ফন্ট সাইজ:
থিম:
ওয়াইফ অব আ মনস্টার

পর্ব 4

লেখক: সানজিদা তালুকদার

#ওয়াইফ_অব_আ_মনস্টার — ৫
#সানজিদা_তালুকদার

বিকেল পাঁচটা বাজে। আজ অফিস থেকে হাফ-ডে ছুটি নিয়ে তাড়াতাড়ি ফিরেছে আয়াত। এখন সে বেলকনিতে বসে ল্যাপটপে নিজের গল্প লেখায় মগ্ন। বিকেলের সোনালি আলো তার ঘাড় বেয়ে নামছে, হালকা বাতাসে কাঁধের ওপর পড়া তার লালচে চুলের খোঁপাগুলো উড়ছে, কিন্তু এই শান্ত সৌন্দর্যের কোনোটাই আজ তার চোখে পড়ছে না।
ল্যাপটপের স্ক্রিন থেকে চোখ সরাতেই সে দেখতে পায়, রুমে জেইদান স্যুট-কোট পরে তৈরি হচ্ছে। আয়নার সামনে দাঁড়িয়ে কাফস ঠিক করছে সে। লম্বা ও সুঠাম চেহারা, মাপা কাঁধে বসে যাওয়া নেভি ব্লু কোটটা তাকে অমানবিক রকম সুদর্শন করে তুলেছে। কোথায় যাচ্ছে, এই ছোট্ট প্রশ্নটা করেছিল তাকে আয়াত, কিন্তু জেইদান অত্যন্ত রুক্ষভাবে জানিয়েছে, তার সব বিষয় আয়াতের জানার কোনো প্রয়োজন নেই। কথাটা বুকে তীরের মতো বিঁধছে আয়াতের। অথচ গত রাতেই সে কত শত রঙিন স্বপ্ন বুনেছিল! সে ভেবেছিল হয়তো তাদের সম্পর্কের একটা নতুন শুরু হতে যাচ্ছে। হয়তো এই পাথর-মানবের বুকের কোথাও একটা কোমল কোণ আছে, যেখানে আয়াতের জন্যও কিঞ্চিৎ জায়গা তৈরি হবে। কিন্তু আজ জেইদানের এই ঘোর অবহেলা তাকে বুঝিয়ে দিচ্ছে, সে আসলে ভুল ভাবছিল। অবশেষে আয়াত মেনেই নিয়েছে, জেইদানের সাথে তার কোনোভাবেই যায় না। মানুষ চেষ্টা করলে অনেক কিছুই পারে, কিন্তু অদৃষ্টের লেখা বদলানো তার হাতে নেই।
ঠিক তখনই নিচে ফ্লোরার ল্যাম্বরগিনি গাড়িটা এসে থামে। চকচকে কালো গাড়িটা থেকে যে নামছে, তাকে দেখে মুহূর্তের জন্য আয়াতের নিঃশ্বাস আটকে যায়। ফ্লোরা পরেছে একটা অফ-ইয়েলো রঙের শর্ট গাউন, তার ওয়েভি ছোট চুলগুলো বাতাসে উড়ছে। অবিকল এক ডানা কাটা অপ্সরী লাগছে তাকে! গাউনের কাপড়টা তার গড়নের প্রতিটি বাঁক বরাবর নিখুঁতভাবে বসে আছে, গোড়ালিতে তার ঝিলমিলে হিল। কী দারুণ এলিগ্যান্ট আর মোহময়ী লাগছে তাকে! ভোরের প্রথম আলোয় ভেজা এক গোলাপ ফুল ঠিক যেমন দেখায় তেমনি লাগছে। আয়াত তার এই ফ্যাশন দেখে মৃদু হাসে৷ ফ্লোরাই তো জেইদানের মতো মানুষের যোগ্য। সে কোন ক্ষেতের মুলা যে তাকে জেইদান পছন্দ করবে।
ফ্লোরা ভেতরে প্রবেশ না করে বাইরে থেকেই জেইদানের ফোনে কল করে। ফোন পেয়ে জেইদান নিজের গায়ে পারফিউম স্প্রে করে একপলক বেলকনির দিকে তাকিয়ে নিচে নেমে যায়। পারফিউমের সুবাসটা ভেসে এলেও আয়াতের কাছে তা বিষের গন্ধ মনে হয়। আয়াতের কলিজাটা কেউ বুঝি মুচড়ে দেয়। সে একবার শূন্য ঘরের দিকে, আরেকবার নিচে দাঁড়ানো ফ্লোরার দিকে তাকায়। হয়তো দুজনে কোনো জমকালো পার্টিতে যাচ্ছে। আজ নাকি শহরের অনেক বড় একটা চ্যারিটি ইভেন্ট আছে, যেখানে নামিদামি সব বিজনেসম্যান আর পলিটিশিয়ানরা উপস্থিত থাকবেন। জেইদান নিজের গাড়িতে ওঠে আর ফ্লোরা তার নিজেরটায়। পরপর দুটো গাড়ি গেট পেরিয়ে বেরিয়ে যায়। যাওয়ার সময় জেইদান একটিবারের জন্যও আয়াতের দিকে ফিরে তাকায় না। যদি একবার তাকাত, তবে সে নিশ্চিত আয়াতের অশ্রুসিক্ত নীলচে চোখ দুটো দেখে থমকে যেত। এই চোখ যেখানে এখন চোখের জলের স্রোতে সাগরের জলছাপ ফুটে উঠছে।
আয়াত উদাসীন দৃষ্টিতে তাদের যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকে। তারপর ঠোঁটে এক চিলতে তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে নিজেকেই নিজে বলে,

"এসব নিয়ে মন খারাপ করে কী হবে আয়াত? এটাই তো স্বাভাবিক। তুমি কোথায়, আর সে কোথায়! তুমি সামান্য পাশে ঘুমানোটাকে অনেক বড় কিছু মনে করে বসে আছ। ওরা বড়লোক মানুষ, কত নারীর পাশে শুয়ে তারা অভ্যস্ত, এসব তাদের কাছে কী-ই আসে যায়!"

কথাগুলো বলতে বলতেই তার গলা ভেঙে আসে। নিজেকে প্রবোধ দেওয়াটা সবচেয়ে কঠিন যুদ্ধ, আর এই যুদ্ধে আয়াত প্রতিদিনই হারছে। নিজেকে প্রবোধ দিয়ে আয়াত পুনরায় নিজের লেখায় মনোযোগ দেওয়ার চেষ্টা করে। একটু পর নিউজে চোখ পড়তেই সে দেখে, উক্ত চ্যারিটি ইভেন্টের লাইভ কভারেজ চলছে। স্ক্রিনে দেখা যাচ্ছে, জেইদানের দুপাশে দুজন সুন্দরী মেয়ে বসে আছে। একজন প্রধানমন্ত্রীর মেয়ে, অন্যজন এক সিনেটরের। মেয়ে দুটোর মুখে হাসি, গায়ে দামি গহনা, চোখে-মুখে রাজকীয় আভা। তারা তিনজন হালকা ঠোঁট নেড়ে হাসিমুখে কিছু একটা নিয়ে কথা বলছে। জেইদানের বিরল, হালকা হাসিটা, যেটা দেখার জন্য আয়াত সবসময় অপেক্ষা করে, আজ তা অন্য মেয়েদের জন্য উজাড় করে দিচ্ছে সে। ভিডিওটা দেখেই বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে আয়াতের, সে সঙ্গে সঙ্গে টিভি অফ করে দেয়। এসব দেখলে বড্ড কষ্ট হয়, ভেতরটা দুমড়েমুচড়ে যায় তার। জানালার গ্লাসে নিজের প্রতিবিম্ব দেখে মনে হয়, এই আয়াতের জন্যই তো জেইদানের এই হাসি বরাদ্দ নেই।
আয়াত যখন নিজেকে সামলে নেওয়ার আপ্রাণ চেষ্টা করছে, ঠিক তখনই তার দুই বান্ধবী লারা আর রোজ কল দেয়। তারা আজ রাতে ডিনারে যাওয়ার প্ল্যান করছে। গত আট মাসে আয়াত তাদের সাথে কোথাও বের হয়নি, তাই আজ সেও ভাবে, যাক, একটু বাইরে থেকেই ঘুরে আসি। হয়তো কিছুক্ষণের জন্য হলেও এই গৃহবন্দি কষ্টটা ভুলে থাকা যাবে।
সন্ধ্যা আটটা।
জেইদান বাড়িতে ফেরে। লিভিং রুমে ঢুকেই তার চোখ অবচেতনভাবেই আয়াতকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও সে নেই। ভাবে হয়তো নিজের রুমেই আছে, কিন্তু রুমে এমনকি বেলকনিতেও তাকে না দেখে জেইদানের বুকের ভেতরটা হঠাৎ খচ করে ওঠে। কোথায় গেল আয়াত? খুঁজতে খুঁজতে জেইদান ওয়াশরুমের দিকে এগিয়ে যায় এবং না ভেবেই ধড়াম করে দরজাটা খুলে ফেলে।
ভেতরে ঢুকেই তার চোখ ছানাবড়া হয়ে যায় আয়াত বাথটবে শুয়ে আছে! লারা আর রোজ বারবার ফোন দিচ্ছে বলে আয়াত তাড়াহুড়োয় গোসল করতে ঢুকেছে সে মন কে শান্ত করতে বাথটাবের পানিতে নিজেকে ডুবিয়ে রেখেছে, আর ভুলবশত দরজাটা ঠিকমতো লক করা হয়নি। যদিও আয়াতের শরীর পানির নিচেই আছে, শুধু মুখটুকু দেখা যাচ্ছে। ভেজা মুখে লেগে থাকা কয়েকটা চুলের গোছা, গাল বেয়ে গড়িয়ে পড়া পানির ফোঁটা, আর ভয়ে আরও প্রশস্ত হয়ে ওঠা নীল চোখ দুটো। এভাবে হুট করে দরজা খুলে যেতে দেখে আয়াত ভয়ে চিৎকার করে ওঠে। আয়াতের চিৎকারে জেইদান রীতিমতো থতমত খেয়ে যায়। এমনিতেই সে এমন অপ্রত্যাশিত দৃশ্যের জন্য মোটেও প্রস্তুত ছিল না, তার ওপর এমন শক! আয়াত চিল্লিয়ে ওঠে,

"এই, কী করছেন আপনি?"

জেইদান কাঁপাকাঁপা হাতে তড়িঘড়ি করে দরজা টানতে টানতে তোতলায়,

"স-স-সরি! সরি! সরি! আ-আমি জানতাম না তুমি ওয়াশরুমে আছো।"

কথাটা বলেই দরজা লাগিয়ে জেইদান দ্রুত নিচে কিচেনে চলে আসে। ফ্রিজ থেকে ঠান্ডা পানির বোতল বের করে ঢকঢক করে তৃপ্তি নিয়ে পানি খায়। বুকের ধুকপুকানি কমানোর চেষ্টা করছে সে। কিন্তু পানি খেলেও চোখের সামনে ভাসছে ভেজা মুখটা, নীল চোখের চাউনি। ছিঃ ছিঃ! কী ভয়াবহ এক কাণ্ডই না ঘটে যাচ্ছে! নিজের ওপরই রাগ হচ্ছে তার। সে কি পাগল হয়ে গেছে? পানি খেয়ে নিজেকে কিছুটা সামলে নিয়ে জেইদান রুমে ফেরে। নিজের কাপড়চোপড় নিয়ে চুপচাপ অন্য রুমের ওয়াশরুমে ঢুকে যায় ফ্রেশ হতে।
গোসল সেরে নিজের রুমে ফিরে আসতেই জেইদানের কপাল কুঁচকে যায়। সে দেখে, আয়াত বাইরে যাওয়ার জন্য রেডি হচ্ছে। পরনে তার একটা কালো বোরকা, এখন সে নিখুঁতভাবে হিজাব ঠিক করছে। কালো পোশাকের মধ্যে তার ফর্সা মুখখানা অন্ধকার রাতে ফোটা একটা সাদা পদ্মের মতো দেখাচ্ছে। এখন ও কোথায় যাচ্ছে? জেইদান কৌতূহল আটকে রাখতে না পেরে আয়াতের দিকে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করে,

"কোথাও যাবে এখন তুমি?"

কথাটা বেরোনোর সঙ্গে সঙ্গেই নিজের গলার এই আগ্রহী সুরে নিজেই অবাক হয় সে।
আয়াতের খুব ইচ্ছে করে কড়া গলায় উত্তর দিতে, 'আপনাকে কেন বলতে হবে, আপনি কেন জিজ্ঞেস করছেন?' কিন্তু সে নিজের রাগ চেপে রেখে সম্পূর্ণ নির্লিপ্ত গলায় শুধু বলে,

"হুম।"

আয়াতের এমন ছোট উত্তরে জেইদানের কৌতূহল আরও বেড়ে যায়। তার বুকের ভেতর এক অজানা অস্বস্তি কুটকুট করছে। কেউ তার জিনিস না বলেই কোথাও নিয়ে যাচ্ছে ঠিক এমন একটা অনুভূতি হচ্ছে তার। সে কিছুটা উৎকণ্ঠিত হয়েই জিজ্ঞেস করে,

"কোথায় যাবে?"

আয়াত নিজের হ্যান্ডব্যাগ গোছাতে গোছাতে এবং ফোন ঢোকাতে ঢোকাতে নির্বিকার ভঙ্গিতে বলে,

"ফ্রেন্ডদের সাথে ডিনারে যাচ্ছি। আমি বাইরে খেয়ে আসব। আপনার খাবার রান্না করা আছে, ওটা মেইড কে বললে দিয়ে দেবে। আমার ফিরতে লেইট হবে।"

কথাগুলো বলেই আয়াত আয়নার সামনে দাঁড়িয়ে নিজের নিকাবটা বাঁধে। নিকাব পরার পর তার মুখ ঢাকা পড়তেই নীলচে চোখ দুটো অধিকতর উজ্জ্বল হয়ে ফুটে ওঠে। কালো মেঘের ফাঁক দিয়ে দুটো নীল তারা ঝিলমিল করার মতো দেখাচ্ছে দৃশ্যটা। জেইদানের হার্টবিট হঠাৎ ফাস্ট হয়ে যায়। আজ চোখের নিচে একটু কাজলও ছুঁইয়েছে আয়াত, যার ফলে তার এই নীলচে চোখ জোড়াকে অসম্ভব সুন্দর আর চিত্তাকর্ষক লাগছে।
আর ঠিক এই সৌন্দর্যটাই জেইদানের ভেতরে আগুন ধরিয়ে দিচ্ছে। মনে মনে এক তীব্র রাগ উঠে আসে তার। আজ কাজল দেওয়ার কী দরকার ছিল? এত সুন্দর লাগছে কেন ওকে? এই চোখ দুটোর আকর্ষণ অন্য কারও কপালে না জোটে! রেস্টুরেন্টে, রাস্তায় কত মানুষের চোখ পড়বে এই নীল চোখের ওপর! কেউ যদি এই রূপের ঘোরে বুঁদ হয়ে যায়? একবার চোখ পড়লেই মানুষ টের পেয়ে যাবে, নিকাবের আড়ালে এমন এক অপরূপা লুকিয়ে আছে! জেইদানের ভেতরের কোথাও কেউ গোঙায়। এই রূপ, এই সৌন্দর্য, এটা শুধু তার চোখের জন্য থাকা উচিত ছিল। নিজের মনের এই দাবিদার সুরে জেইদান নিজেই চমকে ওঠে। সে এসব ভাবছেই কেন? কিন্তু প্রশ্নটা উঠেই যায়, উত্তরটা আসে না। শুধু বুকের ভেতরটা জ্বালা করতে থাকে আগুনের মতো।জেইদান নিজেকে সামলে নিয়ে একটু বাঁকা সুরে বলে ওঠে,

"ওহহো, তা কে কে থাকবে ওখানে? কোনো ছেলেও থাকবে নাকি?"

আয়াত নিজের ব্যাগটা কাঁধে ঝুলিয়ে বের হওয়ার জন্য পা বাড়ায়। দরজার কাছে গিয়ে সে না ঘুরেই বলে,

"থাকলেও থাকতে পারে। এত প্রশ্ন কেন করছেন? এগুলো আমার পার্সোনাল বিষয়। খামোখাই এমন করছেন!"

কথাটা ছুঁড়ে দিয়েই সে রুম থেকে বেরিয়ে যায়। আয়াত যদি একবারের জন্যও পেছনে ফিরে তাকাত, তবে হয়তো দেখতে পেত জেইদানের রাগে লাল হয়ে যাওয়া চোখমুখ। থাকলেও থাকতে পারে, কথাটা যক্ষের মতো বিঁধছে তার বুকের ভেতর। কোন ছেলে? কার সাথে ডিনার? কেন ফিরতে দেরি হবে? আর সবচেয়ে বেশি জ্বালা করছে, আজ এই কাজল-মাখা চোখের রূপ কারা কারা দেখবে! রাজনৈতি বিজনেস আরো কত কি সে ঠান্ডা মাথায় সামলায়, অথচ আজ একটা মেয়ের অর্ধেক কথায় তার সমস্ত সংযম ধুলোয় মিশে যাচ্ছে। এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে, জেইদান রাগে ফেটে পড়ছে, কিছু বলতেও পারছে না, আবার আয়াতের এই অবজ্ঞা সইতেও পারছে না। সে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে বন্ধ দরজার দিকে তাকিয়ে থাকে। যেখান দিয়ে এইমাত্র বেরিয়ে গেল আয়াত আর তার সাথেই বেরিয়ে গেল জেইদানের সারাদিনের প্রশান্তিটুকু।

চলবে না পছন্দ হচ্ছে না এ গল্প?

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 4 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন