ফন্ট সাইজ:
থিম:
এক বেরঙ চিলেকোঠায়

পর্ব 34

লেখক: মিথিলা মাশরেকা

#এক_বেরঙ_চিলেকোঠায়
#লেখনীতে:মিথিলা মাশরেকা
পর্ব-৩৪

কালো পাড়ের সাদা শাড়ির আঁচলটা কোমড়ে গুজে সদর দরজায় গাদা ফুলের ঝালরটা ঠিক করছে দোয়া। আজ অরুনাভ মুখার্জীর স্ত্রীর জন্মদিন। মুখার্জীবাড়ির কেউই বেরোয় নি আজ। এলাকার ধনী,গরিব,হিন্দু,মুসলমান সবার জন্য একবেলা খাবারের আয়োজন করবেন বলে অরুনাভ মুখার্জী চিলেকোঠার সবাইকে টুকটাক কাজে ব্যস্ত রেখেছেন। প্রতিবছর এমনটাই হয়। সবাই নিজ নিজ কাজে ব্যস্ত। মেসের ছেলেরা বাড়ির বাইরে মুসলিমদের জন্য করা রান্নায় এটা ওটা এগিয়ে দিচ্ছে,তদারকি করছে,আর মেয়েরা বাটনা বাটা,বাসন গোছানো নিয়ে আছে। কয়েকঘর হিন্দু আছে এ এলাকায়। তাদের জন্য বাড়ির ভেতরে যে রান্নাটা হচ্ছে,তার সবটা দোয়া সামলাচ্ছে। এ কাজে একমাত্র দোয়াই সাচ্ছন্দ বোধ করবে। অন্য কেউ নয়। এটা জানেন অরুনাভ মুখার্জী। তাই এ কয়েকবছর হলো দোয়াকেই ঠিক করে আসছেন তিনি।

নতুন জামা কেনা হয়নি এর মাঝে দোয়ার। কিন্তু আজকে নতুন জামাই পরতে হবে সবাইকে। এটা অরুনাভ মুখার্জীর আদেশ ছিলো। গোসল সেরে পুরোনো জামাটা ইস্ত্রি করে পরেছিলো দোয়া। কিন্তু তা চোখে পরে যায় অরুনাভ মুখার্জীর। তৎক্ষনাৎ সবকাজ ফেলে দোয়ার জন্য শাড়ি কিনে এনেছেন তিনি। তন্নি তৃষাকেও দিয়েছেন একই শাড়ি। শুধু পাড় আলাদা। তন্নিরটা লাল,তৃষারটা খয়েরি। ওরাও শাড়ি পরেছে। তাই মানা করতে পারেনি দোয়াও। শাড়ি পরেই কাজে নেমে পরেছে ও। দিয়ান দুটো লবনের প্যাকেট নিয়ে বাড়ির ভেতরে ঢুকে বললো,

-আপুনি? এই দু প্যাকেটে হবে এদিকের রান্না?

টুলের উপর থেকে দোয়া নিচে তাকালো দোয়া। বললো,

-আরেকটা নিয়ে আয় না হয়! যদি লাগে?

-তাহলে এ দুটো কোথায় রাখবো?

দোয়া বিরক্তি নিয়ে ভাইয়ের দিকে তাকিয়ে বললো,

-আমার মাথায় রাখ?

-তো একটু নিচু হ?

টুলের উপর থেকেই ঝুকে দিয়ানের চুল টেনে দিলো দোয়া। মাথায় হাত দিয়ে দিয়ান চিৎকার করে উঠলো,

-মা? তোমার মেয়ে আবারো চুল টেনেছে আমার! এবার যদি চুল বড় হয়ে যায়,তারপর কোনো মেয়ের বাবা বড় চুল বলে আমার সাথে মেয়ে বিয়ে না দেয়,তার দায় কে নেবে?

মুখ কিঞ্চিত হা করে তাকিয়ে রইলো দোয়া। দৃষ্টি সরু করে তাকাতেই ছুটে চলে গেলো দিয়ান। ফিক করে হেসে দিয়ে দোয়াও ছুটলো ওর পিছনে। তন্নি এসে দোয়াকে ছুটতে দেখে হাসলো। খুব কম সময় দোয়া এভাবে হাসে। তাই ওকে ডাক না লাগিয়ে নিজের মতো করে ফুল লাগাতে লাগলো দরজায়। এরমধ্যেই আওয়াজ এলো,

-টগর ফুল হলে বেশি ভালো হতো।

তন্নি নিচে তাকালো। হালকা খয়েরি রঙের শার্ট,ধূসর প্যান্ট,বেশ গোছানো পরিধান,হাতে ট্রলিব্যাগ নিয়ে এক ভদ্রলোক দরজায় দাড়িয়ে। চিনতে না পেরে চুপচাপ নিচে নেমে গেলো। কোমড়ে গোজা আচলটা ছেড়ে দিয়ে কপালের চুলগুলো কানে গুজে দিয়ে আপদমস্তক আরেকবার দেখে নিলো লোকটাকে। আজকে অনেকেই আসবে এ বাড়িতে। কিন্তু কেউই ওদের অচেনা না। এমনকি দাওয়াতের বিষয়টাও অরুনাভ মুখার্জী দোয়া,ওর আর তৃষার দায়িত্বেই ছেড়েছিলো। ওরা তিনজনে মিলে দাওয়াত করেছে এলাকার সবাইকে। সেখানে এই অচেনা লোক,তারউপর ট্রলি নিয়ে! তন্নি বললো,

-টগর কেনো? গাদাই ভালো লাগছে!

লোকটা শব্দ করে হেসে বললো,

-স্বস্তিকা মুখার্জীর টগর বেশি পছন্দের ছিলো। তাই বললাম।

তন্নি এবার কিছুটা বিস্মিত হলো। ধীর গলায় বললো,

-আপনাকে তো ঠিক...

-আমাকে আপনি চিনবেন না। এটা বলুন আপনি কে?

-আমি এ বাসার ভাড়াটিয়া।

-ও। অরুনাভ মুখার্জী আছেন ভেতরে?

তন্নির হুশ ফিরলো লোকটা তখনো বাসার বাইরেই দাড়িয়ে। তাড়াতাড়ি সরে দাড়িয়ে বললো,

-হ্ হ্যাঁ হ্যাঁ। আসুন না! ভেতর আসুন?

মুচকি হেসে ভেতরে ঢুকলো লোকটা। এদিকওদিক তাকিয়ে জোরে‌ শ্বাস ফেললো একটা। দিয়ান দোয়া তখনও‌ দৌড়াচ্ছিলো। অচেনা লোকটাকে দেখে এককোনে থেমে গেলো দুজনেই। বোনের কাছে এগিয়ে দিয়ান ফিসফিসিয়ে বললো,

-এটা কে রে আপুনি?

দোয়া ঠোট উল্টে আমি কি জানি একটা লুক দিলো। অরুনাভ মুখার্জী ফতুয়ার উপর পরা কোটটার বোতাম লাগাতে লাগাতে ঘর থেকে বেরোলেন। লোকটা তৎক্ষনাৎ ট্রলি ছেড়ে একদম তার পায়ের নিচে বসে গেলো। চমকে উঠলেন অরুনাভ মুখার্জী। লোকটাকে তুলে দাড় করালেন তারপর। তার চেহারা দেখেই চোখ ভরে উঠলো অরুনাভ মুখার্জীর। দুগালে হাত রেখে কাপাকাপা কন্ঠে বললেন,

-স্ স্বস্তিক?

কপাল কুচকে তাকিয়ে রইলো দোয়া,দিয়ান,তন্নি। নামটা চেনাচেনা লাগছে ওদের। কিন্তু মনে করতে পারছে না কোনোভাবেই। লোকটা অরুনাভ মুখার্জীর হাতের উপর হাত রেখে বলে উঠলো,

-কেমন আছো বাবা?

বিস্ফোরিত চোখে তাকালো তিনজন। বাবা? তারমানে এটা অরুনাভ মুখার্জীর ছেলে! হ্যাঁ! কাকাবাবু একবার বলেছিলো তো ওদেরকে। কাকীমার নাম স্বস্তিকা,কাকাবাবু অরুনিমা বলে ডাকতেন। আর কাকীমার নাম অনুসারে তাদের ছেলের নাম রাখা হয় স্বস্তিক মুখার্জী! কিন্তু ইনি তো বিদেশে ছিলেন। হঠাৎ এখানে? স্বস্তিক জরিয়ে ধরলো বাবাকে। কেদেও দিলো। অরুনাভ মুখার্জী নিজেও কাদছেন। উপস্থিত সবাই মুগ্ধ চোখে বাবা ছেলের মিলন দেখছে। অনেকক্ষন পর ছেলেকে ছেড়ে অরুনাভ মুখার্জী বললেন,

-এতোদিন পর মনে পরলো বাবাকে? কবে এসেছিস দেশে? আমাকে কিছু জানাস নি কেনো?

-হ্যাঁ বাবা,এতোদিন পরই নিজের দায়িত্বের কথা মনে পরলো।আজই এসেছি। মায়ের জন্মদিনে তোমাকে উপহার দেবো বলে ভেবেছিলাম। তাই জানাইনি কিছু।

ছেলেকে আবারো জরিয়ে ধরলেন অরুনাভ মুখার্জী। আবেগের সবটাই বেরিয়ে আসছে তার। স্বস্তিক তন্নি,দোয়া,দিয়ান,রাধুনীগুলোর দিকে তাকালো একবার। তারপর বাবাকে ছেড়ে বললো,

-কি সবার সামনে আদর করে আমাকে লজ্জায় ফেলছো বাবা? ঘরে তো নিয়ে চলো?

অরুনাভ মুখার্জী হেসে দিলেন। ছেলের কাধ ধরে হাক ছেড়ে বললেন,

-তোমরা সবাই দেখো! আমার ছেলে ফিরেছে বিদেশ থেকে! মায়ের জন্মদিনে বাবার কাছে ফিরেছে আজ ও। স্বস্তিকার ছেলে,স্বস্তিক ফিরে এসেছে ওর বাবার কাছে!

একশ্বাসে কথাগুলো বলে ছেলের দিকে তাকালেন অরুনাভ মুখার্জী। তার মুখে হাসি,চোখে জল। একই অবস্থা বাকি সবারও। কাকাবাবুকে এর আগে ঠিক কবে এতো খুশি দেখেছে ও,ঠিক মনে পরে না ওদের। সবার অগোচরে চোখের জলটা মুছে নিলো দোয়া। স্বস্তিক সেটা দেখেছে। ওর দিকে এগিয়ে খানিকটা ঝুকে,কপাল কুচকে বললো,

-এক্সকিউজ মি? আপনি কাদলেন কেনো? আমার আসাতে খুশি হননি আপনি?

দোয়া হতভম্বের মতো ওর কুচকানো ভ্রুর দিকে তাকিয়ে রইলো। দিয়ান বলে উঠলো,

-কেনো? আপুনি খুশি হবে না কেনো?

স্বস্তিক দিয়ানের গাল টেনে দিয়ে বললো,

-আরেহ্ বাহ্! ছোটা প্যাকেট,বাড়া ধামাকা রাইট?

হা করে তাকিয়ে থেকে গালে হাত বুলাতে লাগলো দিয়ান। তন্নি এগিয়ে এসে বললো,

-কথাটা গাল না টেনে বলা যেতো না?

তন্নির দিকে আরো বেশি বিরক্তিতে তাকালো স্বস্তিক। তারপর বাকা হেসে বললো,

-তারমানে আমি আসায় আপনিই খুশি নন!

তন্নি রাগী চোখে তাকালো। অরুনাভ মুখার্জী হেসে দিয়ে তন্নি,দোয়া দিয়ানকে দেখিয়ে বললেন,

-ওরা এখানেই থাকে। দোতালায়। ও তন্নি,ও দোয়া,এটা দোয়ার ভাই দিয়ান।

স্বস্তিক তন্নির দিকে তাকিয়ে থেকে বললো,

-মুসলিম।

অরুনাভ মুখার্জী জবাব দিলেন,

-হ্যাঁ,এখানে বর্তমানে আমি আর আরেকটা ফ্যামিলি শুধু ব্রাক্ষ্মন। বাকিরা মুসলিম।

স্বস্তিক মুচকি হাসলো। এর মধ্যে তৃষা সিড়ি দিয়ে নামতে নামতে বললো,

-তন্নিপু? আমার সুতোকাটা শাড়িটা তুমি কেনো পরেছো? ওইটা আমিই পরতাম! সমস্যা হতো না তো!

আঁচলের সুতোকাটা দিকটা মুঠো করে ধরলো তন্নি। ছেড়া জায়গাটা যাতে কারো চোখে না পরে। স্বস্তিক তন্নির দিকেই তাকিয়ে ছিলো এতোক্ষন। তৃষার কথায় একপলক ওর দিকে তাকালো,তারপর তন্নির পেছনে মুঠো করা হাতের দিকে উকি দিলো। চোখ রাঙানোর মতো করে তাকালো তন্নি ওর দিকে। নতুন মানুষকে দেখে থেমে গেলো তৃষা। অরুনাভ মুখার্জী বললেন,

-কি বলিস তৃষা? শাড়ি সুতোকাটা ছিলো?ইশ্! তিনটা একজায়গা থেকেই কিনেছি। খুলে দেখা হয়নি তো!

তন্নি স্বস্তিকের দিকে তাকিয়ে থেকেই বললো,

-সমস্যা নেই কাকাবাবু। অল্প একটু কাটা।

স্বস্তিক একটা ছোট শ্বাস ফেলে আরামে দাড়ালো। মেয়েটা উল্টো কথা বলতে ভালোবাসে,বোঝাই যাচ্ছে। দোয়ার দিক ফিরে বললো,

-নাইস টু মিট ইউ মিস দোয়া।

দোয়া জোরপুর্বক হেসে বললো,

-জ্বী পরিচিত হয়ে আমারো ভালো লাগলো।

-চল চল,ঘরে চল! আগে ফ্রেশ হয়ে নে,তারপর সব দিক তো তোকেই সামলাতে হবে! চল ঘরে!

ছেলেকে নিয়ে হাটা লাগালেন অরুনাভ মুখার্জী। পেছনে তন্নির দিকে কিছুক্ষন তাকিয়ে থেকে বাবার সাথে পা বাড়ালো স্বস্তিক। গাঢ় খয়েরি পাড়,সাদা শাড়িতে বাঙালী মেয়েদের বুঝি এক আলাদাই সৌন্দর্য! কথাটা ভেবে মুচকি হেসে সামনে তাকিয়ে ঘরে ঢুকলো ও।

•

দোয়া ছাদে এসে দাড়িয়েছে। রাত নেমেছে অনেক আগেই। নিচের সবকাজ গুছিয়ে গুটিগুটি পায়ে ছাদে চলে এসেছে ও। বাড়িতে লোকজনের অভাব নেই। অরুনাভ মুখার্জী সবাইকে স্বস্তিকের সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন বলে রয়ে গেছে অনেকেই। আধভেজা চুলগুলো কাজের জন্য খোপা করে রেখেছিলো দোয়া। আস্তেকরে খুলে দিলো চুলগুলো। চোখ বন্ধ করে স্বস্তির শ্বাস নিতে লাগলো। মোটামুটি গোল চাঁদ,শীতল বাতাস,নিচতলা আর আশেপাশের বিল্ডিংগুলোর আলোতে আবছা অন্ধকারে ডুবে থাকা ছাদ,এখানে থাকার অনুভবটা মন্দ না। তবুও আসেনি কোনোদিন ও এই ছাদে। সেদিন আরাবের ভালোবাসি বলার পরই শুধু ছুটে এসেছিলো ও ছাদে। আবারো সে দৃশ্য চোখের সামনে ভেসে উঠলো দোয়ার। চোখ‌ খুলে ফেললো ও। কানে বাজলো,

-যার লাজুকতার প্রকাশ আমার চারপাশকে ভুলিয়ে দেয়,কালো পাড় সাদা শাড়ির যার সাধারন সাজ আমার চারপাশকে রাঙিয়ে দেয়,যার উপস্থিতি আধারে ডোবা ছাদকেও উজ্জলতায় ভরিয়ে দেয়,যার ঢেউখেলানো কৃষ্ণবর্ন চুল রাতের আকাশের কালো মেঘকেও হার মানায়,তার বন্ধ চোখ হঠাৎই‌ শিহরনে খুলে ফেলার কারন আমি। এ যে অনেক বড় প্রাপ্তি আমার! অনেকবড় প্রাপ্তি!

শ্বাস আটকে সোজা হয়ে দাড়িয়ে রইলো দোয়া। হঠাৎই ঝড় শুরু হয়ে গেছে ওর ভেতরটায়। চোখ বন্ধ করে মাথা নামিয়ে নিলো ও। মনেমনে প্রার্থনা করতে লাগলো,এ যেনো ওর ভ্রম হয়! যার আওয়াজে হৃদয়ের কোনো এককোনে শতসহস্র তান্ডব বয়ে যায়,সে মানুষটা কোনোভাবেই যেনো এখানে না আসে! আরাব আরেকপা এগিয়ে বললো,

-কাকাবাবু আমাকেও দাওয়াত করেছিলো দোয়া। একবার মুসলিমদের ওদিকে খাওয়াতে গেলেও পারতে!

মাথা নিচু করে আস্তেধীরে পেছন ফিরলো দোয়া। ঘাড় বাকিয়ে পা থেকে মাথা অবদি ওকে দেখে নিলো আরাব। প্রথমবার দেখা সেই রাতের মতোই আজ শাড়িতে দোয়া। সেই কখন থেকে অস্থির হয়ে আছে এতোটা,বা এরচেয়ে বেশি কাছ থেকে ওকে দেখবে বলে। অরুনাভ মুখার্জীর একটা ফোনকলে বায়োমেডি থেকে ছুটে চলে এসেছে ও। সকালের অফিস,বিকেলের ল্যাব সবকিছুর ক্লান্তি মুহুর্তেই গায়েব হয়ে গিয়েছিলো ওর যখন শাড়িতে দোয়াকে দেখেছে ও। মেয়েটা কাজের ব্যস্ততায় একবারও এগোয়নি ওর দিকে। দেখেইনি। অবশ্য দেখলে যে লজ্জায় আরো নুইয়ে থেকে কাজ করতো সেটা বুঝেই চুপচাপ রইলো আরাব। আজকে দোয়ার চুলগুলো ছাড়া,ঘাড়ের একপাশ দিয়ে সামনে দেওয়া।

বেশ অনেকক্ষনের নিরবতা দেখে চোখ মেললো দোয়া। এভাবে থাকা উচিত নয়। বাড়িতে অনেকেই আছে এখন। অতিকষ্টে চোখ তুলে তাকালো আরাবের দিকে। নিষ্পকলভাবে তাকিয়ে আরাব। লজ্জায় দোয়ার ইচ্ছে করছিলো দুহাতে ওই চাওনিকে ঢেকে দিতে। পারেনি। পাশ কাটিয়ে আসছিলো ও। আরাব আটকে দেয় ওর হাত। একটানে আবার সামনে দাড় করিয়ে শান্ত গলায় বললো,

-ছুয়েছি বলে রাগ দেখিয়ে দুটো চড় মেরে যাও,সয়ে নেবো। কিন্তু ওই হাসিতে খুন করে চলে যাবে,তা কি করে হতে দেই?

দোয়া একেবারে নামিয়ে নিলো মাথা। বুঝলো ওর লাজুক হাসিটা আরাবের দৃষ্টি এড়োয়নি। কাপছে মৃদ্যু ও। কাপাকাপা গলাতেই বললো,

-আ্ আমাকে যেতে দিন মিস্টার আরাব।

-এভাবে আর কতোদিন?

শান্ত,সোজা প্রশ্ন আরাবের। ধক করে উঠলো দোয়ার ভেতরটা। মাথা তুলে তাকালো ও আবারো। একটা ছোট হতাশার শ্বাস ফেললো আরাব। দোয়ার ভেতরটা যেনো এবার মুচড়ে ধরছে। একটা শুকনো ঢোক গিলে কিছু বলতে যাবে,আরাব রেলিংয়ের উপর রাখা ব্যাগ থেকে কাচের চুড়ি বের করেছে আরাব। দোয়ার দুহাতে নিজ হাতে চুড়ি পরিয়েছে ও। রিনরিন শব্দে প্রতিবার এমনভাবে চোখ খিচে বন্ধ করে নিচ্ছিলো,যেনো ওই শব্দ একেবারে ভেতরটায় আঘাত করছে ওর। দুহাতে চুড়িগুলোর রঙও দেখেনি দোয়া। ওর দৃষ্টি আরাবের বারবার বন্ধ করে নেওয়া চোখজোড়াতেই ছিলো। মাথা নিচু করে দোয়ার দুহাত ধরে চুড়িগুলো দেখতে লাগলো আরাব। হঠাৎই দোয়ার হাতদুটো ওর নিজের চোখে নিয়ে চোখ আটকে দিয়ে বললো,

-আমার দৃষ্টিকে থামিয়ে দাও দোয়া। ওরা যে দিনের পর দিন আরো বেশি বেসামাল হয়ে উঠছে। সামনে যখন তুমি,ওদের সামলানো যে আমার আয়ত্ত্বের বাইরে চলে যাচ্ছে। ওদের চাওনিতে তোমাকে অস্বস্তিতে পরতে হচ্ছে। তোমাকে নিয়ে ওদের দৃষ্টিসীমা আমার হৃদস্পন্দনের স্বাভাবিকতা নষ্ট করছে। সবকাজের ভীড়ে,প্রতিটা মুহুর্তে ওরা শুধু তোমাকেই আমার সামনে তুলে ধরছে। পারছি না! তোমার অবর্তমানে ওদের উপর সবটা ছাড়তে পারছি না! এতে যে আরো অস্থিরতা বাড়ে দোয়া! মনপ্রান শুধু বারবার এটাই চায়,তোমাকে একেবারে আপন করে সবসময় নিজের কাছে রাখি। এই অবাধ্য দৃষ্টিসীমার বাইরে আর নয়! আর নয়!

কথাগুলো শেষে হাতে আরাবের ঠোটের স্পর্শ পেতেই ধরফরিয়ে কয়েকপা পিছিয়ে গেলো দোয়া। আরাব প্রতিক্রিয়া দেখালো না। মুচকি হেসে বললো,

-টেক ইউর টাইম।

কথাটা বলেই আরাব চলে আসলো ছাদ থেকে। পেছন পেছন দৌড় লাগালো দোয়াও। ওর হাতের চুড়ির শব্দে হাসতে হাসতেই আরাব নিচে নামছিলো সিড়ি বেয়ে। নিচতলায় আসতেই স্বস্তিক সামনে পরে ওর। দোয়া থেমে যায়। একপলক উপরে দোয়ার দিকে তাকিয়ে স্বস্তিক আরাবকে বললো,

-চলে যাচ্ছেন?

আরাব কিঞ্চিত ঘাড় ঘুরালো। পকেটে দুহাত গুনে পুরোপুরিভাবে পিছন না ফিরে আবারো সামনে তাকিয়ে বললো,

-হ্যাঁ।

-ধন্যবাদ দিয়ে আপনাকে ছোট করবো না দাদা। তবে আমাকে আমার দায়িত্বটা বুঝিয়ে দেওয়ার জন্য চিরঋণী থাকবো আপনার কাছে।

-বাবার যত্ন নিও স্বস্তিক। তোমাকে অনেক ভালোবাসেন কাকাবাবু।

আরাব,স্বস্তিক দুজন দুজনকে জরিয়ে ধরলো। বিস্ময়ে তাকিয়ে রইলো শুধু দোয়া। স্বস্তিকের আগমনে কোথাও না কোথাও আরাবের ভুমিকা আছে,তা বুঝতে বাকি রইলো না দোয়ার। স্বস্তিককে ছেড়ে একপলক পেছন ফিরে দোয়ার দিকে তাকিয়ে,চলে গেলো আরাব। আবারো একরাশ মুগ্ধতার বহর চারপাশ থেকে ঘিরে ধরলো দোয়াকে। আবেশে দুচোখ বন্ধ করে শাড়ির আঁচলে ডেকে নিলো চুড়িগুলো।

#চলবে...

[ গল্প সম্পর্কিত আড্ডা দিতে জয়েন করুন মিথিমহলে। গ্রুপ লিংকঃ
https://www.facebook.com/groups/233416685257163/?ref=share_group_link ]

পর্ব সম্পন্ন!

আপনি সফলভাবে পর্ব 34 শেষ করেছেন।

আরও দ্রুত ও মসৃণভাবে পড়তে চান?

প্রেমময় অ্যাপে সকল উপন্যাস সম্পূর্ণ বিজ্ঞাপন ছাড়া এবং অফলাইনে ডাউনলোড করে পড়তে পারবেন।

Google Play থেকে অ্যাপ নামান
প্রিমিয়াম অভিজ্ঞতায় অ্যাপে পড়ুন
অ্যাপে পড়ুন