#ইস্কে_শিদ্দাত্
#সানজিদা_আক্তার_মুন্নী
#পর্ব : - ৭
কক্ষজুড়ে এক জমাট বাঁধা শব্দহীনতা। জানালার ভারী মখমল পর্দার ফাঁক গলে আসা এক চিলতে চাঁদের আলোয় আর্থারের বলিষ্ঠ অবয়বটাকে কোনো এক ভাস্কর্যের মতো দেখাচ্ছে। ভাস্কর্যের চোখে কোনো প্রশান্তি নেই, আছে এক আদিম বন্যতা আর ধ্বংসের নেশা। তার এক হাতে শক্ত করে ধরা ভারী লোহার জিঞ্জির এবং অন্য হাতে একজোড়া লৌহকঠিন হাতকড়া। মেঝের দামি পারস্য গালিচার ওপর দিয়ে হেঁটে আসার সময় লোহার জিঞ্জির ঘষা খেয়ে এক বুক-কাঁপানো ধাতব শব্দ তৈরি করছে। ঝনঝন, ঝনঝন, শব্দটা নিথর ঘরটিতে মৃত্যুর পদধ্বনির মতো প্রতিধ্বনিত হয়। আর প্রতিটি শব্দ তাজওয়ার হৃদপিণ্ডে এক একটা ভারী হাতুড়ির ঘা হয়ে আছড়ে পড়ছে।
আর্থার অত্যন্ত ধীর কিন্তু মাপা পদক্ষেপে এগিয়ে আসে তার দিকে। লোকটার উদ্দেশ্য খুব স্পষ্ট। সে আজ তাজওয়াকে আষ্টেপৃষ্ঠে বেঁধে রাখতে চাইছে। সে বুঝিয়ে দিতে চায় এই চার দেয়ালে আর্থারই সব এবং তাজওয়া তার বন্দিনী মাত্র। পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে, তা ভেবে তাজওয়ার মেরুদণ্ড বেয়ে এক হিম স্রোত নেমে যায়। তার পুরো শরীর ভয়ে থরথর করে কাঁপছে। সে খুব ভালো করেই জানে, এই লোকটার সাথে শারীরিক শক্তি দিয়ে লড়ে জেতা একেবারেই অসম্ভব। আর্থারের দানবীয় শক্তির কাছে সে নেহায়েত এক তুচ্ছ, ভঙ্গুর মাটির পুতুল। তাই সে মনস্তাত্ত্বিক এক খেলার আশ্রয় নেয়। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক করতে, এই পাষাণ মানুষটার ভেতরে একবিন্দু মায়া অবশিষ্ট থাকলে, সেটাকে জাগিয়ে তুলতে সে এক মরিয়া চেষ্টা চালায়।
আর্থার একদম কাছে আসতেই তাজওয়া আর গুটিসুটি মেরে বসে থাকে না। নিজেই সামনে হাত এগিয়ে দিয়ে আর্থারের ফতুয়ার হাতা শক্ত করে খামচে ধরে। তার দুই চোখে উপচে পড়ছে ভয়, অসহায়ত্ব আর সীমাহীন আতঙ্ক। ছলছল চোখে, আর্থারের বরফজমাট নীলচে চোখের দিকে সরাসরি তাকিয়ে সে কাঁপা কাঁপা, করুণ কণ্ঠে মিনতি করে ওঠে,
"আমাকে বাঁধবেন না। দয়া করে আমাকে বাঁধবেন না। আমার এগুলো দেখে ভীষণ ভয় করে। আমার দম বন্ধ হয়ে আসে। আমাকে অন্তত এই লোহার শেকল দিয়ে বাঁধবেন না!"
তাজওয়ার কণ্ঠে এমন এক করুণ আর্তি মিশে আছে, এমন এক অসহায় সমর্পণ প্রকাশ পাচ্ছে, যা যেকোনো পাষাণ হৃদয়কেও মুহূর্তের জন্য টলিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। আর্থার থমকে দাঁড়ায়। তার পেশিবহুল হাতটা শূন্যেই থেমে যায়। তার নীলচে চোখ দুটো তীক্ষ্ণভাবে পরখ করে নেয় তাজওয়ার মুখশ্রী। তাজওয়ার ছলছল চোখ, থরথর করে কাঁপতে থাকা গোলাপি ঠোঁট আর তার পোশাকের হাতা খামচে ধরে রাখা ছোট ছোট, ফর্সা আঙুলগুলোর দিকে সে কিছুক্ষণ একদৃষ্টে তাকিয়ে থাকে। কী এক অজানা দ্বন্দ্বে পড়ে যায় তার মন। তাজওয়ার এই আকুতি কি সত্যি? নাকি নিজেকে বাঁচানোর এক নিখুঁত অভিনয়? আর্থার জানে এই মেয়েটা কতটা বুদ্ধিমতী। কিন্তু একই সাথে সে এও দেখতে পাচ্ছে মেয়েটার চোখের অতলে জমে থাকা এক সাগর সমান ভয়।
কিছুক্ষণ নিশ্চুপ থাকার পর একটা ভারী দীর্ঘশ্বাস ফেলে আর্থার। হাতের ভয়ংকর ভারী জিঞ্জিরটা মেঝের একপাশে সজোরে ছুড়ে ফেলে সে। ঝনঝন করে একটা বিকট শব্দ তুলে জিঞ্জিরটা মেঝেতে লুটিয়ে পড়ে। তাজওয়া মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলে। যাক, লোকটাকে কিছুটা হলেও গলানো যাচ্ছে! কিন্তু তার এই স্বস্তি কয়েক সেকেন্ডের বেশি স্থায়ী হয় না। আর্থার পুরোপুরি নিস্তার তাকে দেয় না। সে জানে এই মেয়েটা সুযোগ পেলেই খোলা জানালার পাখি হয়ে উড়ে যাবে। তাই জিঞ্জির বাদ দিলেও, তাজওয়ার এক হাত আর এক পায়ে অত্যন্ত শক্ত করে পরিয়ে দেয় ধাতব হাতকড়া। ঠান্ডা লোহার স্পর্শে তাজওয়ার পুরো শরীর শিউরে ওঠে। এরপর কোনো কথা না বলে, একপ্রকার জোর করেই তাজওয়াকে পালঙ্কে শূন্য থেকে তুলে শুইয়ে দেয় আর্থার।
হঠাৎ এই শারীরিক জোর খাটানোতে আতঙ্কে, ক্ষোভে আর ভয়ে তাজওয়ার গলা চিরে এক তীক্ষ্ণ চিৎকার বেরিয়ে আসতে চায়। তার এই গগনবিদারী চিৎকার থামাতেই আর্থার তার প্রকাণ্ড শরীরটা নিয়ে তাজওয়ার ওপর ঝুঁকে পড়ে। তাজওয়ার ঠিক পাশ ঘেঁষে শুয়ে পড়ে সে, এক হাত দিয়ে তাকে নিজের চওড়া বুকের সাথে আষ্টেপৃষ্ঠে জাপটে ধরে সে। আর্থারের মুখটা এখন তাজওয়ার বুকের ঠিক মাঝখানে গোঁজা। তার উষ্ণ, ভারী নিশ্বাস সরাসরি আছড়ে পড়ছে তাজওয়ার শরীরে।
তাজওয়ার মনে হচ্ছে তার শ্বাস-প্রশ্বাস চিরতরে বন্ধ হয়ে আসছে। আর্থারের কঠিন আলিঙ্গনে সে পিষে যাচ্ছে। লোকটার শরীরের ওজনে তার পাঁজরগুলো মড়মড় করে ভেঙে আসতে চাইছে। তার ভেতর থেকে ডুকরে ওঠা কান্নাগুলো গলার কাছে দলা পাকিয়ে আসে, কিন্তু সে প্রাণপণে, নিজের সমস্ত শক্তি দিয়ে সেগুলো চেপে রাখার চেষ্টা করে। তার মাথায় এখন একটাই ভয়ংকর চিন্তা ঘুরপাক খাচ্ছে। এখন যদি সে শব্দ করে কাঁদে, যদি সে অতিরিক্ত ধস্তাধস্তি করে আর এই উন্মাদ লোকটা যদি তার কান্না আর চিৎকারে উল্টো ক্ষিপ্ত হয়ে ওঠে? যদি সে তার সাথে জোরপূর্বক কোনো শারীরিক সম্পর্কে লিপ্ত হয়ে পড়ে? তাহলে সে কী করবে? নিজেকে বাঁচানোর তো আর কোনো উপায়ই থাকে না। তার ইজ্জত, তার সম্ভ্রম সবকিছু এই নিষ্টুর মানবের এক ইশারায় ধুলোয় মিশে যাওয়ার অপেক্ষায়।
ভয়ে রক্ত হিম হয়ে আসা অবস্থায়, দাঁতে দাঁত চেপে কান্না আটকে রেখে, অতি সাবধানে তাজওয়া কিছু একটা বলার চেষ্টা করে,
"আ, আ, আম..."
কিন্তু কথা শেষ করার আগেই তার স্বর রুদ্ধ হয়ে যায়। সে খুব ভালো করেই জানে, আর্থার এখন তার কোনো যুক্তি, কোনো কথাই শুনবে না। তাই সে চুপ করে যায়। তাজওয়ার দুই গাল বেয়ে অঝোরে গড়িয়ে পড়ছে উষ্ণ অশ্রুধারা। তার চোখের পানি টপটপ করে ঝরে পড়ছে আর্থারের রুক্ষ চুলে, তার প্রশস্ত বুকে। কিন্তু ওর নিঃশব্দ কান্না আর্থারের লৌহকঠিন হৃদয়ে একটুও আঁচড় কাটতে সক্ষম হয় না। সে তাজওয়াকে তার মরণ-আলিঙ্গন থেকে কিছুটা আলগা করে দিয়ে বালিশে মাথা রাখে। স্থির, তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে তাজওয়ার অশ্রুসিক্ত চেহারার দিকে। চাঁদের আলোয় তার ফর্সা গাল বেয়ে পড়া জলের ধারাগুলো চকচক করছে। আর্থার নিজের শক্ত, কর্কশ আঙুল দিয়ে একান্ত মমতায় তাজওয়ার গালের পানি মুছে দিতে শুরু করে। তার স্পর্শটা অতি রুক্ষ হলেও তার ভেতরে লুকিয়ে থাকা এক অভাবনীয় অধিকারবোধ স্পষ্ট হয়ে ওঠে। সে এক হিমশীতল, অথচ অধিকারখাটানো স্বরে ফিসফিস করে বলে ওঠে,
"এত কাঁদলে চলে? এখনো তো অনেক কান্না বাকি পড়ে আছে। এখন সব পানি শেষ করে ফেললে পরে তো পানি সংকট পড়ে। তখন কাঁদবে কী দিয়ে?"
কথাগুলো বলেই আর্থার তাজওয়ার হাতে আটকে থাকা হাতকড়াটা খট করে খুলে দেয়। তাজওয়া অবাক হয়ে যায়। লোকটার মনের ভেতরে কী চলছে, তা বোঝা পৃথিবীর যেকোনো মানুষের পক্ষেই অসম্ভব। হাতকড়া খুলে দিয়ে আর্থার আবার তাকে নিজের চওড়া বুকের সাথে আষ্টেপৃষ্ঠে চেপে ধরে। তাজওয়ার লম্বা লালচে চুলের ভাঁজে নিজের শক্ত আঙুলগুলো ঢুকিয়ে দিয়ে আলতো করে বিলি কাটতে কাটতে সে এক ঘোরলাগা কণ্ঠে বলে,
"লালচুলওয়ালি, এবার চুপচাপ ঘুমিয়ে যাও। আর কোনো চালাকি নয়। আমার নিষ্ঠুর বুকটাই এখন থেকে তোমার একমাত্র আশ্রয়। এই বুক ছাড়া তোমার আর যাওয়ার কোনো জায়গা নেই।"
আর্থারের প্রশস্ত বুকে মুখ গুঁজে ফুঁপাতে থাকে তাজওয়া। একজন নারীর কাছে তার স্বামীর বুক পৃথিবীর সবচেয়ে নিরাপদ, সবচেয়ে শান্তির আশ্রয় হওয়ার কথা। অথচ ভাগ্যের নির্মম পরিহাসে, তাজওয়ার কাছে এই বুকটাই এখন পৃথিবীর সবচেয়ে ভয়ংকর, সবচেয়ে শ্বাসরুদ্ধকর স্থান। ভয়ে থরথর করে কাঁপতে থাকে সে, নিজের শরীরের ওপর তার নিজেরই আর কোনো নিয়ন্ত্রণ নেই। আতঙ্কে তার সত্তা ক্রমশ তলিয়ে যাচ্ছে অন্ধকারের গহ্বরে। তার মনে হচ্ছে, এই নিকৃষ্ট মানবের বাহুডোর থেকে সে জীবনেও আর মুক্ত হতে পারবে না।
রাত্রির প্রথম প্রহর
ভয়, আতঙ্ক আর সারাদিনের প্রচণ্ড মানসিক ক্লান্তিতে কুঁকড়ে আর্থারের বুকেই একসময় ঘুমিয়ে পড়ে তাজওয়া। তার অবচেতন মন অজানা আশঙ্কায় বারবার কেঁপে ওঠে। ঘুমের ঘোরেও সে বারবার চমকে চমকে ওঠে আর আর্থার অবচেতনভাবেই তাকে আরও শক্ত করে নিজের সাথে জড়িয়ে ধরে। আর্থারও একসময় তলিয়ে যায় ঘুমের অতল তলে। ঘরজুড়ে এখন দুজন মানুষের ভারী নিশ্বাসের শব্দ আর বাইরের প্রান্তরের ঝিঁঝি পোকার ডাক শোনা যাচ্ছে।
মাঝরাতে হঠাৎ তীব্র তৃষ্ণায় আর্থারের ঘুম ভেঙে যায়। গলা শুকিয়ে কাঠ হয়ে আছে। পানি খাওয়ার জন্য সে ধীরে ধীরে পালঙ্কে উঠে বসে। পিতলের পাত্রে রাখা তেলের প্রদীপের আলো আর জানালার বাইরের জ্যোৎস্না মিলে চারপাশটা এক মোহনীয় রূপ নিয়েছে। পানি খাওয়ার জন্য হাত বাড়াতেই তার ঘুমজড়ানো দৃষ্টি হঠাৎ আটকে যায় পালঙ্কের একপাশে।
ঘুমের ঘোরে তাজওয়ার ঘাগরা হাঁটু পর্যন্ত উঠে আছে। উন্মুক্ত হয়ে আছে তার ধবধবে ফর্সা, মসৃণ, হালকা লালচে আভা ছড়ানো পা। চাঁদের আলোয় তাজওয়ার পা দুটো কোনো নিখুঁত শিল্পীর তুলিতে আঁকা ছবির মতো দেখাচ্ছে। দৃশ্যটা আর্থারের পুরুষালি সত্তায় তীব্র এক আলোড়ন তুলে দেয়। তার বুকের ভেতরটা এক বন্য কামনায় মোচড় দিয়ে ওঠে। তার শিরায় শিরায় রক্ত চলাচল দ্রুত হয়ে যায় কয়েক গুণ। তার প্রবল ইচ্ছে করছে তাজওয়ার কোমল শরীরে নিজেকে ডুবিয়ে দিতে, তার ঘ্রাণে মাতাল হতে, তাকে নিজের করে নিতে। তাজওয়া তো তার একান্ত নারী, তাকে ভোগ করার পূর্ণ অধিকার তার আছে। মাঝরাতে, এই নির্জনতায় কে তাকে বাধা দেবে? কার সাধ্য আছে? কার এত সাহস আছে? তাজওয়ার তো নেই! সে শুধু চিৎকার করবে এবং আর্থার সেই চিৎকারে নিজের উন্মাদনা বাড়িয়ে দিবে।
কিন্তু ঠিক যে মুহূর্তে সে তাজওয়ার দিকে হাত বাড়ায়, পরক্ষণেই এক অভাবনীয় শুভবুদ্ধি, এক অদেখা দেয়াল তার সামনে এসে দাঁড়ায়। এটা ঠিক নয়। আর্থারের বিবেক তাকে তীব্রভাবে বাধা দেয়। সে খুব ভালো করেই জানে তাজওয়া একজন মুমিন তাকওয়াপূর্ণ মুসলিম, আর একজন মুসলিম নারীর কাছে তার ইজ্জত, তার পবিত্রতা কতটা মহামূল্যবান, তা আর্থারের অজানা নয়। সে হয়তো নিষ্ঠুর, সে হয়তো একজন অপরাধী, তার হাতে হাজারো পাপের দাগ লেগে আছে, কিন্তু তাজওয়ার পবিত্রতার প্রতি তার ভেতরে অচেনা এক সম্মানবোধ কাজ করছে। তাজওয়াকে সে সহ্য করতে পারুক আর না পারুক তার বিশ্বাসকে অসম্মান করার মতো নীচ সে হতে চায় না আজ। নিজের ভেতরের জেগে ওঠা বন্য শয়তানটাকে অতি কঠোর হাতে দমন করে আর্থার।
সে তাজওয়ার উন্মুক্ত পায়ের দিকে হাত বাড়ায় পোশাক ঠিক করে দেওয়ার জন্য। ঠিক তখনই এক অবিশ্বাস্য ব্যাপার ঘটে। যে আর্থারের হাত কখনো তলোয়ার চালাতে গিয়ে কাঁপে না, যার হাতে মানুষের রক্ত ঝরে কোনো দ্বিধা ছাড়াই, যে হাত লক্ষ লক্ষ মানুষের খুনি। আজ সেই হাতের শক্ত আঙুলগুলো থরথর করে কাঁপছে। জীবনে যা কোনোদিন হয় না, আজ ঘুমন্ত তাজওয়ার সামনে তাই হচ্ছে। এক অদেখা জাদুমন্ত্রে আচ্ছন্ন হয়ে গেছে আর্থার। একটা সামান্য কাপড়ের টুকরো টেনে নিচে নামাতে গিয়ে তার মনে হচ্ছে সে কোনো প্রকাণ্ড পর্বত সরাচ্ছে। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করে।
অতি সাবধানে, কাঁপা হাতেই তাজওয়ার ঘাগরা টেনে নিচে নামিয়ে দেয় সে। নিজের ভেতরে অচেনা অস্বস্তির কারণ সে নিজেই বুঝতে পারছে না। কেন সে এই মেয়েটির সামনে এত দুর্বল হয়ে পড়ছে? কেন তার ভেতরের জানোয়ারটা আজ এভাবে শান্ত হয়ে যাচ্ছে? পোশাক ঠিক করে দিয়ে মাটির কুঁজো থেকে এক গ্লাস পানি পান করে সে। পানিটা তার জ্বলন্ত সত্তাকে কিছুটা শান্ত করে। তারপর তাজওয়ার পায়ে আটকে থাকা ভারী হাতকড়াটাও নিঃশব্দে খুলে দেয়। এই লৌহশৃঙ্খল বড্ড বেমানান লাগছে তাজওয়ার পেলব পায়ে তার চোখে তাই খুলে দিল।
এরপর তাজওয়া কে আলতো করে অন্যদিকে ঘুরিয়ে, পেছন থেকে নিজের দুই হাতে প্রবল নির্ভরতায় জড়িয়ে ধরে আবারও শুয়ে পড়ে আর্থার। মনে হচ্ছে সে তার সবচেয়ে মূল্যবান গুপ্তধন আগলে রাখছে। অঘোরে ঘুমাতে থাকে তাজওয়া, দুর্বল শরীরটা এখনো ঘুমের অতল তলে ডুবে আছে। সে ঘুণাক্ষরেও টের পায় না কয়েক মিনিটে তার পাশেই শুয়ে থাকা নির্মম মানুষটার ভেতরে কতটা ভয়ংকর এক মনস্তাত্ত্বিক ঝড় বয়ে যাচ্ছে।
মধ্যরাত
রাতের নিথরতা এখন চুড়ান্তে। চারপাশ এতটাই শান্ত যে নিজের হৃদপিণ্ডের ধুকপুক শব্দও স্পষ্ট শোনা যাচ্ছে। হঠাৎ করেই আর্থারের ঘুমটা আবার ভেঙে যায়। ঘুমের ঘোরে সে হাত বাড়িয়ে তাজওয়াকে কাছে টানতে চায়। কিন্তু বিছানা শূন্য।
অভাবনীয় এক শূন্যতায় তার বুকটা ছ্যাঁত করে ওঠে। বিছানা হাতড়ে যখন তাকে পায় না সে, এক লহমায় শিকারি বাঘের মতো ক্ষিপ্রতায় চোখ খুলে যায় তার। চোখের ঘুম উধাও হয়ে সেখানে জায়গা করে নেয় এক হিংস্র বন্যতা। এক লাফে পালঙ্ক থেকে উঠে বসে চারপাশটা তীক্ষ্ণ নজরে পরখ করে নেয় সে। স্নানাগারের কাঠের দরজা খোলা, অলিন্দে কেউ নেই, ঘরের কোণেও কেউ নেই। তার প্রথম ধারণাই হচ্ছে, তাজওয়া পালাচ্ছে। মেয়েটা তার সাথে এতক্ষণ ধরে নিখুঁত অভিনয় করেছে। মায়াকান্না, অসহায়ত্ব, মিনতি সবকিছু পালাবার একটা ফন্দি।
প্রচণ্ড ক্ষোভে আর রাগে ফুঁসতে থাকে আর্থার। তার চোয়াল শক্ত হয়ে ওঠে, দাঁতে দাঁত ঘষার শব্দ হয়। তার নীলচে চোখের মণি রাগে লাল হয়ে যায়। আর্থার উন্মত্তের মতো তার রুপঘরের দিকে ছুটে যায়। সিন্দুক খুলে হাতে তুলে নেয় নিজের ঠান্ডা খঞ্জর আর বারুদভরা বন্দুক। আজ আর কোনো ছাড় নেই, কোনো মায়া নেই। তাজওয়াকে সে খুঁজে বের করবেই, আর তারপর সরাসরি গুলি করে ওর সুন্দর মাথাটা এফোঁড়-ওফোঁড় করে দেওয়ার অপেক্ষায় সে। যে আর্থারের সাথে চালাকি করে, তার বাঁচার কোনো অধিকার নেই।
বন্দুক প্রস্তুত করে, ভারী পদক্ষেপে ঘর থেকে বেরিয়ে যাওয়ার ঠিক আগমুহূর্তে কী ভেবে তার পা দুটো থমকে দাঁড়ায়। মস্তিষ্ক তাকে নির্দেশ দেয় পুরো অট্টালিকা তন্ন তন্ন করে খোঁজার, কিন্তু তার অবচেতন মন বলে ওঠে, একবার তাজওয়ার প্রার্থনার ঘরটা খুঁজে দেখা উচিত।
ধীর পায়ে, প্রায় শব্দহীনভাবে সে এগিয়ে যায় ছোট ঘরটার দিকে, যেটাকে তাজওয়া নিজের প্রার্থনার জন্য দেওয়া হয়েছে সে নিজেই দিয়েছে। ঘরের দরজা ভেজানো, সামনে একটা ভারী পর্দা ঝোলানো। ভেতর থেকে খুব ক্ষীণ, অস্পষ্ট একটা শব্দ ভেসে আসছে। কেউ একজন কাঁদছে।
আর্থার তার হাতের মারণাস্ত্র শক্ত করে চেপে ধরে। তারপর দরজার ভারী পর্দাটা এক আঙুলে সামান্য একটু সরাতেই ভেতরে যা দেখে, তাতে তার শ্বাস গলার কাছে আটকে যায়। সে আক্ষরিক অর্থেই জমে যায় চৌকাঠের ওপর। তার পুরো শরীর কেউ পাথরে পরিণত করে দেয়।
তাজওয়া কোথাও পালায়নি। সে পালানোর চেষ্টাও করছে না।
ফিকে আলোয় আর্থার দেখতে পায়, তাজওয়া জায়নামাজে সেজদায় লুটিয়ে আছে। তার মাথায় একটা সাদা ওড়না, শরীরটা একটা দীর্ঘ চাদরে আবৃত। তার দুর্বল শরীরটা কান্নায় ফুলে ফুলে উঠছে, স্পষ্ট বোঝা যাচ্ছে সে ডুকরে ডুকরে কাঁদছে। আর্থার একদৃষ্টে, প্রায় সম্মোহিত হয়ে তাকিয়ে থাকে সেদিকে। নিথর রাতের গহিন প্রহরে, আর্থারের কানে ভেসে আসছে তাজওয়ার করুণ, বুকফাটা আর্তনাদ। সে কোনো মানুষের কাছে নয়, সে তার রবের কাছে, মহান স্রষ্টার কাছে ফরিয়াদ করছে।
কান্নাজড়িত, ভাঙা ভাঙা স্বরে তাজওয়া বলছে,
"হে আমার রব! ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রাহীম! আজ আমি পৃথিবীর সবচেয়ে নিঃস্ব এবং নিরুপায় এক নারী হয়ে আপনার দরবারে লুটিয়ে পড়েছি। আমার আর যাওয়ার কোনো জায়গা নেই মাবুদ। দুচোখের অবিরত অশ্রু আর বুকফাটা হাহাকার ছাড়া আজ আমার ভিন্ন কোনো সম্বল নেই। এই বিস্তীর্ণ দুনিয়ায় আপনি ছাড়া আমার দিকে ফিরে তাকানোর কেউ নেই। আমাকে এই শ্বাসরুদ্ধকর অন্ধকার থেকে টেনে তুলুন মাবুদ, আমাকে বাঁচান!
ইয়া ক্বাওয়িয়্যু, ইয়া মাতীন! আমি বড্ড দুর্বল, আমি আর কুলাতে পারছি না। আমার বুকের পাঁজরগুলো যন্ত্রণায় দুমড়ে মুচড়ে যাচ্ছে। এই অসহনীয় কষ্টে আমার ঈমান আজ বড্ড ঠুনকো হয়ে যাচ্ছে মাবুদ। আমি নিজের এই পাহাড়সম হতাশা আর সামলাতে পারছি না। আমি হেরে যাচ্ছি! আমার এই ডুকরে ওঠা আর্তনাদ শুনুন মাবুদ, আমার পতনোন্মুখ ঈমানকে আপনি শক্ত হাতে ধরে রাখুন।
হে আমার মালিক! তার অধীনস্থ আমি ইসলামি নিয়ম মেনেই হলাম। কিন্তু তার নিকৃষ্ট আচরণ আর অবর্ণনীয় নিষ্ঠুরতা আমাকে প্রতিদিন জীবন্ত লাশ বানিয়ে দিচ্ছে। তার ভেতরের অহংকার আর রূঢ়তা ফেরাউনের রূপ নিয়েছে, যা প্রতিনিয়ত আমার আত্মাকে ক্ষতবিক্ষত করছে। ইয়া জাব্বার, ইয়া ক্বাহহার! আপনার অসীম ক্ষমতার সামনে এই দুনিয়ার সমস্ত দম্ভ ধুলোয় মিশে যায়। আপনি তার পাষাণ অন্তরকে গলিয়ে দিন, তাকে হেদায়েতের আলো দিন মাবুদ!
ইয়া হাদী! আমি যখনই চোখের পানিতে বুক ভাসিয়ে তার হেদায়েতের জন্য আপনার কাছে হাত তুলি, মুহূর্তেই সূরা আস-সাজদাহর একটি আয়াত আমার আত্মাকে ভয়ে কাঁপিয়ে দেয়। যেখানে আপনি বলেছেন:
وَلَوْ شِئْنَا لَأَتَيْنَا كُلَّ نَفْسٍ هُدَٮٰهَا وَلَـٰكِنْ حَقَّ ٱلْقَوْلُ مِنِّى لَأَمْلَأَنَّ جَهَنَّمَ مِنَ ٱلْجِنَّةِ وَٱلنَّاسِ أَجْمَعِي
{ আর যদি আমি ইচ্ছা করতাম, তাহলে প্রত্যেক ব্যক্তিকে তার হিদায়াত দান করতাম। কিন্তু আমার কথাই সত্যে পরিণত হবে যে, ‘নিশ্চয় আমি জিন ও মানুষ উভয় দ্বারা জাহান্নাম পূর্ণ করব}
ইয়া রব! আমি আপনার তাওহীদের উসিলা দিয়ে আজ আপনার দরবারে ভিখারিনীর মতো হাত পেতে কাঁদছি। একজন অসহায়, মজলুম স্ত্রী হিসেবে ইয়া মুজীব, আজ আপনার আরশে আজীমের দিকে তাকিয়ে সিজদায় মাথা ঠেকিয়েছি। তাকে আপনি হেদায়েত দান করুন মাবুদ! তাকে ফেরাউন অথবা নমরুদের মতো অন্ধকারের অতল গহ্বরে ধ্বংস করে দিয়েন না। তার হৃদয়কে আপনি আপনার নূরে বদলে দিন, যাতে কাল কিয়ামতের ভয়াবহ ময়দানে আমি তার স্ত্রী হয়ে আপনার সামনে সসম্মানে দাঁড়াতে পারি। ইয়া ওয়াদুদ, আমার এই মৃতপ্রায় সংসারে আপনার রহমতের এক ফোঁটা বৃষ্টি দিন।
আর যদি তার কপালে হেদায়েত না থাকে, যদি এই নিরন্তর হাহাকারই আমার নিয়তি হয়, তবে ইয়া ফাত্তাহ, আমাকে এই ভয়াবহ বন্দিদশা আর যন্ত্রণা থেকে চিরতরে মুক্তি দিন। আমাকে আর এই জুলুম সইতে দিয়েন না, আমাকে এই নরক থেকে বাঁচান মাবুদ! ইয়া আলীম, ইয়া হাকীম! আপনি তো আমার বোবা কান্না শোনেন, আপনি তো জানেন রাতে বালিশে মুখ গুঁজে আমি কতটা কাঁদি! আপনিই সবচেয়ে ভালো জানেন আমার জন্য কোনটিতে কল্যাণ আছে। আমার ভাঙা হৃদয় আর অশ্রুসিক্ত চোখ নিয়ে আমি আমার সবটুকু আপনার ওপর ছেড়ে দিলাম। আপনি আমার জন্য শ্রেষ্ঠ ফয়সালাই নির্ধারণ করুন, ইয়া রাহীম!"
আর্থার নিরেট পাথর হয়ে যায়। তাজওয়ার রবের প্রতি বুকফাটা করুণ আর্তনাদ, এই অসহায় সমর্পণ শুনে তার শরীরের উষ্ণ রক্ত মুহূর্তে বরফের মতো ঠান্ডা হয়ে আসে।
আর্থারের হাতের বন্দুক ক্রমশ ভারী মনে হতে শুরু করে। জীবনে প্রথমবার নিজের কাছে নিজেকে একজন নিকৃষ্ট, জঘন্য অপরাধী বলে মনে হচ্ছে তার। সে বুঝতে পারছে হয়তো, তার বাহুবল, তার অস্ত্র, তার ক্ষমতা, সবকিছু এই মেয়েটির এক ফোঁটা চোখের জল আর তার আল্লাহর কাছে করা নিঃস্বার্থ প্রার্থনার সামনে কত তুচ্ছ, কত অসহায়।
এক অসীম নিথরতা গ্রাস করে আর্থারকে। তার পেশিবহুল শরীরটা অবশ হয়ে আসছে। তার অস্ত্র ধরা হাতটা ধীরে ধীরে নিচে নেমে যাচ্ছে। সে বুঝতে পারছে না, ঠিক কী করা উচিত তার।
চলবে,,,
এখন নিশ্চত অন্ধদের চোখের কাপড় সরবে।