ফন্ট সাইজ:
থিম:
ওয়াইফ অব আ মনস্টার

পর্ব 2

লেখক: সানজিদা তালুকদার

#ওয়াইফ_অব_আ_মনস্টার — ২
#সানজিদা_তালুকদার

সকাল আটটা।

মিলান শহর এখনো ঘুমের ধোঁয়াটে আবরণ থেকে পুরোপুরি জেগে ওঠেনি। ডিসেম্বরের শেষের বাতাসে এমন এক কনকনে অনুভূতি আছে যা মানুষের চামড়া ভেদ করে হাড় পর্যন্ত পৌঁছে যাবে। শহরের ট্রামগুলো দূর থেকে ঘণ্টার শব্দ তুলে চলেছে লাইন ধরে, বারান্দায় জমে থাকা কুয়াশা গলতে শুরু করেছে আস্তে আস্তে। কিচেনের মার্বেল কাউন্টারের পাশে দাঁড়িয়ে আছে আয়াত। তার হাতে চামচ, সামনে চুলার ওপর ওমলেট, কিন্তু তার মন সেখানে নেই। তার মন ছুটে যাচ্ছে ডাইনিং এ, যেখান থেকে ভেসে আসছে হালকা, প্রাণবন্ত হাসির শব্দ।

রান্নার ঘরের বাতাসে এখন মিলেমিশে আছে নানা ঘ্রাণ। ভাজা ডিমের ক্ষুধার্ত সুবাস, টোস্টের খসখসে উষ্ণতা, সতেজ অরেঞ্জ জুসের টক-মিষ্টি রেশ এবং আরবিকানা কফির কড়া, তিক্ত-মধুর সুগন্ধ। যেকোনো স্বাভাবিক সকালে এসব সুবাসই আয়াতের সারা দিনটাকে সাজিয়ে দিত। কিন্তু আজ তা হচ্ছে না। আজ এসব ঘ্রাণের মাঝ দিয়ে ভেসে আসছে ভিন্ন এক অনুভূতি। জ্বালাধরানো এবং গলার কাছে এসে আটকে থাকা এক তীব্র অনুভূতি।

আয়াত আড়চোখে তাকায় ডাইনিং স্পেসের দিকে। ছবির মতো একটা দৃশ্য। ডাইনিং টেবিলের এক প্রান্তে হেলান দিয়ে বসে আছে জেইদান, তার সামনে বসা ফ্লোরা। দুজনের হাতেই ধোঁয়া ওঠা কফি, আর ঠোঁটে লেগে আছে প্রাণবন্ত হাসি, চলছে অবিরাম গল্পসল্প। ফ্লোরা বিগত সাত মাসে এই বাড়িতে এসেছে মাত্র তিনবার, কিন্তু এই এক মাসেই বিভিন্ন কাজের বাহানায় তার আসা হয়েছে তেরোবার! জেইদানের সাথে ওর ছোটবেলার বন্ধুত্ব, সম্পর্কে কাজিন, আবার বিজনেসেও ফ্লোরার অল্প শেয়ার আছে। সবকিছু মিলিয়ে ফ্লোরার এই অবাধ যাতায়াত আয়াতের চোখে কাঁটার মতো বিঁধছে।

ওদের এই হাসিখুশি মুখের দিকে তাকিয়ে আয়াত মনে মনে দাঁতে দাঁত চেপে রাগ ঝাড়তে থাকে। সে নিজে নিজেকে শোনায়,

"বলিস তো তোরা দুজন শুধুই বন্ধু! কিন্তু কয়বার যে একে অপরের সাথে রুমে গেছিস আর শুইছিস, কে জানে! তোরা তো দিন-রাত একসাথে থেকেও বলবি আমরা জাস্ট ফ্রেন্ড। ইতালিয়ান বলে কথা! এই দেশের ছেলেমেয়েরা বন্ধু শব্দটার মানেই পাল্টে দিয়েছে! এখন নিশ্চয়ই পুরোনো অভ্যাসের টানেই আবার এসে জুটেছিস। পা তো এখন ভালো হয়ে গেছে, মানে এবার তো খুব ভালো করেই সব করতে পারবি! যা না ওপরে, দুজনে রুমে গিয়ে নিজেদের সাধ মেটা! কী সুন্দর হেসে হেসে কথা বলছে। কী সুন্দর! আমার সাথে তো এই রোবট জীবনে একবারও এভাবে কথা বলেনি। একবারও না!"

ভাবনার শেষ প্রান্তে এসে গলাটা ধরে আসে তার। কারণ মিথ্যা বলেনি মনটা। সত্যিই তো, জেইদান তার সাথে কখনো এভাবে হাসেনি, এভাবে কথা বলেনি, এভাবে কাঁধ দুলায়নি। জেইদান আর আয়াতের কথোপকথন সবসময় এক গোছানো অফিস-ফাইলের মতো। আর ফ্লোরার সাথে? ওখানে অপ্রয়োজনীয় শব্দের বন্যা। হাসির বন্যা। সহজতার বন্যা। ওর তো মনে হচ্ছে কাউকে পেটাতে। নিজেকেই পেটাতে মন চাচ্ছে।

কিন্তু পরক্ষণেই, ঠিক আগুনের ওপর জল ঢালার মতো আয়াতের অহংকারবোধটা চাড়া দিয়ে ওঠে। সে নিজের মনেই, নাক-ফুঁড়ে বলে ওঠে,

'যাই হোক! ও কথা বলুক, তাতে আমার কী আসে যায়! ওর মতো পুরুষকে আমি ধাক্কা দিয়ে ডাস্টবিনে ফেলে চলে যাব। হুঁহ! আমার কোনো দরকার নেই! আমার কোনো কিছুরই প্রয়োজন নেই! আসছে আমার!'

শব্দগুলো মনের ভেতরে নিজেই প্রতিধ্বনিত হয়। আসছে আমার... কী আসছে? কাল কি আসবে? পরশু? নাকি এমন দিনটা আসবেই না, যেদিন সে সত্যি সত্যি জেইদানকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলতে পারবে? পারবে তো? পারবে তো?

প্রশ্নগুলোর উত্তর খুঁজতে যেয়ে আয়াত আবার তিক্ত ভাবনার কাঁটাবনে হারিয়ে যায়। বিরক্তিতে, রাগে, অস্থিরতায় কপালের সামনে চলে আসা চুলগুলো হাত দিয়ে পেছনে সরিয়ে নেয় সে। আর তখনই, নিজের ভাবনার এই কালো, বিষাক্ত স্রোতটাকে নিজেই দেখতে পেয়ে সে শিউরে ওঠে বলে,

"আল্লাহ! আল্লাহ, তুমি আমাকে মাফ করো। এসব কী আজেবাজে ভাবছি আমি! আমার জিহ্বা থেকে, আমার মন থেকে সব ভুল মাফ করে দাও। শয়তানকে দূরে সরিয়ে দাও আমার থেকে।"

আয়াতের মনে বদ্ধমূল হয়ে গেছে জেইদান আর ফ্লোরার মাঝে নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে। যা চোখে দেখা কোনো প্রমাণ নেই। কিন্তু তার মনের আদালতে প্রমাণ ছাড়াই রায় জারি হয়ে গেছে। সন্দেহ এমন এক জিনিস যার বোঝা নিজেই বয়ে বেড়াতে হয়, প্রমাণ ছাড়াই।

বিক্ষিপ্ত মনটাকে সামলে সে শেষ করে ব্রেকফাস্ট বানানো। ব্রেকফাস্ট বানানো শেষ হলে আয়াত মেইডকে ডেকে বলে,

"আপনি এই খাবারগুলো উনাদের টেবিলে দিয়ে আসুন।"

মেইড মাথা নেড়ে খাবারগুলো নিয়ে চলে যায়। আয়াত নিজের জন্য এক কাপ কফি বানিয়ে নিয়ে বাড়ির বাইরের দিকে পা বাড়ায়। যাওয়ার সময় জেইদানের ঠিক সামনে দিয়েই সে হেঁটে যায়, কিন্তু জেইদান একবারও মুখ তুলে জিজ্ঞেস করে না যে সে ব্রেকফাস্ট করবে কি না। গতকাল রাতেও আয়াত কিছুই খায়নি, জেইদান তা জেনেও কোনো ভ্রুক্ষেপ করল না!

আয়াত বাইরে এসে বাগানে আসে। বাগানের নির্দিষ্ট কোণটায় আসে সে, যেখানে একটা লোহার টেবিল-চেয়ার, সাথে একটা ছোট ছাতা, আর চারপাশে চুপসে যাওয়া শীতের গোলাপগাছ। আয়াত এসে কফির কাপটা টেবিলের ওপর রাখে। চেয়ারে বসতেই দৃষ্টিটা আটকে যায় সামনের শূন্যতায়।

যতই রাগ, যতই অভিমান, যতই অবহেলা থাকুক, বিয়ের বন্ধনে বাঁধা স্বামী হিসেবে জেইদানকে সে ভালোবাসে। এই সত্যটা তার এড়ানোর পথ নেই। রাগের শিখার ঠিক নিচে, ঈর্ষার কাঁটার ঠিক গোড়ায়, অভিমানের বরফের ঠিক ওপারে শান্ত, অতল, অকূল এক ভালোবাসার সমুদ্র পড়ে আছে। জেইদান অসুস্থ হয়ে পড়লে আয়াত সারা রাত জেগে থাকে তার মাথার পাশে। ওষুধের সময় মনে রাখে মিনিট হিসেবে। ডাক্তারের প্রতিটা বাক্য মুখস্থ রাখে। সে জেইদানকে ভালোবাসে। লুকিয়ে ভালোবাসে। কখনো দাবি না করে বাসে।

কিন্তু আজ লুকানো ভালোবাসাটাই বিষ হয়ে গেছে। জেইদানকে অন্য একজনের হাসির আয়নায় এত প্রাণবন্ত দেখে তার বুকের ভেতরটা মনে হচ্ছে কেউ দুই হাতে দুমড়ে-মুচড়ে দিচ্ছে। সামনের শূন্য লনের দিকে তাকিয়ে তার এখন একটাই কথা মনে হচ্ছে, জেইদানের থেকে ডিভোর্স নেওয়া ছাড়া হয়তো আর কোনো উপায় নেই।

ডিভোর্স। শব্দটা মনে হলেই বুকের ভেতর কেউ ছুরি ঘোরায়। অথচ ঠোঁটে ঠোঁট চেপে সে শব্দটাকেই প্রাণ দেয়। কোথায় জেইদান, আর কোথায় সে! আকাশ আর পাতাল তফাৎ। জেইদান হলো ইতালির একজন প্রভাবশালী 'ডেপুটাতো', ক্ষমতা আর আভিজাত্যের চূড়ায় তার বাস। আর আয়াত? সে নিতান্তই সাধারণ, ছিমছাম এক মেয়ে। কিসের সাথে কীসের তুলনা করছে সে!

অসুস্থ হওয়ার পর থেকে লোকচক্ষুর আড়ালে জেইদান এই গোপন ভিলাতেই সময় কাটাচ্ছে। তবে সাময়িক এই নৈকট্যও হয়তো দ্রুতই ফুরিয়ে আসবে, কিছুদিন পরই সে ফিরে যাবে তার নিজস্ব বিলাসবহুল প্রধান আবাসে।

দুজনের মাঝের বিস্তর দূরত্বের কথা ভেবে অজান্তেই আয়াতের চোখের কোণে নোনা জল জমে ওঠে। দৃষ্টি ঘোলাটে হয়ে আসে। কিন্তু না, নিজেকে কোনোভাবেই দুর্বল হতে দিতে নারাজ সে। বুক চিরে বেরিয়ে আসা একটা ভারী দীর্ঘশ্বাসকে সযত্নে লুকিয়ে নিজেকে সামলে নেয়। অবাধ্য মনটাকে শাসনে এনে বিড়বিড় করে বলে ওঠে,

"আয়াত, বোকার মতো আবেগে ভাসলে চলবে না। সে তোমার কেউ না। তোমাদের মাঝে যা ছিল, তা নিতান্তই একটা কন্ট্রাক্টের মতো। নিয়তি তাকে তোমার সামনে এনে দাঁড় করিয়েছিল ঠিকই, কিন্তু সে তো তোমাকে চায়নি! তার কাছে তুমি একজন সাধারণ স্টাফের চেয়ে বেশি কিছু নও। এই অমূল্য আবেগ তার জন্যই জমিয়ে রাখো, যে এর কদর বুঝবে, যে তোমার এই নিঃস্বার্থ ভালোবাসা দু'হাত বাড়িয়ে গ্রহণ করবে। তোমার রবের কাছে নিশ্চয়ই তোমার জন্য এর চেয়েও চমৎকার কোনো পরিকল্পনা আছে, তাই না? এত অল্পতে হতাশ হলে তো চলবে না!"

কথাগুলো ভেবে বুক থেকে ভারী পাথর নেমে যাওয়ার অনুভূতি হয় তার। বিস্তৃত আকাশের দিকে চোখ তুলে তাকায় আয়াত। একবুক স্বস্তির শ্বাস টেনে নিয়ে, সমস্ত সমর্পণ আর বিশ্বাস নিয়ে নিজেকেই সান্ত্বনা দেয়,

"হাসবুনাল্লাহি ওয়া নি'মাল ওয়াকিল! আল্লাহই আমার জন্য যথেষ্ট এবং তিনিই উত্তম কর্মবিধায়ক। তোমার আল্লাহ আছেন আয়াত, তুমি একদম চিন্তা কোরো না।"

এভাবেই কেটে যায় কিছুটা সময়। কফিমগে শেষ চুমুক দিয়ে দৃষ্টি ঘোরাতেই আয়াতের চোখে পড়ে জেইদান আর ফ্লোরাকে। তারা একসঙ্গে বেরিয়ে আসছে, একে অপরের খুব কাছাকাছি, দুজনের মুখেই উচ্ছল হাসি। ফ্লোরা নিজের গাড়িতে উঠতে উঠতে হাসিমুখে জেইদানকে বিদায় জানায়, জেইদানও হাত নেড়ে সাড়া দেয়। এই বিদায়টুকুও জেইদানের কাছে কোনো অসমাপ্ত আয়োজনের মতো মনে হয়।

দৃশ্যটা আয়াতের ভেতরে এক অজানা অস্বস্তির জন্ম দেয়। এই অস্বস্তির নাম সে মুখে আনতে চায় না, কিন্তু বুকের ভেতরটা নিজে নিজেই পুড়ে ওঠে। সে দ্রুত চোখ সরিয়ে নেয় তাদের থেকে। দৃষ্টির আড়ালে একটি দেয়াল তুলে দেওয়ার চেষ্টা করে সে। তবে বুঝতে পারে, জেইদানের পদশব্দ এদিকেই এগিয়ে আসছে।

পরিস্থিতি এড়াতে আয়াত তড়িঘড়ি করে নিজের ফোনটা হাতে তুলে নেয়। স্ক্রিনে এলোমেলো কিছু টাইপ করতে শুরু করে নিজেকে ভীষণ ব্যস্ত দেখানোর জন্য। আয়াতের এই ব্যস্ততা অবশ্য একেবারে মিথ্যে নয়। সে একজন স্বনামধন্য লেখিকা। ইতিমধ্যে তার সাত-আটটি বই প্রকাশিত হয়েছে, যা বিপুলসংখ্যক পাঠকের হৃদয় জয় করেছে।

জেইদান এসে শব্দহীনভাবে আয়াতের সামনের চেয়ারটায় বসে পড়ে। কোনো কথা না বলে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে আয়াতের দিকে। এই তাকানোটাই তার অধিকারের দাবি। আয়াতও নির্বিকার, একমনে স্ক্রিনে আঙুল চালিয়ে যাচ্ছে। আদতে সে কী লিখছে, তা সে নিজেও জানে না, শুধু টাইপ করার ভানটুকু ধরে রেখেছে। এই ভানই এখন তার আত্মরক্ষার শেষ উপায়।

বেশ কিছুক্ষণ পর স্তব্ধতা ভেঙে জেইদান একটা দীর্ঘশ্বাস ছাড়ে। উপেক্ষিত হওয়ার যে তিক্ততা সে কোনোদিন ভোগেনি, ঠিক এমন তিক্ততা মেশানো বিরক্ত কণ্ঠে প্রশ্ন করে,

"এত কী লিখছো? আমি যে সামনে বসে আছি, দেখতে পাচ্ছো না?"

আয়াত চোখ না তুলেই টাইপ করতে করতে নিরাসক্ত গলায় উত্তর দেয়,

"আপনাকে দেখে আমার কী লাভ?"

জেইদানের কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ে। ফ্লোরার সামনে যে মুখটা হাসিতে ভরা ছিল, ঠিক এই মুখ এখন বিস্ময়ে বিকৃত। ভ্রু কুঁচকে সে বলে,

"মানে? তুমি এমন আচরণ কেন করছো? আগে তো এমন করতে না! হঠাৎ কী হলো তোমার?"

আয়াত মনে মনে হাসে, যন্ত্রণায় মোড়ানো একটা হাসি। ভাবে,

'আগে তো অবুঝ ছিলাম রে গাধারে, কিন্তু এখন আর নই রে।'

তবে মুখে পূর্বের ভাবলেশহীন সুর বজায় রেখে বলে,

"আগে আপনি আমার হাসবেন্ড ছিলেন, আর এখন এক্স-হাসবেন্ড হতে যাচ্ছেন। তাই একজন পরপুরুষের সাথে কথা বলে আমার কী প্রয়োজন?"

কথাটা তীরের মতো বিঁধতেই জেইদানের চোখেমুখে রাগের আভা ফুটে ওঠে। এই রাগের অন্তরালে লুকিয়ে আছে হারানোর আতঙ্ক,

"ডিভোর্সের কথা তো শুধু একবার বলেছি, আর তাতেই তুমি এমন শুরু করেছ? আমি তোমার এক্স হলাম কবে, হ্যাঁ?"

আয়াত এবার টাইপ করা থামায়। শান্ত অথচ ধারালো স্বরে বলে,

"জীবনের বড় বড় ফায়সালা একবারই নিতে হয়, বারবার বলতে হয় না। আর এক্স হননি ঠিকই, তবে হয়ে তো যাবেন। ফারাক কোথায়? আর এমনিতেও আমরা স্বামী-স্ত্রী হিসেবে আদৌ ছিলাম কবে?"

আয়াতের এমন সোজাসাপ্টা কথাগুলো হজম করা জেইদানের জন্য কঠিন হয়ে পড়ে। এতদিন যে মেয়েটা চুপচাপ সহ্য করে গেছে, তার এই বিদ্রোহ জেইদানের কাছে নিজের জমির ওপর অন্যের দাবির মতো মনে হয়। বিষয়টি তার একেবারেই সহ্য হচ্ছে না। সে দাঁত চেপে হিসহিস করে ওঠে,

"তুমি কিন্তু বেশি বলছ, ইফফাত!"

আয়াতের পুরো নাম ইফফাত আয়াত। নিজের ফোনটা টেবিলের ওপর রেখে সে এবার সরাসরি জেইদানের চোখের দিকে তাকায়। কঠিন গলায় বলে,

"আমার নাম আয়াত। 'ইফফাত' ডাকার অধিকার শুধু আমার পরিবারের মানুষদের আছে।"

জেইদান হতবাক। কপাল আরও কুঁচকে যায় তার। অধিকারহীন হয়ে যাওয়ার চোটে তার রাগ হয়,

"এতদিন তো এই নামেই ডেকেছি, তখন তো কিছু হলো না! আজ হঠাৎ এত সমস্যা কিসের? তুমি আসলে কী চাও, আমাকে স্পষ্ট করে বলো। এমন ত্যাড়ামি হঠাৎ কেন করছ?"

আয়াত জেইদানের চোখের দিকে স্থির দৃষ্টি নিবদ্ধ করে। কোনো রকম ভনিতা ছাড়াই বলে,

"আমি চাই আমাকে ডিভোর্স দিয়ে আপনি নিজের মতো থাকুন, আর আমাকেও আমার মতো থাকতে দিন। এই নিত্যদিনের রঙ্গলীলা আমার আর ভালো লাগছে না।"

কথাটা শুনে জেইদানের ভেতরে ক্রোধের আগুন জ্বলে ওঠে। আর এই আগুনের নিচে চাপা পড়ে আছে এক অস্বীকৃত রাগ। যে মেয়ে তাকে ছেড়ে যেতে চায়, তার জীবনে জেইদান যে পুরোপুরি নগণ্য, এই সত্যটাই তার সবচেয়ে অসহ্য লাগছে। তবে সে জোরপূর্বক নিজেকে সামলে নিয়ে তাচ্ছিল্যের সুরে বলে,

"আমারও তোমার প্রতি কোনো ইন্টারেস্ট নেই। তাই এমনটা ভেবো না যে সারাজীবন তোমাকে আটকে রাখব। এত গদগদ হওয়ার কিছু নেই, আর কিছুদিন থাকো, তারপর চলে যেও। তুমি এতটাও মূল্যবান নও যে, তুমি চলে গেলে আমার অনেক বড় কোনো ক্ষতি হয়ে যাবে!"

জেইদানের কথাগুলো আয়াতের বুকে সূক্ষ্ম সুচের মতো বিঁধে যায়। ভেতরে ভেতরে একটা চাপা কষ্ট মোচড় দিয়ে উঠলেও, বাইরে সে মৃদু হাসে। শান্ত গলায় বলে,

"হুম, আমি জানি আপনার জীবনে আমার কোনো অস্তিত্ব নেই। আর সেটা খুব ভালো করে জানি বলেই ডিভোর্সটা তাড়াতাড়ি চাচ্ছি।"

কথাটা বলেই আয়াত আর এক মুহূর্তও দাঁড়ায় না, সোজা উঠে দাঁড়িয়ে হাঁটা ধরে। তবে তাড়াহুড়োয় তার ফোনটা টেবিলের ওপরই রয়ে যায়। ঠিক তখনই ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে জ্বলজ্বল করে ওঠে একটি নাম, 'ঈশাদ'।

ছেলের নাম দেখে জেইদানের কপালে চিন্তার ভাঁজ পড়ে যায়। আয়াত সাধারণত ছেলেদের আশেপাশে ঘেঁষে না, কোনো ছেলের সাথে তাকে কথাও বলতে দেখা যায়নি। জেইদানের অফিসেই আয়াত ডিজাইনার হিসেবে কাজ করে, সেখানেও সে সবসময় পুরুষ সহকর্মীদের এড়িয়ে চলে। এমনকি কোনো পুরুষ ক্লায়েন্টের সাথে তাকে হাত মেলাতেও দেখেনি জেইদান। বোরকা আর হিজাবে নিজেকে আবৃত রাখা অতি সতর্ক এই মেয়ের ফোনে একজন পুরুষের কল আসাটা জেইদানের কাছে বিস্ময়ের ব্যাপার। আর এই বিস্ময়ের ভেতর দিয়ে মাথা তুলছে এক কালো, জ্বলন্ত অনুভূতি। এই অনুভূতির নাম সে দিতে অস্বীকার করবে, কিন্তু তা তার নিশ্বাসে, তার চোখের সাদা অংশে, তার শিরায় শিরায় ছড়িয়ে পড়ছে। এই অনুভূতি আর কিছুই নয়, এটি হলো নিরেট ঈর্ষা।

ঠিক তখনই আয়াত ফিরে এসে ফোনটা হাতে নেয়। কল রিসিভ করে কানে লাগিয়ে হাঁটতে হাঁটতেই বলে,

"আসসালামু আলাইকুম ঈশাদ, আমি একটু ব্যস্ত আছি, পরে কল করছি আপনাকে।"

জেইদান আর বসে থাকতে পারে না, হুট করে ধড়ফড় করে উঠে দাঁড়ায় সে। মাত্র একটু আগে যে মেয়েকে "মূল্যহীন" বলে উড়িয়ে দিল সে, এই মেয়ের জীবনে অন্য একজন পুরুষের উপস্থিতি এখন তার বুকের ভেতর কাঁটার মতো বিদ্ধ হচ্ছে। আয়াতের পিছু পিছু হাঁটতে হাঁটতে সে অস্থির গলায় জিজ্ঞেস করে,

"এটা কে ছিল? কে হয় তোমার? তোমার ভাই মনে হয়, তাই না?"

জেইদান নিজেই নিজেকে সান্ত্বনা দিতে চাইছে। আর এই সান্ত্বনার প্রয়োজনটাই তাকে সবচেয়ে বেশি লজ্জায় ফেলছে।

আয়াত বিরক্ত না হয়ে নিস্পৃহ গলায় উত্তর দেয়,

"সে যে-ই হোক, তাতে আপনার কী? আর আমার ভাইকে আমি এত সম্মান দিয়ে কথা বলতে যাব কোন্ দুঃখে?"

জেইদানের বুকের ভেতরটা পুড়ে ছাই হয়ে যাচ্ছে। 'তাতে আপনার কী', এই চারটে শব্দ তাকে তার নিজের অবস্থানের সামনে দাঁড় করালো। অথচ প্রশ্নটা করা থামাতে পারছে না সে। সে উত্তেজিত হয়ে বলে,

"মানে? তাহলে কে এই লোক?"

বাড়ির দরজায় পা রাখতে রাখতে আয়াত আলতো স্বরে বলে,

"আছে কেউ একজন।"

'আছে কেউ একজন', কথাটা জেইদানের মাথায় আগুন ধরিয়ে দেয়।

"তো ওই একজনের কি কোনো নাম নেই?"

জেইদানের কণ্ঠ এবার মরিয়া শোনায়। এই মরিয়া ভাবের ভেতরে যে তোড়জোড়, তা সে নিজেও ধরতে পারছে, তবু থামতে পারছে না।

আয়াত থমকে দাঁড়ায়। পেছনে ফিরে জেইদানের দিকে তাকিয়ে শান্ত গলায় বলে,

"তিনি আমার লেখালেখি জগতের একজন সিনিয়র।"

জেইদান সাথে সাথে আবার প্রশ্ন ছুঁড়ে দেয়। প্রশ্নটা তার নিয়ন্ত্রণের বাইরে, ভেতরের আঁকুপাকু বুক চাপড়ে বেরিয়ে আসে,

"ওহহো, আচ্ছা! সে কি বিবাহিত?"

এবার আয়াত সত্যিই বিরক্ত হয়। ভ্রু কুঁচকে বলে,

"আমি কি এখন আমার সিনিয়রকে গিয়ে তার ব্যক্তিগত জীবনের কথা জিজ্ঞেস করব?"

জেইদানের ভেতরে চলা তীব্র দহন এই কথায় কিছুটা প্রশমিত হয়। অজান্তে সে একটা স্বস্তির নিশ্বাস ফেলে, আর এই স্বস্তিটাই তার কাছে প্রমাণ হয়ে দাঁড়ায় যে সে কতটা জ্বলছে। সে গলাটা স্বাভাবিক করার চেষ্টা করে গম্ভীর স্বরে বলে,

"না না, এমনি বলছিলাম। তার সাথে তোমার দেখা হয়েছে কখনো? কয়দিন ধরে কথা বলো তোমরা?"

অথচ তার প্রশ্নগুলো থামছেই না। প্রতিটা প্রশ্নের অন্তরালে লুকিয়ে আছে একটাই অস্বীকৃত ভয়, আয়াত কি সত্যিই তাকে ছাড়াও সম্পূর্ণ?

আয়াত তিক্ত গলায় বলে,

"আপনার এত কিছু জিজ্ঞেস করার কী আছে? আমি বুঝতে পারছি না মিস্টার জেইদান, আপনি এসব কথা বারবার কেন জিজ্ঞেস করছেন?"

জেইদান আমতা আমতা করে বলে,

"না, এমনিই... কৌতূহল হলো আরকি, তেমন কিছু না।"

কথাটা শুনে আয়াত জেইদানের দিকে একপলক চোখ রাঙিয়ে তাকায়। মনে মনে বলে,

"যত্তসব নাটক!"

তারপর সে আর কোনো কথা না বাড়িয়ে সোজা ভেতরে চলে যায়। আর জেইদানকে রেখে যায় একরাশ জ্বলন্ত কৌতূহল আর অকারণ ঈর্ষার মাঝে।

চলবে,,,

কেমন হলো বলে যাবেন কিন্তু।

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 2 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন