এক আকর্ষণীয় গোধূলি। গাছের পাতায় পাতায় বিকালের বিষণ্ণ হাওয়া খেলছে। তাজওয়া বুঝতে পারে আসরের ওয়াক্ত পার হয়ে যাচ্ছে। সে একটু ঝুঁকে আর্থারকে ফিসফিস করে বলে, যাতে অন্য কোনো সৈন্য কিংবা রক্ষী তার গলার আওয়াজ শুনতে না পায়, "আসরের আজানের সময় হয়ে গেছে হয়তো। সূর্য ডুবে যাচ্ছে। আমাকে একটু পরিষ্কার জায়গা দিন, আমি নামাজ পড়ব।"
আর্থার একপলক তাজওয়ার মোহনীয়, ভয়ার্ত চোখ দুটোর দিকে তাকায়। তার রুক্ষ রূপটা মুহূর্তের জন্য একটু শান্ত হয়ে আসে। সে অতিশয় শান্ত, হিমেল কিন্তু বিচিত্র এক নির্ভরতার গলায় বলে, "ব্যবস্থা হয়ে যাবে। চলো, আমরা আরও এগোই।"

চলবে,,,,

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 8 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন